Home Blog Page 145

দোয়ারাবাজারে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ উদ্বোধন

0

দোয়ারাবাজার প্রতিনিধি:

সুনামগঞ্জের দোয়ারাবাজার সদর ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ৪৫৩ জন কার্ডধারীর মাঝে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে স্থানীয় নেতৃবৃন্দ এ কর্মসূচির উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপি নেতৃবৃন্দ স্বচ্ছতা ও সুষ্ঠু বিতরণ নিশ্চিত করার আহ্বান জানান। তারা বলেন, প্রত্যেক কার্ডধারীকে নিজে উপস্থিত থেকে নির্ধারিত চাল গ্রহণ করতে হবে। এছাড়া চাল বিতরণ কার্যক্রমে ডিলার নারায়ণ চক্রবর্তী ও তদারকি কর্মকর্তা আল-আমিনসহ সংশ্লিষ্টদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করেন।

ডিলার নারায়ণ চক্রবর্তী জানান, স্বচ্ছতার সাথে চাল বিতরণ শুরু করা হয়েছে। কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি প্রশ্রয় দেওয়া হবে না। যদি কোনো কার্ডধারী উপস্থিত না থাকেন, তাহলে ইউপি চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তার পরামর্শে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। এ জন্য তিনি স্থানীয় জনপ্রতিনিধি ও সবার সহযোগিতা কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব জামাল উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এরশাদুর রহমান এরশাদ ও দোয়ারাবাজার সদর ইউপি সদস্য। এছাড়া স্বেচ্ছাসেবক দলের রাসেল আহমদ, ফটিক আহমেদসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

‘বাংলাদেশ জেল’ নাম পরিবর্তন হয়ে হচ্ছে ‘কারেকশন সার্ভিসেস বাংলাদেশ’

0

‎আধুনিক ডেস্ক ::

বাংলাদেশ জেলের নাম পরিবর্তন করে ‘কারেকশন সার্ভিসেস বাংলাদেশ’ করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ‎কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন। ‎মঙ্গলবার (২৬ আগস্ট) বেলা ১১টায় রাজধানীর কারা সদরদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি। ‎

তিনি জানান, কারাগারকে সংশোধনমূলক প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে ‘বাংলাদেশ জেল’র নাম পরিবর্তন করে ‘কারেকশন সার্ভিসেস বাংলাদেশ’ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া আইনকানুন যুগোপযোগী করার জন্য ‘কারেকশন সার্ভিস অ্যাক্ট-২০২৫’র খসড়া চূড়ান্ত করে অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়েছে।

কারা মহাপরিদর্শক বলেন, জনবলকে উৎপাদনমুখী করা হবে। এতে বন্দী নিজেই তার নিজের খরচ বহন এবং পরিবারকে সহায়তা করতে পারবেন। ধারণক্ষমতার অতিরিক্ত বন্দীদের স্থান সংকুলানের জন্য নতুন দুটি কেন্দ্রীয় ও চারটি জেলা কারাগার চালু করা হয়েছে। কারা অধিদপ্তরের পোস্টিং বাণিজ্য রোধে মেধা ও সততার ভিত্তিতে কর্মকর্তাদের পদায়ন করা হচ্ছে।

তিনি জানান, কারা বিভাগে নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি ও স্বজনপ্রীতি ঠেকাতে প্রযুক্তিনির্ভর স্বচ্ছ ব্যবস্থা চালু করা হয়েছে। এতে দালালচক্র দুর্বল হওয়ার পাশাপাশি ভুয়া পরীক্ষার্থীদেরও শনাক্ত করা সম্ভব হয়েছে।

শাহজালাল বিমানবন্দরে ১৩০ কোটি টাকার কোকেনসহ বিদেশি নাগরিক আটক

0

আধুনিক ডেস্ক ::

ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাড়ে ৮ কেজি কোকেনসহ গায়েনার এক যাত্রীকে আটক করা হয়েছে। সোমবার গভীর রাতে এই যাত্রীকে আটক করা হয়। তাঁর নাম এম এস কারেন পেতুলা স্টাফেল। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এই তথ্য জানিয়ে বলেছে, জব্দ করা কোকেনের দাম প্রায় ১৩০ কোটি টাকা। মঙ্গলবার (২৬ আগস্ট) শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল রাতে অধিদপ্তরের মহাপরিচালকের কাছে গোপন খবর আসে। বলা হয়, দোহা থেকে কাতার এয়ারওয়েজের একটি উড়োজাহাজ ঢাকায় আসছে। এই উড়োজাহাজে থাকা এক যাত্রী মাদক চোরাচালানে সম্পৃক্ত থাকতে পারেন। এই তথ্যের ভিত্তিতে শুল্ক গোয়েন্দারা শাহজালাল বিমানবন্দরে সতর্ক অবস্থান নেয়। উড়োজাহাজটি দিবাগত রাত আড়াইটার দিকে বিমানবন্দরে অবতরণ করে। শুল্ক গোয়েন্দারা সঙ্গে সঙ্গে যাত্রীর পরিচয় নিশ্চিত হন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দারা যাত্রী পেতুলা স্টাফেলের ব্যাগেজ স্ক্যানিং করেন। ব্যাগেজে ২২টি ডিম্বাকৃতির ফয়েল পেপারে মোড়ানো কোকেন পান তারা। বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের উপস্থিতিতে এই কোকেন উদ্ধার হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এতে বলা হয়, পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিমানবন্দর ইউনিটির পরীক্ষায়ও এগুলো কোকেন বলে প্রমাণিত হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কোকেনসহ পেতুলা স্টাফেলকে বিমানবন্দর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ডিসির সঙ্গে বৈঠক : পাথরকাণ্ডে প্রকৃত দোষীদের শনাক্তের দাবি সিলেটের রাজনৈতিক নেতাদের

