Home Blog Page 144

নির্বাচনকে বানচাল করতে নিত্যনতুন দাবি তোলা হচ্ছে: মির্জা ফখরুল

0

আধুনিক ডেস্ক ::

পরিকল্পিতভাবে নির্বাচনকে বানচাল করার জন্য নিত্যনতুন দাবি তোলা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল বলেন, দুর্ভাগ্যজনকভাবে কিছু রাজনৈতিক মহল অত্যন্ত পরিকল্পিতভাবে নির্বাচনকে বানচাল করার জন্য, নির্বাচনকে ব্যাহত করার জন্য নিত্যনতুন দাবি তুলছে। এমন দাবি তুলছে, যার সঙ্গে বাংলাদেশের মানুষ পরিচিত নয়। বুধবার (২৭ আগস্ট) মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক কাজী জাফর আহমদের দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন। রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এই আলোচনা সভার আয়োজন করে ভাসানী জনশক্তি পার্টি।

সংস্কারের ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারকে রাজনৈতিক দলগুলো সব ধরনের সহযোগিতা করছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, তাঁরা কোথাও বাধা সৃষ্টি করেননি। কখনো বড় ধরনের দাবি তুলে রাজপথে নেমে সরকারকে বিব্রত করেননি।

বিএনপির মহাসচিব বলেন, সংস্কার শব্দের সঙ্গে সাধারণ মানুষ পরিচিত নয়। সেখানে সংখ্যানুপাতিক পদ্ধতি (পিআর) বুঝতে সময় লাগবে। এটা মানুষকে বোঝানো খুবই কঠিন। আবার কাকে ভোট দেওয়া হচ্ছে, সেটা জানা যাবে না। কিন্তু এসব বাস্তবায়নে অনেকে কথা বলছেন এবং হুমকি দিচ্ছেন।

গণ–অভ্যুত্থানের সাত থেকে আট দিন পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক অনুষ্ঠানে তিন মাসের মধ্যে নির্বাচনের দাবি তুলেছিলেন বলে উল্লেখ করেন মির্জা ফখরুল। এ নিয়ে তাঁকে অনেক সমালোচনাও সহ্য করতে হয়েছে উল্লেখ করে তিনি বলেন, যখনই একটা পরিবর্তন হয়, সেই পরিবর্তনের সুযোগ নিয়ে নেয় অন্যরা।

গণ–অভ্যুত্থানের তিন মাসের মধ্যে জাতীয় নির্বাচন হলে অর্থনীতির এই বেহাল অবস্থা দেখতে হতো না বলে মনে করেন বিএনপির মহাসচিব। তিন মাসের মধ্যে নির্বাচন হলে একটা নির্বাচিত সরকার ম্যান্ডেট ও জনগণকে সঙ্গে নিয়ে এই শক্তিগুলোকে উড়িয়ে দিতে পারত।

মহান মুক্তিযুদ্ধের কথা ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে উল্লেখ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, অনেক চেষ্টা চলছে একাত্তরের কথা ভুলিয়ে দেওয়ার, কিন্তু সেটা ভোলা সম্ভব নয়। পাকিস্তানি হানাদার বাহিনীকে যারা সহযোগিতা করেছে, তারাই আজ অনেক বড় বড় কথা বলছে। এ কারণে অনেক বেশি সজাগ ও সতর্ক থাকতে হবে।

গণতন্ত্রের পক্ষের শক্তি যেন ক্ষমতায় আসতে না পারে, এ কারণে সরকারের ভেতরের একটা মহল সচেতনভাবে চেষ্টা করছে বলে মন্তব্য করে বিএনপির মহাসচিব বলেন, লক্ষ্য অর্জনের জন্য আরও অনেক কাজ করতে হবে।

এস আলম গ্রুপ ভারতে থাকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে আড়াই হাজার কোটি টাকা দিয়েছে উল্লেখ করে ফখরুল বলেন, তারা পরিকল্পনা করছে কীভাবে ওই টাকা ব্যবহার করে বাংলাদেশে নির্বাচন বন্ধ করা যায় এবং শেখ হাসিনাকে আবার দেশে ফিরিয়ে আনা যায়।

