Home Blog Page 18

‎ঈদে পরিবার থেকে দূরে থাকা শিক্ষার্থীদের পাশে শাবিপ্রবি প্রশাসন, হলে প্রীতিভোজ

0

শাবিপ্রবি প্রতিনিধি: ‎

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আবাসিক শিক্ষার্থীদের জন্য বিশেষ প্রীতিভোজের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ‎‎

বৃহস্পতিবার (২৮ মে) বিশ্ববিদ্যালয়ের ছয়টি আবাসিক হল শাহপরান হল, বিজয় ২৪ হল, সৈয়দ মুজতবা আলী হল, আয়েশা সিদ্দিকা হল, বেগম সিরাজুন্নেসা চৌধুরী হল এবং ফাতিমা তুজ জাহরা হলের শিক্ষার্থীদের জন্য এ আয়োজন করা হয়।

‎‎প্রতি বছর ঈদের ছুটিতে নানা কারণে অনেক শিক্ষার্থী ক্যাম্পাসে অবস্থান করেন। বিশেষ করে দূর-দূরান্ত থেকে আসা শিক্ষার্থী, ভিন্ন ধর্মাবলম্বী শিক্ষার্থী এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে থাকা শিক্ষার্থীদের একটি বড় অংশ ছুটির সময়েও হলে থেকে যান। ঈদের দিনে তারা যেন একাকিত্ব অনুভব না করেন এবং উৎসবের আনন্দ থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যেই বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলামের নির্দেশনায় এ বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়।‎‎

আয়োজনটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শাহপরান হলের প্রভোস্ট অধ্যাপক ড. ইফতেখার আহমদ, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. মোখলেসুর রহমান, ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. জিএম রবিউল ইসলাম, সহকারী প্রভোস্ট অধ্যাপক ড. সৈয়দ মিসবাহ উদ্দিন, সহকারী প্রক্টর অধ্যাপক মো. বেলাল হোসাইন শিকদার এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কালাম আহমদ চৌধুরী।‎‎

বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ উদ্যোগকে শিক্ষার্থীরা ইতিবাচকভাবে গ্রহণ করেছেন। হলে অবস্থানরত কয়েকজন শিক্ষার্থী জানান, ঈদের মতো বড় উৎসবে পরিবারের বাইরে থাকাটা কষ্টের হলেও প্রশাসনের এমন আন্তরিক ও উৎসবমুখর আয়োজন তাদের একাকিত্ব অনেকটাই দূর করেছে। এতে ঈদের আনন্দও কয়েকগুণ বেড়ে গেছে বলে তারা মনে করেন।

আজ পবিত্র ঈদ উল আজহা

0

আধুনিক ডেস্ক ::

আজ পবিত্র ঈদ উল আজহা। আত্মত্যাগ ও পরম উৎসর্গের মহান আদর্শে মহিমান্বিত মুসলমানদের অন্যতম প্রধান এই ধর্মীয় উৎসবটি আমাদের সমাজে ‘কোরবানির ঈদ’ হিসেবেও ব্যাপকভাবে পরিচিত। হিজরি বর্ষপঞ্জির জিলহজ মাসের ১০ তারিখে এই উৎসব উদযাপিত হয়ে থাকে। আজ মহান সৃষ্টিকর্তার অসীম অনুগ্রহ ও সন্তুষ্টি লাভের আশায় ঈদের জামাত শেষে ধর্মপ্রাণ মুসলমানরা যার যার সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি করবেন।

সুদীর্ঘকাল ধরে এই পবিত্র উৎসব মুসলিম উম্মাহর মাঝে ত্যাগের মহিমান্বিত আদর্শ ছড়িয়ে দিচ্ছে। ঈদের দিন সকালে চারপাশের ঈদগাহ ময়দান কিংবা মসজিদগুলোতে মুসল্লিদের ঢল নামবে। সেখানে দুই রাকাত ওয়াজিব নামাজ আদায়ের জন্য সমবেত হবেন সবাই। নামাজ শেষে খতিব সাহেবরা খুতবার মাধ্যমে উপস্থিত সবার সামনে কোরবানির মূল শিক্ষা ও তাৎপর্য তুলে ধরবেন। ধনী-দরিদ্র কিংবা সামাজিক ভেদাভেদ ভুলে এদিন সব মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় করবেন এবং একে অপরের সঙ্গে ঈদের কুশল ও শুভেচ্ছা বিনিময় করবেন।

