Home Blog Page 20

১ জুলাই থেকে সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনকাঠামো বাস্তবায়ন শুরু

0

আধুনিক ডেস্ক ::

আগামী ১ জুলাই থেকে সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনকাঠামো বাস্তবায়ন শুরু হচ্ছে। নতুন বেতনকাঠামো বাস্তবায়নে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বাধীন কমিটির সুপারিশই আমলে নিচ্ছে বর্তমান সরকার। কমিটির সুপারিশ হচ্ছে, তিন অর্থবছরে তিন ধাপে নতুন বেতনকাঠামো বাস্তবায়ন করা। প্রথম দুই অর্থবছরে দেওয়া হবে ৫০ শতাংশ করে মূল বেতন। আর তৃতীয় অর্থবছরে দেওয়া হবে ভাতা। প্রধানমন্ত্রী তারেক রহমান এতে নীতিগত সম্মতি দিয়েছেন।

অর্থাৎ একজন সরকারি কর্মকর্তা এখন মূল বেতন পান ৫০ হাজার টাকা। নতুন বেতনকাঠামোতে জুলাই মাসে তাঁর মূল বেতন হবে ১ লাখ টাকা। কিন্তু তিনি আগামী জুলাই মাসেই মূল বেতনের পুরো অংশ পাবেন না। নতুন বেতনকাঠামোতে বর্তমান মূল বেতন থেকে যতটুকু বাড়ল, এর ৫০ শতাংশ পরিমাণ টাকা পাবেন তিনি। এর মানে, ওই কর্মকর্তা জুলাই মাস থেকে মূল বেতন হিসেবে ৭৫ হাজার টাকা পাবেন। বাকি ভাতা ও অন্যান্য সুবিধা আগের মতোই পাবেন।
দ্বিতীয় বছরের জুলাই মাসে নতুন বেতনকাঠামোর পুরো মূল বেতন অর্থাৎ ১ লাখ টাকা পাবেন। অন্যান্য সুবিধা আগের হিসাবেই পাবেন। এরপর তৃতীয় বছরের জুলাই মাসে গিয়ে ওই সরকারি কর্মকর্তা এক লাখ মূল বেতনের পাশাপাশি নতুন বেতনকাঠামো অনুসারে বাড়িভাড়াসহ অন্যান্য ভাতা ও সুবিধা পেতে শুরু করবেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সচিবালয়ে গত বুধবার ও বৃহস্পতিবার আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেট–সংক্রান্ত দুটি বৈঠক অনুষ্ঠিত হয়। এতে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান, অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদার, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান প্রমুখ এ দুই বৈঠকে উপস্থিত ছিলেন। উভয় বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রধানমন্ত্রীর কাছ থেকে ইতিবাচক ইঙ্গিত পাওয়ার পর আগামী ২১ মে বৃহস্পতিবার আবার বৈঠক ডেকেছে নতুন বেতনকাঠামো বাস্তবায়নে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বাধীন কমিটি। সূত্রগুলো জানায়, এ বৈঠক থেকেই চূড়ান্ত আসবে।

অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত সাবেক অন্তর্বর্তী সরকারের সময় সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনকাঠামো তৈরির জন্য বেতন কমিশন গঠন করা হয়। সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন ২৩ সদস্যের বেতন কমিশন গত ২১ জানুয়ারি তৎকালীন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে বেতন-ভাতা বৃদ্ধির সুপারিশ–সংবলিত কমিশনের প্রতিবেদন জমা দেয়। ফেব্রুয়ারিতে বিএনপি সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার দুই মাস পর নতুন বেতনকাঠামো বাস্তবায়নে গত ২৩ এপ্রিল মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। এ কমিটি তিন ধাপে বেতনকাঠামো বাস্তবায়নের সুপারিশ করে।

সিলেটের গোয়াইনঘাটের সোনারহাট সীমান্তে বিএসএফের গুলির জবাবে বিজিবির পাল্টা গুলি

0

আধুনিক ডেস্ক ::

সিলেটের গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলির জবাবে পাল্টা গুলিবর্ষণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১৮ মে) বিকেলে বিজিবির সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) আওতাধীন সোনারহাট সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ গুলি ছোড়ে। এর কড়া প্রতিক্রিয়া হিসেবে বিজিবি তাৎক্ষণিকভাবে পাল্টা গুলিবর্ষণ করে। বিজিবির তাৎক্ষণিক ও কঠোর প্রতিক্রিয়ায় পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। মঙ্গলবার (১৯ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন ৪৮ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক।

