Home Blog Page 146

৬ জেলায় নতুন ডিসি

0

আধুনিক ডেস্ক ::

দেশের ৬টি জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। জেলাগুলো হলো পটুয়াখালী, কুষ্টিয়া, কুড়িগ্রাম, মেহেরপুর, নেত্রকোণা ও খুলনা। সোমবার (২৫ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপসচিব ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীকে পটুয়াখালীর জেলা প্রশাসক এবং পটুয়াখালীর ডিসি আবু হাসনাত মোহাম্মদ আরেফীনকে কুষ্টিয়ার জেলা প্রশাসক করা হয়েছে। মেহেরপুরের ডিসি সিফাত মেহনাজকে কুড়িগ্রামের, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ড. মোহাম্মদ আবদুল ছালামকে মেহেরপুরের, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের জোনাল সেটেলমেন্ট অফিসার (উপসচিব) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামানকে নেত্রকোণার এবং কুষ্টিয়ার ডিসি মো. তৌফিকুর রহমানকে খুলনার জেলা প্রশাসক করা হয়েছে।

রোহিঙ্গা সংকট নিরসনে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব

0

আধুনিক ডেস্ক ::

মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের নিয়ে সংকট নিরসনে সাত দফা প্রস্তাব তুলে ধরেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সোমবার (২৫ আগস্ট) কক্সবাজারের হোটেল বে ওয়াচে রোহিঙ্গা ইস্যুতে অংশীজন সংলাপে তিনি এ প্রস্তাব তুলে ধরেন। প্রধান উপদেষ্টা বলেন, ‘২০১৭ সালের এই দিনে প্রায় ৮ লাখ রোহিঙ্গা সীমান্ত অতিক্রম করে জীবন বাঁচাতে বাাংলাদেশে চলে আসে। দুর্ভাগ্যজনক হলেও সত্য যে, এখনও আমরা নতুন করে রোহিঙ্গাদের আগমন দেখতে পাচ্ছি প্রতিদিন। এ রকম একটা দিনে আমাদের নৈতিক দায়িত্ব ইতিহাসের সঠিক পথে অবস্থান নেওয়া এবং জাতিগত নিধন বন্ধ করানো।’

অধ্যাপক ইউনূস যে সাতটি প্রস্তাব তুলে ধরেন তার প্রথমটিতে বলেন, ‘রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদে ফিরে যেতে হবে। এ জন্য আমরা সবাইকে আহ্বান জানাবো, তাদের স্বেচ্ছায়, নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনে একটি বাস্তব রোডম্যাপ যত দ্রুত সম্ভব তৈরি করুন। আর সময় নষ্ট না করে এখনই কাজ করতে হবে।’

দ্বিতীয়ত, ‘জীবন রক্ষাকারী কাজ চলমান রাখতে দাতাসংস্থা ও আন্তর্জাতিক অংশীজনদের অপিরিমিত অবদান এখানে প্রয়োজন। আমরা আহ্বান জানাচ্ছি, আন্তর্জাতিক দাতা সংস্থাকে তাদের প্রতিশ্রুতি রক্ষার। একই সময়ে আমরা অংশীজনদের প্রতি আহ্বান জানাচ্ছি, ভবিষ্যতের জন্য পর্যাপ্ত ও টেকসই অর্থায়ন করার পদক্ষেপ নিতে।’

তৃতীয়ত, ‘রোহিঙ্গাদের প্রতি সব ধরনের নিপীড়ন এই মুহূর্তে বন্ধ করতে হবে। আমরা মিয়ানমার কর্তৃপক্ষ এবং আরাকান আর্মির প্রতি আহ্বান জানাই রোহিঙ্গাদের সুরক্ষা, নিরাপত্তা ও জীবিকা নিশ্চিত করার। আর কোনও রোহিঙ্গা যাতে বাংলাদেশে না আসে তা মিয়ানমারকে নিশ্চিত করতে হবে। একইসঙ্গে যত দ্রুত সম্ভব মিয়ানমারের অভ্যন্তর বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজেদের বাড়িতে ফিরতে দিতে হবে।’

চতুর্থত, ‘মিয়ানমারের অভ্যন্তরে সহিংসতা বন্ধে, জাতিগত নিপীড়ন রোধে পরামর্শ কিংবা সংলাপের জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করতে হবে। আমরা মিয়ানমার সরকার এবং রাখাইন কর্তৃপক্ষকে আহ্বান জানাই রোহিঙ্গাদের অধিকার নিশ্চিতে, স্বেচ্ছায় নিরাপদ প্রত্যাবাসনে রোহিঙ্গা জনগোষ্ঠীর সঙ্গে গঠনমূলক সংলাপ চালিয়ে যাওয়ার।’

পঞ্চমত, ‘আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা বিশেষ করে আসিয়ানকে রাখাইনে নিরাপদ পরিবেশ তৈরিতে সহায়ক ভূমিকা পালন করতে হবে। আপনাদের সবার সহযোগিতা এই সংকটের সমাপ্তি টানতে পারে। আমরা আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও সচল হওয়ার আহ্বান জানাই।’

ষষ্ঠত, ‘আঞ্চলিক ও আন্তর্জাতিক অংশীজনদের অবশ্যই জাতিগত নিধনের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।’

সপ্তমত, ‘আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আহ্বান জানাই ন্যায়বিচার, দায়বদ্ধতা নিশ্চিত করতে এবং গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ বন্ধে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে। এখনই সময় ন্যায়বিচার প্রতিষ্ঠার।’

প্রধান উপদেষ্টা বলেন, ‘রোহিঙ্গা সমস্যার উৎপত্তি মিয়ানমারে, এর সমাধানও মিয়ানমারে। সবাইকে এই সংকট নিরসনে কোনও বিলম্ব ছাড়াই একসঙ্গে কাজ করতে হবে। আপনাদের সোচ্চার হওয়া রোহিঙ্গাদের ফিরে যাওয়ার আশা সঞ্চার করতে পারে।’

অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, ‘আমরা রোহিঙ্গা নারী-পুরুষের চোখে এখনও ভীতি দেখি, যখন তারা তাদের ওপর হয়ে যাওয়া অবর্ণনীয় ঘটনাগুলো আমাদের সামনে তুলে ধরেন। ২০১৭ সাল এবং তারও আগে বাংলাদেশ মানবিক কারণে তাদের জন্য সীমান্ত খুলে দিয়েছে। রোহিঙ্গাদের এমন পরিস্থিতিতে আমরা চুপচাপ বসে থাকতে পারি না। আন্তর্জাতিক মহলের এখানে আগের চেয়েও বেশি প্রভাব বিস্তার করা প্রয়োজন। আমি আন্তর্জাতিক সংস্থা, অংশীজন, দাতাসংস্থাগুলোর অব্যাহত প্রচেষ্টার প্রশংসা করি। আপনাদের অব্যাহত প্রচেষ্টা রোহিঙ্গাদের জন্য অত্যন্ত জরুরি যতদিন না তারা বাড়ি ফিরে যাচ্ছেন।’

তিনি বলেন, ‘বাংলাদেশ এখন মিয়ানমার থেকে বাস্ত্যুচ্যুত প্রায় ১৩ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিচ্ছে; যে কারণে কক্সবাজার এখন বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী ক্যাম্পে পরিণত হয়েছে। পাশাপাশি প্রতি বছর ২২ হাজার শিশু রোহিঙ্গা ক্যাম্পে জন্ম নিচ্ছে। ৫ লাখের কম রোহিঙ্গা জনগোষ্ঠী বর্তমানে মিয়ানমারে অবস্থান করছে। এই চিত্র প্রমাণ করে যে, প্রতিনিয়ত নিপীড়নের কারণে রোহিঙ্গারা সে দেশত্যাগ করতে বাধ্য হচ্ছে। গত ৮ বছর ধরে বাংলাদেশের মানুষ বিশেষ করে এই কক্সবাজার অঞ্চলের মানুষ উল্লেখযোগ্য ত্যাগ স্বীকার করেছে। আমাদের অর্থনীতি, সম্পদ, পরিবেশ, বাস্তুসংস্থান, সমাজ এবং সুশাসনে ব্যাপক প্রভাব পড়েছে।’

প্রধান উপদেষ্টা বলেন, ‘নানা চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও আমরা আমাদের অভ্যন্তরীণ সম্পদকে আর ব্যবহার করার কোনও সুযোগ দেখছি না। রোহিঙ্গা ইস্যু এবং টেকসই সমাধান বৈশ্বিক এজেন্ডায় জিইয়ে রাখতে হবে যতদিন না তারা নিজ দেশে ফিরে যাচ্ছে। রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে বাংলাদেশ প্রতিনিয়ত কাজ করছে। এই সংলাপ রোহিঙ্গাদের আওয়াজ আরও জোরালো করছে এবং দ্রুত, টেকসই এবং নিরাপদ প্রত্যাবাসনের রোডম্যাপ তৈরি করছে। রোহিঙ্গা সংকটের সমাধান শুধু বাংলাদেশের একার কাজ নয়, আন্তর্জাতিক সম্প্রদায়কেও এখানে এগিয়ে আসতে হবে।’

লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা: এলএমজি ৫ লাখ, শটগানে ৫০ হাজার

0

আধুনিক ডেস্ক ::

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় পুলিশের লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা করেছে সরকার। কেউ যদি একটি এলএমজির তথ্য দিতে পারে সেক্ষেত্রে সেই অস্ত্র উদ্ধার করা গেলে তথ্যদাতাকে ৫ লাখ টাকা, আর প্রতি রাউন্ড গুলির জন্য ৫০০ টাকা করে পুরস্কার দেওয়া হবে। সোমবার (২৫ আগস্ট) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) জাহাঙ্গীর আলম চৌধুরী এ ঘোষণা দেন।

উপদেষ্টা বলেন, লুট হওয়া অস্ত্র উদ্ধার করে দিতে পারলে পুরস্কার দেওয়া ঘোষণা দিয়েছিলাম। কেউ যদি একটা চায়না রাইফেলের সন্ধান দিতে পারে এবং সেটি উদ্ধার হয় তাহলে তথ্যদাতা ১ লাখ টাকা পাবে। এসএমজির ক্ষেত্রে দেড় লাখ, এলএমজির ক্ষেত্রে ৫ লাখ আর প্রতি রাউন্ড গুলির জন্য ৫০০ টাকা করে দেওয়া হবে৷। কেউ যদি একটা গুলি এনে দেয় তাহলে সে ৫০০ টাকা পাবে। কেউ এলএমজি এনে দিলে ৫ লাখ পাবে। পিস্তলের ক্ষেত্রে ৫০ হাজার, শট গানের তথ্য দিলে ৫০ হাজার টাকা পাবে। এসব তথ্য যারা দিবে তাদের তথ্য গোপন রাখা হবে।

উপদেষ্টা আরও বলেন, এখন প্রচুর পরিমাণ রিক্রুটমেন্ট হচ্ছে৷ আপনারা বলতেন আমাদের বদলি বাণিজ্য, ভর্তি বাণিজ্য নিয়ে। ভর্তি বাণিজ্যের ক্ষেত্রে যদি কোনো দুর্নীতি হয় এবং সেই তথ্য কেউ দিতে পারেন তাহলে তাকে পুরস্কার দেওয়া হবে। এ জন্য আমরা শটগানের মতো টাকা ডিক্লেয়ার করিনি। এই নিয়োগ বাণিজ্য যাতে বন্ধ হয় তাতে আমরা পদক্ষেপ নিয়েছি। গত এক বছরে আপনারা কোথাও নিয়োগ বাণিজ্যের খবর দিতে পারেননি। চেয়ারে বসার পর আমাদের বন্ধু-বান্ধব আত্মীয় স্বজনদের সখ্য বেড়ে গেছে। কেউ যদি কোথাও আমাদের কেউ যদি গিয়ে চাঁদাবাজিতে জড়িত হয় তাহলে আমাদের জানান। আমরা যদি কেউ দুর্নীতি করি সেটাও আপনারা লিখে দিয়েন, কিন্তু কেউ রং রিপোর্টিং করবেন না।

৬ সেপ্টেম্বর পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

0

আধুনিক ডেস্ক ::

বাংলাদেশের আকাশে রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় আগামী ৬ সেপ্টেম্বর পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে। রোববার (২৪ আগস্ট) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয় বলে ইসলামিক ফাউন্ডেশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন-এর প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের তথ্য সভায় পর্যালোচনা করা হয়। তাতে রোববার বাংলাদেশের আকাশে রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশন বলেছে, ১৪৪৭ হিজরি সনের সফর মাসের ৩০ দিন সোমবার পূর্ণ হবে। তাই মঙ্গলবার থেকে রবিউল আউয়াল মাস গণনা করা হবে। সে হিসেবে, রবিউল আউয়াল মাসের ১২ তারিখ হয় আগামী ৬ সেপ্টেম্বর শনিবার। সে দিন পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

