শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব’র সাথে বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার বিষয়ক সংগঠন ‘সাস্ট ক্যারিয়ার ক্লাব’র নবগঠিত কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শাবি প্রেসক্লাবের সভাপতি জুবায়েদুল হক রবিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাঈম আহমদ শুভর সঞ্চালনায় বক্তব্য রাখেন ক্যারিয়ার ক্লাবের সভাপতি রাফিদ উল ইসলাম।
তিনি বলেন, সাস্ট ক্যারিয়ার ক্লাব শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তুলতে বিভিন্ন সেমিনার, জব ফেস্ট, গবেষণা কর্মশালা, পাবলিক স্পিকিং, নেতৃত্ব তৈরি ও দলগতভাবে কাজ করার মতো কার্যক্রম আয়োজন করে আসছে। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে। পাশাপাশি তিনি শাবি প্রেসক্লাবকে অতীতের ন্যায় আগামীতেও পাশে থাকার প্রত্যাশা ব্যক্ত করেন।
নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে প্রেসক্লাব সভাপতি জুবায়েদুল হক রবিন বলেন, প্রতিষ্ঠার পর থেকেই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে ক্যাম্পাসে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছেন শাবি প্রেসক্লাবের সাংবাদিকরা। ক্যাম্পাসের বিভিন্ন সংকট, সম্ভাবনা, উদ্ভাবন ও উন্নয়নমূলক কর্মকাণ্ডসহ বিভিন্ন বিষয় পত্রিকায় ফুটিয়ে তোলার চেষ্টা অব্যাহত রয়েছে। ক্যারিয়ার ক্লাবও শিক্ষার্থীদের দক্ষতা ও সৃজনশীলতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে মনে করি। এতে সাংবাদিকরা তাদের যথাসাধ্য সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন তিনি।
সভায় আরও উপস্থিত ছিলেন সাস্ট ক্যারিয়ার ক্লাবের সহ-সভাপতি সাইফুল্লাহ মোহাম্মদ সাব্বির, সাধারণ সম্পাদক সাদিয়া আক্তার সানি, জনসংযোগ সম্পাদক নাজিফা নাওয়ার ঈশিকা ও সংগঠনের অন্য সদস্যবৃন্দ এবং প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সাগর হাসান শুভ্র, দপ্তর সম্পাদক নূর আলম, কার্যকরী সদস্য মো. মোফাজ্জল হক ও সাগর হোসেন জাহিদ প্রমুখ।
সিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ পাথর কোয়ারির পাথর ও সাদাপাথর লুট ও চুরির ঘটনায় মামলায় ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৬ আগস্ট) সকালে কোম্পানীগঞ্জে একটি পাথরবাহী ট্রাকসহ ২ জন ও কালাইরাগ থেকে তিনজনকে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার করেছে। বিষয়টি আধুনিক কাগজকে নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) সুজন কর্মকার।
পুলিশ জানায়, খনিজ সম্পদ অধিদপ্তরের দায়েরকৃত মামলায় কালাইরাগ গ্রামে অভিযান চালিয়ে তিন জন। অন্যদিকে ক্রাশ করা সাদা পাথর ট্রাকযোগে নিয়ে যাওয়ার সময় চেকপোস্টে ডাম্প ট্রাক ভর্তি সাদা পাথরসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, কোম্পানীগঞ্জের কালাই রাগ গ্রামের মৃত সিকন্দর আলীর ছেলে মোহাম্মদ কামাল মিয়া পিচ্চি কামাল (৪৫), কালাইরাগ গ্রামের কামাল মিয়ার ছেলে মোঃ আবু সাঈদ (২১), নাজিরের গাও এলাকার মৃত মনফর আলী ছেলে মোঃ আবুল কালাম (৩২),কোম্পানীগঞ্জের লাছুখালের ইমান আলী, একই গ্রামের শহীদ মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম ( ৩৫)।
কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) সুজন কর্মকার আধুনিক কাগজকে বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি পাথরবাহী ট্রাকসহ দুইজন ও কালাইরাগ থেকে ৩ জনকে গ্রেফতার করেছি। আসামীদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
এর আগে, সিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ পাথর কোয়ারির পাথর লুট ও চুরির ঘটনায় ১ হাজার ৫০০ জনকে আসামি করে মামলা করেছে খনিজ সম্পদ মন্ত্রণালয়। শুক্রবার (১৫ আগস্ট) রাতে অজ্ঞাতনামা এসব আসামির বিরুদ্ধে কোম্পানিগঞ্জ থানায় মামলা করা হয়।
থানা সূত্রে জানা যায়, খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ আনোয়ারুল হাবীব এ মামলা করেন। খনি ও খনিজ সম্পদ (নিয়ন্ত্রণ ও উন্নয়ন) আইন, ১৯৯২-এর ধারা ৪ (২) (ঞ) এবং খনি ও খনিজ সম্পদ বিধিমালা, ২০১২-এর বিধি ৯৩ (১) লঙ্ঘিত এ মামলাটি করা হয়।
মামলার বিবরণে বলা আছে, অজ্ঞাতনামা কিছু দুষ্কৃতকারী গত বছরের ৫ আগস্ট থেকে পরবর্তী সময়ে গেজেটভুক্ত পাথর কোয়ারি হতে অবৈধ ও অননুমোদিতভাবে কোটি কোটি টাকার পাথর লুটপাট করা হয়েছে মর্মে বিভিন্ন জাতীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। যারা এ ঘটনায় জড়িত রয়েছে, তাদের পরিচয় শনাক্ত করা যায়নি।
কোনো ধরনের চুক্তি ছাড়াই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে বহুল আলোচিত আলাস্কা বৈঠক শেষ হয়েছে। বৈঠকের পর উভয় নেতাই আলাস্কা ছেড়েছেন। যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের অ্যাঙ্কোরেজ শহরের একটি সামরিক ঘাঁটিতে শুক্রবার প্রায় তিন ঘণ্টা দীর্ঘ এ বৈঠক শেষে পুতিনের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। পরে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, তাদের বৈঠকে আলোচনায় অগ্রগতি হলেও এখনো লক্ষ্যে পৌঁছাতে পারেননি তারা। তবে তিনি এটিও বলেছেন, পরবর্তীতে এ নিয়ে অগ্রগতি অর্জনের জন্য খুব ভালো সুযোগ রয়েছে।
যৌথ এই সংবাদ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বলেছেন, ইউক্রেন যুদ্ধ বন্ধ হোক তা তিনিও আন্তরিকভাবে চান। একই সাথে তিনি বলেছেন, যুদ্ধ বন্ধের জন্য এই যুদ্ধের ‘মূল কারণগুলোও’ নিরসন করতে হবে। সংবাদ সম্মেলনে দুই নেতাই বক্তব্য দিলেও তারা সাংবাদিকদের কাছ থেকে কোন প্রশ্ন নেননি। বৈঠকের পর যুক্তরাষ্ট্রের গণমাধ্যম ফক্স নিউজকে দেওয়া একটি সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, খুব ভালো বৈঠক হয়েছে।
বহুল আলোচিত এই বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে আমন্ত্রণ জানানো হয়নি। ট্রাম্প জানিয়েছেন যে আলোচনা শেষে তিনি জেলেনস্কি এবং ইউরোপীয় নেতাদের সাথে ফোনে কথা বলবেন।
এদিকে এই বৈঠকের এই নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে ক্রেমলিন। ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ট্রাম্প ও পুতিন বৈঠকটি ছিল খুবই ইতিবাচক।
প্রায় তিন ঘণ্টার বৈঠক শেষে আলাস্কা ছেড়েছেন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার দুই প্রেসিডেন্টই। শুরুতেই রাশিয়ার প্রেসিডেন্ট তাকে বহনকারী উড়োজাহাজে ওঠেন। পুতিন বিমানে ওঠার মিনিট দশেক পরে ট্রাম্পও তাকে বহনকারী বিমানে চড়েন। এর কিছুক্ষণের মধ্যেই উড়োজাহাজ দুটি নিজ নিজ গন্তব্যের উদ্দেশে রওনা করে।