ঈদের নামাজ সম্পন্ন হওয়ার পরপরই শুরু হবে মূল আনুষ্ঠানিকতা। সামর্থ্যবান মুসলমানরা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নিজ নিজ পশু কোরবানি করার প্রক্রিয়া শুরু করবেন। নিজের জান-মাল এবং সবচেয়ে প্রিয় বস্তুকে সৃষ্টিকর্তার সন্তুষ্টির জন্য আনন্দের সঙ্গে বিলিয়ে দেওয়ার যে মহান শিক্ষা, তা-ই প্রতি বছর ঘুরেফিরে এই ঈদুল আজহার মাধ্যমে মানুষের হৃদয়ে জাগ্রত হয়।

ঐতিহাসিকভাবে পবিত্র ঈদ উল আজহার এই বিধান হযরত ইব্রাহিম (আ.) এবং তাঁর প্রিয় পুত্র হযরত ইসমাইলের (আ.) এক অবিস্মরণীয় ঘটনার সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। মহান আল্লাহর পক্ষ থেকে স্বপ্নে আদিষ্ট হয়ে হযরত ইব্রাহিম (আ.) তাঁর কলিজার টুকরো পুত্রকে আল্লাহর উদ্দেশ্যে উৎসর্গ করতে উদ্যত হয়েছিলেন। মূলত এটি ছিল হযরত ইব্রাহিমের (আ.) প্রতি সৃষ্টিকর্তার এক কঠিন পরীক্ষা। তিনি কোনো দ্বিধা না রেখে পুত্রকে জবাই করার সব ধরনের প্রস্তুতি নিয়ে সেই পরীক্ষায় পূর্ণরূপে উত্তীর্ণ হন।

ইসলামি ইতিহাস ও বর্ণনা অনুযায়ী, নিজের চোখ বেঁধে যখন তিনি পুত্রের গলায় ছুরি চালাচ্ছিলেন, তখন কোরবানি সম্পন্ন হওয়ার পর চোখ খুলে দেখতে পান যে, আল্লাহর অলৌকিক কুদরতে ইসমাইলের কোনো ক্ষতি হয়নি। বরং তাঁর পরিবর্তে সেখানে জান্নাত থেকে পাঠানো একটি দুম্বা কোরবানি হয়ে গেছে। হযরত ইব্রাহিমের (আ.) সেই ঐতিহাসিক ও অভূতপূর্ব ত্যাগের স্মৃতিকে চিরভাস্বর করে রাখতেই ইসলামি শরিয়তে কোরবানিকে ওয়াজিব বা আবশ্যক করা হয়েছে। সেই সুন্নতের ধারাবাহিকতায় আজ পর্যন্ত প্রতিটি সামর্থ্যবান মুসলমানের জন্য পশু কোরবানি করা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ ধর্মীয় বিধান হিসেবে পালন হয়ে আসছে।

গোলাপগঞ্জে জমে উঠেছে ঈদের শেষ পশুর হাট

0

রুহুল আমিন, গোলাপগঞ্জ:

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার স্থায়ী ও অস্থায়ী পশুর হাটগুলো শেষ বাজারে পুরোপুরি জমে উঠেছে। আগামী কাল ঈদ তাই হাটে ক্রেতা ও পশুর সমাগম বাড়ছে। সকাল থেকেই শুরু হয়েছে গরু ক্রয়-বিক্রয়ের ধুম।

