Home Blog Page 7

১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি

0

আধুনিক ডেস্ক ::

১০টি উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে চুক্তি সই করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠানটি থেকে চারটি এ৩৫০-৯০০ এবং ছয়টি এ৩২১নিও উড়োজাহাজ কেনা হবে। এর ফলে বাংলাদেশের পতাকাবাহী সংস্থাটির কেনার প্রক্রিয়ায় থাকা মোট উড়োজাহাজের সংখ্যা দাঁড়াল ৩৫–এ। বুধবার সন্ধ্যায় ঢাকার একটি হোটেলে চুক্তিতে সই করেন বিমানের চেয়ারম্যান রুমি এ হোসেন এবং এয়ারবাস ভারত ও দক্ষিণ এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক জার্গেন ওয়েস্টারমেয়ার।
বাংলাদেশ এয়ারবাসের উড়োজাহাজ সরবরাহের সময়সীমা এগিয়ে আনতে চায়। এ জন্য ২০২৬-২৭ সালের মধ্যে অন্তত একটি উড়োজাহাজ সরবরাহ করতে এয়ারবাসের প্রতি অনুরোধ জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত। মঙ্গলবার পর্যটনমন্ত্রী বলেছিলেন, বাংলাদেশ চায় ২০৩০ সালের আগেই এয়ারবাসের উড়োজাহাজ সরবরাহ শুরু হোক। চুক্তি সই অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং যুক্তরাজ্য, ফ্রান্স ও স্পেনের রাষ্ট্রদূত।
এয়ারবাসের পাশাপাশি যুক্তরাষ্ট্রের বোয়িং থেকেও ২৫টি উড়োজাহাজ কেনার পরিকল্পনা নিয়ে অগ্রসর হয়েছে বিমান। এর মধ্যে ১৩টি বোয়িং ৭৮৭-১০, দুটি ৭৮৭-৯ এবং ১০টি ৭৩৭-৮ মডেলের উড়োজাহাজ রয়েছে। বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহরে মোট ১৯টি উড়োজাহাজ রয়েছে।

গোলে-অ্যাসিস্টে-জয়ে বিদায় রাঙালেন মেসি

0

আধুনিক স্পোর্টস ::

