Home Blog Page 140

খালেদা জিয়াকে সাজা দেওয়া বিচারপতির পদত্যাগ

0

আধুনিক ডেস্ক ::

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে সাজা দেওয়া বিচারপতি ড. আখতারুজ্জামান পদত্যাগ করেছেন। রোববার তিনি পদত্যাগপত্র জমা দেন। এর আগে অনিয়মের অভিযোগের ব্যাখ্যা দিতে ছুটিতে পাঠানো হাইকোর্টের বিচারপতি মো. আক্তারুজ্জামানকে তলব করে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। গত ১ জুলাই সশরীরে হাজির হয়ে তাকে ব্যাখা দিতে বলা হয়। সেই ব্যাখ্যা দিয়েই প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের কাছে আজ পদত্যাগপত্র জমা দেন তিনি। ইতোমধ্যে প্রধান বিচারপতি পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন রাষ্ট্রপতির কাছে।

এর আগে চলতি বছরের ২৩ মার্চ বিচারপতি মো. আখতারুজ্জামানের বিষয়ে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশনা দিয়েছিলেন রাষ্ট্রপতি।

চবিতে শিক্ষার্থী-স্থানীয়দের সংঘর্ষ, সহ-উপাচার্যসহ আহত ২০

0

আধুনিক ডেস্ক ::

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে আবারও সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. কামাল উদ্দিনসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। রোববার (৩১ আগস্ট) দুপুর ১২টার কিছু পর বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেটসংলগ্ন জোবরা গ্রামে এ সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

সকাল থেকেই দুইপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। বেলা সাড়ে ১১টার দিকে এক প্রান্তে কয়েকশ শিক্ষার্থী এবং অন্য প্রান্তে স্থানীয় লোকজন অবস্থান নেন। এসময় দুই পক্ষই পাল্টাপাল্টি স্লোগান দেয়।বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক মোহাম্মদ শামীম উদ্দিন খান, সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. কামাল উদ্দিন ও প্রক্টর তানভীর মোহাম্মদ হায়দার আরিফ দুই পক্ষকে শান্ত করার চেষ্টা করলেও তারা ব্যর্থ হন। কিছুক্ষণ পর শুরু হয় পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ। এতে রক্তাক্ত অবস্থায় অন্তত ১০ শিক্ষার্থীকে ক্যাম্পাসের ভেতরে নিয়ে যাওয়া হয়। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. কামাল উদ্দিনসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। তবে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাউকে দেখা যায়নি।

সংঘর্ষ শুরু হওয়ার আগে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. কামাল উদ্দিন বলেন, বিশ্ববিদ্যালয়ের এতগুলো শিক্ষার্থী আহত হয়েছেন। স্থানীয় সন্ত্রাসীরা প্রক্টর ও পুলিশের তিনটি যানবাহন ভেঙেছে। এ বিষয়ে অবশ্যই পদক্ষেপ নেওয়া হবে।

শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেটের কাছে এক ছাত্রী একটি ভবনে ভাড়া থাকেন। গতকাল দিবাগত রাত ১২টার দিকে তিনি ওই ভবনে প্রবেশের চেষ্টা করলে দারোয়ানের সঙ্গে তাঁর তর্ক হয়। একপর্যায়ে ভবনের দারোয়ান তাকে মারধর করেন। এ সময় ২ নম্বর গেটে থাকা শিক্ষার্থীরা দারোয়ানকে জিজ্ঞাসাবাদ করতে গেলে তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে শিক্ষার্থীরা তাকে ধাওয়া করলে স্থানীয় লোকজন শিক্ষার্থীদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। তখন সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এরপর স্থানীয় লোকজন মাইকে ডেকে লোক জড়ো করে শিক্ষার্থীদের ওপর হামলা করেন। তবে স্থানীয় বাসিন্দাদের দাবি, তুচ্ছ ঘটনা কেন্দ্র করে শিক্ষার্থীরা হামলা চালিয়েছেন। ভাঙচুর করা হয়েছে ঘরবাড়ি।

