শাবিপ্রবি প্রতিনিধি:
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শাহপরাণ হলের ক্যান্টিনের খাবারের মান নিয়ে অভিযোগ করায় এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় অভিযুক্ত ছাত্রদল নেতাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, শাবিপ্রবি শাখা।
রোববার (১৯ জুলাই) শাখা ছাত্রশিবিরের প্রচার সম্পাদক মুহাম্মদ শাকিল স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।
বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি মাসুদ রানা তুহিন এবং শাখা সেক্রেটারি মুজাহিদুল ইসলাম এক যৌথ বিবৃতিতে বলেন, “শাহপরাণ হলের ক্যান্টিনে পরিবেশিত খাবারের নিম্নমান নিয়ে হলের হোয়াটসঅ্যাপ গ্রুপে অভিযোগ জানানোর কারণে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী খাইরুল খন্দকারের ওপর হামলা চালায় শাবিপ্রবি ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক তারেক রহমান এবং যোগাযোগ বিষয়ক সম্পাদক হাসিবুর রহমান হাসিব। শিক্ষার্থীদের স্বাস্থ্যসম্মত খাবারের মতো একটি যৌক্তিক বিষয়ে কথা বলায় এমন পেশিশক্তির ব্যবহার চরম উদ্বেগজনক। আমরা এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”
ছাত্রশিবির নেতারা আরও বলেন, “ছাত্রসমাজ যখন রক্তাক্ত জুলাই উদযাপন করছে, সেই সময়ে ছাত্রদল ছাত্রলীগের কায়দায় ছাত্র নির্যাতন করছে। আমরা মনে করি ছাত্রদল জুলাই বিপ্লবের অন্যতম অংশীদার হলেও তারা জুলাইয়ের স্পিরিট হতে সরে গিয়ে ক্যাম্পাসে পুরাতন কালচার ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছে। জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে ক্যাম্পাসগুলো থেকে পেশীশক্তির রাজনীতিকে নির্বাসনে পাঠানো হয়েছে। নতুন করে পেশিশক্তির ব্যবহার কারো জন্য সুখকর হবে না। কেউ যদি ফ্যাসিবাদীদের মতো ক্যাম্পাসে পুরাতন কালচার ফিরিয়ে আনতে চায়, তাদের পরিণতি হবে ফ্যাসিবাদীদের মতোই। শিক্ষার্থীরা নিজেদের অধিকার আদায়ে এসব পেশিশক্তিকে তোয়াক্কা করবে না।”
বিবৃতিতে আরও বলেন , “ছাত্রদল নেতারা হামলা চালানোর পর উলটো ভিক্টিমকে অপরাধী সাব্যস্ত করতে তারা বিভিন্ন বয়ান তৈরির চেষ্টা চালাচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক এই হামলাকে ‘সংঘর্ষ’ সাব্যস্ত করে মূলত ভিক্টিমকে সুরক্ষা দেওয়ার পরিবর্তে উল্টো দোষী সাব্যস্ত করার ব্যবস্থা করে ছাত্রদল নেতাদের বয়ানেরই পক্ষ নিয়েছে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক হামলার মতো ঘটনাকে ‘সংঘর্ষ’ সাব্যস্ত করার নিন্দা জানাই।”
নেতৃবৃন্দ অপরাধীদের পক্ষ না নিয়ে অনতিবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানান।