দলের গোল হলো তিনটি। আর তিনটিতেই সরাসরি অবদান রাখলেন লিওনেল মেসি। একটি গোল ও দুটি অ্যাসিস্ট। আর্জেন্টিনার জার্সিতে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলতে নেমেও যেন সেরা সময়ের মতোই খেললেন এই মহাতারকা। গোল পেয়েছেন মেসির মতোই শেষ ম্যাচ খেলতে নামা নিকোলাস ওতামেন্দিও। তাতে বেনিনের বিপক্ষে দারুণ এক জয় তুলে নিল আর্জেন্টিনা। বাংলাদেশ সময় বুধবার সকালে বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে ফিফা প্রীতি ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়েছে আলবিসেলেস্তেরা। দলের হয়ে অপর গোলটি করেছেন তরুণ তারকা নিকোলাস পাজ, যাকে অনেকেই মেসির উত্তরসূরি হিসেবে বিবেচনা করছেন। এদিন বল মাঠে গড়ানোর আগেই বোঝা গিয়েছিল, রাতটি কতটা বিশেষ হতে যাচ্ছে। জাতীয় সংগীতের সময়ই আবেগে ভেসে উঠেছিল মেসির চোখ। এরপর ম্যাচের ১০ মিনিটে খেলা থামিয়ে দেওয়া হয়। পুরো স্টেডিয়াম উঠে দাঁড়িয়ে শেষবারের মতো অভিবাদন জানায় মেসিকে। করতালির সেই ঢেউ যেন থামতেই চাইছিল না।
প্রথমার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ ছিল আর্জেন্টিনার হাতে। বিশেষ করে হুলিয়ান আলভারেজ ছিলেন বেশ সক্রিয়। আর মেসি খেলছিলেন দুই লাইনের মাঝখানে। একটু জায়গা পেলেই তৈরি করছিলেন বিপদ। শেষ নাচটা গোল দিয়ে শুরু করার কয়েকটি সুযোগও পেয়েছিলেন তিনি। কিন্তু বেনিনের গোলরক্ষক ছিলেন দুর্দান্ত ফর্মে। বারবার মেসিকে থামিয়েছেন তিনি।
অন্যদিকে বেনিনও আর্জেন্টিনাকে পুরোপুরি স্বস্তিতে থাকতে দেয়নি। কয়েকটি আক্রমণে এমিলিয়ানো মার্তিনেজকেও পরীক্ষা দিতে হয়েছে। তাতে মনে করিয়ে দিয়েছে, রাতটি শুধু উৎসবের নয়, ম্যাচও বটে। তবে মাঠে সবকিছুর কেন্দ্রবিন্দু ছিলেন একজনই। মেসি। তার পায়ে বল মানেই গ্যালারিতে উচ্ছ্বাস। প্রতিটি স্পর্শে উঠে দাঁড়াচ্ছিল ৮৫ হাজার মানুষ। এই সেই দর্শক, যারা একসময় তাকে নিয়ে হতাশ হয়েছে, সমালোচনা করেছে; অথচ বছরের পর বছর ধরে এখন তারাই হাত ব্যথা না হওয়া পর্যন্ত করতালি দিয়ে যাচ্ছে ফুটবলের এই জাদুকরকে। তবে প্রথমার্ধে গোলের দেখা পায়নি মেসির আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধের শুরুতেই বাম প্রান্ত থেকে পাওয়া কর্নারে খুলে যায় গোলের খাতা। আর সেই গোলের সঙ্গে জড়িয়ে থাকলেন আর্জেন্টিনার দুই কিংবদন্তি মেসি ও ওতামেন্দি। জাতীয় দলের জার্সিতে নিজেদের শেষ ম্যাচ খেলতে নামা দুজনের একসঙ্গে তৈরি করা মুহূর্তটিও হয়ে থাকল স্মরণীয়। মেসির নেওয়া কর্নার গিয়ে পড়ে পেনাল্টি স্পটের কাছে। দৌড়ে এসে বলের সঙ্গে দারুণ সংযোগ ঘটিয়ে দুর্দান্ত এক অ্যাক্রোবেটিক ভলিতে সেটিকে জালে পাঠান ওতামেন্দি। ম্যাচে এটাই ছিল ওতামেন্দির শেষ স্পর্শ। চার মিনিট পর লিওনেল স্কালোনির প্রথম দফার পরিবর্তনে মাঠ ছাড়েন রিভার প্লেটের এই ডিফেন্ডার। মাঠ ছাড়ার সময় মনুমেন্তালে উপস্থিত দর্শকরা তুমুল করতালিতে বিদায় জানান তাঁকে। ওতামেন্দিও বিদায় নেন আর্জেন্টিনার জার্সির ব্যাজে চুমু এঁকে।
এরপর আসে আরেকটি আবেগঘন মুহূর্ত। দ্বিতীয়ার্ধের ১৫ মিনিটে ডান প্রান্ত দিয়ে আক্রমণ শুরু করেন মেসি। এরপর বল বাড়িয়ে দেন নিকো পাজকে। জায়গা তৈরি করে বাঁ পায়ের দুর্দান্ত শটে বেনিনের গোলরক্ষককে পরাস্ত করেন পাজ। এ ধরনের গোল হরহামেশাই করতে দেখা যেত মেসিকে। এবার তাঁর অ্যাসিস্ট থেকেই যেন সেই জাদুকরী গোলের পুনরাবৃত্তি করলেন পাজ। গোলের পর সতীর্থদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেই মেসির কাছে ছুটে যান পাজ। দুজনকে দেখা যায় দীর্ঘ আলিঙ্গনে। সাধারণত গোলের পর সতীর্থদের এমন উদযাপন নতুন কিছু নয়। কিন্তু মেসির বিদায়ের সঙ্গে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি, তার ছেড়ে যাওয়া ১০ নম্বর জার্সি কে পরবেন? পাজ যেন জানিয়ে দিলেন, তিনি আছেন। আর পাজের জার্সি নম্বর এখন ১৮, আর্জেন্টিনা জাতীয় দলে মেসির প্রথম জার্সি নম্বরও ছিল ১৮।
এরপর আসে সেই মাহেন্দ্রক্ষণ। দ্বিতীয়ার্ধের ২৬ মিনিট। বক্সের ভেতর আগুস্তিন জিয়াইকে বেনিনের এক ডিফেন্ডার ভয়ংকর ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি ফার্নান্দো ভেখার দিয়াস। এক মুহূর্তও দ্বিধা করেননি তিনি, সরাসরি আর্জেন্টিনার পক্ষে পেনাল্টির নির্দেশ দেন। বলটা হাতে তুলে নেন মেসি। এমন মুহূর্তে চাপ থাকারই কথা। তার ওপর শেষ বিশ্বকাপে পেনাল্টি মিসের স্মৃতিও এখনও তরতাজা। কিন্তু বিদায়ী ম্যাচেও নিজের স্বভাবসুলভ ঠান্ডা মাথার পরিচয় দিলেন আর্জেন্টাইন অধিনায়ক। বারপোস্টের ডান দিকের ওপরের কোণ দিয়ে লক্ষ্যভেদ করে যোগ করেন আরও একটি স্মরণীয় গোল। গোলের পর মনুমেন্তালে যা হলো, তাও যেন ম্যাচের চেয়েও বড় এক দৃশ্য। গ্যালারি থেকে শুরু করে মাঠের প্রতিটি কোণ উল্লাসে ফেটে পড়ে। আর মেসির সতীর্থরাও যেন মুহূর্তের জন্য ফুটবলার থেকে পরিণত হন সাধারণ ভক্তে। নিজেদের কিংবদন্তির শেষ ম্যাচের গোলটি তাঁরা উদযাপন করলেন ঠিক একজন ভক্ত যেভাবে তাঁর প্রিয় তারকার গোল উদযাপন করেন।
আরও গোল করতে পারতেন মেসি। পুরো ম্যাচজুড়েই গোলের জন্য মরিয়া ছিলেন তিনি। বেনিনের গোলরক্ষক কয়েকবার তাকে আটকে দিয়েছেন, একবার মেসি অবিশ্বাস্যভাবে সুযোগও নষ্ট করেছেন, আরেকবার তার শট ফিরে এসেছে পোস্টে লেগে। কিন্তু তাতে কী? মেসির গল্প তো অনেক আগেই লেখা হয়ে গেছে। শেষ বাঁশির পর তিনি মাঠ ছাড়লেন জয়, একটি গোল, দুটি অ্যাসিস্ট আর ৮৫ হাজার মানুষের এমন এক অভিবাদন সঙ্গে নিয়ে, যেখানে মিশে ছিল ২১ বছরের ভালোবাসা, গর্ব, কৃতজ্ঞতা আর অসংখ্য স্মৃতি।

ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ মৃত্যু

0

আধুনিক ডেস্ক ::

ডেঙ্গুতে সোমবার সকাল পর্যন্ত নয়জন মারা গিয়েছিলেন। সেটি ছিল এ বছরের এক দিনে সর্বোচ্চ মৃত্যু। আর মঙ্গলবার সেই সংখ্যা বেড়ে গেল। মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০ জন মারা গেছেন। চলতি বছর এক দিনে এটাই সর্বোচ্চ মৃত্যুর ঘটনা। ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৯৬ জন। মঙ্গলবার স্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। চলতি মাসে ডেঙ্গুতে ৩৬ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে ডেঙ্গুতে এ পর্যন্ত ২৮১ জন মারা গেছেন। আর হাসপাতালে ভর্তি হয়েছেন ৯০ হাজার ৩৫৭ জন। ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে তিনজন, বরিশাল বিভাগে দুজন, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় দুজন এবং দক্ষিণ সিটি করপোরেশন এলাকা, ঢাকা ও রাজশাহী বিভাগে একজন করে মারা গেছেন। তাঁদের মধ্যে ছয়জন নারী ও চারজন পুরুষ।
চলতি বছর সর্বোচ্চ সংক্রমণ ও মৃত্যু হয়েছে গত সেপ্টেম্বর মাসে। ওই মাসে ডেঙ্গুতে মারা গিয়েছিলেন ১৪৮ জন। আর আক্রান্ত হয়েছিলেন ৪৩ হাজার ৭৭৪ জন। দেশে আগের আট মাসে অর্থাৎ জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ডেঙ্গুতে এত মারা যায়নি বা এত সংক্রমণও হয়নি।