0

আধুনিক ডেস্ক ::

সাদাপাথর লুটপাটে জড়িত ‘প্রকৃত দোষীদের’ শনাক্তের দাবি জানিয়েছেন সিলেটের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। সিলেটের নতুন জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের সঙ্গে মতবিনিময় সভায় তারা এ দাবি জানান। সোমবার (২৫ আগস্ট) সিলেটের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে মতবিনিময় সভা করে সারওয়ার আলম। সভায় রাজনৈতিক পরিস্থিতি, উন্নয়ন, পর্যটন, আইনশৃঙ্খলাসহ নানা বিষয়ে সভায় আলোচনা হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক। এতে ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের মধ্যে সিলেটের পুলিশ সুপার মাহবুবুর রহমান, জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক সুবর্ণা সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। বেলা সাড়ে তিনটায় শুরু হওয়া বৈঠক শেষ হয় বিকেল সাড়ে পাঁচটায়।

সভায় জেলার কোম্পানীগঞ্জের সাদাপাথর লুটে জড়িত ব্যক্তিদের তালিকায় রাজনৈতিক দলের নেতাদের নাম দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রতিবেদনে অন্তর্ভুক্তের বিষয় নিয়েও আলোচনা হয়েছে। ওই নেতাদের দাবি, সম্পূর্ণ উদ্দেশ্যমূলকভাবে জেলা ও মহানগর পর্যায়ের কিছু সুপরিচিত রাজনৈতিক নেতার নাম দুদকের প্রতিবেদনে এসেছে।

মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেন, এক সমাবেশে অংশ নিয়ে জীববৈচিত্র্য সংরক্ষণ ও পরিবেশের ভারসাম্য বজায় রেখে সনাতন পদ্ধতিতে পাথর উত্তোলনের পক্ষে তিনি মত দিয়েছিলেন। কখনোই লুটপাটকারীদের প্রশ্রয় দেননি। অথচ লুটের তালিকায় তাঁর নাম এসেছে। সংশ্লিষ্টতার বিষয়ে এখন দুদকেই প্রমাণ দিতে হবে।

মহানগর জামায়াতের আমির ফখরুল ইসলাম বক্তব্যে বলেন, পর্যটনকেন্দ্র সাদাপাথর লুটেরা চক্র ধ্বংস করায় দেশ-বিদেশে সুনাম ক্ষুণ্ন হয়েছে। দুদকের বরাতে তাঁর নাম জড়িয়ে সংবাদ প্রকাশে ব্যক্তি হিসেবে তিনি অপমানিত হয়েছেন। এ ব্যাপারে প্রশাসনকে খোঁজ নিয়ে লুটকাণ্ডে প্রকৃত দোষী ব্যক্তিদের চিহ্নিত করার আহ্বান জানান তিনি।

জেলা জামায়াতের আমির হাবিবুর রহমান বলেন, পাথর লুটের প্রকৃত ঘটনা লুকাতে পরিকল্পিতভাবে রাজনৈতিক নেতাদের নাম জড়ানো হয়েছে। তবে কে বা কারা ঘটিয়েছেন, তা পরিষ্কার করতে জেলা প্রশাসকের প্রতি তিনি অনুরোধ জানান।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী বলেন, পর্যটনকেন্দ্রে দুর্বৃত্তায়নের বিপক্ষে শক্ত অবস্থানে থাকবে বিএনপি। অন্যদিকে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী সিলেট-ঢাকা মহাসড়কের ছয় লেন প্রকল্পসহ সিলেটের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ধীরগতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

বৈঠকে গত বছরের ৫ আগস্টপরবর্তী রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি; সিলেটের সার্বিক উন্নয়ন কার্যক্রম; নগরের যানজট সমস্যার সমাধান ও হকার উচ্ছেদের পাশাপাশি পুনর্বাসন; ঢাকা-সিলেট মহাসড়কের ছয় লেন প্রকল্পের অগ্রগতি; শিক্ষা ও স্বাস্থ্য খাতে জেলার মানোন্নয়ন এবং সিলেটের পর্যটনশিল্পের প্রসারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়ে আলোচনা করা হয়।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেন, যাবতীয় সমস্যা সমাধান ও বাস্তবায়নে তিনি আন্তরিকতার সঙ্গে চেষ্টা করবেন। এ ছাড়া পাথর–কাণ্ডের সফল সমাধানের পর শিক্ষা, স্বাস্থ্য ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তিনি কাজ করবেন।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহক্ষুদ্র ঋণ ও কুটিরশিল্পবিষয়ক সম্পাদক আবদুর রাজ্জাক, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, মহানগর জামায়াতের সেক্রেটারি জয়নাল আবেদীন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সিলেট জেলার প্রধান সমন্বয়কারী নাজিম উদ্দিন, এবি পার্টি সিলেট মহানগরের সমন্বয়ক রেজাউল করিম, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিলেট মহানগর শাখার সভাপতি রিয়াজুল ইসলাম ও জেলার সভাপতি মুফতি সাঈদ আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।

জৈন্তাপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

0

জৈন্তাপুর প্রতিনিধিঃ

সিলেটের জৈন্তাপুর উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জর্জ মিত্র চাকমা।

