Home Blog Page 141

রক্তদানে উৎসাহিত করতে সঞ্চালনের নতুন উদ্যোগ, প্রতি মাসে চারজনকে উপহার প্রদান

0

শাবি প্রতিনিধি:

শিক্ষার্থীদের রক্তদানে আরও উৎসাহিত করতে নতুন উদ্যোগ নিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রক্তদান বিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন সঞ্চালন। এখন থেকে প্রতি মাসে লটারির মাধ্যমে নির্বাচিত চারজন ‘লাকি ডোনার’কে বিশেষ উপহার প্রদান করা হবে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) প্রথমবারের মতো গত জুলাই মাসে মোট ১৩০ জন রক্তদাতার মধ্য থেকে লটারির মাধ্যমে চারজনকে নির্বাচিত করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্রাইডে কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আলভি আলম, সঞ্চালনের ১৬তম কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট মো. নাদিমুল, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রাহিমা পারভিন রুহি ও জেনারেল সেক্রেটারি মো. সাকিল। অতিথিরা লাকি ডোনারদের হাতে উপহার তুলে দেন।

এছাড়াও জুলাই মাসে সর্বাধিক রক্ত সংগ্রহ করায় উম্মে সাদিয়া রেশমিকে বেস্ট অর্গানাইজার পুরস্কার প্রদান করা হয়।
জুলাই মাসের লাকি ডোনাররা হলেন,
মোমিন উদ্দিন ,সাদমান মাহমুদ, সাইয়েদ আহমেদ, ও আমির।

সঞ্চালন কর্তৃপক্ষের আশা, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের রক্তদানে আরও অনুপ্রাণিত করবে এবং রোগীদের জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মধ্যনগরে বর্ষায় বিপর্যস্ত হাওরের শিক্ষাব্যবস্থা

0

ধর্মপাশা – মধ্যনগর প্রতিনিধি:

বর্ষা এলেই পানিতে ডুবে যায় সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বিস্তীর্ণ হাওরাঞ্চল। মধ্যনগর বাজার পার হলেই চোখে পড়ে সেই জলরাশি, যা স্থানীয় মানুষের জীবনযাত্রা, যেমন বদলে দেয়, তেমনি বাধা হয়ে দাঁড়ায় শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াতে। ফলে শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য স্কুলে পৌঁছানো হয়ে ওঠে একরকম জীবনের ঝুঁকি নেয়ার শামিল। বর্ষার ছয় মাসে অনেক বিদ্যালয়ে শিক্ষার্থীর উপস্থিতি অর্ধেকে নেমে আসে।

ভৌগোলিক অবস্থানের কারণে মধ্যনগর উপজেলা দেশের অন্যতম দুর্গম হাওর এলাকা। বর্ষায় এখানে সড়ক যোগাযোগ কার্যত বন্ধ হয়ে যায়। স্থানীয়দের ভাষায়, ‘ছয় মাস নাও, ছয় মাস পাও’। অর্থাৎ বর্ষায় জলপথই একমাত্র ভরসা। শিক্ষার্থী ও শিক্ষক উভয়কেই ট্রলার বা নৌকায় করে প্রতিদিন হাওর পেরিয়ে বিদ্যালয়ে যেতে হয়। বৈরী আবহাওয়া, ঝড়-বৃষ্টি ও দুর্যোগপূর্ণ দিনে এই যাত্রা হয়ে ওঠে অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
এলাকার বেশির ভাগ শিক্ষাপ্রতিষ্ঠানে নেই শিক্ষকদের নেই বিদ্যালয়ের নিজস্ব থাকার কোনো ব্যবস্থা। নৌ সমস্যা দ্বিগুণ হয়ে ওঠে। বিশেষ করে নারী শিক্ষকরা নৌযানও। ফলে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় যাতায়াতে নিরাপত্তার অভাবে স্কুলে পৌঁছাতে হিমশিম খান।