হিজরি সনের ১২ রবিউল আউয়াল মহানবী হজরত মুহাম্মদের (স.) পৃথিবীতে আগমন ও তিরোধানের দিন। এ দিনটি মুসলিম বিশ্বে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) হিসেবে পালন করা হয়। বাংলাদেশে এ দিনটি সরকারি ছুটি।

পাথর উত্তোলন : সিলেটের ডিসি ও বিভাগীয় কমিশনারের ব্যাখ্যা চাইলো হাইকোর্ট

0

আধুনিক ডেস্ক ::

২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী সময় থেকে এখন পর্যন্ত সিলেটের পাথর কোয়ারিসহ বিভিন্ন স্থান থেকে পাথর উত্তোলন, আহরণ ও অপসারণের বিষয়ে সিলেটের বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসককের (ডিসি) ব্যাখ্যা চেয়েছেন হাইকোর্ট। আগামী ৩ মাসের মধ্যে এই আদেশ বাস্তবায়ন করে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে বিদ্যুৎ, জালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টার সভাপতিত্বে গত ২৭ এপ্রিল অনুষ্ঠিত পাথর কোয়ারি ব্যবস্থাপনা সংক্রান্ত সভার সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য একটি কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশ দেন আদালত। জনস্বার্থে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) কর্তৃক দায়ের রিটের প্রাথমিক শুনানি শেষে রোবাবর (২৪ আগস্ট) হাইকোর্টের বিচারপতি কাজী জিনাত হক এবং বিচারপতি আইনুন নাহার সিদ্দীকার সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে বেলা’র পক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট মিনহাজুল হক চৌধুরী। তাকে সহায়তা করেন অ্যাডভোকেট এস. হাসানুল বান্না এবং রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ এরশাদুল বারী খন্দকার।লার ৭টি (জাফলং, শাহ আরেফিন টিলা, ভোলাগঞ্জ, উৎমাছড়া, শ্রীপুর, বিছনাকান্দি এবং লোভাছড়া) এবং বান্দরবান জেলার ১০টি ঝিরি-ছড়া পাথর কোয়ারি থেকে ধ্বংসাত্মক, ক্ষতিকর ও বিপজ্জনকভাবে পাথর উত্তোলন, আহরণ ও অপসারণ বন্ধে বিবাদীগণের ব্যর্থতা ও নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তোলে রুল জারি করেছেন হাইকোর্ট।

এর সঙ্গে সংবিধান ও দেশে প্রচলিত আইন ও বিচারিক সিদ্ধান্তের লঙ্ঘন বিধায় কেন তা কর্তৃত্ববিহীন, অবৈধ ও জনস্বার্থবিরোধী ঘোষণা করা হবে না এবং এ বিষয়ে অবহেলার কারণে কেন তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা জানতে চেয়ে বিবাদীদের ওপর রুল জারি করেছেন আদালত।

অননুমোদিত ও অবৈধভাবে পাথর উত্তোলন, আহরণ ও অপসারণের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা গ্রহণের, পাথর উত্তোলনের ক্ষতিকর প্রভাব নিরূপণের এবং প্রকৃত দোষীদের নিকট থেকে ক্ষতিপূরণ আদায়ের নির্দেশ কেন প্রদান করা হবে না তাও জানতে চেয়েছেন আদালত।

রুল জারির পাশাপাশি আদালত উল্লেখিত পাথর কোয়ারিগুলো থেকে ধ্বংসাত্মক, ক্ষতিকর ও বিপজ্জনক পাথর উত্তোলন, সংগ্রহ ও অপসারণের কার্যক্রম যাতে আর না ঘটে সে বিষয়ে বিবাদীদেরকে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।

আদালত সিলেট জেলার উল্লেখিত ৭টি পাথর কোয়ারিসহ সিলেটের বিভিন্ন স্থান থেকে ধ্বংসাত্মক, ক্ষতিকর ও বিপজ্জনকভাবে পাথর উত্তোলনের সঙ্গে জড়িতদের পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত ও প্রকৃত দোষীদের বিরুদ্ধে গৃহীতব্য ব্যবস্থা সম্পর্কিত প্রতিবেদন প্রস্তুত ও আদালতে দাখিলের নির্দেশ দিয়েছেন খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক, সিলেটের জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে।

সর্বোপরি, আদালত সিলেটের বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসককে আদালতে ২০২৪ সালের আগস্ট পরবর্তী সময় থেকে অদ্যাবধি সিলেটের পাথর কোয়ারিসহ বিভিন্ন স্থান থেকে পাথর উত্তোলন, আহরণ ও অপসারণ বিষয়ে তাদের অবস্থান ব্যাখ্যা করার নির্দেশ দিয়েছেন। আগামী ৩ মাসের মধ্যে আদেশসমূহ বাস্তবায়ন প্রতিবেদন আদালতে দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।

উল্লেখ্য, ২০১৩ সালে দেশের মোট ৫১টি এলাকাকে সরকার প্রজ্ঞাপনের মাধ্যমে সাধারণ পাথর/বালুমিশ্রিত পাথর সমৃদ্ধ এলাকা ঘোষণা করে। পাথর কোয়ারিগুলোর অবস্থান সিলেট, সুনামগঞ্জ, লালমনিরহাট, পঞ্চগড় ও বান্দরবান জেলাসমূহে। পাথর উত্তোলনের ক্ষতিকর প্রভাব বিবেচনায় ২০২০ সালে দেশের সব পাথর কোয়ারি থেকে পাথর উত্তোলন বন্ধের সিদ্ধান্ত গ্রহণ করে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। পরবর্তীতে ২০২৫ সালে পাথর উত্তোলন বন্ধের সিদ্ধান্ত বাতিল করলে সিলেটের উল্লেখিত কোয়ারি ও কোয়ারি বহির্ভূত বিভিন্ন স্থান থেকে ধ্বংসাত্মকভাবে পাথর উত্তোলন, আহরণ ও অপসারণ নির্বিচারে চলতে থাকে যা দেশের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ধারাবাহিকভাবে প্রচারিত হয়।

এ অবস্থায় বিগত ২৭ এপ্রিল, বিদ্যুৎ, জালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টার সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হয় যেখানে