বিজ্ঞপ্তিতে জানায়, তাদের দৃঢ় ও পেশাদার পদক্ষেপের ফলে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে এবং বর্তমানে সীমান্ত পরিস্থিতি শান্ত ও স্থিতিশীল রয়েছে। ঘটনার পরপরই সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিজিবি আরও জানিয়েছে, সীমান্তে যেকোনো উসকানিমূলক ও অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় বাহিনীটি সর্বোচ্চ পেশাদারিত্ব ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি ও সীমান্তবর্তী জনসাধারণকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম এবং সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অননুমোদিত কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সতর্ক ও সচেতন করা হচ্ছে।

বাংলাদেশ থেকে ৬ হাজার ট্যাক্সি ড্রাইভার নেবে আরব আমিরাত

0

আধুনিক ডেস্ক ::

চলতি বছর বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নিয়োগ দিতে আগ্রহ প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইভিত্তিক একটি ট্যাক্সি কোম্পানি। রোববার (১৭ মে) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী-এর সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে কোম্পানিটির প্রতিনিধিদল এ আগ্রহের কথা জানায়।

প্রতিনিধিরা জানান, বর্তমানে বিশ্বের ২৭টি দেশের প্রায় ১৫ হাজার কর্মী তাদের প্রতিষ্ঠানে কাজ করছেন। এর মধ্যে প্রায় ৮ হাজারই বাংলাদেশি। বাংলাদেশি কর্মীদের পরিশ্রম ও দক্ষতার কারণে তাদের অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়। দুবাই বিমানবন্দরেও বাংলাদেশি নারীরা সফলভাবে ড্রাইভিং পেশায় কাজ করছেন বলেও জানান তারা।

প্রতিনিধি দল আরও জানায়, সোমবার (১৮ মে) থেকে বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য বাংলাদেশি ড্রাইভার বাছাই কার্যক্রম শুরু হবে। এ দফায় নতুন করে আরও ১ হাজার ৫০০ চালকসহ চলতি বছর মোট ৬ হাজার ড্রাইভার নিয়োগ দিতে চায় প্রতিষ্ঠানটি।

এ সময় প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, ভবিষ্যতেও বাংলাদেশি কর্মী নিয়োগের এ ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদী। পুরো প্রক্রিয়ায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হবে বলেও জানান তিনি।

মন্ত্রী দুবাইয়ে যাওয়ার পর প্রশিক্ষণকালীন সময়ে কর্মীদের বেতন-ভাতার ব্যবস্থা করতে প্রতিষ্ঠানটির প্রতি আহ্বান জানান। পাশাপাশি চালকদের পাশাপাশি বাংলাদেশ থেকে ডাক্তার, নার্সসহ বিভিন্ন পেশাজীবী কর্মী নিয়োগেরও অনুরোধ করেন তিনি।

সভায় উপস্থিত প্রতিমন্ত্রী মো. নুরুল হক বলেন, একজন বাংলাদেশি ড্রাইভারের দুবাই যেতে বর্তমানে অনেক অর্থ ব্যয় হয়। অধিকাংশ কর্মী দরিদ্র ও শ্রমজীবী হওয়ায় ঋণ নিয়ে বিদেশে যাওয়ার খরচ জোগাড় করতে হয় তাদের।

এ কারণে অভিবাসন ব্যয় কমিয়ে এক লাখ টাকার মধ্যে রাখার জন্য সংশ্লিষ্টদের প্রতি বিশেষ অনুরোধ জানান প্রতিমন্ত্রী।

সিলেটে উদ্বোধন হলো আন্তর্জাতিক শিক্ষা পরামর্শক প্রতিষ্ঠান ‘গ্লোবাল এডুব্রিজ’

