Home Blog Page 166

ফ্যাসিবাদী সরকারের কাছে আমরা আমাদের নাগরিকত্ব সঁপে দিয়েছিলাম : শিক্ষা উপদেষ্টা

0

আধুনিক রিপোর্ট ::

শিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. চৌধুরী রফিকুল আবরার বলেছেন, জুলাইয়ে গণ-অভ্যুত্থানের মাধ্যমে আমরা জাতি হিসেবে পুনর্জন্ম লাভ করেছি। ১৭ বছর ফ্যাসিবাদী সরকারের কাছে আমরা আমাদের নাগরিকত্ব সঁপে দিয়েছিলাম। গুম, খুন, আয়নাঘর, বিচারহীনতার মধ্য দিয়ে চলছিল বাংলাদেশ। ছাত্র-জনতা এর থেকে পরিত্রাণ দিয়েছে। এ অর্জন ম্লান হতে দেওয়া যাবে না। বুধবার সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন-২০২৫ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সিকৃবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম, সিলেট বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. এটিএম মাহবুব-ই-ইলাহী।

উপস্থিত ছিলেন ডিন কাউন্সিলের আহ্বায়ক প্রফেসর ড. মো. নজরুল ইসলাম, প্রভোস্ট কাউন্সিলের আহ্বায়ক প্রফেসর ড. মোহাম্মদ কাওছার হোসেন, প্রক্টর প্রফেসর ড. জসিম উদ্দিন আহাম্মদ, রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আসাদ-উদ-দৌলা প্রমুখ।

শিক্ষার্থীসহ সংশ্লিষ্টদের উদ্দেশে শিক্ষা উপদেষ্টা ড. আবরার বলেন, গত ফ্যাসিস্ট যে দাসত্বের সংস্কৃতি চালু করেছিল, আমরা সেখান থেকে বেরিয়ে এসেছি। আমাদের মাঝে বিভাজন তৈরি না করে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার কাজে নিয়োজিত থাকতে হবে। বিশ্ববিদ্যালয়গুলোকে দলীয় লেজুড়বৃত্তিক কেন্দ্র থেকে বের হয়ে আসতে হবে। নতুন বাংলাদেশে তোমরা আপন স্বকীয়তায় উপস্থাপন করবে। রাজনৈতিক দলগুলো কিভাবে তাদের কার্যক্রম পরিচালনা করবে তা তোমরা নির্ধারণ করবে। ধৈর্যশীল ও রুচিশীলতার পাশাপাশি উন্নতমানের বিবেকবান ও সুন্দর মনের মানুষের পরিচয় তোমাদের দিতে হবে।

স্কুলছাত্র হত্যায় ৮ জনের ফাঁসি, ৭ জনের যাবজ্জীবন

0

আধুনিক রিপোর্ট ::

সিলেটের বিশ্বনাথে চাঞ্চল্যকর স্কুলছাত্র সুমেল হত্যা মামলায় ৮ জনের মৃত্যুদণ্ড ও ৭ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (৩০ জুলাই) দুপুরে সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালত এই রায় ঘোষণা করেন। এছাড়াও আরও ১৭ জন আসামির ২ বছর করে কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। মামলায় মোট ৩২ জন আসামির মধ্যে একজন পলাতক রয়েছেন। আদালতের এপিপি কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন- সাইফুল, নজরুল, সদরুল, সিরাজ, জামাল, শাহিন, আব্দুল জলিল ও আনোয়ার। যাবজ্জীবন দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন- ইলিয়াছ, আব্দুন নুর, জয়নাল, আশিক, আছকির, ফরিদ ও আকবর।

জানা যায়, ২০২১ সালের ১ মে বিশ্বনাথের চৈতননগর গ্রামের নজির উদ্দিনের ক্ষেতের জমি থেকে জোর করে রাস্তায় মাটি তুলতে চান যুক্তরাজ্য প্রবাসী সাইফুল আলম। এসময় তাকে বাধা দেন নজির উদ্দিন, তার চাচাতো ভাই মানিক মিয়া ও ভাতিজা ১০ম শ্রেণিতে পড়ুয়া সুমেল মিয়া। এতে বাগবিতণ্ডার একপর্যায়ে সাইফুল আলমের বন্দুকের গুলিতে সুমেল মিয়া নিহত হয়। এসময় সুমেলের বাবা ও চাচাসহ ৪ জন গুলিবিদ্ধ হন।

ঘটনার পর সুমেলের চাচা ইব্রাহিম আলী সিজিল বাদী হয়ে ২৭ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন। তৎকালীন বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত কর্মকর্তা রমা প্রসাদ চক্রবর্তী চাঞ্চল্যকর এ মামলার দীর্ঘ তদন্ত শেষে ৩২ জনের বিরুদ্ধে চার্জশিট আদালতে দাখিল করেন। মামলায় মোট ২৩ জন সাক্ষী সাক্ষ্য দেন।

গত ১৩ জুলাই মামলাটি যুক্তিতর্ক শেষে বুধবার রায় ঘোষণার দিন ধার্য করা হয়। ওইদিন আদালত ৩০ জন আসামিকে কারাগারে পাঠান। মামলায় ৩২ জন আসামির মধ্যে এজাহারভুক্ত আসামি মামুনুর রশীদ পলাতক রয়েছেন। এছাড়া প্রধান আসামি সাইফুল আটকের পর থেকে প্রায় পৌনে ৪ বছর ধরে কারাগারে আছেন।

