Home Blog Page 139

আগামী নির্বাচন যেন অবশ্যই গণপরিষদ নির্বাচন হয়, প্রধান উপদেষ্টাকে এনসিপি

0

আধুনিক ডেস্ক ::

জুলাই সনদের আইনি ভিত্তির জন্য গণপরিষদ নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। রোববার (৩১ আগস্ট) প্রধান উপদেষ্টার সঙ্গে তার বাসভবন যমুনায় এনসিপি নেতাদের বৈঠকে এই আহ্বান জানানো হয়েছে। বৈঠক শেষে যমুনা থেকে বেরিয়ে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে আরিফুল ইসলামের সঙ্গে এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা এবং জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ উপস্থিত ছিলেন। অপর দিকে বৈঠকে প্রধান উপদেষ্টার সঙ্গে আইন উপদেষ্টা আসিফ নজরুল, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান উপস্থিত ছিলেন।

আরিফুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘জুলাই সনদের আইনি ভিত্তি এবং সাংবিধানিক ভিত্তির জন্য আগামী যে নির্বাচনটি হবে, সে নির্বাচনটি যেন অবশ্যই গণপরিষদ নির্বাচন হয় এবং সে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের দীর্ঘ ৫৫ বা ৫৪ বছরের যে সংকট, যে একক ব্যক্তিকেন্দ্রিক যে স্বৈরতান্ত্রিক মনোভাব কিংবা কাঠামো গড়ে উঠছে, সেটার স্থায়ী সমাধানের জন্য আমরা মনে করি আগামী নির্বাচনটি গণপরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেটা নতুন সংবিধান প্রণয়ন করবে।’

জাতীয় নাগরিক পার্টির এই নেতা বলেন, গণ–অভ্যুত্থানে অংশ নিয়ে যাঁরা শহীদ হয়েছেন, যাঁরা আহত হয়েছেন, তাঁদের পুনর্বাসন, চিকিৎসা এবং তাঁদের নিরাপত্তার বিষয়টি এখনো নিশ্চিত হয়নি। সরকারের কাছে শহীদ পরিবার এবং আহত ব্যক্তিদের পুনর্বাসন এবং নিরাপত্তা নিশ্চিতের জন্য আহ্বান জানিয়েছেন তাঁরা। জুলাই গণ-অভ্যুত্থানের সমর্থনে মিছিল করে সংযুক্ত আরব আমিরাতে এখনো আটক থাকা ব্যক্তিদের দেশে ফেরাতে সরকারের সহযোগিতা চেয়েছে এনসিপি।

এ ছাড়া গুম কমিশনের প্রতিবেদন আমলে নিয়ে রাষ্ট্রীয় যেসব সংস্থার যেসব সদস্য এ ধরনের অভিযোগে অভিযুক্ত, তাঁদের বিষয়ে যেন সুস্পষ্ট ব্যবস্থা গ্রহণ করে, সে বিষয়েও প্রধান উপদেষ্টাকে বলেছেন এনসিপির নেতারা।

নির্বাচন কমিশনের সক্ষমতা এবং নিরপেক্ষতার বিষয়ে যেন প্রধান উপদেষ্টা ভূমিকা রাখেন, সে বিষয়েও অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে বলেছেন জাতীয় নাগরিক পার্টির নেতারা।

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধের পক্ষে অবস্থান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির নেতারা। এ প্রসঙ্গে আরিফুল ইসলাম বলেন, ‘জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য নাই। যেহেতু রাষ্ট্রীয়ভাবে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হয়েছে এবং আমরা দেখতে পাই, জাতীয় পার্টি আওয়ামী লীগকে নির্বাচনে আনার জন্য একটা নিষিদ্ধ সংগঠনের বিষয়ে প্রকাশ্যে অবস্থান নিয়েছে।…সে জন্য জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম যেন স্থগিত করার বিষয়ে সরকার আরও বেশি কার্যকর হয়, সে বিষয়টি আমরা প্রধান উপদেষ্টাকে আমলে নেওয়ার জন্য বলেছি।’

