Home Blog Page 142

ধর্মপাশার সুখাইড় জমিদার বাড়ি ধ্বংসের মুখে

0

ধর্মপাশা – মধ্যনগর প্রতিনিধি:

সুনামগঞ্জের ধর্মপাশায়  ৩০০ বছরের বেশি সময় ধরে ঠায় দাঁড়িয়ে জানান দিচ্ছে ইতিহাস-ঐতিহ্যের কথা ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের ‘সুখাইড় জমিদার বাড়ি। কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছেছে ঐতিহ্যের এই স্থাপনাটি। তাই এটি সংরক্ষণে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে এলাকবাসী এবং সুধীজন।

কথিত আছে, গজারিয়া নদীর উত্তরপার থেকে ভারতের মেঘালয় পাহাড়ের পাদদেশ পর্যন্ত বিস্তৃত ছিল সুখাইড় জমিদারবাড়ির সীমানা। জমিদারি প্রথা অনেক আগে বিলুপ্ত হলেও সেখানকার বাংলো ঘর, কাছারি ঘর, জলসা ঘর, গুদাম ঘর ও খাসকামরাসহ আঙিনার বিস্তৃত সীমানা এখনও বাড়িটিকে বেশ আকর্ষণীয় করে রেখেছে। বিশালাকার বাড়িটি সংস্কারের উদ্যোগ নিলে এটি জেলার অন্যতম পর্যটন সম্ভবনার দ্বার উন্মোচিত করত বলে মনে করেন অনেকেই।

জানা যায়, ১৬৯১ সালে মোগল শাসনামলে মহামাণিক্য দত্ত রায় চৌধুরী হুগলি থেকে আসাম যাওয়ার পথে কালিদহ সাগরের স্থলভূমির প্রাকৃতিক রূপ দেখে মুগ্ধ হয়ে ধর্মপাশা উপজেলার সুখাইড়ে জায়গা ক্রয় করেন। ১৬৯৫ সালে জমিদার মোহনলাল ২৫ একর জমির ওপর এ বাড়ি নির্মাণের কাজ শুরু করেন। দৃষ্টিনন্দন নির্মাণশৈলীর কারণে বাড়িটি একসময় সুনামগঞ্জের হাওর এলাকার ‘রাজ মহল’ হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেছিল। সুখাইড় জমিদারবাড়ির পশ্চিমে ধর্মপাশা, পূর্বে জামালগঞ্জ, উত্তরে বংশীকু- ও দক্ষিণে মোহনগঞ্জ উপজেলার ঘাগলাজুর নদীর উত্তর পার। একসময় জমিদারদের মালিকানায় ছিল ধানকুনিয়া বিল, চারদা বিল, কাইমের দাইড়, সোনামোড়ল, পাশুয়া, ছাতিধরা, ধারাম, রাকলা, বৌলাই ও নোয়া নদীসহ ২০টি বড় বড় জলমহাল। জমিদারদের আয়ের উৎস ছিল প্রজাদের ওপর ধার্যকৃত খাজনা, হাওরের মৎস্য খামার ও বনজসম্পদ।

এককালে যে জমিদার বাড়ি ঘিরে পরিচালিত হতো প্রজাব্যবস্থা, সেই বাড়ির চার ভাগের মধ্যে এখনও বড়বাড়ি, মধ্যমবাড়ি ও ছোটবাড়ি টিকে আছে। জনশ্রুতি আছে, জমিদার বাড়ির মাটির নিচে প্রত্নতত্ত্বের অনেক উপাদান রয়েছে। যা মূল্যবান নিদর্শন হিসেবে সংরক্ষণ করা যেতে পারে।

কথিত আছে, সুখাইড় জমিদারবাড়ি পরিদর্শন করতে এসেছিলেন ইংরেজ প্রশাসক বেলেন্টিয়ার। তিনি হাতিতে চড়ে বের হয়েছিলেন বাড়ির কাছে টাঙ্গুয়া হাওরে মাছ শিকার করতে। সে সময়ই বনজঙ্গল বেশি থাকার কারণে বেলেন্টিয়ারের হাতিকে ৩টি বাঘ আক্রমণ করে। ভয়ে বেলেন্টিয়ার জ্ঞান হারিয়ে ফেলেন। তখন সুখাইড়ের জমিদার মথুর চৌধুরী ৩টি বাঘকে গুলি করে হত্যা করেন। জ্ঞান ফেরার পর বেলেন্টিয়ার জমিদারকে নিজের রাইফেলটি উপহার দেন। 

