Home Blog Page 165

জাতীয় সরকার, শিবিরের সম্পৃক্ততা ও আর্মি ক্যু নিয়ে ফেসবুক পোস্ট নাহিদের

0

আধুনিক ডেস্ক ::
গত বছর আগস্টে গণঅভ্যুত্থানের পর গঠিত সরকার ও বিভিন্ন ছাত্র সংগঠনের ভূমিকা নিয়ে চলমান বিতর্কের মধ্যে এবার নতুন তথ্য সামনে আনলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (৩১ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের বক্তব্যসহ তিনটি বিষয়ে কথা বলেন গণঅভ্যুত্থানে ছাত্র আন্দোলনের অন্যতম ছাত্রনেতা নাহিদ।

জাতীয় সরকার প্রস্তাবনা নিয়ে মির্জা ফখরুলের বক্তব্য প্রসঙ্গে পোস্টে নাহিদ বলেন, ‘বিএনপি মহাসচিব জনাব মির্জা ফখরুল সম্প্রতি একটা সাক্ষাৎকারে বলেছেন জাতীয় সরকারের কোনো প্রস্তাবনা ছাত্রদের পক্ষ থেকে তাদের দেওয়া হয় নাই। তারা অন্য মাধ্যমে এ প্রস্তাবনা পেয়েছিল।’ নাহিদ জানান, ‘এই বক্তব্যটি সত্য নয়।’

নাহিদ ইসলাম বলেন, ‘গত ৫ অগাস্ট রাতের প্রেস ব্রিফিংয়ে আমরা বলেছিলাম আমরা অন্তর্বর্তীকালীন জাতীয় সরকার করতে চাই। সেই প্রেস ব্রিফিংয়ের পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে আমাদের ভার্চুয়াল মিটিং হয় সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জাতীয় সরকার ও নতুন সংবিধানের প্রস্তাব দেওয়া হয়েছিল। তারেক রহমান এ প্রস্তাবে সম্মত হননি এবং নাগরিক সমাজের সদস্যদের দিয়ে নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার গঠনের সাজেশন দেন। আমরা ড. মুহাম্মদ ইউনূসের কথা বলি প্রধান উপদেষ্টা হিসেবে।’

নাহিদ আরও বলেন, ‘৭ অগাস্ট ভোরবেলা বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের বাসায় আমরা উনার সাথে অন্তর্বর্তী সরকার ও উপদেষ্টা পরিষদ নিয়ে আলোচনা করি। উপদেষ্টা পরিষদ শপথ নেবার আগে জনাব তারেক রহমানের সাথে আরেকটি মিটিং-এ প্রস্তাবিত উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ নিয়ে আলোচনা/পর্যালোচনা হয়।’

ছাত্রশক্তির গঠন প্রক্রিয়ায় শিবিরের যুক্ত থাকা প্রসঙ্গে নাহিদ তার পোস্টে বলেন, ‘শিবির নেতা সাদিক কায়েম সম্প্রতি একটা টকশোতে বলেছেন ছাত্রশক্তির গঠনপ্রক্রিয়ায় শিবির যুক্ত ছিল, শিবিরের ইনস্ট্রাকশনে আমরা কাজ করতাম। এটা মিথ্যাচার।’

নাহিদ আরও বলেন, ‘ “গুরুবার আড্ডা” পাঠচক্রের সাথে জড়িত একটা অংশ এবং ঢাবি ছাত্র অধিকার থেকে পদত্যাগ করা একটা অংশ মিলে ছাত্রশক্তি গঠিত হয়। সাথে জাবির একটা স্টাডি সার্কেলও যুক্ত হয়। একটা নতুন ছাত্র সংগঠন প্রতিষ্ঠার জন্য গুরুবার আড্ডা পাঠচক্রে দীর্ঘসময় ধরে কাজ করা হয়েছে। আমরা ক্যাম্পাসে আট বছর রাজনীতি করছি। ফলে প্রকাশ্য অপ্রকাশ্য সব সংগঠন ও নেতৃত্বকে আমরা চিনতাম এবং সকল পক্ষের সাথেই আমাদের যোগাযোগ ও সম্পর্ক ছিল। সেই কারণে ঢাবি শিবিরের সাথেও যোগাযোগ ছিল। যোগাযোগ, সম্পর্ক বা কখনো সহযোগিতা করা মানে এই না যে, তারা আমাদের রাজনৈতিক প্রক্রিয়ায় যুক্ত ছিল।’

নাহিদ আরও বলেন, ‘সাদিক কায়েম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো সমন্বয়ক ছিল না। কিন্তু ৫ অগাস্ট থেকে এই পরিচয় সে ব্যবহার করেছে। অভ্যুত্থানে শিবিরের গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে সাদিক কাইয়ুমকে প্রেস ব্রিফিং এ বসার ব্যবস্থা করা হয়। কিন্তু সাদিক কাইয়ুমরা অভ্যুত্থান পরবর্তী সময়ে ঢালাও প্রচারণা করেছে, এই অভ্যুত্থান ঢাবি শিবিরই নেতৃত্ব দিয়েছে, আমরা সামনে শুধু পোস্টার ছিলাম। অভ্যুত্থানে শিবিরের ভূমিকা কেউ অস্বীকার করে নাই। কিন্তু এই অভ্যুত্থান শিবিরের একক নয়, শিবিরের ইনস্ট্রাকশন বা ডিরেকশনেও হয় নাই। আমরা সব পক্ষের সাথে যোগাযোগ করেই সিদ্ধান্ত নিতাম।’