সরকার কীভাবে নির্বাচন করবে, শঙ্কিত জামায়াত

0

আধুনিক ডেস্ক ::
চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতে না পারা অন্তর্বর্তীকালীন সরকার কীভাবে এত বড় নির্বাচন (জাতীয় সংসদ) পরিচালনা করবে, তা নিয়ে জামায়াতে ইসলামী শঙ্কিত এবং উদ্বিগ্ন বলে মন্তব্য করেছেন দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের। তিনি বলেছেন, আগে একদল বাসস্ট্যান্ড দখলে নিত, এখন আরেকটি গ্রুপ নিয়েছে। অন্তর্বর্তী সরকারকে দখলদারদের বিরুদ্ধে ভূমিকা নিতে দেখা যায়নি।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় (এখন প্রধান উপদেষ্টার বাসভবন) রোববার (২১ আগস্ট) বিকেলে বৈঠক করে জামায়াতের চার সদস্যের প্রতিনিধিদল। বৈঠকে প্রধান উপদেষ্টার সঙ্গে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে বেরিয়ে যমুনার সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের। বৈঠকে জামায়াতের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন তিনি।

প্রতিনিধিদলে আরও ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান ও হামিদুর রহমান আযাদ।

আগামী নির্বাচন প্রসঙ্গে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মো.তাহের বলেন, এখন যে সময় আছে, সরকার যদি সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক উদ্যোগ গ্রহণ করে, তাহলে পরিস্থিতির উন্নতি ঘটানো সম্ভব। পরিস্থিতির যদি উন্নতি ঘটে, তাহলে একটা নির্বাচন হওয়া সম্ভব।

জামায়াতের এই নেতা বলেন, প্রধান উপদেষ্টা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের বিষয়ে কথা বলেছেন। প্রধান উপদেষ্টার সঙ্গে তারা একমত পোষণ করেছেন, তবে কার্যকারিতার বিষয়ে দ্বিমত পোষণ করেছেন। তিনি বলেন, দেশ একটি নীলনকশার নির্বাচনের দিকে যাচ্ছে কি না, সে বিষয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে। সরকারের লন্ডনে একটি দলের সঙ্গে বৈঠক করে নির্বাচনের তারিখ ঘোষণা করেছিল, যা একটি নজিরবিহীন ঘটনা। এতে সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ন হয়েছে এবং একটি দলকে সুবিধা দেওয়া হয়েছে।

সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেন, জুলাই ঘোষণাপত্রের দিনে (৫ আগস্ট) নির্বাচনের তারিখ ঘোষণা করাটা কোনো একটা চাপে পড়ে করা হয়েছে। এখানে একটা চাপ আছে। সরকারের উচিত ছিল জুলাই সনদের ব্যাপারে স্পষ্ট সিদ্ধান্ত নেওয়ার পর নির্বাচনের রোডম্যাপ এবং তারিখ ঘোষণা করা।

জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা নিয়ে বৈঠকে কোনো আলোচনা হয়েছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেন, নুরুল হকের (গণ অধিকার পরিষদের সভাপতি) ওপর হামলার ষড়যন্ত্র অনেক গভীরে। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারকে বলেছে জামায়াত। আওয়ামী লীগের (এখন কার্যক্রম নিষিদ্ধ) সহযোগী হিসেবে জাতীয় পার্টি কাজ করেছে। আওয়ামী লীগের বিষয়ে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, জাতীয় পার্টির বিষয়েও একই সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছেন তারা।

বিসিবি বস হতে চান তামিম ইকবাল

0

আধুনিক ডেস্ক ::

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিলেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান। দীর্ঘদিন ধরেই গুঞ্জন ছিল বিসিবির প্রশাসনে যুক্ত হতে পারেন দেশের ক্রিকেটের অন্যতম সফল এই ওপেনার। এবার সেই গুঞ্জনকে বাস্তব রূপ দিলেন তিনি। প্রথম ধাপে পরিচালক পদে নির্বাচন করার কথা জানালেন তামিম, ভবিষ্যতে সভাপতি হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দিলেন না।

দেশের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তামিম বলেন, ‘কেউ আগেভাগে বলতে পারে না যে তিনি সভাপতি হবেন। আমি নিজেও অনেক কিছু দেখি ও শুনি। কিন্তু মূল প্রশ্ন হলো আমি বিসিবি নির্বাচনে অংশ নেব কি না। যদি ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) কথা বলি, সেখানে সরাসরি সভাপতি পদে ভোট হয়। কিন্তু বিসিবি আলাদা। এখানে প্রথমে পরিচালক হতে হয়।’

বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, তিনটি ক্যাটাগরিতে পরিচালক নির্বাচিত হন। ঢাকাভিত্তিক ক্লাবের ৭৬ জন কাউন্সিলরের ভোটে ১২ জন, আঞ্চলিক ও জেলা প্রতিনিধিদের ভোটে ১০ জন এবং অন্যান্য প্রতিনিধি কোটায় ১ জন পরিচালক নির্বাচিত হন। এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত করেন ২ জন পরিচালক। এরপর এই ২৫ জন পরিচালক ভোট দিয়ে সভাপতি নির্বাচন করেন।

তামিম আরও বলেন, ‘যদি দু’জন সভাপতি প্রার্থী হন, তবে পরিচালকরা ভোট দিয়ে সভাপতি বেছে নেন। তাই যদি প্রশ্ন করেন নির্বাচনে অংশ নেব কি না, আমার বলার মতো যথেষ্ট কারণ আছে। এবার আমি পরিচালক পদে নির্বাচন করছি। বাংলাদেশ ক্রিকেটের জন্য কিছু করতে চাইলে সবচেয়ে গুরুত্বপূর্ণ আসনে বসতে হবে। আমার বিশ্বাস – যদি আমি বোর্ডে আসি তবে আমার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকতে হবে। এখনই বলা বোকামি হবে যে আমি সভাপতি হতে চাই। যদি দেখি পর্যাপ্ত সমর্থন আছে, তখন বিবেচনা করবো।’

বিসিবিতে আসার প্রস্তুতি তামিম শুরু করেছেন আরও আগেই। দুটি ক্লাবে সংগঠক হিসেবে বিনিয়োগও করেছেন। তার যেকোনো একটি ক্লাবের কাউন্সিলর হিসেবে পরিচালক পদে নির্বাচন করার সুযোগ রয়েছে।

দেশের ক্রিকেটে যোগ্য নেতৃত্বের প্রয়োজনীয়তা তুলে ধরে তামিম বলেন, ‘সবাই বলে ক্রিকেটে রাজনীতি থাকা উচিত নয়। কিন্তু আসলে কী হচ্ছে? একে অপরকে আক্রমণ, গুজব ছড়ানো, এসবই চলছে। অথচ আসল আলোচনা হচ্ছে না, কে ক্রিকেটের জন্য সবচেয়ে উপযুক্ত প্রার্থী। অনেকেই পরিচালক হতে চান, কিন্তু আসল মনোযোগ দেওয়া উচিত কারা আসলেই যোগ্য।’

উল্লেখ্য, বিসিবির সর্বশেষ নির্বাচন হয়েছিল ২০২১ সালের ৬ অক্টোবর। গঠনতন্ত্র অনুযায়ী, আগামী ৭ অক্টোবরের মধ্যে নতুন নির্বাচন সম্পন্ন করতে হবে। তার অন্তত ৩০ দিন আগে সভাপতির নির্দেশে বোর্ডের নির্বাহী কর্মকর্তা কাউন্সিলর মনোনয়নের নোটিশ দেবেন। এরপর নির্বাচন কমিশন ভোটার তালিকা প্রস্তুত, সময়সূচী ঘোষণা এবং নির্বাচনের যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন।

নির্বাচন ঘিরে অশুভ শক্তির অপতৎপরতা দৃশ্যমান হয়ে উঠছে: তারেক রহমান

0

আধুনিক ডেস্ক ::
আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে নানা ষড়যন্ত্র ডালপালা মেলতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, যতক্ষণ পর্যন্ত একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সরাসরি ভোটে জনগণের কাছে দায়বদ্ধ ও জবাবদিহিমূলক একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত না হবে, ততক্ষণ পর্যন্ত গণতন্ত্র ঝুঁকিমুক্ত নয়। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোববার (৩১ আগস্ট) বিকেলে রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান এ কথা বলেন।

তারেক রহমান বলেন, প্রায় এক বছর আগে তিনি সতর্ক করেছিলেন যে আগামী নির্বাচন ঘিরে অদৃশ্য শক্তি সক্রিয় হয়ে উঠবে। আজ জনগণ নিজেরাই লক্ষ করতে শুরু করেছেন যে নির্বাচনের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠার সুযোগ বিনষ্ট করার ক্ষেত্রে সেই অশুভ শক্তির অপতৎপরতা ধীরে ধীরে দৃশ্যমান হয়ে উঠছে।

