শাবিপ্রবি প্রতিনিধি :
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) লোকপ্রশাসন বিভাগের ২০১৭–১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আশরাফুলের ক্যানসার চিকিৎসার সহায়তায় এক মানবিক সংগীত সন্ধ্যার আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন ‘রিম মিউজিক্যাল ক্লাব’।
শুক্রবার (২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ফুডকোর্ট প্রাঙ্গণে “অ্যাকুস্টিক শো: চ্যারিটি ফর আশরাফুল” শীর্ষক এই চ্যারিটি অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে সংগঠনের শিল্পীরা একক ও দলগত অ্যাকুস্টিক পরিবেশনার মাধ্যমে গান পরিবেশন করেন। সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে রাখা হয় ‘উন্মুক্ত মঞ্চ’ ব্যবস্থা, যেখানে ক্লাবের বাইরের শিল্পীরাও গান পরিবেশনের সুযোগ পান। ফলে পুরো ফুডকোর্ট প্রাঙ্গণ শিক্ষার্থী ও সাধারণ পথচারীদের উপস্থিতিতে এক মিলনমেলায় পরিণত হয়। মঞ্চের ব্যানারে শোভা পায় অনুষ্ঠানের মূল বার্তা “কীফ অ্যালাইভ দ্য মেমোরিজ ইন রিদম”।
অনুষ্ঠান শেষে ক্লাবের ২৫তম কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ আদোন আহমেদ অতি অনুভূতি প্রকাশ করে বলেন, “আজকের এই সন্ধ্যা শুধু গানের ছিল না, এটি ছিল আমাদের একজন আপনজনের পাশে দাঁড়ানোর তাগিদ। যে কণ্ঠ আজ গেয়েছে, যে হাত তালি দিয়েছে এবং যে অবদান রাখা হয়েছে প্রতিটিই প্রমাণ করে যে ‘রিম’ সবসময় একটি পরিবার হিসেবে ছিল এবং থাকবে। যারা এসেছেন এবং যতটুকু পেরেছেন সহযোগিতা করেছেন, তাদের সবাইকে সংগঠনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।”
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, অনুষ্ঠান থেকে সংগৃহীত সমুদয় অনুদান সরাসরি আশরাফুলের চিকিৎসার জন্য প্রদান করা হবে। আয়োজনটি সফল করতে সর্বাত্মক সহযোগিতা করায় সকল পারফর্মার, স্বেচ্ছাসেবক, প্রাক্তন শিক্ষার্থী ও উপস্থিত দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।