সেই রিয়াদের বাসা থেকে সোয়া ২ কোটি টাকার চেক উদ্ধার: পুলিশ

0

আধুনিক ডেস্ক ::

চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঢাকা মহানগরের সাবেক জ্যেষ্ঠ সংগঠক ও কেন্দ্রীয় ক্রীড়া সেলের সদস্য আব্দুর রাজ্জাক বিন সুলাইমান ওরফে রিয়াদের বাসা থেকে ২ কোটি ২৫ লাখ টাকার চেক উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩০ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তালেবুর রহমান বলেন, চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার রিয়াদের বাসা থেকে মোট ২ কোটি ২৫ লাখ টাকার ৪টি চেক উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, সোমবার রাতে বৈষ্যম্যবিরোধী আন্দোলনের নেতা আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদের নাখালপাড়ার বাসায় অভিযান চালানো হয়। এ অভিযানে দুই কোটি ২৫ লাখ টাকার চেক উদ্ধার করা হয়। একইসঙ্গে প্রায় ২০ লাখ টাকার এফডিআর নথি উদ্ধার করা হয়।

সম্প্রতি সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় গিয়ে সমন্বয়ক পরিচয় দিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন পাঁচ যুবক। সাবেক এমপি পলাতক থাকায় তার স্বামীর কাছে এ চাঁদা দাবি করা হয়। কয়েকদিন আগে তারা ওই বাসায় গিয়ে ১০ লাখ টাকা নিয়ে আসেন। এরপর তারা আবার ওই বাসায় যান স্বর্ণালংকার আনতে। সেসময় বাড়ির লোকজন পুলিশকে খবর দিলে রিয়াদসহ সমন্বয়ক পরিচয় দেওয়া পাঁচজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় শাম্মি আহমেদের স্বামী সিদ্দিক আবু জাফর গুলশান থানায় ছয়জনকে এজাহারনামীয় আসামি করে চাঁদাবাজির অভিযোগে মামলা করেন। মামলায় আসামিদের ১০ দিনের রিমান্ড চায় পুলিশ। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমান তাদের সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন।

আধুনিক কাগজ’র ইজি টকে আরিফুল হক চৌধুরী : সিলেট এখনও বৈষম্যের শিকার

0

আধুনিক রিপোর্ট ::

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, সিলেট এখনও বৈষম্যের শিকার। দেশের প্রতিটি সেক্টরে সিলেট পিছিয়ে ও অবহেলিত। সচিব পর্যায়ে সিলেটিদের অবস্থান ৩৪ এ বা এর নীচে। কিন্তু বিএনপি যতবার দেশ পরিচালনায় এসছে ততোবার সিলেটের উন্নতি হয়েছে। এইবারও যদি জনগণ বিএনপিকে নির্বাচিত করে ইনশা আল্লাহ উন্নতি আরো হবে।
মঙ্গলবার (২৯ জুলাই) আধুনিক কাগজের মঈন উদ্দিনের সঞ্চালনায় ‘ইজি টকে’ তিনি এ কথা বলেন।
তিনি বলেন, দেশের সাধারণ মানুষ, সচেতন মানুষ যারা আছেন তাদের মাঝে সন্দেহ ও উৎকণ্ঠা তৈরী হয়েছে এই অন্তর্বর্তী সরকারের এক বছরে। প্রথমদিকে অন্তর্বর্তী সরকারের প্রতি মানুষের যে সমর্থন ছিলো, যে প্রত্যাশা ছিলো বিশেষ করে প্রধান উপদেষ্টার প্রতি এখন সেটা ধূয়াশার সুষ্টি করেছে। দেশকে সঠিকভাবে পরিচালনা করতে হলে সাধারণ নির্বাচনের বিকল্প নেই।
নতুন দল এনসিপি নিয়ে তিনি বলেন, তরুন নেতৃত্বকে আমি সবসময় স্বাগত জানাই। কিন্তু এই দলকে পেছন থেকে যারাই ইন্দন দিচ্ছে মানুষ তাদের চিনে। এনসিপির যে ছেলেগুলো আন্দোলন করেছে তাদের সঙ্গে দেশের প্রতিটি দলের তরুণরা ছিলো। শেষ পর্যন্ত আপামর জনতা তাদের সাথে মাঠে নেমেছিলো।
আওয়ামী লীগের আমলে মেয়র হিসেবে দশ বছর সিটি কর্পোরেশন পরিচালনা বিষয়ে তিনি বলেন, সিলেট রাজনীতির অনন্য উদাহরণ আমাদের পূর্ব পরুষের আমলে ছিলো এখনো আছে। কিন্তু আমরা যারা বিএনপি তারা বিএনপিই ছিলাম আর তারা আওয়ামী লীগই ছিলো।

দোয়ারাবাজারে স্কুল ক্যাম্পাসে দলীয় ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ

0

দোয়ারাবাজার প্রতিনিধিঃ

সুনামগঞ্জের দোয়ারাবাজারে সমুজ আলী উচ্চবিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসে দলীয় ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা। একই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যম ঘোষণা দিয়ে পদত্যাগ করেছেন উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নবগঠিত কমিটির ছাত্রদল নেতারা।