১৯২২-২৩ সালে সুখাইড়ে গড়ে ওঠা প্রবল নানকার বিদ্রোহ জমিদারি প্রথার ভিত নাড়িয়ে দেয়। এমন অনেক কাহিনি বিজড়িত এই জমিদার বাড়ি ঘিরে। সুখাইড় জমিদারবাড়ির বর্তমান বংশধরদের একজন মোহন চৌধুরী জানান, আমাদের এই ঐতিহাসিক বাড়িটি দেখার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায়ই পর্যটকরা আসেন। কিন্তু অর্থাভাবে আমাদের বাড়িটি রক্ষণাবেক্ষণ ও সংস্কার সম্ভব হচ্ছে না। সরকার যদি আমাদের এই বাড়িটি রক্ষণাবেক্ষণ, সংস্কারে এগিয়ে আসে, তবে আমরা সাধুবাদ জানাব।

ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায় বলেন, সুখাইড় জমিদার বাড়ি ইতিহাস ও ঐতিহ্যের অংশ। জমিদার বাড়িটি সংস্কারে জন্য সরকারের সংশ্লিষ্ট দফতরে প্রস্তাবনা পাঠিয়েছি। প্রত্নতত্ত্ব বিভাগ এই বিষয়ে অবগত আছে।

১৫ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাজ্য

0

আধুনিক ডেস্ক ::


যুক্তরাষ্ট্রের পর এবার যুক্তরাজ্যও অবৈধ বাংলাদেশি অভিবাসীদের দেশে ফেরত পাঠাতে শুরু করেছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দেশটি ১৫ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠিয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) তারা দেশে এসে পৌঁছেছেন। এসব অভিবাসীর বিরুদ্ধে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে। একটি বিশেষ চার্টার ফ্লাইটে তাদের দেশে পাঠানো হয়। ফ্লাইট HFM851 বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৯টায় লন্ডনের স্ট্যানস্টেড বিমানবন্দর থেকে ছেড়ে ইসলামাবাদ হয়ে শুক্রবার দুপুর ২টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছায়।

বাংলাদেশ হাইকমিশনের কনসুলার শাখা জানায়, ফেরত আসা যাত্রীদের জন্য ট্রাভেল পারমিট ইস্যু করা হয়েছিল। তাদের মধ্যে কেউ বৈধ পাসপোর্টধারী, কারো পাসপোর্টের মেয়াদোত্তীর্ণ। ফেরত আসা ব্যক্তিদের মধ্যে নারীও আছেন।

যাত্রী তালিকা অনুযায়ী, তারা মূলত সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, নোয়াখালী ও ঢাকার বিভিন্ন জেলার বাসিন্দা। ট্রাভেল পারমিটের নথি ঘেঁটে দেখা গেছে, ফেরত আসা ১৫ জনের মধ্যে অন্তত ছয়জনের কোনো পেশা উল্লেখ ছিল না। বাকিদের মধ্যে কেউ যুক্তরাজ্যে ওয়েটার হিসেবে কাজ করতেন, কেউবা ছিলেন শিক্ষার্থী।

যুক্তরাজ্যের অভিবাসন কর্তৃপক্ষ সম্প্রতি অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ শুরু করেছে। বাংলাদেশ সরকারের সঙ্গে সমন্বয় করেই ফেরত পাঠানোর এ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, অনেক বাংলাদেশি ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবৈধভাবে অবস্থান করেন। যুক্তরাজ্য তাদের নিজস্ব আইনের ভিত্তিতে ব্যবস্থা নিচ্ছে, আর ফেরত পাঠানো সেই ব্যবস্থারই অংশ।

আদালতে জামিন চাননি লতিফ সিদ্দিকী

0

আধুনিক ডেস্ক ::

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর পক্ষে জামিন আবেদন করা হয়নি। জামিন চাইতে তিনি আইনজীবীর ওকালতনামায় স্বাক্ষর করেননি।

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের সামনে শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে প্রিজন ভ্যানে আনা হয় আওয়ামী লীগের বহিষ্কৃত সদস্য ও সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক হাফিজুর রহমান কার্জন ও সাংবাদিক মনজুরুল আলম পান্নাকে। ভ্যানটি হাজতখানার দিকে যায়। দেড় ঘণ্টা পর তারা হাজতখানা থেকে বের হন। লতিফ সিদ্দিকীর মাথায় পুলিশের হেলমেট, বুকে বুলেটপ্রুফ জ্যাকেট। তার দুই হাত পেছনে ছিল। তবে হাতকড়া পরানো ছিল না। লতিফ সিদ্দিকীর পেছনে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক হাফিজুর রহমান। তাঁর বুকে বুলেটপ্রুফ জ্যাকেট, মাথায় পুলিশের হেলমেট। ডান হাতে হাতকড়া, বাঁ হাতে বাংলাদেশ সংবিধান। এ সময় হাফিজুর রহমান সংবিধান বাঁ হাত ধরে উঁচু করে ধরে রাখেন। পরে তাদের নেওয়া হয় আসামির কাঠগড়ায়।