এর আগে শনিবার রাত সোয়া ১২টা থেকে আজ রোববার ভোর ৪টা পর্যন্ত বিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষে অন্তত ৭০ শিক্ষার্থী আহত হন। পরে রাত সাড়ে তিনটার দিকে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্য অনুযায়ী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেটে এক ছাত্রী তার কক্ষে যেতে দেরি হওয়ায় দারোয়ানের সঙ্গে কথা কাটাকাটির ঘটনা ঘটে। একপর্যায়ে দারোয়ান কয়েকজনকে ডেকে এনে ওই শিক্ষার্থীর ওপর হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার প্রতিবাদ জানাতে পরে কয়েকজন শিক্ষার্থী একত্রিত হয়ে দারোয়ানকে ধরতে ঘটনাস্থলে গেলে উত্তাপ ছড়িয়ে পড়ে। এসময় উভয়পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ইটপাটকেল নিক্ষেপে আহত হয় অন্তত ১০ জন।

ভুক্তভোগী ছাত্রী বলেন, ‘আমি প্রতিদিন সময় মতো বাসায় আসি। আজকেও দেরি করিনি। ১২টার মধ্যে চলে আসি। দারোয়ানকে দরজা খুলতে বলি। তবে তিনি দরজা খুলে রাজি হচ্ছিলেন না। পরে জোরে ডাক দিলে তিনি অকথ্য ভাষায় কথা বলেন। আমি জবাব দিতে গেলে হঠাৎ আমার গলায় চড় মারেন। সঙ্গে সঙ্গে আমার রুমমেটরা নামলে তিনি আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেন এবং লাথি মারতে থাকেন। আমি আত্মরক্ষার চেষ্টা করলে আমার রুমমেট ও আশপাশের স্থানীয়রা এগিয়ে আসেন।’

রাকসুর কোষাধ্যক্ষ কার্যালয়ে ছাত্রদলের ভাঙচুর, মনোনয়ন ফরম বিতরণে বাধা

0

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) ভোটার তালিকায় প্রথম বর্ষের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে শাখা জাতীয়তাবাদী ছাত্রদল। রোববার (৩১ আগস্ট) সকাল সাড়ে ৯টা থেকে রাকসুর কোষাধ্যক্ষ কার্যালয়ে এ কর্মসূচি পালন করেন তারা। কর্মসূচিতে দলের নেতাকর্মীদের কার্যালয়ের চেয়ার-টেবিল ভাঙচুর করতে দেখা গেছে। তাদের বাধায় নির্বাচন কমিশন আজকে শেষ দিনের মনোনয়ন ফরম বিতরণ শুরু করতে পারেনি।

এ সময় ‘রাকসু ফি দিয়েছি, ভোটার হয়ে চেয়েছি’, ‘লড়তে হলে লড়ব, ভোটাধিকার নিয়ে যাব’, ‘প্রথম বর্ষের ভোটাধিকার, দিতে হবে দিতে হব’- প্রভৃতি স্লোগান দেন সংগঠনটির নেতাকর্মীরা।

প্রত্যক্ষদর্শী ও ছাত্রদল সূত্রে জানা যায়, প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবিতে গত কয়েকদিন কর্মসূচি পালন করছে। রোববার মনোনয়ন ফরম বিতরণের শেষ দিনে সকাল ৯টা থেকে কর্মসূচি শুরু করেন সংগঠনটির নেতাকর্মীরা। তারা রাকসুর প্রধান রিটার্নিং কর্মকর্তা ও কোষাধ্যক্ষের কার্যালয় অবরুদ্ধ করে অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় তারা কার্যালয়ের ভেতরে থাকা কয়েকটি চেয়ার-টেবিল ভাঙচুর করেন।

এ সময় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সর্দার জহুরুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকা অন্তর্ভুক্ত করার দাবি করছি। তবে তারা আমাদের দাবি মানছেই না। তারা রাকসুর ফি দিয়েছে কিন্ত তারা ভোটার হতে পারছে না। আমরা এই বৈষম্য নিরসন করেই কর্মসূচি শেষ করব।’

