Home Blog Page 19

হজের মূল কার্যক্রম শুরু, লাব্বাইক ধ্বনিতে মুখর আরাফাতের ময়দান

0

আধুনিক ডেস্ক ::

পবিত্র হজের মূল কার্যক্রম শুরু হয়েছে সৌদি আরবের আরাফাতের ময়দানে লাখো মুসল্লির সমবেত হওয়ার মধ্য দিয়ে। মঙ্গলবার (সৌদি আরবে ৯ জিলহজ) ফজরের নামাজের পূর্বেই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা ১৬ লাখের বেশি হজযাত্রী আরাফাতের ময়দানে অবস্থান নিয়েছেন। তাদের কণ্ঠে উচ্চারিত ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর হয়ে উঠেছে সমগ্র আরাফাত প্রান্তর। ভোর থেকেই হাজিরারা ইবাদত, কোরআন তিলাওয়াত, জিকির ও দোয়ায় মগ্ন রয়েছেন। ইসলামী শরিয়ত অনুযায়ী, আরাফাতে অবস্থান হজের অন্যতম প্রধান ফরজ এবং হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষঙ্গ।

এর আগে সোমবার মিনায় অবস্থানের মধ্য দিয়ে হজের আনুষ্ঠানিকতা শুরু হয়। মঙ্গলবার ফজরের নামাজের পর হাজিরারা মিনার তাঁবু নগরী থেকে আরাফাতের উদ্দেশ্যে রওনা হন। মঙ্গলবার মসজিদে নামিরা থেকে হজের খুতবা প্রদান করবেন মসজিদে নববির প্রবীণ ইমাম ও খতিব শায়খ আলী বিন আবদুর রহমান আল-হুজাইফি। খুতবার পর হাজিরারা একসঙ্গে জোহর ও আসরের নামাজ আদায় করবেন।

সূর্যাস্তের পর হজযাত্রীরা মুজদালিফায় গমন করবেন। সেখানে খোলা আকাশের নিচে রাতযাপনের পর মিনায় ফিরে শয়তানকে পাথর নিক্ষেপ, পশু কোরবানি ও কাবা শরিফে তাওয়াফসহ হজের বাকি আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন। সৌদি হজ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১৫ লাখের বেশি নিবন্ধিত হজযাত্রী পবিত্র হজ পালনে অংশ নিয়েছেন। বাংলাদেশ থেকে গেছেন প্রায় ৭৮ হাজার ৫০০ হজযাত্রী। এছাড়া সৌদি আরবের অভ্যন্তরীণ হাজিদের অংশগ্রহণে আরাফাতে উপস্থিত মুসল্লির সংখ্যা ১৬ লাখ ছাড়িয়েছে। মক্কা থেকে প্রায় ২০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত ঐতিহাসিক আরাফাতের ময়দান জাবালে রহমত বা ‘রহমতের পাহাড়’কে কেন্দ্র করে বিস্তৃত। ৬৩২ খ্রিস্টাব্দে বিদায় হজে মহানবী হজরত মুহাম্মদ (সা.) এই প্রান্তরেই তার ঐতিহাসিক ভাষণ প্রদান করেছিলেন।

‎শাবিপ্রবির নবনিযুক্ত উপাচার্যের সাথে ‘সাস্টিয়ান ক্লাব’-এর মতবিনিময় ও ফুলেল শুভেচ্ছা‎

0

‎শাবিপ্রবি প্রতিনিধি:‎‎

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলামের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় ও এক মতবিনিময় সভা করেছে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘সাস্টিয়ান ক্লাব’।‎‎

সোমবার (২৫ মে) বিকেলে উপাচার্যের কনফারেন্স রুমে এই সৌজন্য সাক্ষাৎ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা এবং শিক্ষার্থীদের সার্বিক উন্নয়ন নিয়ে ফলপ্রসূ আলোচনা করা হয়।‎‎

মতবিনিময় সভায় সাস্টিয়ান ক্লাবের নেতৃবৃন্দ নবনিযুক্ত উপাচার্যকে আন্তরিক অভিনন্দন জানান এবং তাঁর যোগ্য নেতৃত্বে শাবিপ্রবি আরও এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন। বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সাস্টিয়ান ক্লাব ও প্রাক্তন শিক্ষার্থীদের (অ্যালামনাই) পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন তারা।‎‎

নেতৃবৃন্দ জোর দিয়ে বলেন, নিজ বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটরা যেন যোগ্যতা ও মেধার ভিত্তিতে মূল্যায়িত হয় এবং বিভিন্ন ক্ষেত্রে কাজের সুযোগ পান। এছাড়া বিশ্ববিদ্যালয়ের যেকোনো ইতিবাচক কর্মকাণ্ডে উৎসাহ প্রদান এবং গঠনমূলক সমালোচনার মাধ্যমে প্রশাসনের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