জটিলতা না বাড়িয়ে দ্রুততম সময়ের মধ্যে জুলাই সনদ প্রণয়নের কাজ শেষ করাসহ ঘোষণা অনুযায়ী নির্বাচনের ব্যবস্থা করতে সরকারের কাছে দাবি জানান মির্জা ফখরুল।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম এবং সঞ্চালনা করেন দলটির মহাসচিব আবু ইউসুফ। সভায় আরও বক্তব্য দেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা নাজমুল হক নান্নু প্রমুখ।

প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে এগোনোর চেষ্টা, পুলিশের লাঠিচার্জ, টিয়ারশেল নিক্ষেপ

0

আধুনিক ডেস্ক ::

তিন দফা দাবি মেনে না নেওয়ায় আন্দোলনরত প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে রওনা হলে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ তাদের বাধা দিলে উভয় পক্ষে সংঘর্ষ বেঁধে যায়। এই সময় পুলিশ লাঠিচার্জ করে ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। বুধবার (২৭ আগস্ট) সকাল সাড়ে এগারোটা থেকে বুয়েটসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল শিক্ষার্থীরা শাহবাগে সড়ক অবরোধ করে অবস্থান নেন। পরে দাবি মেনে নেয়ার জন্য দুপুর একটা পর্যন্ত সরকারকে সময় বেঁধে দেন তারা।

কিন্তু এর মধ্যে সরকারের পক্ষ থেকে কেউ যোগাযোগ না করায় আন্দোলনরত শিক্ষার্থীরা যমুনার দিকে অগ্রসর হলে দুপুর দেড়টার দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পুলিশ বাধা দেয় তাদের। একপর্যায়ে তাদের লক্ষ্য করে তিনটি সাউন্ড গ্রেনেড ছুড়ে পুলিশ। এছাড়া কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। জলকামান দিয়ে পানি ছোড়ে। এসময় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ লাঠিচার্জ করে। একপর্যায়ে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যান। ঘটনাস্থলে দাঙ্গা পুলিশও উপস্থিত ছিল।

একই দাবিতে মঙ্গলবার (২৬ আগস্ট) পাঁচ ঘণ্টা শাহবাগ অবরোধ করেছিলেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে—ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে প্রকৌশলী লিখতে না দেওয়া। ডিপ্লোমা প্রকৌশলীদের কাউকে পদোন্নতি দিয়ে ৯ম গ্রেডে উন্নীত না করা। ১০ম গ্রেডের চাকরিতে প্রবেশের ক্ষেত্রে স্নাতক প্রকৌশলীদের সুযোগ দেওয়া।

এদিকে, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সড়ক অবরোধের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান। বুথবার সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি বলেন, বুয়েট শিক্ষার্থীদের সড়ক অবরোধের প্রয়োজন নেই৷ যথাযথ প্রক্রিয়া অবলম্বন করে সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে পেশ করা হলে সহজেই সমাধান করা সম্ভব। আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির বিষয় সরকারের কাছে এখনও আনুষ্ঠানিক কোনো প্রস্তাব আসেনি বলে জানান তিনি।

তিনি বলেন, প্রস্তাব পেলে এ বিষয় সহজেই সমাধান সম্ভব। শুধু জনপ্রশাসন মন্ত্রণালয় নয়, বুয়েটের এই দাবিগুলোর সাথে আইন মন্ত্রণালয় এবং পিএসসি জড়িত রয়েছে। সবাইকে নিয়ে বসে বিষয়টি সমাধান করা হবে।

রাস্তা বন্ধ করে, মানুষের ভোগান্তি করে বুয়েটের শিক্ষার্থীরা যে আন্দোলন করছেন তা ঠিক নয় এবং এটা বিচক্ষণতার কাজ নয় বলেও মন্তব্য করেন এই সিনিয়র সচিব।

রুমমেটকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা : ডাকসু ভিপি প্রার্থীর বিরুদ্ধে মামলা