অন্তর্বর্তী সরকার যখন জনগণের অধিকার প্রতিষ্ঠার পথে হাঁটছে, তখন কোনো কোনো রাজনৈতিক দল জনগণের অধিকার প্রতিষ্ঠার পরিবর্তে দলীয় স্বার্থ চরিতার্থ করার জন্য নানা শর্ত আরোপ করছে বলে অভিযোগ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, এই শর্ত আরোপের মাধ্যমে নির্বাচনের পথে বাধা সৃষ্টি এবং পরিকল্পিতভাবে নির্বাচনকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা চলছে বলে বহু মানুষ ভাবতে শুরু করেছেন।

বিএনপি সব সময় দ্রুততম সময়ে একটি নির্বাচনের দাবি জানিয়ে এসেছে উল্লেখ করে তারেক রহমান বলেন, কারণ বিএনপি বিশ্বাস করে, আগে জনগণের রাজনৈতিক ক্ষমতা ফিরে পাওয়া প্রয়োজন। জনগণের সরাসরি ভোটে নির্বাচিত সরকার যদি জনপ্রত্যাশা পূরণে ব্যর্থ হয়, তবে পরবর্তী নির্বাচনে জনগণ ভোটের মাধ্যমে সরকার পরিবর্তনের সুযোগ পাবে; যা গণতান্ত্রিক বিশ্বে স্বাভাবিক প্রক্রিয়া।

সভায় সভাপতির বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান ও মেজর (অব.) হাফিজ উদ্দিন বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন।

বাকৃবির উপাচার্যসহ দুই শতাধিক শিক্ষক অবরুদ্ধ

0

আধুনিক ডেস্ক ::
‘কম্বাইন্ড (সমন্বিত) ডিগ্রির দাবি’ পূরণ না হওয়ায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্যসহ দুই শতাধিক শিক্ষককে অবরুদ্ধ করেছেন দুটি অনুষদের শিক্ষার্থীরা। রোববার বেলা একটার দিকে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে তাঁদের অবরুদ্ধ করে তালা ঝুলিয়ে দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের পশুপালন ও ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীদের ‘কম্বাইন্ড ডিগ্রির’ (বিএসসি ইন ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল হাজবেন্ড্রি) দাবিতে চলমান আন্দোলনের পরিপ্রেক্ষিতে আজ রোববার বেলা ১১টায় একাডেমিক কাউন্সিলের সভা অনুষ্ঠিত হয়। শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে এই সভায় কম্বাইন্ড ডিগ্রি চালুর পাশাপাশি পশুপালন ও ভেটেরিনারি ডিগ্রিও চালু রাখার সিদ্ধান্ত হয়। তবে মোট তিনটি ডিগ্রি চালু রাখার সিদ্ধান্ত মেনে নিচ্ছেন না পশুপালন ও ভেটেরিনারি অনুষদের আন্দোলনরত শিক্ষার্থীরা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, একাডেমিক কাউন্সিলের সভায় বিশ্ববিদ্যালয়ের সব অনুষদের দুই শতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন। সভা শেষে তিন ডিগ্রির সিদ্ধান্ত ঘোষণা দেওয়া হলে ‘এক পেশায় এক ডিগ্রির (কম্বাইন্ড ডিগ্রি)’ দাবিতে মিলনায়তনে তালা ঝুলিয়ে দেন আন্দোলনকারীরা। এতে অবরুদ্ধ হয়ে পড়েন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ কে ফজলুল হক ভূঁইয়াসহ শিক্ষকেরা।

‘বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মো. আসাদুজ্জামান সরকার বলেন, পশুপালন ও ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে আজকে একাডেমিক কাউন্সিলের সভায় সর্বসম্মতিক্রমে কম্বাইন্ড ডিগ্রির দাবি মেনে নেওয়া হয়েছে। ডিন কাউন্সিলের আহ্বায়ককে প্রধান করে একটি চার সদস্যবিশিষ্ট কমিটি করা হয়েছে, যারা কম্বাইন্ড ডিগ্রির জন্য কোর্স কারিকুলাম প্রণয়ন করবে। আগামী সেশন থেকে কম্বাইন্ড কোর্সে ১৫০ জন শিক্ষার্থী ভর্তি করানো হবে। এবার যারা ভর্তি হয়েছে, তাদের অপশন থাকবে তারা চাইলে ভেটেরিনারি, পশুপালন বা কম্বাইন্ড নিতে পারবে। বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী দুই অনুষদকে এক করতে পারবেন না। দুই অনুষদ মিলিতভাবে কম্বাইন্ড ডিগ্রি দেবে এবং ধারাবাহিকভাবে দুই অনুষদ থেকেই ডিন হবে।

