Home Blog Page 143

শাবিতে বিক্ষোভ, তিন দফা দাবি উত্থাপন ও অন্তর্বর্তী সরকারের ‘গায়েবানা জানাযা’

0

শাবি প্রতিনিধি:

তিনদফা দাবি আদায় ও ঢাকায় শিক্ষার্থীদের উপর পুলিশের হামলার প্রতিবাদে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে শিক্ষার্থীরা ক্যাম্পাসে অবস্থান কর্মসূচী, বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেন। এসময় অন্তর্র্বতী সরকারের ‘গায়েবানা জানাযা’ কর্মসূচিও পালন করেন শিক্ষার্থীরা। এরইমধ্যে প্রকৌশল অনুষদের সকল বিভাগের ক্লাস-পরীক্ষা বর্জন করেছেন শিক্ষার্থীরা।

কর্মসূচিতে শিক্ষার্থীরা ‘কোটা যদি দেশ খায়, ধ্বংস তার দোরগোড়ায়’, ‘চাকরিতে বৈষম্য, মানি না মানবো না’, ‘বৈষম্যের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও’ সহ নানা প্রতিবাদি প্লাকার্ড প্রদর্শন করেন। পরে বিক্ষোভ সমাবেশ থেকে শিক্ষার্থীরা ন্যায্য দাবিতে পুলিশি হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। পাশাপাশি তাদের দাবি মেনে নিতে সরকারের কাছে আহ্বান জানান।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল গোল চত্বর থেকে শুরু হয়ে ক্যাম্পাসের মূল ফটকে এসে অবস্থান নেয়। মিছিলে বিক্ষোভকারীরা কোটা প্রথার বিরুদ্ধে স্লোগান দেন। পরে পুলিশি হামলার প্রতিবাদে ‘অন্তর্র্বতীকালীন সরকারের গায়েবানা জানাজা’ কর্মসূচি পালন করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা

আন্দোলন শিক্ষার্থীদের দাবিগুলো হলো- ১. ইঞ্জিনিয়ারিং এবং নবম গ্রেড বা সহকারী প্রকৌশলী বা সমমান পদে প্রবেশের জন্য সবাইকে মেধাক্রম দিয়ে উত্তীর্ণ হতে হবে এবং বিএসসি ডিগ্রিধারী হতে হবে। কোটার মাধ্যমে কোনো পদোন্নতি নয়, এমনকি অন্য নামে সমমান পদ তৈরি করেও পদোন্নতি দেওয়া যাবে না। ২. টেকনিক্যাল দশম গ্রেড বা উপ-সহকারী প্রকৌশলী বা সমমান পদ পূরণের জন্য উন্নত করতে হবে। অর্থাৎ ডিপ্লোমা ও বিএসসি উভয় ডিগ্রিধারীদেরকে পরীক্ষায় সুযোগ দিতে হবে। ৩. বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি বতীত প্রকৌশলী পদবি ব্যবহারকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ পদক্ষেপ গ্রহণ করতে হবে।

স্থগিত হলো বাল্লা স্থলবন্দরের কার্যক্রম, বন্ধ ঘোষণা আরও তিন স্থলবন্দর

0

ডেস্ক রিপোর্ট ::

হবিগঞ্জের বাল্লা স্থলবন্দরের কার্যক্রম স্থগিত করেছে সরকার। বৃহস্পতিবার (২৮ আগস্ট) প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এই সিদ্ধান্ত অনুমোদন হয়। সভায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সভাপতিত্ব করেন। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান। এছাড়া বাংলাদেশ-ভারত সীমান্তের অলাভজনক আরও তিনটি স্থলবন্দর বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে এসব বন্দরে কোনো আমদানি-রপ্তানি বা ইমিগ্রেশন কার্যক্রম না থাকায় এবং অবকাঠামো গড়ে না ওঠায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্পূর্ণভাবে বন্ধ ঘোষণাবন্ধ ঘোষণা হওয়া স্থলবন্দরগুলো হচ্ছে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের আওতাধীন যে তিনটি বন্দর বন্ধ হবে, সেগুলো হলো—নীলফামারীর চিলাহাটি, চুয়াডাঙ্গার দৌলতগঞ্জ ও রাঙামাটির তেগামুখ স্থলবন্দর। ভারতীয় অংশে অবকাঠামো না থাকায় হবিগঞ্জের বাল্লা স্থলবন্দরের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত থাকবে।

