শাবিপ্রবি প্রতিনিধি:
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে (শাবিপ্রবি) উপহার হিসেবে একটি মাইক্রোবাস দিয়েছে সীমান্ত ব্যাংক পিএলসি।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে মাইক্রোবাসটি হস্তান্তর করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম, উপ-উপাচার্য জি এম রবিউল ইসলাম, রেজিস্ট্রার সৈয়দ ছলিম মো. আব্দুল কাদির, বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির সিলেট সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সালাহ্উদ্দীন, সীমান্ত ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নুরুল আজীম, ব্যাংকের আইডিপি বিভাগের সহ-সভাপতি মো. আরিফুল ইসলাম, ব্যাংকের সিলেট শাখার ব্যবস্থাপক তারেক মাহমুদ, বিজিবির সিলেট ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মেজর মো. নূরুল হুদা, সীমান্ত স্কুল অব সার্ভেইল্যান্স অ্যান্ড ড্রোন ওয়্যারফেয়ারের সহকারী পরিচালক মো. রফিকুল ইসলাম, শাবিপ্রবির বিভিন্ন অনুষদের ডিন, দপ্তরপ্রধান ও কর্মকর্তারা।
উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম সীমান্ত ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে বলেন, “মাইক্রোবাসটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও শিক্ষা সংক্রান্ত যোগাযোগে নতুন মাত্রা যোগ করবে। সীমান্ত ব্যাংকের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। আমাদের শিক্ষার্থীরা অত্যন্ত মেধাবী। আপনারা ব্যাংকিং ও প্রযুক্তির যে সকল অগ্রগামী পরিকল্পনার কথা ভাবছেন, সেগুলো বাস্তবায়নে আমাদের শিক্ষার্থীরাও আগ্রহের সঙ্গে কাজ করতে সক্ষম হবে।”
অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে কর্নেল মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, “বিশ্ববিদ্যালয়ের সাথে বেসিক টেকনিক্যাল নলেজ, অপারেশনাল নলেজ, ইভেন ইন্টারন্যাশনাল রিলেশন নলেজের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আমাদের যৌথভাবে কাজ করার প্রচুর সুযোগ রয়েছে। সীমান্ত ব্যাংক বর্তমানে পেপারলেস ও আধুনিক ব্যাংকিংয়ের বেশ কিছু রূপকল্প নিয়ে এগিয়ে যাচ্ছে। ব্যাংকের সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) থেকে শিক্ষার সার্বিক উন্নয়নে সহযোগী হতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত ও সন্তুষ্ট।”