কম্বাইন্ড ডিগ্রির দাবিতে গত ২৫ জুলাই থেকে নানা আন্দোলন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। আন্দোলনে অংশ নেওয়া পশুপালন অনুষদের তৃতীয় বর্ষের শিক্ষার্থী তাহমিনা আক্তার বলেন, ‘আমাদের দাবি ছিল একটা ডিগ্রি এবং সেটি হলো কম্বাইন্ড ডিগ্রি। শিক্ষকবৃন্দের এই সিদ্ধান্ত আমাদের দাবিকে পূরণ করে না। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই অবস্থান কর্মসূচি চলবে।’

দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মিরা বলেন, ‘টানা ৩৬ দিন ধরে ক্লাস-পরীক্ষা বর্জন করে আমাদের এই আন্দোলন চলছে। আমরা দেখছি যেন সব জায়গায় চাকরির ক্ষেত্রে কম্বাইন্ড ডিগ্রির প্রাধান্য পাচ্ছে। শিক্ষকেরা এখন যে তিনটা ডিগ্রি রাখতে চাইছেন, তাতে ভবিষ্যতে সমস্যা আরও বাড়বে। আমাদের একটাই কথা যে এক পেশায় একটা ডিগ্রি থাকবে।’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় ১৪৪ ধারা জারি

0

আধুনিক ডেস্ক ::

ভাড়া বাসার দারোয়ান এক ছাত্রীকে মারধর করেন—এ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় লোকজনের সংঘর্ষের পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় ১৪৪ ধারা জারি করেছে হাটহাজারী উপজেলা প্রশাসন। আগামীকাল সোমবার দিবাগত রাত ১২টা পর্যন্ত এ ধারা বলবৎ থাকবে। রোববার (৩১ আগস্ট) বেলা তিনটার দিকে উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হাটহাজারী উপজেলার অধীন।

উপজেলা প্রশাসনের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, হাটহাজারী উপজেলাধীন ফতেপুর ইউনিয়নের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট বাজারের পূর্ব দিক থেকে রেলগেট পর্যন্ত উভয় দিকের এলাকায় ১৪৪ ধারা জারি থাকবে। এ ছাড়া ২ নম্বর গেট এলাকায় সভা, সমাবেশ, বিক্ষোভ, গণজমায়েত কিংবা অস্ত্র পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ। উল্লিখিত এলাকায় পাঁচজনের বেশি ব্যক্তি একসঙ্গে চলাচল করতে পারবেন না।

এর আগে শনিবার রাত সোয়া ১২টা থেকে আজ দুপুর পর্যন্ত বিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষে সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. কামাল উদ্দিন, প্রক্টর অধ্যাপক তানভীর মোহাম্মদ হায়দার আরিফ ও অন্তত ১৮০ শিক্ষার্থী আহত হয়েছেন। স্থানীয় বাসিন্দাদের দাবি, এ ঘটনায় তাঁদের পক্ষের আহত হয়েছেন ১০ থেকে ১২ জন।

লাক্কাতুরা মাঠের জন্মকথা এবং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রূপান্তরের গল্প : পর্ব-২

0

ফেরদৌস চৌধুরী রুহেল ::

ঝাড়ু ভাই ফুটবল টুর্নামেন্টের পর থেকেই লাক্কাতুরা খেলার মাঠ হয়ে ওঠে বৃহত্তর মজুমদারী, পীরমহল্লা চৌকিদেখি, ইলাশকান্দিসহ অন্যান্য এলাকার খেলোয়াড়দের সকাল-বিকালের প্রথম পছন্দ। হয়তোবা কোনো ফুটবল টুর্নামেন্ট, নয়তোবা টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্টের ভেন্যু হিসেবে ব্যবহৃত হতে থাকে মাঠটি। এই মাঠে বিশেষ করে চৌকিদেখি,  লাক্কাতুরা এলাকার স্থানীয় খেলোয়াড়দের বিচরণ ছিল বেশি। এর মধ্যে ইলাশকান্দি উদয়ন তরুণ সংঘের ক্রিকেট ও ফুটবল খেলোয়াড়রাও এই মাঠে খেলতে শুরু করেন। ১৯৯১ সালের দিকে লাক্কাতুরা এলাকার শাহাদত ও তার বন্ধুরা মিলে একটি সিমেন্টের ক্রিকেট পিচ তৈরি করেন। যা পরবর্তীতে আমরা ক্রিকেট সিজনে অনুশীলনের জন্য ব্যবহার করি।  আমি জেলা ক্রীড়া সংস্থার সঙ্গে জড়িত ছিলাম। আমি এবং আমার বন্ধু ক্রীড়া সংগঠক জেলা ক্রীড়া সংস্থায় আমার সাথে বারবার নির্বাচিত কোষাধ্যক্ষ ইমরান চৌধুরী (পরবর্তীতে সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক)-আমরা দুজনে মিলে এ্যাপোলো ১২ নামের ক্লাবটি ( ক্রিকেট ও ফুটবল এবং ভলিবল) পরিচালনা করতাম। আমরাও লাক্কাতুরা মাঠকেই বেছে নিই।