২ আগস্ট ‘আর্মি ক্যু’ চেষ্টা প্রসঙ্গে নাহিদ তার পোস্টে জানান, ‘২ অগাস্ট, ২০২৪ রাতে জুলকারনাইন সায়েররা একটা আর্মি ক্যু করে সামরিক বাহিনীর এক অংশের হাতে ক্ষমতা দিতে চেয়েছিল। এ উদ্দেশ্যে কথিত সেইফ হাউজে থাকা ছাত্র সমন্বয়কদের চাপ প্রয়োগ করা হয়, থ্রেইট করা হয় যাতে সে রাতে ফেসবুকে তারা সরকার পতনের একদফা ঘোষণা করে আর আমাদের সাথে যাতে আর কোনো যোগাযোগ না রাখে।’

নাহিদ আরও জানান, ‘রিফাতদের বিভিন্ন লেখায় এ বিষয়ে বলা হয়েছে। আমাদের বক্তব্য ছিল একদফার ঘোষণা মাঠ থেকে জনগণের মধ্য থেকে দিতে হবে। আর যারা এভাবে চাপ প্রয়োগ করছে তাদের উদ্দেশ্য সন্দেহজনক। আমাদের ভেতর প্রথম থেকে এটা স্পষ্ট ছিল যে ক্ষমতা কোনোভাবে সেনাবাহিনী বা সেনাবাহিনী সমর্থিত কোনো গ্রুপের কাছে দেওয়া যাবে না। এতে আরেকটা এক-এগারো হবে এবং আওয়ামী লীগ ফিরে আসার সুযোগ তৈরি হবে এবং আমাদের প্রতিরক্ষা বাহিনী ক্ষতিগ্রস্ত হবে। এটাকে জনগণের স্বতঃস্ফূর্ত গণঅভ্যুত্থান হিসেবে সফল করতে হবে এবং রাজনৈতিক দলগুলোকে নিয়ে সামনে আগাতে হবে। ৫ অগাস্ট থেকে আমরা এ অবস্থান ব্যক্ত করে গিয়েছি।’

ওই পোস্টে নাহিদ আরও বলেন, ‘সায়েররা ৫ অগাস্টের পর বারবার চেষ্টা করেছে আমাদের বিরুদ্ধে পাল্টা নেতৃত্ব দাঁড় করাতে। সেক্ষেত্রে সাদিক কায়েমদের ব্যবহার করেছে এবং তারা ব্যবহৃতও হয়েছে। সায়ের গংদের এ চেষ্টা অব্যাহত আছে। কল রেকর্ড ফাঁস, সার্ভাইলেন্স, চরিত্রহনন, অপপ্রচার, প্রোপাগান্ডা হেন কোনো কাজ নাই হচ্ছে না। বাংলাদেশে সিটিং মন্ত্রীদের বিরুদ্ধে যত অপপ্রচার হচ্ছে এ দেশের ইতিহাসে এরকম কখনো হয়েছে কিনা জানা নাই। কিন্তু মিথ্যার উপর দিয়ে বেশিদিন টেকা যায় না। এরাও টিকবে না।’

সংসদের উচ্চকক্ষ হবে ১০০ আসনের, সদস্য মনোনীত হবেন পিআর পদ্ধতিতে

0

আধুনিক ডেস্ক ::

জাতীয় ঐকমত্য কমিশন সিদ্ধান্ত দিয়েছে, জাতীয় সংসদের উচ্চকক্ষ হবে ১০০ আসন বিশিষ্ট। এই সদস্যরা মনোনীত হবেন সংখ্যানুপাতিক পদ্ধতিতে (পিআর), অর্থাৎ জাতীয় নির্বাচনে দলগুলো যে ভোট পাবে, তার ভিত্তিতে দলগুলোর মধ্যে এসব আসন বণ্টন করা হবে। জাতীয় ঐকমত্য কমিশনে বিষয়টি নিয়ে দীর্ঘ আলোচনার পর কমিশন এই সিদ্ধান্ত ঘোষণা করেছে। তবে এই সিদ্ধান্তে আপত্তি জানিয়েছে বিএনপি ও তাদের সমমনা দল ও জোটগুলো। তারা বলেছে, উচ্চকক্ষে সদস্য মনোনীত হতে হবে জাতীয় নির্বাচনে দলগুলোর প্রাপ্ত আসনের ভিত্তিতে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের দ্বিতীয় ধাপের ২৩তম দিনের আলোচনা চলছে। আজই আলোচনার সমাপ্তি টানতে চান বলে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানিয়েছেন। আলোচনার শুরুতে তিনি বলেন, ‘আমরা চেষ্টা করব দ্রুত চূড়ান্ত সনদ প্রস্তুত করে আপনাদের হাতে তুলে দিতে। এর ভিত্তিতে স্বাক্ষর অনুষ্ঠানের পরিকল্পনাও করা হবে।’ তিনি আশা প্রকাশ করেন যে আজকের মধ্যেই আলোচনা পর্বের সমাপ্তি টানা সম্ভব হবে। আলোচনা শেষে যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে এবং যেসব বিষয়ে ভিন্নমত রয়েছে, তার পূর্ণাঙ্গ তালিকা দ্রুত দলগুলোর কাছে পৌঁছে দেওয়া হবে।