সভায় গত মাসের কার্যবিবরণী উপস্থাপনের পর জৈন্তাপুরের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তৃত আলোচনা হয়। বিশেষ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, সীমান্তে চোরাচালান প্রতিরোধ, অবৈধ বালু-পাথর উত্তোলন বন্ধ, মহাসড়কে যানজট নিরসন এবং সম্প্রতি কিশোরদের মধ্যে বাড়তে থাকা অনলাইন ও মোবাইল জুয়ার প্রবণতা রোধে কার্যকর পদক্ষেপের ওপর গুরুত্ব আরোপ করা হয়।

জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান সভায় জানান, গত এক মাসে থানার বিভিন্ন অভিযানে তিনটি ধর্ষণ মামলার তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা পাঁচ মামলায় ১২ জন ও চুরির ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।

সভায় আরও উপস্থিত ছিলেন— সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার লাবনী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এন ইসলাম মোহাম্মদ ফারুক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাসিনুর রহমান, কৃষি কর্মকর্তা শামীমা আক্তার, উপজেলা প্রকৌশলী এ কে এম রিয়াজ মাহমুদ, নিজপাট ইউনিয়নের চেয়ারম্যান ইন্তাজ আলি, জৈন্তাপুর ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল ইসলাম, চারিকাঠা ইউনিয়নের চেয়ারম্যান সুলতান করিম, দরবস্ত ইউনিয়নের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, সিনিয়র মৎস্য কর্মকর্তা অলিউর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, আবাসিক প্রকৌশলী সজল চাকলাদার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবেদ হাসান, সমবায় কর্মকর্তা শরীফুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী রুহুল আমিন, শ্রীপুর ও জৈন্তাপুর বিওপির ক্যাম্প কমান্ডার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ঝিনুক, আনসার কর্মকর্তা হেপী রানী সরকারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা।

সভা শেষে জৈন্তাপুর উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে প্রশাসন, জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখার অঙ্গীকার করা হয়।

‘অস্ত্রোপচারের ভয়ে’ হাসপাতালের ভবন থেকে লাফ, রোগীর মৃত্যু

0

আধুনিক ডেস্ক ::

সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন এক রোগী হাসপাতালের বহুতল ভবন থেকে লাফিয়ে পড়ে মারা গেছেন। নিহত ফয়েজ আহমদ (৩০) সিলেটের কানাইঘাটের বাসিন্দা। তিনি সিলেট নগরের মীরবক্সটুলা এলাকার উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। প্রাথমিকভাবে নিহত ব্যক্তি ‘অস্ত্রোপচারের ভয়ে’ এমনটি করেছেন বলে ধারণা করছে পুলিশ।

হাসপাতাল সূত্রে জানা যায়, রোববার রাত দেড়টার দিকে ফয়েজ আহমদ হাসপাতালের ৯ম তলার জানালা দিয়ে লাফ দেন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তাঁর মৃত্যু হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ফয়েজ আহমদ নামের ওই রোগী মূত্রনালি ও মূত্রথলির সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সোমবার (২৫ আগস্ট) তার অস্ত্রোপচারের কথা ছিল। কিন্তু এর আগেই রোববার রাতে হাসপাতালের ৯ম তলার সিঁড়ির জানালা দিয়ে নিচে লাফ দেন। এতে গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অস্ত্রোপচারের ভয়ে হাসপাতালের ওপর থেকে লাফ দিয়েছিলেন ওই ব্যক্তি। পরে হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ব্যক্তির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আলী আমজাদের ঘড়ির পাশেই জুলাই স্মৃতিফলক, সমালোচনা

0

আধুনিক রিপোর্ট ::

সিলেটকে তখন বাংলা থেকে কেটে নতুন হওয়া আসাম প্রদেশের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছিলো। সিলেটের বাসিন্দারা তা মানতে পারেননি। ১৮৭৪ সালে তাদেরকে মানাতে সিলেট আসতে হয় বাংলার গভর্নর লর্ড নর্থব্রুককে। তার সম্মানের মৌলভীবাজারের কুলাউড়ার পৃত্থিমপাশার জমিদার নবাব আলী আহমদ খান সুরমা নদীর উত্তর তীরে একটি ঘড়িঘর নির্মাণ করেন। ঘড়িটি পরিচিতি পায় তার ছেলে আলী আমজদ খানের নামে। কালের পরিক্রমায় এ ঘড়িটি হয়ে ওঠে সিলেটের একটি পরিচয়ের স্মারক।
দেড় শতাব্দীর সাক্ষী ঐতিহ্যবাহী আলী আমজদের ঘড়িপ্রাঙ্গনে জুলাইয়ের শহীদদের স্মরণে স্মৃতিফলক ‘স্ট্রিট মেমোরি স্ট্যাম্প’ স্থাপন করা হচ্ছে। ঐতিহ্যবাহী স্থাপনার অংশবিশেষ আড়াল করে স্মৃতিফলক নির্মাণের বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে সমালোচনা। এতে ঘড়িঘরের প্রকৃত স্থাপত্যশৈলী আড়ালে পড়ে যাচ্ছে, এমনটাই দাবি সমালোচনাকারীদের। তাদের ভাষ্য, স্মৃতিফলকের জন্য অন্য কোনো স্থান বেছে নেওয়া যেত।

