কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার টুকেরবাজার (বউবাজার) এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাসেল মিয়া (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আল আমিন (২৮) নামে অপর এক আরোহী গুরুতর আহত হয়েছেন।
বুধবার (৯ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাসেল মিয়া উপজেলার ডাকঘর গ্রামের জমির আলীর ছেলে। আহত আল আমিন নোয়াগাঙ্গের পাড় গ্রামের তৈয়বুর রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোলাগঞ্জগামী একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই রাসেল মিয়ার মৃত্যু হয়। স্থানীয়রা গুরুতর আহত আল আমিনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উছমান গণি জানান, সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত এবং অপর একজন গুরুতর আহত হয়েছেন। নিহতের মরদেহ কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। সেখানে সুরতহাল প্রতিবেদন শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি আটক করা সম্ভব হয়নি।