0

সিলেটে আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো আন্তর্জাতিক শিক্ষা পরামর্শক প্রতিষ্ঠান গ্লোবাল এডুব্রিজ। শুক্রবার (১৬ মে) নগরীর আম্বরখানাস্থ সেঞ্চুরি শপিং সেন্টারে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
“Bridging Futures. Building Success” (ব্রিজিং ফিউচার্স। বিল্ডিং সাকসেস) প্রতিপাদ্যকে সামনে রেখে যাত্রা শুরু করা এই প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের আন্তর্জাতিক উচ্চশিক্ষার সুযোগ সহজ ও সঠিকভাবে পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করবে বলে জানিয়েছেন আয়োজকরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমানে আন্তর্জাতিক শিক্ষা শুধু একটি ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি জ্ঞান, দক্ষতা, সংস্কৃতি ও বৈশ্বিক যোগাযোগের নতুন দিগন্ত উন্মোচন করে। বাংলাদেশের শিক্ষার্থীরা বিশ্বের বিভিন্ন দেশে নিজেদের মেধা ও যোগ্যতার স্বাক্ষর রাখছে। সেই সম্ভাবনাকে আরও সুসংগঠিত ও কার্যকর দিকনির্দেশনা দিতেই গ্লোবাল এডুব্রিজ এর যাত্রা।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, যুক্তরাজ্যের ৫০টিরও বেশি বিশ্ববিদ্যালয়সহ আয়ারল্যান্ড, মাল্টা, গ্রীস, সাইপ্রাস, হাঙ্গেরি ও ডেনমার্কসহ ইউরোপের ৪০টিরও বেশি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ নিয়ে কাজ করবে তারা। পাশাপাশি নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া ও দক্ষিণ কোরিয়ার স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোতেও ভর্তি সহায়তা প্রদান করা হবে।

এছাড়াও বিশ্ববিদ্যালয় নির্বাচন, ভর্তি প্রক্রিয়া, ভিসা সহায়তা, স্কলারশিপ, ক্যারিয়ার কাউন্সেলিং ও ভবিষ্যৎ পরিকল্পনায় শিক্ষার্থীদের পেশাদার সহায়তা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

আয়োজকরা আরও জানান, গ্লোবাল এডুব্রিজ, একটি ইউকে-ভিত্তিক আন্তর্জাতিক শিক্ষা পরামর্শক প্রতিষ্ঠান। যুক্তরাজ্যে দীর্ঘদিনের অভিজ্ঞতাসম্পন্ন দক্ষ ও পেশাদার কনসালটেন্টদের সমন্বয়ে এর কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং মূলত যুক্তরাজ্য থেকেই প্রতিষ্ঠানটির সার্বিক তদারকি করা হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ মঈন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দীন, দৈনিক যুগভেরীর ভারপ্রাপ্ত সম্পাদক অপূর্ব শর্মা।

এছাড়াও উপস্থিত ছিলেন, সিলেটের কর আইনজীবী সানাউল্লাহ, সেঞ্চুরি শপিং সেন্টারের স্বত্বাধিকারী সাফওয়ান বক্স খান, মার্কেট পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাকিম।

পরিচালকবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সাংবাদিক ও লেখক মোঃ দেলওয়ার হোসেন (পাপ্পু), গোপাল বাহাদুর, মোঃ নিজাম উদ্দিন, সাদ উদ্দিন জাবেদ ও রবি বাহাদুর। এছাড়া ইউকে’তে রয়েছেন প্রতিষ্ঠানটির সিইও শাহ এম লাবু ও ডিরেক্টর মোহাম্মদ শাহজাহান।

অনুষ্ঠানে সাংবাদিক, শিক্ষাবিদ, সুধীজন, শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতি আয়োজনকে প্রাণবন্ত করে তোলে। বক্তারা আশা প্রকাশ করেন গ্লোবাল এডুব্রিজ-ভবিষ্যতে দেশের শিক্ষার্থীদের জন্য একটি নির্ভরযোগ্য ও বিশ্বস্ত আন্তর্জাতিক শিক্ষা সহায়ক প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হবে।

হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, দুজনই সিলেটের

0

আধুনিক ডেস্ক ::

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা) দেশে আরও দুই শিশু মারা গেছে। আর এ সময়ে ৯৬১ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। হামে আক্রান্ত হয়েছে ১০৮ শিশু। মোট ১ হাজার ৬৯ শিশু হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, হামের উপসর্গে দুই শিশু সিলেটে মারা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ৩৭৯ শিশুর মৃত্যুর তথ্য জানা গেছে। এ সময়ে হাম শনাক্তের পর মারা গেছে ৭৪ শিশু। হাম ও হামের উপসর্গে মোট ৪৫৩ শিশু মারা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ৫৬ হাজার ৫৭২ শিশুর। এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪১ হাজার ২৮ শিশু। তবে এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৩৬ হাজার ৬৪৫ শিশু বাড়ি ফিরেছে।

১৫ মার্চ থেকে দেশে ৭ হাজার ৫২৪ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে বলেও উল্লেখ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

