শাবিপ্রবি প্রতিনিধি:
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শাহপরাণ হলে ক্যান্টিনের খাবারের মান নিয়ে হলের হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রভোস্টকে ট্যাগ করে অভিযোগ জানান সমাজবিজ্ঞান বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী খাইরুল খন্দকার। এর জের ধরে তার ওপর হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে তিন দফা দাবি উত্থাপন করেছে শাখা ‘ইনকিলাব মঞ্চ’।
রোববার (১৯ জুলাই) রাতে সংগঠনটির দপ্তর সম্পাদক শুয়াইব আহমদ চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, খাবারের মান নিয়ে কথা বলায় ভুক্তভোগী শিক্ষার্থীকে মারধর করেন শাখা ছাত্রদলের কর্মী হাসিবুর রহমান ও তারেক রহমান। একই সঙ্গে অভিযোগ ওঠে, শাহপরাণ হলের প্রভোস্টের প্রত্যক্ষ মদদে ওই দুই কর্মীকে বিষয়টি দেখতে পাঠানো হয়, যার পরপরই হামলার ঘটনাটি ঘটে।ইনকিলাব মঞ্চের নেতৃবৃন্দ বলেন, সাধারণ শিক্ষার্থীদের অধিকার নিয়ে কথা বলায় এই হামলা চালানো হয়েছে। এটি কেবল একজন শিক্ষার্থীর ওপর হামলা নয় বরং মতপ্রকাশের স্বাধীনতা, শিক্ষার্থীদের ন্যায্য দাবি তোলার অধিকার এবং বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক পরিবেশের ওপর এক গুরুতর আঘাত। আমরা এই ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি।
বিজ্ঞপ্তিতে ইনকিলাব মঞ্চের উত্থাপিত ৩টি দাবি হলো:
১. হামলাকারী ছাত্রদল কর্মীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
২. শাহপরাণ হলের প্রভোস্টের বিতর্কিত ভূমিকা তদন্ত করে তাকে পদচ্যুত করা এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
৩. ভুক্তভোগী শিক্ষার্থীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বিচার প্রক্রিয়া যদি দীর্ঘসূত্রতা, রাজনৈতিক প্রভাব কিংবা পরিচয়ের আড়ালে প্রশ্নবিদ্ধ হয়, তবে এর সমস্ত দায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকেই বহন করতে হবে। ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে ইনকিলাব মঞ্চ শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলন অব্যাহত রাখবে।