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের কেদারকোট এলাকায় অবস্থিত বাল্লা স্থলবন্দরের বিপরীতে ভারতের পাহাড়মুড়া (খোয়াই) এলসিএস রয়েছে। ২০১৬ সালের ২৩ মার্চ বাল্লা শুল্কস্টেশনকে স্থলবন্দর হিসেবে ঘোষণা করা হয়। ৪৮ কোটি ৮৯ লাখ টাকা ব্যয়ে ১৩ একর জমি অধিগ্রহণ এবং প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ সম্পন্ন হয়েছে।

ভারতীয় অংশে অবকাঠামো ও সংযোগ সড়ক না থাকায় নতুন স্থানে বন্দরটি এখনো চালু করা সম্ভব হয়নি। যদিও বাল্লা শুল্কস্টেশনের বিপরীতে ভারতীয় কর্তৃপক্ষের শুল্কস্টেশন ও ইমিগ্রেশন চালু রয়েছে। বর্তমানে নবনির্মিত স্থানে স্থলবন্দরের কার্যক্রম শুরু না হলেও পুরনো বাল্লা শুল্কস্টেশনের মাধ্যমে আমদানি-রপ্তানি চলছে।

জানা যায়, ২০১৬ সালের ফেব্রুয়ারিতে ত্রিপুরায় অনুষ্ঠিত সীমান্ত সম্মেলনে হবিগঞ্জে একটি পূর্ণাঙ্গ স্থলবন্দর প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেয় ভারত -বাংলাদেশ সরকার। এরই ধারাবাহিকতায় ১৩ একর জমির ওপর ৪ হাজার ৯০০ কোটি টাকা ব্যয়ে বন্দরটি প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ সরকার। ২০১৭ সালের ফেব্রুয়ারিতে দুই দেশের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা সরজমিন পরিদর্শন করে নির্মাণকাজ শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দেন। প্রাথমিকভাবে ৪৯ কোটি টাকা বরাদ্দ দেয়া হয় অবকাঠামো নির্মাণে। ভূমি অধিগ্রহণ জটিলতায় দীর্ঘদিন আটকে থাকার পর ২০২১ সালের ৭ অক্টোবর বন্দর নির্মাণকাজ শুরু হয়। আশা করা হয়েছিল উভয় দেশের নির্মাণকাজ সমানভাবে এগিয়ে গেলে ২০২৪ সালের মধ্যেই বন্দর চালু হবে। কিন্তু স্থলবন্দরের বিপরীতে ভারতের ত্রিপুরা সরকার প্রহরমুড়া এলাকায় এখনো বন্দর নির্মাণ কাজ শুরু করতে পারেনি।

অপরদিকে, চিলাহাটি, দৌলতগঞ্জ ও তেগামুখ স্থলবন্দরে বর্তমানে কোনো আমদানি-রপ্তানি বা ইমিগ্রেশন কার্যক্রম নেই। এসব বন্দরে জমি বা অবকাঠামোও নেই। ভবিষ্যতেও বাণিজ্যিক সম্ভাবনা না থাকায় অলাভজনক বিনিয়োগ এড়াতে এগুলো বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অন্যদিকে, বাল্লা স্থলবন্দরের অবকাঠামো নির্মাণ শেষ হলেও ভারতীয় অংশে (পাহাড়মুড়া) অবকাঠামো না থাকায় কার্যক্রম চালু সম্ভব হয়নি। এ কারণে ভারতীয় অংশের উন্নয়ন সম্পন্ন না হওয়া পর্যন্ত বন্দরটির কার্যক্রম স্থগিত রাখার সুপারিশ করা হয়। পাশাপাশি বাল্লা বন্দরের অবকাঠামো বিকল্পভাবে ব্যবহারের সম্ভাবনাও খতিয়ে দেখার প্রস্তাব দেওয়া হয়।

লতিফ সিদ্দিকী ও ঢাবি শিক্ষক কার্জনকে অবরুদ্ধ করে পুলিশে সোপর্দ

0

আধুনিক ডেস্ক ::

