Home Blog Page 14

শান্তিগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন, সভাপতি সোহেল তালুকদার, সম্পাদক হোসাইন আহমদ

0

শান্তিগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের শান্তিগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সোহেল তালুকদারকে সভাপতি ও হোসাইন আহমদকে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (১৭ জুন) রাত ৯টায় শান্তিগঞ্জ বাজারস্থ এফআইভিডিবি’র হলরুমে অনুষ্ঠিত সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের মতামতের ভিত্তিতে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়।

নবগঠিত কমিটির অন্য সদস্যরা হলেন- উপদেষ্টা সদস্য কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ, সিনিয়র সহ-সভাপতি এমএম ইলিয়াছ আলী, সহ-সভাপতি হাফিজ মোশাহিদ আহমদ ও সালেহ আহমদ হৃদয়, সাংগঠনিক সম্পাদক ইয়াকুব শাহরিয়ার, অর্থ সম্পাদক নোহান আরেফিন নেওয়াজ, দপ্তর সম্পাদক জামিউল ইসলাম তুরান, প্রচার সম্পাদক আলাল হোসেন এবং ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুর রহমান জামী।

কার্যনির্বাহী সদস্যরা হলেন- কুহিনুর রহমান নাহিদ, মামুন আহমদ, সোলাইমান আহমদ কামরান, তোফায়েল আহমদ, নাঈম আহমদ, আব্দুল মমিন, মোহাম্মদ আলী ও প্রবাসী সদস্য মো. শহীদ মিয়া।

কমিটি গঠন শেষে প্রেসক্লাবের পক্ষ থেকে শিল্পপতি এখলিছ খান, প্রেসক্লাবের ভূমিদাতা পরিবারের পক্ষে দলিল লেখক লিংকন তালুকদার এবং প্রবাসী সাংবাদিক মো. শহীদ মিয়াকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

ছাতকে স্ত্রী হত্যার ঘটনায় স্বামী গ্রেপ্তার

0

ছাতক প্রতিনিধিঃ

ছাতক উপজেলায় পারিবারিক কলহের জেরে স্বামীর ছুরিকাঘাতে আছিয়া বেগম (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী আমির আলীকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।

নিহত আছিয়া বেগম উপজেলার গোবিন্দগঞ্জ-সৈয়দেরগাঁও ইউনিয়নের আলমপুর গ্রামের মৃত উস্তার আলীর মেয়ে। অভিযুক্ত আমির আলী শান্তিগঞ্জ উপজেলার পাগলা ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের ছোরাব আলীর ছেলে এবং পেশায় সিএনজি চালিত অটোরিকশা চালক।

স্থানীয় সূত্রে জানা যায়, বিয়ের পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল। আমির আলী স্ত্রী ও সন্তানদের নিয়ে শ্বশুরবাড়িতে বসবাস করতেন। গত ১৫ জুন (সোমবার) বিকেল ৪টার দিকে গোবিন্দগঞ্জ-সৈয়দেরগাঁও ইউনিয়নের আলমপুর গ্রামে একটি কালভার্টের ওপর পারিবারিক বিরোধকে কেন্দ্র করে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আমির আলী তার সঙ্গে থাকা ধারালো ছুরি দিয়ে আছিয়া বেগমের পেটসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

আহত অবস্থায় আছিয়া বেগমকে প্রথমে স্থানীয়রা উদ্ধার করেন। পরে তার বড় ভাবি রাহেলা বেগমের সহায়তায় তাকে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার বিকেলে তিনি মারা যান।

স্থানীয়দের দাবি, স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল এবং পরকীয়া সংক্রান্ত বিরোধও এর পেছনে ভূমিকা রাখতে পারে।

ঘটনার পর পুলিশ ও র‌্যাব-৯-এর যৌথ অভিযানে ওই রাতেই সিলেট মহানগর এলাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন খাদিমনগর ইউনিয়নের ধোপগুল এলাকা থেকে আমির আলীকে আটক করা হয়।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গৃহবধূ হত্যার ঘটনায় পরকীয়াজনিত বিরোধের আভাস পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। নিহতের মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে।

এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

‎শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত: র‍্যাগিংয়ে জিরো টলারেন্সের ঘোষণা‎

0

‎শাবিপ্রবি প্রতিনিধি:

‎‎শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।‎‎

বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন। এতে সভাপতিত্ব করেন ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক মো. আহমদ কবির চৌধুরী এবং সঞ্চালনা করেন সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম।

‎‎প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আরিফুল হক চৌধুরী নবীন শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, “শাবিপ্রবি বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় একটি বিশ্ববিদ্যালয়। তোমরা যারা এখানে ভর্তির সুযোগ পেয়েছ, তারা অত্যন্ত ভাগ্যবান। এখান থেকেই আগামী দিনের শিক্ষাবিদ, গবেষক এবং জাতীয় রাজনীতির ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে উঠবে।”‎‎

তিনি আরও বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার এই বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়নে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে। বিশেষ করে নবীন শিক্ষার্থীদের আবাসন ও খাবারের মান উন্নত রাখার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে যত্নবান হতে হবে। এই লক্ষ্যে সরকারের পক্ষ থেকে যেকোনো ধরনের সহযোগিতা প্রয়োজন হলে আমরা তা আন্তরিকতার সাথে করব, যেন শিক্ষার্থীরা একটি সুস্থ ও সুন্দর পরিবেশে পড়াশোনা চালিয়ে যেতে পারে।”

‎‎নবীনদের উদ্দেশে উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম বলেন, “আজ থেকে তোমরা শাবিপ্রবি পরিবারের অংশ। তোমাদের একাডেমিক কার্যক্রম যথাসময়ে শেষ করার ব্যাপারে প্রশাসন বদ্ধপরিকর। ক্যাম্পাসে র‍্যাগিংয়ের ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসন ‘জিরো টলারেন্স’ অবস্থানে থাকবে। সিনিয়র কারও দ্বারা কোনো ধরনের সমস্যার সম্মুখীন হলে তোমরা সাথে সাথে প্রক্টরসহ প্রশাসন সংশ্লিষ্টদের জানাবে। এমনকি যেকোনো প্রয়োজনে সরাসরি আমাকেও ফোন করতে পারো। আমরা তোমাদের সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত।”‎‎

তিনি আরও উল্লেখ করেন যে, এই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা দেশ ও বিদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অত্যন্ত সুনামের সাথে কাজ করে যাচ্ছেন।‎‎

এছাড়া অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ফিজিক্যাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক মো. আহমদ কবির চৌধুরী, সোশ্যাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জসিম উদ্দিন, লাইফ সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক মিয়া, এপ্লাইড সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মস্তাবুর রহমান, এগ্রিকালচার অ্যান্ড মিনারেল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মিজানুর রহমান, ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শাহিদুল হক, প্রক্টর অধ্যাপক মো. মোখলেসুর রহমান, রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির এবং ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম প্রমুখ।‎‎

শাহজালাল ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

0

শাবিপ্রবি প্রতিনিধি:

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(শাবিপ্রবি) অঙ্গপ্রতিষ্ঠান শাহজালাল ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও এইচএসসি-২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ জুন) বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়োমে পুরস্কার বিতরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন, ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, ছাত্র উপদেশ ও নিদের্শনা পরিচালক অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম, স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) দিগ্বিজয় চক্রবর্তী।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “একসময় আমরাও স্কুল-কলেজের শিক্ষার্থী ছিলাম। তখন সামনের পরীক্ষাগুলো কীভাবে ভালোভাবে দেওয়া যায়, তা নিয়ে আমরা যেমন উচ্ছ্বসিত ও উদ্বিগ্ন ছিলাম, তোমরাও আজ একই অবস্থানে রয়েছো। তবে মনে রাখতে হবে, ভবিষ্যতে তোমাদেরই নেতৃত্বের আসনে বসতে হবে এবং গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণ করতে হবে। তোমরাই দেশের তরুণ প্রজন্ম। ভবিষ্যতে এই বিশ্ববিদ্যালয়সহ দেশ-বিদেশের বিভিন্ন ক্ষেত্রে জ্ঞান, মেধা, দক্ষতা ও কর্মস্পৃহা দিয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। দেশের অগ্রযাত্রাকে আরও গতিশীল করবে, এটাই আমাদের প্রত্যাশা। সেই লক্ষ্য অর্জনের জন্য এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে।”

