Home Blog Page 15

শাবিপ্রবির সহকারী প্রক্টর পদে নতুন তিন মুখ

0

শাবিপ্রবি প্রতিনিধি:

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হিসেবে তিনজনকে নিয়োগ দেওয়া হয়েছে। 

সোমবার (১৫ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।

নতুন নিয়োগপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মনযুর-উল হায়দার, প্রভাষক মো. মাসুম বিল্লাহ ও অর্থনীতি বিভাগের প্রভাষক মোহাম্মদ শোয়াইব।

বিশ্ববিদ্যালয়ের অফিস আদেশে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে দায়িত্ব পালনে বিধি মোতাবেক দায়িত্ব ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

শাবির বিজয়-২৪ হলের নতুন প্রাধ্যক্ষ অধ্যাপক আ ফ ম জাকারিয়া

0

শাবিপ্রবি প্রতিনিধি:

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বিজয়-২৪ হলের প্রাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ফ ম জাকারিয়া।

সোমবার (১৫ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

এতে বলা হয়, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড.খালিদুর রহমানকে বিজয়-২৪ হলের প্রাধ্যক্ষ পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো। একই সঙ্গে নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ফ ম জাকারিয়াকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত প্রাধ্যক্ষ হিসেবে নিয়োগ প্রদান করা হলো। দায়িত্ব পালনের জন্য তিনি বিধিমোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।

নবনিযুক্ত প্রাধ্যক্ষ অধ্যাপক আ. ফ. ম. জাকারিয়া বলেন, “প্রশাসন আমাকে যে দায়িত্ব অর্পণ করেছে, আমি তা যথাযথভাবে পালনের সর্বোচ্চ চেষ্টা করব। এটি আমার জন্য সম্পূর্ণ নতুন এক অভিজ্ঞতা।”

শিক্ষার্থীদের আবাসিক পরিবেশ নিয়ে তিনি বলেন, “পূর্ববর্তীদের গৃহীত ইতিবাচক সিদ্ধান্তগুলো অব্যাহত রাখার পাশাপাশি নতুন উদ্যোগের মাধ্যমে আমরা হলের মান উন্নত করার চেষ্টা করবো । এই লক্ষ্য অর্জনে আমি বিশ্ববিদ্যালয় প্রশাসন, সহকারী প্রাধ্যক্ষ এবং শিক্ষার্থীদের আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করছি।”

চিকিৎসাসেবায় সাংবাদিকদের হয়রানি বন্ধে কার্যকর পদক্ষেপের দাবি

0

আধুনিক ডেস্ক:

সিলেট মহানগর বিএনপির যুগ্ম- সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক মতিউল বারী চৌধুরী খুর্শেদ বলেছেন, সাংবাদিকরা জাতির দর্পন। তারা নিজেরা ত্যাগ স্বীকার ও দিনরাত একাকার করে সমাজের কল্যাণে কাজ করেন। জনগণের মঙ্গলের জন্য তারা জীবনের ঝুঁকি নিয়ে সংবাদ প্রকাশ করেন। কিন্তু সাংবাদিকরা যখন অসুস্থতায় পড়েন দেখা যায় চিকিৎসা গ্রহণ করতে গিয়ে নানারকম ভোগান্তির মুখে পড়েন। হয়রানীর স্বীকার হন। এসব সমস্যা সমাধানের লক্ষ্যে সাংবাদিক নেতৃবৃন্দ, চিকিৎসকসমাজ ও রাজনীতিবিদদের মধ্যে সমন্বয় করে অসুস্থ সাংবাদিকদের সুচিকিৎসা নিশ্চিত করতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে।

সিলেট নগরীর শেখঘাট ভাঙ্গাটিকর এলাকায় শনিবার (১৩ জুন) সন্ধ্যায় অসুস্থ সিনিয়র সাংবাদিক, দৈনিক শুভ প্রতিদিনের নির্বাহী সম্পাদক ফয়ছল আলমকে দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

চিকিৎসা গ্রহণ করতে গিয়ে সম্প্রতি একাধিক হাসপাতালে সাংবাদিকরা হয়রানীর মুখে পড়েছেন, যা কোনোভাবেই কাম্য নয়। এরকম ঘটনা যাতে আর না ঘটে সেদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করেন সিনিয়র সাংবাদিক মতিউল বারী চৌধুরী খুর্শেদ।