আগের ধারাবাহিকতায় আজকেও সংসদের উচ্চকক্ষের সদস্য কীভাবে মনোনীত হবেন, তা নিয়ে দীর্ঘ আলোচনা হয়। জাতীয় ঐকমত্য কমিশন সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের ভিত্তিতে উচ্চকক্ষে সংখ্যানুপাতিক পদ্ধতি চালুর প্রস্তাব করে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জামায়াতে ইসলামীসহ সমমনা দলগুলো এ প্রস্তাব সমর্থন করে। অপর দিকে বিএনপি ও তাদের সমমনা দলগুলো বিরোধিতা করে। সে সময়ও তারা সংসদ নির্বাচনে প্রাপ্ত আসনের ভিত্তিতে উচ্চকক্ষে আসন বরাদ্দের দাবি জানায়।

আলোচনায় দলগুলোর ভিন্নমত থাকায় এক পর্যায়ে বিষয়টি কমিশনের ওপর ন্যস্ত করা হয়। এরপর ঐকমত্য কমিশন ভোটের সংখ্যানুপাতিক পদ্ধতিতে উচ্চকক্ষের সদস্য মনোনীত করার সিদ্ধান্ত জানায়।

কমিশনের প্রস্তাব অনুযায়ী, উচ্চকক্ষের নিজস্ব কোনো আইন প্রণয়নের ক্ষমতা থাকবে না। তবে, অর্থবিল ব্যতীত অন্য সব বিল নিম্নকক্ষ ও উচ্চকক্ষ উভয় কক্ষে উপস্থাপন করতে হবে। উচ্চকক্ষ কোনো বিল স্থায়ীভাবে আটকে রাখতে পারবে না। এক মাসের বেশি বিল আটকে রাখলে সেটিকে উচ্চকক্ষের অনুমোদিত বলে গণ্য করা হবে।

নিম্নকক্ষের প্রস্তাবিত বিলগুলো পর্যালোচনা ও বিশ্লেষণ করবে উচ্চকক্ষ এবং নির্ধারিত সময়সীমার মধ্যে তা অনুমোদন অথবা প্রত্যাখ্যান করতে হবে। যদি উচ্চকক্ষ কোনো বিল অনুমোদন করে, তবে উভয় কক্ষে পাস হওয়া বিল রাষ্ট্রপতির সম্মতির জন্য পাঠানো হবে।

আর যদি উচ্চকক্ষ কোনো বিল প্রত্যাখ্যান করে, তাহলে তা সংশোধনের সুপারিশসহ নিম্নকক্ষে পুনর্বিবেচনার জন্য পাঠানো হবে। নিম্নকক্ষ সেই সব সংশোধন আংশিক বা পূর্ণভাবে গ্রহণ কিংবা প্রত্যাখ্যান করতে পারবে।

কমিশনের এই সিদ্ধান্তে আপত্তি জানিয়েছে বিএনপি এবং তাদের মিত্র জাতীয়তাবাদী সমমনা জোট, ১২ দলীয় জোট, এনডিএম ও এলডিপি। তারা সংসদের নিম্নকক্ষে প্রাপ্ত আসনের ভিত্তিতে উচ্চকক্ষে আসন বরাদ্দ দেওয়ার দাবি জানিয়েছে। আর বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) এবং জমিয়তে উলামায়ে ইসলাম উচ্চকক্ষ গঠনের বিরোধিতা করেছে। যুক্তি হিসেবে এই সব দল বলছে, দেশের বর্তমান সামাজিক ও অর্থনৈতিক বাস্তবতায় উচ্চকক্ষের কোনো প্রয়োজন নেই।

বৃহস্পতিবারের আলোচনায় বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), গণসংহতি আন্দোলনসহ ৩০টি রাজনৈতিক দলের নেতারা অংশ নিয়েছেন। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (জাতীয় ঐকমত্য কমিশন) মনির হায়দারের সঞ্চালনায় বৈঠকে উপস্থিত আছেন কমিশনের সদস্য সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান, আইয়ুব মিয়া।

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের চাকা ফেটে একজনের মৃত্যু

0

আধুনিক রিপোর্ট ::

সিলেটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের চাকা ফেটে একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার (২১ জুলাই) দুপুর দেড়টার দিকে এ ঘটনাটি ঘটে। নিহত রুমন আহমদ ও আহত এনামুল হক দুজনেই সানরাইজ নামক ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মী।

ওসমানী বিমানবন্দর সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে নিয়মিত রক্ষণাবেক্ষণের অংশ হিসেবে বোর্ডিং ব্রিজের চাকা বদলানো হচ্ছিলো। এসময় একটি চাকা ফেটে গেলে রুমন চাকার সাথে ছিটকে পড়েন। এনামুলও আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে বেলা তিনটার দিকে মৃত্যু হয় রুমন আহমদের।

শর্ত মানলে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে কানাডাও

0

আধুনিক ডেস্ক ::

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানিয়েছেন, আগামী সেপ্টেম্বর মাসে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করেছে কানাডা। তৃতীয় জি-৭ দেশ হিসেবে কানাডা এই ঘোষণা দিলো। জি-৭ বা গ্রুপ অফ সেভেন হলো বিশ্বের শিল্পোন্নত সাতটি বড় দেশের একটি জোট, যার সদস্য কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র।

তবে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এটাও বলেছেন, ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তটা কিছু শর্তের ওপর নির্ভর করছে। এর মধ্যে অন্যতম হলো, ফিলিস্তিনি কর্তৃপক্ষকে আগামী বছরে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসকে ছাড়া নির্বাচন আয়োজন করতে হবে।

