শাবিপ্রবি প্রতিনিধি:
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের উদ্যোগে শীতকালীন ফুলের চারা রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের চেতনা ৭১-এর পাশে বিভিন্ন প্রজাতির ফুলের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম।
উদ্বোধনকালে উপাচার্য বলেন, শাবি প্রেসক্লাবের উদ্যোগে ফুলের চারা রোপণ খুবই অনন্য একটি কর্মসূচি। ক্যাম্পাসের অন্যান্য সংগঠন যদি এরকম উদ্যোগ নেয় তাহলে ক্যাম্পাসটা ফুলে ফুলে ভরে উঠবে। প্রশাসনের জায়গা থেকে আমরাও এই বিষয়ে কাজ করছি।
শাবি প্রেসক্লাবের সভাপতি নোমান ফয়সাল বলেন, ‘প্রেসক্লাব সবসময় বিশ্ববিদ্যালয়ের স্বার্থে কাজ করে। বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে আমাদের এ কর্মসূচির আয়োজন। এ ধরনের কাজে এগিয়ে আসতে আমরা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য অংশীজনদেরও আহ্বান জানাচ্ছি।’
এসময় উপ-উপাচার্য অধ্যাপক ড. জি এম রবিউল ইসলাম, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. মাসুদ আলম, সহকারী প্রক্টর মো. বেলাল হোসাইন শিকদার ও বিজয় ২৪ হল প্রভোস্ট অধ্যাপক আ ফ ম জাকারিয়া, সৈয়দ মুজতবা আলী হল প্রভোস্ট অধ্যাপক ড. মো. আশরাফ সিদ্দিকী, কেন্দ্রীয় গ্রন্থাগারের প্রশাসক অধ্যাপক মুহ. মিজানুর রহমান, ভূ-সম্পত্তি শাখার পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আবুল হাসনাত উপস্থিত ছিলেন।


