Home Blog Page 153

ডা. নিতাই হত্যা মামলায় পাঁচ জনের মৃত্যুদণ্ড ও চার জনের আমৃত্যু কারাদণ্ড

0

আধুনিক ডেস্ক ::

জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. নারায়ণ চন্দ্র দত্ত নিতাই হত্যাকাণ্ডের এক যুগের বেশি সময় পর সেই মামলায় পাঁচ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। ১৩ বছর আগের এ ঘটনায় রোববার (১৭ আগস্ট) রায় দিয়েছে বিচারিক আদালত। একইসাথে আরও চার জনকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া আরও এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার ঢাকার বিশেষ জজ আদালত – ১০ এর বিচারক মো. রেজাউল করিমের আদালত আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন ডা. নিতাইয়ের গাড়িচালক কামরুল হাসান অরুণ, বকুল মিয়া, মাসুম মিন্টু ওরফে মিন্টু, মো. হোসেন মিজি ও সাঈদ ব্যাপারী। মৃত্যুদণ্ডের পাশাপাশি তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে।

২০১২ সালের ২৩শে অগাস্ট মহাখালীতে নিজের বাড়িতে খুন হন ডা. নিতাই। এ ঘটনায় ডা. নিতাইয়ের বাবা তড়িৎ কান্তি দত্ত ওই দিনই বনানী থানায় মামলা করেন। এজাহারে বলা হয়েছে, চুরি করার সময় দেখে ফেলায় ডা. নিতাইকে হত্যা করা হয়। আসামিরা নগদ পাঁচ লাখ টাকা ও দুইটি স্বর্ণের বালা নিয়ে যায়।

২১ দিন পর গ্রিস থেকে দেশে ফিরল রাজা হোসেনের লাশ

0

◼️স্বপ্ন ভেঙে শোকে ভাসছে শান্তিগঞ্জের রনসী গ্রাম

শান্তিগঞ্জ প্রতিনিধি:

পরিবারের স্বপ্নপূরণের আশায় ইউরোপের পথে পাড়ি জমিয়েছিলেন সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের রনসী গ্রামের প্রবাসী যুবক রাজা হোসেন (২৮)। কিন্তু সেই স্বপ্ন ভেঙে গেল নির্মম হত্যাকাণ্ডে। প্রায় ২১ দিন পর অবশেষে স্বজনদের কাছে ফিরল রাজার নিথর দেহ।

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে গ্রিস থেকে একটি বিমানের ফ্লাইটে রাজা হোসেনের মরদেহ ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। আনুষ্ঠানিকতা শেষে একই দিন রাত সাড়ে নয়টায় লাশবাহী ফ্রিজিং গাড়িতে মরদেহ পৌঁছে যায় তার নিজ বাড়ি রনসী গ্রামে। বাড়িতে পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়েন মা, বাবা ও স্বজনরা। শোকের ছায়া নেমে আসে পুরো গ্রামে। এক নজর ছেলেকে দেখতে ভিড় করেন গ্রামের মানুষজন ও আত্মীয়-স্বজনরা।

শেষবারের মতো স্বজনরা বিদায় জানানোর পর রাত সাড়ে ১০টায় রনসী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় রাজার জানাজা। জানাজায় এলাকাবাসীর ঢল নামে। পরে গ্রামের কবরস্থানে দাফন করা হয় তাকে।

স্বপ্নপূরণের বদলে শোক:

পরিবারের সদস্যরা জানান, প্রায় দেড় বছর আগে ধারদেনা ও সহায়-সম্বল বিক্রি করে প্রায় ২০ লাখ টাকা খরচে রাজাকে পাঠানো হয়েছিল গ্রিসে। লক্ষ্য ছিল পরিবারের দুঃখ-দুর্দশা গুছানো। সেখানে গিয়ে কঠোর পরিশ্রমে তিনি অল্প সময়ে ফোরম্যান পদে উন্নীত হন। কিন্তু সহকর্মীদের ঈর্ষার শিকার হয়ে গত ২৫ জুলাই আক্রোশের বশবর্তী হয়ে খুন হন রাজা হোসেন।