অন্যদিকে, প্রাথমিকের শি শিক্ষার্থীদের অনেকেই সাঁতার জানে না। ফলে বর্ষায় সন্তানদের বিদ্যালয়ে পাঠাতে ভয় পান অভিভাবকরা। প্রতি বছর হাওরে নৌকাডুবিতে প্রাণহানির ঘটনা ঘটায় এই ভয় আরো বাড়িয়ে তোলে। এ কারণে অনেকেই সন্তানকে বিদ্যালয়ে পাঠাতে নিরুৎসাহিত বোধ করেন।
সরেজমিন বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, বর্ষা মৌসুমে বিদ্যালয়ের সঙ্গে সংযোগ সড়ক তলিয়ে যায় পানিতে। শিক্ষার্থীদের একমাত্র ভরসা নৌকা। কিন্তু সবার পক্ষে নৌকা সংগ্রহ করা সম্ভব নয়। আবার যারা নৌকায় আসেন, তাদের অনেকেই অনিয়মিত উপস্থিত হন বৈরী আবহাওয়া, বন্যা ও ঝড়-বৃষ্টির কারণে।

বিদ্যালয়ের এক শিক্ষক বলেন, প্রতি বছর বর্ষায় আমরা বুঝি, শিক্ষাটা এখানে একটি মৌসুমি বিষয় হয়ে প্রাথমিক শিক্ষায় সমতা ও ধারাবাহিকতা নিশ্চিত করতে হাওরের বাস্তবতা বুঝে পরিকল্পনা নেয়া জরুরি স্থানীয়ভাবে উপযোগী নৌযান এবং শিক্ষকদের জন্য আবাসন প্রয়োজন। বর্ষায় শিশুরা স্কুলে আসতে পারে না, শিখতেও পারে না।

মধ্যনগর সদর ইউপি সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা আব্দুল কাইয়ুম মজনু বলেন, বর্ষাকালে হাওরের কোমলমতি শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিতে সরকারি হস্তক্ষেপ এখন জরুরি। আগে হাওরে ‘বাংলো’ প্রথা চালু ছিল, যেখানে শিক্ষকরা থাকতেন ও স্থানীয় শিক্ষার্থীদের পড়াতেন। এখন সেই প্রথা বিলুপ্ত হয়ে যাওয়ায় শিক্ষকরা আবাসন সমস্যায় পড়েছেন, বিশেষ করে নারী শিক্ষকরা।

কাকরহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমূল গনী তালুকদার বলেন, সরকারি বা স্থানীয় উদ্যোগে বর্ষায় উপযোগী নৌযান বরাদ্দ করা হলে শিক্ষার্থী ও শিক্ষক উভয়ের জন্য যাতায়াত সহজ ও নিরাপদ হবে। এতে বিদ্যালয়ে উপস্থিতিও বাড়বে।

স্থানীয় সচেতন মহলের মতে, বর্ষায় হাওরাঞ্চলের শিক্ষাব্যবস্থা কার্যত অচল হয়ে পড়ে। প্রাথমিক শিক্ষায় সমতা ও ধারাবাহিকতা নিশ্চিত করতে হলে হাওরের বাস্তবতা বুঝে পরিকল্পনা নেয়া জরুরি। । শিক্ষার্থীদের শি নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে স্থানীয়ভাবে উপযোগী নৌযান এবং শিক্ষকদের জন্য আবাসন- এ দুই উদ্যোগ বাস্তবায়ন করলেই কেবল এই জনপদের শিক্ষার গতি ফেরানো সম্ভব।

মধ্যনগর উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, বর্ষাকালে শিক্ষার্থীর উপস্থিতি কমে যাওয়া একটি বাস্তবতা। আমরা এই সমস্যা সমাধানে প্রতিটি বিদ্যালয়ের জন্য সরকারি নৌযান বরাদ্দের একটি প্রস্তাব প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পাঠিয়েছি।

স্বরাষ্ট্র উপদেষ্টার নামে ছড়িয়েছে ভুয়া অডিও, প্রতিবাদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