0

আধুনিক ডেস্ক ::

রুমমেটকে ছুরিকাঘাতের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্র ভিপি প্রার্থী জালাল আহমদ জালালের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে রাজধানীর শাহবাগ থানায় এই মামলা হয়। মঙ্গলবার রাতেই জালালকে শাহবাগ থানায় সোপর্দ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এখন তার বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা হলো।


মঙ্গলবার মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মদ মুহসীন হলে ছুরিকাঘাতের ঘটনাটি ঘটে। এতে আহত হন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রবিউল হক। জালাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন অ্যান্ড ফিল্ম বিভাগের শিক্ষার্থী।

ছুরিকাঘাতের ঘটনায় জালালকে হল থেকে বহিষ্কার করা হয়। প্রাধ্যক্ষ মো. সিরাজুল ইসলাম তাৎক্ষণিকভাবে এই ঘোষণা দেন। তিনি বলেন, এ ধরনের নৃশংস কর্মকাণ্ডের জন্য জালালকে হল থেকে বহিষ্কার করা হলো। তার ছাত্রত্ব বাতিলেরও ব্যবস্থা করা হবে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, দীর্ঘদিন ধরে চলা বাগ্‌বিতণ্ডার জেরে জালাল তার রুমমেট রবিউলকে ছুরিকাঘাত করেন। চিকিৎসার জন্য রবিউলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাতে ঘটনার বিষয়ে তিনি বলেন, দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জালাল কক্ষে এসে লাইট জ্বালান। শব্দ করতে থাকেন। ফলে তার ঘুম ভেঙে যায়। তখন তিনি বলেন, সকালে তাকে লাইব্রেরিতে যেতে হবে। অযথা শব্দে তাঁর ঘুমে সমস্যা হচ্ছে। এতে জালাল রেগে গিয়ে তাকে অবৈধ, বহিরাগত বলেন। তিনি প্রতিবাদ করলে তাঁকে আঘাত করেন জালাল। পরে তিনি কোনোক্রমে আত্মরক্ষা করেন।

জালালের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে মঙ্গলবার রাতেই জানিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমদ। তিনি আরও বলেন, আসন্ন ডাকসু নির্বাচনে এ ঘটনার কোনো প্রভাব পড়বে না


।

বুয়েট শিক্ষার্থীকে হত্যার হুমকির প্রতিবাদে শাবিতে বিক্ষোভ

0

শাবি প্রতিনিধি:

বুয়েটের শিক্ষার্থী রোকনকে ডিপ্লোমাধারীদের হত্যার হুমকির প্রতিবাদে ও ৩ দফা দাবি আদায়ের লক্ষে বিক্ষোভ মিছিল করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রকৌশল বিভাগের শিক্ষার্থীরা। এসময় ৩ দফা দাবি দিয়ে ডিসি বরাবর স্মারকলিপি প্রদান করেন বিক্ষোভকারীরা।

মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুর দেড়টায় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে শিক্ষাভবন-ই অতিক্রম করে গোলচত্বরে সমবেত হয় শিক্ষার্থীরা। পরে দুপুর পৌনে ৩টায় সিলেটের ডিসির অফিসের দিকে রওয়ানা দেন।

বিক্ষোভ মিছিলে আন্দোলনকারীদের ‘এক, দুই, তিন, চার, ডিব্বা তুই কোটা ছাড়’; ‘একটা একটা সন্ত্রাস ধর, ধইরা ধইরা জেলে বর’; ‘আই ডিব্বা দেখে যা, রাজপথে তোর বাপেরা’’; ‘দশম গ্রেড উন্মুক্ত, করতে হবে- করতে হবে’; ‘বিএসসি ছাড়া ইঞ্জিনিয়ার, মানি না-মানব না’; ‘চাকরি-বাকরি পরে কর, ইঞ্জিনিয়ার বানান কর’; ‘ডিব্বাদের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও’ ইত্যাদি নানান স্লোগান দিতে শোনা যায়। 
 