এ্যাপোলো ১২ ক্লাবের ক্রিকেটের খেলোয়াড়দের বাছাই করে মজুমদারী, চৌকিদেখী, পীরমহল্লা, ইলাশকান্দি এলাকার ছেলেদের সুযোগ করে দেওয়ার উদ্দেশ্যে এই মাঠে অনুশীলন হতো। এই মাঠ থেকে উঠে আসা অনেক ক্রিকেট খেলোয়াড় সিলেট যুব ক্রিকেট এবং জেলা দলে খেলেছেন। আমি যখন ১৯৯২ সালে সিলেটের স্বনামধন্য ফুটবল ক্লাব ইস্টবেঙ্গল পরিচালনার দায়িত্বে, ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে এই লাক্কাতুরা মাঠকেই আমাদের প্রতি ফুটবল সিজনে অনুশীলনের অবলম্বন করি। এবং পাশেই পীরমহল্লাহ এবং ইলাশকান্দি এলাকায় খেলোয়াড়দের আবাসিক ক্যাম্প করি। ওই সময় ইষ্টবেঙ্গল ক্লাবে ঢাকা এবং সিলেটের বিভিন্ন প্রান্ত থেকে খেলোয়াড় সংগ্রহ করে দল গঠন করা হতো। এ্যাপোলো ১২ ও ইস্টবেঙ্গলের পথ ধরে সিলেট জেলা ক্রীড়া সংস্থার নিবন্ধিত অনেক ক্লাবের ক্রিকেট-ফুটবল অনুশীলন এই লাক্কাতুরা মাঠে হয়েছে।

ক্রীড়া সংগঠক দিলদার হোসেন সেলিম (সাবেক সংসদস্য) ভাই এর প্যানেল থেকে ১৯৯৩ সালে আমি যখন জেলা ক্রীড়া সংস্থার কার্যকরী কমিটির সদস্য হই তখন আমার দায়বোধটা যেনো আরও বেড়ে যায়। তাই নিয়মিত চেষ্টা থাকতো এলাকার ছেলেদের ক্রিকেট, ফুটবল বা ভলিবলে যুক্ত করার। এক্ষেত্রে বেশ সফলও হয়েছিলাম। অনেকেই আমার ক্লাবের হয়ে বিভিন্ন ইভেন্টে অংশ নিয়েছে।  অনেকেই সফল হয়েছে।

তখনকার সময়ে এলাকায় পাড়াভিত্তিক ক্লাবগুলোর মধ্যে একটি প্রতিযোগিতা ছিলো। সামাজিক কর্মকাণ্ড, খেলাধুলা, সাহিত্য-সংস্কৃতিচচার ক্ষেত্রে কে কাকে ছাড়িয়ে যেতে পারে সে চেষ্টা ছিলো। বিশেষ করে বৃহত্তর মজুমদারী, পীরমহল্লা, ইলাশকান্দি, চৌকিদেখীতে এসময় গড়ে উঠতে থাকে সামাজিক সংগঠন। যেমন মজুমদারী যুব কল্যাণ সংঘ, পীরমহল্লা প্রভাতী সংঘ, ইলাশকান্দি উদয়ন তরুণ সংঘ, চৌকিদেখি রংধনু ক্রীড়া চক্র। তখনকার সময়ের স্বার্থের কোনো টান ছিল না। নিজেদের উজার করে সবাই মানুষ-সমাজকে কিছু দেওয়ার চেষ্টা করত। ১৯৯৭ সালের শেষ দিকে আবার দিলদার সেলিম ভাইয়ের প্যানেল থেকে নির্বাচিত হই। তখন এ্যাপোলো ১২ এবং ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব একসঙ্গে চালিয়ে যাচ্ছি। ফুটবল অনুশীলনের সময় সাধারণত প্রায়ই বৃষ্টি থাকত। আমরা সেটিকে সুযোগ হিসেবে নিয়েছিলাম। আমাদের খেলোয়াড়দের বলে দেওয়া হয়েছিল পশ্চিম দিকে টিলার নিচে যেনো একটু একটু করে তার মাটি খুঁড়ে রাখে। এর ফলে বৃষ্টির সাথে সাথে টিলার গা থেকে মাটি খসে যেত যেত যা বালু পানির সাথে পূর্ব দিকে চলে যেত। এইভাবে প্রতি মৌসুমে আমরা কৌশলে মাঠকে বড় করতে থাকি। আবার ক্রিকেটের মৌসুমে সিমেন্টের পিচের উপর টিলার মাটি সরিয়ে পিচ বের করা হতো। এইভাবেই লাক্কাতুরা মাঠকে আমরা সবাই বুকে আগলে রেখেছিলাম। (চলবে)