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর বহিষ্কৃত সদস্য ও সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন অবরুদ্ধ করে পুলিশে সোপর্দ করেছেন একদল ব্যক্তি। তারা নিজেদের ‘জুলাই যোদ্ধা’ হিসেবে পরিচয় দেন। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে লতিফ সিদ্দিকী ও হাফিজুর রহমান ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) গোলটেবিল আলোচনায় অংশ নিতে যান। সেখানে একদল ব্যক্তি তাদের অবরুদ্ধ করেন।

শেখ হাফিজুর রহমানের বক্তব্য শেষ হওয়ার পরই মিছিল নিয়ে একদল ব্যক্তি ডিআরইউ মিলনায়তনে ঢোকেন। এ সময় তারা ‘জুলাইয়ের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘লীগ ধর, জেলে ভর’, ‘জুলাইয়ের যোদ্ধারা, এক হও লড়াই করো’ প্রভৃতি স্লোগান দেন।

একপর্যায়ে তারা গোলটেবিল আলোচনার ব্যানার ছিঁড়ে আলোচনায় অংশ নেওয়া ব্যক্তিদের অবরুদ্ধ করে রাখেন। দুপুর সোয়া ১২টার দিকে পুলিশের (ডিএমপি) একটি দল এলে তাঁরা পুলিশের কাছে লতিফ সিদ্দিকী, অধ্যাপক শেখ হাফিজুর রহমান, সাংবাদিক মঞ্জুরুল আলমসহ অন্তত ১৫ জনকে তুলে দেন। পুলিশের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) আসাদুজ্জামান সেখানে উপস্থিত ছিলেন। দুপুর সোয়া ১২টার পর কয়েকজন পুলিশ সদস্য এসে লতিফ সিদ্দিকীসহ বেশ কয়েকজনকে পুলিশ ভ্যানে নিয়ে যান।

‘আমাদের মহান স্বাধীনতাযুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান’ শীর্ষক গোলটেবিল আলোচনার আয়োজক ছিল ‘মঞ্চ ৭১’ নামে একটি প্ল্যাটফর্ম। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল বাংলাদেশের সংবিধানের অন্যতম প্রণেতা ও গণফোরামের ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেনের। তবে তিনি সেখানে ছিলেন না। সকাল ১০টায় গোলটেবিল আলোচনা শুরুর কথা থাকলেও বেলা ১১টায় আলোচনা সভাটি শুরু হয়।

বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংসদ নির্বাচনের দায়িত্বে সেনাবাহিনীর থাকার সুযোগ নেই: আইএসপিআর

0

আধুনিক ডেস্ক ::

বিশ্ববিদ্যালয়গুলোর আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের বিষয়ে বাংলাদেশ সেনাবাহিনীকে সরকারের পক্ষ থেকে কোনো নির্দেশনা দেওয়া হয়নি। ভবিষ্যতে এ ধরনের কোনো দায়িত্বে বাংলাদেশ সেনাবাহিনীর সম্পৃক্ত হওয়ার সুযোগ নেই। বুধবার (২৭ আগস্ট) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়।

মঙ্গলবার (২৬ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বলেছিল, ডাকসু ও হল সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে তিন স্তরের নিরাপত্তা থাকবে। প্রথম স্তরে বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি ও প্রক্টরিয়াল টিমের সদস্যরা থাকবেন। দ্বিতীয় স্তরে থাকবে পুলিশ। আর তৃতীয় স্তরে বিশ্ববিদ্যালয়ের সাতটি প্রবেশমুখে ‘স্ট্রাইকিং ফোর্স’ হিসেবে অবস্থান নেবে সেনাবাহিনী। সেদিন সকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ডাকসু ও হল সংসদের প্রার্থীদের সঙ্গে প্রধান রিটার্নিং কর্মকর্তার মতবিনিময় সভা শেষে সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই কথা বলেছিল। ক্যাম্পাসে নিরাপত্তাব্যবস্থা জোরদারের বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, নির্বাচনের সময় রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী পুলিশ বাহিনী দায়িত্ব পালন করবে। প্রয়োজনে সেনাবাহিনী ক্যাম্পাসে প্রবেশ করবে। ভোট শেষে ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত ভোটকেন্দ্র সেনাসদস্যরা ঘিরে রাখবেন। ভোট গণনার সময় সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া অন্য কারও প্রবেশের সুযোগ থাকবে না।

