নাজিম উদ্দিন, লাখাই:
হবিগঞ্জের লাখাই উপজেলার মোড়াকরি বাজারে সার বিক্রিতে অনিয়ম ও নির্ধারিত মূল্য অনুসরণ না করার অভিযোগে ‘মেসার্স স্বপন কুমার দেব’ নামে বিএডিসি (বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন) এক ডিলার প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৩১ অক্টোবর) দুপুরে উপজেলার মোড়াকরি বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, দীর্ঘদিন ধরে মোড়াকরি বাজারে সরকারি নিয়মনীতি ও নির্ধারিত মূল্য উপেক্ষা করে সার বিক্রি করা হচ্ছে—এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন। অভিযানে নেতৃত্ব দেন লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক হাসান। এ সময় অভিযোগের সত্যতা যাচাই শেষে সংশ্লিষ্ট ডিলার প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
অভিযানে কৃষকদের স্বার্থ সুরক্ষা ও সারের বাজারে শৃঙ্খলা বজায় রাখতে সহযোগিতা করেন লাখাই উপজেলা কৃষি কর্মকর্তা শাহাদুল ইসলাম এবং লাখাই থানার একদল পুলিশ সদস্য।
এদিকে, প্রশাসনের এ অভিযানে স্থানীয় কৃষক ও সচেতন মহল সন্তোষ প্রকাশ করেছেন। তাঁদের প্রত্যাশা, কৃষকদের ন্যায্যমূল্যে সার প্রাপ্তি নিশ্চিত করা, হয়রানি বন্ধ এবং সার বিক্রিতে স্বচ্ছতা বজায় রাখতে প্রশাসনের নিয়মিত তদারকি অব্যাহত থাকবে।