তারা বলছেন, আলী আমজদের ঘড়িঘরের আশপাশের এলাকায় অনেক উন্মুক্ত জায়গা আছে। সেসব জায়গায় স্মৃতিফলক নির্মাণ না করে ঠিক ঘড়িঘর ঘেঁষে এ স্মৃতিফলক নির্মাণের উদ্যোগ নেওয়া ঠিক হয়নি। জুলাই শহীদদের স্মরণে স্মৃতিফলক নির্মাণ অবশ্যই প্রয়োজনীয়, তবে সেটা করতে গিয়ে আরেকটি ঐতিহ্যবাহী স্থাপনার সৌন্দর্য নষ্ট করা ঠিক নয়।
জানা গেছে, ছাত্র-জনতার অভ্যুত্থান চলাকালে যাঁরা শহীদ হয়েছেন, তাদের স্মরণে প্রত্যেকের জন্য আলাদাভাবে ঘটনাস্থলে কিংবা ঘটনাস্থলের পাশে একই নকশায় ‘স্ট্রিট মেমোরি স্ট্যাম্প’ নামে স্মৃতিফলক নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। সিলেট নগরে চারজন শহীদের স্মরণে এমন স্মৃতিফলক নির্মাণের কাজ গত জুলাই মাসে শুরু হয় এবং আগস্ট মাসে শেষ হওয়ার কথা। নির্মাণকাজ বাস্তবায়ন করছে সিলেট সিটি করপোরেশন।

সিটি করপোরেশন সূত্র জানায়, স্মৃতিফলক নির্মাণের স্থান চূড়ান্ত করতে একটি কমিটি গঠিত হয়েছে। বিশেষত মামলার তদন্তকারী কর্মকর্তা শহীদদের শহীদ হওয়ার স্থান দেখিয়ে দিয়েছেন। সে অনুযায়ী ঘটনাস্থল ও ঘটনাস্থলের কাছাকাছি স্মৃতিফলক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। আলী আমজদের ঘড়ির সামনে মো. পাবেল আহমদ কামরুল ও পঙ্কজ কুমার কর শহীদ হন। তাই কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সেখানে দুই শহীদ স্মরণে স্মৃতিফলক নির্মিত হচ্ছে।

এর বাইরে কোর্ট পয়েন্ট মধুবন মার্কেটের সামনে শহীদ সাংবাদিক আবু তাহের মো. তুরাব এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শহীদ শিক্ষার্থী রুদ্র সেনের স্মরণে ঘটনাস্থলের পাশে স্মৃতিফলক নির্মিত হচ্ছে। প্রতিটি ফলক নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১ লাখ ৮ হাজার ৩৭৫ টাকা।

‘মব জাস্টিস’ আমার ওপর চলতে পারে কি না: বিএনপি নেতা ফজলুর রহমান

0

আধুনিক ডেস্ক ::

দেশের স্বাধীনতার জন্য ৫৪ বছর আগে মুক্তিযুদ্ধ করার কথা উল্লেখ করে দেশবাসীর উদ্দেশে বিএনপি নেতা ফজলুর রহমান প্রশ্ন করেছেন, এই দেশে তাঁর বেঁচে থাকার অধিকার আছে কি না। বিশ্বজুড়ে ঘৃণিত ‘মব জাস্টিস’ তাঁর ওপর চলতে পারে কি না। এগুলোর উত্তর যদি ‘না’ হয়, তাহলে এসবের প্রতিবাদ করার আহ্বান জানিয়েছেন তিনি। ফজলুর রহমান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে ‘কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর বক্তব্য’ দেওয়ার অভিযোগে গতকাল রোববার তাঁকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিএনপি। এরপর মধ্যরাত থেকে তাঁকে গ্রেপ্তারের দাবিতে রাজধানীর সেগুনবাগিচায় ফজলুর রহমানের বাসার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন একদল ব্যক্তি।

এ পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের আইনজীবী ফজলুর রহমান আজ সোমবার দুপুরে আদালত প্রাঙ্গণে গিয়ে বিষয়টি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। নিজের ও স্ত্রী–সন্তানের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, ‘হে বাংলাদেশের মানুষ, আমি তো আজ থেকে ৫৪ বছর আগে আপনাদের জন্য যুদ্ধ করেছিলাম। আজকে যে সন্তানেরা আমার বিরুদ্ধে স্লোগান দেয়, তোমাদের জন্য একটি স্বাধীন দেশ সৃষ্টি করার জন্য আমি যুদ্ধ করেছিলাম। তোমাদের কাছ থেকে কি অপমৃত্যুটা আমার কাম্য?’

ফজলুর রহমান বলেন, ‘যদি আমার কোনো কথায় তোমরা মনে করো, আমি দেশের বিরুদ্ধে কথা বলছি বা তোমাদের কর্মকাণ্ডের বিরুদ্ধে কথা বলছি, আমার বিরুদ্ধে মামলা করো, আমাকে গ্রেপ্তার করো, আমাকে শাস্তি দাও। কিন্তু আমাকে হত্যা করার জন্য আমার বাসা পর্যন্ত মব সৃষ্টি করো গিয়া, যেটা গত এক বছর যাবৎ বাংলাদেশে, এই পৃথিবীতে এবং বাংলাদেশে সবচেয়ে কুখ্যাত নাম মব, সেই মব জাস্টিস আমার ওপর চলতে পারে কি না এবং চলবে কি না, সেটা আমি বাংলাদেশের মানুষের কাছে জিজ্ঞাসা করতে চাই।’

এর পাশাপাশি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে অবস্থিত ল রিপোর্টার্স ফোরামের কার্যালয়ে গিয়ে সংবাদ সম্মেলন করেন ফজলুর রহমান। এ সময় তাঁর স্ত্রী ও ছেলেও উপস্থিত ছিলেন। সেখানে ফজলুর রহমান বলেন, ‘বাংলাদেশের মানুষ, আপনারা জেনে রাখুন, আমার জীবন বড় শঙ্কায় আছে। আমি মুক্তিযুদ্ধ ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি।…আমি একজন মানুষ। আমার অধিকার আছে বেঁচে থাকার।’