‎‎সকলের সহযোগিতা কামনা করে উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, “সরকার আমাকে এখানে পাঠিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী ভালো কাজ করছেন, আমিও তাঁর নির্দেশনা অনুসরণ করে কাজ করতে চাই। আমার মূল লক্ষ্য শিক্ষার্থীদের জন্য কাজ করা। শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষার্থীদের জন্য উন্নত খাবার ও সুন্দর পরিবেশ নিশ্চিত করতে আমি বদ্ধপরিকর।”‎‎

শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে উপাচার্য আরও বলেন, “শিক্ষকদের প্রতি অনুরোধ থাকবে যেন তারা নিয়মিত ক্লাস নেন এবং পরীক্ষা শেষে দ্রুত ফলাফল প্রকাশ নিশ্চিত করেন। সাস্টিয়ান ক্লাব, অ্যালামনাইসহ সবার সম্মিলিত সহযোগিতায় আমরা এই বিশ্ববিদ্যালয়কে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাব।”‎‎

মতবিনিময় সভায় সাস্টিয়ান ক্লাবের পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মখদ্দুছ আলী, সাধারণ সম্পাদক মখলিছুর রহমান পারভেজসহ ক্লাবের অন্যান্য কার্যনির্বাহী সদস্যবৃন্দ।‎

‎শাবিপ্রবিতে নিরাপত্তা কর্মীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় সভা অনুষ্ঠিত

0

‎শাবিপ্রবি প্রতিনিধি:‎‎

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও কর্মপরিবেশ উন্নয়নের লক্ষ্যে নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলামের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা প্রহরীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।‎‎

সোমবার (২৫ মে) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।‎‎

মতবিনিময় সভায় নিরাপত্তা প্রহরীরা ক্যাম্পাস ও আবাসিক এলাকায় দায়িত্ব পালনের বাস্তব অভিজ্ঞতা, বর্তমান নিরাপত্তা পরিস্থিতি এবং ডিউটি রোস্টারসহ তাদের বিভিন্ন সুযোগ-সুবিধা ও পেশাগত সমস্যার কথা উপাচার্যের সামনে তুলে ধরেন।‎‎

নিরাপত্তা কর্মীদের বক্তব্য মনোযোগ সহকারে শুনে উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম বলেন, “শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ ও সুষ্ঠু শিক্ষাবৈনিক পরিবেশ নিশ্চিত করতে নিরাপত্তা প্রহরীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্যাম্পাসকে বহিরাগত ও অপ্রীতিকর ঘটনা থেকে মুক্ত রাখতে আপনাদের সর্বদা সতর্ক থাকতে হবে।” তিনি এ সময় সকলকে দায়িত্ব পালনে সততা, আন্তরিকতা ও পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানান।

‎‎তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থাকে যুগোপযোগী, আধুনিক ও কার্যকর করতে বর্তমান প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ ক্ষেত্রে নিরাপত্তা কর্মীদের দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য।” একই সঙ্গে তিনি কর্মীদের বেতন বৃদ্ধিসহ অন্যান্য যৌক্তিক দাবিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়নের আশ্বাস দেন।‎‎

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. মোখলেসুর রহমান,  ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির, সহকারী প্রক্টর অধ্যাপক মো. বেলাল হোসাইন শিকদার এবং নিরাপত্তা শাখার প্রধান (অতিরিক্ত রেজিস্ট্রার) ফয়সল আহমদ। সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিফটে কর্মরত নিরাপত্তা প্রহরীরাও অংশ নেন।‎

শাবিপ্রবির নবনিযুক্ত উপাচার্যকে শিক্ষক সমিতির ফুলেল শুভেচ্ছা

0

শাবিপ্রবি প্রতিনিধি:

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি।

সোমবার (২৫ মে) দুপুর ১টায় উপাচার্যের কার্যালয়ে শিক্ষক সমিতির পক্ষ থেকে এই আন্তরিক অভ্যর্থনা ও সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় শিক্ষক সমিতির নেতৃবৃন্দ নবনিযুক্ত উপাচার্যকে ফুল দিয়ে বরণ করে নেন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার সার্বিক মানোন্নয়নে একসঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

পাল্টা সৌজন্যতায় উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলামও বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক অগ্রযাত্রায় শিক্ষক সমাজের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