রাজা হোসেনের মা নিবারুন নেছা ও বাবা আব্দুল জলিল কান্নাজড়িত কণ্ঠে বলেন, রাজা ছিল আমাদের পরিবারের মূল খুঁটি। অনেক স্বপ্ন নিয়ে ছেলেকে প্রবাসে পাঠিয়েছিলাম। কিন্তু সহকর্মীদের হিংসায় আমার ছেলেকে হত্যা করা হলো। আমরা খুনিদের ফাঁসি চাই।

শোকের গ্রাম, বিচারের দাবি:

স্থানীয় শালিস ব্যক্তিত্ব লুৎফুর রহমান বলেন, রাজা হোসেন ছিল পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার মৃত্যুতে পরিবারটি নিঃস্ব হয়ে গেল। লাশের অবস্থা করুণ হলেও অন্তত দেশে এনে দাফন করা গেছে। এখন আমাদের একটাই দাবি- ঘাতকদের দৃষ্টান্তমূলক শাস্তি।

গ্রামজুড়ে চলছে শোকের মাতম। অনেকে বলছেন, জীবনের ঝুঁকি নিয়ে লাখ লাখ টাকা খরচ করে প্রবাসে পাড়ি জমিয়েও দেশের জন্য সন্তানের লাশ ফেরত পাওয়ার মতো বেদনাদায়ক আর কিছু নেই।

এ বিষয়ে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম আলী বলেন, ঘটনাটি যেহেতু গ্রীসে ঘটেছে, মামলা সেখানেই হবে। তবে আমাদের পক্ষ থেকে বিধি মোতাবেক যা সহযোগিতা করার দরকার, আমরা তা করব।

বিদেশে বাংলাদেশের মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ

0

আধুনিক ডেস্ক ::
বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, কনস্যুলেট, কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। অঞ্চলভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে টেলিফোনে এই নির্দেশনার কথা জানানো হয়েছে।

বিদেশের বিভিন্ন মিশন সূত্রে এ তথ্য জানা গেছে। কোনো আনুষ্ঠানিক চিঠি বা ই-মেইল না দিয়ে টেলিফোন কলে অঞ্চলভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত/হাইকমিশনারকে কূটনৈতিক মিশন, কনস্যুলেট, কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের এই নির্দেশনার তথ্য দায়িত্বপ্রাপ্ত দূতদের অন্য মিশনে জানিয়ে দিতে বলা হয়েছে।

দক্ষিণ এশিয়া, আফ্রিকা, ইউরোপের কয়েকটি মিশনের দূতদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশনা এখনো তারা পাননি। তবে বিদেশের দুটি মিশন প্রধান জানিয়েছেন, তারা সরকারের নির্দেশনা পেয়েছেন।

শাবি ছাত্রদল নেতা সোহাগকে পদ থেকে অব্যাহতি

0

শাবি প্রতিনিধি:

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মো. সোহাগকে সাংগঠনিক পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্তের অনুমোদন করেন।

শনিবার (১৬ই আগস্ট) ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ এবং পৃথক ব্যানার ব্যবহার করে কর্মসূচি পালনের অভিযোগে তাকে অব্যাহতি প্রদান করা হয়। একইসঙ্গে জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সাথে কোনো সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।

পদ অব্যহতি দেওয়ার ব্যাপারে ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলমকে একাধিকবার কল দিয়ে পাওয়া যায় নি।

এ বিষয়ে শাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি রাহাত জামান বলেন, ” সে পৃথক ব্যানারে দলীয় কর্মসূচি করে সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ করেছে। এজন্য কেন্দ্র থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেননা এত বড় সংগঠনের একটি ইউনিটে পৃথকভাবে কর্মসূচী পালন অন্যান্যদের কাছে সংগঠনের প্রতি বিরুপ ধারণা তৈরি করে।