মার্ক কার্নির এই বক্তব্যের একদিন আগে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার ঘোষণা দেন যে ইসরায়েল যদি সেপ্টেম্বরের মধ্যে যুদ্ধবিরতিতে না আসে এবং আরও কিছু শর্ত না মানে, তাহলে যুক্তরাজ্য সেপ্টেম্বরে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে। এর ঠিক এক সপ্তাহ আগে ফ্রান্সও ফিলিস্তিন প্রসঙ্গে একই পরিকল্পনার কথা জানায়।

এদিকে, ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় কানাডার ঘোষণাকে প্রত্যাখ্যান করেছে এবং বলেছে যে এটি হামাসের জন্য পুরস্কারস্বরূপ। উল্লেখ্য, জাতিসংঘের ১৯৩টি সদস্য দেশের মাঝে ১৪৭টি দেশই ইতোমধ্যেই ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।

মার্ক কার্নি জানিয়েছেন, আসন্ন জাতিসংঘ সাধারণ অধিবেশনে কানাডা আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে। তিনি বলেন, কানাডার পররাষ্ট্রনীতিতে এই বড় পরিবর্তনের পেছনে কয়েকটি কারণ রয়েছে। যেমন‒ দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি সম্প্রসারণ, গাজায় মানবিক পরিস্থিতির অবনতি এবং ২০২৩ সালের সাতই অক্টোবর হামাসের ইসরায়েল আক্রমণ। গাজায় মানবিক বিপর্যয় এখন অসহনীয় পর্যায়ে পৌঁছেছে এবং পরিস্থিতি দ্রুত খারাপের দিকে যাচ্ছে।

মার্ক কার্নি আরও বলেন, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়াটা নির্ভর করবে দু’টো শর্তের ওপর। এর মাঝে একটি হলো, ফিলিস্তিনি কর্তৃপক্ষকে তাদের শাসন ব্যবস্থায় বড় ধরনের সংস্কার আনতে হবে। আর ওই পুরো এলাকাকে অস্ত্রমুক্ত করতে হবে।

কানাডা অনেকদিন ধরেই আলোচনার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার অংশ হিসেবে ‘দ্বি-রাষ্ট্র সমাধান’কে সমর্থন করে আসছিলো। তবে তিনি আরও যোগ করেন, এখন এই পন্থা আর কার্যকর নয়। তিনি বলেন, একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের সম্ভাবনা এখন চোখের সামনে ধ্বংস হয়ে যাচ্ছে।

বুধবার (৩০ জুলাই) এক সংবাদ সম্মেলনে মার্ক কার্নি জানান, তিনি ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে এই ঘোষণা নিয়ে কথা বলেছেন।

ফিলিস্তিনের মূলত দুই অংশ, গাজা ও পশ্চিম তীর। ফাতাহ পার্টির নেতৃত্বে ফিলিস্তিনি কর্তৃপক্ষ পশ্চিম তীরের কিছু অংশ নিয়ন্ত্রণ করে। আর হামাস শাসন করে গাজা। ২০০৬ সালের পর থেকে কোনো নির্বাচনের আয়োজন হয়নি এ অঞ্চলে।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় কানাডার পদক্ষেপের সমালোচনা করে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের (পূ্র্বের টুইটার) এক পোস্টে বলেছে, কানাডার এই পরিকল্পনা “গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মিদের মুক্তির জন্য চলমান প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করবে। এছাড়া, কানাডার কনজারভেটিভ পার্টিও মার্ক কার্নির ঘোষণার বিরোধিতা করেছে।

দেশটির এই বিরোধী দল বলেছে, সাতই অক্টোবরের হামলার পর ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলে বিশ্বে ভুল বার্তা পৌঁছাবে।

যুক্তরাজ্য ও ফ্রান্সের ঘোষণার পর থেকেই মার্ক কার্নি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চাপের মুখে পড়েন- এই ইস্যুতে কানাডার অবস্থান পরিষ্কার করার জন্য।

মঙ্গলবার (২৯ জুলাই) ২০০ জনেরও বেশি প্রাক্তন কূটনীতিক ও রাষ্ট্রদূত একটি খোলা চিঠিতে স্বাক্ষর করে মার্ক কার্নিকে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছেন। চিঠিতে বলা হয়েছে, গাজায় ফিলিস্তিনের সাধারণ মানুষকে উচ্ছেদ, নির্বিচারে বোমা বর্ষণ, গাজায় ফিলিস্তিনিদেরকে না খাইয়ে রাখা, পশ্চিম তীরে দখলদারদের হামলা” কানাডার মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক।

মার্ক কার্নিকে জিজ্ঞাসা করা হয়েছে, তিনি যুক্তরাজ্য বা ফ্রান্সের ঘোষণায় প্রভাবিত হয়েছেন কি না বা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পরামর্শ করেছেন কি না। উত্তরে তিনি বলেন, কানাডা তার নিজস্ব পররাষ্ট্রনীতি অনুযায়ী সিদ্ধান্ত নেয়।

ফ্রান্স ও যুক্তরাজ্য যদি শেষ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়, তাহলে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রই হবে একমাত্র স্থায়ী জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সদস্য, যারা এখনো এটি করেনি।