একজন আইনজীবী কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা আবদুল লতিফ সিদ্দিকীর কাছে এগিয়ে যান। তিনি ওকালতনামায় স্বাক্ষর নিতে চান। আবদুল লতিফ সিদ্দিকী আইনজীবীকে বলেন, আদালতের প্রতি তাঁর কোনো আস্থা নেই। এ জন্য তিনি কোনো আইনজীবী নিয়োগ দেবেন না। তখন সেই আইনজীবী আবদুল লতিফ সিদ্দিকীর কাছে জানতে চান, তিনি নিজে আদালতে কোনো কথা বলতে চান কি না? তখনো আবদুল লতিফ সিদ্দিকী সেই আইনজীবীকে জানিয়ে দেন, তিনি আদালতের কাছেও কোনো বক্তব্য দেবেন না।

অন্য আসামিদের পক্ষে জামিন আবেদন করা হয় বলে জানান আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

কারাগারে যাওয়া অন্য আসামিরা হলেন-ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান (কার্জন), মো. আব্দুল্লাহ আল আমিন, মঞ্জুরুল আলম, কাজী এটিএম আনিসুর রহমান বুলবুল, গোলাম মোস্তফা, মো. মহিউল ইসলাম ওরফে বাবু, মো. জাকির হোসেন, মো. তৌসিফুল বারী খান, মো. আমির হোসেন সুমন, মো. আল আমিন, মো. নাজমুল আহসান, সৈয়দ শাহেদ হাসান, মো. শফিকুল ইসলাম দেলোয়ার, দেওয়ান মোহাম্মদ আলী ও মো. আব্দুল্লাহীল কাইয়ুম।

এদিন সকালে তাদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপ-পরিদর্শক তৌফিক হাসান। আসামিপক্ষে আইনজীবী জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) মিলনায়তনে ‘আমাদের মহান স্বাধীনতাযুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান’ শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করে ‘মঞ্চ ৭১’। এটিকে ফ্যাসিবাদী আওয়ামী লীগকে পুনর্বাসনের প্ল্যাটফর্ম বলে অভিযোগ করে আসছে জুলাই অভ্যুত্থানের আন্দোলনকারীরা।

অনুষ্ঠানটির আমন্ত্রণপত্রে অতিথি হিসেবে নাম ছিল গণফোরামের সাবেক সভাপতি ড. কামাল হোসেন ও আইনজীবী জেড আই খান পান্নার। এ অনুষ্ঠানে লতিফ সিদ্দিকী এলে তাকে একদল লোক ঘিরে ফেলে এবং আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে। খবর পেয়ে পুলিশ এসে তাদের নিয়ে যায়। পরে বিকেলে তাদের শাহবাগ থানা থেকে ডিবিতে নেওয়া হয়।

রাতে তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করে।

‘হেরে যেতেই পারি’—নেদারল্যান্ডস সিরিজ নিয়ে লিটন

0

মিনিট দশেকের সংবাদ সম্মেলনে এশিয়া কাপের প্রস্তুতির প্রসঙ্গটিই ঘুরেফিরে এল বারবার। তা না এসে উপায়ই–বা কী—নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটা তো হচ্ছে বড় টুর্নামেন্টের আগে যতটা সম্ভব সেরা প্রস্তুতির জন্যই। এ বাস্তবতা কারও অজানাও নয়।

কিন্তু একই সঙ্গে নেদারল্যান্ডসের বিপক্ষে খেলায় একটা ঝুঁকিও থাকে। জিতে গেলে তেমন কৃতিত্ব নেই, হেরে গেলে বিদ্ধ হতে হবে সমালোচনার তীরে—তুলনামূলক খর্বশক্তির দলগুলোর বিপক্ষে খেললে যে চ্যালেঞ্জ থাকে অবধারিতভাবেই। এশিয়া কাপের আগে ডাচদের কাছে হেরে যাওয়া তাই হতে পারে বিরাট একটা মানসিক ধাক্কাও। তবে বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাস আগেভাগেই সতর্ক।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সিলেটে সংবাদ সম্মেলনে লিটন বলেছেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে কোনো ছোট দল নেই। আমরা সব সময় খেলি জেতার জন্য। অতীতে বা ভবিষ্যতেও যতগুলো ম্যাচ খেলব, সব জেতার জন্যই। বাংলাদেশ এর আগেও অনেক দলের কাছে হেরেছে, নতুন কিছু নয়। যদি হেরেও যাই, হেরে যেতেই পারি।’