এবিষয়ে মো সোহাগ বলেন, তাদের সাথে অনেক রয়েছে যারা আগে ছাত্রলীগ করতো এজন্য আমরা পৃথক ব্যানারে দলীয় কার্যক্রম করেছি। এখন থেকে সবার সাথে একত্রে দলীয় কর্মসূচি করবো।

শান্তিগঞ্জে জন্মাষ্টমী উদযাপন: বর্ণাঢ্য শোভাযাত্রা ও র‍্যালি

0

শান্তিগঞ্জ প্রতিনিধি:

পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি জন্মাষ্টমী উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা ও র‍্যালির আয়োজন করা হয়েছে।

শনিবার (১৬ আগস্ট) সকাল ১১ টায় শান্তিগঞ্জ উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে এ শোভাযাত্রা ও র‍্যালীর আয়োজন করা হয়।

শান্তিগঞ্জের পশ্চিম পাগলা ইউনিয়নের শত্রুমর্দন এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী শ্রী শ্রী রামকৃষ্ণ জিউর আখড়া মন্দির প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে দেববাড়ি মোড়ের শ্মশান পর্যন্ত যায়। পরে পুনরায় আখড়া মন্দিরে গিয়ে শোভাযাত্রা ও র‍্যালির সমাপ্তি ঘটে।

শোভাযাত্রায় নানা বয়সী ভক্তরা অংশ নেন। শঙ্খধ্বনি বাজিয়ে ভক্তরা ভগবান শ্রীকৃষ্ণের মহিমা গীত করে আনন্দঘন পরিবেশ সৃষ্টি করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফারুক আহমদ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনছার উদ্দিন, পশ্চিম পাগলা ইউপি চেয়ারম্যান জগলুল হায়দার, উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি রনধীর মজুমদার, সাধারণ সম্পাদক রঞ্জিত সূত্রধর।

এছাড়া আরও উপস্থিত ছিলেন- ঝন্টু তালুকদার, অনিল দাশ, ললিত মোহন দাশ, রনসিন্ধু তালুকদার, পিযুশ দেব, বীরদাশ, বিজয় কৃষ্ণ দাশ, গৌরাঙ্গ দাশ, সূধা রঞ্জন মজুমদার, কেশব দেব, সুরঞ্জিত চৌধুরী টপ্পা, কালি দে, রজত দেব নাথ, বিপুল সূত্রধর, নিশি সূত্রধর, জয় চক্রবর্ত্তী, রিংকু দেব, রজত মজুমদার, নকুল দাশ, সত্য সূত্রধর, সঞ্জিত চক্রবর্ত্তী, বকুল দাশ, অমরিকা পাল, অমরিকা সূত্রধর, অনন্ত সূত্রধর, কল্লোল ভট্টাচার্য, মৃদুল দাশ, অসিত সূত্রধর প্রমুখ।

দোয়ারাবাজারে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে নিহতের ঘটনার হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন

0

দোয়ারাবাজার প্রতিনিধিঃ

দোয়ারাবাজার উপজেলায় ফুটবল খেলা নিয়ে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ ও হামলার ঘটনায় ২ জন নিহত হয়েছেন। দুইপক্ষের সমর্থকদের মধ্যে ফুটবল খেলার মাঠে শুক্রবার বিকেলে সংঘর্ষ ও হামলার ঘটনায় নিহতরা হলেন লক্ষীপুর ইউনিয়নের জিরারগাঁও গ্রামের মরহুমা বীরাঙ্গনা কাকন বিবির মেয়ে সখিনা বেগমের স্বামী আব্দুল মতিন (৫০) ও এলাকার লক্ষীপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে আকবর আলী (৪২)। এ ঘটনায় আরও ৫ জন আহত হয়েছেন। তবে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে থানা পুলিশ এলাকায় অভিযান চালিয়ে জিরাগাঁও গ্রামের নিহত আব্দুল মতিনের ছেলে মো. জাকারিয়া ও লক্ষীপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে জাবের মিয়াকে আটক করেছে বলে জানিয়েছে পুলিশ। এলাকায় দুটি হত্যাকাণ্ডের পর চরম উদ্বেগ—উৎকন্ঠায় স্থানীয়রা।