এ পরিস্থিতিতে সাধারণ ডায়েরি (জিডি) করবেন কি না, এমন প্রশ্নের জবাবে বিএনপি নেতা ফজলুর রহমান বলেন, ‘জিডি করব না, মাইরা ফেললেও… জিডি–টিডি কিছুই করব না।’

সংবাদ সম্মেলনে ফজলুর রহমান বলেন, ‘আমার প্রধান কাজ হলো, রাজনীতি করা। আর নিজের জীবন–জীবিকা নির্বাহের জন্য আমি ওকালতি করি।…গতকালকে একটা ঘটনা ঘটেছে। আমি পাঁচটার দিকে শুনতে পেলাম যে আমাকে দল একটা শোকজ নোটিশ দিয়েছে, আমার দল জাতীয়তাবাদী দল বিএনপি। রাত নয়টায় দলের একটা কাগজও পেলাম।…দেখলাম, আমার নামে দল কিছু কর্মকাণ্ড ও কথাবার্তার জন্য শোকজ নোটিশ করেছে, উত্তর দেওয়ার জন্য। এটা খুবই একটা স্বাভাবিক ঘটনা। একটা রাজনৈতিক দলের একজন কর্মীর প্রতি তার দল যদি মনে করে, কর্মীর বোধ হয় কিছু ক্রটি–বিচ্যুতি আছে, তাকে শোকজ করতেই পারে। আমাকেও করেছে। নির্দিষ্টভাবেই আমি বলতে চাই, আমি তার উত্তর দলকে দেব। দল যা জানতে চায়, তা–ও আমি বলব। তারপরে দল আমার বিরুদ্ধে সিদ্ধান্ত নেবে। এখন পর্যন্ত কিন্তু আমি দলের মধ্যেই আছি, এখন পর্যন্ত আমি দলের চেয়ারপারসনের উপদেষ্টা।’

শোকজের সঙ্গে শিক্ষার্থীদের আন্দোলনের কোনো লিঙ্ক (যোগসূত্র) খুঁজে পাচ্ছেন কি না, এমন প্রশ্নের জবাবে ফজলুর রহমান বলেন, ‘শোকজের সঙ্গে লিঙ্ক খুঁজে পাচ্ছি, এটি এখনো বলব না। তবে তারা আগে থেকে অনেক মানুষের…আমি তো ফজলুর রহমান, সামান্য মানুষ; কত মহান মানুষের গালে তারা জুতা মারছে।…আমার কথা হলো জুতা মারে, কথা বলে, সেটা তো বলবেই। তাদের ব্যাপারে মানুষ বিচার করবে। কিন্তু আমার বাসার সামনে গিয়া আমাকে হত্যা করার জন্য বা আমার মৌলিক অধিকারকে থামিয়ে দেওয়ার জন্য; কথাটা জাতির সামনে জানিয়ে গেলাম। তারা আমাকে জুতা মারবে না মিছিল করবে, এটা করুক গিয়ে। প্রয়োজনে তাদের বিরুদ্ধে কিছু বলে থাকলে তারা গিয়া মামলা করুক আমার বিরুদ্ধে।’

অপর এক প্রশ্নের জবাবে ফজলুর রহমান বলেন, ‘আমার জীবনের নিরাপত্তার ব্যাপার বলে গেলাম। আমার এ দেশে বাঁচার অধিকার আছে। আমি একজন মুক্তিযোদ্ধা।…এখন আমার বাসার সামনে গিয়ে যেগুলো হচ্ছে, আপনাদের মাধ্যমে জাতিকে, দেশকে এবং নিরাপত্তা বাহিনীকে জানিয়ে গেলাম।’

এক প্রশ্নের জবাবে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান বলেন, ‘ছেলেরা বা ছাত্ররা যদি মনে করে, অন্য দলের লোকেরা যদি মনে করে, আমি জামায়াত–শিবির মুক্তিযুদ্ধবিরোধী লোকজনের বিরুদ্ধে আমি কথা বলেছি, এটা আমি বলব। এতে যদি কোনো ধরনের আমার কথার মধ্যে কারও প্রতি অসম্মান করে থাকি, আঘাত করে থাকি, তারা মনে করে, তাহলে তারা রাজনৈতিকভাবে এটার জবাব দেবে, আমি তাদের জবাব দেব। এটার জন্য তো পরস্পরকে হত্যা করার ব্যাপার নাই। বাসার সামনে মব করার তো দরকার নাই।’

এর আগে সংবাদ সম্মেলনে ফজলুর রহমান বলেন, ‘আজকে (সোমবার) হঠাৎ করে যেটি দুর্ভাগ্যজনক, আমার বাসার সামনে কিছু মিছিলের শব্দ পাইলাম। সেই শব্দগুলো বলাটাও আমার কাছে মনে হইল, কিছু ছোট ছোট ছেলেমেয়ে আমার সন্তানের সমান। এরা কারা, আমি চিনিও না। এরা স্লোগান আমার নামে দিল, ফজু পাগলাকে গ্রপ্তার করো…ইত্যাদি ইত্যাদি। ফজু পাগলা মানে আমি বাংলাদেশে এখন ফজু পাগলা হয়ে গেছি। এই নামটা আমাকে দিয়েছে মুক্তিযুদ্ধবিরোধী জামায়াতে ইসলামী—আমি নাকি ফজু পাগলা। প্রথম এই কথাটা বলেছে, মুফতি আমির হামজা নামে একজন লোক।…এই ছেলেপেলেরাও আমার নামে ফজু পাগলা স্লোগান দিয়েছে, আমি বাংলাদেশের একজন পাগলা। কিন্তু সবচেয়ে বড় কথা হলো, তারা আমাকে হত্যা করতে চায়। আমাকে মারতে চায়, তারা আমার বাসার সামনে যেভাবে গিয়ে মব সৃষ্টি করেছে… আমি দেখছি, গত এক বছর যাবৎ ৫ই আগস্টের পর থেকে আমাদের কিছু সন্তান মব সৃষ্টি করে তাদের দাবিদাওয়া বলেন, আর যা–ই বলেন, আদায় করতে চায়।…কিন্তু আমার মতো একজন সিনিয়র মানুষ যে দেশটার জন্য যুদ্ধ করেছি, আমি যুদ্ধ না করলে বা মুক্তিযোদ্ধারা যুদ্ধ না করলে এই সন্তনেরা তো বাংলাদেশের সন্তান হইত না, এরা হইত পাকিস্তানের সন্তান। আমাদেরকে হত্যা করা বা আমাদের নামে বিশ্রী স্লোগান দেওয়া বা আমি একটা ভাড়া বাসায় (সেগুনবাগিচাস্থ কনকর্ড টাওয়ার) থাকি, এটা নিজের কোনো বাসা না।’