এসময় তার সাথে ছিলেন সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ ও দৈনিক একাত্তরের কথা’র বার্তা সম্পাদক মিসবাহ উদ্দীন আহমদ, সিলেট পেশাজীবী পরিষদের নেতা ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক জামিল আহমদ।
তারা অসুস্থ সাংবাদিক মো. ফয়ছল আলমের শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজ-খবর নেন। দ্রুত সুস্থতা কামনা করেন।

মাগুরছড়া দুর্ঘটনার ২৯, পরিবেশের ক্ষতিপূরণের সূরাহা হয় না

0

নূরুল মোহাইমীন মিল্টন, কমলগঞ্জ:

১৯৯৭ সনের ১৪ জুন মধ্য রাত ১টায় কমলগঞ্জ উপজেলার মাগুরছড়া গ্যাসকূপে মার্কিন অক্সিডেন্টাল কোম্পানীর ড্রিলিং চলাকালে ভয়াবহ বিষ্ফোরণে বন, পরিবেশ, রেল ও সড়কপথ, পানজুম, বিদ্যুৎ লাইনসহ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এই ক্ষয়ক্ষতির পর থেকে বছর যায় আর নতুন বছর আসে। তবে কমলগঞ্জে মাগুরছড়া গ্যাস কূপ বিস্ফোরণের ২৯ বছরেও পরিবেশের ক্ষতিপূরনের কোন সূরাহা হয়নি। মার্কিন অক্সিডেন্টাল কোম্পানী ক্ষয়ক্ষতির আংশিক পরিশোধ করলেও বন বিভাগ এ পর্যন্ত কোন ক্ষতিপুরণ পায়নি।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, লাউয়াছড়া ফরেষ্ট বিটের অভ্যন্তরে মাগুরছড়া এলাকায় ১৯৮৪-৮৬ ও ১৯৯৪ সালের দায়িত্ব পায় যুক্তরাষ্ট্রের তেল গ্যাস উত্তোলনকারী অক্সিডেন্টাল কোম্পানী। দায়িত্ব গ্রহণের পর অক্সিডেন্টাল গ্যাস ফিল্ডের ড্রিলিং কাজের জন্য সাবলিজ প্রদান করে ডিউটেক জার্মান কোম্পানীকে। ১৪ নম্বর ব্লকের মাগুরছড়াস্থ মৌলভীবাজার-১ গ্যাসকূপ খননকালে বিষ্ফোরণে প্রত্যক্ষভাবে ক্ষতিগ্রস্ত হয় ৬৯৫ হেক্টর পরিবেশের জীববৈচিত্র্য, রেল ও সড়কপথ, ফুলবাড়ি চা বাগান, খাসিয়া পুঞ্জির বাড়িঘর ও পান জুম, পিডিবির ৩৩ হাজার বিদ্যূৎ লাইনের। পরোক্ষভাবে ২৮টি চা বাগানসহ ব্যাপক ক্ষতি সাধিত হয়। এছাড়া ২শ’ বিলিয়ন ঘনফুট গ্যাস পুড়ে নষ্ট হয়, যার বাজার মূল্য দাঁড়ায় ৫০ কোটি ডলার। দুর্ঘটনার দাবানলে ক্ষতিগ্রস্ত হয় পার্শ্ববর্তী লাউয়াছড়া বনের শত বছর ধরে বৃক্ষ লতাগুল্ম বেড়ে উঠা বিচিত্র্য বহু বর্ণের বন্য অর্কিড, পরগাছার নিবিড় সান্নিধ্যে মায়ামৃগ, ভাল্লুক, উল্লুক, মুখপোড়া হনুমান, চশমা পড়া বানর, চিতাবাঘ, মথুরা, বুনোমুরগী, ধানেশ, অজগর, দাঁড়াস, কেউটে, সুতানলী, ব্যাঙ গিরকিট, তক্ষক, পেঁচা আর নাম না জানা হাজারো কীটপতঙ্গের একটি বৃহদ অংশ।