তিনি আরও বলেন, “বাবা-মায়ের পর শিক্ষকদের অবস্থান। তাই শিক্ষকদের যথাযথ সম্মান করতে হবে। জীবনের যেখানেই যাও না কেন, এই প্রতিষ্ঠানের শিক্ষকদের অবদান ও উপদেশ সবসময় স্মরণে রাখবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে সংযম ও শৃঙ্খলা বজায় রাখতে হবে। অতিরিক্ত সবকিছু পরিহার করে লক্ষ্য অর্জনে মনোযোগী হতে হবে। বিশেষ করে পরীক্ষার আগে আরও আন্তরিক ও দায়িত্বশীল হতে হবে। “

অনুষ্ঠানের শেষে বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।

শাবিপ্রবির সৈয়দ মুজতবা আলী হলে স্বেচ্ছায় রক্তদান ও থ্যালাসেমিয়া সচেতনতা বিষয়ক আলোচনা অনুষ্ঠিত

0

শাবিপ্রবি প্রতিনিধি:

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(শাবিপ্রবি) সৈয়দ মুজতবা আলী হলে বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও থ্যালাসেমিয়া সচেতনতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বুধবার (১৭ জুন) সকাল সাড়ে ১০টায় হল প্রশাসনের উদ্যোগে এবং মুজিব জাহান রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সৈয়দ মুজতবা আলী হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আশরাফ সিদ্দিকী, শাহপরান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. ইফতেখার আহমদ, কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন সেন্টারের পরিচালক অধ্যাপক ড. রেজোয়ান আহমেদ এবং সহকারী প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ মনযুর-উল হায়দার।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম বলেন, “স্বেচ্ছায় রক্তদান একটি মহৎ মানবিক কাজ। এর মাধ্যমে মানুষের জীবন রক্ষা করা সম্ভব। পাশাপাশি থ্যালাসেমিয়া সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এ রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”

অনুষ্ঠানে মুজিব জাহান রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতিনিধিবৃন্দ, হল প্রশাসনের কর্মকর্তাসহ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

উপকূল রক্ষায় গবেষণার আহ্বান শাবিপ্রবি উপাচার্যের

0

শাবিপ্রবি প্রতিনিধি:

উপকূল রক্ষায় গবেষণার আহ্বান জানিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম।

বুধবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে সমুদ্রবিজ্ঞান বিভাগের আয়োজনে দুই দিনব্যাপী ‘ইন্টারন্যাশনাল সিম্পোজিয়াম অন কোস্ট, ক্লাইমেট অ্যান্ড কমিউনিটি’ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপাচার্য বলেন, জলবায়ু পরিবর্তন আর দূরবর্তী কোনো হুমকি নয়। এটি এমন এক বাস্তবতা, যা ইতোমধ্যে বিশ্বের কোটি কোটি মানুষের জীবনকে প্রভাবিত করছে। জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বড় অভিঘাত বহন করছে উপকূলীয় অঞ্চলগুলো। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, ঘন ঘন তীব্র ঝড় ও ঘূর্ণিঝড় এবং জীববৈচিত্র্যের ক্ষয় স্থানীয় জনগোষ্ঠীর জীবিকা ও বৈশ্বিক খাদ্যনিরাপত্তার জন্য গুরুতর হুমকি হয়ে উঠেছে।গবেষকদের উদ্দেশে তিনি বলেন, উপকূলীয় ঝুঁকিপূর্ণ অঞ্চলের মানুষের টিকে থাকা ও অভিযোজন সক্ষমতা বৃদ্ধিতে নতুন প্রযুক্তি ও কার্যকর ব্যবস্থাপনা কৌশল উদ্ভাবনের বিকল্প নেই।