হাম ও হামের উপসর্গে আরও ১২ শিশুর মৃত্যু

0

আধুনিক ডেস্ক ::

হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা) দেশে আরও ১২ শিশু মারা গেছে। এর মধ্যে চার শিশুর হাম শনাক্ত হয়েছিল। হামের উপসর্গ ছিল ৮ শিশুর। এ সময়ে সারা দেশে আরও ১ হাজার ১৯২ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১১১ শিশুর শরীরে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

হাম শনাক্ত হয়ে মারা যাওয়া চার শিশুর দুজন ঢাকা বিভাগের আর একজন করে রয়েছে চট্টগ্রাম ও বরিশাল বিভাগে। হামের উপসর্গ নিয়ে মাা যাওয়া আট শিশুর তিনজন ঢাকা বিভাগের, তিনজন চট্টগ্রাম বিভাগের আর একজন করে রয়েছে ময়মনসিংহ ও সিলেট বিভাগে।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ৩৭৭ শিশুর মৃত্যুর তথ্য জানা গেছে। এ সময়ে হাম শনাক্তের পর মারা গেছে ৭৪ শিশু। মোট ৪৫১ শিশুর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ৫৫ হাজার ৬১১ শিশুর। এ সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪০ হাজার ১৭৬ শিশু। তবে এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়িতে ফিরেছে ৩৬ হাজার ৫৫ শিশু।

গত ১৫ মার্চ থেকে দেশে ৭ হাজার ৪১৬ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে বলেও উল্লেখ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের সঙ্গে জ্বালানি চুক্তি সই করল বাংলাদেশ

0

আধুনিক ডেস্ক ::

জ্বালানি খাতে কৌশলগত সহযোগিতা জোরদারে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে। বৃহস্পতিবার (১৪ মে) ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রণালয়ে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও যুক্তরাষ্ট্রের পক্ষে জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট এতে স্বাক্ষর করেন। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশ তাদের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ক্রমবর্ধমান চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। এ সময়ে এই চুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দূতাবাস জানিয়েছে, এই সমঝোতা স্মারক বাংলাদেশের দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা জোরদারে সহায়তা করবে। এটি সাশ্রয়ী মূল্য ও সাপ্লাই চেইনের টেকসইতার ভিত্তিতে জ্বালানি উৎস বহুমুখীকরণে সহায়তা করবে এবং দুই দেশের মধ্যে বৃহত্তর জ্বালানি সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচন করবে।

চুক্তির আওতায় দুই দেশের মধ্যে তেল, গ্যাস, ভূতাপীয় ও জৈবশক্তি বিষয়ে সক্ষমতা বৃদ্ধি, জ্ঞান ও দক্ষতা বিনিময় এবং গবেষণা সহজ হবে। সেই সঙ্গে যুক্তরাষ্ট্র থেকে সাশ্রয়ী মূল্যে এলএনজি, এলপিজি ও অন্যান্য জ্বালানি পণ্য বাংলাদেশের আমদানির ক্ষেত্রে এটা সহায়ক হবে।

অনুষ্ঠানে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এই সমঝোতা স্মারককে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের আরেকটি মাইলফলক হিসেবে অভিহিত করেন। এই উদ্যোগের প্রতি সমর্থনের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। যুক্তরাষ্ট্রের জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট সমঝোতা স্মারককে বাংলাদেশ-মার্কিন সম্পর্কের ক্ষেত্রে একটি ঐতিহাসিক অগ্রগতি হিসেবে উল্লেখ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা এবং যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ প্রতিনিধিরা।

বিছনাকান্দিতে গোসল করতে নেমে নিখোঁজ শাবি শিক্ষার্থী

0

শাবি প্রতিনিধি:

‎‎সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটন কেন্দ্র বিছনাকান্দিতে গোসল করতে নেমে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং (পিএমই) বিভাগের এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। নিখোঁজ শিক্ষার্থীর নাম শান্ত বণিক। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।‎‎

শুকবার (১৫ মে) বিছনাকান্দিতে ব্যাচের সহপাঠীদের সাথে ট্যুরে গিয়ে এই দুর্ঘটনার শিকার হন তিনি। ঘটনার পর দুই ঘণ্টা পেরিয়ে গেলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্ধার অভিযান শুরু হয়নি বলে জানা যায়।

