Home Blog Page 3

হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ৮শ

0

আধুনিক ডেস্ক ::

দেশে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৩ মার্চ থেকে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে এবং হামের উপসর্গ নিয়ে মোট ৮০৩ জনের মৃত্যু হল। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৭০৮ জনের। আর নমুনা পরীক্ষায় হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে ৯৫ জনের ক্ষেত্রে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, ২৪ ঘণ্টায় আরও ৯০৪ জন হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে এসেছে। তাদের মধ্যে ভর্তি হয়েছেন ৮৩৪ জন। আর এই সময়ে নমুনা পরীক্ষায় ১৩৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে সারা দেশে এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে এক লাখ ২০ হাজার ৩৫২ চিকিৎসা নিতে হাসপাতালে গেছে এবং তাদের মধ্যে এক লাখ ৩ হাজার ৭৮ জনকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হয়েছে।
বিভাগওয়ারি স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব বলছে, হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৩০৭ জন মারা গেছে ঢাকা বিভাগে। এর পরেই আছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছে ১০৫ জন। এছাড়া রাজশাহীতে ৯০, চট্টগ্রামে ৫৬, বরিশালে ৪৩, ময়মনসিংহে ৬৭, খুলনায় ৩১ ও রংপুর বিভাগে ৯ জন মারা গেছে। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত যারা হাসপাতালে গেছেন, তাদের মধ্যে ১৪ হাজার ৮৪১ জনের ক্ষেত্রে নমুনা পরীক্ষায় হামের সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে।

সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করল জামায়াত

0

আধুনিক ডেস্ক ::

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ছড়িয়ে পড়ার কারণে আলোচনায় আসা সাতক্ষীরা–৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার বিকেলে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে নৈতিক স্খলনের দায়ে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের গণমাধ্যমে বিবৃতি পাঠিয়ে দলের এই সিদ্ধান্তের কথা জানান। বিবৃতিতে বলা হয়, আজ ২২ জুলাই (বুধবার) বিকেল চারটায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক হয়। এতে সভাপতিত্ব করেন দলের আমির শফিকুর রহমান। বৈঠকে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

বিবৃতিতে উল্লেখ করা হয়, সম্প্রতি সাতক্ষীরা–৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে নিয়ে বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত সংবাদের বিষয়ে সাংগঠনিক তদন্ত হয়। তদন্তে গাজী নজরুল ইসলামের নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় তাকে দলের গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়। একই সঙ্গে তাকে দল থেকে বহিষ্কারের বিষয়টি বাংলাদেশ নির্বাচন কমিশনকে অবিলম্বে অবহিত করার সিদ্ধান্ত হয়।

সোমবার রাতে সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত মুহূর্তের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এসব ভিডিওতে এক তরুণীর সঙ্গে জামায়াতে ইসলামীর এই সংসদ সদস্যকে ঘনিষ্ঠভাবে দেখা যায়। ভিডিওটি প্রকাশের পরপর জামায়াতের অনেক নেতা–কর্মী সামাজিক যোগাযোগমাধ্যমে সেটিকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে তৈরি বলে দাবি করতে থাকেন। তবে মঙ্গলবার দুপুরে গাজী নজরুল ইসলাম নিজের ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে জানান, ওই তরুণী তার দ্বিতীয় স্ত্রী মরিয়াম বেগম। গত ১৭ জুন পারিবারিকভাবে এবং তার প্রথম স্ত্রীর সম্মতিতে ঢাকায় মরিয়াম বেগমের বাবা মাসুম বিল্লাহর বাসভবনে বিয়ে সম্পন্ন হয়। এরপর জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হলো।

শাবিপ্রবিতে জাতীয়তাবাদী শিক্ষকদের ‘মহান মুক্তিযুদ্ধ ও জাতীয়তাবাদী শিক্ষক পরিষদ’ নামে নতুন প্ল্যাটফর্ম

0

শাবিপ্রবি প্রতিনিধি:

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাসী শিক্ষকবৃন্দ সব ধরনের মতভেদ ও মতপার্থক্য পরিহার করে ‘মহান মুক্তিযুদ্ধ ও জাতীয়তাবাদী শিক্ষক পরিষদ’ নামে নতুন প্ল্যাটফর্ম গঠনের সিদ্ধান্ত নিয়েছেন।