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার সুরমা ইউনিয়নের সমুজ আলী উচ্চবিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে বর্তমান ও সাবেক সাধারণ ছাত্রজনতা।

এর আগে গত ২৭ জুলাই (রোববার) সন্ধায় সুনামগঞ্জ জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মুমিত ইসলাম ও সদস্য সচিব তারেক মিয়া স্বাক্ষরিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্যাডে দোয়ারাবাজার উপজেলার প্রতিটা স্কুল অ্যান্ড কলেজ ও আলিম মাদ্রাসা ছাত্রদলের আহ্বায়ক কমিটির তালিকা প্রকাশ করা হয়। প্রত্যন্ত অঞ্চলের এসব শিক্ষাপ্রতিষ্ঠানে দলীয় ছাত্ররাজনীতির কমিটি প্রকাশ হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ওঠে নানান সমালোচনার ঝড়। এতে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা নিন্দা জানিয়ে স্কুল-মাদ্রাসা হতে ইসলামিক শিক্ষা’র বাহিরে এসব রাজনীতি কর্মকাণ্ড বন্ধের দাবি জানান।

বিক্ষোভে সমুজ আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা বলেন, ‘শিক্ষাঙ্গনে দলীয় রাজনীতি ছাত্রদের দুর্বৃত্ত বানায়’, ‘মত-পথ-রাজনীতি যারা যার, দেশ-শিক্ষাঙ্গন সবার’, ‘শিক্ষাঙ্গনে দলীয় সংঘাত ধ্বংসাত্মক, শিক্ষাঙ্গন থাকুক মুক্ত নিরাপদ’, ‘শিক্ষাঙ্গন দলীয় রাজনীতির স্থান নয়’, ‘শিক্ষাঙ্গন দলীয় আধিপত্যের জায়গা নয়’, ‘শিক্ষা প্রতিষ্ঠানকে দলীয় রাজনীতির আখড়া করে যারা, জীবন-দেশ-শিক্ষার শত্রু তারা’ ইত্যাদি স্লোগানে আল্টিমেটাম দেয় শিক্ষার্থীরা।

বক্তারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের রাজনীতির চর্চা অবশ্যই থাকবে, থাকতে হবে তবে সেটা হতে হবে কেবল অ্যাকাডেমিক ও সঙ্ঘাতমুক্ত এবং নিরাপদ সৌহার্দ্যমূলক। প্রতিষ্ঠানে কোনো রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের দলীয় সাংগঠনিক মাঠের রাজনীতির কর্মসূচি ভয়ংকর ধ্বংসাত্মক, যা কেবল গুণ্ডাতন্ত্র প্রতিষ্ঠিত করে প্রতিষ্ঠানকে ধ্বংস করে। শিক্ষা প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য দলীয় রাজনীতি নয় এবং শিক্ষা প্রতিষ্ঠানকে সব অবাঞ্ছিত সংঘাত ও দলীয় আধিপত্য থেকে মুক্ত না রাখলে শিক্ষা প্রতিষ্ঠানের আসল উদ্দেশ্য ধ্বংস হয়ে অসৎ স্বার্থের বিপজ্জনক হাতিয়ার হয়ে যাবে।

বিক্ষোভকারী সমুজ আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের বর্তমান, সাবেক ও প্রাক্তন শিক্ষার্থীদের দাবি, সমুজ আলী উচ্চবিদ্যালয় ও কলেজে অতীতে কোনো রাজনৈতিক কর্মকান্ড ছিলো না। এবং বর্তমান বা ভবিষ্যতেও কোনো রাজনৈতিক কর্মকান্ড চলতে দেয়া হবে না। সাধারণ শিক্ষার্থীদের হুমকি ও থ্রেড দিয়েছে যারা তাদের বক্তব্যের প্রতি ক্ষোভ জানিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

আগামীকাল থেকে ২৪ চব্বিশ ঘণ্টার আলটিমেটাম দিয়ে শিক্ষার্থীরা বলেন, ছাত্রদল নেতা আল আমিন চৌধুরি, ইসতিয়াক আজাদ রাফি কর্তৃক সাধারণ শিক্ষার্থীকে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে। তাদের এমন বক্তব্য প্রত্যাহার করে জন জনসম্মুখে ক্ষমা চাইতে হবে। অন্যথায় কঠিন কর্মসূচির ডাক দিতে বাধ্য হবে সাধারণ শিক্ষার্থীরা।

এদিকে, কমিটির তালিকা প্রকাশের সাথে সাথে উপজেলার বড়খাল স্কুল অ্যান্ড কলেজ ছাত্রদলের কমিটি অবৈধ আর্থিক লেনদেনের মাধ্যমে হয়েছে দাবি করে রোববার রাতেই বিক্ষোভ মিছিল করে বাংলাবাজার ইউনিয়ন ছাত্রদল। এতে তারা অভিযোগ তুলেন,অসৎ পন্থায় বড়খাল স্কুল অ্যান্ড কলেজ ছাত্রদলের কমিটি করা হয়েছে। যে কমিটির সভাপতি হয়েছে সে নিজেও জানে না যে কিভাবে কলেজ ছাত্রদলের সভাপতি হলো।