তাদের কর্মসূচিতে সংহতি জানিয়ে ইউট্যাব রাবি শাখার সাধারণ সম্পাদক ও ফোকলোর বিভাগের সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর হোসেন বলেন, ‘ভোটার তালিকায় প্রথম বর্ষ ও স্বৈরাচারবিরোধী আন্দোলনের নেতাদের অন্তর্ভুক্ত করা হয়নি। এখানে ছাত্রদল এই দাবিতে কর্মসূচি পালন করছে। আমরা তাদের দাবিতে সংহতি জানাই।’

উল্লেখ্য, আগামী ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য রাকসু নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণের শেষ দিন।

ইয়েমেনে ইসরায়েলি হামলায় ‘হুথি প্রধানমন্ত্রী’ নিহত

0

আধুনিক ডেস্ক ::
ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী নিশ্চিত করেছে যে তাদের ঘােষণা করা প্রধানমন্ত্রী আহমেদ গালেব নাসের আল-রাহাভি চলতি সপ্তাহের শুরুতে ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন। ইরান-সমর্থিত এই গোষ্ঠীটি জানিয়েছে যে, বৃহস্পতিবার ইয়েমেনের রাজধানী সানায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফের হামলায় প্রধানমন্ত্রী ছাড়া তাদের আরও কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা নিহত হয়েছেন।

আইডিএফ জানিয়েছে, রাজধানী সানা এলাকায় একটি বৈঠকে অংশ নেওয়ার সময় ইসরায়েলি যুদ্ধবিমান হামলা চালিয়ে রাহাভিসহ হুথিদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ‘নিশ্চিহ্ন’ করা হয়েছে।

২০১৪ সাল থেকে হুথি বিদ্রোহীরা উত্তর-পশ্চিম ইয়েমেনের বড় অংশ নিয়ন্ত্রণে নেয়। এরপর তারা আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সানা থেকে উৎখাত করে এবং দেশটিতে গৃহযুদ্ধ শুরু হয়।

হুথিরা নিশ্চিত করেছে, ইসরায়েলি হামলায় প্রধানমন্ত্রী রাহাভিসহ তাদের কয়েকজন মন্ত্রী নিহত হয়েছেন। যদিও অন্যদের নাম প্রকাশ করা হয়নি।

সৌদি আরবের সংবাদমাধ্যম আল-হাদাত জানিয়েছে যে, নিহতদের মধ্যে হুথিদের পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও বিচার, যুব ও ক্রীড়া, সামাজিক কল্যাণ এবং শ্রম মন্ত্রী রয়েছেন। হুথিদের প্রেসিডেন্ট মাহদি আল-মাশাতের কার্যালয় জানিয়েছে, ওই হামলায় আরও বেশ কয়েকজন মন্ত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে কেউ কেউ গুরুত্বরভাবেও আহত হয়েছেন।

বিবৃতিতে আরও বলা হয়, হুথিদের উপ-প্রধানমন্ত্রী মুহাম্মদ আহমেদ মিফতাহ রাহাভি দায়িত্বভার গ্রহণ করবেন। রাহাভি ২০২৪ সালের আগস্ট থেকে এই পদে ছিলেন। তবে তাকে মূলত প্রতীকী প্রধান হিসেবে দেখা হতো। সামরিক অভিযান পরিকল্পনাসহ উচ্চপর্যায়ের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার সঙ্গে তিনি সরাসরি যুক্ত ছিলেন না।

বৃহস্পতিবারের হামলায় হতাহতের মধ্যে হুথি আন্দোলনের সর্বোচ্চ নেতা আব্দুল-মালিক আল-হুথি, সেইসাথে এই বিদ্রোহী গোষ্ঠীর প্রতিরক্ষামন্ত্রী এবং কর্মী বাহিনীর প্রধানের নাম নেই বলেও জানা গেছে।

শনিবার (৩০ আগস্ট) রাতে এক বিবৃতিতে আইডিএফ জানিয়েছে যে, ওই বৈঠকের গোয়েন্দা তথ্য পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তারা হামলা চালায়। তবে এখনও পুরো অভিযানের প্রভাব মূল্যায়ন চলছে – বলে জানিয়েছে ইসরায়েলি বাহিনী।