এর আগে স্থানীয় সময় শুক্রবার বেলা ১১টার দিকে আলাস্কার এলমেনডর্ফ-রিচার্ডসন সামরিক ঘাঁটিতে পুতিনকে বহনকারী উড়োজাহাজ অবতরণ করেন। এর কিছুক্ষণ আগেই আগেই ট্রাম্পকে বহনকারী উড়োজাহাজও সেখানে এসে পৌঁছায়। বিমানবন্দরে পুতিনকে লালগালিচায় উষ্ণভাবে বরণ করে নেন ট্রাম্প। এরপর মার্কিন প্রেসিডেন্টের গাড়িতে করে দুই নেতা বৈঠকস্থলে যান। সেখানে তাদের মধ্যে ঘণ্টা তিনেকের বৈঠক হয়। বৈঠকে দুই দেশের পক্ষ থেকে আরও দুজন করে কর্মকর্তা উপস্থিত ছিলেন।
রুদ্ধদ্বার বৈঠক শেষে ট্রাম্প ও পুতিন যৌথ সংবাদ সম্মেলনে আসেন। তারা বৈঠক ‘ফলপ্রসূ’ হয়েছে বলে মন্তব্য করেন। কিন্তু রাশিয়া–ইউক্রেন যুদ্ধবিরতি বা এ যুদ্ধ বন্ধের চুক্তি নিয়ে সুনির্দিষ্ট কোনো ঘোষণা আসেনি। তবে ট্রাম্প ও পুতিন শিগগির আবার দেখা করতে পারেন, এমন একটি ইঙ্গিতের মধ্য দিয়ে সংবাদ সম্মেলন শেষ হয়। পুতিন বলেন, তাদের পরবর্তী বৈঠক হতে পারে মস্কোয়।
বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে শত শত সাংবাদিক উপস্থিত ছিলেন। তাদের কোনো প্রশ্ন না নিয়েই সংবাদ সম্মেলনস্থল ত্যাগ করেন উভয় নেতা।
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) জাতীয়তাবাদী ছাত্রদলের দুটি গ্রুপ পৃথকভাবে দোয়া মাহফিলের আয়োজন করেছে।
শুক্রবার (১৫ আগস্ট) বাদ আছর একদল ছাত্রদল নেতা সভাপতি রাহাত জামান ও সাধারণ সম্পাদক নাঈম সরকারের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এবং অন্যদল সিনিয়র সভাপতি মোহাম্মদ সোহাগের নেতৃত্বে শাহপরান হলের মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় মসজিদের দোয়া মাহফিলে ছাত্রদল সভাপতি রাহাত জামান বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতির ইতিহাসে অনন্য নাম, যিনি দৃঢ়তা, প্রজ্ঞা ও ত্যাগের মাধ্যমে গণতন্ত্রের জন্য আজীবন লড়াই করেছেন।তিনি প্রমাণ করেছেন একজন নারীও জাতীয় নেতৃত্বের সর্বোচ্চ শিখরে দাঁড়িয়ে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারেন। বেগম জিয়ার রাজনৈতিক দূরদৃষ্টি, আপসহীন মনোভাব এবং জনগণের প্রতি অগাধ ভালোবাসা তাঁকে যুগের পর যুগ প্রাসঙ্গিক করে রেখেছে। বাংলাদেশের গণতন্ত্র, উন্নয়ন ও স্বাধীনতার প্রতিটি অধ্যায়ে তাঁর অবদান অমলিন। আমরা গর্ব করি যে, আমাদের প্রজন্ম একজন খালেদা জিয়াকে দেখেছে, যিনি সত্যিকারের জনগণের নেতা।”
সাধারণ সম্পাদক নাঈম সরকার বলেন, “ শাবিপ্রবি ছাত্রদলের পক্ষ থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ৮১তম জন্মবার্ষিকীর আন্তরিক শুভেচ্ছা জানাই। আমরা তাঁর দ্রুত রোগমুক্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।” তিনি আরও বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন সংগ্রাম ও অবিচল নেতৃত্ব এই দেশের মানুষের গণতন্ত্র পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তিনি আজীবন গণতন্ত্র, মানুষের অধিকার ও ন্যায়বিচারের পক্ষে লড়ে গেছেন, যা আমাদের জন্য প্রেরণার উৎস হয়ে আছে। শাবিপ্রবি ছাত্রদল তাঁর স্বপ্নের গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার পথে অঙ্গীকারবদ্ধ।”