উল্লেখ্য, ২০২৩ সালের সাতই অক্টোবর হামাস ইসরায়েলের দক্ষিণাঞ্চলে আক্রমণ চালায়। ওই হামলায় এক হাজার ২০০ জন নিহত এবং ২৫১ জন জিম্মি হয়। তার পাল্টা প্রতিক্রিয়ায় ইসরায়েল গাজায়সামরিক অভিযান চালায়। গাজার হামাস-চালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এই অভিযানে এখন পর্যন্ত ৬০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন এবং অপুষ্টিজনিত কারণে ৮৯ শিশুসহ অন্তত ১৫৪ জনের প্রাণহানি হয়েছে।

শেখ হাসিনা-জয়-পুতুলের বিচার শুরু, গ্রেপ্তারি পরোয়ানা জারি

0

আধুনিক ডেস্ক ::

রাজধানীর পূর্বাচলে নতুন শহর প্রকল্পে ৩০ কাঠা প্লট বরাদ্দে জালিয়াতির ঘটনায় পৃথক তিন মামলা করে দুদক। এ তিন মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে।

বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। তবে আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। একইসঙ্গে সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ১১ আগস্ট দিন ধার্য করা হয়েছে বলেও জানান দুদকের প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম।

এ বিষয়ে তিনি বলেন, তিন মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। এসব মামলায় শেখ হাসিনাসহ ১২ জন, সজীব ওয়াজেদ জয় ও শেখ হাসিনাসহ ১৭ এবং সায়মা ওয়াজেদ পুতুল ও শেখ হাসিনাসহ ১৮ জন আসামি।

সরকারের ভুল সিদ্ধান্ত গণতন্ত্রকে সংকটে ফেলতে পারে: তারেক রহমান

0

আদুনিক রিপোর্ট ::

সরকারের যে কোনো ভুল সিদ্ধান্ত গণতন্ত্র উত্তরণের যাত্রাকে সংকটে ফেলতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, বিতাড়িত ফ্যাসিবাদী অপশক্তি রাষ্ট্র ও রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার সুযোগ নিতে ওত পেতে রয়েছে। ফ্যাসিবাদ, উগ্রবাদ ও চরমপন্থা মাথাচাড়া দিতে পারে। অন্তর্বর্তী সরকার ও নাগরিকদের সতর্ক থাকতে হবে। বুধবার (৩০ জুলাই) সাভারের শ্রীপুরের আশুলিয়া থানাসংলগ্ন জুলাই আন্দোলনের সময় লাশ পোড়ানোর স্থানে প্রতিবাদ সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তারেক রহমান।

গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার পতনের আগমুহূর্তে আশুলিয়ায় গুলির পর লাশ ভ্যানে তুলে পুড়িয়ে দেয় পুলিশ। নারকীয় এ হত্যাযজ্ঞ স্মরণে ঢাকা জেলা বিএনপি এ সমাবেশের আয়োজন করে। এতে শহীদ পরিবারের মধ্যে বাবুল হোসেনের স্ত্রী লাকি আখতার, আরাফাত মুন্সির বাবা স্বপন মুন্সি, বায়েজিদ মুস্তাফিজের স্ত্রী রিনা আখতার, শ্রাবণ গাজীর বাবা আবদুল মান্নান গাজী, মামুন খন্দকার বিপ্লবের স্ত্রী খন্দকার সাথী, সাজ্জাদ হোসেন সজলের মা শাহিনা বেগম, আরাফুর রহমান রাসেলের ভাই সায়েদুর রহমান বাবু এবং অভ্যুত্থানে পুলিশের গুলিতে পঙ্গুত্ববরণ করা শান্ত নিজেদের কষ্টগাথা তুলে ধরেন।

তারেক রহমান বলেন, সরকার ও রাজনৈতিক নেতৃত্বকে জনগণের মুখাপেক্ষী করা গেলে রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে। জনগণের রাজনৈতিক ক্ষমতা নিশ্চিত করা সম্ভব হবে। সর্বস্তরের জনগণ নিশ্চয় কয়েকজনের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা তুলে দেওয়ার জন্য দেড় দশক ধরে আন্দোলন অব্যাহত রাখেননি কিংবা জুলাই অভ্যুত্থানে শহীদ হননি।

তিনি বলেন, মানুষ রাষ্ট্র ও সরকারে নিজের অধিকার প্রতিষ্ঠা করার জন্য স্বৈরাচার বা ফ্যাসিবাদকে হটিয়েছে; জীবন উৎসর্গ করেছে। সুতরাং সরকারে যখন যারাই থাকুক, তাদের অবশ্যই নাগরিকদের কথা শুনতে হবে। নাগরিকের আশা ও ভাষা বুঝতে হবে। জনপ্রতিনিধি নির্বাচিত হতে চাইলে তাকে অবশ্যই জনগণের সঙ্গে সম্পর্ক রাখতে হবে। বিএনপি জনগণের ক্ষমতায়নের রাজনীতি প্রতিষ্ঠার মাধ্যমে শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে চায়।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ফ্যাসিবাদ হটিয়ে জনগণ অন্তর্বর্তী সরকারের হাতে রাষ্ট্র পরিচালনার ভার অর্পণ করেছে। এখন জনগণের মালিকানা তাদের হাতে দিতে অন্তর্বর্তী সরকারের একটি অংশ নানা অপকৌশলের আশ্রয় নিচ্ছে। শিক্ষাঙ্গন, স্থানীয় সরকার কিংবা জাতীয় সরকার– প্রতিটি ক্ষেত্রে বিএনপি জনগণের ভোটে প্রতিনিধি নির্বাচিত করার পক্ষে। কিন্তু এসব নির্বাচন করার ক্ষেত্রে সরকার অগ্রাধিকার নির্ধারণে বিচক্ষণতার পরিচয় দিতে পারছে কিনা, জনগণের সামনে এটি বিরাট প্রশ্ন।