ফেরদৌস চৌধুরী রুহেল :: ফেরদৌস চৌধুরী রুহেল, ক্রীড়া সংগঠক

আরও পড়ুন

সাদাপাথরকাণ্ড : এবার কোম্পানীগঞ্জের ওসি বদলি

0

আধুনিক ডেস্ক ::

সিলেটের পর্যটনকেন্দ্র সাদাপাথর থেকে পাথর লুটের ঘটনার পর কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওযায়ের আল মাহমুদ আদনানকে বদলি করা হয়েছে। নতুন ওসি হিসেবে পদায়ন করা হয়েছে পুলিশ পরিদর্শক রতন শেখকে।

এর আগে সিলেটে পুলিশের ২২ সদস্যকে বদলি করা হয়। এর মধ্যে পাথর লুটকাণ্ডে আলোচিত কোম্পানীগঞ্জ এবং গোয়াইনঘাট থানায় কর্মরত ১১ জন উপপরিদর্শক (এসআই) ও সহকারী উপপরিদর্শক (এএসআই) ছিলেন।

পুলিশের একটি সূত্র জানিয়েছে, কোম্পানীগঞ্জের সাদাপাথর এবং গোয়াইনঘাটের জাফলংসহ ওই এলাকার বিভিন্ন স্থানে পাথর লুটের ঘটনায় ব্যাপক সমালোচনা দেখা দেয়। এ কারণে থানা দুটির ১১ পুলিশ সদস্যকেও এ নিয়মিত বদলিতে রাখা হয়।

এর আগে এই ঘটনায় সিলেটের জেলা প্রশাসককে ওএসডি ও কোম্পানিগঞ্জের ইউএনওকে বদলি করা হয়।

জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে শেখঘাটে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

0

আধুনিক ডেস্ক ::

জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে সিলেটের শেখঘাটে প্রীতি ফুটবল টুর্নামেন্ট ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শেখঘাট শুভেচ্ছা যুব সংঘের উদ্যোগে শনিবার (৩০ আগস্ট) স্থানীয় একটি ইনডোর মাঠে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে চারটি দল অংশ নেয়। দলগুলো হলো- শেখঘাট এ.বি.ডি. স্টার, শেখঘাট সুপারস্টার, শেখঘাট মাইটি সিক্সার্স ও একতা স্পোর্টিং ক্লাব। টুর্নামেন্টে বিজয়ী হয় আবু বকর দিপুর নেতৃত্বাধীন দল এবং রানার্সআপ হয় সৈয়দ রাসেল আহমদ পাপলুর দল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি ও সাবেক খেলোয়াড় মু. ফখর উদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আসাদুল হক আসাদ, জুলাই আন্দোলনের মহানগর ছাত্র সমন্বয়ক আবু সাঈদ ও মাহবুবুর রহমান। অনুষ্ঠানে জুলাইযোদ্ধা হিসেবে সংবর্ধনা প্রদান করা হয় ওলিউর রহমান ও সৈয়দ রাসেল আহমদ পাপলুকে।

সংঘের সভাপতি পারভেজ আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তৌকির আহমদ শাওনের পরিচালনায় শুরুতেই কোরআন তেলাওয়াত করেন তাওসীফ জাওয়াদ। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংঘের সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ রাসেল আহমদ পাপলু, প্রচার সম্পাদক আবু বক্কর দিপু, ক্রীড়া সম্পাদক রূপম আহমদ, সদস্য ওমর ফারুক, সিয়াম, ইশতিয়াক প্রমুখ।