শাহপরান হল মসজিদে অনুষ্ঠিত অন্য গ্রুপের দোয়া মাহফিলে সিনিয়র সভাপতি মোহাম্মদ সোহাগ বলেন, “আজকের মাহফিল শুধু একজন নেত্রীর জন্মদিন নয়, তাঁর সংগ্রামী জীবন, দেশপ্রেম ও গণতন্ত্রের জন্য ত্যাগকে স্মরণ করার মুহূর্ত। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সাহস, সততা ও ন্যায়ের প্রতীক। আমরা তাঁর দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি। প্রতিটি নেতা-কর্মীর দায়িত্ব হলো সংগঠনকে শক্তিশালী ও ঐক্যবদ্ধ রাখা। গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে সাহস ও নিষ্ঠা নিয়ে কাজ করতে হবে। রাজনৈতিক মতভেদ থাকলেও স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষায় অবস্থান স্পষ্ট ও দৃঢ় রাখতে হবে। ঐক্যবদ্ধ ছাত্রদলই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার অগ্রদূত হবে—এই বিশ্বাসে দেশ ও মানুষের কল্যাণে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানাই। আল্লাহ আমাদের সবাইকে সত্যের পথে অবিচল রাখুন।”
কেন্দ্রীয় মসজিদের দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, নর্থইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড ইঞ্জিনিয়ার মো ইকবাল, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড মো সাজেদুল করিম, জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড আসরাফ উদ্দিন, অধ্যাপক ড মো সাইফুল ইসলাম, অধ্যাপক ড রেজওয়ান আহমদ, অধ্যাপক ড শাহ মো আতিকুল হক, অধ্যাপক ড মো মুরাদ, অধ্যাপক ড শফিকুল ইসলাম, অধ্যাপক ড মো মঞ্জুর উল হায়দার, অধ্যাপক ড মো আসরাফ সিদ্দিকি, অধ্যাপক ড ইফতেখার আহমদসহ ছাত্রদলের শাবিপ্রবি শাখার সকল নেতৃবৃন্দ।
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নে ফুটবল খেলা কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুইজন নিহত এবং একাধিক ব্যক্তি আহত হয়েছেন।
শুক্রবার (১৫ আগস্ট) বিকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতরা হলেন,আব্দুল মতিন, বীরাঙ্গনা কাকন বিবির মেয়ের জামাই। আকবর, দুজনেই লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিকেলে অনুষ্ঠিত ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নিলে আব্দুল মতিন ও আকবর গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।
দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন,আমরা ঘটনাস্থলে আছি, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
সংঘর্ষে আরও কয়েকজন আহত হয়েছেন। তাদের দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি শান্ত রাখতে পুলিশ অতিরিক্ত সতর্ক অবস্থানে রয়েছে।
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিনে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে অধ্যাপক ইউনূসের পক্ষ থেকে পাঠানো একটি ফুলের তোড়া গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ‘ফিরোজা’য় পৌঁছে দেওয়া হয়।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের বলেন, ‘আপনারা জানেন, গণতন্ত্রের মা, তিনবারের প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আজ জন্মদিন। তিনি নিজে কোনো অনুষ্ঠান পালন করেন না। তবে দলীয়ভাবে সারা দেশে মিলাদ ও দোয়ার আয়োজন চলছে।’