জুলাই শহীদদের পরিবারের উদ্দেশে তিনি বলেন, অভ্যুত্থানের শহীদরা শুধু সংখ্যা নন। প্রাণের সমাপ্তির অর্থ একটি পরিবারের মৃত্যু, একটি স্বপ্ন ও সম্ভাবনার অবসান। আপনাদের সন্তান ও স্বজনের মৃত্যু দেশ এবং জনগণকে ফ্যাসিবাদমুক্ত করেছে। শহীদের কাছে ঋণী গোটা দেশ। প্রত্যেক শহীদ পরিবারের প্রতি রাষ্ট্র ও সরকারের দায়িত্ব রয়েছে। বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সাভার-আশুলিয়া কিংবা অন্য কোনো সুবিধাজনক এলাকায় শ্রমজীবী-কর্মজীবী মানুষের আত্মত্যাগের সম্মানে একটি বিশেষ স্থাপনা করবে।

সমাবেশে রাজনৈতিক দলগুলোর উদ্দেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আজ অনেক রকম কথা হচ্ছে, রাজনৈতিক বাদানুবাদ হচ্ছে। গণতন্ত্রে এটি স্বাভাবিক। কিন্তু এমন কোনো কিছু করবেন না, যাতে আবার গণতন্ত্র ব্যাহত হয়। এমন অবস্থা তৈরি করবেন না, যাতে আবার ফ্যাসিস্ট হাসিনা দেশে ফিরে আসার সুযোগ পান।

আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনা উল্লেখ করে তিনি বলেন, একমাত্র দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার গ্যাস চেম্বারে মানুষ হত্যা করেছিল। আমাদের দেশে শেখ হাসিনা ছাত্রদের পুড়িয়ে মেরেছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘ফ্যাসিবাদের পতন হয়েছে। কিন্তু এনজিওবাদ আজ দেশ চালাচ্ছে। এদের থেকে কীভাবে মুক্তি নেবেন, সে পথের নির্দেশনা দেবেন তারেক রহমান।’

।

৩ আগস্ট নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা : নাহিদ

0

আগামী ৩ আগস্ট ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। সেদিন সবাইকে শহীদ মিনারে যোগদানের আমন্ত্রণ জানিয়ে তিনি বলেন, ‘আপনারা সেদিন সঙ্গে থাকলে সকল দাবি আমরা আদায় করে ছাড়ব।’ বুধবার বিকেলে নরসিংদী শহরের পৌরসভার সামনে আয়োজিত পথসভায় নাহিদ ইসলাম এ কথা বলেন।

জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র শেষ দিন আজ বুধবার। ১ জুলাই রংপুরের পীরগঞ্জের বাবনপুর জাফরপাড়া গ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে মাসব্যাপী পদযাত্রা শুরু করেছিল এনসিপি।

নরসিংদীর পথসভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘আমরা দেখেছি গত এক বছরে দেশে নানা ষড়যন্ত্র হয়েছে। নতুন সংবিধান আমরা পাইনি, ফ্যাসিস্টের রাষ্ট্রপতিকে অপসারণ করতে দেওয়া হয় নাই, আমাদের ঘোষণাপত্র দেওয়া হয় নাই। আমরা কোনো দাবি থেকে সরে আসিনি। গণ-অভ্যুত্থান-পরবর্তী সময়ে সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত বাংলাদেশের দাবিতে রাজপথে নামতে হচ্ছে আমাদের।’

দেশের মানুষের মুক্তির দাবিতে চব্বিশের আন্দোলন গণ-অভ্যুত্থানে রূপ নিয়েছিল উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, ‘গত এক মাস সারা দেশ ঘুরতে ঘুরতে আজ আমরা বিপ্লবের শহর নরসিংদীতে আপনাদের কাছে এসেছি। বিপ্লবের স্মৃতি আমরা কেউ ভুলে যাইনি।’ তিনি বলেন, ‘আমাদের মনে আছে ১৮ জুলাইয়ের কথা। আমরা ভুলিনি সেদিন নরসিংদীতে কী হয়েছিল। ১৭ জুলাই যখন আমাদের সব বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হয়েছিল, আমরা “কমপ্লিট শাটডাউন” ঘোষণা করেছিলাম। তখন নরসিংদীর শিক্ষার্থী তাহমিদ শহীদ হয়েছিল। সেদিন শহীদ হয়েছিলেন আরেক শিক্ষার্থী ইমন।’

এ সময় নাহিদ ইসলাম জুলাই গণ-অভ্যুত্থানে নরসিংদী জেলায় মোট ২২ জন শহীদ হয়েছেন বলে জানান। তাঁদের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন।

এনসিপির আহ্বায়ক বলেন, ‘আমরা নরসিংদীর জন্য কাজ করতে চাই, এ জেলাকে শিল্পোন্নত জেলা হিসেবে গড়ে তুলতে চাই। নরসিংদীতে সন্ত্রাসীরা রয়েছে, চাঁদাবাজেরা রয়েছে। আমরা তাদের বিতাড়িত করতে চাই। আপনারা সবাই নরসিংদীতে এনসিপির হাত শক্তিশালী করুন, ইনশা আল্লাহ আমাদের বিজয় আসবে। সারা দেশে জুলাই পদযাত্রা যেভাবে সফল হয়েছে, ইনশা আল্লাহ আগামী সংসদে, আগামীর বাংলাদেশে জাতীয় নাগরিক পার্টির জয়জয়কার হবে।’