বুধবার (২২ জুলাই) দুপুরে অধ্যাপক ড. মো. আশরাফ উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল ক্যাফেটেরিয়ায় আয়োজিত এক সভায় জাতীয়তাবাদী শিক্ষকরা একত্রিত হন। সভায় সর্বসম্মত মতামতের ভিত্তিতে এই নতুন প্ল্যাটফর্মের নামকরণ করা হয় ‘মহান মুক্তিযুদ্ধ ও জাতীয়তাবাদী শিক্ষক পরিষদ’। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সকল জাতীয়তাবাদী শিক্ষককে এক হয়ে কাজ করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করবে।

এতে আরও বলা হয়, “শাবিপ্রবির উন্নয়নে নিয়মতান্ত্রিক কার্যক্রমের পক্ষে এবং যেকোনো অনিয়মের বিরুদ্ধে হবে এই প্ল্যাটফর্মের শিক্ষকদের অবস্থান। কারও প্রতি বিদ্বেষ বা ঘৃণা নয়, বরং সকলের সাথে বন্ধুত্বপূর্ণ সহঅবস্থান তৈরি করাই এর মূল লক্ষ্য।”

এ সময় অধ্যাপক ড. মো. আশরাফ উদ্দিনের নেতৃত্বে ১০ সদস্যবিশিষ্ট একটি সাবজেক্ট কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি আগামী ৭ দিনের মধ্যে নীতিমালার খসড়া তৈরি করে একটি পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি প্রকাশ করবে।

শাবিপ্রবিতে নারী শিক্ষার্থীকে কুপ্রস্তাব ও হুমকির প্রতিবাদে বিক্ষোভ, থানায় জিডি

0

শাবিপ্রবি প্রতিনিধি:

টিউশনের উদ্দেশ্যে শেয়ার করা নম্বরে হোয়াটসঅ্যাপে অশালীন প্রস্তাব, ভয়ভীতি ও হুমকি দেওয়ার অভিযোগে উত্তাল হয়ে উঠেছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)। ঘটনার প্রতিবাদে ও অভিযুক্ত ব্যক্তির দ্রুত শাস্তির দাবিতে ক্যাম্পাসে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। এ ঘটনায় নিরাপত্তা ও বিচার চেয়ে সিলেটের জালালাবাদ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী নারী শিক্ষার্থী।

বুধবার (২২ জুলাই) দুপুর পৌনে ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনের সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা।

সাধারণ ডায়েরীতে ভুক্তভোগী শিক্ষার্থী জানিয়েছেন, আমি লোকপ্রশাসন বিভাগের ছাত্রী। গত কিছু দিন পূর্বে ‘সাস্ট আপডেট’ নামক একটি ফেইসবুক পেইজ থেকে একটি পোষ্ট করা হয়। যাতে টিউশনের জন্য বিজ্ঞপ্তি প্রদান করেন। উক্ত ফেইসবুক পেইজের এডমিন রাহিন ইসলাম, মো. আরমান সামি তারা শাবিপ্রবির শিক্ষার্থী। আমি উক্ত পোস্টে মন্তব্যের স্থানে আমার নাম উল্লেখ পূর্বক টিউশন করানোর আগ্রহ প্রকাশ করি। পরবর্তীতে তারা আমার নাম্বার চাইলে আমি আমার ব্যক্তিগত মোবাইল নাম্বার প্রদান করি।

তাদের পোস্টের মন্তব্যে আমি নাম্বার প্রদান করার পর গত ২৪ জুন রাত ৮টা ১মিনিটে ০১৫৮০৮৮১৮১২ মোবাইল নাম্বার হতে আমার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নাম্বরে এসএমএস করে এবং প্রথমে আমাকে চাকুরীর প্রস্তাব দেয়। পরবর্তীতে আমি তাহার প্রতিউত্তর দিলে উক্ত নাম্বার হতে আমাকে আপত্তিকর, অশালীন ও কুপ্রস্তাব, কুরুচিপূর্ণ কথাবার্তা বলে। তার প্রস্তাবে রাজি না হলে উক্ত নাম্বার হইতে আমাকে বিভিন্ন রকম ভয়ভীতি মূলক হুমকী প্রদান করা হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগী শিক্ষার্থী।