গোলাপগঞ্জের বিভিন্ন ঐতিহ্যবাহী পুরকাস্থবাজার,ঢাকাদক্ষিণবাজার ও অস্থায়ী হাটগুলো ঘুরে দেখা গেছে, খামারি ও পাইকাররা দেশের বিভিন্ন প্রান্ত এবং স্থানীয় খামার থেকে আকর্ষণীয় সব গরু ও ছাগল হাটে নিয়ে এসেছেন। এবারের বাজারে মাঝারি আকারের গরুর চাহিদা সবচেয়ে বেশি। তবে ক্রেতাদের অভিযোগ, গত বছরের তুলনায় এবার পশুর দাম কিছুটা চড়া। বিক্রেতারা বলছেন, পশুর খাবারের মূল্যবৃদ্ধি এবং পশুপালনের খরচ বেড়ে যাওয়ার কারণেই দাম কিছুটা বেশি রাখতে হচ্ছে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানা যায়, এভারের ঈদের হাট ৩টি স্থায়ী ও ৭টি অস্থায়ী হাটসহ ১০টি হাট বসে।

হাটে আসা এক ক্রেতা জানান, “বাজারে গরুর কোনো ঘাটতি নেই, তবে বিক্রেতারা দাম ছাড়ছেন না। আমার বাজেট অনুযায়ী একটি মাঝারি সাইজের গরু খুঁজছি, আশা করি শেষ মুহূর্তে দাম কিছুটা স্বাভাবিক হবে।” অন্যদিকে, স্থানীয় এক খামারি বলেন, “আমরা সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে গরু বড় করেছি। হাটে মানুষের ভিড় ভালো, আশা করছি লাভজনক দামেই বিক্রি করতে পারব।”

পশুর হাটে জালিয়াতি রোধ ও জাল টাকা শনাক্তকরণে প্রশাসনের পক্ষ থেকে উপজেলার সকল বাজারে বিশেষ বুথ স্থাপন করা হয়েছে। হাটের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসনের কঠোর নজরদারি লক্ষ্য করা গেছে। পাশাপাশি ট্রাফিক জ্যাম এড়াতে হাটের আশপাশের রাস্তায় বিশেষ স্বেচ্ছাসেবক দল কাজ করছে।

ঐতিহ্যবাহী হাটের পাশাপাশি গোলাপগঞ্জের প্রবাসী পরিবার ও তরুণ প্রজন্মের মধ্যে এবার অনলাইন থেকে সরাসরি খামারের ছবি ও ভিডিও দেখে কোরবানির পশু কেনার প্রবণতাও বেশ লক্ষ্য করা যাচ্ছে।
সব মিলিয়ে, কিছু ক্ষেত্রে বাড়তি দামের অস্বস্তি থাকলেও উৎসবের আমেজে কোনো কমতি নেই গোলাপগঞ্জের কোরবানির পশুর হাটে। শেষ মুহূর্তের কেনাকাটায় বাজার আরও চাঙ্গা হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট ইজারাদার ও ব্যবসায়ীরা।

মাধবপুরে গাড়ির ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

0

মাধবপুর প্রতিনিধি ::

হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে অজ্ঞাতনামা একটি গাড়ির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ মে) ভোরে উপজেলার নোয়াপাড়া সাহেবনগর গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন আশিক আহমেদ (২৫) ও আবুল বাশার (৩৫)। আশিক আহমেদ ঢাকার খিলক্ষেত থানার পাতিরা এলাকার মো. সেলিম মিয়ার ছেলে। অপরজন আবুল বাশার নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বাগবের এলাকার মো. আব্দুল বাতেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার গভীর রাতে তারা মোটরসাইকেলে করে সিলেটের উদ্দেশ্যে রওনা হন। পথে নোয়াপাড়া সাহেবনগর গেইট এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে দ্রুতগতির অজ্ঞাত একটি গাড়ি তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে দুজন গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আশিককে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোর ৫টার দিকে আবুল বাশার মারা যান।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি শুভ রঞ্জন চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় জড়িত অজ্ঞাত গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