শুভেচ্ছা বিনিময়কালে শিক্ষক সমিতির পক্ষে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আলমগীর কবির, যুগ্ম-সম্পাদক সহকারী অধ্যাপক এস এম সাইদুর রহমান এবং কার্যনির্বাহী সদস্য অধ্যাপক ড. মো. মাহবুবুল হাকিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

নিয়োগের ২৪ ঘণ্টার মধ্যেই শাবিপ্রবির আবাসিক হল পরিদর্শনে নতুন উপাচার্য

0

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম দায়িত্ব গ্রহণের ২৪ ঘণ্টার মধ্যেই বিশ্ববিদ্যালয়ের ছয়টি আবাসিক হল পরিদর্শন করেছেন।

রবিবার (২৪ মে) বেলা ১২টায় তিনি হলসমূহ পরিদর্শনে যান। তিনি একে একে ছাত্রীদের জন্য নির্ধারিত আয়েশা সিদ্দিকা হল, বেগম সিরাজুন্নেসা চৌধুরী হল, ফাতিমা তুজ জাহরা হল এবং ছাত্রদের শাহপরান হল, বিজয় ২৪ হল ও সৈয়দ মুজতবা আলী হল পরিদর্শন করেন।

হল পরিদর্শনকালে শিক্ষার্থীবান্ধব ও জবাবদিহিমূলক প্রশাসনের ওপর বিশেষ গুরুত্বারোপ করে তিনি বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অত্যন্ত বিনয়ী ও দায়িত্বশীল হতে হবে। বিশেষ করে আর্থিক বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে।”

হল প্রশাসন ও কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম বলেন, “সবাইকে মন থেকে নিজের দায়িত্ব পালন করতে হবে। কর্মচারীদের কাজের গতি ও উৎসাহ বাড়াতে আমরা ‘বেস্ট স্টাফ’ পুরস্কার বা স্বীকৃতি চালু করার পরিকল্পনা করছি। যখন সবাই নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করবেন, তখনই হলের সার্বিক পরিবেশ উন্নত হবে।”

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, “তোমাদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করাই আমাদের প্রধান কাজ। কারণ শিক্ষার্থীদের জন্যই আমরা। আমরা চেষ্টা করব শিক্ষার্থীদের সব ধরণের সমস্যা দূর করতে। আমরা তোমাদের জন্য আমাদের সেরাটা দিতে চাই। তিনি দৃঢ়তার সাথে বলেন, যতক্ষণ আমার শিক্ষার্থীরা সন্তুষ্ট থাকবে, ততক্ষণ আমি কোনো বাধা বা প্রতিকূলতার পরোয়া করি না।”

শিক্ষার্থীদের সাথে সরাসরি যোগাযোগের ওপর গুরুত্ব দিয়ে তিনি আরও বলেন,” শিক্ষার্থীদের সমস্যাগুলো সরাসরি ভাইস চ্যান্সেলরকে জানানোর জন্য আমি একটি নির্দিষ্ট ‘ভিজিটিং আওয়ার’ বা সাক্ষাতের সময় চালু করব। এছাড়া আমি যেকোনো সময় আকস্মিকভাবে তোমাদের রুমে চলে আসতে পারি। আমি রুমগুলো সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন দেখতে চাই। যাদের রুম সবচেয়ে বেশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, তাদের পুরস্কৃত করা হবে। বিশ্ববিদ্যালয়ের এই সুন্দর পরিবেশ বজায় রাখতে আমি তোমাদের পূর্ণ সহযোগিতা কামনা করছি।”

হলগুলোতে পরিষ্কার-পরিচ্ছন্নতা, খাবারের মান ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন কাজ করে যাচ্ছে উল্লেখ করে তিনি ঘোষণা দেন , আসন্ন ঈদ উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে হলের শিক্ষার্থীদের জন্য বিশেষ ও উন্নত মানের খাবারের ব্যবস্থা করা হবে।

হলসমূহ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, পরিবহন প্রশাসক অধ্যাপক আ ফ ম জাকারিয়া, প্রভোস্ট অধ্যাপক ড. ইফতেখার আহমদ, প্রভোস্ট অধ্যাপক ড. সাবিহা আফরিন, প্রভোস্ট অধ্যাপক ড. ইসমত আরা, ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. জিএম রবিউল ইসলাম, সহকারী প্রভোস্ট অধ্যাপক ড. সৈয়দ মিসবাহ উদ্দিন, সহকারী প্রভোস্ট অধ্যাপক ড. ফাহমিদা আক্তার, সহকারী প্রক্টর অধ্যাপক মো. বেলাল হোসাইন শিকদার এবং রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির।

ভাটরাই উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজে নতুন অ্যাডহক কমিটি অনুমোদন