শাবিপ্রবির শিক্ষার্থীর চিকিৎসায় রিম মিউজিক্যাল ক্লাবের কনসার্ট

0

শাবিপ্রবি প্রতিনিধি :

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) লোকপ্রশাসন বিভাগের ২০১৭–১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আশরাফুলের চিকিৎসা সহায়তায় এক মানবিক সংগীত সন্ধ্যার আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন ‘রিম মিউজিক্যাল ক্লাব’।

শুক্রবার (২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ফুডকোর্ট প্রাঙ্গণে “অ্যাকুস্টিক শো: চ্যারিটি ফর আশরাফুল” শীর্ষক এই চ্যারিটি অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে সংগঠনের শিল্পীরা একক ও দলগত অ্যাকুস্টিক পরিবেশনার মাধ্যমে গান পরিবেশন করেন। সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে রাখা হয় ‘উন্মুক্ত মঞ্চ’ ব্যবস্থা, যেখানে ক্লাবের বাইরের শিল্পীরাও গান পরিবেশনের সুযোগ পান। ফলে পুরো ফুডকোর্ট প্রাঙ্গণ শিক্ষার্থী ও সাধারণ পথচারীদের উপস্থিতিতে এক মিলনমেলায় পরিণত হয়। মঞ্চের ব্যানারে শোভা পায় অনুষ্ঠানের মূল বার্তা “কীফ অ্যালাইভ দ্য মেমোরিজ ইন রিদম”।

অনুষ্ঠান শেষে ক্লাবের ২৫তম কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ আদোন আহমেদ অতি অনুভূতি প্রকাশ করে বলেন, “আজকের এই সন্ধ্যা শুধু গানের ছিল না, এটি ছিল আমাদের একজন আপনজনের পাশে দাঁড়ানোর তাগিদ। যে কণ্ঠ আজ গেয়েছে, যে হাত তালি দিয়েছে এবং যে অবদান রাখা হয়েছে প্রতিটিই প্রমাণ করে যে ‘রিম’ সবসময় একটি পরিবার হিসেবে ছিল এবং থাকবে। যারা এসেছেন এবং যতটুকু পেরেছেন সহযোগিতা করেছেন, তাদের সবাইকে সংগঠনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।”

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, অনুষ্ঠান থেকে সংগৃহীত সমুদয় অনুদান সরাসরি আশরাফুলের চিকিৎসার জন্য প্রদান করা হবে। আয়োজনটি সফল করতে সর্বাত্মক সহযোগিতা করায় সকল পারফর্মার, স্বেচ্ছাসেবক, প্রাক্তন শিক্ষার্থী ও উপস্থিত দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

মুরারিচাঁদ কবিতা পরিষদের ১৪তম কমিটির আত্মপ্রকাশ, সভাপতি-মিলাদ ও সাধারণ সম্পাদক সজিব‎

0


‎এমসি কলেজ প্রতিনিধি:
‎
‎সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের অন্যতম সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন মুরারিচাঁদ কবিতা পরিষদের (মুকপ) ১৪তম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে মো. মিলাদ আহমেদকে সভাপতি, মো. আব্দুল কাদের সজিবকে সাধারণ সম্পাদক এবং শাহনূর আলম মাহিরকে সাংগঠনিক সম্পাদক করে ২০২৬-২৭ মেয়াদের ১৪তম কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
‎
‎
‎সোমবার (৫ অক্টোবর) বিকেলে এমসি কলেজের শহীদ মিনার প্রাঙ্গণে মুকপ আয়োজিত পঞ্চম ‘শরৎ কবিতা উৎসব-১৪৩৩’-এর সমাপনী পর্বে ২০২৬-২৭ মেয়াদের নতুন এ কমিটি ঘোষণা করা হয়।
‎
‎অনুষ্ঠানে ১৩তম কমিটির সভাপতি মোহাম্মদ আলী জাবের তালুকদারের সমাপনী বক্তব্যের পর নতুন কমিটির অনুমোদনের বিষয়টি জানানো হয়।
‎
‎দায়িত্বপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক সুনীল ইন্দু অধিকারী, সহযোগী অধ্যাপক অঘ্রাতা সৌরভ ও সহযোগী অধ্যাপক মনিষা রাণী দাসের সুপারিশের ভিত্তিতে প্রস্তাবিত কমিটিতে অনুমোদন দেন এমসি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ তোফায়েল আহাম্মদ।
‎
‎এক বছর মেয়াদি নতুন কমিটিতে সহ-সভাপতি হয়েছেন চৌধুরী নাফিসা, সহ-সাধারণ সম্পাদক ইউসুফ আল আজাদ, সহ-সাংগঠনিক সম্পাদক শ্রুতি ঘোষ, অর্থ সম্পাদক মার্জিয়া সুলতানা নাজিয়া এবং সহ-অর্থ সম্পাদক বিউটি আক্তার সুমা।
‎
‎এ ছাড়া প্রচার ও প্রকাশনা সম্পাদক হয়েছেন পায়েল মিয়া, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক রেজওয়ান আহমেদ জয়, আবৃত্তি ও কর্মশালা বিষয়ক সম্পাদক রুপা আক্তার এবং সহ-আবৃত্তি ও কর্মশালা বিষয়ক সম্পাদক সাবিকুননাহার লুবনা। দপ্তর সম্পাদক হয়েছেন মাহবুবা জান্নাত তাহা এবং সহ-দপ্তর সম্পাদক লাইলা মোবারাকা মুসাম্মা।
‎
‎সিনিয়র কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন সিজান শেখ, আহমেদ হাসান মান্না, ওমা দেব ও স্বর্ণা দাস। কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন প্রাপ্তি রানী দাস, শাস্তা রাণী দাস, ইয়াসিন তানহা, তাহসিন ও রিয়াজুল হক।
‎
‎উল্লেখ্য, ‘অখণ্ড পৃথিবী অসীম কবিতা’ স্লোগানকে ধারণ করে ২০১১ সালে মুরারিচাঁদ কবিতা পরিষদের যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি প্রতিবছর ‘৫২ প্রশ্নে ২১’ পুরস্কার কুইজ প্রতিযোগিতা, মুরারিচাঁদ কলেজ বইমেলা, ‘শরৎ কবিতা উৎসব’ এবং ক্যাম্পাসের সাহিত্যপত্র ‘ত্রৈমাসিক জাগরণ’ প্রকাশসহ বিভিন্ন সাহিত্য ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করে আসছে।
‎
‎এ ছাড়া জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন, সাহিত্যবিষয়ক কর্মশালা, কবিতা ও আবৃত্তি অনুষ্ঠানসহ নানা সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে এমসি কলেজ ক্যাম্পাসে সাহিত্য ও সংস্কৃতিচর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে মুরারিচাঁদ কবিতা পরিষদ।
‎

