শাবিপ্রবি প্রতিনিধি:
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) লোক প্রশাসন বিভাগের সাবেক শিক্ষার্থী আশরাফুলের চিকিৎসায় সহায়তার লক্ষ্যে শুরু হয়েছে ‘আশরাফুলের সহায়তায়’ পাঁচ-এ-সাইড চ্যারিটি ফুটবল টুর্নামেন্ট।
সোমবার (১৭ আগস্ট) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া সংগঠন স্পোর্টস শাবিপ্রবির উদ্যোগে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. মোখলেসুর রহমান, স্পোর্টস ক্লাব শাবিপ্রবির সভাপতি হুসাইন ইমাম, সাধারণ সম্পাদক দুর্জয় বণিকসহ সংগঠনের অন্যান্য সদস্য।অনুষ্ঠানে প্রক্টর, সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক যৌথভাবে টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করেন।
এ সময় তাঁরা টুর্নামেন্টের সফল আয়োজন ও সমাপ্তি কামনা করেন। একই সঙ্গে অসুস্থ আশরাফুলের দ্রুত সুস্থতা কামনা করে তাঁর চিকিৎসায় সহায়তার উদ্যোগ নেওয়ায় স্পোর্টস শাবিপ্রবিকে সাধুবাদ জানান প্রক্টর অধ্যাপক ড. মো. মোখলেসুর রহমান।
পরে উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।উদ্বোধনী অনুষ্ঠান শেষে ল্যাব রিপোর্ট এফসি ও ম্যাক্রোভার্সের মধ্যকার ম্যাচ দিয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক খেলা শুরু হয়।
আয়োজকরা জানান, অসুস্থ আশরাফুলের চিকিৎসা ও সুস্থতার জন্য আর্থিক সহায়তা প্রদানই এ চ্যারিটি টুর্নামেন্ট আয়োজনের অন্যতম প্রধান উদ্দেশ্য। টুর্নামেন্টের মাধ্যমে খেলাধুলার পাশাপাশি মানবিক সহায়তার একটি উদ্যোগও বাস্তবায়ন করা হচ্ছে।