১) ইকোলজিক্যাল ক্রিটিক্যাল এরিয়াভুক্ত (ইসিএ) ভুক্ত সিলেট জেলার জাফলং, মামলাভুক্ত শাহ-আরেফিন টিলা ও বান্দবান পার্বত্য জেলার পাহাড়ি ঝিরি-ছড়া এলাকার ১০টিসহ মোট ১২ পাথর কোয়ারিতে পরিবেশগত বিধিনিষেধ থাকায় ইজারা কার্যক্রমের আওতা বহির্ভূত থাকবে;

২) সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলাধীন ভোলাগঞ্জ, উৎমাছড়া; জৈন্তাপুর উপজেলার শ্রীপুর; গোয়াইনঘাট উপজেলাধীন বিছনাকান্দি এবং কানাইঘাট উপজেলাধীন লোভাছড়া পাথর কোয়ারিসমূহের ইজারা কার্যক্রম আপাতত স্থগিত থাকবে;

৩) অবশিষ্ট পাথর কোয়ারিসমূহ ইজারা প্রদানের আগে পরিবেশের ছাড়পত্র গ্রহণ করতে হবে;

৪) পাথর কোয়ারিসমূহ হতে অবৈধ/অননুমোদিতভাবে পাথর উত্তোলন, আহরণ ও অপসারণের সঙ্গে জড়িত ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনাসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ কার্যক্রম অব্যাহত থাকবে। কেবলমাত্র পাথর শ্রমিক ও পরিবহন ড্রাইভার নয়, অবৈধ/অননুমোদিতভাবে পাথর উত্তোলন, আহরণ ও অপসারণের সঙ্গে জড়িত এদের পৃষ্ঠপোষক/মূল হোতাদেরকে চিহ্নিত করে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে;

৫) অবৈধভাবে পাথর উত্তোলন ও অপসারণ কার্যক্রম বন্ধ করার লক্ষ্যে বিভিন্ন স্থানে আইন শৃঙ্খলা বাহিনীর চেকপোস্ট স্থাপন করার উদ্যোগ গ্রহণ করতে হবে। এসব চেকপোস্ট/টাস্কফোর্স অভিযানের মাধ্যমে অবৈধভাবে উত্তোলিত পাথর পরিবহনকারী ট্রাক আটক করার ওপর জোর দিতে হবে;

৬) পাথর কোয়ারিসমূহ থেকে অবৈধ/অননুমোদিতভাবে উত্তোলিত পাথর জব্দ করে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করতে হবে;

৭) পাথর কোয়ারিসমূহ থেকে অবৈধ/অননুমোদিতভাবে পাথর উত্তোলন, আহরণ ও অপসারণের বিষয়ে জেলা প্রশাসন কর্তৃক পরিচালিত মোবাইল কোর্ট/টাস্কফোর্স অভিযান সংক্রান্ত সর্বশেষ তথ্য-উপাত্ত সম্বলিত প্রতিবেদন নিয়মিতভাবে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে পাঠাতে হবে;

৮) আদালতের আদেশে বন্ধ থাকা পাথর কোয়ারিসমূহে যথাযথভাবে আদালতের আদেশ প্রতিপালন হচ্ছে কিনা সে বিষয়ে জেলা প্রশাসনের সতর্ক দৃষ্টি রাখতে হবে এবং

৯) সিলেটের পাথর কোয়ারি সংলগ্ন এলাকার পর্যটন শিল্পের বিকাশে জেলা প্রশাসন কর্তৃক একটি বিস্তারিত কর্মপরিকল্পনা প্রণয়ন করবে মর্মে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আইন, আদালতের আদেশ ও সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ব্যত্যয় ঘটিয়ে পাথর উত্তোলন, আহরণ ও অপসারণ অব্যাহত থাকলে তা বন্ধে বেলা উল্লেখিত মামলা দায়ের করে।

মামলার বিবাদীরা হলেন- ভূমি মন্ত্রণালয়; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় (জালানি ও খনিজ সম্পদ বিভাগ); পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়; স্বরাষ্ট্র মন্ত্রণালয় (জন নিরাপত্তা বিভাগ); বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব; পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক এবং সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক; খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো এবং পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক; সিলেট জেলার বিভাগীয় কমিশনার; সিলেট ও বান্দরবন জেলার জেলা প্রশাসক ও পুলিশ সুপার।

ইসিতে হাতাহাতি : রুমিন অনুসারীদের মহাসড়ক অবরোধ, এনসিপির বিক্ষোভ

0

আধুনিক ডেস্ক ::

ব্রাহ্মণবাড়িয়ার দুটি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে নির্বাচন কমিশনে (ইসি) শুনানিকালে ধাক্কাধাক্কি-হাতাহাতি-কিল-ঘুষির পর ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক প্রতিবাদ কর্মসূচি পালন করেছে দুই পক্ষ। বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সহসম্পাদক রুমিন ফারহানার অনুসারীরা সরাইলে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। অন্যদিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সংগঠক মো. আতাউল্লাহসহ অন্যান্য নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়া সদরে বিক্ষোভ সমাবেশ করেছেন দলটির স্থানীয় নেতা-কর্মীরা।

ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে রোববার (২৪ আগস্ট) দুপুর ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার দুটি আসনের সীমানা পুনর্নির্ধারণ শুনানি শুরু হয়। জেলার বিজয়নগর উপজেলার তিনটি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসন থেকে কেটে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ)-এর সঙ্গে যুক্ত করার খসড়া করেছে নির্বাচন কমিশন। এই ইউনিয়নগুলো হলো বুধন্তী, চান্দুরা ও হরষপুর। শুনানিতে নির্বাচন কমিশনের এই প্রস্তাবের পক্ষে যুক্তি তুলে ধরেন রুমিন ফারহানা। এর বিপক্ষে যুক্তি দেন এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক মো. আতাউল্লাহ। তিনি ওই তিন ইউনিয়নকে বিজয়নগর উপজেলাতেই দেখতে চান বলে মত দেন।

জানা গেছে, একপর্যায়ে দুই পক্ষ উত্তেজিত হয়ে পড়ে, জড়িয়ে পড়ে হাতাহাতিতে। মো. আতাউল্লাহর অভিযোগ, তিনিসহ তাঁর দলের নেতা-কর্মীদের ওপর হামলা হয়েছে। অপর দিকে রুমিন ফারহানার দাবি, আতাউল্লাহ পরিচিত মুখ নন। প্রথমে তাঁকে ধাক্কা দেওয়া হয়েছে। তারপর তো আর তাঁর লোকজন বসে থাকবেন না।

