শাবিপ্রবি প্রতিনিধি:
হজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের নতুন কমিটি অনুমোদিত হয়েছে। এতে সভাপতি হিসেবে নৃবিজ্ঞান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আরিফ হোসাইন এবং সাধারণ সম্পাদক হিসেবে একই শিক্ষাবর্ষের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আল আমিন মনোনীত হয়েছেন।
শনিবার(১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় সভাপতি মো. রুহুল আমিন ও সাধারণ সম্পাদক সাইশা সুলতানা সাদিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আগামী সাত কার্যদিবসের মধ্যে গঠনতন্ত্র অনুযায়ী বিশ্ববিদ্যালয় শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে বলা হয়েছে।
এই নতুন কমিটির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে তরুণদের বুদ্ধিবৃত্তিক চর্চা ও সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ ক্যাম্পাসে লেখালেখি, সাহিত্যচর্চা, কলাম লিখন এবং মুক্তচিন্তার বিকাশকে আরও সমৃদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
নবগঠিত কমিটির লক্ষ্য ও পরিকল্পনা জানিয়ে সভাপতি আরিফ হোসাইন বলেন, “তরুণদের মধ্যে যুক্তিবাদী চিন্তা, সৃজনশীল লেখালেখি ও সমসাময়িক বিষয় নিয়ে বিশ্লেষণধর্মী চর্চা গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য। আমরা শাবিপ্রবিতে লেখক তৈরির একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করতে চাই।”
সাধারণ সম্পাদক আল আমিন বলেন, “লেখালেখির মাধ্যমে তরুণদের চিন্তা ও মতপ্রকাশের ক্ষেত্র আরও বিস্তৃত করতে আমরা বিভিন্ন কর্মশালা, প্রশিক্ষণ এবং সাহিত্যভিত্তিক কার্যক্রম আয়োজনের পরিকল্পনা হাতে নিয়েছি।”


