গোলাপগঞ্জ প্রতিনিধি : রুহুল আমিন:
দেশব্যাপী আয়োজিত ‘রবি বোলার হান্ট’-এ চূড়ান্ত বিজয়ী ২১ জনের মধ্যে জায়গা করে নিয়েছেন সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার লক্ষনাবন্দ ইউনিয়নের তরুণ পেস বোলার আরাফাত রহমান।
জমকালো সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ও সাবেক জাতীয় দলের অধিনায়ক তামিম ইকবাল খানের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন তিনি।
সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় রবি বোলার হান্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। অনুষ্ঠানে নির্বাচিত বিজয়ীদের হাতে স্মারক তুলে দেওয়া হয়। এ সময় আরাফাত রহমানের পুরস্কার গ্রহণের মুহূর্তটি তাঁর ক্রিকেটীয় পথচলায় যোগ করেছে নতুন এক অর্জন।
দীর্ঘ আট বছর পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উদ্যোগে ও রবি’র সহযোগিতায় আয়োজিত এই প্রতিভা অন্বেষণ কার্যক্রমে অংশ নেন ২৫ হাজারেরও বেশি বোলার। প্রাথমিক বাছাইয়ে ১৪৩ জনকে নির্বাচন করা হয়। পরে ঢাকায় জাতীয় পর্যায়ের ট্রায়াল ও চূড়ান্ত মূল্যায়নের মধ্য দিয়ে ২১ জনকে বিজয়ী ঘোষণা করা হয়। বিজয়ীদের মধ্যে চারজন নারী বোলারও রয়েছেন।
এর আগে সিলেট বিভাগীয় পর্যায়ের বাছাইপর্বে নিজের বোলিং নৈপুণ্য দেখিয়ে নির্বাচিত হন গোলাপগঞ্জের আরাফাত রহমান। সিলেট বিভাগের নির্বাচিত সাত পেস বোলারের একজন হিসেবে জাতীয় পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ পান তিনি। পরবর্তী ধাপগুলো পেরিয়ে চূড়ান্ত বিজয়ীদের তালিকায় স্থান করে নেওয়া তাঁর জন্য বড় সাফল্য।
বোলার হান্টের মাধ্যমে উঠে আসা প্রতিভাবান ক্রিকেটারদের ভবিষ্যৎ উন্নয়নে বিশেষ উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল খান। নির্বাচিত বোলারদের বিসিবির হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের তত্ত্বাবধানে রেখে প্রশিক্ষণ ও পরিচর্যার পরিকল্পনার কথাও জানান তিনি।
আরাফাত রহমানের এই অর্জনে গোলাপগঞ্জ ও সিলেটের ক্রীড়াঙ্গনে নতুন আশার সঞ্চার হয়েছে। তরুণ এই পেসারের স্বপ্ন, ভবিষ্যতে নিজেকে আরও দক্ষ ক্রিকেটার হিসেবে গড়ে তুলে একদিন বাংলাদেশ জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করা।
নিজের স্বপ্নপূরণ ও আগামী দিনের পথচলার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন আরাফাত রহমান। তাঁর এই সাফল্য এলাকার অন্য তরুণ ক্রিকেটারদেরও অনুপ্রাণিত করবে বলে প্রত্যাশা ক্রীড়াপ্রেমীদের।