দূর্ঘটনার দুই বছরের মধ্যে ফুলবাড়ি চা বাগানের ক্ষতিগ্রস্ত টি প্ল্যান্টেশন এলাকার ক্ষতিপূরণ, খাসিয়া পুঞ্জির ক্ষয়ক্ষতি বাবদ ২ কোটি ৫ লাখ টাকা দাবীর মধ্যে ৫০ লাখ টাকা ও বাস মালিক সমিতিকে ২৫ লাখ টাকা প্রদান করা হয়। পরবর্তীতে ২০০৮ সালে মাগুরছড়া ও লাউয়াছড়ায় শেভরন ত্রিমাত্রিক ভূতাত্ত্বিক জরিপ কাজ সম্পন্নকালে বিভিন্ন এলাকার ব্যাপক ক্ষতি হয়। পরিবেশ বিশেষজ্ঞদের মতে, মাগুরছড়া গ্যাসকূপ বিস্ফোরণের ফলে লতা, গুল্ম, বহু উদ্ভিদ এবং বিভিন্ন কীট-পতঙ্গ ও ছোট প্রাণী হারিয়ে যাওয়ায় এখন পর্যন্ত বড় বড় প্রাণীগুলোকে খাবার সংকটে ভুগতে হচ্ছে।

বন বিভাগের হিসাবমতে প্রত্যক্ষ ক্ষতি ৩২ দশমিক ৫৩ কোটি এবং অন্যান্য ক্ষতি মিলিয়ে মোট ১৭৬ দশমিক ৯৭ কোটি টাকা। এই সময়ে পরিবেশ মন্ত্রণালয় পুরো হিসাব মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ ৬০৯ কোটি টাকা নিরূপন করে অক্সিডেন্টালের কাছে দাবি জানায়। দুর্ঘটনার সময়ে তৎকালীন খনিজ ও জ্বালানী মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহফুজুল ইসলামকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করার পর কমিটি ১৯৯৭ সালের ৩০ জুলাই মন্ত্রণালয়ে রিপোর্ট পেশ করা হয়। রিপোর্ট অনুযায়ী অক্সিডেন্টালের দায়ীত্বহীনতাকেই দায়ী করা হয়।

মাগুরছড়া খাসিয়া পুঞ্জির মন্ত্রী জিডিসন প্রধান সুচিয়ান জানান, এ ঘটনার মধ্যদিয়ে প্রাকৃতিক বনের যে কি পরিমাণ ক্ষতি সাধিত হয়েছে তা কেউ বুঝতে পারবে না। আমরা যারা এই বনে বসবাস করছি তারা বুঝতে পারছি।

বন বিভাগ সূত্রে জানা যায়, মাগুরছড়া দুর্ঘটনায় শুধু পরিবেশের ক্ষতি হয়েছে ৬শ’ কোটি টাকা। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির দেয়া এক রিপোর্টে জানা যায়, লাউয়াছড়া রিজার্ভ ফরেস্টের ৮৭ দশমিক ৫০ একর এলাকা গ্যাসের আগুনে ক্ষতি হয়। সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্থ হয় ২০ দশমিক ৫০ একর এলাকা। ক্ষতির পরিমান ৫ কোটি টাকা। একইভাবে ৪১ দশমিক ৫০ একরের ২২ দশমিক ৮২৫ ঘনফুট গাছ-গাছালিরও আংশিক ক্ষতি ধরা হয়। সব মিলিয়ে পুড়ে যাওয়া গ্যাস, ক্ষতিগ্রস্থ বন ও পরিবেশের ক্ষয়ক্ষতি আদায়ে মার্কিন কোম্পানী সমূহের টাল বাহানায় মাগুরছড়া গ্যাসকূপ বিস্ফোরনের ২৬ বছরে ৩ কোম্পানীর হাত বদল ঘটলেও পুুরো ক্ষতিপূরণ আদায়ে কোন পদক্ষেপ আজও গৃহিত হয়নি।

এ ব্যাপারে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আবুল কালাম জানান, মাগুরছড়ায় ১৯৯৭ সালে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে আপডেট কোন তথ্য নেই।

বিশ্বকাপের ডাকে শাবিপ্রবিতে বর্ণাঢ্য র‍্যালি ও প্রেডিকশন চ্যালেঞ্জ

0

শাবিপ্রবি প্রতিনিধি:

“বিশ্বকাপের ডাকে, শাবিপ্রবি একসাথে” এই স্লোগানকে সামনে রেখে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বকাপ র‍্যালি। স্পোর্টস সাস্টের উদ্যোগে আগামীকাল (১৪ জুন) দুপুর ১টায় এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।