হজের মূল কার্যক্রম শুরু, লাব্বাইক ধ্বনিতে মুখর আরাফাতের ময়দান

0

আধুনিক ডেস্ক ::

পবিত্র হজের মূল কার্যক্রম শুরু হয়েছে সৌদি আরবের আরাফাতের ময়দানে লাখো মুসল্লির সমবেত হওয়ার মধ্য দিয়ে। মঙ্গলবার (সৌদি আরবে ৯ জিলহজ) ফজরের নামাজের পূর্বেই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা ১৬ লাখের বেশি হজযাত্রী আরাফাতের ময়দানে অবস্থান নিয়েছেন। তাদের কণ্ঠে উচ্চারিত ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর হয়ে উঠেছে সমগ্র আরাফাত প্রান্তর। ভোর থেকেই হাজিরারা ইবাদত, কোরআন তিলাওয়াত, জিকির ও দোয়ায় মগ্ন রয়েছেন। ইসলামী শরিয়ত অনুযায়ী, আরাফাতে অবস্থান হজের অন্যতম প্রধান ফরজ এবং হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষঙ্গ।

এর আগে সোমবার মিনায় অবস্থানের মধ্য দিয়ে হজের আনুষ্ঠানিকতা শুরু হয়। মঙ্গলবার ফজরের নামাজের পর হাজিরারা মিনার তাঁবু নগরী থেকে আরাফাতের উদ্দেশ্যে রওনা হন। মঙ্গলবার মসজিদে নামিরা থেকে হজের খুতবা প্রদান করবেন মসজিদে নববির প্রবীণ ইমাম ও খতিব শায়খ আলী বিন আবদুর রহমান আল-হুজাইফি। খুতবার পর হাজিরারা একসঙ্গে জোহর ও আসরের নামাজ আদায় করবেন।

সূর্যাস্তের পর হজযাত্রীরা মুজদালিফায় গমন করবেন। সেখানে খোলা আকাশের নিচে রাতযাপনের পর মিনায় ফিরে শয়তানকে পাথর নিক্ষেপ, পশু কোরবানি ও কাবা শরিফে তাওয়াফসহ হজের বাকি আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন। সৌদি হজ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১৫ লাখের বেশি নিবন্ধিত হজযাত্রী পবিত্র হজ পালনে অংশ নিয়েছেন। বাংলাদেশ থেকে গেছেন প্রায় ৭৮ হাজার ৫০০ হজযাত্রী। এছাড়া সৌদি আরবের অভ্যন্তরীণ হাজিদের অংশগ্রহণে আরাফাতে উপস্থিত মুসল্লির সংখ্যা ১৬ লাখ ছাড়িয়েছে। মক্কা থেকে প্রায় ২০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত ঐতিহাসিক আরাফাতের ময়দান জাবালে রহমত বা ‘রহমতের পাহাড়’কে কেন্দ্র করে বিস্তৃত। ৬৩২ খ্রিস্টাব্দে বিদায় হজে মহানবী হজরত মুহাম্মদ (সা.) এই প্রান্তরেই তার ঐতিহাসিক ভাষণ প্রদান করেছিলেন।

‎শাবিপ্রবির নবনিযুক্ত উপাচার্যের সাথে ‘সাস্টিয়ান ক্লাব’-এর মতবিনিময় ও ফুলেল শুভেচ্ছা‎

0

‎শাবিপ্রবি প্রতিনিধি:‎‎

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলামের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় ও এক মতবিনিময় সভা করেছে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘সাস্টিয়ান ক্লাব’।‎‎

সোমবার (২৫ মে) বিকেলে উপাচার্যের কনফারেন্স রুমে এই সৌজন্য সাক্ষাৎ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা এবং শিক্ষার্থীদের সার্বিক উন্নয়ন নিয়ে ফলপ্রসূ আলোচনা করা হয়।‎‎

