হবিগঞ্জ প্রতিনিধি ::
হবিগঞ্জের লাখাই উপজেলায় নিখোঁজের ৬ দিন পর ডোবা থেকে এক রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আইফোন নিয়ে দ্বন্দ্বের জেরে তাকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিহত তারেক মিয়া (২২) নবীগঞ্জ উপজেলার চৌষাটপুর গ্রামের বাসিন্দা ছিলেন। লাখাই ও নবীগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে মঙ্গলবার রাতে লাখাইয়ের ফুলবাড়িয়া গ্রামের একটি ডোবা তার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়দের বরাতে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফ আহমেদ বলেন, ২১ অক্টোবর তারেক ও সাহেল রাজমিস্ত্রির কাজ করতে ফুলবাড়িয়া গ্রামে যান। তারেকের আইফোনের প্রতি লোভ জন্মায় সাহেলের। ২২ অক্টোবর রাতে সাহেল কৌশলে তারেককে ডেকে নিয়ে যান এবং গলা কেটে হত্যা করেন। এরপর মরদেহ একটি ডোবায় ফেলে দেন। তারেক বাড়ি না ফেরায় এবং তার সঙ্গে যোগাযোগ করতে না পেরে পরিবারের সদস্যরা নবীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে বলে জানায় পুলিশ।
ওসি জানান, পরে মোবাইল ফোনের কলরেকর্ড ও অন্যান্য তথ্য বিশ্লেষণ করে সাহেলকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে সাহেল আইফোন নিয়ে বিরোধের জেরে তারেককে হত্যার কথা স্বীকার করেছেন বলে জানান ওসি শরিফ আহমেদ। তার দেওয়া তথ্যের ভিত্তিতেই মরদেহটি উদ্ধার করা হয়েছে।


