শাবিপ্রবি প্রতিনিধি:
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পলিটিক্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের সংগঠন ‘পলিটিক্যাল স্টাডিজ সোসাইটি’র ২০২৬–২০২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সহসভাপতি পদে ২০২০–২১ শিক্ষাবর্ষের মো. জুনায়েদ হাসান এবং সাধারণ সম্পাদক পদে ২০২১–২২ শিক্ষাবর্ষের সৌরভ গোপ নির্বাচিত হয়েছেন।
সোমবার (৩১ আগস্ট) ভোট গ্রহণ শেষে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করা হয়।
ঘোষিত ফলাফলেই সহ-সাধারণ সম্পাদক পদে ২০২১–২২ শিক্ষাবর্ষের মুমিন আহমদ লালন বিজয়ী হয়েছেন।
কার্যনির্বাহী কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন— কোষাধ্যক্ষ পদে ২০২০–২১ শিক্ষাবর্ষের রাকিবুল ইসলাম, ক্রীড়া সম্পাদক পদে ২০২২–২৩ শিক্ষাবর্ষের মো. শাকিল মোরশেদ এবং সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে একই শিক্ষাবর্ষের ইসরাত জাহান নূর।
এছাড়া দপ্তর সম্পাদক পদে ২০২৩–২৪ শিক্ষাবর্ষের তারেক জামিল এবং প্রচার সম্পাদক পদে একই শিক্ষাবর্ষের সৃজন সরকার প্রহর নির্বাচিত হয়েছেন। সাধারণ সদস্য হিসেবে স্থান পেয়েছেন ২০২৪–২৫ শিক্ষাবর্ষের অনিক চন্দ্র দাস এবং ২০২৫–২৬ শিক্ষাবর্ষের মো. কামরান হোসেন রিফাত।
বিভাগের সংশ্লিষ্টরা জানান, নবনির্বাচিত কমিটির নেতৃত্বে পলিটিক্যাল স্টাডিজ সোসাইটির সার্বিক কার্যক্রম আরও গতিশীল ও প্রাণবন্ত হবে।
একই সঙ্গে এই কমিটি শিক্ষার্থীদের পারস্পরিক সহযোগিতা, নেতৃত্বের বিকাশ এবং শিক্ষাসংক্রান্ত ও সহশিক্ষা কার্যক্রমকে আরও সমৃদ্ধ করতে কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।