মানববন্ধনে লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী খলিলুর রহমান চাঁদ বলেন, “সাস্ট আপডেট পেইজের অ্যাডমিনরা যদি ব্যক্তিগত তথ্য সুরক্ষা দিতে না পারে তাহলে কেন তারা নাম্বার নিবে। আমাদের দাবি হলো, যে নম্বর থেকে ভুক্তভোগীকে কুপ্রস্তাব দেওয়া হয়েছে অতিবিলম্বে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে । যারা সাস্ট আপডেট পেজের অ্যাডমিনদের এ বিষয়ে জবাবদিহীতা করতে হবে।”

অভিযোগ আসা ০১৫৮০৮৮১৮১২ নম্বরটিতে একাধিকবার কল দিলেও বন্ধ পাওয়া যায়।

এবিষয়ে ‘সাস্ট আপভেট পেইজের অ্যাডমিন রাহিন ইসলাম বলেন, আমরা টিউশনের পোস্ট করার পর অনেকে সেখানে কমেন্ট করেন। সেখান থেকে কেউ নম্বর নিলে সেই দায়ভার আমাদের না। আমরা ব্যক্তিগতভাবে কারোর থেকে নম্বর চাইনি বা পোস্টেও বলিনি।

তিনি বলেন, “ভুক্তভোগী কুপ্রস্তাবের আসার পর ম্যাসেজ সম্পর্কে আমাদের জানান। আমি নিজে এটির প্রতিবাদ করে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ ফেসবুক গ্রুপে পোস্ট করেছি। এতোদিন পর নতুন করে আমার বিরুদ্ধে এই ধরণের অভিযোগ আনা হলে আমি তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিব।”

সিলেটে বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়নসহ একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

0

আধুনিক ডেস্ক ::

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্রায় ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকা ব্যয়ের আটটি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে। এর মধ্যে তিনটি নতুন এবং পাঁচটি সংশোধিত প্রকল্প। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে সিলেট বিভাগের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন, বৃহত্তর দিনাজপুরের সমন্বিত উন্নয়ন, পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ, দুর্যোগ আশ্রয়কেন্দ্র নির্মাণ, ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে, দেশের মেডিকেল কলেজ ও জেলা হাসপাতালে কিডনি ডায়ালাইসিস সেবা সম্প্রসারণ এবং নতুন গ্যাস অনুসন্ধান কূপ খনন। বুধবার (২২ জুলাই) বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক সভাপতি তারেক রহমান।

পরিকল্পনা মন্ত্রণালয় জানায়, অনুমোদিত আটটি প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় হবে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকা। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ১০ হাজার ৪৯৪ কোটি ২১ লাখ টাকা এবং বৈদেশিক ঋণ থেকে আসবে ৩ হাজার ৫৫০ কোটি ৪৪ লাখ টাকা। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের তিনটি প্রকল্প রয়েছে। এগুলো হলো—সার্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন-২ (প্রথম সংশোধন), বৃহত্তর দিনাজপুর (দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড়) জেলা সমন্বিত উন্নয়ন প্রকল্প এবং পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান প্রকল্প। এ ছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দুর্যোগ আশ্রয়কেন্দ্র নির্মাণ, সংস্কার ও উন্নয়ন প্রকল্প (তৃতীয় সংশোধন), সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্প (দ্বিতীয় সংশোধন) এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সিলেট বিভাগের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্প (তৃতীয় সংশোধন) অনুমোদন পেয়েছে।
জ্বালানি খাতে আরও একটি গুরুত্বপূর্ণ প্রকল্পের আওতায় বেগমগঞ্জ-৫ মূল্যায়ন কূপ এবং বেগমগঞ্জ-৬ ও সুনেত্র-২ অনুসন্ধান কূপ খননের অনুমোদন দেওয়া হয়েছে। অন্যদিকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রকল্পের মাধ্যমে মেডিক্যাল কলেজ হাসপাতালগুলোর বিদ্যমান কিডনি ডায়ালাইসিস সেন্টার ৫০ শয্যায় উন্নীত করা হবে। পাশাপাশি জেলা সদর হাসপাতালগুলোতে ১০ শয্যার নতুন কিডনি ডায়ালাইসিস সেন্টার স্থাপন করা হবে।
সভায় পরিকল্পনামন্ত্রী ৫০ কোটি টাকার কম ব্যয়ের ইতোমধ্যে অনুমোদিত ১১টি প্রকল্প সম্পর্কেও একনেককে অবহিত করেন। এসব প্রকল্পের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক অফিস স্থাপন, বরিশাল টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক স্থাপন, বিভিন্ন মহাসড়ক উন্নয়ন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ সঞ্চালন অবকাঠামো, পূর্বাঞ্চলীয় গ্রিড সম্প্রসারণ এবং বিটাকের নতুন কেন্দ্র স্থাপনের মতো উদ্যোগ রয়েছে।