উপজেলার লক্ষীপুর ইউনিয়নের একই এলাকায় সংঘর্ষ ও হামলার ঘটনায় দু’জন নিহতের ঘটনায় এলাকায় উত্তাপ—উত্তেজনা বাড়ছে। এ ঘটনার প্রতিবাদে একটি পক্ষ গতকাল শনিবার বিকেল ৪টায় আকবর আলী হত্যার বিচারের দাবিতে লক্ষীপুর গ্রামের রাস্তায় স্থানীয় বিক্ষুদ্ধ এলাকাবাসীর ব্যানারে এক মানববন্ধন কর্মসূচি পালন করেছে। মানববন্ধনে আকবর আলী হত্যার সুষ্ট বিচার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানিয়ে বক্তব্য রাখেন, রাশরাই গ্রামের বীরমুক্তিযোদ্ধা জলিল মিয়া, লক্ষীপুর গ্রামের নিহতের ছোট ভাই সোহেল মিয়া, বোন হেপী বেগম, স্ত্রী সুফিয়া আক্তার, রাজ্জাক মিয়া, সফিক মিয়া, ময়না মিয়া প্রমুখ।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে লক্ষীপুর মাঠে দু’পক্ষের সমর্থকদের মধ্যে ফুটবল খেলা চলছিলো। মাঠে তুচ্ছ বিষয় নিয়ে আব্দুল মতিনের ছেলে কিবরিয়া ও আকবর হোসেনের ছেলে একরাম হোসেনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এনিয়ে খেলা শেষে দু’পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দেয়। আকবর হোসেনের বাড়ির পাশ দিয়ে যাওয়ার পথে আব্দুল মতিনের উপর হামলা করা হলে গুরুতর আহত হন তিনি। এনিয়ে কিছু সময় পর উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। মতিনের উপর হামলার খবর পেয়ে আব্দুল মতিনের লোকজন স্থানীয় পশ্চিম বাজারে আকবর হোসেনের উপর হামলা করে। ওই হামলায় ও গুরুতর আহত হন আকবর হোসেন। দুটি ঘটনায় আহত হন ৭ জন। এর মধ্যে গুরুতর আহত আব্দুল মতিন ও আকবর আলীকে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদেরকে দু’জনকে মৃত ঘোষণা করেন। আহত অন্য ৫ জনকে স্থানীয় ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে লক্ষ্মীপুর ইউপি চেয়ারম্যান জহিরুল ইসলাম বলেন, ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও হামলার ঘটনায় দুইজন নিহত হয়েছেন। বিষয়টির ব্যাপারে পুলিশ প্রশাসন খোঁজ—খবর নিচ্ছে। এ ঘটনায় জড়িতদের কঠোর শাস্তির দাবি জানাই।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। নিহত দু’জনের মরদেহ ময়না তদন্তের পর শনিবার দুপুরে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় দু’জনকে আটক করার পাশাপাশি থানায় মামলা দায়েরের প্রস্ততি চলছে।

কমলগঞ্জে নানা আয়োজনে জন্মাষ্টমী উৎসব পালিত

0

কমলগঞ্জ প্রতিনিধি:

কমলগঞ্জে সনাতন ধর্মের শুভ জন্মাষ্টমী উৎসব পালিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট) বেলা ১১টায় জন্মাষ্টমী উদযাপন পরিষদ, কমলগঞ্জ এর আয়োজনে ভানুগাছ বাজারস্থ কমলগঞ্জ কেন্দ্রীয় শ্রীশ্রী দুর্গাবাড়ি প্রাঙ্গন থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়।