0

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর নামে একটি ভুয়া অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় প্রতিবাদ জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একে ‘ফেইক বা এআই জেনারেটেড’ হিসেবে অভিহিত করে মন্ত্রণালয় বলেছে, এর মাধ্যমে গুজব ও বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান স্বাক্ষরিত এক প্রতিবাদলিপিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বরাষ্ট্র উপদেষ্টার নামে একটি ২৫ সেকেন্ডের অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে। ইসমাইল চৌধুরী সম্রাটসহ বিভিন্ন ভুয়া ফেসবুক আইডি থেকে ছড়ানো ওই অডিওতে স্বরাষ্ট্র উপদেষ্টাকে ভিপি নুরের বিষয়ে অজ্ঞাতনামা এক পুলিশ কর্মকর্তাকে নির্দেশনা দিতে শোনা যায়।

মন্ত্রণালয় জানিয়েছে, ‘প্রকৃতপক্ষে এটি স্বরাষ্ট্র উপদেষ্টার কণ্ঠ নয়, এটি এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) বা অন্যভাবে সৃষ্ট বিকৃত কণ্ঠ। একজন সচেতন মানুষ যিনি স্বরাষ্ট্র উপদেষ্টার কণ্ঠ চেনেন, তিনি বুঝতে পারবেন এটি স্বরাষ্ট্র উপদেষ্টার কণ্ঠ নয়।’

প্রতিবাদলিপিতে বলা হয়, ‘স্বরাষ্ট্র উপদেষ্টার নামে এ ধরনের ভুয়া অডিও রেকর্ড তৈরি করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার ঘটনা সাধারণ জনগণের নিকট মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। এর মাধ্যমে সমাজে গুজব ছড়িয়ে পড়ছে এবং জনগণ প্রকৃত সত্য তথ্য থেকে বঞ্চিত হচ্ছে।’

স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ ধরনের অপপ্রচারের বিষয়ে তীব্র প্রতিবাদ জানানোর পাশাপাশি দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলেছে। একইসঙ্গে, ভবিষ্যতে এ ধরনের ভুয়া কনটেন্ট তৈরি ও সামাজিক মাধ্যমে প্রচার করা থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট সকলকে সতর্ক করা হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

নুরুল হকের মাথায় আঘাত রয়েছে, নাকের হাড় ভেঙেছে, মেডিকেল বোর্ড গঠন

0

আধুনিক ডেস্ক ::

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকের চিকিৎসায় উচ্চপর্যায়ের মেডিকেল বোর্ড গঠন করেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। শনিবার (৩০ আগস্ট) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানান, নুরুল হকের মাথায় আঘাত রয়েছে। তাঁর নাকের হাড় ভেঙে গেছে। যে কারণে গতকাল অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছিল । আগেই রক্তক্ষরণ বন্ধ হয়েছে ও জ্ঞান ফিরেছে। তবে ৪৮ ঘণ্টার আগে নুরুল হক আশঙ্কামুক্ত, সেটি বলা সম্ভব নয়।

নুরুল হকের চিকিৎসায় শুক্রবার (২৮ আগস্ট) রাতেই সর্বোচ্চ পর্যায়ের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে বলে জানান মো. আসাদুজ্জামান। আজ সকালে নুরুল হকের চিকিৎসার বিষয় নিয়ে মেডিকেল বোর্ড আলোচনায় বসবে বলে তিনি জানান।

রাজধানীর কাকরাইলে শুক্রবার সন্ধ্যায় জাতীয় পার্টি (জাপা) ও গণ অধিকার পরিষদের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। জাপার কার্যালয়ের সামনে দিয়ে গণ অধিকার পরিষদের একটি মিছিল যাওয়ার সময় এ ঘটনা ঘটে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিপেটায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকসহ বেশ কয়েকজন আহত হন।