0

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ভাটরাই উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের চার সদস্যবিশিষ্ট নতুন অ্যাডহক কমিটি অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেট। এতে সভাপতি মনোনীত হয়েছেন পূর্ব ইসলামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফখরুল আলম এবং অভিভাবক প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেয়েছেন কোম্পানীগঞ্জ উপজেলা তাঁতিদলের যুগ্ম আহবায়ক সুজন মাহমুদ এমরান।

গত মঙ্গলবার (১৯ মে) সিলেট শিক্ষা বোর্ডের কলেজ শাখা থেকে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়। কলেজ পরিদর্শক শেখ মোহাম্মদ নজরুল ইসলামের সাক্ষরিত ওই চিঠিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

অনুমোদনপত্র সূত্রে জানা যায়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেট নিয়ন্ত্রণ, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা-২০২৪ এর ধারা ৬৪ অনুযায়ী এ অ্যাডহক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত কমিটির মেয়াদ আগামী ৬ মাস নির্ধারণ করা হয়েছে।

কমিটিতে শিক্ষক প্রতিনিধি হিসেবে মনোনীত হয়েছেন সিনিয়র শিক্ষক মোহাম্মদ ইসমাইল হোসেন। এছাড়া প্রতিষ্ঠান প্রধান পদাধিকারবলে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন কলেজের অধ্যক্ষ নজীর আহাম্মদ।

অফিস আদেশে আরও উল্লেখ করা হয়েছে, অ্যাডহক কমিটির মেয়াদকালেই নিয়ম অনুযায়ী পূর্ণাঙ্গ গভর্নিং বডি গঠনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে গভর্নিং বডি গঠন না হলে মেয়াদ শেষে অ্যাডহক কমিটি স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত বলে গণ্য হবে।

নতুন কমিটি অনুমোদনের খবরে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সচেতন মহলের মাঝে স্বস্তি ফিরে এসেছে। সংশ্লিষ্টরা আশা করছেন, নবগঠিত কমিটির নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রমে আরও গতিশীলতা, শৃঙ্খলা ও শিক্ষার মানোন্নয়ন নিশ্চিত হবে।

সিলেটের জৈন্তাপুরে খেলতে গিয়ে খালের পানিতে ডুবে চাচাতো ভাই-বোনের মৃত্যু

0

জৈন্তাপুর পুতিনিধি ::

সিলেটের জৈন্তাপুরে খেলতে গিয়ে খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা ২টার দিকে উপজেলার ফতেহপুর ইউনিয়নের শিকারখাঁ গ্রামের রাহুর খালে মর্মান্তিক এ ঘটনা ঘটে। মারা যাওয়া শিশুরা হলো- ওই গ্রামের সালেহ আহমদের ছেলে মুন্না (৭) ও কবির আহমদের মেয়ে রাফা (৬)। তারা চাচাতো ভাই-বোন।

স্থানীয় সূত্র জানায়, মুন্না ও রাফা বাড়ির পাশে খালের কাছে খেলা করছিল। অসাবধানতাবশত তারা খালের পানিতে পড়ে যায়। খোঁজাখুঁজির একপর্যায়ে পরিবারের সদস্যরা তাদেরকে খাল থেকে উদ্ধার করে সিলেট নগরীর একটি হাসপাতালে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

সিলেটের কিন ব্রিজ এলাকায় মাদকসেবীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত

0

আধুনিক রিপোর্ট ::

সিলেট নগরের কিন ব্রিজ এলাকায় মাদকসেবীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত হয়েছেন। শুক্রবার (২২ মে) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত র‌্যাব সদস্যের নাম ইমন আচার্য (বিপি- ৯৮১৮২১৯২০৫)। সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মুখপাত্র অতিরিক্ত উপ-কমিশনার মো. মনজুরুল আলম আধুনিক কাগজকে বিষয়টি নিশ্চিত করেন। হামলাকারীকে ছুরিসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে কিনব্রিজ এলাকায় একদল যুবক মাদক সেবন করছিল। এ সময় পুলিশ তাদের ধাওয়া করলে মাদ্রকসেবীরা দৌড়ে পালাতে থাকে। পালানোর সময় সাদা পোশাকে দায়িত্বরত র‌্যাব-৯ এর সদস্যরা তাদের পথরোধ করে। এসময় মাদকসেবীরা র‌্যাব সদস্যদের ওপর হামলা চালায়। মাদকসেবীদের একজনের ছুরিকাঘাতে ইমন আচার্য গুরুতর আহত হন। দ্রুত তাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে তার মৃত্যু হয়।

থমাস ডুলি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন কোচ

0

আধুনিক স্পোর্টস ::