শোভাযাত্রাটি ভানুগাছ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দুর্গাবাড়ি প্রাঙ্গনে এসে শেষ হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রার শুভ উদ্ধোধন করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাখন চন্দ্র সূত্রধর।
জন্মাষ্টমী উদযাপন পরিষদ, কমলগঞ্জ এর আহবায়ক সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথের সভাপতিত্বে ও সদস্য সচিব প্রত্যুষ ধরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ থানার ওসি আবু জাফর মো: মাহফজুল কবির, জেলা বিএনপির সদস্য দুরুদ মিয়া, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো: আবুল হোসেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল চন্দ্র দাশ, কমলগঞ্জ কেন্দ্রীয় দুর্গাবাড়ি পরিচালনা কমিটির সভাপতি প্রদীপ দত্ত রেন্টু, সাধারণ সম্পাদক লিটন দত্ত, জন্মাষ্টমী উদযাপন পরিষদ, কমলগঞ্জ এর যুগ্ম আহবায়ক অর্জুন দেব, কোষাধ্যক্ষ শিবদাস দেব শিবু, সঞ্জয় কান্তি দেব প্রমুখ।

পরে সংগীতময় গীতা পাঠ করেন শিক্ষক উত্তম লোহার। বেলা ২টায় প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়। সবশেষে মহাপ্রসাদ বিতরণ করা হয়।
এছাড়া ভাগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে পাত্রখোলা চা বাগানে বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)। এদিকে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে রহিমপুর, পতনঊষার, মুন্সীবাজার, শমশেরনগর, আলীনগর, মাধবপুর, দেওছড়া চা বাগান চা বাগানসহ বিভিন্ন স্থানে বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নানা কর্মসূচি পালিত হয়।

রাজা যায় রাজা আসে, লুটপাট থেমে থাকে না

0

মঈন উদ্দিন ::
সালটা মনে নেই। দু’দশক তো হবে। এই অঞ্চলের জনপ্রিয় কাগজ শ্যামল সিলেটে কাজ করি। আমাকে পত্রিকা থেকে এসাইনমেন্ট দেওয়া হলো ভোলাগঞ্জে গিয়ে নিউজ কাভার করার জন্য। কী নিউজ? পাথর লুটপাটের। ওই সময়ের বিবেচনায় ভোলাগঞ্জ কিন্তু বিশাল দূরে। রাস্তাঘাাট সরু এবং ভাঙাচোরা।

গাড়িঘোড়াও অতোটা চলে না, সংখ্যায় কম। জার্নিটা কষ্টকর। তারপরও আমার কাছে ভোলাগঞ্জের কদর একটু বেশিই। সেখানকার প্রকৃতি, অপরূপ নিসর্গ। কখনো যাওয়া হয়নি। ভোলাগঞ্জের রূপ লাবণ্য নিয়ে গল্প শুনতে শুনতে সেখানকার প্রতি একটা অদ্ভুত আকর্ষণ তৈরি হয়েছে। সুতরাং সুযোগটিকে কাজে লাগালাম। সংবাদ সংগ্রহ হলো, ভোলাগঞ্জের সৌন্দর্য্যও ছুয়ে আসা হলো। যাওয়ার জন্য দিনক্ষণ ঠিক করলাম। এর ফাঁকে অবশ্য টুকটাক তথ্যও সংগ্রহ করে নিলাম। আমার সঙ্গী শ্যামল সিলেটের ফটো সাংবাদিক এ এইচ আরিফ।

নির্ধারিত দিনে আমরা যাত্রা শুরু করলাম। শীতকাল। টু স্ট্রোকে (বেবি ট্যাক্সি, যেটি সিএনজি অটোরিকশার পুরাতন সংস্করণ) চেপে বসেছি। চলছি। পথ যেনো ফুরোয় না। মাঝেমধ্যে যাত্রা বিরতি। চায়ের কাপে চুমুক। অনেকটা পিকনিক মুড। তবে রাস্তার ধুলোয় কাতর করে তুললো। যাহোক, একসময় গন্তব্য চোখে ধরা দিলো। এখন যেখান থেকে আমরা নৌকায় উঠি, নামলাম সেখানেই। এই সময়ে এখানে রেস্টুরেন্ট-দোকানপাট হয়েছে, আগে কিছুই ছিলো না।