এ ঘটনার পর সন্ধ্যা পৌনে ছয়টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত সরাইলের শাহবাজপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন রুমিন ফারহানার অনুসারীরা। ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সর্বস্তরের জনগণের ব্যানারে এ কর্মসূচির নেতৃত্বে ছিলেন জেলা বিএনপির সদস্য ও সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ও শাহবাজপুর ইউনিয়ন শাখা বিএনপির সাধারণ সম্পাদক আমান মুন্সি। অবরোধকারীরা মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে ও টায়ারে আগুন জ্বালিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেন। এতে মহাসড়কের দুই দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দেখা দেয় ভোগান্তি। সন্ধ্যায় ঘটনাস্থলে ছুটে যান সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোশারফ হোসাইন, সরাইল থানার ওসি মোরশেদুল আলম চৌধুরী ও সরাইল খাটিহাতা হাইওয়ে থানার ওসি জাহাঙ্গীর আলম। তাদের অনুরোধে কর্মসূচি প্রত্যাহার করা হয়।

একই ঘটনায় বিজয়নগর উপজেলার বুধন্তী ইউনিয়নেও ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করার খবর পাওয়া গেছে। রুমিন ফারহানা একসময় ছিলেন বিজয়নগর উপজেলার বুধন্তী ইউনিয়নের ইসলামপুর গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের বাসিন্দা।

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান রুমিন ফারহানা। অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনে নির্বাচন করতে চান জেলা বিএনপির সভাপতি খালেদ হোসেন (মাহবুব শ্যামল) ও এনসিপির মো. আতাউল্লাহ।

এদিকে ইসিতে এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক আতাউল্লাহসহ অন্য নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়া সদরে বিক্ষোভ-সমাবেশ করেছেন দলটির নেতা-কর্মীরা। বিকেল ছয়টার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এ বিক্ষোভ হয়।

এনসিপির ব্রাহ্মণবাড়িয়া সদরের যুগ্ম সমন্বয়ক সাহিল আহমেদ, সদস্য আসাদুজ্জামান, দ্বীন ইয়ামিন, আরিফ বিল্লাহ হাফেজী, কসবার যুগ্ম সমন্বয়ক মামুন বাতেন, আশুগঞ্জের সমন্বয়ক মো. ডালিম ও যুগ্ম সমন্বয়ক জয়ন্তী বিশ্বাস, নবীনগরের সমন্বয়ক আলমগীর হোসেন ও ইসলামী আন্দোলন বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া শাখার সভাপতি গাজী নিয়াজুল করিম প্রমুখ উপস্থিত ছিলেন। এ কর্মসূচি থেকে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগসহ বিএনপির নেতা রুমিন ফারহানার বিচারের দাবি করা হয়।

বক্তারা বলেন, ইসিতে রুমিন ফারহানার নেতা-কর্মীরা এনসিপির নেতা আতাউল্লাহ ও অন্য নেতা-কর্মীদের মারধর করেন। আতাউল্লাহর পাঞ্জাবি ছিঁড়ে ফেলা হয়েছে। তাঁর হাতে আঘাত করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার তখন কোনো ব্যবস্থা নেননি। তাই প্রধান নির্বাচন কমিশনারেরও পদত্যাগের দাবি জানান এনসিপির নেতা-কর্মীরা।

বিএনপির ‘আওয়ামী লীগবিষয়ক সম্পাদকদের’ মধ্যে অন্যতম রুমিন ফারহানা: হাসনাত আবদুল্লাহ

0

আধুনিক ডেস্ক ::

বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানাকে ‘বিএনপির আওয়ামী লীগবিষয়ক অন্যতম সম্পাদক’ বলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ। আজ রোববার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের শুনানিতে বিএনপির নেতা–কর্মীদের সঙ্গে এনসিপির নেতাদের ধাক্কাধাক্কি ও মারধরের ঘটনার পর এ কথা বলেছেন তিনি। বিকেলে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলন করেন এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি অভিযোগ করেন, আগামী নির্বাচনে বিএনপি কীভাবে ভোটকেন্দ্র দখল করবে, তার একটি ‘টেস্ট ম্যাচ’ হয়ে গেল শুনানিতে এনসিপির নেতা–কর্মীদের ওপর হামলার মধ্য দিয়ে।

রুমিন ফারহানার সমালোচনা করে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘বিএনপির আওয়ামী লীগবিষয়ক সম্পাদক রয়েছেন অনেকেই, যাঁরা আওয়ামী লীগ থেকেও বেশি আওয়ামী লীগ। বিএনপির আওয়ামী লীগবিষয়ক সম্পাদক যাঁরা রয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম রুমিন ফারহানা। আওয়ামী লীগের সুবিধাভোগী, আওয়ামী লীগের ফ্ল্যাটভোগী এবং যারা গুন্ডা দিয়ে নির্বাচন কমিশনকে ঠান্ডা করে দিতে চায়, একটি প্রেসক্রিপটিভ ইলেকশনের দিকে আবার যেতে চায়, আমরা বিএনপির এই আওয়ামীবিষয়ক সম্পাদকদের বলব, আপনারা জনগণের পালসকে বুঝুন, ২৪–পরবর্তী জনগণের পালসকে বুঝুন। নতুবা আবার বাংলাদেশ সংকটের দিকে যাবে।’

নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন রয়েছে জানিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, আজকের ন্যক্কারজনক ঘটনাই প্রমাণ করছে, আগামী নির্বাচনে বিএনপি ও তাদের সন্ত্রাসীরা কী ভূমিকা রাখবে আর পুলিশ কেমন নীরব দর্শকের ভূমিকা পালন করবে।

এনসিপির এই নেতা অভিযোগ করে বলেন, ‘রুমিন ফারহানা নিজেই বলেছেন, আমরা চাইলে গুন্ডা আনতে পারতাম। এর মানে তারা গুন্ডাদের পৃষ্ঠপোষকতা দিচ্ছে। আজকের ঘটনা আসলে একটি টেস্ট ম্যাচ, কীভাবে তারা ভোটকেন্দ্র দখল করবে। আমরা পুলিশকে দেখেছি বিএনপির পক্ষে সুবিধা দিচ্ছে, আমাদের বাধা দিয়েছে। এভাবে চলতে থাকলে এই কমিশন আসলে একটি পার্টি অফিসে পরিণত হবে। আমরা একটি গ্রহণযোগ্য, অবাধ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চাই। সে জন্য কমিশনকে নিরপেক্ষ হতে হবে। অন্যথায় পুনর্গঠন ছাড়া উপায় থাকবে না।’