বিকেল ৪টার দিকে প্রধান উপদেষ্টার একান্ত সচিব সজীব এম খায়রুল ইসলাম এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক মোহাম্মদ নাজমুল ইসলাম গুলশানে ফিরোজায় এসে বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তারের কাছে ফুলের তোড়া হস্তান্তর করেন। এ সময় বিএনপির নির্বাহী কমিটির সদস্য বেলায়েত হোসেন, মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এবং চেয়ারপারসনের ব্যক্তিগত উইংয়ের কর্মকর্তা মাসুদ রহমান উপস্থিত ছিলেন।
বিএনপির প্রেস উইং জানিয়েছে, খালেদা জিয়ার জন্ম ১৯৪৫ সালের ১৫ আগস্ট, দিনাজপুরে। আজ তিনি ৮১ বছরে পা দিলেন।
মানববন্ধনে সভাপতিত্ব করেন ৪নং দরবস্ত ইউনিয়ন পরিষদের সদস্য মুসলিম আলী। জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি এম এম রুহেল ও এম আর রাহিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদিন।
প্রধান অতিথি বলেন, এ সড়কটি শুধু দরবস্ত নয়, কানাইঘাট ও জৈন্তাপুরের হাজারো মানুষের দৈনন্দিন যাতায়াতের একমাত্র ভরসা। বছরের পর বছর অবহেলায় পড়ে থাকার কারণে রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। রোগী পরিবহন, শিক্ষার্থীদের স্কুল-কলেজে যাতায়াত, কৃষিপণ্য বাজারজাতকরণ,সবক্ষেত্রেই মানুষ আজ সীমাহীন দুর্ভোগে পড়েছে। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, এ সড়ক সংস্কারের বিষয়টি আমি সংশ্লিষ্ট দপ্তরে জোরালোভাবে তুলে ধরব এবং জনগণের আন্দোলনের সঙ্গে সর্বাত্মকভাবে থাকব।
প্রধান বক্তা বলেন, দীর্ঘদিন ধরে আমরা এ সড়ক সংস্কারের দাবি জানিয়ে আসছি, কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বর্ষাকালে খানাখন্দে পানি জমে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়। আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। অবিলম্বে সংস্কারের ব্যবস্থা নিতে হবে, অন্যথায় জনস্বার্থে আরও বৃহত্তর কর্মসূচি দিতে আমরা বাধ্য হব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সাবেক আমির নাজমুল ইসলাম, জমিয়ত নেতা মাওলানা কবির আহমদ, সাবেক ইউপি সদস্য মঈনুল ইসলাম, বর্তমান ইউপি সদস্য আব্দুর রাকিব, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল্লাহ ইলিয়াস, যুবদল নেতা নুরুল হক ও শামীম আহমদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বদরুল আলম শাওন, মাওলানা কামাল উদ্দিন ও রিয়াজ উদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে কানাইঘাট সড়কের বেহাল দশায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। রাস্তাটি দ্রুত সংস্কার না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।
আনন্দের অপেক্ষায় দিন গুনছিলেন নাজমুল ইসলাম। আগামী সপ্তাহে স্ত্রী সন্তান জন্ম দেবেন এই খুশির খবরেই চোখে মুখে ছিল উচ্ছ্বাস। একই সপ্তাহে ছোট ভাইয়ের বিয়ের আয়োজনও চলছিল জোরেশোরে। কিন্তু ভাগ্যের নির্মমতায় সেই হাসি থেমে গেলো সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর উপজেলার ইলাশপুরে। নতুন জীবনের প্রথম কান্না শোনার আগেই স্ত্রীর জীবনে নেমে এলো এক অদম্য শূন্যতা। ছোট ভাইয়ের বিয়ের আনন্দও রঙ হারাল শোকে। সাথে পুরো ইশবপুরে নেমে এসেছে শোকের ছায়া।