এখন বিশ্ববিদ্যালয়গুলোর আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন প্রসঙ্গে আইএসপিআর সংবাদ বিজ্ঞপ্তি দিল। এতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলোর আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ সেনাবাহিনী মোতায়েন-সংক্রান্ত সংবাদ প্রচারিত হওয়ার বিষয়টি সেনাবাহিনীর দৃষ্টিগোচর হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বিষয়ে জানানো যাচ্ছে যে, সরকারের পক্ষ থেকে বাংলাদেশ সেনাবাহিনীকে এসব নির্বাচনে দায়িত্ব পালনের বিষয়ে কোনো নির্দেশনা দেওয়া হয়নি এবং ভবিষ্যতে এ ধরনের কোনো দায়িত্বে সম্পৃক্ত হওয়ার সুযোগ নেই।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনী মনে করে, বিদ্যমান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রত্যক্ষ সহযোগিতা ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনগুলো শান্তিপূর্ণ, উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে। বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে সবার জন্য শুভকামনা জানানো হয়।

‘কমপ্লিট শাটডাউনে’ প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলো

0

আধুনিক ডেস্ক ::

তিন দফা দাবিতে দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। বুধবার (২৭ আগস্ট) রাতে এক সংবাদ সম্মেলনে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করে আন্দোলনরত শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম প্রকৌশল অধিকার আন্দোলন।
তিন দফা দাবিতে মঙ্গলবার (২৬ আগস্ট বিকেল থেকে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করে আসছিলেন বুয়েটের শিক্ষার্থীরা। বুধবার বেলা ১১টার দিকে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শাহবাগ মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা। একপর্যায়ে তারা বেলা দেড়টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যেতে শুরু করেন। ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে তাঁদের বাধা দেয় পুলিশ। এ সময় তাঁদের ওপর সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ ও জলকামান ব্যবহার করে পুলিশ। তখন লাঠিপেটার ঘটনাও ঘটে। এতে অনেক শিক্ষার্থী আহত হন।

পুলিশের লাঠিপেটার পর বিকেল সাড়ে পাঁচটার দিকে আবারও শাহবাগে জড়ো হন শিক্ষার্থীরা। রাত সাড়ে ১০টার পর তাঁরা শাহবাগ মোড় ছেড়ে যেতে থাকেন। ওই সময় বুয়েটের চতুর্থ বর্ষের শিক্ষার্থী জুবায়ের আহমেদ দেশের সব ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন অব ইঞ্জিনিয়ার্স ঘোষণা করেন।

আন্দোলনরত শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো নবম গ্রেড সহকারী প্রকৌশলী পদে কেবল পরীক্ষার মাধ্যমে নিয়োগ ও ন্যূনতম যোগ্যতা বিএসসি ইঞ্জিনিয়ার করা; দশম গ্রেডে শুধু ডিপ্লোমাধারীরা আবেদন করতে পারেন, সেখানে যেন উচ্চ ডিগ্রিধারীরাও আবেদন করতে পারেন, সে ব্যবস্থা করা এবং শুধু বিএসসি ইঞ্জিনিয়ারিং যাঁরা সম্পন্ন করবেন, তাঁরাই যেন প্রকৌশলী (ইঞ্জিনিয়ার) লিখতে পারেন, সে বিষয়ে ব্যবস্থা নেওয়া। প্রকৌশল পেশায় বিএসসি ডিগ্রিধারী ও ডিপ্লোমাধারী ব্যক্তিদের পেশাগত দাবির যৌক্তিকতা পরীক্ষা-নিরীক্ষা করে সুপারিশ প্রণয়নের জন্য গতকালই একটি কমিটি গঠন করেছে সরকার।

‘টাকা দিলে যখন-তখন ট্রাক ঢুকে’ সিলেট নগরে

0

এস এম সুজন ও এম কে তুহিন ::