এতে বঞ্চিত হয়েছে উপযুক্ত ত্যাগীরা। এ সময় বক্তব্য রাখেন বাংলাবাজার ইউনিয়ন ছাত্রদল সভাপতি শিব্বির আহমদ, সাংগঠনিক সম্পাদক আহমেদ রামিম সানি, ইউনিয়ন ও কলেজ শাখার ছাত্রদলের কর্মীরা।

এতে সোমবার নবগঠিত বড়খাল স্কুল অ্যান্ড কলেজ ছাত্রদলের সভাপতি মাসুম রেজা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজে স্বেচ্ছায় পদত্যাগ করে বলেন, বড়খাল স্কুল অ্যান্ড কলেজের বর্তমান নতুন কমিটির সভাপতি পদ আমাকে দেয়া হয়েছে। তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি সকলের প্রতি। কিন্তু আমার পরিবার এই রাজনীতিতে আমাকে কঠোরভাবে নিষেধাজ্ঞা দিয়েছে, আমি যেনো কোনো প্রকার রাজনীতিতে যুক্ত না থাকি। ইতিমধ্যে আমি পারিবারিকভাবে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছি। আমার পরিবার আমাকে বার বার বলতেছে এসব রাজনীতি থেকে সরে যাওয়ার জন্যে।

এতে আমি সকল বিষয় বিবেচনা করে আমি আমার স্বজ্ঞানে, নিজ ইচ্ছায় এই কলেজ কমিটি থেকে অব্যাহত নিচ্ছি ।

আমার কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করবেন, আমার পরিবারের বিরুদ্ধে গিয়ে আমার পক্ষে কিছু করা সম্ভব না সুতরাং এই বিষয় দয়া করে আর কেউ আমাকে কোনো প্রকার জিজ্ঞাসাবাদ বা প্রশ্ন করবেন না, আমার জন্য দোয়া করবেন ভবিষ্যতে যেনো ভালো কিছু করতে পারি, ধন্যবাদ সবাইকে, ভুল ত্রুটি ক্ষমা করবেন। আর সকলের স্নেহ ও ভালোবাসায় সব সময় রাখবেন।

একই সময়ে উপজেলার দোহালিয়া ইউনিয়নের প্রগতি স্কুল অ্যান্ড কলেজ শাখা ছাত্রদলের নবগঠিত কমিটির সাংগঠনিক সম্পাদক মোনায়েম ওয়াসিফ মিকদাদ সামাজিক যোগাযোগমাধ্যমে পদত্যাগের ঘোষণা দিয়ে লিখেন, আমি মোনায়েম ওয়াসিফ মিকদাদ, প্রগতি স্কুল অ্যান্ড কলেজ দোহালিয়ার একজন সাধারণ ছাত্র। আমি আজকে অত্যন্ত বিস্মিত ও বিব্রত হয়েছি যখন শুনলাম আমাকে ছাত্রদলের কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়েছে। আমি এই বিষয়ে কোনো রকম অবগত নই, আমাকে জিজ্ঞাসাও করা হয়নি, এবং আমি এই কমিটির সাথে কোনো সম্পর্কও রাখি না। আমার পরিবার আমাকে এই কলেজে ভর্তি করানোর অন্যতম প্রধান কারণ ছিল এখানকার রাজনীতি মুক্ত পরিবেশ। আমিও নিজে কখনো কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত হইনি এবং আগ্রহীও না।কমিটিতে আমার নাম ব্যবহারে প্রতিবাদ জানাই এবং অনুরোধ করছি যেন আমার নাম এই ধরনের কর্মকাণ্ড থেকে অবিলম্বে প্রত্যাহার করা হয়।

শিক্ষকদের দৃষ্টি আমার প্রতি যেভাবে পরিবর্তিত হয়েছে, তা আমাকে কষ্ট দিয়েছে। আমি একজন ছাত্র হিসেবে শুধুমাত্র আমার পড়াশোনায় মনোযোগ দিতে চাই এবং কোনো রাজনৈতিক পরিচয়ে পরিচিত হতে চাই না। সবাইকে অনুরোধ, কেউ যেন ভুল বোঝাবুঝি না করেন। আমি নই রাজনীতির অংশ, আমি শুধু একজন শিক্ষার্থী।

অন্যদিকে, স্কুল ক্যাম্পসে এমন দলীয় ছাত্ররাজনীতি বন্ধে বিবৃতি দিয়েছেন উপজেলার সমুজ আলী উচ্চবিদ্যালয় ও কলেজ এবং দ্বীনেরটুক দারুল কোরআন আলিম মাদ্রাসা কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানের প্যাডে প্রকাশিত বিবৃতিতে তারা লেখেন, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম জাতীয়তাবাদী ছাত্রদল সমুজ আলী উচ্চবিদ্যালয় ও কলেজ শাখা এবং দ্বীনেরটুক দারুল কোরআন আলিম মাদ্রাসা শাখা নামে একটি কমিটি কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়েছে। যা ইতোপূর্বে কখনো হয়নি। এর পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত গ্রহণ করেছেন যে প্রাতিষ্ঠানিক স্বার্থে ওই প্রতিষ্ঠান সম্পন্ন রাজনীতি মুক্ত থাকবে। সাংগঠনিক কোন কমিটি এখানে রাজনৈতিক কোন কার্যক্রম পরিচালনা করতে পারবে না।