নির্বাচন ভবনে আজ দুপুর ১২টার পর সীমানা পুনর্নির্ধারণ নিয়ে শুনানি শুরু হয়। এরপর বেলা একটার দিকে সেখানে মারামারির ঘটনা ঘটে। রুমিন ফারহানার অনুসারী নেতা–কর্মীরা শুনানির সময় মঞ্চ থেকে এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক মো. আতাউল্লাহকে মারধর করেছেন বলে অভিযো উঠেছে। তবে রুমিন ফারহানা অভিযোগ করেছেন, বিএনপির একপক্ষের নেতা–কর্মীরা আগে তাঁকে ধাক্কা দিলে তাঁর অনুসারীরা সেটার জবাব দিয়েছেন।

এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আমরা আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনে অভিযোগ জমা দেব এবং পর্যবেক্ষণ করব যে তারা কী ব্যবস্থা নেয়। জনগণের জন্যই পুলিশের কাজ হওয়া উচিত, ক্ষমতার দাস হওয়া নয়। যদি জনগণ পাশে থাকে, তাহলে গুন্ডাতন্ত্র টিকে থাকতে পারবে না। আমরা চাই, নির্বাচন কমিশনের বস্তুনিষ্ঠ আচরণ। না হলে এই কমিশনের পুনর্গঠন জরুরি। আমরা শিগগিরই কমিশনের নানা অনিয়ম আপনাদের সামনে তুলে ধরব। বিএনপির আগ্রাসী মনোভাব, গুন্ডাতন্ত্র ও তোষণ নীতি যদি তারা সংশোধন না করে, তবে তাদের গণপ্রতিরোধের মুখে পড়তে হবে।’

এ সময় এনসিপির যুগ্ম সদস্যসচিব জয়নাল আবেদীন (শিশির) বলেন, ‘আমরা প্রতিবাদ জানাতে এখানে এসেছি। আমরা ইসির কাছে কোনো ভিক্ষা চাইতে আসিনি, দয়া চাইতেও আসিনি। আমরা বিশ্বাস করি, ইসির দায়িত্ব হলো নিরপেক্ষ থাকা। কিন্তু যদি ইসি কোনো দলের দপ্তর সম্পাদক হিসেবে আচরণ করে, নয়াপল্টনের দপ্তরের ভূমিকা পালন করতে চায়, তবে সেটা বাংলাদেশে হতে দেওয়া যাবে না। আমরা বহুবার বলেছি, এই নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। যার প্রমাণ আজকে ইসির সামনেই আমাদের নেতা আতাউল্লাহর ওপর হামলা।’

মারধরের শিকার হওয়া এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক মো. আতাউল্লাহ বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনটি সদর ও বিজয়নগর উপজেলা নিয়ে গঠিত, কিন্তু রুমিন ফারহানা বিজয়নগরের তিনটি ইউনিয়ন কেটে সরাইল-আশুগঞ্জের সাথে একত্র করেছেন, যা ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সাথে যুক্ত। এ জন্য আমি আপিল করেছি এবং আমার এলাকার প্রাণের দাবিতে শুনানির সময় ধার্য করা হয়। কিন্তু আমাকে বারবার হুমকি দেওয়া হয়েছে শুনানিতে অংশ না নিতে। শুনানিতে বিএনপি ও রুমিন ফারহানার লোকজন তাদের যুক্তি তুলে ধরছে। আমার সময় এলে দাঁড়াতেই রুমিন ফারহানা আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেন। তাঁর গুন্ডারা আমাকে মাটিতে ফেলে নির্মমভাবে মারধর করে। এ সময় আমার সহযোদ্ধা আমিনুল ইসলাম ও যুবশক্তির নেতা সুমন মোস্তফাকেও তারা মারধর করে। আমি চাই, রুমিন ফারহানাকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক বিচার করা হোক। যদি বিচার না হয়, তাহলে প্রধান নির্বাচন কমিশনারকে পদত্যাগ করতে হবে।’

এর আগে এনসিপির নেতা–কর্মীদের ওপর হামলার অভিযোগ নিয়ে প্রশ্নের জবাবে রুমিন ফারহানা বলেন, ‘মুশকিলের বিষয় হচ্ছে, তিনি (মো. আতাউল্লাহ) পরিচিত মুখ নন, তিনি এনসিপি থেকে এসেছেন না জামায়াত থেকে এসেছেন, আমি জানি না। তবে উনি প্রথম, সাদা পাঞ্জাবি পরিহিত একজন আমাকে ধাক্কা দিয়েছেন। তারপর আমার লোকজন তো বসে থাকবে না। আমি তো একজন মহিলা। পরে যখন আমার লোকজনকে মারধর করেছে, আমার লোকজনও জবাব দিয়েছে। এটা সিম্পল।’

অভিযোগ করে রুমিন ফারহানা বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়া–৩ আসনের প্রার্থী (খালেদ হোসেন মাহবুব) গুন্ডাপান্ডা নিয়ে প্রবেশ করে। যে বিএনপির জন্য ১৫ বছর লড়াই করেছি, সে বিএনপির নেতা–কর্মীরা আমার গায়ে হাত তু্লেছে, ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে।’

তবে রুমিন ফারহানার এ অভিযোগ অস্বীকার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি খালেদ হোসেন সাংবাদিকদের বলেন, এখানে আসলে এনসিপির সঙ্গে ব্যারিস্টার রুমিন ফারহানার একটা তর্কবিতর্ক হয়েছে। এটা আসলে দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত। এই লেভেলে (পর্যায়ে) এসে এ ধরনের ঘটনা খুবই দুঃখজনক।

লাক্কাতুরা মাঠের জন্মকথা এবং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রূপান্তরের গল্প

0

ফেরদৌস টৌধুরী রুহেল ::