সিলেট নগরে দিনের বেলা ট্রাক প্রবেশ নিষেধ। সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত নগরে ট্রাক প্রবেশের অনুমতি নেই। সিলেটের পর্যটনকেন্দ্র থেকে পাথর লুটের ঘটনার পর ট্রাক চলাচলে নজরদারি আরও বেড়েছে। অভিযোগ, এত বিধিনিষেধ আর কড়াকড়ির মাঝেও নগরের বিভিন্ন পয়েন্টে দায়িত্বে থাকা কিছু ট্রাফিক সদস্যের কল্যাণে ঠিকই দিনের বেলা অবাধে ট্রাক ঢুকছে নগরে। আধুনিক কাগজের সরেজমিন অনুসন্ধানে এর সত্যতাও মিলেছে। ট্রাক ড্রাইভাররা বলছেন, নিষেধ থাকলেও ট্রাফিক সদস্যদের হাতে নগদ টাকা গুঁজে দিলে ঠিকই প্রবেশের অনুমতি মেলে।

https://www.youtube.com/embed/pVsLCdJyZ94


বুধবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ১১টা। হুমায়ুন রশীদ চত্বর থেকে শাহজালাল সেতু দিয়ে নগরে প্রবেশ করছিলো ্একটি পণ্যবোঝাই ট্রাক। ক্যামেরার উপস্থিতি টের পেয়ে নড়েচড়ে বসেন দায়িত্বে থাকা ট্রাফিক সদস্যরা। দায়িত্বে থাকা টিআই মোশাররফ হোসেন সটকে পড়েন। এগিয়ে এসে ট্রাকটিকে ঘুরিয়ে দেন টিএসআই শাহীন মোল্লা। এ সময় তিনি কালো চশমার আড়ালে ক্যামেরার দিকেও তাকান। পিছু হটে ট্রাকটি কয়েকশ গজ পেছনে নিয়ে দাঁড় করিয়ে রাখেন ড্রাইভার। অপেক্ষায় থাকেন পরবর্তী নির্দেশনার। একে একে আরও কয়েকটি ট্রাক এসে দাঁড়ায় প্রথম ট্রাকটির পেছনে।
আধুনিক কাগজ টিম ক্যামেরার অবস্থান পরিবর্তন করে। উত্তর প্রান্ত থেকে দক্ষিণ প্রান্তে চলে আসে ক্যামেরা। উত্তর প্রান্তে ক্যামেরা দেখতে না পেয়ে বেলা সাড়ে ১২টার দিকে ট্রাকগুলোকে নগরের ভেতরে ঢুকার অনুমতি দেন ট্রাফিক সদস্যরা। পৌনে একটার দিকে মেন্দিবাগে দেখা মেলে ট্রাকগুলোর। সেখানেই দাঁড়িয়েছিলো ট্রাকগুলো। কথা হয় ড্রাইভারদের সাথে। প্রথমে তারা কিছুই বলতে চাননি পরে স্বীকার করেন ৮শ থেকে হাজার টাকা দিলে যখন-তখন ট্রাক প্রবেশের অনুমতি মেলে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (ট্রাফিক) মাহফুজুর রহমানকে ফোন দিলে তিনি জানান তিনি এখন সিলেটের বাইরে আছেন। তিনি পরামর্শ দেন অতিরিক্ত উপকমিশনার রাখী রানী দাসের সাথে আলাপের। কথা হয় রাখী রাণী দাসের সঙ্গে।

উপ-কমিশনার রাখী রানী দাস বলেন, নগরীতে ট্রাক চলাচল করতে পারে মূলত রাত ১০ ঘটিকা থেকে সকাল ৮ ঘটিকা পর্যন্ত। ট্রান্সপোর্টও বন্ধ থাকবে। যদি না কোন জরুরী পণ্যবাহী না হয়।

সিলেটে পানির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ

0

আধুনিক রিপোর্ট ::

সিলেট নগরের বারুতখানা এলাকায় এক মাসের বেশি সময় ধরে পানি সরবরাহ বন্ধ। এতে চরম ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী। এ অবস্থায় পানি সরবরাহের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা। বুধবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বারুতখানা-বন্দরবাজার সড়কে এ অবরোধ করা হয়। এতে যাত্রীরা দুর্ভোগে পড়েন।