গাজায় ইসরায়েল ও হামাসের যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই হুথিরা নিয়মিত ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়েছে এবং লোহিত সাগর ও এডেন উপসাগরে বাণিজ্যিক জাহাজকে টার্গেট করে আসছে। জবাবে ইসরায়েলও হুথি নিয়ন্ত্রিত ইয়েমেনের বিভিন্ন স্থানে বিমান হামলা চালাচ্ছে, যার উদ্দেশ্য হুথিদের হামলা সীমিত করা।

প্রথম টি-টোয়েন্টিতে নেদারল্যান্ডসের বিপক্ষে দাপুটে জয় পেল বাংলাদেশ

0

আধুনিক রিপোর্ট ::

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে দাপুটে জয় পেল বাংলাদেশ। নেদারল্যান্ডসকে মাত্র ৮ উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজে এগিয়ে গেল লাল-সবুজরা। বোলিংয়ে সামনে থেকে নেতৃত্ব দেন তাসকিন। অন্যদিকে ব্যাট হাতে দায়িত্বশীল অর্ধশতকে দলের জয় নিশ্চিত করেন অধিনায়ক লিটন দাস।

শনিবার (৩০ আগস্ট) প্রথমে ব্যাট করে নেদারল্যান্ডসের সংগ্রহ দাঁড়ায় ১৩৬ রান। উইকেট ছিল ব্যাটিং সহায়ক, তবে শিশিরের কারণে বোলারদের জন্য কাজটা সহজ ছিল না। এ নিয়ে ম্যাচশেষে অধিনায়ক লিটন বলেন, শিশির বড় ফ্যাক্টর ছিল। তবে আমাদের বোলাররা দুর্দান্ত করেছে। তাসকিন, ফিজ আর সাইফ সবাই দুর্দান্ত বল করেছে। রিশাদ শিশিরের কারণে বল গ্রিপ করতে কষ্ট পেলেও বাকিরা দারুণ নিয়ন্ত্রণে রেখেছে।

১৩৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের শুরুতেই তানজিদ তামিম ও পারভেজ ইমন এনে দেন ঝড়ো সূচনা। ইমন ফিরলেও দুর্দান্ত এক জুটি গড়ে তোলেন লিটন ও তানজিদ। তবে দলীয় ৯২ রানে তানজিদের(২৯) বিদায়ে ভাঙে দুজনের ৬৬ রানের জুটি।

এরপর অধিনায়ক লিটন দাস আরও আগ্রাসী ব্যাটে ২৬ বলে ফিফট স্পর্শ করেন। টি-টোয়েন্টি ক্যারিয়ারে এটা তার ১৩তম হাফ সেঞ্চুরি। এতে টি-টোয়েন্টিতে বাংলাদেশের সবচেয়ে বেশি হাফ সেঞ্চুরির তালিকায় সাকিব আল হাসানকে ছুঁয়েছেন তিনি। ১২৯ ম্যাচে ১৩ হাফ সেঞ্চুরি করেছেন সাকিব। লিটনের সেটা করতে লেগেছে ১০৯ ম্যাচ। শেষ দিকে সাইফ হাসানের ১৯ বলে ৩ ছক্কায় ৩৬ রানের ক্যামিও খেলে বাংলাদেশকে জয় এনে দেয় ৩৯ বল হাতে রেখে।

ম্যাচশেষে ম্যাচসেরা তাসকিন আহমেদ জানান, এমন ম্যাচ দিয়ে সিরিজ শুরু করা দারুণ ব্যাপার। চোট থেকে ফেরার পর ছন্দে ফিরতে একটু সময় লাগছে, তবে ধীরে ধীরে ভালো লাগছে। ফিজিওর সঙ্গে কাজ করছি, প্রক্রিয়া মেনে এগোচ্ছি। কঠোর পরিশ্রম করলে ফল মিলবেই।

এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১–০তে এগিয়ে গেল বাংলাদেশ। এখন দ্বিতীয় ম্যাচে জয় পেলেই নিশ্চিত হবে সিরিজ।

ম্যাচে উত্তেজনা না থাকলেও মাঠে ঠিকই উত্তেজনা ছিলো। টিকিট স্ক্যান করে ঢুকানোতে দেরি হওয়ায় স্টেডিয়ামের গেটের তালা ভেঙে হাজারখানেক দর্শক ঢুকে পড়েন। তাদের বেশির ভাগের হাতেই টিকিট ছিল। কিন্তু অনলাইনের ওই টিকিট স্ক্যান করে ঢোকার মতো ধৈর্য হয়নি। খেলা ততক্ষণে শুরু হয়ে গেছে, টি–টোয়েন্টি সংস্করণে সময়ও অল্প—এর মধ্যেই আবার চার–ছক্কা কিংবা উইকেট নেওয়ার দেখার আনন্দ হারাতে আর কে–ইবা চায়!

কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা

0

আধুনিক ডেস্ক ::

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ে হামলা হয়েছে। একদল বিক্ষোভকারী এই হামলা চালায়। তারা ভবনটির নিচতলায় আগুন দেয়। শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যা ছয়টার দিকে একদল বিক্ষোভকারী জাপার কেন্দ্রীয় কার্যালয়ে হামলা চালায়। তারা কেন্দ্রীয় কার্যালয় লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। একপর্যায়ে কার্যালয়ের নিচতলায় আগুন দেওয়া হয়। পরে পুলিশ জলকামান ব্যবহার ও লাঠিপেটা করলে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। জলকামান দিয়ে পুলিশ আগুন নিভিয়ে ফেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে দুই পক্ষের মধ্যে দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া হয়। হামলার সময় বিক্ষোভকারীরা ভবনের সামনে টানানো জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা এইচ এম এরশাদের ছবি ভাঙচুর করে।

এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে ওই ঘটনার সময় দায়িত্ব পালনকালে ইটের আঘাতে আহত হয়েছেন বাংলাদেশ প্রতিদিন–এর রিপোর্টার নাইমুর রহমান (২৫) ও বাংলানিউজের ফটোসাংবাদিক জিএম মজিবর (৪৫)। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সন্ধ্যা সোয়া সাতটার দিকে জাপার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে দেখা যায়, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। বিপুলসংখ্যক পুলিশ সেখানে মোতায়েন রয়েছে। জাপার নেতা-কর্মীরা কার্যালয়ের সামনে অবস্থান করছেন।

জাতীয় পার্টির যুগ্মমহাসচিব জুবের আলম খান গণমাধ্যমকে বলেন, গত কয়েকদিন ধরে বিভিন্ন জেলার নেতাদের সঙ্গে সাংগঠনিক আলোচনা চলছে। কেন্দ্রীয় কার্যালয়ে আজও দুটি প্রতিনিধিদলের সঙ্গে আলোচনা শেষ হয় বিকেল ৫টায়। এরপর মাগরিবের নামাজ পড়তে যাচ্ছিলেন অনেকে। তখন বিকট শব্দ ও স্লোগান শোনা যায়। এরপর একদল লোক এসে কেন্দ্রীয় কার্যালয়ে হামলা চালায়। জুবের আলমের অভিযোগ, তারা গণঅধিকার পরিষদের নেতা–কর্মী।

এর আগে শুক্রবার (২৯ আগস্ট) জাপা ও গণ অধিকার পরিষদের নেতা-কর্মীদের মধ্যে কাকরাইলে সংঘর্ষ হয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিপেটায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকসহ বেশ কয়েকজন আহত হন।

একটি গোষ্ঠী নির্বাচন বানচালের চেষ্টা করছে: মির্জা ফখরুল

0

আধুনিক ডেস্ক ::