গণ অধিকার পরিষদ বলেছে, গতকাল সন্ধ্যায় মিছিল নিয়ে যাওয়ার সময় জাপার নেতা-কর্মীরা তাদের ওপর হামলা চালান। তবে জাপা বলেছে, মিছিল নিয়ে এসে জাপার নেতা-কর্মীদের ওপর হামলা চালান গণ অধিকার পরিষদের নেতা-কর্মীরা।

গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে গণমাধ্যমকে বলেন, জাপার হামলার প্রতিবাদে রাত সাড়ে ৯টার দিকে গণ অধিকার পরিষদের কার্যালয়ের সামনে সভাপতি নুরুল হক, তিনিসহ নেতা-কর্মীরা সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক এ সময় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা তাদের ওপর হামলা চালান। এ সময় সভাপতি নুরুল হক, তিনিসহ শতাধিক নেতা-কর্মী আহত হন। নুরুল হক গুরুতর আহত হয়েছেন। তাকেসহ ছয়জনকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) গতকাল সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ঘটনার শুরুতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উভয় পক্ষকে শান্ত থাকতে অনুরোধ জানান। তবে বারবার অনুরোধ সত্ত্বেও কিছু নেতা-কর্মী তা উপেক্ষা করে মব ভায়োলেন্সের মাধ্যমে পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করেন। তাঁরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর আক্রমণ চালান এবং আনুমানিক রাত ৯টার দিকে মশালমিছিলের মাধ্যমে সহিংসতা আরও বাড়ান। তাঁরা ইটপাটকেল নিক্ষেপ করেন এবং বিভিন্ন স্থাপনায় আগুন দেওয়ার চেষ্টা চালান।

জননিরাপত্তা রক্ষার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলপ্রয়োগে বাধ্য হয়। এ ঘটনায় সেনাবাহিনীর পাঁচজন সদস্য আহত হন বলে জানিয়েছে আইএসপিআর।

কাকরাইলে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের সংঘর্ষ

0

আধুনিক ডেস্ক ::

রাজধানীর কাকরাইলে শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতা–কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে কয়েকজন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। জাতীয় পার্টির (জাপা) কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

দুই দলের নেতা-কর্মীদের অভিযোগের বরাত দিয়ে পুলিশ জানায়, মিছিল নিয়ে এসে জাপার ওপর হামলা করেছেন গণ অধিকার পরিষদের নেতা-কর্মীরা। আর গণ অধিকার পরিষদের নেতা-কর্মীদের দাবি, তাঁরা মিছিল নিয়ে যাওয়ার সময় জাপার লোকজনই তাঁদের ইটপাটকেল নিক্ষেপ করেন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম বলেন, শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে গণ অধিকার পরিষদের একটি মিছিল কাকরাইলে জাপা কার্যালয়ের সামনে দিয়ে যাচ্ছিল। এ সময় জাপা কার্যালয় থেকে নেতা–কর্মীরা বেরিয়ে আসেন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। আধঘণ্টা ধরে এ অবস্থা চলার পর সেনাবাহিনী ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রমনা থানার পুলিশ জানায়, সংঘর্ষকালে উভয় পক্ষের কয়েকজন আহত হন। এ সময় রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর যান চলাচল স্বাভাবিক হয়।

নির্বাচন নিয়ে দুই-একটা পক্ষ ধোঁয়াশা সৃষ্টি করছে: সালাহউদ্দিন আহমদ

0

আধুনিক ডেস্ক ::

সংসদ নির্বাচন নিয়ে ‘দুই-একটা পক্ষ ধোঁয়াশা’ সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর মধ্যে যারা ফ্যাসিবাদবরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, সেই ঐক্যে কোনো না কোনো পক্ষ ফাটলের একটা চেষ্টা করছে বলে মনে হচ্ছে। আমরা তর্ক-বিতর্ক করছি, সংস্কারের জন্য আলাপ-আলোচনা করছি। কিন্তু নির্বাচনকে নিয়ে যেন দুই-একটা পক্ষ ধোঁয়াশা সৃষ্টি করছে। শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে বাংলা একাডেমির মিলনায়তনে ‘মায়ের ডাক’ সংগঠনের উদ্যোগে এ আলোচনা সভা হয়।

সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং ভোটাধিকার প্রয়োগের জন্য এ দেশের মানুষ দীর্ঘ ১৬ বছর সংগ্রাম করেছে, রক্ত দিয়েছে। অনেকগুলো অধিকারের মধ্যে প্রধানতম দাবি ছিল- ভোটাধিকার প্রতিষ্ঠা করা। সেই ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য যখন একটা রাস্তা সুগম হয়েছে, তখন এই রাস্তায় যেন আমরা কোনো কাঁটা না বিছাই, এই আহ্বান সব রাজনৈতিক দলের কাছে রাখছি।

তিনি বলেন, আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে বলছি, যদি জনগণ আমাদের (বিএনপি) সমর্থন দেয়, তাহলে গুম প্রতিরোধে ও গুম সংস্কৃতি নিশ্চিহ্নে প্রথমেই আইন প্রণয়নসহ সবকিছু করা হবে। আমরা সেই বাংলাদেশের জন্য অপেক্ষা করছি, যে বাংলাদেশে কোনোদিন গুমের শিকার হয়ে কোনো ব্যক্তিকে রাস্তায় দাঁড়াতে হবে না।

নির্বাচনের রোডম্যাপ প্রসঙ্গে সালাহউদ্দিন বলেন, শুনলাম কোন কোন রাজনৈতিক দল বলছে, নির্বাচন কমিশন যে রোডম্যাপ ঘোষণা করেছে, তার মধ্য দিয়ে নাকি একটু সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের পথে বাধা সৃষ্টি হবে বা নির্বাচন ভণ্ডুলের একটা পায়তারা হবে।

আমরা সেভাবে কেন দেখব, এমন প্রশ্ন রেখে তিনি বলেন, এই রোডম্যাপ ঘোষণার জন্যই তো গত এক বছর আমরা আলাপ-আলোচনা ও সরকারের সঙ্গে দর কষাকষি করে ঐক্যবদ্ধভাবে এই জায়গায় আসতে পেরেছি। নির্বাচন নিয়ে কোনো সন্দেহ, দোদুল্যমানতা দেখানো ঠিক হবে না।

‘মায়ের ডাক’ এর সমন্বয়ক সানজিদা ইসলাম তুলির সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন, গুম-সংক্রান্ত তদন্ত কমিশনের সদস্য নূর খান লিটন, জাতিসংঘের আবাসিক অফিসের জ্যেষ্ঠ মানবাধিকার উপদেষ্টা হুমা খান, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, জেএসডির তানিয়া রব, এবি পার্টির নাসরিন সুলতানা মিলি, বিএনপির মাহাদী আমিন, গুম বিষয়ক গবেষক মাহমুদ রাকিব, গুম হওয়া সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা, হুম্মাম কাদের চৌধুরী, আনিসুর রহমান তালুকদার খোকন, মাইকেল চাকমাসহ গুম হওয়া পরিবারের সদস্যরা।

মধ্যনগরে ফ্যাশন হাউজের উদ্বোধন

0

ধর্মপাশা – মধ্যনগর প্রতিনিধি:

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের সাতুর নতুন বাজারে বর্ণাঢ্য আয়োজনে ফারিয়া আক্তার ফ্যাশন হাউজের শুভ উদ্বোধন ও নাতে রাসূল মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট ২০২৫) বিকেলে দোয়া মাহফিলের আগে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে ফ্যাশন হাউজের উদ্বোধন করা হয়।

এ সময় স্থানীয় ধর্মীয় ব্যক্তিত্ব, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী এবং নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে ফ্যাশন হাউজের অগ্রগতি ও সফলতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি উপস্থিত অতিথিদের মধ্যে কোরআন শরীফ, জায়নামাজ ও বস্ত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—