এছাড়া বিক্ষোভকারী শিক্ষার্থীরা এদিন ‘নো ক্লাস, নো এক্সাম, নো অ্যাটেনডেন্স’ কর্মসূচীর ঘোষণা দেন। 

মিছিলে অংশ নিয়ে শিল্প ও উৎপাদন প্রকৌশল বিভাগের শিক্ষার্থী পলাশ বখতিয়ার বলেন, 
“বুয়েটের ট্রিপলই বিভাগের শিক্ষার্থী রোকনকে অকথ্য ভাষায় গালাগালি ও প্রাণনাশের হুমকি দিয়েছে ডিপ্লোমাধারীরা। তাদেরকে অতিদ্রুত বিচারের আওতায় আনতে হবে। আমাদের ভাইয়ের গায়ে যদি নখের আঁচড়ও লাগে, তার জবাব আমরা রাজপথে দেব। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না।”
এছাড়া সমাবেশে বৈষম্য নিরসনে আন্দোলনকারীরা তিন দফা দাবি উত্থাপন করেন—

১. ইঞ্জিনিয়ারিং এবং ৯ম গ্রেড (সহকারী প্রকৌশলী বা সমমান) পদে প্রবেশের জন্য সবাইকে মেধা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং অবশ্যই বিএসসি ডিগ্রিধারী হতে হবে। কোটার মাধ্যমে বা সমমানের পদ তৈরি করে পদোন্নতি দেওয়া যাবে না।

২. টেকনিক্যাল ১০ম গ্রেড (উপ-সহকারী প্রকৌশলী বা সমমান) পদ উন্মুক্ত  করতে হবে। এ ক্ষেত্রে ডিপ্লোমা ও বিএসসি উভয় ডিগ্রিধারীদের পরীক্ষার সুযোগ দিতে হবে।

৩. বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ছাড়া কেউ ‘প্রকৌশলী’ পদবি ব্যবহার করলে তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

ফজলুর রহমানের সব পর্যায়ের পদ তিন মাসের জন্য স্থগিত করেছে বিএনপি

0

আধুনিক ডেস্ক ::

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে। কারণ দর্শানোর নোটিশের প্রেক্ষিতে তার দেওয়া জবাব সন্তোষজনক না হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দলটি জানিয়েছে। বিএনপির একাধিক নেতা সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, রোববার (২৪ আগস্ট) জুলাই-অগাস্টের গণঅভ্যুত্থানকে নিয়ে ‘কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর’ বক্তব্য দেওয়ার অভিযোগ তুলে তাকে দলের পক্ষ থেকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় এবং ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছিল। ফজলুর রহমান ওই সময়ের মধ্যে জবাব না দিয়ে সময় বাড়ানোর আবেদন করলে সোমবার (২৫ আগস্ট) আরও একদিন সময় বাড়ানো হয়। তিনি মঙ্গলবার (২৬ আগস্ট লিখিতভাবে যে জবাব দিয়েছেন তা ‘সন্তোষজনক নয়’ বলে জানিয়েছেন বিএনপির নেতারা।

এছাড়া বীর মুক্তিযোদ্ধা হিসেবে মুক্তিযুদ্ধে তার অবদান বিবেচনা করে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ না করে শুধু দলীয় প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে বলে জানা গেছে।

একই সাথে, এখন থেকে টকশো বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলার সময় দেশের মর্যাদা ও দলের নীতিমালা যাতে ক্ষুণ্ন না হয় এবং দেশের জনগোষ্ঠীর ধর্মীয় অনুভূতিতে আঘাত না লাগে সে বিষয়েও ফজলুর রহমানকে সতর্ক করা হয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে। এর আগে সোমবার তিনি দলীয় যে কোনো সিদ্ধান্ত মাথা পেতে নেওয়ার কথা জানান।

মালয়েশিয়ায় বিদেশি শ্রমিকের ৩৭ শতাংশই বাংলাদেশি

0

আধুনিক ডেস্ক ::