আগামী জাতীয় নির্বাচন বানচালের জন্য একটি গোষ্ঠী চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আজ দুঃখের সঙ্গে বলতে হয়, দেশে একটা চক্রান্ত চলছে। বাংলাদেশে ভবিষ্যতের যে নির্বাচন হওয়ার কথা, তা বানচালের চেষ্টা করছে একটি গোষ্ঠী। একটি উগ্রবাদী গোষ্ঠী বিভিন্ন ধরনের উগ্রবাদের কথা বলে মানুষকে বিভক্ত করতে চায়।’ শনিবার (৩০ আগস্ট) বিকেলে ময়মনসিংহ নগরের টাউন হলে আয়োজিত জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের প্রথম জাতীয় সমাবেশে এ কথা বলেন মির্জা ফখরুল।

টাউন হলের তারেক স্মৃতি অডিটরিয়ামে আজ সকাল থেকে আসতে শুরু করেন সমতলের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সদস্যরা। দেশের ১২টি জেলার গারো, হাজং, মণিপুরী, বানাই, বর্মণ, খাসিয়া, কোচ, হদি সম্প্রদায়, ত্রিপুরাসহ ১৮টি জাতিগোষ্ঠীর প্রতিনিধিরা এতে অংশ নেন।

অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ তৈরির সুযোগ তৈরি হয়েছে জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘এই নতুন বাংলাদেশ নির্মাণের জন্য আমরা সবাই একটি বিষয়ে একমত, সেটি হলো প্রতিটি মানুষের নাগরিক অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। আজ যাঁরা মনে করছেন, আপনারা আলাদা ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সদস্য; কিন্তু খালেদা জিয়া ও তারেক রহমান সব সময় বলেন—এ কথা কখনো বলা যাবে না। সংখ্যাগরিষ্ঠ বা সংখ্যালঘু নয়—আমরা সবাই বাংলাদেশি। আমাদের সবার অধিকার সমান।’

প্রথমবারের মতো জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের জাতীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত হলেও এর আনুষ্ঠানিক পথচলা ২০০৭ সাল থেকে। পরে ২০১৪ সালের ৭ সেপ্টেম্বর এটিকে স্বীকৃতি ও অনুমোদন দেয় বিএনপি। বিকেল ৩টা ৩০ মিনিটে অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

নুরুল হকের ওপর নৃশংস হামলার তীব্র নিন্দা জানাল অন্তর্বর্তী সরকার

0

আন্তর্জাতিক ডেস্ক ::

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হককে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লাঠিপেটা করার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার। বিবৃতিতে বলা হয়, অন্তর্বর্তী সরকার গণ অধিকার পরিষদের সভাপতি, জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম নেতা এবং গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার আদায়ের পক্ষে সাহসী ভূমিকা রাখা রাজনীতিবিদ নুরুল হকের ওপর নৃশংস হামলার তীব্র নিন্দা জানায়। শনিবার (৩০ আগস্ট) অন্তর্বর্তী সরকার এক বিবৃতিতে এই নিন্দা জানিয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রেস উইং বিকেলে গণমাধ্যমকে নিন্দা জানানোর বিষয়টি জানিয়েছেন।

বিবৃতিতে বলা হয়, এই ধরনের সহিংসতা ন্যায়বিচার ও জবাবদিহি নিশ্চিতের ঐতিহাসিক সংগ্রামে জাতিকে একত্র করা গণতান্ত্রিক আন্দোলনের স্পিরিটের ওপরেও আঘাত বলে মনে করে অন্তর্বর্তী সরকার।

এ ঘটনার পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত করা হবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। বিবৃতিতে বলা হয়, সর্বোচ্চ গুরুত্বসহকারে তদন্তসম্পন্ন করা হবে। প্রভাব বা পদমর্যাদা যা–ই হোক না কেন, জড়িত কোনো ব্যক্তি জবাবদিহি থেকে রেহাই পাবে না। স্বচ্ছতা এবং দ্রুততার সঙ্গে এর বিচার সম্পন্ন করা হবে।