লাখাইয়ে বৃদ্ধা মায়ের খোঁজ নেয় না সন্তানরা, আশ্রয়হীন অবস্থায় বৃদ্ধ ফুলবানু

0

নাজিম উদ্দিন , লাখাই:

যে মা সন্তানদের জন্ম দিয়ে লালন পালন করে বড় করেছেন, জীবনের দীর্ঘ সময় সন্তানদের জন্য কষ্ট করেছেন বয়সের ভারে নুয়ে পড়া সেই মায়েরই আজ ঠাঁই নেই নিজের সন্তানদের ঘরে। আশ্রয়ের সন্ধানে মানুষের দ্বারে দ্বারে থানায় ঘুরছেন হবিগঞ্জের লাখাই উপজেলার ভাদিকারা গ্রামের বৃদ্ধা ফুলবানু বেগম (৮০)।
ফুলবানুর স্বামী মুর্তুজ আলী অনেক আগে মারা যান। এরপর চার সন্তানকে নিয়ে তিনি সংসার করছিলেন। একপর্যায়ে এক ছেলে টাকার প্রয়োজনের কথা জানালে নিজের বাড়ি বিক্রি করে তাকে টাকা দেন বলে জানান ফুলবানু। বয়সের ভারে বর্তমানে তিনি আর কাজ করতে পারছেন না। এ অবস্থায় সন্তানদের কাছেই আশ্রয় চাইলেও কোনো ছেলে তাকে নিজেদের ঘরে থাকতে দিচ্ছেন না বলে অভিযোগ করেছেন তিনি।

আশ্রয়ের জন্য কখনো প্রতিবেশীর বাড়িতে, আবার কখনো স্থানীয় জনপ্রতিনিধির কাছে ছুটে বেড়াচ্ছেন ফুলবানু। কিছুদিন ধরে তিনি স্থানীয় এক ইউপি সদস্যের বাড়িতে অবস্থান করছেন। শেষ পর্যন্ত সন্তানদের বিরুদ্ধে অভিযোগ নিয়ে লাখাই থানায় যান তিনি।

থানায় উপস্থিত তিন ছেলের সামনে ফুলবানু লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শরীফ আহমেদের কাছে আবেগাপ্লুত হয়ে বলেন, জীবনের শেষ সময়টা তিনি সন্তানদের সঙ্গেই কাটাতে চান।

ফুলবানু কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার ছেলে জাকির মিয়া আমাকে ভরণপোষণ করবে এবং অসুস্থ হলে চিকিৎসা করাবে—এ কথা বলে আমার কাছ থেকে ৩ লাখ ৬০ হাজার টাকা নিয়েছে। টাকা নেওয়ার পর আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। আমার চার ছেলে, কিন্তু কেউ আমাকে ঘরে থাকার জায়গা দেয় না। এখন আর কোনো ছেলে আমার খোঁজখবরও নেয় না। কিছুদিন ধরে স্থানীয় এক মেম্বারের বাড়িতে আছি। ওসি স্যার, আমি এখন আমার ছেলেদের সঙ্গে বাকি জীবনটা থাকতে চাই। মৃত্যুর আগ পর্যন্ত ওদের সঙ্গে থাকতে চাই, আর ওদের হাতেই যেন আমার কবরে মাঠি হয়।”

লাখাই থানার ওসি শরীফ আহমেদ বলেন, “অসহায় ও আশ্রয়হীন ফুলবানু ছেলেদের বিরুদ্ধে অভিযোগ দিতে থানায় এসেছেন। তার অভিযোগ, এক ছেলে ভরণপোষণ ও চিকিৎসার দায়িত্ব নেওয়ার কথা বলে ৩ লাখ ৬০ হাজার টাকা নিয়েছেন। পরে তাকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে। তিনি ছেলেদের সঙ্গে থাকতে চান। আমরা ছেলেদের তার ভরণপোষণ ও দায়িত্ব নেওয়ার বিষয়ে বলেছি। বর্তমানে তিনি স্থানীয় এক আত্মীয়ের বাড়িতে রয়েছেন।”

এদিকে ওসি শরীফ আহমেদের ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি জানতে পেরে তেঘরিয়া যুব সংসদের পরিচালক মায়ানুর আক্তার বৃদ্ধা ফুলবানুর পাশে দাঁড়িয়েছেন। তিনি ফুলবানুকে নগদ ৫ হাজার টাকা সহায়তা দিয়েছেন। পাশাপাশি এখন থেকে প্রতি মাসে ২ হাজার টাকা করে দেওয়ার আশ্বাস দিয়েছেন। প্রয়োজন হলে তার চিকিৎসার খরচও বহন করার কথা জানিয়েছেন তিনি।

বৃদ্ধা ফুলবানুর আকুতি—জীবনের শেষ দিনগুলো যেন সন্তানদের কাছেই কাটাতে পারেন। সন্তানদের ঘরে যেন মায়ের জন্য একটু আশ্রয়ের জায়গা হয় এটাই তার শেষ প্রত্যাশা।

মধ্যনগরে চান্দিনা ভিটের লীজমানি আদায়ে ক্যাম্পেইন

0

ধর্মপাশা -মধ্যনগর প্রতিনিধি:

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় সরকারি লিজকৃত ভিটের রাজস্ব (লীজমানি) আদায়ে দিনব্যাপী ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) মধ্যনগর মধ্যবাজারের উন্মুক্ত স্থানে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়। উপজেলা ভূমি অফিসের উদ্যোগে আয়োজিত ক্যাম্পেইনে উপজেলার ২১৩টি চান্দিনা ভিটের লীজমানি আদায়ের কার্যক্রম পরিচালনা করা হয়।

দিনব্যাপী এ ক্যাম্পেইনে উপস্থিত থেকে লীজমানি আদায়ের কার্যক্রম তদারকি করেন মধ্যনগর উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) জনি রায়। এ সময় মধ্যনগর ভূমি অফিসের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ভূমি অফিস সূত্রে জানা গেছে, মধ্যনগর উপজেলায় ২১৩টি চান্দিনা ভিটের বিপরীতে প্রতি বছর লীজমানি পরিশোধের নিয়ম রয়েছে। তবে এতদিন ধর্মপাশা উপজেলা থেকে এ রাজস্ব আদায় কার্যক্রম পরিচালিত হওয়ায় অনেক লিজ গ্রহীতা সময়মতো লীজমানি পরিশোধ করতে পারতেন না। ফলে প্রতি বছর ২১৩টি ভিটের মধ্যে মাত্র ২০ থেকে ২২টির মতো লীজমানি আদায় হতো। এতে সরকারের রাজস্ব আদায়ের পরিমাণও ছিল তুলনামূলকভাবে কম।

এ পরিস্থিতিতে লিজ গ্রহীতাদের সুবিধার্থে মধ্যনগর উপজেলাতেই উন্মুক্ত স্থানে ক্যাম্পেইনের মাধ্যমে লীজমানি আদায়ের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে স্থানীয় বাসিন্দারা নিজ এলাকায় এসে সহজেই নির্ধারিত রাজস্ব পরিশোধের সুযোগ পাচ্ছেন।

মধ্যনগর ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা গোলাম ছারওয়ার জানিয়েছে, লীজগ্রহীতাদের সুবিধার্থে পর্যায়ক্রমে লীজমানি আদায়ের কার্যক্রম অব্যাহত রাখা হবে। এ ধরনের উদ্যোগের মাধ্যমে দীর্ঘদিনের বকেয়া রাজস্ব আদায়ের পাশাপাশি সরকারি সম্পত্তির সঠিক ব্যবস্থাপনাও নিশ্চিত করা সম্ভব হবে।

মধ্যনগর সহকারী কমিশনার (ভূমি) ভারপ্রাপ্ত জনি রায় জানান, মধ্যনগরের ২১৩টি চান্দিনা ভিটের বিপরীতে ধর্মপাশায় বসে প্রতি বছর মাত্র ২০ থেকে ২২টির মতো লীজমানি আদায় হতো, যা খুবই নগণ্য। আজকের ক্যাম্পেইনের মাধ্যমে বিকেল ৪টা পর্যন্ত ১০৪টি চান্দিনা ভিটির নথি নবায়ন করা হয়েছে। এ থেকে নবায়ন ফি হিসেবে মোট ৮ লাখ ৩০ হাজার ২৫ টাকা আদায় হয়েছে।

নিউট্রিনো কণা শনাক্ত করে পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন

0

আধুনিক ডেস্ক ::