মালয়েশিয়ায় বিদেশি শ্রমিকদের মধ্যে বাংলাদেশের শ্রমিকের সংখ্যা সবচেয়ে বেশি। দেশটির মোট বিদেশি শ্রমিকের ৩৭ শতাংশই বাংলাদেশি। চলতি বছরের জুন মাসের শেষে মালয়েশিয়ায় কাজের অনুমতি থাকা বাংলাদেশির সংখ্যা দাঁড়িয়েছে ৮ লাখ ৩ হাজার ৩৩২। মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (২৬ আগস্ট) দেশটির গণমাধ্যম দ্য স্টারের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, মালয়েশিয়ার পার্লামেন্টে হাসান করিম নামের একজন সংসদ সদস্যের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশটিতে বাংলাদেশি শ্রমিকদের সম্পর্কে এসব তথ্য দেয়। মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, করোনা-পরবর্তী সময়ে শ্রমবাজার চালুর পর ২০২২ সালে ৪৯ হাজার ৩৫৩ বাংলাদেশি শ্রমিক দেশটিতে প্রবেশ করেন।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালে নতুন করে আরও ৩ লাখ ৯৭ হাজার ৫৪৮ বাংলাদেশি শ্রমিক মালয়েশিয়ায় যান। এ ছাড়া ২০২২ সালে ২০ হাজার ৩৩১ জন এবং ২০২৩ সালে ২৩ হাজার ৬৫ বাংলাদেশি শ্রমিককে তাঁদের নিয়োগকর্তারা নিজ দেশে ফেরত পাঠান বলে দেশটির মন্ত্রণালয় জানিয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুন পর্যন্ত মালয়েশিয়ায় কাজের বৈধ অনুমতিপত্র থাকা বাংলাদেশির সংখ্যা ৮ লাখ ৩ হাজার ৩৩২, যা দেশটির মোট বিদেশি শ্রমিকের ৩৭ শতাংশ। ফলে মালয়েশিয়ায় অদক্ষ বিদেশি শ্রমিকের সর্বোচ্চ উৎস দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান প্রথম। অবৈধ অভিবাসনের বিষয়ে জানানো হয়, ভিসার মেয়াদের পর দেশটিতে থাকা বা কাজের অনুমতিপত্রের মেয়াদ শেষ হয়ে যাওয়া ৭৯০ বাংলাদেশিকে আটক করা হয়েছে।

২০২২ ও ২০২৩ সালে মালয়েশিয়ায় কত বাংলাদেশি শ্রমিক প্রবেশ করেছেন, বৈধ ও অবৈধ কর্মীর সংখ্যা কত এবং কতজনকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে—মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে তার সুনির্দিষ্ট হিসাব চান সংসদ সদস্য হাসান করিম।

সীমান্ত দিয়ে দালাল চক্রের মাধ্যমে ৬ রোহিঙ্গা প্রবেশ

0

জৈন্তাপুর প্রতিনিধি:

সিলেটের জৈন্তাপুর সীমান্তের ১৩০২ মিইন পিলার এলাকার বাঘছড়া দিয়ে দালাল চক্রের সহায়তায় ভারত হতে ৬ রেহিঙ্গা সদস্য বাংলাদেশে প্রবেশ করে। বিষয়টি নিয়ে এলাকায় তোলপাড় হলেও সংশ্লিষ্ট ১৯ বিজিবির লালাখাল বিওপি’র দায়িত্বরতরা বিষয়টি অস্বীকার করে।

সরেজমিন অনুসন্ধানে জানাযায়, সোমবার (২৫ আগষ্ট ) দুপুর অনুমান ১২টায় জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নের ১৩০২ পিলার এলাকার বাঘছড়া নামক স্থান দিয়ে ৬জন রোহিঙ্গা সদস্য বাংলাদেশে প্রবেশ করে। এসময় স্থানীয় দালাল কামরাঙ্গীখেল দক্ষিণ গ্রামের মহিব মিয়ার ছেলে সুলেমান (২৭) নিশ্চিন্তপুর গ্রামের নুর উদ্দিনের ছেলে সেলিম (৩৫) তার নিদেশে নিশ্চিন্তপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে আনোয়ার উরফে আনর (৩২) তাদেরকে বাঘছড়া এলাকায় জঙ্গলে নিয়ে আসে।