বিবৃতিতে আরও বলা হয়, নুরুল হক এবং তাঁর দলের অন্যান্য আহত সদস্যদের চিকিৎসা কার্যক্রম পর্যবেক্ষণের জন্য বিশেষায়িত মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। তাঁদের সর্বোচ্চ মানের চিকিৎসাসেবা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ। প্রয়োজনে তাঁদের উন্নত চিকিৎসার জন্য রাষ্ট্রীয় খরচে বিদেশে পাঠানো হবে।

বিবৃতিতে আরও বলা হয়, ২০১৮ সালে শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে কোটা সংস্কার আন্দোলনে নুরুল হক ঐতিহাসিক ভূমিকা পালন করেছিলেন। একজন ছাত্রনেতা হিসেবে তিনি তরুণদের সংগঠিত করেছিলেন, বিভিন্ন মত ও কণ্ঠকে ঐক্যবদ্ধ করেছিলেন এবং অন্যায়ের বিরুদ্ধে নির্ভীকভাবে দাঁড়িয়েছিলেন। চব্বিশের জুলাইয়ে গণ–অভ্যুত্থান চলাকালে তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল এবং হেফাজতে নিয়ে নির্মম নির্যাতন করা হয়েছিল। নুরুল হকের ভূমিকা একটি স্বাধীন, সুষ্ঠু এবং গণতান্ত্রিক বাংলাদেশের জন্য আমাদের জনগণের সম্মিলিত আকাঙ্ক্ষার প্রতীক।

অন্তর্বর্তী সরকার জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী সব রাজনৈতিক ও সামাজিক শক্তির প্রতি ঐক্যবদ্ধ হওয়ায় আহ্বান জানায়। বিবৃতিতে আরও বলা হয়, আগামী জাতীয় নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে। জনগণের ইচ্ছা জয়ী হবে, কোনো অশুভ শক্তিকে গণতন্ত্রের পথে অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে দেওয়া হবে না।

রাজধানীর কাকরাইলে শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় জাতীয় পার্টি (জাপা) ও গণ অধিকার পরিষদের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। জাপার কার্যালয়ের সামনে দিয়ে গণ অধিকার পরিষদের একটি মিছিল যাওয়ার সময় এ ঘটনা ঘটে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিপেটায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকসহ বেশ কয়েকজন আহত হন।

গণ অধিকার পরিষদ বলেছে, শুক্রবার সন্ধ্যায় মিছিল নিয়ে যাওয়ার সময় জাপার নেতা-কর্মীরা তাঁদের ওপর হামলা চালান। তবে জাপা বলেছে, মিছিল নিয়ে এসে জাপার নেতা-কর্মীদের ওপর হামলা চালান গণ অধিকার পরিষদের নেতা-কর্মীরা।

গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান গতকাল রাত সাড়ে ১০টার দিকে প্রথম আলোকে বলেন, জাপার হামলার প্রতিবাদে রাত সাড়ে ৯টার দিকে গণ অধিকার পরিষদের কার্যালয়ের সামনে সভাপতি নুরুল হক, তিনিসহ নেতা-কর্মীরা সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক এ সময় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা তাঁদের ওপর হামলা চালান। এ সময় সভাপতি নুরুল হক, তিনিসহ শতাধিক নেতা-কর্মী আহত হন। নুরুল হক গুরুতর আহত হয়েছেন। তাঁকেসহ ছয়জনকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) গতকাল সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, জননিরাপত্তা রক্ষার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলপ্রয়োগে বাধ্য হয়। এ ঘটনায় সেনাবাহিনীর পাঁচজন সদস্য আহত হন বলে জানিয়েছে আইএসপিআর।

শাবিতে এমএসসি ডাটা সায়েন্স কোর্সে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

0

শাবি প্রতিনিধি:

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) প্রথমবারের মতো এমএসসি ডাটা সায়েন্স কোর্সে (প্রফেশনাল) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। মোট ১০০ মার্কের মধ্যে ৮০ মার্কের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বাকি ১০ মার্ক ভাইভা এবং ১০ মার্ক সিজিপিএ‘র ওপর ভিত্তি করে প্রার্থী বাছাই করা হবে। 