তত্ত্বাবধায়ক নিয়ে একমত হলেও প্রধান উপদেষ্টা মনোনয়নের প্রক্রিয়ায় মূল বিরোধ: আলী রীয়াজ

0

আধুনিক ডেস্ক ::

নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে রাজনৈতিক দলগুলো একমত হলেও এই সরকারের রূপরেখা নিয়ে ঐকমত্য হয়নি। আজকের আলোচনায় ঐকমত্য কমিশন রূপরেখা নিয়ে একটি সংশোধিত প্রস্তাব দেয়। তবে সেটি নিয়ে ঐকমত্য হয়নি। প্রস্তাবে প্রধান উপদেষ্টা নিয়োগের জন্য কয়েকটি ধাপে বিকল্পের কথা আছে। মঙ্গলবার (২৯ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের ২১তম দিনের আলোচনা শেষে সাংবাদিকদের কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ এসব কথা বলেন ।

আলী রীয়াজ বলেন, তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে কমিশনের প্রস্তাবে অংশগ্রহণকারী তিন-চতুর্থাংশ দল একমত হয়েছে। মূল বিরোধ এখন প্রধান উপদেষ্টা মনোনয়নের প্রক্রিয়া নিয়ে।

মঙ্গলবারের আলোচনায়—তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা, মহাহিসাব নিরীক্ষক ও ন্যায়পাল নিয়োগের সাংবিধানিক বিধান এবং জাতীয় সংসদে নারী প্রতিনিধিত্বের কাঠামো নিয়ে আলোচনা হয়।

তত্ত্বাবধায়ক সরকারের প্রধান নিয়ে ঐকমত্য কমিশন আজ নতুন করে প্রস্তাব উপস্থাপন করে। কমিশনের সংশোধিত প্রস্তাবে বলা হয়েছে, প্রধান উপদেষ্টা মনোনয়নে একটি পাঁচ সদস্যের বাছাই কমিটি গঠিত হবে। কমিটিতে থাকবে প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা, স্পিকার, ডেপুটি স্পিকার (বিরোধী দলের) ও দ্বিতীয় বৃহত্তম বিরোধী দলের একজন প্রতিনিধি। যদি এই কমিটি ঐকমত্যে পৌঁছাতে না পারে, তবে প্রধান বিচারপতির মনোনীত দুই বিচারপতিকে যুক্ত করে সাত সদস্যের কমিটি গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। এই কমিটি ‘র‍্যাঙ্ক-চয়েস’ভোটিংয়ের মাধ্যমে সিদ্ধান্ত নেবে।

এই র‍্যাঙ্ক-চয়েস প্রক্রিয়া নিয়ে বিএনপি আপত্তি জানিয়েছে। দলটির দাবি, এর পরের ধাপ কী হবে, সেটা ঠিক করার বিষয়টি আগামী সংসদের ওপর ছেড়ে দেওয়া উচিত। অন্যদিকে জামায়াত ও এনসিপি বিচারপতিদের অন্তর্ভুক্তি ও ভোটিং প্রক্রিয়াকেই নিরপেক্ষতা নিশ্চিত করার সর্বোত্তম উপায় হিসেবে দেখছে।

নারী প্রতিনিধিত্ব নিয়ে আলোচনা ছিল দিনটির উল্লেখযোগ্য অগ্রগতি। সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন ৫০ থেকে বাড়িয়ে ১০০টি করা এবং সরাসরি ভোটের বিধান করার প্রস্তাব দিয়েছিল সংস্কার কমিশন। কিন্তু তাতে ঐকমত্য না হওয়ায় কমিশন নতুন প্রস্তাব দেয়। তাতে বলা হয়, ৩০০ সাধারণ আসনের মধ্যে দলগুলো এক-চতুর্থাংশ বা এক-পঞ্চমাংশ আসনে নারী প্রার্থী মনোনয়ন দেবে। তবে আজকেও এ বিষয়ে ঐকমত্য হয়নি।

অধ্যাপক আলী রীয়াজ বলেন, ‘আমরা প্রায় ঐকমত্যের কাছাকাছি এসেছি। আগামীকাল কমিশনের পক্ষ থেকে লিখিত প্রস্তাব দেওয়া হবে। আশা করছি তা অধিকাংশ দলের কাছে গ্রহণযোগ্য হবে।’

মহাহিসাব নিরীক্ষক ও ন্যায়পাল নিয়োগের ক্ষেত্রে সংবিধানে কমিটি গঠনের বিধান সংযুক্তির প্রস্তাবে এখনো ঐকমত্য হয়নি। তবে অধিকাংশ দল কমিশনের প্রস্তাবের পক্ষে মত দিয়েছে। ন্যায়পালের নিয়োগ কার্যকর করার বিষয়ে দলগুলো একমত হলেও বিএনপি ও তার কয়েকটি মিত্র দল সংবিধানে নতুন বিধান না এনে বিদ্যমান আইনকে শক্তিশালী করার প্রস্তাব দিয়েছে।