ফজলুর রহমান বলেন, ‘আমি মনে করতাছি, আমি যে ভাড়া বাসায় আছি, যেভাবে গিয়ে আমার সঙ্গে মব সৃষ্টি করা হইছে, বাসায় আমাকে থাকতে দেবে কি না?…মালিক বলতে পারে, ভাই, আপনাকে বাসা ভাড়া দিলে আমার বাড়িঘর পুইড়া ফেলবে, যেইটা করতাছে মব। আমি আমার জীবন নিয়ে চিন্তিত যতটা, তার চেয়ে আমার স্ত্রী দেখেন বসে আছে। আমার সন্তানেরাও ওখানে থাকে। দুই সন্তান আমার সাথে থাকে। তাদের তো কোনো অপরাধ নাই। একজনের বাসা পর্যন্ত গিয়া মব সৃষ্টি করা যেটি বাংলাদেশে হচ্ছে, সেটি ন্যায়ভিত্তিক মনে করেন কি না?’

বিএনপি নেতা ফজলুর রহমান বলেন, ‘আমি আমার জীবন, আমি কোনো ভয় করি না। মৃত্যুকে আমি কোনো দিন ভয় করি না। কিন্তু অপমৃত্যু আমার কাছে সবচেয়ে বেশি লজ্জাজনক। আমার কাছে মনে হচ্ছে, দেশ–বিদেশ থেকে স্বাধীনতাবিরোধী শক্তির যারা ইউটিউবার এবং যারা তাদের পক্ষে সাংবাদিকতা করে স্বাধীনতাবিরোধী শক্তির পক্ষে দেশ–বিদেশে থেকে বেশ কয়েক দিন যাবৎ প্রথম বলছে, ফজলুর রহমানকে মব জাস্টিস করো, তার ওপর মব জাস্টিস এখন প্রযোজ্য।…ফ্রান্স থেকে দুজন সাংবাদিক বলেছে, তাকে হত্যা করাই দরকার।…জামায়াতের একজন ইউটিউবার বলেছে, ফজলু পাগলাকে জবাই করেই হত্যা করতে হবে। এই যে অবস্থা, এই অবস্থাটা জানানোর জন্য আমি আপনাদের কাছে এসেছি। তার রেজাল্ট দেখছি, আমার বাড়ির সামনে সাত–আট বা নয়জন ছেলেমেয়ে, তারা কারা, কোন দলের; আমি চিনি না।’

‘এই যে অবস্থা, এই অবস্থাতে আমি তো বাংলাদেশের একজন নাগরিক; আমার তো বাঁচার অধিকার আছে’ উল্লেখ করে সংবাদ সম্মেলনে বিএনপি নেতা ফজলুর রহমান বলেন, ‘প্রথমে বাংলাদেশের জনগণের কাছে হাত জোড় করে আহ্বান জানাব, আমি বাংলাদেশের ফজলুর রহমান। আমি হাত জোড় করে জানাব, আমি একজন মানুষ। আমি হাত জোড় করে আপনাদের কাছে, জনগণের কাছে বলতে চাই, আমি একজন মুক্তিযোদ্ধা। আমার বাঁচার অধিকার এ দেশে আছে, এটা আমি মনে করি। এটা আপনারা মনে করেন কি না? কিন্তু আপনারা কি মনে করেন, এভাবে আমাকে হত্যা করলে পরে বাংলাদেশ এবং বাংলাদেশের যে অবস্থা, সে অবস্থাটা কি এ রকমই থাকবে? আমাকে হত্যা করা উচিত বলেই কি আপনারা মনে করেন? আর আমার দলকে আমি বলব, এই কথাটা দল আমাকে একটা শোকজ করতেই পারে, আমি উত্তর দেব। এটা দলের সঙ্গে আমার ব্যাপার, তখন দেখা যাবে। কিন্তু আমাকে হত্যা করার জন্য যারা আসল, আমি তাদেরকে চিনি না, জানি না। তাদের সঙ্গে আমার কোনো সম্পর্কও নাই। তাদের সঙ্গে আমার শত্রুতাও নাই। আমার কোনো মিত্রতাও নাই। কিন্তু এই যে মব একটা সিচুয়েশন সৃষ্টি হইয়া আমাকে যে হত্যা করার জন্য বা আমার ছেলেমেয়েদের সর্বনাশ করার জন্য, আমার পরিবারকে সর্বনাশ করার জন্য, আমি একটা ভাড়া বাসায় থাকি, এর মধ্য দিয়ে আমার কাছে মনে হচ্ছে যে এই দেশে আমার বাঁচার অধিকার আছে কি নাই, এটা জনগণকে জানানো উচিত।’