শনিবার(১৩ জুন) সন্ধ্যায় সংগঠন থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‍্যালিটি ক্যাম্পাসের কিলোরোডসহ গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করবে। এর মূল আকর্ষণ হিসেবে থাকবে ১৩টি সুসজ্জিত রিকশার বহর, যার মধ্যে ১২টি রিকশা ভিন্ন ১২টি গ্রুপকে এবং ১টি রিকশা স্পোর্টস সাস্ট, বাংলাদেশ ও শাবিপ্রবিকে রিপ্রেজেন্ট করবে। র‍্যালিতে একটি প্রতিকৃতি বিশ্বকাপ ট্রফি প্রদর্শনীর পাশাপাশি থাকবে স্মোগ, বাঁশি, স্পিকার এবং গালে পছন্দের দেশের ফ্ল্যাগ আঁকার সুযোগ। এছাড়া র‍্যালি চলাকালীন ঝটপট কুইজ প্রতিযোগিতার মাধ্যমে তাৎক্ষণিক পুরস্কার দেওয়া হবে।

পাশাপাশি ফুটবলপ্রেমীদের জন্য থাকছে ‘স্পোর্টস সাস্ট প্রেডিকশন চ্যালেঞ্জ ২০২৬’ নামের একটি লাইভ ম্যাচ প্রেডিকশন প্ল্যাটফর্ম।এতে সম্পূর্ণ ফ্রিতে জিমেইল দিয়ে সাইন ইন করে শিক্ষার্থীরা প্রতিটি ম্যাচের সম্ভাব্য ফলাফল অনুমান করতে পারবেন। টুর্নামেন্ট শেষে সর্বোচ্চ সঠিক অনুমানকারী ফুটবল ভক্তদের জন্য থাকবে আকর্ষণীয় মেগা পুরস্কার।

স্পোর্টস সাস্টের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের সকল ফুটবলপ্রেমী শিক্ষার্থীকে রবিবারের র‍্যালিতে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

শাবিপ্রবিতে জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক কমিটি গঠন

0

শাবিপ্রবি প্রতিনিধি:

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা জাতীয় ছাত্রশক্তির আংশিক আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে সংগঠনটি। এতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড পলিমার সায়েন্স (সিইপি) বিভাগের শিক্ষার্থী রশিদ আবরার ও সদস্য সচিব হিসেবে ব্যবসায় প্রশাসন বিভাগের মো. রিয়াজ হোসেন।

বৃহস্পতিবার (১১ জুন) সংগঠটির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান ও সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার এক বিজ্ঞপ্তিতে এই অনুমোদন দেন।

কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছে সিনিয়র যুগ্ম আহ্বায়ক জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলোজি (ডিইবি) বিভাগের মিসবাহুর রহমান জাহিদ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব অর্থনীতি বিভাগের মুহাম্মদ রবিউল হোসেন ও মুখ্য সংগঠক রসায়ন বিভাগের আমিনুল ইসলাম (জীবন)।

বিজ্ঞপ্তিতে আহ্বায়ক কমিটি আগামী ১ বছরের জন্য অনুমোদন দেওয়া হয়।

এছাড়া, আগামী সাত কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশের নিদের্শ প্রদান করা হয়েছে।

‎শাবি প্রেসক্লাবে তথ্য প্রাপ্তি নীতিমালা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

0

শাবিপ্রবি প্রতিনিধি‎‎‎:

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের ‘সাংবাদিকতায় মুক্তপাঠ’র মাসিক কর্মসূচি অংশ হিসেবে তথ্য প্রাপ্তি নীতিমালা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

‎‎শুক্রবার (১২ জুন) বিকেল তিনটায় শাবি প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এতে রিসোর্স পার্সন হিসেবে ছিলেন সিলেট জেলার আইসিটি কর্মকর্তা শামীম আহমেদ। ‎‎কর্মশালায় তথ্য অধিকার আইন-২০০৯ ও নাগরিকের তথ্য প্রাপ্তির বিষয়ের উপর আলোচনা করেন তিনি।‎‎

কর্মশালা শেষে অনুষ্ঠানের রিসোর্স পার্সনকে সম্মাননা স্মারক প্রদান করেন প্রেসক্লাব নেতৃবৃন্দ।