অধ্যাপক আলী রীয়াজ আরও জানান, দ্বিতীয় পর্যায়ের আলোচনার পাশাপাশি প্রথম পর্যায়ে যেসব বিষয়ের ওপর ঐকমত্য হয়েছিল, তার একটি তালিকা আগামীকাল রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে। এ ছাড়া জাতীয় সনদের খসড়ার একটি কপি ইতিমধ্যে দলগুলোকে দেওয়া হয়েছে। সংশোধনের পর বুধবারই (৩০ এপ্রিল) এ অংশটির নিষ্পত্তি করার আশা করা হচ্ছে।

জুলাই সনদের বিষয়ে আশাবাদ ব্যক্ত করে আলী রীয়াজ বলেন, ‘আমরা এখনো আশাবাদী যে ৩১ জুলাইয়ের মধ্যে জাতীয় ঐকমত্য সনদের পূর্ণাঙ্গ রূপ দাঁড় করাতে পারব। সব দলই কোনো না কোনোভাবে সমঝোতার দিকে এগোচ্ছে, এটি ইতিবাচক দিক।’

আজকের আলোচনায় অংশ নিয়েছিল বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি), গণসংহতি আন্দোলনসহ ৩০টি রাজনৈতিক দল।

আলোচনায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, বদিউল আলম মজুমদার, ইফতেখারুজ্জামান ও আইয়ুব মিয়া।

ছাতকের পাইগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হেনা বরখাস্ত

0

ছাতক প্রতিনিধিঃ

সুনামগঞ্জের ছাতকে আর্থিক অনিয়ম ও দায়িত্ব অবহেলার দায়ে পাইগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হেনাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সুত্র জানায় আবু হেনা প্রথম শিক্ষকতা শুরু করেন উপজেলার কালারুকা ইউনিয়নের হাজী কমর আলী উচ্চ বিদ্যালয়ে। ২০০৭ সালে দশম শ্রেণীর টেস্ট পরিক্ষায় গনিত ও ইংরেজির প্রশ্নপত্র ফাসের অভিযোগ উটে ওই শিক্ষকের বিরুদ্ধে। পরে তিনি অন্যত্র বদলী হওয়ার শর্তে ক্ষমা চান। এ বিষয়ে একই বছরের ১৬ জানুয়ারী বিদ্যালয়ের রেজুলেশনে এ সংক্রান্ত একটি তথ্য লিপিবদ্ধ করা হয়।

পরে উপজেলা শিক্ষক সমিতির সভাপতি বাবু দিগেন্দ্র তালুকদারের সহযোগিতায় তিনি উপজেলার আজমত আলী উচ্চ বিদ্যালয়ে যোগদান করেন। ওখানেও বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠলে এলাকাবাসির সাথে বিরোধ সৃষ্টি হয়। পরে উপজেলার মল্লিকপুর এসি,এস,ডি,পি উচ্চ বিদ্যালয়ে বদলী হন। সেখানে দুই বছর কর্মরত থাকা অবস্থায় তার বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ উটে। এরপর ওই শিক্ষককে পুনরায় বদলী করা হয় উপজেলার শিংচাপইড় ইউনিয়নের একতা উচ্চ বিদ্যালয়ে। সেখানেও আর্থিক অনিয়মের অভিযোগ উঠলে তৎকালীন ইউনিয়ন চেয়ারম্যান সাহাব উদ্দিন শাহেলের কাছে লাঞ্ছিত এই শিক্ষক।
সর্বশেষ তিনি জাউয়াবাজার ইউনিয়নের পাইগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককের দায়িত্ব পালনকালে পুনরায় অর্থিক অনিয়ম ও দায়িত্ব অবহেলা সহ নানা অভিযোগ উঠে।

এ বিষয়ে গত ৫ ফেব্রুয়ারী উপজেলার লক্ষণসোম গ্রামের মৃত হাজী ফজলুল হকের ছেলে দীন মোহাম্মদ সাদিক,ছাতক উপজেলা নির্বাহী অফিসার বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেন ওই শিক্ষকের বিরুদ্ধে। অভিযোগের প্রেক্ষেতি গত ১০ ফেব্রুয়ারী ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তরিকুল ইসলাম। দীর্ঘ তদন্ত শেষে শিক্ষক আবু হেনার বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও দায়িত্ব অবহেলার সত্যতা পায় তদন্ত কমিটি। যে কারনে গত ২৭ জুলাই ওই শিক্ষককে বিধি মোতাবেক সাময়িক বরখাস্ত করা হয়।

সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তরিকুল ইসলাম।

পিতৃপরিচয় শনাক্তে আদালতের নির্দেশে কবর থেকে শিশুর লাশ উত্তোলন

0

বিয়ানীবাজার প্রতিনিধি:

সিলেটের বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের টিকরপাড়ায় মৃত্যুর দুই মাস পর পিতৃ পরিচয় শনাক্তের জন্য দুইদিনের নবজাতকের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে। এ ঘটনায় উপজেলা জুড়ে কৌতুহলের সৃষ্টি করে।

গতকাল মঙ্গলবার সকাল ১১টায় সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানজীর হোসাইন সজীব আদালতের নির্দেশে বিয়ানীবাজার ও জুড়ি থানা পুলিশের সহযোগিতায় কবর থেকে শিশুটির মরদেদ উত্তোলন করে ডিএনএ নমুনা সংগ্রহ করেন।