‎‎পিএমই বিভাগের ২০২১-২০২২ সেশনের শিক্ষার্থী সোহেল রানা জানান, “আমরা অন্য একটি স্থানে ছিলাম। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসি। এসে জানতে পারি, শান্তসহ তিনজন একসঙ্গে জিরো পয়েন্ট থেকে একটু সামনে  পানিতে নেমেছিল। বাকি দুজন নিরাপদে তীরে উঠে আসতে পারলেও শান্ত পানির স্রোতে তলিয়ে যায় এবং এখনও নিখোঁজ রয়েছে।”

‎‎সোহেল রানা আরও বলেন, “শান্ত নিখোঁজ হওয়ার পর প্রায় দুই ঘণ্টা পার হয়ে গেছে। কিন্তু এখন পর্যন্ত (প্রতিবেদন লেখা পর্যন্ত) ফায়ার সার্ভিস বা প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়নি। বর্তমানে স্থানীয় ডুবুরিরা নিজ দায়িত্বে তাকে খোঁজার চেষ্টা চালাচ্ছেন।”‎‎

বিছানাকান্দি টুরিস্ট পুলিশের ক্যাম্প ইনচার্জ মো. ফারুক বলেন, বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে আমাদের জানানো হয়। সিলেট থেকে ডুবুরি দল রওনা দিয়েছে। সন্ধ্যা ৬টা ২০ মিনিট পর্যন্ত তারা পৌঁছায়নি। আশা করছি ২০ থেকে ২৫ মিনিটের মধ্যে পৌঁছাবে।

‎‎তিনি আরও বলেন,” ঘটনাস্থলটি ভারত-বাংলাদেশ সীমান্তের নোম্যান্সল্যান্ড সংলগ্ন একটি জলাশয়। স্থানীয়রা নৌকা নিয়ে উদ্ধারের চেষ্টা চালিয়েছেন, তবে সফল হননি। ডুবুরি দল এলে উদ্ধার অভিযান শুরু হবে।”‎‎

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ে প্রক্টর অধ্যাপক মো. মোখলেসুর রহমান বলেন, “আধা ঘণ্টা আগে আমরা জানতে পেরে জেলা পরিষদ থেকে ডুবুরি পাঠানোর চেষ্টা করছি। একই সাথে গোয়াইনঘাটের যে ইউএনও, আমাদের ছাত্র রতন অধিকারীকে রিকোয়েস্ট করেছি স্থানীয় ডুবুরি দিয়ে তাকে উদ্ধারের চেষ্টার করার জন্য। সে তার তৎপরতা চালাচ্ছে।  স্থানীয় প্রশাসন এবং আমাদের জেলা প্রশাসনকে সাথে কাজে করার চেষ্টা করছি।‎‎

শাবির ডিবেটিং সোসাইটি’র ২৬তম কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি সামিন, সাধারণ সম্পাদক মিনহাজ

0

শাবিপ্রবি প্রতিনিধি:

‎শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিতর্ক বিষয়ক সংগঠন ‘শাহজালাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি’র (এসইউডিএস) ২৬তম কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। নতুন এ কমিটিতে সভাপতি পদে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল সামিন ও সাধারণ সম্পাদক পদে পেট্রোলিয়াম ও খনি প্রকৌশল বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মিনহাজ চৌধুরী মনোনীত হয়েছেন।‎‎

বৃহস্পতিবার (১৪ ই মে) সন্ধ্যা ৬টায় শাবিপ্রবির শিক্ষা ভবন বি এর ৩০১ নম্বর রুমে এক অনুষ্ঠানে এ কমিটি ঘোষনা করা হয়।‎‎

এ সময় উপস্থিত ছিলেন এসইউডিএস এর উপদেষ্টা, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক জায়েদা শারমিন এবং এসইউডিএস এর সাবেক নেতৃবৃন্দ।‎‎

মনোনীত অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মুহতাসিম ফিরদৌস মাহিন, যুগ্ম সম্পাদক অং চো ছিন, কোষাধ্যক্ষ শেখ মো. শফিকুর রহমান , সহ-সাধারণ সম্পাদক নাজিফা তাসমিন নাজাহ, বাংলা বিতর্ক সমন্বয়ক সাফওয়ান রশিদ, সহ-বাংলা বিতর্ক সমন্বয়ক ফসিউজ্জামান ফুয়াদ, ইংরেজি বিতর্ক সমন্বয়ক সামানিয়া জান্নাতি , সহ-ইংরেজি বিতর্ক সমন্বয়ক মরিয়ম মেহেরিন আমিরা, সাংগঠনিক সম্পাদক আহমেদ সাদ উল্লাহ, সহ-সাংগঠনিক সম্পাদক মো. লতিফুর রহমান নাইম ও মোহিত দাশ, প্রচার ও আইটি সম্পাদক তাকি তাহমিদ ও রুদ্র মজুমদার, সহ-প্রচার ও আইটি সম্পাদক তাহমিদ আল নাহিয়ান ও আদিব আবরার, এবং কার্যনির্বাহী সদস্য মো. সাজিদ হোসেন, নুজহাত রহমান মাইশা, মো. পারভেজ, শাহরিন সুলতানা, ও মো. মশিউর রহমান সামি।

মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে চাকরিচ্যুত সেনাসদস্য গ্রেপ্তার

0

বড়লেখা প্রতিনিধি ::
মৌলভীবাজারের বড়লেখায় থানা পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী সংগঠন ‘মাকতাবাহ আল হিম্মাহ আদদাওয়াতুল ইসলামিয়াহ-এর সদস্য ও বাংলাদেশ সেনাবাহিনীর চাকরিচ্যুত সদস্য মো. রাহেদ হোসেন মাহেদ (২৩)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ মে) দুপুর আড়াইটার দিকে বড়লেখা উপজেলার দুর্গম বোবারথল ষাইটঘরি এলাকায় অভিযান চালিয়ে একটি টিলা থেকে বড়লেখা থানা পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। পরে রাতেই পুলিশ তাকে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের কাছে হস্তান্তর করেছে।

গ্রেপ্তার মাহেদ সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর গ্রামের নূর মিয়ার ছেলে। পুলিশ জানিয়েছে, মাহেদ বাংলাদেশ সেনাবাহিনীর চাকরিচ্যুত সদস্য। মাহেদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে শাহবাগ থানায় একটি মামলা রয়েছে। মামলাটি কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট তদন্ত করছে।

পুলিশসহ একাধিক গোয়েন্দা সংস্থা জানায়, নিষিদ্ধ ঘোষিত একটি উগ্রবাদী সংগঠনের সদস্যের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর চাকরিচ্যুত সদস্য মাহেদের যোগাযোগের তথ্য পাওয়া গেছে। সম্প্রতি গ্রেপ্তারকৃত নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী সংগঠনের সদস্য ইশতিয়াক আহম্মেদ সামী আবু বক্কর আবু মোহাম্মদের সঙ্গে চাকরিচ্যুত সেনা সদস্য মাহেদের নিয়মিত যোগাযোগের বিষয়ে তথ্য পাওয়া যায়।

এ অবস্থায় গত ২৩ এপ্রিল পুলিশ সদর দপ্তর থেকে পুলিশের বিভিন্ন ইউনিটে পাঠানো একটি চিঠিতে জাতীয় সংসদসহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কা করে সতর্কতামূলক নির্দেশনা জারি করে পুলিশ সদর দপ্তর। দুই পৃষ্ঠার চিঠির উপরিভাগে ‘গোপনীয়’ লেখা থাকলেও এটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

এদিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে মাহেদ বাংলাদেশ-ভারত সীমান্ত অতিক্রম করে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। এরপর তৎপর হয় বড়লেখা থানা পুলিশ। বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে মৌলভীবাজারের পুলিশ সুপার মো. রিয়াজুল ইসলামের নির্দেশে বড়লেখা থানার ওসি মনিরুজ্জামান খানের নেতৃত্বে পুলিশের একটি দল বড়লেখা উপজেলার দুর্গম বোবারথল ষাইটঘরি এলাকায় বিশেষ অভিযান চালায়। প্রায় ১২ ঘণ্টা-ব্যাপী অভিযানের একপর্যায়ে দুপুর আড়াইটার দিকে একটি টিলা থেকে মাহেদকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান খান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাহেদ উগ্রবাদী সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। রেড অ্যালার্ট জারির পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন এবং বড়লেখা উপজেলার দুর্গম বোবারথল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন। বৃহস্পতিবার প্রায় ১২ ঘণ্টা-ব্যাপী অভিযানের একপর্যায়ে একটি টিলা থেকে মাহেদ গ্রেপ্তার করা হয়।

ওসি আরও বলেন, শাহবাগ থানায় তার বিরুদ্ধে মামলা আছে। আইনগত প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার রাতেই রাহেদকে সিটিটিসির কাছে হস্তান্তর করা হয়েছে।