দুই দলের মধ্যে একটিকে হারতে হবে, সব ম্যাচেই এটা জানা কথা। প্রতিপক্ষের জন্য সমীহ রেখেই লিটনের মূল চাওয়া আসলে নেদারল্যান্ডসের বিপক্ষে ভালো ক্রিকেট খেলা। আগের ৫ দেখায় ৪ জয় থাকলেও বাংলাদেশ অধিনায়ক তাই উইকেটের কারণে কিছুটা সতর্কই, ‘হয়তো নেদারল্যান্ডস এই কন্ডিশনে খুব একটা খেলে না, কিন্তু যদি ভালো উইকেটে খেলা হয়—তারা ভালো উইকেটে ক্রিকেট খেলে অভ্যস্ত। তাই চ্যালেঞ্জ থাকবেই।’

লিটন যত যা-ই বলুন, এই সিরিজ শেষ পর্যন্ত এশিয়া কাপ প্রস্তুতিরই একটা মঞ্চ বাংলাদেশের জন্য। নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ দিয়ে তিন বছর পর নুরুল হাসান আর দুই বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন সাইফ হাসান। এ ছাড়া নিয়মিত একাদশের বাইরের ক্রিকেটারদের পরীক্ষার একটা মঞ্চ হিসেবেও কি নেদারল্যান্ডস সিরিজকে কাজে লাগাবে বাংলাদেশ?

লিটনের উত্তর, ‘অবশ্যই। যদি আমাদের হাতে ওই সুযোগ থাকে কিছু খেলোয়াড় দেখার, আমরা দেখব। কিন্তু একই সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে আপনাকে জেতার জন্যই যেতে হবে।’

১০ দিন ধরে সিলেটেই প্রস্তুতি ক্যাম্প করছে বাংলাদেশ। মূলত এশিয়া কাপের উইকেট ও কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতেই ঢাকা থেকে তা সরিয়ে নেওয়া হয়েছে সিলেটে। এখানকার প্রস্তুতিতে খুশি লিটনও। আবুধাবিতে রান ওঠে, সে কথা মাথায় রেখে নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের দু-আড়াই শ রানের জন্য ব্যাট করা বিষয়ে এক সাংবাদিকের প্রশ্নে লিটন বলেন, ‘আপনি যে কথাটা বললেন যে ২০০-২৫০ রান করাটা একটা অভ্যাসেরও বিষয়। আমরা যদি করতে পারি, খুবই ভালো। না করতে পারলেও আমরা ওই ধারাবাহিকতা চেষ্টা করব যে ওইখানে কীভাবে পৌঁছানো যায়।’

সিলেটের প্রস্তুতি আবুধাবিতে কাজে আসবে বলেও বিশ্বাস লিটনের, ‘এশিয়া কাপে যখন খেলব, ভিন্ন দল থাকবে। সেই দল তো আমরা এখানে আনতে পারব না। কিন্তু ওখানকার কাছাকাছি কন্ডিশন থাকবে, আমার কাছে মনে হয়। কারণ, আমরা সবাই জানি, আবুধাবি ব্যাটিং–সহায়ক উইকেট হয়। সিলেটও অনেকটাই ব্যাটিং–সহায়ক উইকেট।’

তিন টি–টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ ৩০ আগস্ট।

প্রশাসনে বড় পদোন্নতি, উপসচিব হলেন ২৬৮ কর্মকর্তা

0

আধুনিক ডেস্ক ::

প্রশাসনে বড় পদোন্নতি দিয়েছে সরকার। বৃহস্পতিবার (২৮ আগস্ট) উপসচিব পদে ২৬৮ জন কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এবার নতুন করে ৩০তম বিসিএসের কর্মকর্তাদের এ পদে পদোন্নতির জন্য বিবেচনায় নেওয়া হয়েছে। এই ব্যাচের কর্মকর্তারা ২০২২ সালে চাকরির ১০ বছর পূর্ণ করে পদোন্নতির অপেক্ষায় ছিলেন।