স্থানীয়রা জানান, বিয়ানীবাজারের লাউতা ইউনিয়নের টিকরপাড়া গ্রামের সিএনজি অটোরিকশা চালক জসিম উদ্দিন তাঁর মেয়ে মৌলভীবাজারের জুড়ি উপজেলার ভবানীপুর গ্রামের এক বাড়িতে গৃহস্থালির কাজ করতেন। তিনি যেখানে কাজ করতেন সে এলাকার মাহিন আহমেদ নামে এক যুবক রাজমিস্ত্রীর কাজ করতো। সেই যুবকের সঙ্গে গভীর প্রেমের সম্পর্ক গড়ে উঠে জসিম উদ্দিনের মেয়ের। সেই সম্পর্কের ফলে গর্ভধারণ ও পরবর্তীতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে একটি ছেলে শিশুর জন্ম হয়। নবজাতক জন্মের দুইদিন পর মারা গেলেন উভয় পরিবারের সম্মতিতে বিয়ানীবাজারের টিকরপাড়ার স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। কিন্তু এ ঘটনার পর থেকেই মাহিন আহমেদ বাচ্চা ও তার মাকে অস্বীকার করে। পরবর্তীতে ভুক্তভোগী নারী সিলেটের নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করলে আদালতের নির্দেশে ডিএনএ পরীক্ষার জন্য শিশুটির মরদেহ উত্তোলন করে নমুনা সংগ্রহ করা হয়।

ভুক্তভোগী মেয়ের বাবা জসিম উদ্দিন জানান, মেয়ের গর্ভে সন্তান এ খবর পেয়ে মেয়ের সাথে কথা বলে সে সময় জুড়ি থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের। স্থানীয় সালিশ ব্যক্তিবর্গ ও অভিযুক্ত মাহিনের পরিবার সমঝোতায় প্রস্তাব দিলে মেয়ে তার অনাগত সন্তানের ভবিষ‍্যৎ বিবেচনা করে আপোষ করি।মেয়ের গর্ভের সন্তান ভূমিষ্ট হওয়ার দুইদিন পর মারা যায়। মরদেহ দাফনের পর থেকে স্ত্রী হিসাবে আমার মেয়েকে গ্রহণে অস্বীকৃতি জানায় মাহিন ও তার পরিবার। কোন উপায় না পেয়ে আদালতের দ্বারস্থ্য হলে আদালত পিতৃপরিচয় শনাক্তে ডিএনও পরীক্ষার নমুনা সংগ্রহ করার নির্দেশ দেন

জসিম উদ্দিন জানান, আমি একজন হতদরিদ্র। সিএনজি অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করি। আমি বিজ্ঞ আদালতের কাছে মেয়ের প্রাপ্য সম্মানটুকু ফেরত চাই।

লাশ উত্তোলন শেষে সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানজীর হোসাইন সজীব জানান, আদালতের নির্দেশক্রমে দুই মাস আগে মারা যাওয়া দুইদিনের একজন নবজাতক শিশুর লাশ উত্তোলন করেছি। মূলত ডিএনএ পরীক্ষার জন্য আমরা নমুনা সংগ্রহ করেছি।

ওসমানীনগরে সমন্বয়ক ও জামায়াত নেতা পরিচয়ে প্রশাসনকে হুমকী, অত:পর কারাগারে

0

ওসমানীনগর প্রতিনিধি:

সিলেটের ওসমানীনগরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক ও জামায়াত নেতা পরিচয়ে সরকারি কর্মকর্তাদের হুমকী এবং অনৈতিক কাজ করাতে বল প্রয়োগ ও সরকারি কাজে বাধা সৃষ্টি করার অপরাধে এক যুবককে ২ মাসের কারাদন্ড দিয়ে আদালতে প্রেরণ করেছে ভ্রাম্যমান আদালত।

কারাদণ্ড প্রাপ্ত যুবকের নাম মোঃ মাহবুবুর রহমান (৩২)। সে ওসমানীনগরের সাদীপুর ইউনিয়নের আব্দুর রাজ্জাকের পুত্র।

সোমবার দুপুরে ভ্রাম্যমান আদালতে সে দোষ স্বীকার করলে তাকে এই দন্ড প্রদান করেন ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদীন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মাহবুবুর নিজেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ওসমানীনগর শাখার আহবায়ক ও জায়ামাত নেতা পরিচয় দিয়ে অনিয়মতান্ত্রিকভাবে জায়গার নামজারি করে দেয়ার জন্য উপজেলা সহকারী কমিশনার (ভূমি)সহ অন্যান্য কর্মকর্তাদের বল প্রয়োগ ও হুমকী প্রদান করে আসছিল। কাজ না করে দিলে ছাত্রদের নিয়ে অফিস ঘেরাও ও মব সৃষ্টি করে ভাঙচুর করার হুমকীও দেয়। সোমবার ভুমি অফিসে উপস্থিত হয়ে কর্মকর্তাদের আবারো হুমকী প্রদান করলে তাকে ভ্রাম্যমান আদালতের মুখোমুখি করা হয়। ভাম্যমান আদালতের বিচারকের কাছে সে দোষ স্বীকার করে জবানবন্দি দেয়। এই কাজে তাকে ডাঃ আব্দুল লতিফ ও আমান আহমদ প্ররোচণা দিয়েছেন বলে জানায়। আদালত তাকে দন্ডবিধির ১৮৬ ধারায় ২ মাসের কারাদন্ড ও ৫শ টাকার অর্থদন্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করেন।

