গোয়াইনঘাট প্রতিনিধি:
সিলেট সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় জিরা, গরু, মহিষ, চকলেট, কম্বল, রসুন, সুপারি, চা পাতা ও অবৈধ বালু-পাথরসহ বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য আটক করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। আটক করা এসব পণ্যের আনুমানিক সিজার মূল্য ৪৬ লাখ ৮২ হাজার টাকা।
শুক্রবার (২১ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় একাধিক অভিযান পরিচালনা করা হয়। বাংলাবাজার, সোনালীচেলা, প্রতাপপুর, বিছনাকান্দি, সোনারহাট, শ্রীপুর ও সংগ্রাম এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব চোরাচালানি মালামাল জব্দ করা হয়। এ সময় অবৈধ বালু-পাথর বহনকারী বারকী নৌকাও আটক করে বিজিবি।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্তে চোরাচালান প্রতিরোধ ও নিরাপত্তা জোরদারে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব চোরাচালানি পণ্য আটক করা হয়।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা সর্বাত্মকভাবে অব্যাহত রয়েছে। সীমান্তে চোরাচালান বন্ধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে।
তিনি আরও বলেন, আটককৃত চোরাচালানি মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