এসময় বাউরভাগ দক্ষিণ গ্রামের মো. আকবর আলীর ছেলে রোমান আহমদ (২৪) ও আব্দুল মতিনের ছেলে আবুল (৪৫) সহ স্থানীয়রা ঘটনাটি দেখতে পায়। এই ঘটনায় তারা ভিডিও ধারন করে। এসময় আনোয়ার উরেফে আনোয়ার রোহিঙ্গাদের সাথে আলোচনা করতে শুনা যায়। একপর্যায়ে বিষয়টি ধামাচাপা দিতে তোড়-জোড় শুরু হয়। এদিকে স্থানীয়রা বিওপিতে খবর দিলে টলহটিম ঘটনাস্থলে গেলে দালাল চক্রের সদস্যরা দ্রুত ৩জন রোহিঙ্গাকে সরিয়ে ফেলে।

এ নিয়ে দিনভর আলোচনা হলেও বিজিবি রহস্যজনক কারনে বিজিবি উপস্থিত হয়েও ১জন পুরুষ, ১জন মহিলা ও ১জন শিশুকে পাওয়ার পরও ভিযিও ছবি ধারন করে তাদেরকে আটক করেনি বলে অভিযোগ স্থানীয়দের। তারা আরও বলেন লালাখাল, বাঘছড়া, আফিফ্নগর, জঙ্গীবিল, লালমিয়ার টিলা, ইউনুছের টিলা, তুমইর, রাবার বাগান, ইয়ংরাজার ও বালিদাঁড়া এলাকার সীমান্ত দিয়ে ভারত হতে নারী পুরুষ ও শিশুরা প্রবেশ করছে দালাল চক্রের মাধ্যমে। কিন্তু সংশ্লিষ্ট বিজিবি কিছুই জানেন না।

এ বিষয়ে লালাখাল বিওপির কমান্ডার সাথে গতকাল সন্ধ্যা ৬টায় মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি প্রতিবেদকের নিকট রোহিঙ্গা আটকের বিষয়টি জানেন না বলে জানান। প্রতিবেদকের নিকট ছবি ভিডিও সংরক্ষিত আছে জানালে তিনি বলেন, আমি ক্যাম্পের বাহিরে আছি, ক্যাম্পে ফিরে ঘটনা সত্যতা জেনে আপনাকে অবগত করছি। প্রতিবেদন লেখা পর্যন্ত কোন উত্তর জানানি এবং ফোন ধরেননি।

এ বিষয়ে জানতে অভিযুক্ত সেলিমের সাথে কয়েকদফা যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

অপরদিকে এই ঘটনায় ভিডিও ধারণ ও ছবি তোলাকে কেন্দ্র করে মারামারি ঘটনা ঘটে এবং মোবাইল ও ২লক্ষ ছিনতাই করে নেয় মর্মে বাউরভাগ তিন জনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দায়ের করছেন বলে জানান মো. আকবর আলী।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার মোহাম্মদ বররুজ্জামান জানান, আমার নিকট অভিযোগ এসেছে, তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

ডাকসু নির্বাচনে ‘স্ট্রাইকিং ফোর্স’ হিসেবে থাকবে সেনাবাহিনী

0

আধুনিক ডেস্ক ::


ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ‘স্ট্রাইকিং ফোর্স’ হিসেবে ক্যাম্পাসের সাতটি প্রবেশমুখে সেনাবাহিনী অবস্থান করবে। প্রয়োজন অনুযায়ী সেনাবাহিনী ক্যাম্পাসে প্রবেশ করবে এবং ভোট শেষে ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত ভোটকেন্দ্র সেনা সদস্যরা কর্ডন (ঘিরে) করে রাখবেন। ভোট গণনার সময় সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া অন্য কারও প্রবেশের সুযোগ থাকবে না। মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে ডাকসু ও হল সংসদ নির্বাচন কমিশনার সূত্রে এই তথ্য জানা যায়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বরাতে রিটার্নিং কর্মকর্তারা জানান, রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী পুলিশ বাহিনী দায়িত্ব পালন করবে। ইতোমধ্যে টহল টিমসহ সংশ্লিষ্ট শাখাগুলো সক্রিয় রয়েছে। ভোট গ্রহণের দিন আটটি ভোটকেন্দ্রে তিন স্তরের নিরাপত্তা থাকবে। প্রথম স্তরে থাকবেন বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি সদস্য ও প্রক্টরিয়াল টিম। দ্বিতীয় স্তরে পুলিশ বাহিনী মোতায়েন থাকবে। তৃতীয় স্তরে সেনাবাহিনী ‘স্ট্রাইকিং ফোর্স’ হিসেবে ক্যাম্পাসের সাতটি প্রবেশমুখে সেনাবাহিনী অবস্থান করবে।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, নির্বাচনের সাত দিন আগে থেকে আবাসিক হলে কোনো বহিরাগত থাকতে পারবে না। নিয়মিত টহল পরিচালনার মাধ্যমে এ ব্যবস্থা কার্যকর করা হবে। তবে ছাত্রীদের হলগুলোতে কখনোই বহিরাগতরা থাকতে পারেন না। নির্বাচনের আগের দিন (৮ সেপ্টেম্বর) ও নির্বাচনের দিন (৯ সেপ্টেম্বর) মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন বন্ধ থাকবে। নির্বাচনের দিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পুরোপুরি সিলগালা থাকবে। বৈধ শিক্ষার্থী, অনুমোদিত সাংবাদিক ও নির্বাচন পরিচালনার সঙ্গে যুক্ত ব্যক্তিরা ছাড়া অন্য কেউ বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারবে না। যেসব শিক্ষার্থী ক্যাম্পাসের বাইরে থাকেন, তাদের ভোটদানের জন্য বিভিন্ন রুটে বাসের অতিরিক্ত ট্রিপের ব্যবস্থা করা হবে। এসব বাস নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে পুলিশের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে।

অন্যদিকে, নির্বাচন উপলক্ষে ডাকসু ও হল পর্যায়ের সহ-সভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) প্রার্থীদের সঙ্গে চিফ রিটার্নিং কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তাদের শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন চিফ রিটার্নিং কর্মকর্তা ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. গোলাম রব্বানী (সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট), অধ্যাপক ড. কাজী মারুফুল ইসলাম (উন্নয়ন অধ্যয়ন বিভাগ), অধ্যাপক ড. নাসরিন সুলতানা (স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট), অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম (ব্যাংকিং ও ইন্স্যুরেন্স বিভাগ), অধ্যাপক ড. এস এম শামীম রেজা (গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ), অধ্যাপক ড. তারিক মনজুর (বাংলা বিভাগ), সহযোগী অধ্যাপক শারমীন কবীর (শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট) এবং হলের রিটার্নিং কর্মকর্তারা। সভায় প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি মেনে চলা এবং সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে রিটার্নিং কর্মকর্তারা দিকনির্দেশনা প্রদান করেন।

সিলেট থেকে স্থানান্তর হচ্ছে না সেটেলমেন্ট প্রেস

0

আধুনিক ডেস্ক ::

ঢাকায় স্থানান্তর হচ্ছে না সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসের প্রেস। এমনটিই আশ্বাস দিলেস ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার। মঙ্গলবার দুপুরে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির ও সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সাথে আলাপে তিনি এ আশ্বাস দেন।

সম্প্রতি সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসের প্রে ঢাকায় স্থানান্তরের পাঁয়তারা চলছে বলে অভিযোগ ওঠে। প্রতিবাদে মানববন্ধন-সংবাদ সম্মেলনসহ বিভিন্ন কর্মসূচি পালিত হতে থাকে। মঙ্গলবার দুপুরে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির ও সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ভূমি উপদেষ্টার নজরে আনলে তিনি এ আশ্বাস প্রদান করেন। তিনি আশ্বাস দিয়ে বলেন, সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসের প্রেস ঢাকায় স্থানান্তর করা হবে না।