শক্তিশালী পাসপোর্ট সূচকে ৩ ধাপ এগোল বাংলাদেশ

0

আধুনিক ডেস্ক ::

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সূচকে তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ। ২০২৬ সালের মাঝামাঝি সময়ে এসে শক্তিশালী পাসপোর্টের তালিকায় বাংলাদেশের অবস্থান এখন ৯৭তম। এবার বাংলাদেশের সঙ্গে একই অবস্থানে আছে উত্তর কোরিয়া। এবারের সূচকেও যথারীতি শীর্ষে আছে সিঙ্গাপুর। আর সবার শেষে আফগানিস্তান। যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত সূচকে এসব তথ্য জানা গেছে। গতকাল মঙ্গলবার প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে সূচকটি প্রকাশ করা হয়েছে।

ওয়েবসাইটে বলা হয়েছে, কোনো দেশের পাসপোর্ট দিয়ে আগাম ভিসা ছাড়া কিংবা ভিসামুক্ত সুবিধা নিয়ে কতটি দেশে যাওয়া যায়, তার ওপর ভিত্তি করে শক্তিশালী পাসপোর্টের এই সূচক তৈরি করা হয়েছে। এ ক্ষেত্রে বিবেচনায় নেওয়া হয়েছে বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্ট ও ২২৭টি ভ্রমণ গন্তব্য। সূচকে প্রকাশিত তথ্য বলছে, এখন বাংলাদেশ ও উত্তর কোরিয়ার পাসপোর্টধারী ব্যক্তিরা আগাম ভিসা ছাড়া কিংবা ভিসামুক্ত সুবিধা নিয়ে বিশ্বের ৩৫টি দেশে ভ্রমণ করতে পারেন; যদিও বাংলাদেশের পাসপোর্টধারী ব্যক্তিরা গত বছর আগাম ভিসা ছাড়া বিশ্বের ৩৭টি দেশে ভ্রমণ করতে পারতেন।

গত বছর এই সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১০০তম। তার আগের বছর, অর্থাৎ ২০২৪ সালে বাংলাদেশের অবস্থান ছিল ৯৭তম। তার আগে সর্বশেষ ২০২০ সালে এই সূচকে বাংলাদেশ ৯৮তম অবস্থানে ছিল। পরের তিন বছর, অর্থাৎ ২০২১, ২০২২ ও ২০২৩ সালে সূচকে বাংলাদেশের অবস্থান ছিল যথাক্রমে ১০৮তম, ১০৩তম ও ১০১তম। অন্যদিকে ২০২৫ সালের সূচকে উত্তর কোরিয়ার অবস্থান ছিল ৯৯তম।

এ বছরের সূচকে শীর্ষ অবস্থানে আছে সিঙ্গাপুর। দেশটির পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়া ১৯২টি দেশ ভ্রমণ করতে পারেন। দ্বিতীয় অবস্থানে আছে এশিয়ার আরও তিন দেশ—জাপান, দক্ষিণ কোরিয়া ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। ১৮৮টি দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন এ তিন দেশের পাসপোর্টধারীরা। সূচকে তৃতীয় অবস্থানে আছে ইউরোপের দেশ সুইডেন। দেশটির পাসপোর্টধারীরা ১৮৭টি দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন। চতুর্থ অবস্থানে আছে মোট ১১টি দেশ। সব কটিই ইউরোপের। দেশগুলো হলো বেলজিয়াম, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, ইতালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে ও স্পেন। দেশগুলোর পাসপোর্টধারীরা ১৮৬টি দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন। এবারের সূচকে পঞ্চম অবস্থানে আছে পাঁচটি দেশ। অস্ট্রিয়া, গ্রিস, মাল্টা, পর্তুগাল ও সুইজারল্যান্ড—এ পাঁচ দেশের পাসপোর্টধারীরা ১৮৫টি দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন। হাঙ্গেরি, পোল্যান্ড ও যুক্তরাজ্য—এ তিন দেশ আছে ষষ্ঠ অবস্থানে। এসব দেশের পাসপোর্টধারীরা ১৮৪টি দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন। সূচকে সপ্তম অবস্থানে থাকা আটটি দেশ অস্ট্রেলিয়া, কানাডা, চেক প্রজাতন্ত্র, লাটভিয়া, মালয়েশিয়া, নিউজিল্যান্ড, স্লোভাকিয়া ও স্লোভেনিয়ার পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন ১৮৩টি দেশে। অষ্টম অবস্থানে থাকা ক্রোয়েশিয়া ও এস্তোনিয়ার পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়া ১৮২টি দেশে ভ্রমণ করতে পারেন। সূচকে নবম অবস্থানে আছে দুটি দেশ—লিচেনস্টেইন ও লিথুনিয়া। দেশ দুটির পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন ১৮১টি দেশে। সূচকে দশম অবস্থানে থাকা আইসল্যান্ড ও যুক্তরাষ্ট্রের পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন ১৮০টি দেশে।