সংবাদ সম্মেলনে ফজলুর রহমান বলেন, ‘আমি বাংলাদেশের জনগণকে আবারও প্রশ্ন করতে চাই, এ দেশে আমার বাঁচার অধিকার আছে কি না? আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আমার স্ত্রীর যোগোযোগ করার সঙ্গে সঙ্গে পুলিশ এসেছে। তারা তাদের দায়িত্ব পালন করেছে। আমি শুনেছি আর্মিও এসেছে। তাদেরকে ধন্যবাদ জানাই। কিন্তু পুলিশ আর আর্মি আসাই কি আমার মতো একজন মুক্তিযোদ্ধার বাড়িতে আমার জন্য খুব সম্মানজনক ব্যাপার। যারা আমাকে বাঁচাইতে চাবে যে পুলিশ–আর্মি গার্ড করবে, আমি একা একা দেশে চলতে পারবো না?’

ফজলুর রহমান বলেন, ‘সারা জাতিকে জানাতে চাই, বাংলাদেশের মানুষ, আপনারা জেনে রাখুন, আমার জীবন বড় শঙ্কায় আছে। আমি মুক্তিযুদ্ধ ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি।…আমি একজন মানুষ। আমার অধিকার আছে বেঁচে থাকার।’

দেশ নির্বাচনের জন্য প্রস্তুত: প্রধান উপদেষ্টা

0

আধুনিক ডেস্ক ::

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, সরকারের প্রত্যক্ষ মদদে এক বছর আগে ঘটে যাওয়া হত্যাযজ্ঞ এবং ছাত্র-জনতার গণ–অভ্যুত্থানের পর বর্তমানে দেশ যথেষ্ট স্থিতিশীল এবং নির্বাচনের জন্য প্রস্তুত। তিনি বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন ঘোষণা করা হয়েছে; এবং এই নির্বাচনের মাধ্যমে অন্তর্বর্তী সরকার একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবে। সোমবার (২৫ আগস্ট) কক্সবাজারে রোহিঙ্গা অংশীজন সংলাপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। তিনি বলেন, ‘আমরা এখন আমাদের রাজনৈতিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মুহূর্তে আছি। এক বছর আগে আমরা এক ভয়াবহ হত্যাযজ্ঞের মধ্য দিয়ে গিয়েছিলাম। এরপর ছাত্র নেতৃত্বাধীন গণ–অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদী শাসন থেকে দেশকে মুক্ত করা সম্ভব হয়েছে।

রোহিঙ্গা সংকটকে বিশ্ব সম্প্রদায়ের কাছে আরও জোরালোভাবে তুলে ধরতে, গতকাল রোববার থেকে কক্সবাজারে তিন দিনের আন্তর্জাতিক সংলাপ ‘স্টেকহোল্ডার্স’ ডায়ালগ: টেকঅ্যাওয়ে টু দ্য হাই–লেভেল কনফারেন্স অন দ্য রোহিঙ্গা সিচুয়েশন’ শুরু হয়েছে। প্রধান উপদেষ্টা স্থানীয় হোটেল বে ওয়াচে আজ সংলাপের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধনী বক্তব্যে অধ্যাপক ইউনূস রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের জন্য সাত দফা প্রস্তাব উপস্থাপন করেন এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, রোহিঙ্গাদের ওপর চলমান নিপীড়ন ও বাস্তুচ্যুতি থামাতে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে।

অধ্যাপক ইউনূস উত্থাপিত সাত দফা প্রস্তাবের মধ্যে রয়েছে—রোহিঙ্গাদের দ্রুত, নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবর্তনের জন্য বাস্তবসম্মত রোডম্যাপ প্রণয়ন; দাতাদের অব্যাহত সমর্থন, মিয়ানমার কর্তৃপক্ষ ও আরাকান আর্মির কাছে রোহিঙ্গাদের নিরাপত্তা ও জীবিকা নিশ্চিত করার আহ্বান, রোহিঙ্গাদের সঙ্গে গঠনমূলক সংলাপ ও অধিকার পুনঃপ্রতিষ্ঠা, আসিয়ানসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় ভূমিকা, গণহত্যার বিরুদ্ধে কঠোর অবস্থান এবং আন্তর্জাতিক আদালতে জবাবদিহি ত্বরান্বিত করা।

১১ দেশের যৌথ বিবৃতি : রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি

0

আধুনিক ডেস্ক ::

রোহিঙ্গা সংকট জটিল হওয়ার পরিপ্রেক্ষিতে মিয়ানমারের পরিস্থিতি ও বাংলাদেশের চলমান মানবিক সংকটের প্রতি দৃষ্টি নিবদ্ধ রাখতে সরকারের সঙ্গে কাজ করে যাবে আন্তর্জাতিক সম্প্রদায়। বিশেষ করে আগামী মাসে নিউইয়র্কে অনুষ্ঠেয় উচ্চপর্যায়ের সম্মেলনকে সামনে রেখে বাংলাদেশ ও আন্তর্জাতিক সম্প্রদায় এক সঙ্গে কাজ করবে। মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশের আট বছরপূর্তিতে পশ্চিমা বিশ্বের ১১টি দেশ বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার করেছে। অস্ট্রেলিয়া, ইতালি, যুক্তরাজ্য, কানাডা, নেদারল্যান্ডস, নরওয়ে, ডেনমার্ক, সুইডেন, ফ্রান্স, সুইজারল্যান্ড ও ফিনল্যান্ড এক যৌথ বিবৃতিতে এই প্রতিশ্রুতি দিয়েছে। সোমবার (২৪ আগস্ট) সকালে ঢাকায় ফ্রান্স দূতাবাস তাদের এক্স হ্যান্ডেল এবং ফেসবুক পেইজে যৌথ বিবৃতিটি দিয়েছে।

