Home Blog Page 164

জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত, ৫ আগস্ট উপস্থাপন করা হবে: প্রেস সচিব

0

আধুনিক ডেস্ক ::

জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে অন্তর্বর্তী সরকার। ৫ আগস্ট বিকেল ৫টায় জাতির সামনে জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করা হবে। শনিবার (২ আগস্ট) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দিয়ে এ কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শফিকুল আলম তাঁর পোস্টে লেখেন, ‘অন্তর্বর্তী সরকার জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে। আগামী মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫ বিকেল ৫টায় গণঅভ্যুত্থানের সকল পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে। এ বিষয়ে বিস্তারিত অবিলম্বে ঘোষণা করা হবে।’

গত বছর জুলাই গণ-অভ্যুত্থানের পর থেকে রাজনৈতিক অঙ্গনে অন্যতম আলোচিত বিষয় এই জুলাই ঘোষণাপত্র। অভ্যুত্থানের বর্ষপূর্তি সামনে রেখে সম্প্রতি জুলাই ঘোষণাপত্রের চূড়ান্ত খসড়া বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) বিভিন্ন দলকে পাঠিয়েছে অন্তর্বর্তী সরকার।

ঘোষণাপত্রের খসড়ায় ২৬টি দফা রয়েছে। প্রথম ২১ দফায় মহান মুক্তিযুদ্ধসহ বাংলাদেশের মানুষের অতীতের বিভিন্ন ঐতিহাসিক ও গণতান্ত্রিক সংগ্রাম থেকে শুরু করে জুলাই অভ্যুত্থানের পটভূমি বর্ণনা করা হয়েছে। পরের ৫টি দফায় রাষ্ট্রের গণতান্ত্রিক সংস্কারের আকাঙ্ক্ষা, আওয়ামী লীগ শাসনামলে গুম-খুন, গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ ও সব ধরনের নির্যাতন-নিপীড়ন ও রাষ্ট্রীয় সম্পত্তি লুণ্ঠনের অপরাধের দ্রুত উপযুক্ত বিচার, আইনের শাসন ও মানবাধিকার, দুর্নীতি, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার কথা বলা হয়েছে।

তামাবিল মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা,বাস খালে পড়ে আহত ২৮

0

জৈন্তাপুর প্রতিনিধি:

সিলেটের জৈন্তাপুর উপজেলার তামাবিল মহাসড়কের ফেরিঘাট এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে মারাত্মক সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে।

শুক্রবার (১ আগস্ট) সন্ধ্যায় ঘটে যাওয়া এই ঘটনায় অন্তত ২৮ জন যাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় থাকা ৭ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা গেছে, শুক্রবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে জাফলং থেকে ছেড়ে আসা গেইটলগ পরিবহনের একটি বাস (সিলেট মেট্রো-ব-১১-০০০৩) ৩২ জন যাত্রী নিয়ে সিলেটের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। রাত আনুমানিক ৭টা ৪০ মিনিটে বাসটি ফেরিঘাট এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষের পর বাসচালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি রাস্তার পাশে গভীর খালে পড়ে যায়।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা এবং জৈন্তাপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে।

আহতদের তাৎক্ষণিকভাবে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। পরে গুরুতর আহত ৭ জনকে উন্নত চিকিৎসার জন্য ওসমানী মেডিকেলে প্রেরণ করা হয়।

এ বিষয়ে তামাবিল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হাবিবুর রহমান জানান, “দুর্ঘটনার খবর পেয়ে আমাদের টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে অংশ নেয় এবং যান চলাচল স্বাভাবিক রাখতে পদক্ষেপ নেয়। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।

স্থানীয়ভাবে দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনা ও প্রশাসনের তাৎক্ষণিক উদ্যোগে দুর্ঘটনা-পরবর্তী পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে। হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় জনতার সম্মিলিত প্রচেষ্টা প্রশংসনীয় ভূমিকা রাখে।

এই দুর্ঘটনায় এলাকাবাসীর মাঝে গভীর উদ্বেগের সৃষ্টি হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তৎপরতায় পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়। একই সঙ্গে সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।
তারা বলেন, নিরাপদ সড়কের জন্য চালক, যাত্রী, প্রশাসনসহ সবার সম্মিলিত সচেতনতা ও দায়িত্ববোধই পারে ভবিষ্যতের দুর্ঘটনা কমিয়ে আনতে।