মতবিনিময় সভায় সাস্টিয়ান ক্লাবের নেতৃবৃন্দ নবনিযুক্ত উপাচার্যকে আন্তরিক অভিনন্দন জানান এবং তাঁর যোগ্য নেতৃত্বে শাবিপ্রবি আরও এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন। বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সাস্টিয়ান ক্লাব ও প্রাক্তন শিক্ষার্থীদের (অ্যালামনাই) পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন তারা।‎‎

নেতৃবৃন্দ জোর দিয়ে বলেন, নিজ বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটরা যেন যোগ্যতা ও মেধার ভিত্তিতে মূল্যায়িত হয় এবং বিভিন্ন ক্ষেত্রে কাজের সুযোগ পান। এছাড়া বিশ্ববিদ্যালয়ের যেকোনো ইতিবাচক কর্মকাণ্ডে উৎসাহ প্রদান এবং গঠনমূলক সমালোচনার মাধ্যমে প্রশাসনের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

‎‎সকলের সহযোগিতা কামনা করে উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, “সরকার আমাকে এখানে পাঠিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী ভালো কাজ করছেন, আমিও তাঁর নির্দেশনা অনুসরণ করে কাজ করতে চাই। আমার মূল লক্ষ্য শিক্ষার্থীদের জন্য কাজ করা। শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষার্থীদের জন্য উন্নত খাবার ও সুন্দর পরিবেশ নিশ্চিত করতে আমি বদ্ধপরিকর।”‎‎

শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে উপাচার্য আরও বলেন, “শিক্ষকদের প্রতি অনুরোধ থাকবে যেন তারা নিয়মিত ক্লাস নেন এবং পরীক্ষা শেষে দ্রুত ফলাফল প্রকাশ নিশ্চিত করেন। সাস্টিয়ান ক্লাব, অ্যালামনাইসহ সবার সম্মিলিত সহযোগিতায় আমরা এই বিশ্ববিদ্যালয়কে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাব।”‎‎

মতবিনিময় সভায় সাস্টিয়ান ক্লাবের পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মখদ্দুছ আলী, সাধারণ সম্পাদক মখলিছুর রহমান পারভেজসহ ক্লাবের অন্যান্য কার্যনির্বাহী সদস্যবৃন্দ।‎

‎শাবিপ্রবিতে নিরাপত্তা কর্মীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় সভা অনুষ্ঠিত

0

‎শাবিপ্রবি প্রতিনিধি:‎‎

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও কর্মপরিবেশ উন্নয়নের লক্ষ্যে নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলামের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা প্রহরীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।‎‎

সোমবার (২৫ মে) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।‎‎

মতবিনিময় সভায় নিরাপত্তা প্রহরীরা ক্যাম্পাস ও আবাসিক এলাকায় দায়িত্ব পালনের বাস্তব অভিজ্ঞতা, বর্তমান নিরাপত্তা পরিস্থিতি এবং ডিউটি রোস্টারসহ তাদের বিভিন্ন সুযোগ-সুবিধা ও পেশাগত সমস্যার কথা উপাচার্যের সামনে তুলে ধরেন।‎‎

নিরাপত্তা কর্মীদের বক্তব্য মনোযোগ সহকারে শুনে উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম বলেন, “শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ ও সুষ্ঠু শিক্ষাবৈনিক পরিবেশ নিশ্চিত করতে নিরাপত্তা প্রহরীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্যাম্পাসকে বহিরাগত ও অপ্রীতিকর ঘটনা থেকে মুক্ত রাখতে আপনাদের সর্বদা সতর্ক থাকতে হবে।” তিনি এ সময় সকলকে দায়িত্ব পালনে সততা, আন্তরিকতা ও পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানান।

‎‎তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থাকে যুগোপযোগী, আধুনিক ও কার্যকর করতে বর্তমান প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ ক্ষেত্রে নিরাপত্তা কর্মীদের দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য।” একই সঙ্গে তিনি কর্মীদের বেতন বৃদ্ধিসহ অন্যান্য যৌক্তিক দাবিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়নের আশ্বাস দেন।‎‎