চলতি বছর পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেলেন বেলজিয়ামের বিজ্ঞানী ফ্রান্সিস হালজেন। বাংলাদেশ সময় মঙ্গলবার বিকাল ৩টা ৪৫ মিনিটে সুইডেনের স্টকহোম থেকে এ বছরের পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্স। দক্ষিণ মেরুর শত শত মিটার বরফের নিচে এমন এক বিশাল ফাঁদ পেতে সুদূর মহাজাগতিক উৎস থেকে আসা উচ্চ-শক্তির নিউট্রিনো শনাক্ত করার অবিস্মরণীয় কীর্তি গড়েছেন এই বিজ্ঞানী। এই যুগান্তকারী আবিষ্কারের স্বীকৃতিস্বরূপ তাঁকে ২০২৬ সালের পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে বলে জানিয়েছে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্স।
মহাবিশ্বের সবচেয়ে রহস্যময় ও লাজুক কণার নাম নিউট্রিনো। এ কণার কোনো চার্জ নেই, ভরও প্রায় শূন্যের কোঠায়। অন্য কোনো পদার্থের সঙ্গে এর মেলামেশা বা মিথস্ক্রিয়া নেই বললেই চলে। প্রতি সেকেন্ডে আপনার আঙুলের ডগার ওপর দিয়ে সূর্য থেকে আসা ৬৫ বিলিয়ন নিউট্রিনো চলে যাচ্ছে, অথচ আপনি কিছুই টের পাচ্ছেন না। কিন্তু এই অধরা কণাই যখন সুদূর কোনো গ্যালাক্সি বা নক্ষত্রের বিস্ফোরণ থেকে হাজার কোটি মাইল পথ পাড়ি দিয়ে পৃথিবীতে আসে, তখন তা সাথে নিয়ে আসে মহাবিশ্বের সবচেয়ে গোপন কিছু রহস্যের বার্তা। আর সেই অধরা ও রহস্যময় কণা শনাক্ত করে সেই বার্তা পাঠোদ্ধার করার উপায় আবিষ্কার করেছেন ফ্রান্সিস হালজেন।
গত শতাব্দীর ষাটের দশকে বেলজিয়ামে বেড়ে ওঠা ফ্রান্সিস হালজেন কণা পদার্থবিজ্ঞানের প্রতি আগ্রহী হন। পিএইচডি শেষ করে তিনি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব উইসকনসিন-ম্যাডিসনে যোগ দেন। মহাজাগতিক রশ্মির অতি উচ্চ-শক্তির প্রোটন কণাগুলো কীভাবে তৈরি হয় এবং কোথা থেকে আসে, তা বহুকাল ধরে জ্যোতির্বিজ্ঞানীদের কাছে রহস্য ছিল। মহাশূন্যের তীব্র চুম্বকক্ষেত্রের কারণে প্রোটনের গতিপথ বেঁকে যায়। ফলে সেগুলো সরাসরি কোথায় তৈরি হয়েছে তা জানা সম্ভব হয় না। কিন্তু মহাজাগতিক কণা ত্বরকগুলোতে প্রোটন ত্বরান্বিত হওয়ার সময় তৈরি হয় নিউট্রিনো ও গামা রশ্মি। গামা রশ্মি মহাজাগতিক ধূলিকণায় আটকে যেতে পারে বা শক্তি হারিয়ে ফেলতে পারে, কিন্তু নিউট্রিনোকে বাধা দেওয়ার মতো শক্তি মহাবিশ্বের কোনো কিছুরই নেই। তাই উচ্চ-শক্তির নিউট্রিনোর গতিপথ অনুসরণ করতে পারলে মহাবিশ্বের চরম সহিংস ঘটনাগুলোর (যেমন: সক্রিয় গ্যালাক্সি বা বিস্ফোরিত নক্ষত্র) উৎসে সরাসরি পৌঁছানো সম্ভব।
আশির দশকে হালজেন বুঝতে পারেন, মহাজাগতিক নিউট্রিনো ধরার সবচেয়ে উপযুক্ত জায়গা হতে পারে দক্ষিণ মেরুর অ্যান্টার্কটিকার বরফের স্তর। কারণ সমুদ্রের পানির চেয়ে গভীর বরফ অনেক বেশি স্বচ্ছ ও স্থির। কিন্তু সেখানে চ্যালেঞ্জ ছিল প্রচণ্ড—হিমশীতল অ্যান্টার্কটিকায় মাইলের পর মাইল বরফ গলিয়ে গর্ত করা এবং সেখানে সংবেদনশীল আলো শনাক্তকারী সেন্সর বসানো। উষ্ণ পানি দিয়ে বরফ গলিয়ে গর্ত তৈরি করে বিশেষ কেবল ও অপটিক্যাল মডিউল (আলোক সেন্সর) বরফের গভীরে নামিয়ে দেওয়া হয়।
একটি মহাজাগতিক নিউট্রিনো যখন অতি দুর্লভভাবে বরফের পরমাণুর নিউক্লিয়াসের সঙ্গে সংঘর্ষ হয়, তখন চার্জযুক্ত কণা তৈরি হয় এবং বরফের ভেতরে নীল আলোর এক সূক্ষ্ম ঝলকানি ছড়ায়। বরফের ভেতরের সেই আলোর দিশা দেখেই সেন্সরগুলো নিউট্রিনোর দিক ও শক্তি মেপে নেয়। প্রথমে অ্যামান্ডা প্রকল্পের মাধ্যমে এর পরীক্ষা শুরু হয়। তবে কাঙ্ক্ষিত সাফল্য আসে আরও বড় পরিসরে কাজ শুরুর পর। তৈরি হয় আইসকিউব নিউট্রিনো অবজারভেটরি । বরফের গভীরে প্রায় এক ঘনকিলোমিটার এলাকাজুড়ে ১,৪৫০ থেকে ২,৪৫০ মিটার গভীরে ৮৬টি কেবলে মোট ৫,১৬০টি আলোক সেন্সর স্থাপন করা হয়। ২০১১ সালে আইসকিউব সম্পূর্ণ প্রস্তুত হয় এবং ২০১৩ সালের মধ্যে বিজ্ঞানীরা নিশ্চিত হন যে তারা সত্যি সত্যিই সৌরজগতের বাইরের গভীর মহাবিশ্ব থেকে আসা নিউট্রিনো শনাক্ত করতে পেরেছেন।
আইসকিউবের মাধ্যমে বিজ্ঞানীরা ইতিমধ্যেই আমাদের গ্যালাক্সি মিল্কিওয়ে এবং দূরের সক্রিয় গ্যালাক্সি (যেমন NGC 1068) থেকে আসা নিউট্রিনোর সন্ধান পেয়েছেন। প্রথাগত আলো বা টেলিস্কোপ দিয়ে মহাবিশ্বের যেসব অন্ধকার ও ধূলিধূসরিত অঞ্চল দেখা অসম্ভব ছিল, নিউট্রিনো এখন সেসব অঞ্চলের নতুন বার্তা বয়ে আনছে।
ফ্রান্সিস হালজেনের প্রবর্তিত এই পথ ধরে এখন বিশ্বজুড়ে কাজ চলছে। বৈকাল হ্রদ, ভূমধ্যসাগর এবং দক্ষিণ চীন সাগরে পানির নিচেও নতুন নিউট্রিনো টেলিস্কোপ তৈরি হচ্ছে। এমনকি দক্ষিণ মেরুতে আইসকিউবকে আরও বড় করে দ্বিতীয় প্রজন্মের আইসকিউব তৈরির পরিকল্পনা চলছে। এর আয়তন হবে প্রায় ৮ ঘনকিলোমিটার।
মহাবিশ্বে এমন অনেক ঘটনা ঘটে, যেগুলোর আলো হয়তো আমাদের কাছে পৌঁছায় না। কোনো কোনো বার্তা ধুলায় আটকে যায়, কোনোটি পথে শক্তি হারায়, কোনোটি মহাকাশের চৌম্বক ক্ষেত্রের কারণে তার উৎসের ঠিকানা হারিয়ে ফেলে। কিন্তু নিউট্রিনো এসব বাধার তোয়াক্কা করে না। সে ছুটে আসে প্রায় অপ্রতিরোধ্যভাবে, কোটি কোটি আলোকবর্ষ দূরের কোনো ভয়ংকর মহাজাগতিক ঘটনার খবর বুকে নিয়ে। তারপর পৃথিবীর দক্ষিণ মেরুর গভীর বরফে কোনো এক মুহূর্তে একটি নিউট্রিনো পরমাণুর সঙ্গে ধাক্কা খায়। তৈরি হয় ক্ষীণ নীল আলোর ঝলক। বরফের অন্ধকারে সেই ক্ষুদ্র আলো ধরে ফেলে আইসকিউবের একটি সেন্সর। সেই এক ঝলক আলোতেই লুকিয়ে থাকতে পারে মহাবিশ্বের বহু বিলিয়ন বছরের পুরোনো কোনো রহস্যের উত্তর।