শাহবাগে জুলাই যোদ্ধা দাবিদার দুই পক্ষের সংঘর্ষ

0

আধুনিক ডেস্ক ::
নিজেদের ‘জুলাই যোদ্ধা’ দাবি করে বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল থেকে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে রেখেছিলেন একদল ব্যক্তি। টানা ৩২ ঘণ্টা অবরোধের পর শুক্রবার (১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আরেক দল ব্যক্তি নিজেদের ‘প্রকৃত জুলাই যোদ্ধা’ দাবি করে ওই অবরোধকারীদের ওপর হামলা করেন। তারা শাহবাগ মোড়ের চারপাশে রাখা ব্যারিকেড (প্রতিবন্ধকতা) সরিয়ে দেন। এর এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। তখন পুলিশ এসে দুই পক্ষকে লাঠিচার্জ করে সড়ক থেকে সরিয়ে দেয়। এরপর শাহবাগ মোড় দিয়ে পুরোদমে যান চলাচল শুরু হয়েছে।
পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম গণমাধ্যমকে বলেন, ‘জুলাই যোদ্ধা’ দাবি করে একদল লোক বৃহস্পতিবার সকাল থেকে শাহবাগ মোড় অবরোধ করে রেখেছিলেন। তাঁদের দফায় দফায় বুঝিয়েও সড়ক থেকে সরানো যায়নি। আজ সন্ধ্যায় জুলাই যোদ্ধা দাবি করে অন্য একটি দল শাহবাগে আসে। দুই পক্ষের মধ্যে মারামারি ও বিশৃঙ্খলা হয়। এমন পরিস্থিতিতে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়। নিরাপত্তার স্বার্থে পুলিশ দুই পক্ষকেই সড়ক থেকে সরিয়ে দিয়েছে। এরপর শাহবাগ মোড়ে যান চলাচল স্বাভাবিক হয়েছে।
জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের (আহত) ব্যানারে গতকাল সকাল সাড়ে ১০টায় শাহবাগ মোড় অবরোধ করা হয়। এতে ঢাকার ব৵স্ততম এই মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। সারা দিনের পর রাতেও সেখানে অবস্থান নিয়ে অবরোধ চালিয়ে যান আন্দোলনকারীরা। আজ সকালে বৃষ্টির মধ্যেও একদল আন্দোলনকারীকে শাহবাগ মোড় অবরোধ করে রাখতে দেখা যায়।
অবশ্য সকালে আন্দোলনকারীরা কম থাকায় ফার্মগেট–বাংলামোটর হয়ে যাওয়া গাড়িগুলো শাহবাগ মোড় দিয়ে মৎস্য ভবনের দিকে যেতে পারছিল। আবার কাঁটাবন থেকে আসা গাড়িগুলো বাংলামোটরমুখী সড়কে আসতে পারলেও মৎস্য ভবনের দিকে যেতে পারছিল না। শাহবাগ মোড় হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ও কাঁটাবন অভিমুখী সড়কেও যান চলাচল বন্ধ ছিল।
শাহবাগে এই অবরোধ কর্মসূচির আয়োজন করেছিল ‘জুলাই যোদ্ধা সংসদ’ নামের একটি সংগঠন। এই সংগঠনের আহ্বায়ক আরমান শাফিনের ভাষ্য, তাঁদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বহিরাগতরা অতর্কিত হামলা করেছে। হামলাকারীদের সঙ্গে পুলিশও ছিল। পুলিশ তাঁদের লাঠিচার্জ করেছে। এতে তাঁদের অন্তত ৮ জন আহত হয়েছেন। একজনের অবস্থা আশঙ্কাজনক। আরমান শাফিন বলেন, হামলাকারী বহিরাগত কারা সেটি তাঁরা জানেন না। তাঁরা আলোচনা করে এই হামলার প্রতিবাদে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন।

সিলেটে জুলাই স্মরণে ‘গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল’র দ্রোহ সমাবেশ

0

আধুনিক ডেস্ক:

‘রাষ্টের মেরামত নয় -চাই আমূল পরিবর্তন’ এই স্লোগানে সিলেট ‘ক্বিন ব্রিজ’ এলাকায় জুলাই স্মরণে ‘দ্রোহের সমাবেশ’ আয়োজন করা হয়।

শুক্রবার (১আগষ্ট) বিকেল সাড়ে তিনটায় একটি মিছিল শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ক্বিন ব্রিজের পাদদেশে একটি সমাবেশে মিলিত হয়৷