ফুটবলের পরাশক্তি হিসেবে পরিচিত লাতিন আমেরিকার দুই দেশ ব্রাজিল ও আর্জেন্টিনা একই অবস্থানে (১৬তম) আছে। দেশ দুটির পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন ১৬৯টি দেশে। যুদ্ধরত ইউক্রেন ও রাশিয়া আছে যথাক্রমে ৩১তম ও ৪২তম অবস্থানে। ইউক্রেনের পাসপোর্টধারীরা ১৪২টি দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন। রাশিয়ার পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন ১১৪টি দেশে। এবারের সূচকে ইসরায়েলের অবস্থান ১৮তম। দেশটির পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়া ১৬৬টি দেশে ভ্রমণ করতে পারেন। ইরান আর ফিলিস্তিনের অবস্থান ৯৬তম। তারা আগাম ভিসা ছাড়া ৩৭টি দেশে যেতে পারেন। মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশ সৌদি আরবের অবস্থান ৫৪তম। কসভোর সঙ্গে যৌথভাবে ৬০তম অবস্থানে থাকা চীনের পাসপোর্টধারীরা ৮৩টি দেশে আগাম ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন। ৮৭তম অবস্থানে আছে হাইতি ও ভিয়েতনাম।

বাংলাদেশের প্রতিবেশী, অর্থাৎ দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট মালদ্বীপের। সূচকে দেশটির অবস্থান ৫২তম। মালদ্বীপের পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়া ৯৩টি দেশে ভ্রমণ করতে পারেন। এরপরই ভারতের অবস্থান (৮১তম)। ভারতীয় পাসপোর্টধারীরা ৫৫টি দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন। ৮৮তম অবস্থানে থাকা ভুটানের পাসপোর্টধারীরা ৪৭টি দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন। মিয়ানমার আছে ৯১তম অবস্থানে। দেশটির পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন ৪৩টি দেশে। সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের সূচকে শ্রীলঙ্কা আছে ৯৪তম অবস্থানে। দেশটির পাসপোর্টধারীরা ৩৯টি দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন। বাংলাদেশের ঠিক পরে ৯৮তম অবস্থানে থাকা নেপালের পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন মোট ৩৪টি দেশে। পাকিস্তান রয়েছে ১০১তম অবস্থানে। দেশটির পাসপোর্টধারীরা ২৯টি দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন। সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের সূচকে সবচেয়ে নিচে (১০৪তম) আফগানিস্তানের অবস্থান। দেশটির পাসপোর্টধারীরা ২২টি দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে রয়েছে মধ্যপ্রাচ্যের দুটি দেশ—সিরিয়া (১০৩তম) ও ইরাক (১০২তম)। সিরিয়ার পাসপোর্টধারীরা ২৫টি দেশে এবং ইরাকের পাসপোর্টধারীরা ২৮টি দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন।

খাবারের মান নিয়ে কথা বলায় শিক্ষার্থীকে মারধর: শাবিতে ছাত্রদলের ২ নেতা বহিস্কার,

0

দুই বছর ক্যাম্পাসে অবস্থান নিষেধ, আজীবন হলের সিট বাতিল

শাবিপ্রবি প্রতিনিধি:

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হলের খাবারের মান নিয়ে কথা বলায় এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় অভিযুক্ত ছাত্রদলের দুই নেতাকে ( দলীয় পদ সদ্য বহিষ্কৃত) ৪ সেমিস্টার বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একইসঙ্গে বহিষ্কৃত এ দুই শিক্ষার্থীকে আগামী দুই বছর ক্যাম্পাসে অবস্থান ও প্রবেশ করতে পারবেনা বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার রাত দশটায় অনলাইনে অনুষ্ঠিত জরুরি সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক জহির বিন আলম।