স্থানীয় লোকজন জানান, সিটি করপোরেশনের পানির সরবরাহ বন্ধ থাকায় বাসিন্দারা নিত্যদিনের কাজে মারাত্মক সমস্যায় পড়েছেন। খাবার পানি থেকে শুরু করে রান্না ও দৈনন্দিন ব্যবহারের জন্যও তাঁদের বাইরে থেকে পানি কিনতে হচ্ছে।

স্থানীয়দের ভাষ্য, ‘প্রায় এক মাস ধরে সিটি করপোরেশন পানি দিচ্ছে না। এতে এলাকার বাসিন্দারা কষ্টে দিনাতিপাত করছেন। একাধিকবার সিটি করপোরেশন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো সমাধান না পাওয়ায় আমরা সড়ক অবরোধ করেছি।’

সিলেট সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী (পানি) আবদুস সোবহানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলীর সঙ্গে কথা বলার পরামর্শ দেন।

ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মো. আলী আকবর বলেন, ওই এলাকার অধিকাংশ বাড়ির পানির পাইপ পুরোনো ও লোহার হওয়ায় জং ধরে সমস্যা হয়েছে। আবার বিদ্যুতের লোডশেডিং ও লো-ভোল্টেজের কারণে পানি ঠিকমতো সরবরাহ করা যাচ্ছে না। তিনি আরও বলেন, অধিকাংশ বাসা-বাড়িতে আলাদা রিজার্ভার নেই। সরাসরি পাম্প দিয়ে ট্যাংকে পানি তোলা হয়, যা আইনসম্মত নয়। এ ছাড়া সিটি করপোরেশনের চারটি ট্যাংকের মধ্যে একটি বিকল হয়ে আছে। তিনটি দিয়ে পানি সরবরাহ করা হলেও সমস্যা রয়ে গেছে। এরপরও সমস্যাগ্রস্ত এলাকাগুলোতে অতিরিক্ত সময় পানি সরবরাহের চেষ্টা করা হচ্ছে।

জাতীয় নির্বাচনের রোডম্যাপ অনুমোদন, বৃহস্পতিবার ঘোষণা হতে পারে

0

আধুনিক ডেস্ক ::

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা (রোডম্যাপ) অনুমোদন করেছে নির্বাচন কমিশন (ইসি)। এখন যেকোনো সময় এই নির্বাচনের রোডম্যাপ আনুষ্ঠানিকভাবে ঘোষিত হতে পারে বলে ইসির কর্মকর্তারা জানিয়েছেন। নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকারকে উদ্ধৃত করে বাসসের খবরে এ কথা জানানো হয়। আনোয়ারুল ইসলাম বলেন, ‘কর্মপরিকল্পনার সবকিছু চূড়ান্ত হয়ে গেছে। অনুমোদন হয়েছে, এখন শুধু টাইপিং চলছে।’

বুধবার (২৭ আগস্ট) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন, চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব এ নিয়ে বৈঠক করেছেন। এরপর আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

এদিকে বৃহস্পতিবারই (২৮ আগস্ট) জাতীয় নির্বাচনের রোডম্যাপ প্রকাশ হতে পারে বলে আভাস দিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। তিনি বলেন, রোডম্যাপ প্রকাশে আর দেরি হবে না—হয়তো আগামীকালই তা প্রকাশ করা সম্ভব হতে পারে।

বুধবার বিকেলে সংসদীয় আসনের পুনর্নির্ধারিত সীমানার বিষয়ে শুনানি শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আখতার আহমেদ এ কথা বলেন।

নির্বাচনী রোডম্যাপ কবে ঘোষণা হতে পারে—এমন প্রশ্নের জবাবে নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ বলেন, ‘এই মুহূর্তে আমরা আরও কিছু কাজ করছি এবং আমি মনে করি যে হয়তো আগামীকালকে আপনাদের আরও কিছু বাড়তি তথ্য দেওয়ার সুযোগ পাব। সে পর্যন্ত একটু অপেক্ষা করেন।’

নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হচ্ছে তাহলে? এমন প্রশ্নের জবাবে আখতার আহমেদ বলেন, ‘সম্ভবত আমার টেবিলে এখন আছে। আগামীকাল পর্যন্ত একটু অপেক্ষা করেন না। একটা দিনের জন্য খুব বেশি কি আটকাবে?’