অনুষ্ঠানে শেষে উপস্থিতদের জন্য আকর্ষণীয় র‍্যাফেল ড্র-এর আয়োজন করা হয়।

হাসনাতকে ‘উপহার পাঠালেন’ রুমিন ফারহানা

0

আধুনিক ডেস্ক ::

বিএনপির নেত্রী রুমিন ফারহানার সঙ্গে একটি বিষয়ে মনোমালিন্য হয়েছে মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘উনি ওনার লোক পাঠিয়েছেন যে আমাদের এখানে কোনো সমস্যা হচ্ছে কি না। আমাদের জন্য উনি কিছু উপহার পাঠিয়েছেন। এটা আমাদের জন্য পজিটিভ বার্তা। আমাদের অবশ্যই ওয়েলকাম জানানো উচিত।’ শনিবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের ছতরপুর স্কুল মাঠে আয়োজিত ‘উঠানে নতুন সংবিধান’ ব্যানারে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন এনসিপির এই নেতা। গণপরিষদ নির্বাচন, নতুন সংবিধান, বিচার ও সংস্কারের দাবিতে এনসিপির বিজয়নগর উপজেলা কমিটি এ উঠান বৈঠকের আয়োজন করে।

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আমাদের এখন বলা হয় নির্বাচনবিরোধী। বিএনপি নির্বাচনের জন্য কথা বলছে। আমরা নির্বাচনসহ আরও দুটি বিষয়ের জন্য কথা বলছি। আমরা বলছি আমাদের নির্বাচন লাগবে, আমার সংস্কারও লাগবে, বিচারও লাগবে।’

সংস্কারের বিষয়টি খুবই ‘বেসিক’ মন্তব্য করে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘এই যে পুলিশ ভাই আমারে বিনা বিচারে, বিনা মামলায় আমাকে যে ঘর থেকে উঠায়া নিয়ে যাবে না, এর ফয়সালা কি হয়েছে? পুলিশ যে আমাকে বাসা থেকে উঠাইয়া নিয়ে যাবে, আমার পরিবারকে অবগত করবে, এর ফয়সালা কি এখন পর্যন্ত হয়েছে? হয় নাই তো।’ তিনি আরও বলেন, ‘আমরা দেখি যে মাইক দিয়ে বলে, যদি ধানের শীষ প্রতীক না থাকে, প্রয়োজনে আমরাই নিজেরাই ব্যালট বাক্স ছাপাব। আমি বলছি না, এটা একটা রাজনৈতিক দলের অবস্থা। বলছি, একটা রাজনৈতিক দলের অনেকের মনস্তাত্ত্বিক অবস্থা এ রকম। এটা যে সবাই ধারণ করে, তা আমরা বিশ্বাস করতে চাই না।’

হাসনাত আবদুল্লাহ আরও বলেন, ‘নুর ভাইয়ের (নুরুল হক নুর) ওপর যে আক্রমণটা হয়েছে, এটা আমাদের জন্য একটা মেসেজ। তারেক জিয়াকে আমরা দেখেছি মুচলেকা দিয়ে দেশ ছাড়তে হয়েছে। ওনাকে নৃশংসভাবে মেরে মাজা ভেঙে দেওয়া হয়েছিল। একই পরিণতি আমাদের জন্য অপেক্ষা করছে, যদি আমরা নিয়ম চেঞ্জ না করতে পারি। নুর ভাইয়ের যে পরিণতি হয়েছে, একই পরিণতি আমাদের জন্য অপেক্ষা করছে, যদি আমরা নিয়ম পরিবর্তন করতে না পারি। খালেদা জিয়ার যে পরিণতি হয়েছিল, আমাদের জন্যও একই পরিণতি অপেক্ষা করছে, যদি আমরা নিয়ম পরিবর্তন করতে না পারি। নিয়ম পরিবর্তনের জন্য যেটার নাম আমরা দিয়েছি সংস্কার; এটার জন্য আমাদের অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে।’

বৈঠকে আরও বক্তব্য দেন এনসিপির যুগ্ম সদস্যসচিব এস এম সাইফ মোস্তাফিজ, দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক মাহমুদা আলম, মো. আতাউল্লাহ, বিজয়নগর উপজেলা কমিটির প্রধান সমন্বয়কারী আমিনুল হক চৌধুরী প্রমুখ।