শাবিপ্রবি প্রতিনিধি:
নানা আয়োজনের মধ্য দিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নাট্যবিষয়ক সংগঠন দিক থিয়েটারের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটি সেন্টার থেকে একটি র্যালি বের করেন সংগঠনের কর্মীরা।
র্যালিটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
সংগঠনটির ২৮তম বছরে পদার্পণ উপলক্ষে ক্যাম্পাস প্রাঙ্গণে ২৮টি ভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করা হয়।
এ সময় দিক থিয়েটারের উপদেষ্টা ও বাংলা বিভাগের অধ্যাপক ফারজানা সিদ্দিকা, পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক জায়েদা শারমিন, সংগঠনের সভাপতি দ্বৈপায়ন দাশ অনন্য ও সাধারণ সম্পাদক শাওন আকন্দসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।