‎‎‎এসময় শাবি প্রেসক্লাবের সভাপতি নোমান ফয়সাল, সহ-সভাপতি সৈকত মাহাবুব, সাধারণ সম্পাদক নুর আলম, যুগ্ম সম্পাদক সাগর হাসান শুভ্র, কোষাধ্যক্ষ সাগর হোসেন জাহিদ, দপ্তর সম্পাদক মোফাজ্জল হক উপস্থিত ছিলেন।‎‎

এছাড়া কর্মশালায় শাবি প্রেসক্লাবের কার্যকরী ও সাধারণ সদস্যের পাশাপাশি ক্যাম্পাসে বিভিন্ন সংবাদ মাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সিলেটের দক্ষিণ সুরমায় হেল্পিং হ্যান্ডস ডট ইউকে’র উদ্যোগে খতনা ক্যাম্প শনিবার

0

আধুনিক ডেস্ক ::

যুক্তরাজ্যভিত্তিক চ্যারিটি সংগঠন হেল্পিং হ্যান্ডস ডট ইউকে’র উদ্যোগে সিলেটের দক্ষিণ সুরমায় খতনা ক্যম্প পরিচালিত হবে শনিবার। ক্যাম্পে সিলেট সিটি করপোরেশনের ২৬, ২৭, ৪০, ৪১ ও ৪২ নং ওয়ার্ডের ৬ থেকে ১২ বছর বয়সী দেড়শ শিশুকে খতনা দেওয়া হবে। শনিবার সকাল ১০টায় ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেটের বিভাগীয় কমিশনার মো মশিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন।
আয়োজক সংস্থা হেল্পিং হ্যান্ডস সূত্রে জানা গেছে, ক্যাম্পে খতনা দিতে আসা শিশুদের নিরাপদ সেবা দেওয়ার বিষয়টিতে গুরুত্ব দেওয়া হবে। খতনা পরবর্তী সময়েও তাদেরকে নজরদারিতে রাখা হবে। এ ছাড়া তাদেরকে আয়োজকদের পক্ষ থেকে উপহারও প্রদান করা হবে।
সংগঠনের সেক্রেটারি মোহাম্মদ জাকারিয়া জানান, যুক্তরাজ্যের দানশীল মানুষ এই সংগঠনের মাধ্যমে দেশের সেবা করে যাচ্ছেন। রোগশোকে আক্রান্ত মানুষকে সাহায্য সহযোগিতা, দরিদ্র মানুষের গৃহ নির্মাণের পাশাপাশি এই পাঁচ ওয়ার্ডের সকল মসজিদের ইমাম মুয়াজ্জিনকে প্রতি ঈদে উপহার প্রদান করে যাচ্ছে এই সংগঠন। এবারের খতনা এসব ধারাবাহিক কাজেরই অংশ। এর আগে আরো দুইবার এমন উদ্যোগ নেওয়া হয়েছিল।

শাবিপ্রবির ৬ আবাসিক হলে বড় পর্দায় বিশ্বকাপ দেখার প্রস্তুতি সম্পন্ন

0

শাবিপ্রবি প্রতিনিধি:

শিক্ষার্থীদের উৎসবমুখর পরিবেশে ‘ফিফা বিশ্বকাপ ফুটবল-’ উপভোগ করতে ৬টি আবাসিক হলে বড় পর্দা স্থাপন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) প্রশাসন।

বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল গুলোতে এসব পর্দা স্থাপন করা হয়েছে বলে জানান শাহপরাণ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. ইফতেখার আহমদ।

পুরো ফিফা বিশ্বকাপ সুষ্ঠু ও উৎসবমূখর পরিবেশে উপভোগ করতে প্রতিটি আবাসিক হলে শিক্ষার্থীদের নিয়ে ৮-১০ট সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শাহপরাণ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. ইফতেখার আহমদ বলেন, বিশ্বকাপের ম্যাচগুলো যেন শিক্ষার্থীরা একসঙ্গে ও আনন্দঘন পরিবেশে উপভোগ করতে পারেন, সেজন্য ছেলেদের তিনটি এবং মেয়েদের তিনটি আবাসিক হলে আধুনিক প্রজেক্টর ও বড় পর্দার ব্যবস্থা করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম বলেন, “আমরা চাই শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি উৎসবমুখর পরিবেশে এবং সম্পূর্ণ নিরাপদ উপায়ে এই বৈশ্বিক ক্রীড়া উৎসব উপভোগ করুক। বিশ্বকাপ ফুটবল নিয়ে আমাদের শিক্ষার্থীদের মাঝে সব সময়ই অন্যরকম একটা আবেগ ও উদ্দীপনা কাজ করে। তাদের এই সুস্থ বিনোদন ও মানসিক রিফ্রেশমেন্টের কথা বিবেচনা করেই ৬টি আবাসিক হলে বড় পর্দায় খেলা দেখানোর ব্যবস্থা করা হয়েছে।”

