শাবি প্রতিনিধি:
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে। মানবাধিকার বিষয়ক সংগঠন ‘হিউমান রাইটস ডিফেন্ডার্স সোসাইটি’ কর্তৃক দিবসটি পালত করা হয়।
বুধবার (১০ ডিসেম্বর) দুপুর দেড়টায় ক্যাম্পাসে শোভাযাত্রা বের করেন সংগঠনটির স্বেচ্ছাসেবীরা।
শোভাযাত্রা শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফয়সাল হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারী প্রক্টর অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম। তিনি বলেন, মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি নিয়ে আলোচনা করতে গেলে প্রথমেই সামনে আসে গত ১৬ বছরে আমাদের দেশের মানবাধিকারের লঙ্ঘনের বিষয়গুলো। পৃথিবীর বিভিন্ন দেশে এখনো মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলো প্রতিনিয়ত ঘটছে। পৃথিবীর যেকোনো প্রান্তের মানবাধিকারের লঙ্ঘনের বিষয়গুলো নিয়ে আমাদের কথা বলতে হবে। আমরা চাই ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের জন্য মানবাধিকার নিশ্চিত হোক।
সভায় আরও বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয় এস্টেট শাখার কর্মকর্তা অধ্যাপক ড. মো. আবুল হাসনাত, ইংরেজি বিভাগের শিক্ষার্থী দেলোয়ার হাসান শিশির ও পলিটিক্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ইসরাত জাহান স্পৃহা প্রমুখ।