গত বছরের গণ-অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে প্রশাসনসহ সরকারের বিভিন্ন পর্যায়ে ব্যাপকভাবে পদোন্নতি দেওয়া শুরু হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য বলছে, গত বছরের ৮ আগস্ট থেকে চলতি বছরের ৪ আগস্ট পর্যন্ত উপসচিব পদে ১৪১ জন, যুগ্ম সচিব পদে ৪২৪ জন, অতিরিক্ত সচিব পদে ১৪৯ জন, গ্রেড-১ পদে ২৬ জন এবং সচিব বা সিনিয়র সচিব পদে ৪৫ জনসহ মোট ৭৮৫ জন কর্মকর্তাকে নিয়মিত পদোন্নতি দেওয়া হয়। এ ছাড়া অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে সচিব পদে ১১৯ জন, গ্রেড-১ পদে ৪১ জন, অতিরিক্ত সচিব পদে ৫২৮ জন, যুগ্ম সচিব পদে ৭২ জন এবং উপসচিব পদে চারজনকে পদোন্নতি দেওয়া হয়েছে। একই সময়ে সচিব বা সিনিয়র সচিব নয়জন, গ্রেড-১ পদে একজন এবং অতিরিক্ত সচিব পদে ১৯ জনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। উপসচিব থেকে সচিব পর্যন্ত ১৬৪ জন কর্মকর্তা কর্মকাল শেষে স্বাভাবিক অবসরে গেছেন। সম্প্রতি অন্যান্য ক্যাডারের ‘বঞ্চিত’ ৭৮ জন অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে ‘ভূতাপেক্ষ’ পদোন্নতির সুপারিশ করেছে পর্যালোচনা কমিটি।

বৃহস্পতিবার উপসচিব পদে ২৬৮ জনকে পদোন্নতি দেওয়া হয়েছে। পৃথক দুটি প্রজ্ঞাপনে এই পদোন্নতি দেওয়া হয়। এর মধ্যে একটি প্রজ্ঞাপনে ২৬২ জন এবং আরেকটি প্রজ্ঞাপনে বিদেশে কর্মরত ছয়জনের পদোন্নতি সিদ্ধান্ত রয়েছে।

প্রসঙ্গত, উপসচিব পদে ৭৫ শতাংশ পদোন্নতি হয় প্রশাসন ক্যাডার থেকে এবং ২৫ শতাংশ হয় অন্য ক্যাডার থেকে আসা কর্মকর্তাদের।

বায়ুদূষণে বাংলাদেশিদের গড় আয়ু কমছে সাড়ে ৫ বছর

0

আধুনিক ডেস্ক ::
বাংলাদেশ বিশ্বের সবচেয়ে দূষিত দেশ এবং শুধু বায়ুদূষণের কারণে দেশের মানুষের গড় আয়ু সাড়ে পাঁচ বছর কমছে। তুলনায় ধূমপান ২ বছর এবং শিশু ও মাতৃকালের পুষ্টিহীনতা ১ দশমিক ৪ বছর জীবনকাল কমিয়ে দেয়। বৃহস্পতিবার (২৮ আগস্ট) প্রকাশিত নতুন এয়ার কোয়ালিটি লাইফ ইনডেক্স (একিউএলআই) প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে বস্তুকণা দূষণ (পিএম২.৫) বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নির্দেশিকা অনুযায়ী ৫ মাইক্রোগ্রাম পার কিউবিক মিটার মান পূরণ করলে একজন বাংলাদেশি গড়ে সাড়ে পাঁচ বছর দীর্ঘজীবী হতে পারেন। দেশের সবচেয়ে দূষিত এলাকা— গাজীপুর, নারায়ণগঞ্জ ও ঢাকা— এ কারণে একজন বাসিন্দার জীবনকাল সাড়ে ৬ বছর হ্রাস পায়।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বাংলাদেশে বায়ুদূষণই জীবনকাল হ্রাসের সবচেয়ে বড় বাহ্যিক হুমকি। দেশের ১৬ কোটি ৬৮ লাখ মানুষ এমন অঞ্চলে বসবাস করছে, যেখানে বার্ষিক গড় বস্তুকণা দূষণ ডব্লিউএইচও নির্দেশিকা এবং দেশের জাতীয় মান ৩৫ মাইক্রোগ্রাম পার কিউবিক মিটার ছাড়িয়ে গেছে। সবচেয়ে কম দূষিত জেলা লালমনিরহাটেও কণা দূষণ ডব্লিউএইচও নির্দেশিকার সাতগুণ বেশি।

১৯৯৮ থেকে ২০২৩ সালের মধ্যে বাংলাদেশে কণা দূষণের মাত্রা ৬৬ দশমিক ২ শতাংশ বেড়েছে, যার ফলে মানুষের জীবনকাল আরও ২ দশমিক ৪ বছর হ্রাস পেয়েছে। ঢাকা ও চট্টগ্রামে দূষণ দেশের জাতীয় মান অনুযায়ী হ্রাস করলে জীবনকাল যথাক্রমে ৪ দশমিক ১ ও ৩ দশমিক ৩ বছর বাড়তে পারতো।