এনসিপির আহ্বায়ক আরও বলেন, ‘আপনারা জানেন, অন্তর্বর্তী সরকারে দুজন ছাত্র উপদেষ্টা রয়েছেন। তাঁদের নিয়ে রাজনীতিতে নানা ষড়যন্ত্র চলছে। তাঁরা দুজন আমাদের জাতীয় নাগরিক পার্টির কেউ নন। তাঁরা গণ-অভ্যুত্থানের প্রতিনিধি। গণ-অভ্যুত্থানকে শক্তিশালী করতে তাঁদের বিরুদ্ধে ষড়যন্ত্র রুখে দিতে হবে।’

সমাবেশে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘ঐকমত্য কমিশন গঠিত হয়েছে, কিন্তু পেছন থেকে পাঞ্জাবি টেনে ধরছে। এখনো সময় আছে, সরকারের কথা শুনুন, শহীদদের সঙ্গে থাকুন। যদি না থাকেন, তাহলে ভবিষ্যতে কী হবে, জানি না। আমরা এ দেশে নতুন সংবিধান চাই, নতুন সংবিধান আমরা বানিয়েই ছাড়ব।’

চব্বিশের গণ-অভ্যুত্থানের সময় সরকারের কোন বাহিনী, কোন কর্মকর্তার কী ভূমিকা ছিল, তা খুঁজে বের করতে হবে বলে দাবি জানান এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। তিনি বলেন, ‘আমরা নিজ চোখে দেখেছি, সেনাবাহিনীর অনেক কর্মকর্তা গুলি চালিয়েছিল। কার নির্দেশে তারা গুলি চালিয়েছিল, আমরা জানতে চাই।’
এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের সঞ্চালনা সমাবেশে আরও বক্তব্য দেন উত্তরাঞ্চলের সংগঠক শিরিন আক্তার, যুগ্ম সমন্বয়ক আবদুল্লাহ আল ফয়সাল, নরসিংদীর প্রধান সমন্বয়কারী আওলাদ হোসেন প্রমুখ।

এর আগে বিকেল পাঁচটার দিকে নরসিংদী শহরের জেলখানার মোড় থেকে পদযাত্রা শুরু করে বিভিন্ন সড়ক ঘুরে এনসিপির নেতা-কর্মী ও সমর্থকেরা পৌরসভার সামনে সমাবেশস্থলে পৌঁছান। পদযাত্রা শুরুর আগে নরসিংদী ক্লাবে জেলায় গণ-অভ্যুত্থানে শহীদদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

এসব কর্মসূচি ঘিরে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নিয়েছিল পুলিশ। শহরে মোড়ে মোড়ে ও সভাস্থলে পুলিশ সদস্যদের অবস্থান নিতে দেখা গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সূত্র জানায়, ৯ শতাধিক পুলিশ সদস্য মাঠে ছিলেন।

প্রসঙ্গত, ১৬ জুলাই গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা কর্মসূচিতে আওয়ামী লীগ (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকেরা হামলা চালান। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নেতা-কর্মীদের সংঘর্ষে পাঁচজন নিহত হন। আহত হন অর্ধশতাধিক ব্যক্তি।

এ ছাড়া ১৯ জুলাই কক্সবাজারের চকরিয়ায় এনসিপির পথসভা মঞ্চ ভেঙে দেন বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীরা। ট্রাকের ওপর মঞ্চটি করা হয়েছিল।

সিলেট সিটির ৩টি ওয়ার্ড যুক্ত হচ্ছে সিলেট-৩ এ

0

আধুনিক রিপোর্ট ::

সিলেট-১ ও সিলেট-৩ আসনের সীমানা কিছুটা পরিবর্তন করেছে নির্বাচন কমিশন। বুধবার (৩০ জুলাই) সচিবালয়ে অনুষ্টিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার। ভোটার সংখ্যাসহ অন্যান্য বিষয় বিবেচনায় নিয়ে নির্বাচন কমিশন গঠিত বিশেষ বিশেষজ্ঞ কারিগরি কমিটির সুপারিশ অনুযায়ী এ পরিবর্তন হচ্ছে। সিলেট-১ থেকে কেটে সিটি কর্পোরেশন এলাকার তিনটি ওয়ার্ডকে যুক্ত করা হচ্ছে সিলেট-৩ এর সঙ্গে।

এবার সিলেট-১ আসন থেকে কেটে সিলেট সিটি কর্পোরেশনের ২৫, ২৬ ও ২৭নং ওয়ার্ডকে সিলেট-৩ আসনের সঙ্গে যুক্ত করা হয়েছে। সিলেট-৩ আসনটি দক্ষিণ সুরমা ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। এবার এ আসনের সঙ্গে যুক্ত হলো নগরীর তিনটিন ওয়ার্ড। অর্থাৎ সুরমার দক্ষিণ পারের কোনো অংশই এখন আর থাকছে না সিলেট-১ এ।

নির্বাচন করবেন খালেদা জিয়া

0

জাতীয় সংসদ নির্বাচন হলে তাতে অংশ নেবেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বুধবার ফেনীতে আয়োজিত এক মতবিনিময় সভায় এ কথা বলেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু।

