জৈন্তাপুর প্রতিনিধি :
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিলেটের জৈন্তাপুর উপজেলার খান চা বাগানের চা শ্রমিকদের মধ্যে শাড়ি বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) বেলা ২টায় খান চা বাগান মিলনায়তনে এ শাড়ি বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শ্রম ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর ব্যক্তিগত উদ্যোগে চা শ্রমিকদের মাঝে এসব শাড়ি বিতরণ করা হয়।
খান চা বাগান পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক জশুধন বারেকের সঞ্চালনায় এবং বাগানের ব্যবস্থাপক মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিকনাগুল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, চিকনাগুল ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য, প্যানেল চেয়ারম্যান ও চেয়ারম্যান পদপ্রার্থী মছদ্দর আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ শাহজাহান, ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমরান আহমদ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি প্রদীপ কুমারসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং খান চা বাগান পঞ্চায়েত কমিটির নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে সব ধর্মের মানুষের পাশে দাঁড়ানো সামাজিক দায়িত্ব। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা শ্রমিকদের মধ্যে উপহারসামগ্রী বিতরণের এ উদ্যোগ ধর্মীয় সম্প্রীতির একটি উজ্জ্বল দৃষ্টান্ত।
পরে খান চা বাগানের শ্রমিকদের হাতে শাড়ি তুলে দেওয়া হয়। উপহার পেয়ে শ্রমিকদের মধ্যে উৎসবের আনন্দ ও উচ্ছ্বাস দেখা যায়।