সময়টা  গেলো শতকের সত্তর আশির দশক। সিলেট শহরজুড়ে তখন মাঠের অভাব ছিলো না। আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের এলাকাতেই কয়েকটি মাঠ ছিল। এর মধ্যে মজুমদারী মাঠটি ছিলো বেশ পরিচিত। এছাড়া পীরমহল্লাহ, চৌকিদেখি মুচিরহাওর মাঠও ছিলো খেলাধুলা্য় সরগরম। মজুমদারী মাঠে সব সময় ফুটবল টুর্নামেন্ট লেগেই থাকত। সিলেটের সব নামিদামি খেলোয়াড়দের পা পড়েছিলো এই মাঠে। আমরাও তাদের খেলা উপভোগ করতাম। এছাড়া মজুমদারী মাঠটি স্থানীয় খেলোয়াড়দের অনুশীলনের জন্যও ব্যবহার হত। একইভাবে পীরমহল্লাহ, চৌকিদেখি মুচিরহাওর মাঠও স্থানীয়দের খেলাধুলা ও অনুশীলনে ব্যবহৃত হত। ১৯৮৩-৮৪ সালের দিকে মজুমদারী মাঠ বিলুপ্ত হতে থাকে এবং চৌকিদেখি মুচিরহাওর মাঠেরও বিলুপ্তি ঘটে। তখন শুধুমাত্র পীরমহল্লাহ মাঠে আমরা প্রভাতী সংঘের খেলোয়াড়দের অনুশীলন করার মতো জায়গা ছিল। লাক্কাতুরা চা বাগান এলাকার মাঠে তখন বাগানের কর্মকর্তা ও কর্মচারীদের সন্তান এবং কখনও কখনও কর্মকর্তারা ফুটবল খেলতেন। আমাদের এই বৃহত্তর মজুমদারী, চৌকিদেখি, পীরমহল্লাহ, ইলাশকান্দি, বাদামবাগিচায় (তখনকার মালিপাড়া) খেলোয়ারদের খেলার মাঠ না থাকায় রংধনু ক্রীড়া চক্র চৌকিদেখী প্রথম উদ্যোগ নেয়  লাক্কাতুরা মাঠে খেলার ব্যবস্থা করার।  আমরা সম্মিলিতভাবে চেষ্টা করি এবং তখনকার সময় আমার বড় ভাই মরহুম সোয়েব চৌধুরী আমাদের ওয়ার্ডের (তখন এ এলাকা ৫ নং টুলটিকর ইউনিয়নের আওতাধীন ছিলো) মেম্বার ছিলেন। তিনিসহ রংধনু ক্রীড়া চক্রের কর্মকর্তারা বিশেষ করে ছমির আলী, ছমির উদ্দিন (লেচু চাচা), আব্দুল বাসিত মোহাম্মদ, আনহার আলী, আমি (প্রভাতী সংঘের প্রতিনিধি হিসেবে) এবং বাগানের পক্ষে মরহুম ভুঁইয়া চাচা, আকল চাচা, শুকুর আলি মেম্বারসহ আরও অনেকে এ উদ্যোগে শামিল হন। সিদ্ধান্ত হলো আমরা সবাই চা বাগানের যারা আছেন তাদের সাথে মিলেমিশে এই মাঠে খেলবেন। তখনকার লাক্কাতুরা মাঠটি ছিলো খুব ছোট। ভুইয়া চাচা ছিলেন খুব আন্তরিক খেলাপাগল মানুষ। উনি বাগানের ম্যানেজারের সাথে আমাদের নিয়ে আলোচনা করেন মাঠ একটু বড় করা যায় কিনা এ বিষয়ে। সিদ্ধান্ত হয় মাঠ বড় করার। যথারীতি কাজ শুরু হয়, মাঠ কিছুটা বড়ও হয়। ১৯৮৫ সালের শেষ দিকে রংধনু ক্রীড়া চক্র এ মাঠে আয়োজন করে টুলটিকর ইউনিয়নের বাসিন্দা  ফুটবল খেলোয়াড়দের নিয়ে একটি ফুটবল টুর্নামেন্টের। মূলত এই জমজমাট ফুটবল টুর্নামেন্টের মধ্য দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় লাক্কাতুরা খেলার মাঠের। ওই টুর্নামেন্টের স্পন্সর ছিলেন  প্রবাসফেরত তাজুল ইসলাম বাবুল (মোল্লাপাড়ার বাসিন্দা)। পরবর্তীতে ১৯৯০ সালে মরহুম ক্রীড়া সংগঠক কমরু মিয়ার (ঝাড়ু ভাই) নামে আরেকটি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে রংধনু ক্রীড়া চক্র চৌকিদেখি। ভেন্যু সেই লাক্কাতুরা মাঠ। যেখানে সিলেট তথা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের খেলোয়াড়রা অংশ নেন। এর মধ্য দিয়ে স্থানীয় পরিচয় ছেড়ে সিলেটের অন্যতম একটি মাঠ হিসেব আনুষ্ঠানি স্বীকৃতি মেলে লাক্কাতুরা মাঠের। (চলবে)

ফেরদৌস চৌধুরী রুহেল :: ফেরদৌস চৌধুরী রুহেল, ক্রীড়া সংগঠক

সাস্ট রিসার্চ সোসাইটির পোস্টার প্রেজেন্টেশন অনুষ্ঠিত

0

শাবি প্রতিনিধি:

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) সাস্ট রিসার্চ সোসাইটির উদ্যোগে আয়োজিত হয়েছে পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতা। এ প্রতিযোগিতার মূল প্রতিপাদ্য ছিল জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs)। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ থেকে মোট ৪৪টি দল এতে অংশগ্রহণ করে, যা প্রতিযোগিতাটিকে আরও প্রাণবন্ত করে তোলে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাবিপ্রবির মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সারোয়ার উদ্দিন চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. নাজিয়া চৌধুরী, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মুনতাহা রাকিব ও ড. মো. মাহবুবুল হাকিম, ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আশরাফুল ফেরদৌস চৌধুরী এবং পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. জাসির আহমেদ।

অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. জামাল উদ্দিন। তিনি “Research & Publication Ethics” শীর্ষক এক গুরুত্বপূর্ণ প্রবন্ধ উপস্থাপন করেন, যা উপস্থিত শিক্ষার্থী ও গবেষকদের জন্য ছিল অত্যন্ত তথ্যবহুল ও অনুপ্রেরণামূলক।

প্রতিযোগিতা শেষে বাছাইকৃত সেরা দশটি পোস্টার দলকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়, যা অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করে।