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে ওসমানীনগরের ইলাশপুর এলাকায় যাত্রীবাহী বাস চাপায় প্রাণ হারান নাজমুল ইসলাম (৩২) ও তার বন্ধু আরশ আলী। নাজমুলের বাড়ি উমরপুর ইউনিয়নের ইশবপুরে আর আরশও একই ইউনিয়নের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, গোয়ালাবাজার থেকে সিলেটের পথে মোটরসাইকেলে যাচ্ছিলেন তারা। হঠাৎ পেছন থেকে দ্রুতগামী ঢাকা এক্সপ্রেস বাস ধাক্কা দেয়। নাজমুল ঘটনাস্থলেই মারা যান, আরশ আলী হাসপাতালে নেওয়ার পথে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ঘটনার পর উত্তেজিত জনতা তাজপুর বাজারে বাসটি আটক করে আগুন ধরিয়ে দেন। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে ও বাস জব্দ করে। কিন্তু আগুনে জ্বলে ওঠা বাসের চেয়ে অনেক বেশি পুড়ে গেছে ইশবপুরের একটি পরিবার।
গ্রামের মানুষ বলছেন, নাজমুল ছিলেন শান্ত, পরিশ্রমী ও হাসিখুশি স্বভাবের। এখন তার স্ত্রী একা হয়ে গেলো, পৃথিবীতে তার সন্তান আসবে কিন্তু বাবা থাকবে না।
তারা বলছেন, বাংলাদেশে প্রতিদিনই এমন অসংখ্য দুর্ঘটনা কেড়ে নিচ্ছে তরুণ প্রাণ। অতিরিক্ত গতি, বেপরোয়া চালনা ও সড়ক নিরাপত্তা ব্যবস্থার অভাব যেন নাজমুলদের জীবন কেড়ে নেওয়ার এক অবিরাম চক্রে পরিণত হয়েছে। নাজমুলের মতো কত স্বপ্ন যে মহাসড়কে থেমে যায় তার হিসাব কেবল শোকাহত পরিবারের বুকের ভেতরেই জমা থাকে।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) দেশে প্রথমবারের মতো চালু করেছে পেশাগত মাস্টার্স প্রোগ্রাম ‘এমএসসি ইন ডেটা সায়েন্স’। বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের উদ্যোগে এবং কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) ও গণিত বিভাগের সহযোগিতায় এক বছরের মেয়াদি ইভিনিং প্রোগ্রামটি শুরু হচ্ছে। এই প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৩০ আগস্ট সকাল সাড়ে নয়টায়।
বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা, বিগ ডেটা ও ডেটা-ভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের চাহিদা দ্রুত বাড়ছে। ব্যাংকিং, স্বাস্থ্যসেবা, কৃষি, শিক্ষা ও সরকারি নীতিনির্ধারণসহ নানা ক্ষেত্রে দক্ষ ডেটা বিশ্লেষকের প্রয়োজন মেটাতে এই প্রোগ্রামটি স্নাতক ও কর্মজীবীদের জন্য বিশেষভাবে পরিকল্পিত, যাতে তারা চাকরির পাশাপাশি পেশাগত দক্ষতা অর্জন করতে পারেন।
২ সেমিস্টারে ১ বছর মেয়াদি ৪০ ক্রেডিটের এই প্রোগ্রামে তত্ত্ব ২৩ ও ল্যাব ১৭ ক্রেডিট। ৪০টি ক্লাসের এই কোর্সটিতে প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত পাঠদান হবে।
১৯৯১ সালে প্রতিষ্ঠিত শাবিপ্রবির পরিসংখ্যান বিভাগ দেশে শীর্ষস্থানীয়। এখানে ২৬ জন শিক্ষক রয়েছেন, যার মধ্যে ১৮ জন অধ্যাপক। অনেকে উত্তর আমেরিকা, ইউরোপ ও অস্ট্রেলিয়ার শীর্ষ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ও পোস্টডক্টরাল ডিগ্রি অর্জন করেছেন। এইসব শিক্ষকমণ্ডলী এই কোর্সের ক্লাস নিবেন। তাছাড়া বিভাগটিতে বিদ্যমান থাকা দুটি আধুনিক কম্পিউটার ল্যাব (১৪০টিরও বেশি উচ্চ ক্ষমতাসম্পন্ন কম্পিউটার), R, Python, SAS, C++ এবং ক্লাউডভিত্তিক ডেটা বিশ্লেষণ সুবিধা ও সমৃদ্ধ সেমিনার লাইব্রেরি রয়েছে, যা শিক্ষার্থীদের ব্যবহারের অনুমতি দেওয়া হবে।