অবশেষে অবসান হলো সব জল্পনা-কল্পনার। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন থমাস ডুলি। শুক্রবার সকালে বাফুফে তাদের অফিশিয়াল ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ খবর জানায়। ‎বাংলাদেশ দলের ডাগআউট সামলানোর দায়িত্ব নিয়ে ৬৫ বছর বয়সী এই জার্মান বংশোদ্ভূত কোচ আজ সকালেই ঢাকায় পা রেখেছেন। সবকিছু ঠিকঠাক থাকলে, রোববার থেকে বাংলাদেশ দলের ক্যাম্পে দেখা যাবে ডুলিকে।

‎জন্মসূত্রে জার্মান হলেও সাবেক ডিফেন্সিভ মিডফিল্ডার টমাস ডুলির খেলোয়াড়ি জীবন কেটেছে যুক্তরাষ্ট্রের জার্সিতে। যুক্তরাষ্ট্রের হয়ে সাত বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ৮১ ম্যাচ খেলেন এবং গোল ৭টি। ‎‎১৯৯৪ সালে যুক্তরাষ্ট্রের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপে স্বাগতিক দলের হয়ে চারটি ম্যাচেই খেলেন ডুলি। চার বছর পর ১৯৯৮ বিশ্বকাপেও যুক্তরাষ্ট্রের অধিনায়ক হিসেবে সব ম্যাচ খেলেন।

ক্লাব ফুটবলেও তাঁর প্রোফাইল বেশ ভারী। বায়ার লেভারকুসেন ও শালকের মতো জার্মান ক্লাবে খেলেছেন, যার মধ্যে শালকের হয়ে উয়েফা কাপও (বর্তমানে ইউরোপা লিগ) জেতেন ১৯৯৭ সালে। এ ছাড়া এফসি কাইজারস্লাটার্নের হয়ে ১৯৯০–৯১ মৌসুমে জেতেন বুন্দেসলিগা শিরোপাও। খেলোয়াড় হিসেবে সাফল্য পাওয়ার পাশাপাশি কোচ হিসেবেও ডুলির অভিজ্ঞতা বেশ সমৃদ্ধ। ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র জাতীয় দলের প্রধান কোচ ইয়ুর্গেন ক্লিন্সম্যানের সহকারী হিসেবে কাজ করেছেন। এরপর ফিলিপাইন কোচের দায়িত্ব পালন করেন। ‎ফুটবলে অভিজ্ঞতা বাড়াতে ডুলি কাজ করেছেন ভিয়েতনামের ভি-লিগের ক্লাব ‘ভিয়েতেল’-এর স্পোর্টিং ডিরেক্টর হিসেবেও। ২০২২ সালে সংক্ষিপ্ত সময়ের জন্য আবারও ফিলিপাইনের ডাগআউটে ফেরেন তিনি। বাংলাদেশের দায়িত্ব নেওয়ার আগে ডুলি গায়ানা জাতীয় দলের দায়িত্বে ছিলেন।

‎ডুলির অধীনে বাংলাদেশ দলের প্রথম মিশন শুরু হতে যাচ্ছে আগামী ৫ জুন। সান মারিনোর বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে দেশটিতে উড়াল দেবে বাংলাদেশ দল।

বাবা যখন ফজরের নামাজে, মা ‘হত্যা করলেন’ দেড় বছরের শিশুকন্যাকে

0

আধুনিক রিপোর্ট ::
সিলেটে এক মায়ের বিরুদ্ধে তার দেড় বছরের শিশুকন্যাকে গলা কেটে হত্যার অভিযোগ পাওয়া গেছে। সিলেট মেট্রোপলিট পুলিশের জালালাবাদ থানাধীন কালারুকা এলাকায় এ ঘটনা ঘটে। শুক্রবার (২২ মে) ভোরে যখন ঘটনাটি ঘটে শিশুটির বাবা আমির আলী তখর ফজরের নামাজ পড়তে মসজিদে ছিলেন। খবর পেয়ে পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। নিহত শিশটির নাম মাইমুনা জান্নাত তোহা, বয়স ১ বছর ৮ মাস। এ ঘটনার পরপরই পুলিশ শিশুটির সুবিনা বেগমকে (২৫) আটক করেছে।

পুলিশ জানায়, ভোর পাঁচটার দিকে আমীর আলী মসজিদে নামাজে ছিলেন। এই সময় মা বটি দা দিয়ে গলা কেটে শিশুটিকে হত্যা করেন। পরে সুবিনা বেগমকে আটক করে পুলিশ। পরিবারের দাবি সুবিনা বেগম মানসিকভাবে ভারসাম্যহীন।