ফেনী শহরের একটি মিলনায়তনে ‘বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন’ শীর্ষক প্রকল্পের অংশীজনের সঙ্গে মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে আবদুল আউয়াল মিন্টু বলেন, ‘বিশ্বাস করতে চাই, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে। দেশে এখন যে অবস্থা ফেব্রুয়ারি আগেই নির্বাচন হতে পারে। হয়তো জানুয়ারিতেও হয়ে যেতে পারে। নির্বাচন হলে আমাদের নেত্রী খালেদা জিয়া সুস্থ আছেন। নির্বাচন হলে তিনি অংশগ্রহণ করবেন। ’

আবদুল আউয়াল মিন্টু আরও বলেন, দেশে যদি এক যুগ, দুই যুগ ধরে নির্বাচিত সরকার না থাকে, তবে মানুষের অর্থনৈতিক উন্নয়ন, জানমালের উন্নয়ন হবে না। একটি দেশের সরকার যদি জনগণের কাছে দায়বদ্ধ না থাকে তাহলে তারা কখনো ভালো কাজ করবে না।

আবদুল আউয়াল মিন্টু বলেন, ‘২০০৬ সাল থেকে আমরা নির্বাচন চেয়ে আসছি। ১৯ বছর ধরে আমরা সুষ্ঠু নির্বাচনের জন্য আন্দোলন–সংগ্রাম করে যাচ্ছি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন লন্ডনে যোগাযোগ করেছেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে কথা বলে অন্তর্বর্তীকালীন সরকার যৌথ বিবৃতি দিয়েছিল। প্রধান উপদেষ্টা আমাদের আশ্বস্ত করেছেন আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা সেটিতে আস্থা রাখতে চাই। আমরা চাচ্ছি, দ্রুত নির্বাচনটি হোক।’

ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদীন(ভিপি জয়নাল), সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য রেহানা আক্তার, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি রফিকুল আলম (মজনু), পুলিশ সুপার হাবিবুর রহমান প্রমুখ।

জাতিসংঘ শান্তিমিশনে মানের দিক থেকে শীর্ষে বাংলাদেশ সেনাবাহিনী: যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত

0

আধুনিক ডেস্কঃ

জাতিসংঘ শান্তি মিশনে বাংলাদেশ সেনাবাহিনী মানের দিক থেকে শীর্ষস্থান অধিকার করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন।

বুধবার (৩০ জুলাই) সকালে সিলেটের জালালাবাদ ক্যান্টনমেন্টে ‘কাউন্টার টেররিজম, শান্তিরক্ষা, জঙ্গলে অপারেশন ও বিস্ফোরক’ বিষয়ে বাংলাদেশ ও ইউএস আর্মির যৌথ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশ সবসময় জাতিসংঘে শান্তিরক্ষী বাহিনী প্রেরণে বিশ্বের শীর্ষ ৩ দেশের মধ্যে থাকে। বর্তমানে শান্তিমিশনে কর্মরত রয়েছেন প্রায় ১ হাজার ৮০০ নারী সেনাসদস্য।

রাষ্ট্রদূত বলেন, আমাদের দুই দেশের মধ্যে একটি মহান সম্পর্ক গড়ে উঠছে। একেকজন বাংলাদেশি ও আমেরিকান নাগরিক-হাতে হাত রেখে, হৃদয়ে হৃদয় মিলিয়ে-এই বন্ধন আরও দৃঢ় করছেন।
তিনি আরও বলেন, এই মহড়া বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতিশীল সহযোগিতার একটি প্রতীক, যা ইন্দো-প্যাসিফিক অঞ্চলে নিরাপত্তা, শান্তি ও সমৃদ্ধি অর্জনে দুই দেশের লক্ষ্যকে তুলে ধরে।

জাতিসংঘ শান্তি মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর অবদানের কথা তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশ সবসময় জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর অন্যতম বড় প্রেরণকারী দেশ, এবং মানের দিক থেকে সর্বোচ্চ অবস্থানে রয়েছে। 

‘টাইগার লাইটনিং’ নামক এই যৌথ মহড়ার বিষয়ে তিনি বলেন, এটি একটি ধারাবাহিক মহড়ার অংশ। বর্তমানে ‘টাইগার শার্ক’ নামে একটি মহড়া চলছে, যেখানে স্পেশাল ফোর্সের সঙ্গে নৌবাহিনী অংশ নিচ্ছে। এ বছরের শেষ দিকে বিমান বাহিনীর সঙ্গে ‘প্যাসিফিক অ্যাঞ্জেল’ মহড়া অনুষ্ঠিত হবে।
এই মহড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা-কমান্ডো ইউনিটের ১০০ জন এবং ইউএস আর্মির অধীনস্থ নেভাদা ন্যাশনাল গার্ডের ৬৬ জন সদস্য অংশ নেন।

সমাপনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ১৭ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল এ. এস. এম. রিদওয়ানুর রহমান।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা-কমান্ডো ব্রিগেডের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল হাসান।

পরে ‘অপারেশন টাইগার লাইটনিং’ প্রশিক্ষণের তথ্যচিত্র প্রদর্শন করা হয় এবং অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

প্রশিক্ষণের অভিজ্ঞতা তুলে ধরেন ইউএস মেজর উইস্টিসেন ও বাংলাদেশ সেনাবাহিনীর মেজর মাহমুদুল হাসান।

শেষে ফটোসেশন ও ভিজিটরস বইয়ে স্বাক্ষর করেন মার্কিন রাষ্ট্রদূত।