এই প্রোগ্রামটিতে প্রথম সেমিস্টারে পড়ানো হবে সম্ভাবনা ও পরিসংখ্যানিক পদ্ধতি, ডেটা সায়েন্সের জন্য গণিত, পাইথন দিয়ে উন্নত প্রোগ্রামিং, কৃত্রিম বুদ্ধিমত্তা ও মেশিন লার্নিং, উন্নত ডেটা স্ট্রাকচার ও অ্যালগরিদম, উচ্চমাত্রিক ডেটা শিক্ষা ও চিত্রায়ণ, প্রকল্পভিত্তিক শিক্ষা, আর দ্বিতীয় সেমিস্টারে থাকবে পরিসংখ্যানিক অনুমান ও মডেলিং, অপ্টিমাইজেশন ও সংখ্যাতাত্ত্বিক বিশ্লেষণ, ডেটা সায়েন্সের জন্য ডেটাবেস ব্যবস্থাপনা, ক্লাউড-ভিত্তিক বিগ ডেটা বিশ্লেষণ, গভীর শিক্ষণ, পেশাগত দক্ষতা ও ডেটা সায়েন্স নীতি।
এই প্রোগ্রামে ভর্তির জন্য শিক্ষার্থীদের যেকোনো বিষয়ে ন্যূনতম সিজিপিএ ৩.০০ (৪.০০ স্কেলে) বা সমমানের দ্বিতীয় শ্রেণি স্নাতক ডিগ্রি (৩ বা ৪ বছর মেয়াদি), তবে গণিতে মৌলিক জ্ঞান থাকতে হবে। এছাড়াও এসএসসি ও এইচএসসিতে বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ হতে হবে। স্নাতক চূড়ান্ত পরীক্ষার্থীরা অ্যাপিয়ারেন্স সার্টিফিকেটসহ আবেদন করতে পারবেন।
এই প্রোগ্রামের জন্য ৮০ নম্বর (গণিত, পরিসংখ্যান, কম্পিউটার ফান্ডামেন্টালস) লিখিত পরীক্ষা হবে। মৌখিক পরীক্ষায় থাকবে ১০ নম্বর এবং সিজিপিএ ১০ নম্বর। মেধাক্রমে শীর্ষ ৪০ জন নির্বাচিত হবে। আবেদন ফি ৫০০টা প্রদান করে (https://forms.gle/yYt2Mnabf88LPwCv9) এই লিংকে প্রবেশ করে অনলাইনে আবেদন করা যাবে। এছাড়া বিস্তারিত জানতে (ইমেইল datascience.sust@gmail.com) হটলাইন: 01336-549700 নাম্বারে যোগাযোগের জন্য জানিয়েছে কর্তৃপক্ষ।
সিলিং ফ্যানে ঝুলছিল ৩৫ বছর বয়সী মিনারুল ইসলামের মরদেহ। পাশে বিছানায় মৃত পড়ে আছে বড় ছেলে ১৩ বছর বয়সী মাহিন। পাশের ঘরের বিছানায় স্ত্রী মনিরা বেগম (২৮) ও ছোট মেয়ে ২ বছরের মিথিলার মরদেহ। পাশে পাওয়া একটি চিরকুটে লেখা আছে, আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে। শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে রাজশাহীর পবা উপজেলার পারিলা ইউনিয়নের বামুনশিকড় গ্রামের বাড়ি থেকে মৃতদেহগুলো উদ্ধার করে পুলিশ।
পরিবারের সদস্য, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বামুনশিকড় গ্রামের রুস্তম আলীর ছেলে মিনারুল একসময় জুয়ার নেশায় আসক্ত ছিলেন। পরে ছেড়ে দেন। এ জন্য তিনি ঋণগ্রস্ত ছিলেন। দেড় বছর আগে বাবা রুস্তম আলী ধানিজমি বিক্রি করে ঋণের একটা অংশ দেড় লাখ টাকা পরিশোধ করেন। এরপরও তার দুই লাখ টাকা ঋণ ছিল। এই ঋণের জন্য প্রতি সপ্তাহে তাঁকে ২ হাজার ৭০০ টাকার বেশি কিস্তি পরিশোধ করতে হতো। কিন্তু কিস্তি চালাতে পারছিলেন না মিনারুল। বাবাকে মিনারুল আর কিছু জমি বিক্রি করে পুরো টাকা পরিশোধ করতে বলেছিলেন। কিন্তু বাবা জমি বিক্রি করতে চাননি। এ নিয়ে মা–বাবার সঙ্গে মিনারুল কথা বলা বন্ধ করে দেন। এমনকি ছেলেমেয়েদেরও মিশতে দিতেন না।
মিনারুলের মেয়ে মিথিলা মাছ পছন্দ করে। শুক্রবার সকালে মিনারুলের বাবা খড়খড়ি বাইপাস হাট থেকে মাছ কিনে আনেন। এ জন্য দাদি আঞ্জুয়ারা বেগম নাতনিকে ডাকতে যান। অনেক ডাকাডাকির পরও কেউ সাড়া দিচ্ছিলেন না। সকাল পৌনে ৯টার দিকে লাগোয়া ঘরের পাশে ঘরের সিলিংয়ের ওপর দিয়ে ছেলেকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে জানাজানি হলে প্রতিবেশীরা বাড়িতে আসেন। স্থানীয় পারিলা ইউনিয়নের চেয়ারম্যান সাহেদ আলী পুলিশকে ফোন দেন। পরে পুলিশ এসে ঘরের দরজা খোলে।