মোঃ দেলোয়ার হোসেন সাধারণ সম্পাদক, বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন যুবদল, মোঃ আমিনুল হক রানা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সহ-সাধারণ সম্পাদক, জসিম উদ্দিন যুগ্ম সাধারণ সম্পাদক, বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন যুবদল, মোঃ শাহিনুর, মোঃ আহাদ নুর, আগবর, হারুন উর রশীদ, ডালিম মিয়া প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ মাওলানা শফিকুল ইসলাম ও মাওলানা মোস্তাফিজুর রহমান। কোরআন তেলাওয়াত করেন মোঃ জহিরুল ইসলাম, জুনাইদ মিয়া, তরিকুল ইসলাম ও সাব্বির আহম্মেদ। ইসলামী সংগীত পরিবেশন করেন কারী জমির ইসলাম, হযরত আলী, মোঃ জুলফিকার, মুরসালীন মিয়া ও মোঃ মোকাররাম।

ব্যবসার প্রোপাইটার মোঃ আলম নুর আহমেদ বলেন, আমি আল্লাহর ওপর ভরসা রেখে এই ব্যবসা শুরু করেছি। ফারিয়া আক্তার ফ্যাশন হাউজকে সবার কাছে আস্থার প্রতীক হিসেবে গড়ে তুলতে চাই। এজন্য আপনাদের দোয়া, সহযোগিতা এবং ভালোবাসা চাই। ইনশাআল্লাহ মানসম্মত ও আধুনিক পোশাক দিয়ে গ্রাহকের সন্তুষ্টি অর্জন করাই আমার মূল লক্ষ্য।

মধ্যনগরে বিএনপির ইউনিয়ন সম্মেলন ও কাউন্সিল নির্বাচনী তফসিল ঘোষণা

0

ধর্মপাশা – মধ্যনগর প্রতিনিধি:

আসন্ন ০৮ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ১নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়ন শাখার সম্মেলন ও কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে মধ্যনগর উপজেলা বিএনপি নির্বাচন কমিশন গঠন ও নির্বাচনী তফসিল ঘোষণা করেছে।

ঘোষিত কমিটির প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন উপজেলা বিএনপির আহ্বায়ক আবেদ হায়াত। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে থাকবেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম মনজু। এছাড়া কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন আবুল বাশার তালুকদার, মোশাহিদ তালুকদার ও কামাল হোসেন।

তফসিল অনুযায়ী- ভোটার তালিকা প্রকাশ : ০১ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে উপজেলা বিএনপি কার্যালয়ে। মনোনয়নপত্র বিতরণ : ০১ সেপ্টেম্বর সকাল ১১টা থেকে উপজেলা বিএনপি কার্যালয়ে।মনোনয়নপত্র দাখিল : ০৩ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উত্তর বংশীকুন্ডা ইউনিয়ন বিএনপি’র অস্থায়ী কার্যালয়ে।মনোনয়ন যাচাই-বাছাই : ০৩ সেপ্টেম্বর দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একই স্থানে।  ভোট গ্রহণ : ০৮ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উত্তর বংশীকুন্ডা ইউনিয়ন বিএনপি’র অস্থায়ী কার্যালয়ে। ফলাফল ঘোষণা : ০৮ সেপ্টেম্বর বিকেল ৫টা থেকে একই স্থানে।

নির্বাচনী নির্দেশনায় বলা হয়েছে, প্রার্থীদের মনোনয়নপত্রে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও ছবি সংযুক্ত করতে হবে। একাধিক পদে প্রতিদ্বন্দ্বিতা করা যাবে না এবং নির্ধারিত সময়ের বাইরে কোনো মনোনয়নপত্র গ্রহণযোগ্য হবে না।

উল্লেখ্য, ১নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়ন থেকে ওয়ার্ড কমিটি কাউন্সিলদের সরাসরি ভোটে মোট ০৫ (পাঁচ)টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে রয়েছে— ০১ জন সভাপতি, ০১ জন সহ-সভাপতি, ০১ জন সাধারণ সম্পাদক, ০১ জন সহ-সাধারণ সম্পাদক এবং ০১ জন সাংগঠনিক সম্পাদক।

উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সহকারী নির্বাচন কমিশনার আব্দুল কাইয়ুম মনজু বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হবে। এজন্য সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

সিলেট-তামাবিল মহাসড়কে বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ৫

0

জৈন্তাপুর প্রতিনিধি:

সিলেট-তামাবিল মহাসড়কের সারীঘাট (সরুফৌদ) এলাকায় বাসচাপায় ঘটনাস্থলেই এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। দুর্ঘটনার পর ঘাতক বাসটি দ্রুত পালিয়ে যায়।

এলাকাবাসীর সূত্রে জানা গেছে, শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জাফলং থেকে ছেড়ে আসা সিলেটগামী একটি বাসের সঙ্গে দরবস্ত থেকে জৈন্তাপুরগামী দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক মোটরসাইকেল আরোহী নিহত হন এবং পাঁচজন গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আহতদের আশঙ্কাজনক অবস্থায় প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

নিহত মোটরসাইকেল আরোহী হলেন জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের কাঞ্জরগ্রামের তাজউদ্দিনের ছেলে তালহা (১৭)। আহতরা হলেন—সারীঘাট ডৌডিক গ্রামের শুক্কুর মিয়ার ছেলে শাকিল (২০), একই গ্রামের মাওলানা আব্দুল ওয়াহিদের ছেলে জুনেদ আহমদ (১৮), মনির আলীর ছেলে শাহরিয়ার (২০), আরফান আলীর ছেলে ইব্রাহীম আহমদ (২২), উপজেলার গুজ্ছগ্রামের জিয়া উদ্দিনের ছেলে ফরহাদ আলী (১৫)।

দুর্ঘটনার কারণে সিলেট-তামাবিল মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

এদিকে খবর পেয়ে তামাবিল হাইওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে নিহত তালহার মরদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনাকবলিত দুটি মোটরসাইকেল জব্দ করে থানায় নিয়ে যায়।

তামাবিল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ ও দুর্ঘটনাকবলিত দুটি মোটরসাইকেল উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। ঘাতক বাসটি আটক করার জন্য অভিযান চলছে। আহতদের চিকিৎসার খোঁজখবরও নেওয়া হচ্ছে।

ধর্মপাশার সুখাইড় জমিদার বাড়ি ধ্বংসের মুখে

0

ধর্মপাশা – মধ্যনগর প্রতিনিধি:

সুনামগঞ্জের ধর্মপাশায়  ৩০০ বছরের বেশি সময় ধরে ঠায় দাঁড়িয়ে জানান দিচ্ছে ইতিহাস-ঐতিহ্যের কথা ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের ‘সুখাইড় জমিদার বাড়ি। কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছেছে ঐতিহ্যের এই স্থাপনাটি। তাই এটি সংরক্ষণে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে এলাকবাসী এবং সুধীজন।

কথিত আছে, গজারিয়া নদীর উত্তরপার থেকে ভারতের মেঘালয় পাহাড়ের পাদদেশ পর্যন্ত বিস্তৃত ছিল সুখাইড় জমিদারবাড়ির সীমানা। জমিদারি প্রথা অনেক আগে বিলুপ্ত হলেও সেখানকার বাংলো ঘর, কাছারি ঘর, জলসা ঘর, গুদাম ঘর ও খাসকামরাসহ আঙিনার বিস্তৃত সীমানা এখনও বাড়িটিকে বেশ আকর্ষণীয় করে রেখেছে। বিশালাকার বাড়িটি সংস্কারের উদ্যোগ নিলে এটি জেলার অন্যতম পর্যটন সম্ভবনার দ্বার উন্মোচিত করত বলে মনে করেন অনেকেই।