জাতীয় সংসদের আসনের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে শুনানির প্রথম দিন ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩ আসন নিয়ে নির্বাচন কমিশনে মারামারির ঘটনা ঘটে। নির্বাচন কমিশনে মারামারির মতো ঘটনা ঘটলে ভোটের দিন ভোটকেন্দ্রে কী হতে পারে এবং এ মারামারির ঘটনায় এখন পর্যন্ত কারও বিরুদ্ধে কোনো ব্যবস্থা কেন নেওয়া হয়নি—এমন প্রশ্ন ছিল আখতার আহমেদের কাছে। জবাবে তিনি বলেন, ‘এটার সঙ্গে সরাসরি নির্বাচন কমিশন সম্পর্কিত না। আপনি যদি এখন আমার সঙ্গে বাইরে ধাক্কাধাক্কি করেন, কোনো একটা কারণে সেখানে তো সংস্থার সঙ্গে দায়ী করা যায় না। আমরা এ ব্যাপারে পুলিশের কাছে একটা সাধারণ ডায়েরি করেছি। যেখানে আমরা পুলিশকে দায়িত্ব দিয়েছি; পুলিশকে বলেছি যে আপনারা এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। আমার মনে হয় যে এই পর্যন্তই আমার বলা উচিত।’

নির্বাচন কমিশন কয়েকজনের পাসপোর্ট জব্দ করেছে এমন প্রশ্নের জবাবে এই জ্যেষ্ঠ সচিব বলেন, ‘এ রকম একটা খবর আমার কানেও এসেছে যে আমরা নাকি কারও কারও পাসপোর্ট জব্দ করেছি। আসলে পাসপোর্ট জব্দ করার এখতিয়ার আমাদের নাই এবং আমরা এটা করিনি।’

আখতার আহমেদ জানান, গত চার দিনে ৩৩ জেলার ৮৪টি আসনের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে শুনানি হয়। এতে ১১৮৫টি আপত্তি ও ৭০৮ সুপারিশ জমা পড়ে। সর্বমোট আপত্তি ও সুপারিশের সংখ্যা ১ হাজার ৮৯৩।

২৪ আগস্ট ৬টি জেলার ১৮টি আসন, ২৫ আগস্ট ৯টি জেলার ২০টি আসন, ২৬ আগস্ট ৬টি জেলার ২৮টি আসন, আজ ২৭ আগস্ট ১২টি জেলার ১৮টি আসনের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে শুনানি হয়।

দোয়ারাবাজারে খাসিয়ামারা বালু মহাল পরিদর্শনে ডিসি

0

দোয়ারাবাজার প্রতিনিধি:

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলাধীন লক্ষিপুর ইউনিয়নে খাসিয়ামারা নদীকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধ নিষ্পত্তি ও ইজারাকৃত বালু মহাল পরিদর্শন করেছেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ডা: মো.ইলিয়াস মিয়া।

বুধবার (২৭ আগষ্ট) বিকালে লক্ষিপুর ইউনিয়নের খাসিয়ামারা নদী,রাবারড্রাম,লিয়াকতগঞ্জ বাংলাবাজার মাদ্রাসাসহ নদীর তীরবর্তী আশপাশ এলাকা পরিদর্শন করেন তিনি।
এসময় ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন বন্ধে নিষেধাজ্ঞা জারি করেন এবং রাবারড্রামের দুপাশে নিরাপত্তার জন্য বাঁশের ভেরিকেট দেওয়ার নির্দেশনা দেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের স্বাক্ষাৎতে জেলা প্রশাসক ডাঃ ইলিয়াস মিয়া বলেন,খাসিয়ামারা নদীতে কোন ভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করতে দেওয়া হবেনা। ইজারাদারকে নিষেধ করা হয়েছে আগামী একসপ্তাহের বিতরে যেনো ড্রেজার মেশিনগুলা সরিয়ে নেওয়া হয়। তিনি বলেন,খাসিয়ামারা নদীতে ইজারাদারকর্তৃক নীতিমালার বহির্ভূত ভাবে বালু উত্তোলন করার কোন সুযোগ নেই। এলাকার স্থাপনা, চলাচলের সড়ক ও ফসলি জমি হতে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে বালু করতে হবে।