এসময় গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল সিলেট নগর এর সভাপতি তানজিনা বেগম এর সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক আয়শা আক্তার এর পরিচালনায় বক্তব্য রাখেন গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল এর কেন্দ্রীয় সভাপতি ছায়েদুল হক নিশান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুজয় শুভ, সিলেট নগর এর সহসভাপতি মেহেদী হাসান, নগর সাংগঠনিক সম্পাদক আবীর খান প্রমুখ৷ এছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন বন্ধুপ্রতিম সংগঠন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নগর সভাপতি সুমিত কান্তি পিণাক।বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদ এর সাধারণ সম্পাদক মাশরুখ জলিল।

সমাবেশে বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান গত পাঁচ দশকের প্রতিক্রিয়াশীল রাষ্ট্র কাঠামোর ভয়াবহ রূপ জনগণের সামনে উন্মোচিত করেছে । বঞ্চিত মানুষের যুগসঞ্চিত ক্ষোভের বহিঃপ্রকাশ ছিলো জনগণের অভ্যুত্থান। কিন্তু সহস্র প্রাণের বিনিময়েও কাঙ্ক্ষিত মুক্তি পাওয়া যায়নি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দেশজুড়ে দখলদারিত্ব, চাঁদাবাজী, নাগরিক অধিকারের ক্রম সংকোচন, শিক্ষাঙ্গনে অস্থিরতা, জানমালের নিরাপত্তাহীনতা, মজুরি বঞ্চিত শ্রমিকের গুলিবিদ্ধ দেহ, সরকারের সাম্রাজ্যবাদ তোষণ—প্রতিটি বিষয় সাক্ষ্য দেয় যে, অভ্যুত্থানে হাসিনা সরকারের পতন ঘটলেও ফ্যাসিবাদী ব্যবস্থার পতন হয়নি। জনগণের মৌলিক, মানবিক ও গণতান্ত্রিক অধিকার আদায় করতে হলে ফ্যাসিবাদী বুর্জোয়া ব্যবস্থার মেরামত নয়, চাই আমূল পরিবর্তন। এই পরিবর্তনের নেতৃত্বে থাকবে এ দেশের বিপুল অংশের শ্রমিক-কৃষক-সর্বহারা জনতা। গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল সমাজ প্রগতির এই সংগ্রামে সর্বাত্মক ভূমিকা রাখতে চায় ।

সমাবেশে বক্তারা জুলাই হত্যাকাণ্ডের বিচার, চা শ্রমিকের বকেয়া পরিশোধ, ভূমির অধিকার ও শ্রমিক সন্তানের শিক্ষার অধিকার, স্থায়ী জাতীয় শিক্ষা কমিশন গঠন, সংবিধানে শর্তহীনভাবে শিক্ষাকে মৌলিক অধিকার হিসাবে উল্লেখ করা,হ শাবিপ্রবি-এমসি কলেজসহ সকল ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন ও সকল আন্তর্জাতিক চুক্তি জনগণের সামনে প্রকাশ, সাম্রাজ্যবাদের স্বার্থ রক্ষাকারী সকল অসম প্রকল্প বাতিলের দাবি জানান।

শহীদদের স্মরণে শাবিপ্রবিতে প্রতীকী ম্যারাথন, অংশগ্রহণকারী ৪০০ জন

0

শাবি প্রতিনিধি:

জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অনুষ্ঠিত হয়েছে ‘রেইজ ফর জাস্টিস’ নামে প্রতীকী ম্যারাথন। এতে অংশ নিয়েছেন প্রায় ৪০০ অ্যাথলেট। বিশ্ববিদ্যালয়ের সামাজিক সচেতনতা বিষয়ক সংগঠন ‘ভয়েস ফর জাস্টিস’-এর উদ্যোগে এই ম্যারাথন অনুষ্ঠিত হয়।

শুক্রবার (১ আগস্ট) সকাল সাড়ে পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর এ প্রতীকী ম্যারাথনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড এ এম সরওয়ার উদ্দিন চৌধুরী। এসময় জুলাই আন্দোলনে শহীদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

এই ম্যারাথন কর্মসূচিতে অংশগ্রহণকারীদের জন্য মোট তিনটি ক্যাটাগরিতে দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়—২১.১ কিলোমিটার, ১০ কিলোমিটার এবং ৫ কিলোমিটার। প্রতিটি ইভেন্টেই শিক্ষার্থী ও সাধারণ অংশগ্রহণকারীদের জন্য ছিল পৃথক রেজিস্ট্রেশন ফি।