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. মোখলেসুর রহমান,  ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির, সহকারী প্রক্টর অধ্যাপক মো. বেলাল হোসাইন শিকদার এবং নিরাপত্তা শাখার প্রধান (অতিরিক্ত রেজিস্ট্রার) ফয়সল আহমদ। সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিফটে কর্মরত নিরাপত্তা প্রহরীরাও অংশ নেন।‎

শাবিপ্রবির নবনিযুক্ত উপাচার্যকে শিক্ষক সমিতির ফুলেল শুভেচ্ছা

0

শাবিপ্রবি প্রতিনিধি:

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি।

সোমবার (২৫ মে) দুপুর ১টায় উপাচার্যের কার্যালয়ে শিক্ষক সমিতির পক্ষ থেকে এই আন্তরিক অভ্যর্থনা ও সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় শিক্ষক সমিতির নেতৃবৃন্দ নবনিযুক্ত উপাচার্যকে ফুল দিয়ে বরণ করে নেন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার সার্বিক মানোন্নয়নে একসঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

পাল্টা সৌজন্যতায় উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলামও বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক অগ্রযাত্রায় শিক্ষক সমাজের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

শুভেচ্ছা বিনিময়কালে শিক্ষক সমিতির পক্ষে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আলমগীর কবির, যুগ্ম-সম্পাদক সহকারী অধ্যাপক এস এম সাইদুর রহমান এবং কার্যনির্বাহী সদস্য অধ্যাপক ড. মো. মাহবুবুল হাকিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

নিয়োগের ২৪ ঘণ্টার মধ্যেই শাবিপ্রবির আবাসিক হল পরিদর্শনে নতুন উপাচার্য

0

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম দায়িত্ব গ্রহণের ২৪ ঘণ্টার মধ্যেই বিশ্ববিদ্যালয়ের ছয়টি আবাসিক হল পরিদর্শন করেছেন।

রবিবার (২৪ মে) বেলা ১২টায় তিনি হলসমূহ পরিদর্শনে যান। তিনি একে একে ছাত্রীদের জন্য নির্ধারিত আয়েশা সিদ্দিকা হল, বেগম সিরাজুন্নেসা চৌধুরী হল, ফাতিমা তুজ জাহরা হল এবং ছাত্রদের শাহপরান হল, বিজয় ২৪ হল ও সৈয়দ মুজতবা আলী হল পরিদর্শন করেন।

হল পরিদর্শনকালে শিক্ষার্থীবান্ধব ও জবাবদিহিমূলক প্রশাসনের ওপর বিশেষ গুরুত্বারোপ করে তিনি বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অত্যন্ত বিনয়ী ও দায়িত্বশীল হতে হবে। বিশেষ করে আর্থিক বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে।”

হল প্রশাসন ও কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম বলেন, “সবাইকে মন থেকে নিজের দায়িত্ব পালন করতে হবে। কর্মচারীদের কাজের গতি ও উৎসাহ বাড়াতে আমরা ‘বেস্ট স্টাফ’ পুরস্কার বা স্বীকৃতি চালু করার পরিকল্পনা করছি। যখন সবাই নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করবেন, তখনই হলের সার্বিক পরিবেশ উন্নত হবে।”

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, “তোমাদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করাই আমাদের প্রধান কাজ। কারণ শিক্ষার্থীদের জন্যই আমরা। আমরা চেষ্টা করব শিক্ষার্থীদের সব ধরণের সমস্যা দূর করতে। আমরা তোমাদের জন্য আমাদের সেরাটা দিতে চাই। তিনি দৃঢ়তার সাথে বলেন, যতক্ষণ আমার শিক্ষার্থীরা সন্তুষ্ট থাকবে, ততক্ষণ আমি কোনো বাধা বা প্রতিকূলতার পরোয়া করি না।”