বালু উত্তোলনের ফলে রাবারড্রামের ক্ষতির বিষয়টে সম্পর্কে তিনি বলেন, খাসিয়ামারা নদীতে বালু উত্তোলনের ফলে রাবারড্রামের ক্ষতির বিষয়টি তদন্ত করার জন্য এলজিইডিকে বলা হয়েছে। ক্ষতি হয়ে থাকলে ইজারাদার রাবারড্রামের ক্ষতিপূরণ দিতে হবে।

এসময় সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম, দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ, দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ ( ওসি) জাহিদুল হক,এলজিইডি কর্মকর্তা আব্দুল হামিদ।

রোপা আমনে নতুন আশার আলো কৃষকের চোখে

0

ছাতক প্রতিনিধি:

মাঠের কর্দমাক্ত জমিতে পা ডুবিয়ে ব্যস্ত হাতে চারা রোপণ করছেন নাদামপুর গ্রামের কৃষক আলী হোসেন। এবারের মৌসুমে তিনি ২৫ বিঘা জমিতে রোপা আমন ধান চাষের উদ্যোগ নিয়েছেন।

ইতোমধ্যে ১০ বিঘার কাজ শেষ করেছেন। তবে পানির স্বল্পতা আর শ্রমিক সংকটের কারণে বাকিটা করতে সময় লাগছে কিছুটা বেশি। তবুও মুখে হাসি লেগে আছে তার কারণ এবার বড় বন্যার আতঙ্ক নেই। শুধু আলী হোসেনই নন, ইসলামপুর ইউনিয়নের মোল্লাপাড়ার কৃষক অপু দাসও স্বপ্ন বুনছেন একইভাবে। তিনি জানান, আমার ১০ বিঘা জমির মধ্যে চার বিঘায় চারা রোপণ শেষ করেছি। বাকি অংশ দু’সপ্তাহের মধ্যে রোপণ হয়ে যাবে।

আবহাওয়া যেমন আছে, উপরওয়ালা চাইলে এ বছর ফলন ভালো হবে। হাওরাঞ্চলের কৃষকদের কাছে রোপা আমন চাষ মানেই এক ধরনের শঙ্কা। কারণ অতিরিক্ত বন্যা এলে মুহূর্তেই ফসল তলিয়ে যায়। কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। সময়মতো বীজতলায় চারা তৈরি হয়েছে, আর এখন চলছে মাঠে প্রাণচাঞ্চল্য একের পর এক জমিতে রোপণ হচ্ছে ধানের চারা। উপজেলা কৃষি অফিস জানিয়েছে, চলতি মৌসুমে ছাতক উপজেলায় ১৩ হাজার ৭০ হেক্টর জমিতে রোপা আমন চাষের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে পাঁচ হাজার হেক্টরের বেশি জমিতে রোপণ সম্পন্ন হয়েছে। সেপ্টেম্বরে পুরো কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে। নভেম্বর-ডিসেম্বরে মাঠ ভরে উঠবে সোনালি ধানে। কৃষকদের উৎসাহ দিতে সরকার এ বছর দুই হাজার ২৫০ জন কৃষককে বিনা মূল্যে বীজ ও সার দিয়েছে। মাঠে এখন ব্রি ও বিনার উচ্চফলনশীল জাতের পাশাপাশি স্থানীয় গুটি, চিনিগুঁড়া, লতিশাইল ও বিরুইন জাতের চারা শোভা পাচ্ছে। উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খান বলেন, বোরোর পর আমন আমাদের দ্বিতীয় প্রধান ফসল। ২০২১ সালের বড় বন্যার পর থেকে টানা চার বছর আমনে ভালো ফলন হয়েছে।

এবারও বড় বন্যার কোনো শঙ্কা নেই। তাই কৃষকেরা নিশ্চিন্তে মাঠে নেমেছেন। এখন মাঠজুড়ে কাদায় ভিজে ঘাম ঝরানো কৃষকদের চোখে ভাসছে একটাই স্বপ্ন প্রকৃতির সহায়তা পেলে এবারের রোপা আমন ফসল তাদের ঘরে আনবে প্রাচুর্যের হাসি।