প্রতিবেদনে দক্ষিণ এশিয়ার বায়ুদূষণেও সতর্কবার্তা দেওয়া হয়েছে। ২০২২ থেকে ২০২৩ সালের মধ্যে এই অঞ্চলে বায়ুদূষণ ২ দশমিক ৮ শতাংশ বেড়েছে। দক্ষিণ এশিয়ায় বায়ুদূষণের কারণে মানুষের গড় আয়ু ৩ বছর এবং সবচেয়ে দূষিত এলাকায় ৮ বছরেরও বেশি হ্রাস পাচ্ছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্রাকৃতিক দাবানল যুক্তরাষ্ট্র ও কানাডায় বায়ুর মান খারাপ করেছে। জলবায়ু পরিবর্তনের কারণে দাবানলের ঘনত্ব ও পুনরাবৃত্তি বেড়েছে, যা পূর্বে অর্জিত স্বচ্ছ বাতাসের অগ্রগতি বিপরীতমুখী করছে।

একিউএলআই পরিচালক তনুশ্রী গাঙ্গুলি বলেছেন, ‘এখনো বায়ুদূষণই বিশ্বের মানুষের জীবনকাল ছোট হওয়ার প্রধান কারণ। জীবাশ্ম জ্বালানির উৎসে মনোযোগ দিলে স্থানীয় বায়ু পরিষ্কার হবে এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়ক হবে। দেশগুলোকে সঠিক তথ্যভিত্তিক নীতি প্রণয়নের সক্ষমতা প্রয়োজন।’

সিলেট মহানগর জামায়াতের বিক্ষোভ মিছিল সমাবেশ

0

আধুনিক ডেস্ক:

জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিলেট জেলা আমীর ও সিলেট-১ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেছেন- জামায়াতের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়েই সিলেটের দুই জামায়াত নেতাকে পরিকল্পিতভাবে সাদাপাথর লুটকাণ্ডে জড়ানো হয়েছে। এই ধরণের কর্মকাণ্ডে আমাদের দুই ভাই দুরে থাক জামায়াতের কোন পর্যায়ের কর্মী সমর্থকেরও ন্যুনতম কোন সম্পর্ক নেই। পাথর লুটপাটের জন্য আসল দায়ী প্রশাসন। আর যারা দায়ী তাদেরকে চিহ্নিত করা প্রশাসনের কাজ। কিন্তু কতিপয় হলুদ মিডিয়া দুদকের কথিত একটি রিপোর্টের সুত্র ধরে জামায়াত নেতাদের চরিত্র হরণে মেতে উঠেছে। দুদককে অবশ্যই এর প্রমাণ দিতে হবে। অন্যথায় তাদেরকেও সিলেটবাসীর কাছে জবাবদিহি করতে হবে।

তিনি বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে সাদাপাথর লুটের ঘটনায় উদ্দেশ্যমূলকভাবে সিলেট জামায়াত নেতৃবৃন্দকে নিয়ে ষড়যন্ত্র, অপপ্রচার ও মিথ্যাচারের প্রতিবাদে সিলেট মহানগর জামায়াত আয়োজিত মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। বৈরী আবহাওয়া বৃষ্টি উপেক্ষা করে মিছিলটি নগরীর কোর্টপয়েন্ট থেকে শুরু হয় গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ শেষে চৌহাট্টা পয়েন্টে গিয়ে সমাপ্ত হয়।

মিছিল পূর্ব সমাবেশে বক্তারা বলেন, ফ্যাসিবাদের পতন হলেও জামায়াতকে নিয়ে ষড়যন্ত্র এখনো বন্ধ হয়নি। পতিত ফ্যাসিস্ট সরকারের দোসররা জামায়াতকে কলুষিত করতে ঘৃণ্য খেলায় মেতে উঠেছে। প্রশাসন এবং রাষ্ট্রের বিভিন্ন সংস্থা ও এজেন্সীতে এখনো স্বৈরাচারের দোসররা বসে নানা ষড়যন্ত্র করছে। এ নিয়ে বিভিন্ন জাতীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। সুদুরপ্রসারী ষড়যন্ত্রের অংশ হিসেবেই সাদাপাথর লুটের ঘটনায় সিলেট জামায়াতের দুই নেতাকে জড়ানো হয়েছে।

তারা বলেন, আমরা লক্ষ্য করছি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পরিবেশ সংগঠনের ব্যানারে আওয়ামী ফ্যাসিস্টের দোসররা নানাভাবে মাঠের রাজনীতিতে সক্রিয় হতে শুরু করেছে। তারা প্রতিনিয়ত জুলাই গণঅভ্যুত্থান ও জুলাই যোদ্ধাদের নানাভাবে হেয় করছে। তাদের বিরুদ্ধে জুলাই-আগস্ট আন্দোলনে মামলাও রয়েছে। অথচ তারা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে অনুষ্ঠিত বিভিন্ন অনুষ্ঠানে অবাধে অংশ নিয়ে নানা ষড়যন্ত্র করছে। সাদাপাথর কাণ্ডে জামায়াত নেতৃবৃন্দকে জড়ানো তাদের ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ। এদেরকে সবধরণের অনুষ্ঠান থেকে বয়কট করতে হবে। জুলাই আন্দোলনে বিরোধিতাকারীদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে।

সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুলের সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারী জাহেদুর রহমান চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত মিছিল পূর্ব বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন- মহানগর সহকারী সেক্রেটারী এডভোকেট আব্দুর রব, সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগরী সভাপতি শাহীন আহমেদ।

বনভূমি ধ্বংসে অভিযান: ছাতকে এক ব্যক্তির কারাদণ্ড

0

ছাতক প্রতিনিধিঃ

সুনামগঞ্জের ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের হাদা টিলা সংরক্ষিত বনভূমি এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের সময় এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়েছে। পরে ঘটনাস্থলেই তাকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

বৃহস্পতিবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তারিকুল ইসলাম। দণ্ডপ্রাপ্ত আব্দুল মতিন (৩৫) সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার চাটিবহর গ্রামের সোনা মিয়ার ছেলে। রায় ঘোষণার পর তাকে সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।

উপজেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে ছাতকের বিভিন্ন সংরক্ষিত বনভূমি ও টিলা থেকে একটি চক্র অবৈধভাবে বালু-পাথর উত্তোলন করে আসছে। এতে গাছপালা ধ্বংস, ভূমিক্ষয় এবং পরিবেশের ভারসাম্য মারাত্মকভাবে হুমকির মুখে পড়ছে। বৃহস্পতিবারের অভিযানে অবৈধ কর্মকাণ্ডে জড়িত একজনকে শাস্তি দেওয়া হয়েছে।

স্থানীয়রা জানান, অবৈধ বালু-পাথর উত্তোলনের কারণে এলাকার পরিবেশ ও জীববৈচিত্র্য নষ্ট হচ্ছে। প্রশাসনের অভিযানে তারা স্বস্তি প্রকাশ করেছেন।

এ বিষয়ে ইউএনও মো. তারিকুল ইসলাম বলেন, “সংরক্ষিত বনভূমি ও সরকারি সম্পদ রক্ষায় অভিযান অব্যাহত থাকবে। অবৈধভাবে বালু বা পাথর উত্তোলনকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।”

ত্রয়োদশ সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

0

আধুনিক ডেস্ক ::

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ২৪টি গুরুত্বপূর্ণ কাজকে প্রাধান্য দিয়ে রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (২৮ আগস্ট) নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এ রোডম্যাপ ঘোষণ করেন। গুরুত্বপূর্ণ কাজগুলোর মধ্যে আছে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ, ভোটার তালিকা চূড়ান্তকরণ, রাজনৈতিক দল নিবন্ধন ও দেশি পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন চূড়ান্ত করা। ইসি আগেই জানিয়েছে, জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে। আর তফসিল ঘোষণা করা হবে চলতি বছরের ডিসেম্বরের প্রথমার্ধে।

কর্মপরিকল্পনায় গুরুত্বপূর্ণ যত বিষয়: অংশীজনের সংলাপ, ভোটার তালিকা প্রণয়ন, নির্বাচনী আইনবিধি সংস্কার, দল নিবন্ধন, নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ, ভোটকেন্দ্র স্থাপন, পোস্টাল ভোটিং, পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন, দেশি–বিদেশি সাংবাদিক অনুমোদন; নির্বাচনের জন্য জনবল ও প্রশাসনিক ব্যবস্থা, নির্বাচনী দ্রব্যাদি সংগ্রহ, আইনশৃঙ্খলাবিষয়ক কার্যক্রম, অন্যান্য আইনবিধি সংস্কার একীভূতকরণ; ম্যানুয়েল নির্দেশিকা পোস্টার পরিচয়পত্র মুদ্রণ; প্রশিক্ষকদের প্রশিক্ষণ, স্বচ্ছ ব্যালট বাক্স উপযোগীকরণ, নির্বাচনী বাজেট বরাদ্দ, প্রচারণা ও উদ্বুদ্ধকরণ, টেলিযোগাযোগব্যবস্থা সুসংহতকরণ, ডিজিটাল মনিটর স্থাপন ও যন্ত্রপাতি সংযোজন, বেসরকারি প্রাথমিক ফলাফল প্রচার, ফলাফল প্রদর্শন, প্রকাশ ও প্রচার (বিভিন্ন মাধ্যমে); বিবিধ।

দল ও অংশীজনদের সঙ্গে সংলাপ: সেপ্টেম্বরের শেষ সপ্তাহে শুরু। শেষ হতে সময় লাগবে দেড় মাস।