তিনি বলেন, “ঘটনায় অভিযুক্ত দুজনকে তদন্ত ও শৃঙ্খলা কমিটির সুপারিশ বহাল রেখে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট তাদেরকে ৪ সেমিস্টার বহিষ্কার ও আগামী দুই বছরের জন্য ক্যাম্পাস অবস্থান ও প্রবেশ নিষিদ্ধ করেছে।”

“একইসঙ্গে তারা আগামী দুই বছর পর নিয়মিত শিক্ষার্থী হওয়ার পরে আবাসিকে হলের শিক্ষার্থী হতে পারবে না” এ ছাড়া ভুক্তভোগী শিক্ষার্থীর শারীরিক ও মানসিক নিরাপত্তা নিশ্চিত করা এবং তার চিকিৎসার সমস্ত ব্যয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বহন করবে বলে সিন্ডিকেটে সিদ্ধান্ত হয় বলে জানান তিনি।

ক্যান্টিনের খাবারের মান নিয়ে হলের হোয়াটসঅ্যাপ গ্রপে অভিযোগ করায় শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ওঠে শাখা ছাত্রদলের দুই নেতার বিরদ্ধে।ভুক্তভোগী খাইরম্নল খন্দকার সমাজবিজ্ঞান বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও শাহপরাণ হলের আবাসিক শিক্ষার্থী। তাকে পরে সিলেট নগরীর একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

ঘটনায় অভিযুক্ত দুজন হলেন পলিটিক্যাল স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের যোগাযোগ সম্পাদক হাসিবুর রহমান এবং পরিসংখ্যান বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও সহ-দপ্তর সম্পাদক তারেক রহমান। তারাও একই হলের আবাসিক শিক্ষার্থী।

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রোববার তাদের দুজনকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়।

সিলেটের নতুন পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি হলেন আবদুল কুদ্দুস চৌধুরী

0

আধুনিক ডেস্ক ::

পুলিশ প্রশাসনে বড় ধরনের রদবদলের অংশ হিসেবে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নেতৃত্বে পরিবর্তন আনা হয়েছে। এসএমপির নতুন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন পুলিশ সদর দপ্তরের ডিআইজি সারোয়ার মোর্শেদ শামীম। অন্যদিকে, বর্তমান কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরীকে চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে বদলি করা হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব তৌছিফ আহমেদের সই করা দুটি পৃথক প্রজ্ঞাপনে পুলিশের চার ডিআইজিসহ ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মো. আতাউল কিবরিয়াকে অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে। খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) পুলিশ কমিশনার (ডিআইজি) মোহাম্মদ জাহিদুল হাসানকে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।
Rep

শাবিপ্রবির ইইই সোসাইটির ভিপি শাহেদ, জিএস সাকিব

0

শাবিপ্রবি প্রতিনিধি:

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষার্থীদের সংগঠন ‘ইইই সোসাইটি সাস্ট’র ৭ম কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে সহ-সভাপতি (ভিপি) হিসেবে মনোনীত হয়েছেন ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. শাহেদ আহমেদ ও সাধারণ সম্পাদক (জিএস) ২০২২-২৩ শিক্ষাবর্ষের শাদমান সাকিব ।

মঙ্গলবার (২১ জুলাই) সংগঠনটির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সাধারণ সম্পাদক একেএম ইয়াহ্হিয়া সিয়াম, সাংগঠনিক সম্পাদক মো. রবিউল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান, ক্রীড়া সম্পাদক রিয়াজুল ইসলাম ঈমন, সহ-ক্রীড়া সম্পাদক মো. জিয়াউল হক, সাংস্কৃতিক সম্পাদক অর্পা জামান, সহ-সাংস্কৃতিক সম্পাদক নুজহাত-ই-আলম তানভীন, প্রচার সম্পাদক এস.এম মাজেদুর রহমান নিরব ও সহ-প্রচার সম্পাদক নাবিহা তাহসিন।

কমিটিতে পদাধিকার বলে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. মো. রাশেদুজ্জামান ও কোষাধ্যক্ষ হিসেবে সহকারী অধ্যাপক আরিফ আহমেদ দায়িত্ব পালন করবেন।