ম্যারাথনে বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. সাজেদুল করিম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইসমাইল হোসেন। এছাড়াও সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মোজাম্মেল হক, অধ্যাপক ড. ইফতেখার আহমেদ, সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আল আমিন, জিইবি বিভাগের ড. আবুল কালাম আজাদ, সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. আলী ওয়াক্কাস ও ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ রাজিক মিয়াসহ বিভিন্ন বিভাগের অধ্যাপক ও শিক্ষার্থীবৃন্দ।

সংগঠনটির সভাপতি মোমিনুর রশিদ শুভ বলেন, ‘নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে জুলাই আন্দোলনে হাজারো লোক শহীদ হয়েছেন। তাই জুলাই কেবল শোক নয়, এটি প্রতিবাদ, প্রতিরোধ ও স্বপ্ন দেখার সাহসের মাস। এই ম্যারাথন ন্যায়বিচার, মানবিকতা ও গণতন্ত্রের পক্ষে আমাদের অবস্থান তুলে ধরেছে।’

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি : সুস্পষ্ট কূটনৈতিক সাফল্য বললেন প্রধান উপদেষ্টা

0

আধুনিক ডেস্ক ::
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে বাংলাদেশের পণ্যের ওপর শুল্ক হার কমে আসায় একে ঐতিহাসিক চুক্তি আখ্যা দিয়ে বাংলাদেশের শুল্ক আলোচকদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, ‘এটি সুস্পষ্ট এক কূটনৈতিক সাফল্য’।

প্রধান উপদেষ্টা শুক্রবার (১ আগস্ট) এক অভিনন্দন বার্তায় বলেন, শুল্কহার ২০ শতাংশ করা হয়েছে, যা আগে আরোপিত শুল্ক হারের চেয়ে ১৭ শতাংশ কম। এর মাধ্যমে আমাদের আলোচকেরা অসাধারণ কৌশলগত দক্ষতা এবং বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থরক্ষা ও সেটাকে আরও এগিয়ে নেওয়ার ক্ষেত্রে অবিচল প্রতিশ্রুতি প্রদর্শন করেছেন।

প্রধান উপদেষ্টা আরও বলেন, আলোচকেরা এ বছরের ফেব্রুয়ারি থেকে নিরলসভাবে কাজ করে জটিল আলোচনাকে সফলভাবে এগিয়ে নিয়েছেন। যেখানে শুল্ক, অশুল্ক ও জাতীয় নিরাপত্তার ইস্যুগুলো অন্তর্ভুক্ত ছিল। আলোচনার মাধ্যমে অর্জিত এই চুক্তি আমাদের তুলনামূলক সুবিধা সংরক্ষণ করেছে। পাশাপাশি বিশ্বের বৃহত্তম ভোক্তা বাজারে প্রবেশাধিকার বৃদ্ধি ও আমাদের মূল জাতীয় স্বার্থ রক্ষা করেছে।’

প্রধান উপদেষ্টা আরও বলেন, এ অর্জন কেবল বাংলাদেশের বৈশ্বিক অঙ্গনে ক্রমবর্ধমান শক্তিকে তুলে ধরে না; বরং এটি বৃহত্তর সম্ভাবনা, ত্বরান্বিত প্রবৃদ্ধি ও দীর্ঘমেয়াদি সমৃদ্ধির পথ উন্মুক্ত করে।

বাংলাদেশের ভবিষ্যৎ নিঃসন্দেহে উজ্জ্বল উল্লেখ করে অধ্যাপক ইউনূস বলেন, ‘আজকের সাফল্য আমাদের জাতীয় দৃঢ়তা ও আগামী দিনের আরও শক্তিশালী অর্থনীতির সাহসী দৃষ্টিভঙ্গির একটি শক্তিশালী প্রমাণ।’

১৫ শতাংশ কমিয়ে বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক ২০ শতাংশ

0

আধুনিক ডেস্ক ::

বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর ২০ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বৃহস্পতিবার (৩১ জুলাই) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক নির্বাহী আদেশে নতুন এ হার ঘোষণা করা হয়। সবশেষ বাংলাদেশকে চিঠি দিয়ে ৩৫ শতাংশ পাল্টা শুল্কের কথা জানিয়েছিল মার্কিন প্রশাসন। সে হিসাবে শুল্ক ১৫ শতাংশ কমিয়ে নতুন হার ঘোষণায় করা হয়েছে।