শাবিপ্রবিতে ওয়েভ ফাউন্ডেশন ও ডিডব্লিউ একাডেমির বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

0

শাবিপ্রবি প্রতিনিধি:

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শিক্ষার্থীদের সাথে ‘ওয়েভ ফাউন্ডেশন’ ও জার্মানভিত্তিক উন্নয়ন সংস্থা ‘ডিডব্লিউ একাডেমি’র এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ জুন) বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সেন্টারের কনফারেন্স হলে এই সভার আয়োজন করা হয়।

সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, অধ্যাপক ড. জায়েদা শারমিন, নৃ-বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. সঞ্জয় কৃষ্ণ বিশ্বাস, ওয়েভ ফাউন্ডেশনের প্রজেক্ট ম্যানেজার জুলিয়েট রোজেটি, রিসার্চ অ্যান্ড ডকুমেন্টেশন স্পেশালিস্ট সাজ্জাদুল করিম এবং কমিউনিকেশন অ্যান্ড স্টেকহোল্ডার এনগেজমেন্ট অফিসার মো. সাইফুর রহমান।

মতবিনিময় সভায় “লাউড অ্যান্ড ক্লিয়ার: এমপাওয়ারিং ইয়ুথ ভয়েসেস ২.০” প্রকল্পের পরিচিতি এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সম্পৃক্তকরণের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় পলিটিক্যাল স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম তথ্য যাচাইয়ের গুরুত্ব তুলে ধরে বলেন, তরুণদের মধ্যে ফ্যাক্ট-চেকিং দক্ষতা বৃদ্ধি করতে পারলে ডিজিটাল প্ল্যাটফর্মে গুজব প্রতিরোধে বড় পরিবর্তন আনা সম্ভব।

ওয়েভ ফাউন্ডেশনের প্রজেক্ট ম্যানেজার জুলিয়েট রোজেটি বলেন, “এই প্রকল্প তরুণদের কণ্ঠস্বরকে শক্তিশালী করতে কাজ করছে। আমাদের অন্যতম প্রধান লক্ষ্য হলো গবেষণা ও তথ্যভিত্তিক আলোচনার মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা। আপনাদের স্বতঃস্ফূর্ত সহযোগিতায় আগামী দিনের পথচলা আরও ফলপ্রসূ হবে।”

প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই কার্যক্রমটি ওয়েভ ফাউন্ডেশন এবং ডিডব্লিউ একাডেমির যৌথ উদ্যোগে পরিচালিত হচ্ছে। ইউরোপিয়ান ইউনিয়ন এবং জার্মান সরকারের যৌথ অর্থায়নে বাস্তবায়িত এই প্রকল্পের মূল লক্ষ্য মিডিয়া ও তথ্য সাক্ষরতা, ডিজিটাল নিরাপত্তা ও গঠনমূলক সংলাপ সম্পর্কে তরুণদের দক্ষতা বৃদ্ধি এবং নীতিনির্ধারণী আলোচনায় তাদেরকে সম্পৃক্ত করা।

‘লাউড অ্যান্ড ক্লিয়ার’ প্রকল্পের মাধ্যমে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, স্থানীয় সিভিল সোসাইটি অর্গানাইজেশন (সিএসও) এবং আঞ্চলিক গণমাধ্যমের মধ্যে সমন্বয় বৃদ্ধি করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় পরবর্তীতে একটি বিশেষ বুট ক্যাম্প অনুষ্ঠিত হবে, যেখানে নির্বাচিত অংশগ্রহণকারীরা নিবিড় প্রশিক্ষণের সুযোগ পাবেন।