ধর্মপাশা -মধ্যনগর প্রতিনিধি:
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় সরকারি লিজকৃত ভিটের রাজস্ব (লীজমানি) আদায়ে দিনব্যাপী ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) মধ্যনগর মধ্যবাজারের উন্মুক্ত স্থানে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়। উপজেলা ভূমি অফিসের উদ্যোগে আয়োজিত ক্যাম্পেইনে উপজেলার ২১৩টি চান্দিনা ভিটের লীজমানি আদায়ের কার্যক্রম পরিচালনা করা হয়।
দিনব্যাপী এ ক্যাম্পেইনে উপস্থিত থেকে লীজমানি আদায়ের কার্যক্রম তদারকি করেন মধ্যনগর উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) জনি রায়। এ সময় মধ্যনগর ভূমি অফিসের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মচারীরা উপস্থিত ছিলেন।
ভূমি অফিস সূত্রে জানা গেছে, মধ্যনগর উপজেলায় ২১৩টি চান্দিনা ভিটের বিপরীতে প্রতি বছর লীজমানি পরিশোধের নিয়ম রয়েছে। তবে এতদিন ধর্মপাশা উপজেলা থেকে এ রাজস্ব আদায় কার্যক্রম পরিচালিত হওয়ায় অনেক লিজ গ্রহীতা সময়মতো লীজমানি পরিশোধ করতে পারতেন না। ফলে প্রতি বছর ২১৩টি ভিটের মধ্যে মাত্র ২০ থেকে ২২টির মতো লীজমানি আদায় হতো। এতে সরকারের রাজস্ব আদায়ের পরিমাণও ছিল তুলনামূলকভাবে কম।
এ পরিস্থিতিতে লিজ গ্রহীতাদের সুবিধার্থে মধ্যনগর উপজেলাতেই উন্মুক্ত স্থানে ক্যাম্পেইনের মাধ্যমে লীজমানি আদায়ের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে স্থানীয় বাসিন্দারা নিজ এলাকায় এসে সহজেই নির্ধারিত রাজস্ব পরিশোধের সুযোগ পাচ্ছেন।
মধ্যনগর ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা গোলাম ছারওয়ার জানিয়েছে, লীজগ্রহীতাদের সুবিধার্থে পর্যায়ক্রমে লীজমানি আদায়ের কার্যক্রম অব্যাহত রাখা হবে। এ ধরনের উদ্যোগের মাধ্যমে দীর্ঘদিনের বকেয়া রাজস্ব আদায়ের পাশাপাশি সরকারি সম্পত্তির সঠিক ব্যবস্থাপনাও নিশ্চিত করা সম্ভব হবে।
মধ্যনগর সহকারী কমিশনার (ভূমি) ভারপ্রাপ্ত জনি রায় জানান, মধ্যনগরের ২১৩টি চান্দিনা ভিটের বিপরীতে ধর্মপাশায় বসে প্রতি বছর মাত্র ২০ থেকে ২২টির মতো লীজমানি আদায় হতো, যা খুবই নগণ্য। আজকের ক্যাম্পেইনের মাধ্যমে বিকেল ৪টা পর্যন্ত ১০৪টি চান্দিনা ভিটির নথি নবায়ন করা হয়েছে। এ থেকে নবায়ন ফি হিসেবে মোট ৮ লাখ ৩০ হাজার ২৫ টাকা আদায় হয়েছে।


