নাজিম উদ্দিন, লাখাই:
হবিগঞ্জের লাখাই উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে চাচার হাতে ভাতিজা খুনের ঘটনা ঘটেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা যায় যে, উপজেলার করাব ইউনিয়নের মনতৈল গ্রামের মৃত রইছ আলীর দুই ছেলে নাসির উদ্দিন ও তাঁর আপন ভাই গিয়াসউদ্দিন এর পারিবারিক জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
এর জের ধরে গত বৃহস্পতিবার (২৭ আগষ্ট) দুপুরে নাসির উদ্দিন ও তাঁর আপন ভাই গিয়াসউদ্দিনের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে ৩জন আহত হয়।আহতরা হলেন নাসির উদ্দিন (৫৫), তাঁর পুত্র কামরুল হাসান (৩০) ও নাজমুল হাসান (২০)।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করলে গুরুতর আহত নাজমুল হাসানের অবস্থা আংশকাজনক হলে তাঁকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। তবে সিলেটের নেওয়ার পথে নাজমুলের মৃত্যু হয় বলে খবর পাওয়া যায়। পারিবারিক সূত্রে তার মৃত্যুর খবরটি নিশ্চিত করে। উল্লেখিত ঘটনার খবর পেয়ে লাখাই থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে লাখাই থানা অফিসার ইনচার্জ (ওসি) শরীফ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে।
এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