শিক্ষার্থীদের সাথে সরাসরি যোগাযোগের ওপর গুরুত্ব দিয়ে তিনি আরও বলেন,” শিক্ষার্থীদের সমস্যাগুলো সরাসরি ভাইস চ্যান্সেলরকে জানানোর জন্য আমি একটি নির্দিষ্ট ‘ভিজিটিং আওয়ার’ বা সাক্ষাতের সময় চালু করব। এছাড়া আমি যেকোনো সময় আকস্মিকভাবে তোমাদের রুমে চলে আসতে পারি। আমি রুমগুলো সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন দেখতে চাই। যাদের রুম সবচেয়ে বেশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, তাদের পুরস্কৃত করা হবে। বিশ্ববিদ্যালয়ের এই সুন্দর পরিবেশ বজায় রাখতে আমি তোমাদের পূর্ণ সহযোগিতা কামনা করছি।”

হলগুলোতে পরিষ্কার-পরিচ্ছন্নতা, খাবারের মান ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন কাজ করে যাচ্ছে উল্লেখ করে তিনি ঘোষণা দেন , আসন্ন ঈদ উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে হলের শিক্ষার্থীদের জন্য বিশেষ ও উন্নত মানের খাবারের ব্যবস্থা করা হবে।

হলসমূহ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, পরিবহন প্রশাসক অধ্যাপক আ ফ ম জাকারিয়া, প্রভোস্ট অধ্যাপক ড. ইফতেখার আহমদ, প্রভোস্ট অধ্যাপক ড. সাবিহা আফরিন, প্রভোস্ট অধ্যাপক ড. ইসমত আরা, ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. জিএম রবিউল ইসলাম, সহকারী প্রভোস্ট অধ্যাপক ড. সৈয়দ মিসবাহ উদ্দিন, সহকারী প্রভোস্ট অধ্যাপক ড. ফাহমিদা আক্তার, সহকারী প্রক্টর অধ্যাপক মো. বেলাল হোসাইন শিকদার এবং রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির।

ভাটরাই উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজে নতুন অ্যাডহক কমিটি অনুমোদন

0

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ভাটরাই উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের চার সদস্যবিশিষ্ট নতুন অ্যাডহক কমিটি অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেট। এতে সভাপতি মনোনীত হয়েছেন পূর্ব ইসলামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফখরুল আলম এবং অভিভাবক প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেয়েছেন কোম্পানীগঞ্জ উপজেলা তাঁতিদলের যুগ্ম আহবায়ক সুজন মাহমুদ এমরান।

গত মঙ্গলবার (১৯ মে) সিলেট শিক্ষা বোর্ডের কলেজ শাখা থেকে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়। কলেজ পরিদর্শক শেখ মোহাম্মদ নজরুল ইসলামের সাক্ষরিত ওই চিঠিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

অনুমোদনপত্র সূত্রে জানা যায়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেট নিয়ন্ত্রণ, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা-২০২৪ এর ধারা ৬৪ অনুযায়ী এ অ্যাডহক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত কমিটির মেয়াদ আগামী ৬ মাস নির্ধারণ করা হয়েছে।

কমিটিতে শিক্ষক প্রতিনিধি হিসেবে মনোনীত হয়েছেন সিনিয়র শিক্ষক মোহাম্মদ ইসমাইল হোসেন। এছাড়া প্রতিষ্ঠান প্রধান পদাধিকারবলে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন কলেজের অধ্যক্ষ নজীর আহাম্মদ।

অফিস আদেশে আরও উল্লেখ করা হয়েছে, অ্যাডহক কমিটির মেয়াদকালেই নিয়ম অনুযায়ী পূর্ণাঙ্গ গভর্নিং বডি গঠনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে গভর্নিং বডি গঠন না হলে মেয়াদ শেষে অ্যাডহক কমিটি স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত বলে গণ্য হবে।

নতুন কমিটি অনুমোদনের খবরে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সচেতন মহলের মাঝে স্বস্তি ফিরে এসেছে। সংশ্লিষ্টরা আশা করছেন, নবগঠিত কমিটির নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রমে আরও গতিশীলতা, শৃঙ্খলা ও শিক্ষার মানোন্নয়ন নিশ্চিত হবে।