ট্যাক্সি থেকে নেমে বেশ অবাকই হলাম। আমার ধারণার চেয়েও বেশি শ্রমিক, হাজারে হাজারে। বারকি নৌকা শ’য়ে শ’য়ে। ধলাই নদীর বুক চিরে পাথর তুলছেন শ্রমিকরা। পাথরের সাম্রাজ্য। এখনকার মতো এতো প্রশস্ত ছিলোনা ধলাই নদী। শীতে প্রায় শুকিয়ে যাওয়া নদীর স্থানে স্থানে পাথর উত্তোলনের উৎসব। গর্ত খুড়ে অনেক গভীর থেকে পাথর তুলে নিয়ে আসা হচ্ছে। এটাই সনাতন পদ্ধতি। অবশ্য এই পদ্ধতিতে পাথর তুলতে গিয়ে অনেক শ্রমিকেরই প্রাণ গেছে। আর যারা লাভবান হওয়ার কথা তারা ঠিকই হয়েছে।

যাহোক, সৌখিন ফটোগ্রাফারের ছদ্মবেশ নিয়ে বিভিন্নজনের কাছ থেকে তথ্য নিচ্ছি, কর্মযজ্ঞ দেখছি। আর চোখ-কান খোলা রেখেছি একজনের আসার অপেক্ষায়। যিনি এই পাথর সাম্রাজ্যের অলিখিত অধিপতি। প্রতিদিন কোয়ারি থেকে কোটি টাকা তার আয়। সেটা আবার অবৈধ পথে। এমন কোনো বারকি নৌকা নেই যেখান থেকে তার পকেটে টাকা যায় না। রাত বিরাতে তার গন্তব্যে টাকা পৌছে দেওয়া হয়। আর তিনিও প্রতিদিন একবার হলেও আসেন কোয়ারি এলাকায়। নাম জানলেও তাকে তো আর চিনি না। অনেক শ্রমিককেই জিজ্ঞেস করলাম তিনি ক’টায় আসেন। তারা আৎশ্বস্ত করলেন চলে আসবেন। দুপুর গড়িয়ে বিকেল, এ অবস্থায় হঠাৎ করেই যেনো নড়েচড়ে উঠলো কোয়ারি এলাকা। আগমন ঘটেছে সেই মহাশক্তিধরের। তাকালাম আর অবাক হলাম। এরকম একটা দুর্গম এলাকায় এতো জৌলুস, এতো চাকচিক্য। মেরুন রঙের দামি প্রাইভেট কার। সামনে পেছনে অন্তত তিরিশটা মোটরসাইকেল। চালক আরোহী সবাই যুবক। একজন গাড়ির দরজা খুলে দিলো।

ভারতের দক্ষিণী সিনেমার ঘ্রাণ পেলাম। পেছনের সিট থেকে নেমে এলেন রাজপুত্র। পায়ে কালো রঙের শু, সাদা শার্ট, সাদা লুঙি। হাতে ব্রেসলেট-দামি ঘড়ি। চোখে কালো চশমা। রাজসিক ভঙ্গিতে হাটা শুরু করলেন। পেছনে তার পথ অনুসরণ করলো যুবকরা। তাদের কারো কারো হাতে আবার লাঠি।

আগে থেকেই ইঞ্জিন নৌকা প্রস্তুত করে রাখা ছিলো। তিনচার জনকে নিয়ে একটায় উঠলেন তিনি। নৌকা ছেড়ে দিলো। বাকিরাও তাকে অনুসরণ করতে লাগলো অন্য নৌকা করে। আমরাও পিছু নিলাম। তার গন্তব্য জিরো পয়েন্ট। সেখানে পৌছালো তার নৌকা। নামলেন। এবং বেশ এগিয়ে গেলেন তিনি। আমরাও কিছুক্ষণ অপেক্ষা করে নামলাম সেখানে। দূরে পাহাড় আর নীল জলরাশির স্রোতধারা। জিরো পয়েন্টজুড়ে পাথর আর পাথর। বিকেলের রোদ পড়ছে পাথরের গায়ে। এক অপার্থিব সৌন্দর্য। যেনো সাদা আলোর বিচ্ছুরণ। হ্যা, এটাই এখনকার সাদাপাথর। সাদাপাথর এলাকায় কিছুক্ষণ অবস্থান করে ফিরে আসছিলেন ‘রাজপুত্র’। হ্যাঁ, তিনি যেনো ‘পাথর রাজ্যে’র রাজপুত্রই। সামনে তিনি, পেছনে লাঠিসোটা হাতে তরুণরা। এই অবস্থায় আরিফের ক্লিক, জ¦লে উঠলো ফ্ল্যাশ। ব্যস্। এতটুকুই।