অনুষ্ঠানের শেষাংশে সাস্ট রিসার্চ সোসাইটির সহ-প্রতিষ্ঠাতা ও প্রথম কার্যনির্বাহী কমিটির সভাপতি মো. সামুন জিয়া হৃদয় এবং সহ-প্রতিষ্ঠাতা ও প্রথম কর্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক জান্নাতুল সাদিয়া ইসলাম ইভা সংগঠনের দ্বিতীয় কার্যনির্বাহী কমিটির আনুষ্ঠানিক ঘোষণা দেন।

নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন পদার্থবিজ্ঞান বিভাগের শান্ত বাবু দাস এবং সাধারণ সম্পাদক হয়েছেন পেট্রোলিয়াম ও খনিকৌশল বিভাগের সৈয়দ আলী মর্তুজা নাঈম। প্রধান সমন্বয়কারীর দায়িত্ব পেয়েছেন কাজী মাহমুদুর রহমান, এবং সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করবেন সায়েম সাদিক ও সুমাইয়া ইসলাম চৌধুরী।

সহ-সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন সাদিকুর রহমান সৌরভ, ঋদিতা দাস ও পদ্মা তালুকদার বর্ষা। যুগ্ম সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মেহেদী হাসান সৌরভ, আব্দুল্লাহ আল নোমান ও ফারজানা আক্তার।
ডিরেক্টর অব ট্রেইনিং পদে দায়িত্ব পালন করবেন জান্নাতুল নাইম মিতুল, সাইফুল ইসলাম শোভন এবং সামাউন কবির। গবেষণা ও কর্মশালা বিষয়ক পরিচালক হয়েছেন ফারাহ দিবা বুশরা, হিরা আক্তার ও মাহিদুল আরফিন রিফাত।
সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মোজাক্কির হোসেন আখঞ্জী, শহিদুল আলম তামিম, তারেকুল আলম, তাজনুর আক্তার, শ্রাবণী ভৌমিক ও আহসানুল হক নিয়াজ। সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইয়াসিন আব্দুল্লাহ সাজিদ, মো. গোলাম সারোয়ার ও জাবের হোসেন।
কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন আফরোজা সুলতানা সিনজা ও প্রিতম নন্দি।
আয়োজন ব্যবস্থাপনা সম্পাদক হয়েছেন মো. তৌফিক ওমর ও তাবাসসুম ইকবাল চৌধুরী। সহ-আয়োজন ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন উম্মে সাদিয়া তাবাসসুম, মাহবুবুল ইসলাম ও নেহা সরকার।
প্রচার সম্পাদক হয়েছেন সুইটি আক্তার, জারিন ফেরদৌস ও মো. মোজাহেদুল ইসলাম ইমন। তাদের সহযোগী হিসেবে সহ-প্রচার সম্পাদক হয়েছেন আল-মোরশেদ চৌধুরী ও নাবিলা তাসনিম।
তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব নিয়েছেন বিভব রঞ্জন ভট্টাচার্য্য ও ইনতিসার আহমেদ চৌধুরী। সহকারী তথ্যপ্রযুক্তি সম্পাদক হিসেবে রয়েছেন মো. সপন মিয়া।
মানবসম্পদ ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন হেমলতা রায় এবং সহকারী মানবসম্পদ ব্যবস্থাপনা সম্পাদক হয়েছেন সানজিদা আহমেদ। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হয়েছেন মো. রাহাদ আলী এবং সহকারী আন্তর্জাতিক সম্পাদক হিসেবে রয়েছেন নাফিসা তাবাসসুম।
করপোরেট ও পাবলিক রিলেশন সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মো. নাহিদুল ইসলাম ও সৈয়দ মোহিনুর রহমান। সহকারী করপোরেট ও পাবলিক রিলেশন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন রিয়াজুল বাসার রেজা।
দপ্তর সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন তাকবিন আক্তার তিন্নি।
এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন মো. আশরাফুল ইসলাম রাসেল, মাইশা মারজান শেফা, শাহিনুর আক্তার মিতু, মাহফুজা জাহান উর্মিলা, উর্মিলা সিনহা, ফারহানা অনন্য এবং আবিদা খান মৌ।

বিএনপি নেতা ফজলুর রহমানকে শোকজ

0

আধুনিক ডেস্ক ::
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান নিয়ে বিতর্কিত মন্তব্য করায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। রোববার (২৪আগস্ট) বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে তাকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়। আগামী ২৪ ঘণ্টার মধ্যে নোটিশের লিখিত জবাব দেওয়ার জন্য বলা হয়েছে।

বিএনপির কেন্দ্রীয় দপ্তর সূত্র জানায়, কারণ দর্শানোর নোটিশে বলা হয়েছে- আপনি জুলাই-আগস্ট ঐতিহাসিক গণঅভ্যুত্থান নিয়ে ক্রমাগত কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে আসছেন এবং আত্মদানকারী শহীদদের নিয়ে যে বক্তব্য দিচ্ছেন তা সম্পূর্ণরূপে দলীয় আদর্শ ও গণঅভ্যুত্থানের চেতনার পরিপন্থী। মহিমান্বিত এই গণঅভ্যুত্থানের বিরুদ্ধে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন নিয়ে আপনার বক্তব্য জনমনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। আপনার বক্তব্য দলের সুনাম ক্ষুণ্ণ করার সুপরিকল্পিত চক্রান্তের প্রয়াস বলে অনেকেই মনে করে। এমনকি আপনি জনগণের ধর্মীয় অনুভূতিতেও আঘাত দিয়ে কথা বলছেন। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে বিএনপি’র সাড়ে ৪০০-এর অধিক নেতাকর্মীসহ ছাত্র-জনতার প্রায় দেড় হাজারের অধিক মানুষ শহীদ হয়েছেন এবং ৩০ হাজারেরও অধিক মানুষ গুরুতর আহত হয়েছেন। গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার এ ধরণের বীরোচিত ভূমিকাকে আপনি প্রতিনিয়ত অপমান ও অমর্যাদা করছেন। সুতরাং এ ধরণের উদ্ভট ও শৃঙ্খলা পরিপন্থী বক্তব্যের কারণে কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার যথাযথ কারণ দর্শীয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে একটি লিখিত জবাব দলের নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেওয়ার জন্য আপনাকে নির্দেশ প্রদান করা হলো।

এর আগে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান এক অনুষ্ঠানে জুলাই-আগস্ট আন্দোলনে সম্পৃক্ত সবাইকে জামায়াত শিবির বলে উল্লেখ করেন।