জানা যায়, ১৬৯১ সালে মোগল শাসনামলে মহামাণিক্য দত্ত রায় চৌধুরী হুগলি থেকে আসাম যাওয়ার পথে কালিদহ সাগরের স্থলভূমির প্রাকৃতিক রূপ দেখে মুগ্ধ হয়ে ধর্মপাশা উপজেলার সুখাইড়ে জায়গা ক্রয় করেন। ১৬৯৫ সালে জমিদার মোহনলাল ২৫ একর জমির ওপর এ বাড়ি নির্মাণের কাজ শুরু করেন। দৃষ্টিনন্দন নির্মাণশৈলীর কারণে বাড়িটি একসময় সুনামগঞ্জের হাওর এলাকার ‘রাজ মহল’ হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেছিল। সুখাইড় জমিদারবাড়ির পশ্চিমে ধর্মপাশা, পূর্বে জামালগঞ্জ, উত্তরে বংশীকু- ও দক্ষিণে মোহনগঞ্জ উপজেলার ঘাগলাজুর নদীর উত্তর পার। একসময় জমিদারদের মালিকানায় ছিল ধানকুনিয়া বিল, চারদা বিল, কাইমের দাইড়, সোনামোড়ল, পাশুয়া, ছাতিধরা, ধারাম, রাকলা, বৌলাই ও নোয়া নদীসহ ২০টি বড় বড় জলমহাল। জমিদারদের আয়ের উৎস ছিল প্রজাদের ওপর ধার্যকৃত খাজনা, হাওরের মৎস্য খামার ও বনজসম্পদ।

এককালে যে জমিদার বাড়ি ঘিরে পরিচালিত হতো প্রজাব্যবস্থা, সেই বাড়ির চার ভাগের মধ্যে এখনও বড়বাড়ি, মধ্যমবাড়ি ও ছোটবাড়ি টিকে আছে। জনশ্রুতি আছে, জমিদার বাড়ির মাটির নিচে প্রত্নতত্ত্বের অনেক উপাদান রয়েছে। যা মূল্যবান নিদর্শন হিসেবে সংরক্ষণ করা যেতে পারে।

কথিত আছে, সুখাইড় জমিদারবাড়ি পরিদর্শন করতে এসেছিলেন ইংরেজ প্রশাসক বেলেন্টিয়ার। তিনি হাতিতে চড়ে বের হয়েছিলেন বাড়ির কাছে টাঙ্গুয়া হাওরে মাছ শিকার করতে। সে সময়ই বনজঙ্গল বেশি থাকার কারণে বেলেন্টিয়ারের হাতিকে ৩টি বাঘ আক্রমণ করে। ভয়ে বেলেন্টিয়ার জ্ঞান হারিয়ে ফেলেন। তখন সুখাইড়ের জমিদার মথুর চৌধুরী ৩টি বাঘকে গুলি করে হত্যা করেন। জ্ঞান ফেরার পর বেলেন্টিয়ার জমিদারকে নিজের রাইফেলটি উপহার দেন। 

১৯২২-২৩ সালে সুখাইড়ে গড়ে ওঠা প্রবল নানকার বিদ্রোহ জমিদারি প্রথার ভিত নাড়িয়ে দেয়। এমন অনেক কাহিনি বিজড়িত এই জমিদার বাড়ি ঘিরে। সুখাইড় জমিদারবাড়ির বর্তমান বংশধরদের একজন মোহন চৌধুরী জানান, আমাদের এই ঐতিহাসিক বাড়িটি দেখার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায়ই পর্যটকরা আসেন। কিন্তু অর্থাভাবে আমাদের বাড়িটি রক্ষণাবেক্ষণ ও সংস্কার সম্ভব হচ্ছে না। সরকার যদি আমাদের এই বাড়িটি রক্ষণাবেক্ষণ, সংস্কারে এগিয়ে আসে, তবে আমরা সাধুবাদ জানাব।

ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায় বলেন, সুখাইড় জমিদার বাড়ি ইতিহাস ও ঐতিহ্যের অংশ। জমিদার বাড়িটি সংস্কারে জন্য সরকারের সংশ্লিষ্ট দফতরে প্রস্তাবনা পাঠিয়েছি। প্রত্নতত্ত্ব বিভাগ এই বিষয়ে অবগত আছে।