২০২৬ সালের পদার্থবিজ্ঞানের নোবেল পুরস্কার আসলে সেই ক্ষীণ আলোর ঝলকটিকেই সম্মান জানাল। সেই সঙ্গে আমাদের মনে করিয়ে দিল, মহাবিশ্বকে জানতে সব সময় আকাশের দিকে তাকাতে হয় না। কখনো কখনো তার সবচেয়ে গভীর রহস্য লুকিয়ে থাকে আমাদের পায়ের নিচে, কয়েক কিলোমিটার বরফের অন্ধকারে।

৭ অক্টোবর, বুধবার বাংলাদেশ সময়ে বিকেল ৩টা ৪৫ মিনিটে রসায়নে নোবেলজয়ী বিজ্ঞানীদের নাম জানা যাবে। ইতিমধ্যে চিকিৎসাবিজ্ঞানে তিন বিজ্ঞানী পেয়েছেন এ বারের নোবেল পুরস্কার। প্রত্যেক বিভাগের নোবেলজয়ী বিজ্ঞানীরা পাবেন একটি নোবেল মেডেল, একটি সনদপত্র এবং মোট ১২ মিলিয়ন বা ১ কোটি ২০ লাখ সুইডিশ ক্রোনা। ২০২৫ সালে নোবেল পুরস্কারের অর্থমূল্য ছিল ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনা। ২০২৬ সালে তা বাড়িয়ে ১ কোটি ২০ লাখ সুইডিশ ক্রোনা করা হয়েছে। অর্থাৎ প্রতি পুরস্কারে ১০ লাখ ক্রোনা বা প্রায় ৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। নোবেল ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক হানা স্টিয়ারনে জানিয়েছেন, ২০২৬ সালে নোবেল পুরস্কারের ১২৫তম বার্ষিকী উপলক্ষে এই অর্থ বাড়ানো হয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, এর মাধ্যমে পুরস্কারের আর্থিক মূল্য দীর্ঘমেয়াদে ধরে রাখার চেষ্টা করা হচ্ছে।

উল্লেখ্য, ২০২৩ সালে নোবেল পুরস্কারের অর্থমূল্য ১০ মিলিয়ন ক্রোনা থেকে বাড়িয়ে ১১ মিলিয়ন করা হয়। ২০২৪ ও ২০২৫ সালে এতে আর কোনো পরিবর্তন আসেনি। ২০২৬ সালে আবার ১০ লাখ সুইডিশ ক্রোনা বাড়ানো হলো। যেসব বিভাগে একাধিক নোবেলজয়ী থাকবেন, তাঁদের মধ্যে এই ১ কোটি ২০ লাখ সুইডিশ ক্রোনা ভাগ হয়ে যাবে। বর্তমান বাজারে এর মান প্রায় ১২ লাখ ৮ হাজার মার্কিন ডলার, বাংলাদেশি টাকায় হবে প্রায় ১৪ কোটি ৯১ লাখ টাকার বেশি!

প্রধানমন্ত্রী জাপান যাচ্ছেন ২৬ অক্টোবর, সফর হতে পারে চার দিনের

0

আধুনিক ডেস্ক ::

প্রধানমন্ত্রী তারেক রহমান দ্বিপক্ষীয় সফরে ২৬ অক্টোবর টোকিও যাচ্ছেন। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে অনুষ্ঠেয় এই সফরে তাঁর সঙ্গে শীর্ষ বৈঠক করবেন তারেক রহমান। ঢাকা ও টোকিওর কূটনৈতিক সূত্রগুলো মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের বিষয়টি গত মাসেই চূড়ান্ত হয়। সফরটি চার দিনের হতে পারে। এই সফর এমন এক সময়ে হতে যাচ্ছে, যখন দুই দেশের সম্পর্ক ঘনিষ্ঠতর করার প্রক্রিয়া অব্যাহত আছে। কূটনৈতিক সূত্র বলছে, টোকিও সফরের সময় জাপানের সম্রাট নারুহিতোর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন জাপান সফরে বিনিয়োগ সম্প্রসারণ, ব্যবসায়ীদের সম্মেলন আয়োজন ও জনশক্তি রপ্তানির অগ্রগতি পর্যালোচনা প্রাধান্য পেতে পারে।

