শাবি প্রতিনিধি:
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ নির্বাচনে (শাকসু) অংশ নিতে সর্বমোট ২৫১ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আবাসিক ছাত্রী হলে যথেষ্ট প্রতিদ্বন্দ্বী প্রার্থী পাওয়ার সম্ভবনা নেই।
বৃহষ্পতিবার (৪ নভেম্বর) বিকেলে নির্বাচন কমিশনের মুখপাত্র অধ্যাপক ড. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘ শাকসুর কেন্দ্রীয় সংসদ ও হল সংসদে সর্বমোট ২৫১ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। কেন্দ্রীয় সংসদে ১৪৫ জন প্রার্থী মনোনয়নপত্র নিয়েছেন যার মাঝে ১৫ জন নারী প্রার্থী রয়েছে।অপরদিকে, হল সংসদে ১০৬ জন প্রার্থী মনোনয়নপত্র নিয়েছেন।
এরমধ্যে ছাত্রদের শাহপরান হলে ২৫, বিজয়-২৪ হলে ২১, সৈয়দ মুজতবা আলী হলে ২৬, মেয়েদের আয়েশা সিদ্দিকা হলে ১২, বেগম সিরাজুন্নেছা চৌধুরী হলে ১২, ফাতিমা তুজ জাহরা হলে ১০ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
শাকসু’র গঠনতন্ত্র অনুযায়ী, হল সংসদে ভিপি , জিএস, এজিএস, ক্রীড়া সম্পাদক, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক, সমাজসেবা সম্পাদক সহ তিনটি সদস্য পদ রয়েছে। ফাতিমা তুজ জাহরা হলে মাত্র ১০ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।মনোনয়নপত্র সংগ্রহের ভিত্তিতে একটি পদ ছাড়া সব পদে প্রতিদ্বন্দ্বিতা ছাড়া জয়ী হবেন।
একইভাবে, আয়েশা সিদ্দিকা ও বেগম সিরাজুন্নেছা চৌধুরী হলেও কয়েকটি পদে কোনো প্রতিদ্বন্দ্বি থাকবে না বলে মনে করেন অনেকে ।