তখন প্রাণে বাচার লড়াই। লাঠি হাতে তরুণরা ঘিরে ধরলো আমাদের। কেনো ছবি উঠালে, তোমরা কারা, তোমরা কী সাংবাদিক- এরকম হাজারো প্রশ্ন। কেউ মারতে উদ্যত হলো, কেউ ক্যামেরা কেড়ে নিতে চাইলো। শেষমেষ নিরূপায় হয়ে রাজপুত্র শামীমেরই (পাথর শামীম নামে যিনি পরিচিত, পরে উপজেলা চেয়ারম্যানও হয়েছিলেন) শরণাপন্ন হতে হলো। তাকে অনেক বোঝালাম, আমরা সাংবাদিক নই। বেড়াতে এসেছি। দীর্ঘক্ষণ পর মন গললো তার। রেহাই পেলাম।

এবং ফিরে এলাম প্রাণের শহরে। এই নিয়ে দুই পর্বের প্রতিবেদন প্রকাশিত হয় শ্যামল সিলেটে। আর এতে নাখোশ হন অনেকে। শামীমের টাকার ভাগ পেয়েছেন অনেকেই। প্রশাসনযন্ত্র থেকে শুরু করে রাজনীতিক, অনেকের কাছেই শামীম ছিলেন টাকা বানানোর মেশিন। অবশ্য প্রতিবেদন প্রকাশের পর বেশ ক্ষতিই হয় তাদের। আমার মতো অনেকের লেখনীর কারণেই হয়তো সেই সময় রক্ষা পেয়েছিলো সেই পাথর রাজ্য।

স্মৃতি হাতড়ে আজকের এই লেখা শুধুই মনের আবেগ থেকে। সেই ভোলাগঞ্জ আর এই ভোলগঞ্জ-কোনো মিল খুজে পাই না। আমার দেখা জিরো পয়েন্টের যেখানে পাথরের রাজ্য ছিলো, পরবর্তীতে সেখানকার নাম পায় সাদাপাথর। এই নামকরণের গল্প কমবেশি সকলেরই জানা। পর্যটকরা ভালোবেসে নাম দিয়েছিলেন সাদা পাথর। এ এক আদুরে নাম। সাম্প্রতিক লুটপাট ধ্বংস করে দিয়েছে প্রকৃতির অনন্য এই সৃষ্টিকে। আমরা বড়ই নিষ্ঠুর। এক ‘রাজপুত্র’ যায় আরেক ‘রাজপুত্র’ এসে উঁচিয়ে ধরেন লুটপাটের পতাকা।

মঈন উদ্দিন , সম্পাদক দৈনিক আধুনিক কাগজ

টাইফয়েড টিকাদান কর্মসূচি পেছাল

0

আধুনিক ডেস্ক ::

দেশব্যাপী শিশু-কিশোরদের জন্য নির্ধারিত টাইফয়েড টিকাদান কর্মসূচি পিছিয়েছে। আগামী ১ সেপ্টেম্বর থেকে টিকাদান শুরু হওয়ার কথা থাকলেও স্বাস্থ্য সহকারীদের আন্দোলনের কারণে এক মাসেরও বেশি সময় পেছানো হয়েছে। এই কর্মসূচি শুরুর নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে ১২ অক্টোবর থেকে। শনিবার (১৬ আগস্ট) সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) ব্যবস্থাপক ডা. আবুল ফজল মো. শাহাবুদ্দিন খান।