‘মক্কা চুক্তি’ কার্যকর: সৌদি আরবে সেনা মোতায়েন করতে সম্মত তুরস্ক ও পাকিস্তান

0

আধুনিক ডেস্ক ।।

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলা মোকাবিলায় মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতায় প্রতিরোধমূলক ব্যবস্থা সক্রিয় ও সৌদি আরবে দ্রুত সেনা মোতায়েন করতে সম্মত হয়েছে তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরব। সৌদি আরবের রাজধানী রিয়াদে এ তিন দেশের প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রীদের এক জরুরি বৈঠক শেষে গতকাল সোমবার এ সিদ্ধান্তের কথা জানানো হয়। গত ৭ আগস্ট ‘মক্কা ডিফেন্স অ্যালায়েন্স’ বা ‘মক্কা প্রতিরক্ষা জোট’ নামের এ চুক্তি সই হওয়ার পর এই প্রথম এটির কার্যকারিতা শুরু হলো।
চুক্তি অনুযায়ী, তিন দেশের যেকোনো একটির ওপর হামলা হলে তা সবার ওপর হামলা হিসেবে গণ্য করা হবে। উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট বা ন্যাটোর প্রতিষ্ঠাকালীন সনদের একটি মূলধারার সঙ্গে এ চুক্তির হুবহু মিল রয়েছে। হুতিদের গত মাসে দখল করা এলাকাগুলো পুনর্দখলে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের অনুগত বাহিনী একটি পাল্টা অভিযান শুরু করার কয়েক ঘণ্টার মধ্যেই এ ঘোষণা এল।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান জানান, ইয়েমেনের ইরানপন্থী হুতিদের হামলা এবং এর পেছনে যারা জড়িত, তাদের জবাব দিতে এ জোটের আওতায় ‘সম্মিলিত প্রতিরোধমূলক ব্যবস্থা’ সক্রিয় করার বিষয়ে কমিটি একমত হয়েছে। খালিদ বিন সালমান আরও বলেন, এ জোট সৌদি আরব এবং পবিত্র স্থানগুলোর ওপর হওয়া হামলা মোকাবিলায় তিন দেশের সংহতি ও ঐক্য আবারও দৃঢ় করেছে।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত একটি আলাদা বিবৃতিতে বলা হয়েছে, এ তিন দেশ চুক্তি অনুযায়ী তাদের পূর্বনির্ধারিত সামরিক শক্তি ও সক্ষমতার জোগান দেবে এবং সৌদি আরবে তাদের দ্রুত মোতায়েন নিশ্চিত করবে। বিবৃতিতে উল্লেখ করা হয়, অঙ্গীকারগুলো অনুমোদিত চুক্তি ও প্রতিটি দেশের নিজস্ব আইন মেনেই বাস্তবায়ন করা হবে।
হুতিদের গত মাসে দখল করা এলাকাগুলো পুনর্দখলে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের অনুগত বাহিনী একটি পাল্টা অভিযান শুরু করার কয়েক ঘণ্টার মধ্যেই এ ঘোষণা এল। সৌদি আরবের সমর্থনপুষ্ট ইয়েমেনি বাহিনী জানিয়েছে, তারা লোহিত সাগরের বন্দরনগরী মোখা পুনর্দখল করেছে ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মানদেব প্রণালির নিয়ন্ত্রণ এখন তাদের হাতে। ইয়েমেনের সরকারি বাহিনীর চলতি অভিযানে নিজেদের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। তাদের ১০০টি যুদ্ধবিমান এ অভিযানে সহায়তা দিচ্ছে বলে জানানো হয়েছে।/
এদিকে, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর ও উপকূলীয় শহর রাবিগের আরামকো তেল শোধনাগারে হামলা চালানোর দাবি করেছে হুতিরা। গোষ্ঠীটি আরও দাবি করেছে যে তারা একটি বিমানবন্দর, একটি বিমানঘাঁটিসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হেনেছে। তবে হুতিদের এ দাবির বিষয়ে রিয়াদের পক্ষ থেকে কোনো নিশ্চয়তা কিংবা আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধকে কেন্দ্র করে গোটা মধ্যপ্রাচ্যে তীব্র হতে থাকা সংঘাতের প্রতিক্রিয়া হিসেবেই মূলত মক্কা প্রতিরক্ষা জোটের আত্মপ্রকাশ ঘটে। গত আগস্টে এ জোটের প্রতিরক্ষা চুক্তি সই হয়। এর কিছুদিন পরই ইয়েমেনে হুতিরা তাদের অভিযান শুরু করে। পাশাপাশি সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালাতে থাকে। ইয়েমেনের সরকারি বাহিনীর চলতি অভিযানে নিজেদের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। তাদের ১০০টি যুদ্ধবিমান এ অভিযানে সহায়তা দিচ্ছে বলে জানানো হয়েছে।
২০২৬ সালের গ্লোবাল ফায়ারপাওয়ার ইনডেক্স অনুযায়ী, এ জোটের তিন সদস্য দেশের সম্মিলিত সক্রিয় সেনা সদস্যের সংখ্যা প্রায় ১৪ লাখ। এ ছাড়া তাদের রয়েছে প্রায় ৩ হাজার ৪০০ সামরিক বিমান, ৬ হাজার ট্যাংক ও ৩৪০টিরও বেশি নৌযুদ্ধের সরঞ্জাম। শুরুর দিকে এ চুক্তিতে প্রতিটি দেশের সামরিক দায়িত্ব ও বাধ্যবাধকতার বিষয়ে বিস্তারিত তথ্য তেমন প্রকাশ করা হয়নি। তবে পরবর্তী সময়ে জোটটিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার পদক্ষেপ নেওয়া হয়।
সেপ্টেম্বরের শুরুতে সৌদি আরবের দিকে হুতিরা ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ছুড়লে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছিলেন, সৌদি আরবের ওপর কোনো হামলা হলে এই চুক্তি কার্যকর হতে পারে। পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজকে খাজা আসিফ তখন বলেছিলেন, ‘যদি কোনো উসকানি ছাড়াই আগ্রাসন চালানো হয় কিংবা ইয়েমেনে যা ঘটছে তার আঁচ সৌদি আরবে এসে পড়ে, তবে মক্কা চুক্তি অবশ্যই কার্যকর হবে।’ অবশ্য গতকালের আগপর্যন্ত এ জোট কোনো পদক্ষেপ নেয়নি।
গালফ ইন্টারন্যাশনাল ফোরামের জ্যেষ্ঠ নন-রেসিডেন্ট ফেলো আবদুল আজিজ আলঘাশিয়ান বলেন, মক্কা প্রতিরক্ষা চুক্তি সক্রিয় করার এ সিদ্ধান্ত আঞ্চলিক নিরাপত্তার ওপর বড় ধরনের প্রভাব ফেলবে। আল-জাজিরাকে আলঘাশিয়ান বলেন, ‘সাম্প্রতিক সপ্তাহ ও মাসগুলোতে হুতিদের হামলা এবং উসকানি মূলত মক্কা জোটের প্রক্রিয়াকে ত্বরান্বিত করেছে। এমনকি এটিকে অনুপ্রাণিতও করেছে।’ হামলাগুলো জোটের সাংগঠনিক কাঠামোকে এগিয়ে নিতে সহায়তা করেছে বলেও মন্তব্য করেন তিনি।
আলঘাশিয়ান আরও বলেন, এ ঘটনাপ্রবাহ থেকে একটি আঞ্চলিক নিরাপত্তাব্যবস্থা গড়ে ওঠার আভাসও পাওয়া যাচ্ছে। তাঁর ভাষায়, ‘আমরা প্রায়ই আঞ্চলিক নিরাপত্তা কাঠামোর কথা বলি, যা শুনতে বেশ চমৎকার লাগে। কিন্তু অনেক সময়ই এটি ফাঁপা শোনায় এবং এর বিস্তারিত অর্থ অনেকে বোঝেন না। তবে আমার মনে হয়, এখন আমরা এটি বাস্তবে রূপ নিতে দেখছি। এই অঞ্চলের ইতিহাসে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ।’