ট্রাম্পের ওই নির্বাহী আদেশ হোয়াইট হাউসের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। আদেশে বাংলাদেশ ছাড়াও কয়েক ডজন দেশের ওপর মার্কিন শুল্কের হার তুলে ধরা হয়েছে। অন্য দেশগুলোর মধ্যে পাকিস্তানের ওপর ১৯ শতাংশ, আফগানিস্তানের ওপর ১৫, ভারতের ওপর ২৫, ব্রাজিলের ওপর ১০, ইন্দোনেশিয়ার ওপর ১৯, মালয়েশিয়ার ওপর ১৯, মিয়ানমারের ওপর ৪০, ফিলিপাইনের ওপর ১৯, শ্রীলঙ্কার ওপর ২০ ও ভিয়েতনামের ওপর ২০ শতাংশ শুল্ক আরোপ করেছে ওয়াশিংটন।

গত ২ এপ্রিল বাণিজ্য ঘাটতির কথা উল্লেখ করে বিশ্বের বিভিন্ন দেশের ওপর উচ্চ হারে পাল্টা শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তখন বাংলাদেশের ওপর ৩৭ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছিল। পরে ৯ এপ্রিল বিভিন্ন দেশের ওপর ওই শুল্ক তিন মাসের জন্য স্থগিত করা হয়। এ সময় শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিভিন্ন দেশকে আলোচনার সুযোগ দেয় ওয়াশিংটন।

যুক্তরাষ্ট্রের তিন মাসের সময়সীমা গত ৯ জুলাই শেষ হয়। এর আগের দিন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে চিঠি দিয়ে ট্রাম্প জানান, বাংলাদেশের পাল্টা শুল্ক ২ শতাংশ কমিয়ে ৩৫ শতাংশ করা হয়েছে। যদিও ৯ জুলাইয়ের পর পাল্টা শুল্ক কার্যকর করেনি মার্কিন প্রশাসন। শুল্কের হার কমাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বাণিজ্য চুক্তির জন্য ৩১ জুলাই পর্যন্ত বিভিন্ন দেশকে সময় দেওয়া হয়।

সেই সময়সীমা শেষে শুক্রবার (১ আগস্ট) থেকে নতুন শুল্ক কার্যকর হওয়ার কথা। সে হিসাবে আজ থেকে বাংলাদেশকে বর্তমানের গড় ১৫ শতাংশ ও নতুন পাল্টা শুল্ক ২০ শতাংশ, অর্থাৎ মোট ৩৫ শতাংশ শুল্ক দিয়ে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানি করতে হবে। তবে বিবিসির খবরে জানা গেছে কানাডা বাদে ৭ আগস্ট থেকে সব দেশে নতুন এই শুল্ক কার্যকর হবে।

পাল্টা শুল্ক নিয়ে আলোচনার জন্য বাংলাদেশের প্রতিনিধিদল বর্তমানে যুক্তরাষ্ট্র সফরে রয়েছে। শুল্ক কমাতে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির (ইউএসটিআর) সঙ্গে টানা তিন দিন আলোচনা করেন প্রতিনিধিদলের সদস্যরা। গত মঙ্গল ও বুধবারের পর গতকাল বৃহস্পতিবার তৃতীয় দিনের মতো আলোচনা করা হয়।

বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। এ ছাড়াও দলে ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, বাণিজ্যসচিব মাহবুবুর রহমান ও বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাজনীন কাউসার চৌধুরী।

গোপালগঞ্জে অনেকের জীবননাশের হুমকি ছিল, আত্মরক্ষার্থে বলপ্রয়োগ করা হয়েছে : সেনাসদরের ব্রিফিং

0

আধুনিক ডেস্ক ::

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অনেকের জীবননাশের হুমকি ছিল বলে জানিয়েছে সেনা সদর। তারা বলেছে, সেই ব্যক্তিদের জীবন বাঁচানোর জন্যই সেনাবাহিনী সহায়তা করেছে। আত্মরক্ষার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলপ্রয়োগে বাধ্য হয়েছে। এখানে জীবন বাঁচানোই মূল লক্ষ্য ছিল, অন্য কিছু নয়।

বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে সেনা সদরের এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলা হয়েছে। ঢাকা সেনানিবাসের অফিসার্স মেস-এ-তে অনুষ্ঠিত এই ব্রিফিংয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ সমসাময়িক বিভিন্ন বিষয়ে কথা বলেন সেনাবাহিনীর মিলিটারি অপারেশনসের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজিম-উদ-দৌলা এবং সেনা সদরের মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেটের কর্নেল স্টাফ কর্নেল মো. শফিকুল ইসলাম।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজিম-উদ-দৌলা বলেন, ‘প্রত্যেকটি জীবন মূল্যবান। যেকোনো কারণেই হোক, কোনো জীবনহানি ঘটবে এটা আমরা আশা করি না। গোপালগঞ্জে যে ঘটনাটি ঘটেছে, এটা অবশ্যই দুঃখজনক। কিন্তু কোন প্রেক্ষাপটে ঘটেছে, কেন সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলপ্রয়োগ করতে হয়েছে, সে ব্যাপারেও সরকারের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’

গোপালগঞ্জে সেনাবাহিনীর তৎপরতাসংক্রান্ত এক প্রশ্নের জবাবে নাজিম-উদ-দৌলা বলেন, ‘কোনো দলকে নয়, কোনো ব্যক্তিকে নয়, বরং যাদের জীবন হুমকির মুখে পড়েছে, সেটি বিবেচনা করেই তাদেরকে উদ্ধার করেছি। ইতিপূর্বেও একই কাজ করেছি। কোনো দল নয়, জীবন রক্ষার্থেই এই কাজটি করতে হয়েছিল।’

নাজিম-উদ-দৌলা আরও বলেন, সেনাবাহিনীর আয়ত্তের ভেতরে আছে, কাছাকাছি বা দায়িত্বের ভেতরে আছে এমন সময় কারও জীবন বিপন্ন হবে, এ সময় সেনাবাহিনী চুপ থাকতে পারে না। এ ক্ষেত্রে যে কারও বিষয়ে আমাদের অবস্থান একই। ‘সিনিয়র লিডারশিপের’ (ঊর্ধ্বতন নেতৃত্বের) নির্দেশনা একইভাবে দেওয়া। কোনো একটা জীবন মৃত্যুর মুখোমুখি হয়েছে, এ সময় তাকে মৃত্যুর মুখে রেখে বা তার প্রতি নজর না দিয়ে সেনাবাহিনী দাঁড়িয়ে থাকতে পারে না। অবশ্যই সেনাবাহিনীর জন্য জীবন রক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেই কাজটিই করেছি এবং করব।

সেনাবাহিনীর মিলিটারি অপারেশনসের পরিচালক বলেন, ‘একটা বিপৎসংকুল সময় আমরা পার করছি। এ অবস্থা থেকে উত্তরণের জন্য সবার সহযোগিতা দরকার। আমরা যেন সম্মিলিতভাবে কাজ করে এ অবস্থা থেকে উত্তরণ ঘটাতে পারি।’

গোপালগঞ্জের ঘটনার বিষয়ে আগাম কোনো তথ্য ছিল কি না, থাকলে ব্যবস্থা নেওয়া গেল না কেন—এসব বিষয়ে সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর বক্তব্য জানতে চাওয়া হয়। জবাবে সেনা কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, ‘যেকোনো রাজনৈতিক দল কোথায় তাদের সভা, সমাবেশ বা বৈঠক করবে এটা মূলত স্থানীয় প্রশাসন ও পুলিশের কাছ থেকে ক্লিয়ারেন্স নিতে হয়। এ বিষয়ে তারা জানত, আমাদের কাছে আগাম কোনো তথ্য ছিল না।’

গোপালগঞ্জে প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার নিয়ে অভিযোগের বিষয়ে এক প্রশ্নের জবাবে কর্নেল স্টাফ কর্নেল শফিকুল ইসলাম বলেন, ‘এটা একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ছিল। যেখানে শুধু ইটপাটকেল নিক্ষেপ করা হয়নি, ককটেল নিক্ষেপ করা হয়েছে। সেখানে জীবননাশের হুমকি ছিল। তখন আত্মরক্ষার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলপ্রয়োগ করতে বাধ্য হয়েছে। এখানে প্রাণঘাতী কোনো অস্ত্রের ব্যবহার করা হয়নি।’