অধ্যাপক খায়রুল ইসলাম বলেন, আন্তর্জাতিক সম্মেলন ও একাডেমিক সিম্পোজিয়ামগুলো থেকে এমন বাস্তবভিত্তিক নীতিগত সুপারিশ উঠে আসা উচিত। যা সরকার ও জাতিসংঘের মতো আন্তর্জাতিক সংস্থাগুলোকে সমন্বিত এবং আন্তঃসীমান্ত উদ্যোগ গ্রহণে সহায়তা করবে।তিনি আশা প্রকাশ করে বলেন, সিম্পোজিয়ামে উপস্থাপিত গবেষণালব্ধ ফলাফল ও সুপারিশ সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর কাছে পৌঁছাবে, যাতে নীতিনির্ধারকরা জলবায়ুজনিত চ্যালেঞ্জগুলো আরও কার্যকরভাবে মোকাবিলা করতে পারেন।

বৃহস্পতিবার বিভিন্ন কারিগরি অধিবেশন ও গবেষণা উপস্থাপনার মধ্য দিয়ে সিম্পোজিয়ামের সমাপ্তি ঘটবে।

শাবিপ্রবিতে প্রক্টোরিয়াল বডির র‍্যাগিংবিরোধী আবেগঘন ক্যাম্পেইন ও প্রশাসনের কঠোর সতর্কতা

0

শাবিপ্রবি প্রতিনিধি:

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ প্রথম সেমিস্টারে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের জন্য র‍্যাগিংমুক্ত ও নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করতে একযোগে নানামুখী উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও প্রক্টর অফিস।

বুধবার (১৭ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরে র‍্যাগিংয়ের মতো অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, র‍্যাগিং একটি গুরুতর ফৌজদারি অপরাধ। নবীন শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ ও সহায়ক শিক্ষার পরিবেশ বজায় রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসন র‍্যাগিংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স বা কঠোর অবস্থান বজায় রাখবে।পাশাপাশি, বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ ও ইনস্টিটিউটের প্রধানদের নিজ নিজ উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে র‍্যাগিংবিরোধী সচেতনতা বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

প্রশাসন কর্তৃক বিজ্ঞপ্তির পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের পক্ষ থেকে একটি বিশেষ সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করা হয়েছে। ক্যাম্পেইনের অংশ হিসেবে ক্যাম্পাসে টানানো একটি সচেতনতামূলক পোস্টারে সিনিয়র শিক্ষার্থীদের উদ্দেশ্যে এক আবেগঘন বার্তা দেওয়া হয়েছে।

পোস্টারের বলা হয়েছে, “যে শিক্ষার্থীকে আজ আমি র‍্যাগিং করছি, সকালে ক্যাম্পাসে আসার আগে তার মা হয়তো বলেছিলেন কোনো সমস্যা হলে সিনিয়র ভাইয়া-আপুরা তোমাকে সাহায্য করবে। সেই বিশ্বাস ভেঙে দেবেন না।”

সেই সাথে র‍্যাগিংয়ের শিকার হলে বা কোনো অভিযোগ থাকলে শিক্ষার্থীরা যেন দ্রুত প্রক্টর অফিসের সাথে যোগাযোগ করতে পারেন, সেজন্য বেশ কিছু জরুরি সেবা চালু করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সকলে আশা প্রকাশ করছেন, প্রশাসন ও প্রক্টর অফিসের এই যৌথ কঠোর অবস্থান ও সচেতনতামূলক কার্যক্রমের ফলে শাবিপ্রবি ক্যাম্পাস পুরোপুরি র‍্যাগিংমুক্ত থাকবে।

শাবিপ্রবির প্রথম বর্ষের ক্লাস শুরু ২১ জুন, ওরিয়েন্টেশন ১৮ জুন

0

‎শাবিপ্রবি প্রতিনিধি:

‎‎শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) স্নাতক প্রথম বর্ষের (২০২৫-২০২৬ সেশন) নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরুর চূড়ান্ত তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২১ জুন (রবিবার)থেকে একযোগে সকল বিভাগের ক্লাস শুরু হবে।‎‎

মঙ্গলবার (১৬ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।‎‎

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ ১৬ জুন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় বিস্তারিত আলোচনার পর ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের ক্লাস ২১ জুন থেকে শুরু করার সিদ্ধান্ত সর্বসম্মতভাবে গৃহীত হয়।‎

এর আগে, আগামী ১৮ জুন নবীন শিক্ষার্থীদের স্বাগত জানাতে ‘ওরিয়েন্টেশন প্রোগ্রাম’ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।‎‎‎‎

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বুধবার বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান

0

কমলগঞ্জ প্রতিনিধি:

মৌলভীবাজার ও শ্রীমঙ্গলে ১৭ জুন বুধবার প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে বন্ধ থাকবে জেলার ৯২টি চা বাগান। চা শ্রমিকদের বুধবারের কাজ সাপ্তাহিক বন্ধের দিন রোববার আদায় করা হবে। এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে বিএনপি ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) বিকেল ৫টায় কমলগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) এতথ্য জানান।

জানা যায়, বুধবার মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও মৌলভীবাজার সদরে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে চা শ্রমিকেরা যাতে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে উপস্থিত হতে পারেন এজন্য বাগান গুলো বুধবার বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে শ্রমিকেরা বুধবার বন্ধ পেলেও পরবর্তী রোববার কাজ করতে হবে।

চা বাগান ম্যানেজমেন্ট ও চা শ্রমিক নেতৃবৃন্দরা জানান, প্রধানমন্ত্রীর জনসভায় অংশগ্রহেন উৎসুক চা শ্রমিকদের জন্য চা বাগানগুলো বুধবার বন্ধ থাকবে। বুধবারের পরিবর্তে শ্রমিকেরা রোববার কাজ করবেন। এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে শ্রীমঙ্গল ও মৌলভীবাজারে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে মুজিবুর রহমান চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রীমঙ্গল সফর ও জনসভাকে কেন্দ্র করে দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। জনসভাকে সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ক্ষমতা গ্রহণের চার মাসের মাথায় প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে আসছেন। তাই এ জনসভা শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, বরং গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা প্রদানের একটি উপলক্ষ্য। এতে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ জনসভায় অংশগ্রহণ করবেন বলে তিনি আশা ব্যক্ত করেন।
সংবাদ সম্মেলনে তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, জনসভায় আগত সকল মানুষের নিরাপত্তা, শৃঙ্খলা নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে তিনি জনসভা সফল করতে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

মুজিব আরও বলেন, জনসভাকে কেন্দ্র করে শ্রীমঙ্গল-কমলগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। নেতাকর্মীরা ঘরে ঘরে গিয়ে জনগণকে জনসভায় অংশগ্রহণের জন্য উদ্বুদ্ধ করছেন। তিনি বিশ্বাস করেন, এই জনসভা মৌলভীবাজার জেলার রাজনৈতিক অঙ্গনে একটি স্মরণীয় ঘটনা হিসেবে বিবেচিত হবে।

শাবিপ্রবির সহকারী প্রক্টর পদে নতুন তিন মুখ

0

শাবিপ্রবি প্রতিনিধি:

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হিসেবে তিনজনকে নিয়োগ দেওয়া হয়েছে। 

সোমবার (১৫ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।

নতুন নিয়োগপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মনযুর-উল হায়দার, প্রভাষক মো. মাসুম বিল্লাহ ও অর্থনীতি বিভাগের প্রভাষক মোহাম্মদ শোয়াইব।

বিশ্ববিদ্যালয়ের অফিস আদেশে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে দায়িত্ব পালনে বিধি মোতাবেক দায়িত্ব ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।