শনিবার (৩০ আগস্ট) সকাল সাড়ে নয়টায় সি বিল্ডিংয়ের ৩১২ এবং ৩১৮ নম্বর রুমে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী, উপ-উপাচার্য অধ্যাপক ড. সাজেদুল করিম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইসমাইল হোসেন 

এক বছর মেয়াদী প্রফেশনাল এই মাস্টার্স কোর্স অফার করেছেন বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগ। এতে সহযোগিতা করেছেন গণিত বিভাগ ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ। 

ভর্তি কমিটির সূত্রে জানা যায়, প্রফেশনাল এই মাস্টার্স কোর্স দুইটি সেমিস্টারে অনুষ্ঠিত হবে। প্রতি সেমিস্টারের মেয়াদ ৬ মাস। কোর্সের অধীনে মোট আসন সংখ্যা রয়েছে ৪০টি এবং ভর্তিচ্ছু শিক্ষার্থীকে এক বছরে ৪০ ক্রেডিট সম্পন্ন করতে হবে। 

পরীক্ষার আবেদন শর্তে বলা হয়েছে, ৪ বছর মেয়াদি ব্যাচেলর ডিগ্রি (বা সমমান) হতে হবে এবং সিজিপিএ ৪ এর মধ্যে ন্যূনতম ৩ বা সমমান ২য় শ্রেণি হতে হবে। আবেদনকারীদেরকে অবশ্যিই এসএসসি এবং এইচএসসি উভয় স্তরে বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হতে হবে। 

এ বিষয়ে পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. জামাল উদ্দিন বলেন, ‘আজকে ভর্তি পরীক্ষায় ৮৭ শতাংশ প্রার্থী উপস্থিত ছিলেন। ভর্তি পরীক্ষার লিখিত অংশের ফলাফল প্রকাশ করা হবে আগামী ১ সেপ্টেম্বর। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ২ সেপ্টেম্বর মৌখিক পরীক্ষায় (ভাইভা) অংশ নিতে হবে। এবং ৩ সেপ্টেম্বর মেধাতালিকা প্রকাশ করা হবে । নির্বাচিত শিক্ষার্থীদের জন্য ভর্তি প্রক্রিয়া চলবে ৪ সেপ্টেম্বর থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত। এবং ক্লাস শুরু হবে ১৪ সেপ্টেম্বর।  

দোয়ারাবাজারে বাংলাবাজার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

0

দোয়ারাবাজার প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়ন শাখার উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকালে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের স্থানীয় বাংলাবাজারে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এরশাদুর রহমান মেম্বারের সভাপতিত্বে ও সদস্য সচিব শামীম পাশা রিগেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মনাজ্জির হোসেন,প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম।

উক্ত কর্মী সভায় বক্তব্য রাখেন জেলা সেচ্ছাসেবক দলের সদস্য শাহীন আহমেদ, সাদিকুর রহমান চৌধুরী,শামীম আহমেদ, তারেক হোসাইন রাজ,
উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রুবেল আহমেদ,মোশাররফ মজুমদার,উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহাব উদ্দিন শিহাব।

বাংলাবাজার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের পদ প্রত্যাশীদের মধ্যে বক্তব্য রাখেন শাহ আলম,সাইফুল ইসলাম, মনির বেগ,জাহাঙ্গীর আলম,আবুল কালাম মাল,রফিকুল ইসলাম প্রমুখ। এ সময় দোয়ারাবাজার উপজেলা ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন,বিএনপি ও অঙ্গসংগঠনের দুঃসময়ে যারা নির্যাতিত হয়েছেন, তাদের যথাযথ মূল্যায়নের ভিত্তিতেই ভবিষ্যতের ইউনিয়ন কমিটি গঠন করতে হবে। আওয়ামী লীগ ঘেঁষা বা ফ্যাসিস্টদের সাথে সম্পৃক্ত কোনো ব্যক্তিকে কমিটিতে রাখা যাবে না বলেও তারা দাবি জানান।দুর্দিনে যারা আন্দোলন সংগ্রামে ছিলেন তাদেরকে কমিটিতে মুল্যায়ন করা হবে।