১১ দেশের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ‘আট বছর পেরোনোর পর আমরা মিয়ানমার সামরিক বাহিনীর সেই কর্মকাণ্ড স্মরণ করছি, যার ফলে বিপুলসংখ্যক রোহিঙ্গা জনগোষ্ঠীকে বাস্তুচ্যুত হতে হয়েছিল। বর্তমানে ১১ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে রয়েছেন। এখনো আশ্রয়শিবিরে থাকতে নতুন করে লোকজন আসছেন।’

বিবৃতিতে বলা হয়, ‘আমরা রোহিঙ্গাদের দৃঢ়তা ও সহনশীলতাকে সাধুবাদ জানাই, যাঁরা দীর্ঘদিন ধরে কঠিন বাস্তবতা ও বাস্তুচ্যুতি সহ্য করে চলেছেন। বিশেষ করে রাখাইন রাজ্যের বর্তমান অবনতিশীল নিরাপত্তা ও মানবিক পরিস্থিতির মধ্যেও দৃঢ়তা দেখিয়ে চলেছেন তাঁরা।’

১১টি দেশের বিবৃতিতে বল হয়েছে, ‘আমরা বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এবং সাধারণ মানুষের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি, যাঁরা রোহিঙ্গাদের, বিশেষ করে নতুন করে আসা লোকজনদেরও আশ্রয় ও নিরাপত্তা দিয়ে চলেছেন এবং জীবন রক্ষাকারী মানবিক সহায়তা দিয়ে যাচ্ছেন।’

বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা শরণার্থীরা তাদের নিজ ভূমিতে ফিরে যেতে চায় উল্লেখ করে বিবৃবিতে বলা হয়েছে, আন্তর্জাতিক সম্প্রদায় প্রত্যাবাসনের সম্ভাব্য পথ খুঁজে বের করতে প্রতিশ্রুতিবদ্ধ। তবে এখনো সীমান্ত পেরিয়ে বাস্তুচ্যুতি অব্যাহত রয়েছে। অনেক রোহিঙ্গা রাখাইনে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত অবস্থায় আছেন। মিয়ানমারে এখন এমন পরিস্থিতি বিরাজ করছে না, যাতে রোহিঙ্গারা স্বেচ্ছায়, নিরাপদে, সম্মানের সঙ্গে ও স্থায়ীভাবে ফিরে যেতে পারেন।

যৌথ বিবৃতিতে ১১ দেশ বলেছে, ‘এই শর্ত পূরণ করতে হলে বাস্তুচ্যুতির মূল কারণগুলোর সমাধান প্রয়োজন, যার জন্য একটি শান্তিপূর্ণ ও স্থিতিশীল মিয়ানমার আবশ্যক। তাই আমরা স্বীকার করছি, এখনই রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা সম্ভব নয়। তাই, সব পক্ষের প্রতি একটি প্রত্যাবাসনের সহায়ক পরিবেশ সৃষ্টির জন্য জরুরিভিত্তিতে উদ্যোগ গ্রহণের অনুরোধ জানাচ্ছি।’

বিবৃতিতে ১১টি দেশ বলেছে, ‘আমরা মিয়ানমার সামরিক বাহিনী ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর সংঘটিত সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোর তীব্র নিন্দা জানাই। সহিংসতা বন্ধ এবং মানবিক সহায়তা অবাধে প্রবেশের সুযোগ সৃষ্টির জন্য আবারও আহ্বান জানাচ্ছি। আমরা অন্যায়ভাবে আটক ব্যক্তিদের মুক্তির দাবিও পুনর্ব্যক্ত করছি। আন্তর্জাতিক মানবাধিকার আইন ও অন্যান্য গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে আন্তর্জাতিক প্রচেষ্টাকে সমর্থন দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’

যৌথ বিবৃতি দেওয়া দেশগুলো বলেছে, ‘আমরা আত্মনির্ভরশীলতা বৃদ্ধির মাধ্যমে রোহিঙ্গা শরণার্থীদের জন্য আরও স্থায়ী সমাধানের পক্ষে। বিশেষ করে যখন রোহিঙ্গা সংকট মোকাবিলায় মানবিক সহায়তার তহবিল কমে আসছে, তেমন পরিস্থিতিতে তাদের ভবিষ্যৎ প্রত্যাবাসনের জন্য প্রস্তুতি নেওয়ার কথাও বলছি। আমরা কক্সবাজারের স্থানীয় বাংলাদেশি জনগোষ্ঠীকেও সমর্থন দিয়ে যাব, যারা উদারভাবে শরণার্থীদের আতিথেয়তা জানাচ্ছেন।’

বিবৃতিতে দেশগুলো বলেছে, ‘আমরা রোহিঙ্গাদের অর্থবহ অংশগ্রহণ ও অন্তর্ভুক্তিমূলক প্রতিনিধিত্ব নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরছি, যাতে তারা সিদ্ধান্ত গ্রহণে ক্ষমতাবান হতে পারে এবং বাংলাদেশে অবস্থানকালে নিরাপদ, সম্মানজনক ও গঠনমূলক জীবন যাপন করতে পারে। আট বছর পর আন্তর্জাতিক সম্প্রদায় দীর্ঘমেয়াদি ও স্থায়ী সমাধান খুঁজে বের করতে এখনো রোহিঙ্গা জনগোষ্ঠী ও বাংলাদেশের পাশে অটলভাবে দাঁড়িয়ে আছে। আমরা এই সংকটের মূল কারণগুলো সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ।’