জানা গেছে, ২০১২ সালে সিলেটে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের অধীনে এই মিনি প্রেসটি সিলেট জোনাল অফিসে স্থাপন করা হয়েছিল। স্থাপনের পর থেকেই প্রেসটি সুনামের সঙ্গে সিলেটের, ৪ জেলার ভূমি মালিকদের জন্য দ্রুত খতিয়ান ছাপার কাজ করে আসছে। এর ফলে এখানকার প্রবাসীরাও দ্রুত সেবা পাচ্ছিলেন, যা ভূমি সংক্রান্ত জটিলতা নিরসনে সহায়ক ছিল। এই প্রেসের কারনেই সিলেট জরিপ কাজ দ্রুত সমাপ্তির পথে।
‎
‎অভিযোগ, সাবেক জোনাল সেটেলমেন্ট অফিসার কাজী মাহবুব উর রহমান অনৈতিক সুবিধা না পেয়ে একটি লিখিত পত্রে মিথ্যা তথ্য দিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ভুল বুঝিয়ে প্রেসটি ঢাকায় স্থানান্তরের প্রস্তাব দেন।

চেয়ারম্যানের একক সিদ্ধান্তে প্রকল্প বণ্টনের অভিযোগ

0

ইউপি সদস্যের উপজেলা নির্বাহী অফিসার বরাবরও লিখিত অভিযোগ দাখিল

দোয়ারাবাজার প্রতিনিধি:

সুনামগঞ্জের দোয়ারাবাজার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদের বিরুদ্ধে দলীয় স্বজনপ্রীতি ও বৈষম্যমূলক আচরণের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ইউপি সদস্য কাসম আলী।

মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন। এর আগে সোমবার বিকালে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরূপ রতন সিংহের বরাবরও চেয়ারম্যানের বিরুদ্ধে লিখিত অভিযোগ দাখিল করেন।

সংবাদ সম্মেলনে কাসম আলী অভিযোগ করেন, চেয়ারম্যান আব্দুল হামিদ পরিষদের আইন-কানুন উপেক্ষা করে সরকারি বরাদ্দ প্রকল্পগুলো একক সিদ্ধান্তে নিজ দলীয় ব্যক্তিদের মধ্যে বণ্টন করছেন। নিয়ম অনুযায়ী পরিষদের সব সদস্যদের উপস্থিতিতে আলোচনার মাধ্যমে প্রকল্প অনুমোদনের কথা থাকলেও তা মানা হচ্ছে না।

তিনি আরও বলেন, নৌকা প্রতীকে নির্বাচিত ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ নানা ষড়যন্ত্র ও হয়রানি চালিয়ে আসছেন। সম্প্রতি প্রাণনাশের হুমকিও দিয়েছেন। এর আগেও তিনি সাবেক ইউএনও নেহের নিগার তনুসহ সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ করেছিলেন।

কাসম আলীর দাবি, চেয়ারম্যান আব্দুল হামিদ ২৪’শের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলার আসামি, এ বছর দুই দফা জেল খেটেছেন এবং একাধিক হত্যা মামলারও আসামি। স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় যেকোনো সময় বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন তিনি।

নিজ ও পরিবারের নিরাপত্তার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন ইউপি সদস্য কাসম আলী।

সংবাদ সম্মেলনে ইউপি সদস্য আব্দুর রাজ্জাক ভুট্টো, সমাজসেবক আবু তালেবসহ স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অভিযোগ প্রসঙ্গে ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ বলেন, “এক বাজেটে সব ওয়ার্ডে উন্নয়নমূলক কাজ করা সম্ভব নয়। পর্যায়ক্রমে সবার এলাকায় উন্নয়ন কাজ দেওয়া হচ্ছে।”

এ বিষয়ে দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা অরূপ রতন সিংহ বলেন, “অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”