শাবিপ্রবি প্রতিনিধি:
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) স্থাপত্য বিভাগের একটি দল ‘বাংলাদেশ আর্কসামিট ২০২৬’-এর শিক্ষার্থী বিভাগে প্রথম স্থান অর্জন করেছে। বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট (বাস্থই) আয়োজিত দেশের ১৬টি স্থাপত্য শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে প্রতিযোগিতা করে শাবিপ্রবির শিক্ষার্থীরা এই গৌরবময় সাফল্য অর্জন করে।
শুক্রবার (১৬ অক্টোবর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন দলটি।
প্রথম স্থান অর্জনকারী বিজয়ী দলের সদস্যদের মাঝে হলেন স্থাপত্য বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী তানজিয়া নুসরাত সুহা, ফারজানা কবির প্রীতি ও মেহজাবিন আরোবী। প্রতিযোগিতায় শিক্ষার্থীদের মেন্টর হিসেবে দিকনির্দেশনা দিয়েছেন একই বিভাগের প্রভাষক মো. ফেরদৌস রহমান।
দলটি সিলেটের বর্তমান নগর বাস্তবতা ও সামাজিক দায়বদ্ধতাকে কেন্দ্র করে কিশোর অপরাধী চক্রের সমস্যা মোকাবিলায় ‘উত্তরণ’ শিরোনামে একটি নকশা প্রস্তাবনা উপস্থাপন করে। তাদের এই সংবেদনশীল নকশায় প্রধানত পথশিশুদের ইতিবাচক উপায়ে সামাজিকভাবে অন্তর্ভুক্ত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের এই অনন্য উদ্ভাবনী চিন্তা ও দলগত দক্ষতা বিচারকদের প্রশংসা অর্জন করে ।
স্থাপত্য বিভাগের বিজয়ী শিক্ষার্থী দল ও তাঁদের পরামর্শককে এই সাফল্যের জন্য আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিভাগের প্রধান অধ্যাপক ইফতেখার রহমান। বিভাগের শিক্ষকেরা জানান, শিক্ষার্থীদের এই অর্জন স্থাপত্য শিক্ষায় উদ্ভাবন, দলগত প্রচেষ্টা এবং বাস্তবমুখী ও টেকসই নগর নকশাচর্চার এক অনন্য দৃষ্টান্ত।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম বলেন,”আমাদের শিক্ষার্থীদের এই অনবদ্য সাফল্য অত্যন্ত আনন্দ ও গর্বের। জাতীয় পর্যায়ে দেশের শীর্ষস্থানীয় ১৬টি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে প্রতিযোগিতা করে প্রথম স্থান অর্জন করা তাঁদের অসামান্য মেধা ও দলগত পরিশ্রমেরই প্রতিফলন। বিশেষ করে সিলেটের স্থানীয় নগর বাস্তবতা ও পথশিশুদের সামাজিক অন্তর্ভুক্তির মতো সংবেদনশীল বিষয়কে স্থাপত্য নকশার মাধ্যমে সমাধানের এই বাস্তবমুখী প্রয়াস অত্যন্ত প্রশংসনীয়। আমাদের শিক্ষার্থীরা ভবিষ্যতেও এভাবে নতুন নতুন ভাবনার মাধ্যমে বিশ্ববিদ্যালয় তথা পুরো দেশের মুখ উজ্জ্বল করবে বলে আমার বিশ্বাস।”