‘এল’ আকৃতির ঘরের চারটি কক্ষ। পশ্চিম দিকের প্রথম ঘরে মিনারুলকে পাওয়া যায়। তিনি ফ্যানের সঙ্গে ঝুলছিলেন। ছেলে মাহিন বিছানায় পড়ে ছিল। তার গলার পাশে একটি গামছা পাওয়া যায়। সেখানে দুই পৃষ্ঠার একটি হাতে লেখা চিরকুট পড়ে ছিল। এই ঘরের একটিই দরজা। ঘরের ভেতরে দুটি কক্ষ। পরের কক্ষের বিছানায় স্ত্রী ও মেয়ের মরদেহ পাওয়া যায়। স্ত্রীর গলার পাশে মুঠোফোনের চার্জারের তার পাওয়া যায়।মিনারুলের পরের ঘরটি তার বড় ভাই রুহুলের। তারপরের কক্ষে থাকতেন মা–বাবা।
সকাল সোয়া ১১টার দিকে ঘটনাস্থলে যান রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। তিনি ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে, মিনারুল স্ত্রী-সন্তানদের শ্বাস রোধ করে হত্যা করে নিজে ‘আত্মহত্যা’ করেছেন। মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্ত করা হবে। এ ঘটনায় মামলা হবে। তিনি বলেন, একটা চিরকুট পাওয়া গেছে। চিরকুটে উনি ঋণগ্রস্ত ও আর্থিক অনটনের কথা লেখেছেন।
দুই পৃষ্ঠার চিরকুটের ওপর লেখা ছিল, ‘আমরা চারজন পৃথিবী থেকে বিদায় নেব, আর দেখা হবে না খোদা হাফেজ।’ এরপর লেখা ছিল, ‘আমি মিনারুল। নিচে যেসব লেখা লিখব, সব আমার নিজের কথা, এই কারণে লিখে যাচ্ছি, কারণ, আজ রাতে আমরা চারজন মারা যাব। এই মরার জন্য কারও কোনো দোষ নেই। কারণ লিখে না গেলে পুলিশ কাকে না কাকে ফাঁসিয়ে টাকা খাবে। আমি মিনারুল প্রথমে আমার বউকে মেরেছি। তারপর আমার মাহিনকে মেরেছি। তারপর আমার মিথিলাকে মেরেছি। তারপর আমি গলায় ফাঁস দিয়ে মরেছি। আমাদের চারজনের মরা মুখ যেন বাপের বড় ছেলে ও তার বউ-বাচ্চা না দেখে এবং বড় ছেলে যেন জানাজায় না যায়। আমাদের চারজনকে কাফন দিয়ে ঢাকতে আমার বাবা যেন টাকা না দেয়। এটা আমার কসম। (ইতি মিনারুল, আসসালামু আলাইকুম)।
আরেক পৃষ্ঠায় লেখা ছিল, ‘আমি নিজ হাতে সবাইকে মারলাম এই কারণে যে আমি একা যদি মরে যাই, তাহলে আমার বউ, ছেলেমেয়ে কার আশায় বেঁচে থাকবে। কষ্ট আর দুঃখ ছাড়া দিতেই পারব না। আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে। এত কষ্ট আর মেনে নিতে পারছি না। তাই আমাদের বেঁচে থাকার চেয়ে মরে গেলাম, সেই ভালো হলো। কারও কাছে কিছু চাইতে হবে না। আমার জন্য কাউকে মানুষের কাছে ছোট হতে হবে না। আমার বাবা আমার জন্য অনেক লোকের কাছে ছোট হয়েছে। আর হতে হবে না। চিরদিনের জন্য চলে গেলাম। আমি চাই, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।’
মিনারুলের বাবা রুস্তম আলী বলেন, ‘ছেলের কিছু ঋণ ছিল। সেটা খুব বেশি না। নতুন করে কোনো ঋণ আছে কি না, তা জানি না। আগে যেটা ঋণ করেছিল, সেটা ধানিজমি বিক্রি করে দিয়েছি। পরে আর কবে কবে ঋণ করেছিল, সেটা জানি না।’
মিনারুলের মা আঞ্জুয়ারা বলেন, কোনো গন্ডগোল ছিল না। ভরণপোষণ আমিই দিই। ধারদেনা ছিল, মাটি (জমি) বিক্রি করে আমি দিয়েছি। আবার নতুন করে ধার করেছে। শুক্রবার সকালে মাছ কিনে আনলে ডাকাডাকি করি। পরে দেখি ছেলে ঝুলে আছে। নাতিকে আমিই মানুষ করেছি। আমার ওখানেই থাকত। কীভাবে কী হয়ে গেল। বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন তিনি।