এনসিপির প্রসঙ্গ উল্লেখ করে এক সাংবাদিক জানতে চান একটি রাজনৈতিক দলের ক্ষেত্রে সেনাবাহিনীর বিশেষ কোনো দুর্বলতা আছে কি না—জবাবে এই সেনা কর্মকর্তা বলেন, ‘বিশেষ কোনো দলের ক্ষেত্রে সেনাবাহিনীর আলাদা কোনো নজর নেই। দায়িত্ব পালনের ক্ষেত্রে সবাই সমান। তবে যেখানে জনদুর্ভোগ ও জীবননাশের হুমকি থাকে সেখানে সেনাবাহিনী কঠোর হয়। জনসাধারণকে সহায়তা করে থাকে। সেখানে (গোপালগঞ্জ) সেনাবাহিনী যদি সঠিকভাবে দায়িত্ব পালন না করত, তাহলে আরও হতাহত বা জীবননাশের শঙ্কা থাকত। সেই হিসেবে সেনাবাহিনী সেটা করেছে।’

ফ্যাসিবাদ, উগ্রবাদ যাতে মাথাচাড়া দিতে না পারে : তারেক রহমান

0

আধুনিক ডেস্ক ::

আগামী জাতীয় নির্বাচন দেশের প্রতিটি নাগরিকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ‘দেশে যাতে আর কখনো ফ্যাসিবাদ, উগ্রবাদ, চরমপন্থা মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে বিষয়ে নারীসমাজকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। আমি বাংলাদেশের মা-বোনদের আহ্বান জানাই, আপনারা সচেতন ও সজাগ থাকুন। বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ মিলনায়তনে ‘ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নারীদের অবদান’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন তারেক রহমান। তিনি লন্ডন থেকে সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হন। জুলাই গণ–অভ্যুত্থানের বার্ষিকীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল এই আলোচনা সভার আয়োজন করে।

ভবিষ্যতের রাজনৈতিক পটভূমিতে নারীসমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ হবে উল্লেখ করে সভায় তারেক রহমান বলেন, ‘আমরা চাই, একজন মায়ের চোখে যেমন বাংলাদেশ হওয়া উচিত, তেমনই একটি ইনসাফভিত্তিক, গণতান্ত্রিক ও নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে।’

তারেক রহমান বলেন, দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার সংগ্রামে যেসব পরিবার আপনজন হারিয়েছে, তাদের আত্মত্যাগের প্রতি অবিচার করা হচ্ছে। এসব পরিবারে একজন পুরুষ সদস্যের মৃত্যুর পর একজন নারী যেভাবে প্রতিদিন সংসার টেনে নিয়ে যাচ্ছেন, তা এক অনবদ্য সংগ্রাম।

নারীর ক্ষমতায়নের বিষয়ে তারেক রহমান বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারীকে রাষ্ট্র এবং রাজনীতির মূলধারার বাইরে রেখে কখনোই নিরাপদ বাংলাদেশ গঠন সম্ভব নয়। নারীশক্তিকে কর্মপরিকল্পনার বাইরে রেখে কোনো রাষ্ট্রই এগিয়ে যেতে পারে না। তিনি বলেন, নারী-পুরুষ ভেদাভেদ না করে সবাইকে শিক্ষা ও দক্ষতার মাধ্যমে গড়ে তুলতে হবে।

নারীর অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে তারেক রহমান বলেন, নারীদের স্বাবলম্বী করা গেলে বৈষম্য কমবে, পারিবারিক সহিংসতাও রোধ হবে। তাই বিএনপির স্লোগান হচ্ছে—‘ক্ষমতায়িত নারীশক্তি, পরিবারের মুক্তি।’

তারেক রহমান বলেন, বিএনপি আগামী দিনে ক্ষমতায় এলে প্রান্তিক ৫০ লাখ পরিবারের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালু করবে। এই কার্ড নারীদের নামে ইস্যু করা হবে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রান্তিক পরিবারগুলোকে প্রতি মাসে রাষ্ট্রের পক্ষ থেকে আর্থিক বা খাদ্যসহায়তা দেওয়া হবে। এর মাধ্যমে নারীর ক্ষমতায়ন ঘটবে এবং পরিবারগুলো ধীরে ধীরে স্বাবলম্বী হবে।

তারেক রহমানের বক্তব্যের আগে সভায় একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এই তথ্যচিত্রে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নারীদের অবদান তুলে ধরা হয়।

সভাপতির বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আফরোজা খানম বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নারীদের ভূমিকা ছিল অসামান্য। এই লড়াইয়ে সবচেয়ে সাহসী ভূমিকা রেখেছে নারীসমাজ।