নবনির্বাচিত নেতৃবৃন্দ বিভাগের শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা, সামাজিক কার্যক্রম পরিচালনা, স্বেচ্ছাসেবামূলক উদ্যোগ গ্রহণ এবং ইইই বিভাগের সার্বিক উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

বর্ষার সুরে ভারত-বাংলাদেশের সাংস্কৃতিক বন্ধনের অনন্য আয়োজন: আইজিসিসির ‘শ্রাবণ সন্ধ্যা’

0

নিজস্ব প্রতিবেদক:

ভারতীয় হাইকমিশন, ঢাকার ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার (আইজিসিসি) ১৮ জুলাই ২০২৬, শনিবার, ভারতীয় হাইকমিশন প্রাঙ্গণে ‘শ্রাবণ সন্ধ্যা শীর্ষক এক মনোমুগ্ধকর বর্ষা-সঙ্গীত সন্ধ্যার আয়োজন করে।

বাংলা ও ভারতীয় সাহিত্য-সংস্কৃতিতে বর্ষা ঋতুর অনন্য আবেদনকে কেন্দ্র করে আয়োজিত এই অনুষ্ঠানে প্রকৃতির সৌন্দর্য, আবেগ এবং ঐতিহ্যের নানা অনুষঙ্গ সঙ্গীতের মাধ্যমে তুলে ধরা হয়। যত্নসহকারে নির্বাচিত বাংলা ও হিন্দি বর্ষাভিত্তিক গানের পরিবেশনা ভারত ও বাংলাদেশের অভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্যের গভীর বন্ধনকে নতুনভাবে স্মরণ করিয়ে দেয়।

অনুষ্ঠানে হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত পরিবেশন করেন বাংলাদেশের বিশিষ্ট শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী ও গুরু অনিল কুমার সাহা এবং তাঁরই কৃতী শিষ্য, খ্যাতিমান শিল্পী *অলোক কুমার সেন। এছাড়া বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুরের বর্ষার গান পরিবেশন করেন দেশের প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী, গবেষক ও শিক্ষাবিদ *ড. চঞ্চল খান
গুরু অনিল কুমার সাহা বাংলাদেশের হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত জগতের একজন বিশিষ্ট কণ্ঠশিল্পী ও সম্মানিত সঙ্গীতগুরু। দীর্ঘদিন ধরে তিনি অসংখ্য গুণী শিল্পী গড়ে তুলেছেন এবং শাস্ত্রীয় সঙ্গীতের ধারাকে সংরক্ষণ ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।

অলোক কুমার সেন বাংলাদেশের একজন সুপরিচিত হিন্দুস্তানি শাস্ত্রীয় ও উপ-শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী। শাস্ত্রীয় সঙ্গীতের পাশাপাশি গজল, রবীন্দ্রসঙ্গীত ও আধুনিক বাংলা গান পরিবেশনেও তিনি সমানভাবে সমাদৃত। দেশ-বিদেশে তাঁর সুরেলা পরিবেশনা ও মঞ্চনৈপুণ্য শ্রোতাদের প্রশংসা কুড়িয়েছে।

ড. চঞ্চল খান বাংলাদেশের অন্যতম প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী, গবেষক ও শিক্ষক। রবীন্দ্রনাথ ঠাকুরের গানের গভীর ও আবেগময় পরিবেশনার জন্য তিনি দেশে ও আন্তর্জাতিক পরিমণ্ডলে বিশেষভাবে সমাদৃত। রবীন্দ্রসঙ্গীতের সংরক্ষণ, চর্চা ও প্রসারে তাঁর অবদান সুপ্রশংসিত।

শিল্পীরা বর্ষার আবহকে কেন্দ্র করে বাংলা ও হিন্দি গানের এক মনোমুগ্ধকর পরিবেশনা উপস্থাপন করেন, যা দর্শক-শ্রোতাদের এক অনন্য সঙ্গীতানুভূতির মধ্য দিয়ে ভারত ও বাংলাদেশের অভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্যের সৌন্দর্যকে অনুভব করার সুযোগ করে দেয়।

সাংস্কৃতিক কূটনীতির ধারাবাহিক প্রয়াসের অংশ হিসেবে এই আয়োজন ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের সাংস্কৃতিক বিনিময়, পারস্পরিক সম্প্রীতি এবং দুই দেশের জনগণের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার অঙ্গীকারকে পুনর্ব্যক্ত করেছে।