ভোটার তালিকা হালনাগাদ: ইতিমধ্যে দ্বিতীয় ধাপের সম্পূরক খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে, যা চূড়ান্ত করা হবে ৩১ আগস্ট। আর ৩১ অক্টোবরের সম্পূরক তালিকা শেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ৩০ নভেম্বর।

নির্বাচনী আইনবিধি: গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও), অন্যান্য আইনবিধি ৩১ আগস্টের মধ্যে সংশোধনের প্রস্তাব ও প্রণয়ন। এ ছাড়া সংসদীয় আসনের সীমানা নির্ধারণ আইন সংশোধন, ভোটার তালিকা আইন সংশোধন, সংসদ নির্বাচনের ভোটকেন্দ্র নীতিমালা ও ব্যবস্থাপনা চূড়ান্ত, দেশি–বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক নীতিমালা চূড়ান্ত, নির্বাচন পরিচালনা (সংশোধন) ২০২৫ প্রতীকসহ, নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) আইন ১৯৯১, নির্বাচন কমিশন সচিবালয় আইন ২০০৯—এগুলো আইন মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন, যা ৩০ সেপ্টেম্বরের মধ্যে শেষ করার আশা।

রাজনৈতিক দল নিবন্ধন: মধ্য সেপ্টেম্বর প্রাথমিক নিবন্ধন ও সেপ্টেম্বরের মধ্যে চূড়ান্ত প্রজ্ঞাপন।

সীমানা নির্ধারণ: সেপ্টেম্বরের শুরুতে চূড়ান্ত করে গেজেট প্রকাশ আর ৩০ সেপ্টেম্বরের মধ্যে জিআইএস ম্যাপ প্রস্তুত ও প্রকাশ।

পোস্টাল ভোটিং ও ব্যালট: প্রকল্প অনুমোদন, সফটওয়্যার চূড়ান্ত, মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট, নিবন্ধন ও ট্র্যাকিং মডিউল, প্রচারণা অক্টোবরে সম্পন্ন। প্রবাসে নভেম্বরে ব্যালট পেপার পাঠানো। কারাবন্দীদের ভোটের দুই সপ্তাহ আগে পাঠানোর পরিকল্পনা।

আইনশৃঙ্খলাবিষয়ক কার্যক্রম: সেপ্টেম্বরে ও তফসিল ঘোষণার ১৫ দিন এবং তফসিল ঘোষণার পরও বৈঠক।

আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে রোজার আগে ত্রয়োদশ সংসদ নির্বাচন হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা। এ–সংক্রান্ত চিঠিও দেওয়া হয়েছে নির্বাচন কমিশনে। প্রধান নির্বাচন কমিশনারও বলেছেন, ভোটের তারিখের প্রায় দুই মাস আগে তফসিল ঘোষণা করা হবে। নির্বাচন কমিশন সভায় আলোচনা শেষে জানানো হয়, ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল দেবে ইসি।

ছাতকে দাম্পত্য কলহের জেরে সংঘর্ষে স্বামীর মৃত্যু, আহত ৪

0

ছাতক প্রতিনিধিঃ

সুনামগঞ্জের ছাতক উপজেলায় স্বামী-স্ত্রীর কলহকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আল আমিন (৩০) নামের এক দিনমজুর নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। বুধবার (২৭ আগস্ট) বিকেলে ইসলামপুর ইউনিয়নের পূর্ব দারোগাখালী (ডালারপাড়) গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক দশক আগে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার নভাগিকান্দি গ্রামের আব্দুল কাদিরের মেয়ে দিলারা বেগমের সঙ্গে আল আমিনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই দাম্পত্য জীবনে নানা কারণে তাদের মধ্যে কলহ চলছিল।

বুধবার সকালে আল আমিন তার স্ত্রীকে শারীরিকভাবে নির্যাতন করলে বিষয়টি জানাজানি হয়। পরে বিকেলে দিলারার মা ময়মুন নেছা ও ভাই আব্দুল্লাহ ও আব্দুর রহমান আল আমিনের বাড়িতে এলে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় পক্ষের পাঁচজন আহত হন।

গুরুতর আহত আল আমিনকে প্রথমে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে অবস্থার অবনতি হলে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের স্ত্রী দিলারার পরিবারের দাবি, আল আমিন বিয়ের পর থেকেই যৌতুকের জন্য তাকে বিভিন্ন সময়ে নির্যাতন করতেন। এ নিয়ে একাধিকবার গ্রাম্য সালিশ হলেও সমস্যার সমাধান হয়নি।

এ ঘটনায় ছাতক থানায় মামলা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম খান জানান, বোনকে নির্যাতনের ঘটনায় ভাইয়েরা ক্ষুব্ধ হয়ে তাদের দুলাভাইকে কুপিয়ে হত্যা করে। ইতিমধ্যে পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে এবং আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।