যাঁরা রক্ত-অশ্রু ও আত্মত্যাগের মাধ্যমে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ইতিহাস সৃষ্টি করেছেন, সেই নারীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস।

সভায় আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান ও সেলিমা রহমান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য তাজমেরি এস এ ইসলাম ও তাহসীনা রুশদির, বিএনপির স্বনির্ভরবিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক শামীমা সুলতানা ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সিনিয়র সহসভাপতি তানিয়া রব প্রমুখ।

এ ছাড়া বক্তব্য দেন মায়ের ডাকের সমন্বয়ক সানজিদা ইসলাম, টক শো উপস্থাপক হাসিনা আখতারের ধারণ করা বক্তব্য সভায় প্রচার করা হয়। সভার সঞ্চালক ছিলেন মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ ও যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান। সভায় শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা জানানো হয়।

জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় জি এম কাদেরের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা

0

আধুনিক কাগজ ::
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের ও দপ্তর সম্পাদক মাহমুদ আলমের বিরুদ্ধে দলীয় সব ধরনের সাংগঠনিক কার্যক্রমের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। বুধবার (৩০ জুলাই) ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মো. নুরুল ইসলাম এ আদেশ দেন।

আদালত এ বিষয়ে জাতীয় পার্টির নেতৃত্বের বিরোধ নিয়ে হাইকোর্ট বিভাগে বিচারাধীন থাকা একটি রিট পিটিশনের (১৫০৫১) উল্লেখ করেন। আদালত বলেছেন, ‘মামলাটি বর্তমানে হাইকোর্ট বিভাগের শুনানির জন্য প্রস্তুত অবস্থায় বিচারাধীন আছে। এ পর্যায়ে কারও পক্ষে দলীয় কোনো সিদ্ধান্ত গ্রহণ বা সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করা সমীচীন নয় মর্মে আদালতের নিকট প্রতীয়মান হয়।’

সংশ্লিষ্ট নেতারা বলছেন, আদালতের এই পর্যবেক্ষণের ফলে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এ পর্যন্ত যাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছেন, তা আইনিভাবে বৈধ নয়। ফলে তিনি সম্প্রতি দলের জ্যেষ্ঠ কো চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, কো চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার ও মহাসচিব মুজিবুল হক (চুন্নু), কেন্দ্রীয় নেতা সোলাইমান আলম শেঠ, জহিরুল ইসলাম, নাজমা আক্তার, মোস্তফা আল মাহমুদ ও দপ্তর সম্পাদক আবদুর রাজ্জাক খানসহ যে ১১ জন নেতাকে অব্যাহতি দিয়েছিলেন, তাঁরা স্বপদে বহাল রইলেন।

আদালতের এ আদেশে সন্তুষ্টি প্রকাশ করেছেন জাতীয় পার্টির কো চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার। তিনি বলেন, ‘জাতীয় পার্টি কখনোই একক ব্যক্তির মালিকানাধীন সংগঠন নয়। এটি দেশের লাখো মানুষের আশা-আকাঙ্ক্ষার রাজনৈতিক প্ল্যাটফর্ম। আজ আদালতের রায়ে সেই প্ল্যাটফর্ম আবারও গণতন্ত্রের পথে ফিরেছে। মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। দেশবাসী ও জাতীয় পার্টির সর্বস্তরের নেতা-কর্মীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। সত্যের জয় হোক, অহংকারের পরাজয় হোক।’

হাওলাদার আরও বলেন, সত্যকে নিশ্চিহ্ন করা যায় না এবং দলীয় গঠনতন্ত্রকে পায়ের নিচে ফেলা যায় না। স্বৈরতন্ত্র, কর্তৃত্ববাদ এবং অবৈধ ক্ষমতা দখলের রাজনীতির বিরুদ্ধে এটি একটি কঠোর বার্তা।

কথা বলে জানা গেছে, গতকাল বুধবার আদালতের এই আদেশ পেয়ে রাতে গুলশানে বৈঠকে বসেন আনিসুল ইসলাম মাহমুদ, রুহুল আমিন হাওলাদার ও মুজিবুল হকসহ এই পক্ষের জ্যেষ্ঠ নেতারা। সবাই দলের সর্বস্তরের নেতা-কর্মীদের নিয়ে বৃহত্তর ঐক্য গড়ে পল্লিবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের স্বপ্নের জাতীয় পার্টি গড়ে তোলার ব্যাপারে একমত হয়েছেন।