গোয়াইনঘাট প্রতিনিধি ::
সিলেটের গোয়াইনঘাটের জাফলংয়ে বালু উত্তোলনের সময় পেলোডারের চাপায় এক শ্রমিক নিহত হয়েছেন। রোববার (১১ জানুয়ারি) ভোর আনুমানিক ৬টার দিকে গোয়াইনঘাট উপজেলার জাফলং ইউনিয়নের জুমপাড় এলাকায় পিয়াইন নদীর তীরে এ দুর্ঘটনা ঘটে। নিহত পারভেজ আহমেদ (২৭)।তিনি ছৈলাখেল অষ্টম খণ্ড এলাকার জামাল মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, পূর্ব জাফলং ইউনিয়নের ফারুক আহমদের মালিকানাধীন একটি পেলোডার দিয়ে নদীসংলগ্ন এলাকা থেকে বালু উত্তোলনের সময় যন্ত্রটির চাকায় চাপা পড়ে পারভেজ আহমেদ গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
গোয়াইনঘাট থানার এসআই আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