এ বিষয়ে ওসমানীনগর উপজেলা জামায়াতের সেক্রেটারি আনহার আহমদ বলেন, জামায়াতের পরিচয় যে কেউ দিলে তো আর সে জামায়াত হয়ে যায় না। সে তো আমাদের তালিকায় থাকতে হবে। এই নামে জামায়াতের তালিকায় কেউ নেই।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদীন এর সত্যতা নিশ্চিত করে বলেন, মাহবুবুর নিজেকে জামায়াত নেতা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয় দিয়ে এসিল্যান্ডসহ অন্যান্য কর্মকর্তাদের হুমকী প্রদানসহ সরকারি কাজে বাধা সৃষ্টি করে আসছিল। সোমবার অফিসে এসে আবারও হুমকী প্রদান করে। ভ্রাম্যমান আদালতের কাছে সে দোষ স্বীকার করায় তাকে আইননগত ভাবে আদালত বসিয়ে দন্ড প্রদান করে আদালতে প্রেরণ করা হয়েছে।

ছাতকে লাফার্জ হোলসিমরে বিরুদ্ধে কৃষি জমি ও পরিবেশ ধ্বংসের অভিযোগ

0

ছাতক প্রতিনিধিঃ

সুনামগঞ্জের ছাতকে সুরমা নদীর পাড়ে অবস্থিত ফ্রান্সভিত্তিক মাল্টিন্যাশনাল কোম্পানি লাফার্জ হোলসিম সিমেন্ট কোম্পানি লিমিটেডের বিরুদ্ধে পরিবেশ ধ্বংসের অভিযোগ উঠেছে।

দীর্ঘদিন থেকেই কোম্পানিটির সিমেন্ট উৎপাদনের নামে স্থানীয় কৃষকদের ফসলি জমির মাটি কাঁচামাল হিসেবে ব্যবহার করে এলাকার শতশত একর কৃষি জমি ধবংশের অভিযোগ উটেছে।

যে কারণে এলাকার কয়েক হাজার কৃষক বেকার হয়ে পড়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। তবে সম্প্রতি কারখানার ভেতরে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ (সিসিআর) এলাকায় একটি কয়লা বিদ্যুৎ প্রকল্প নির্মাণের কাজ চলছে। এতে বিদ্যুৎ উৎপাদনের জন্য দেশের বিভিন্ন মিল-কারখানার পরিত্যক্ত বর্জ্য এবং পৌরসভা ও সিটি করপোরেশনের আবর্জনা স্তূপ আকারে কারখানার ভেতরে মজুত রাখা হচ্ছে। ফলে এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে, যা স্থানীয়দের বাসাবাড়িতে অবস্থান ও পথচারীদের চলাচলে ভয়াবহ অবস্থার সৃষ্টি হচ্ছে। ফলে কোম্পানিটির বিরুদ্ধে আবারো নতুন করে পরিবেশ ও কৃষি জমি ধবংসের অভিযোগ উটেছে।

এ বিষয়ে স্থানীয় যুব সংগঠন নাগরিক পরিবেশ ও যুব সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, কারখানার বায়ু দূষণের ফলে স্থানীয় বাসিন্দারা মারাত্মক স্বাস্থ্যঝুঁকির মুখে পড়েছেন। ফলে শ্বাসকষ্ট, অ্যালার্জি, চর্মরোগসহ নানা জটিল রোগে আক্রান্ত হচ্ছে শিশু, কিশোর, নারী ও বৃদ্ধরা। ইতিমধ্যে বায়ু দূষণের কারণে দুইজন ব্যক্তি ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে ছাতক গোবিন্দগঞ্জের একাদিক সিএনজি চালক ও স্থানীয় লোকজন জানান এসব বর্জ ট্রাকে করে রাস্তা দিয়ে নিয়ে যাওয়ার সময় আশপাশ এলাকায় দুর্গন্ধ ছড়ায়।

এসময় রাস্তায় ও গাড়িতে থাকা লোকজন হাত দিয়ে নাকমুখ ঢেকে রাখেন। নাগরিক পরিবেশ ও যুব সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক আইনুল আহমদ জানান, “কারখানার ভেতরে যখন বর্জ্য ব্যবস্থাপনার মেশিন চালু করা হয়, তখন আশপাশের পরিবেশ এতটাই দূষিত হয়ে পড়ে যে, দুর্গন্ধে মানুষ বসবাস করতে পারে না।

বারবার কর্তৃপক্ষকে অবহিত করা হলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। এ বিষয়ে ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, লাফার্জ হোলসিমের বিরুদ্ধে স্থানীয়দের বিস্তর অভিযোগ রয়েছে। আমরা কিছু নির্দেশনা দিয়েছিলাম। তারা জানিয়েছে, পর্যায়ক্রমে সমাধান করবে। আমি স্পষ্ট করে বলে দিয়েছি পরিবেশের ক্ষতি হলে কোনো ছাড় দেওয়া হবে না।

লাফার্জ হোলসিম সিমেন্টের মিডিয়া সমন্বয়ক তৌহিদুল ইসলাম জানান, লিখিত অভিযোগের বিষয়টি এখনো তিনি জানেন না,তবে প্লান্টে খোঁজখবর নিয়ে তিনি জানাবেন।