শাহাবুদ্দিন খান বলেন, স্বাস্থ্য সহকারীরা মাঠে না থাকলে ক্যাম্পেইন পরিচালনা সম্ভব নয়। তাদের আন্দোলনের কারণে সময়মতো প্রস্তুতি সম্পন্ন হয়নি। তাই টিকাদান কর্মসূচি পিছিয়ে ১২ অক্টোবর থেকে শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি জানান, গত ১৪ আগস্ট এ সিদ্ধান্ত নেওয়া হয়। আগামীকাল (১৭ আগস্ট) এ বিষয়ে আনুষ্ঠানিক চিঠি ইস্যু করা হবে।

নতুন সূচি অনুযায়ী- মোট ১৮ কর্মদিবস এই টিকা কার্যক্রম চলবে। এর মধ্যে প্রথম ১০ কর্মদিবস বিভিন্ন বিদ্যালয়ে ক্যাম্প করে শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে। পরবর্তী আট কর্মদিবস টিকাদান কেন্দ্রে টিকা দেওয়া হবে বিদ্যালয়ে অনুপস্থিত বা স্কুলে না যাওয়া শিশুদের।

ইপিআই’র তথ্যানুযায়ী, নিবন্ধন ও কার্ড দেওয়ার নিয়ম আগের মতোই বহাল থাকবে। জন্ম নিবন্ধন সনদ ছাড়াও বাবা-মায়ের মোবাইল নম্বর দিয়েও অনলাইনে নিবন্ধন করা যাবে।

সরকারি হিসাব বলছে, ৯ মাস বয়স থেকে ১৫ বছর ১১ মাস ২৯ দিন বয়সি প্রায় ৫ কোটি শিশু-কিশোরকে এই টিকা দেওয়া হবে। এক ডোজ ইনজেকটেবল টিকা শিশুদের ৩ থেকে ৭ বছর পর্যন্ত সুরক্ষা দেবে।

‘লুটপাটের প্রতিবাদ করায়ই ফাঁসানো হয়েছে’ ইউপি চেয়ারম্যান আলমগীরকে

0

আধুনিক ডেস্ক ::

পর্যটন কেন্দ্র ভোলাগঞ্জের সাদাপাথর ও ধলাই সেতু রক্ষায় সোচ্চার হওয়ায় ফাঁসানো হয়েছে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর আলমকে। শনিবার (১৬ আগস্ট) সিলেট জেলা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনে এমন দাবি করেছেন তার ছেলে রায়হান আলম।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, সিলেট বিভাগের দ্বিতীয় দীর্ঘতম সেতু এম সাইফুর রহমান সেতু অবৈধ বালুখেকোদের কারণে মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে। বিভিন্ন পত্র পত্রিকা ও ইলেকট্রনিকস্ মিডিয়ায় এ সংক্রান্ত প্রতিবেদনও প্রকাশিত হয়। ব্রিজের ৫০/১০০ ফুট কাছে থেকে ড্রেজার মেশিন দিয়ে দিনে রাতে বালু উত্তোলন করা হচ্ছে। এটি বন্ধে আলমগীর আলম স্থানীয় প্রশাসনের কাছে প্রতিকার চাইলেও কোনো কাজ হয়নি। পরবর্তীতে সঠিকভাবে বালু উত্তোলন ও এম সাইফুর রহমান সেতু রক্ষায় এ বছরের ১৯ মার্চ সিলেটের জেলা প্রশাসক ও একই বছরের ২৭ জুলাই সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী বরাবর স্মারকলিপি দেন। স্মারকলিপিতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের জোরালো প্রতিবাদের কারণে অনেকেই তার প্রতিপক্ষ হয়ে ওঠে। তার বাবা।

সংবাদ সম্মেলনে বলা হয়, গত ১৩ আগস্ট গ্রেপ্তারের আগের দিন সাদা পাথর ও ধলাই সেতু রক্ষায় এলাকাবাসী আয়োজিত অনুষ্ঠানে লুটপাটের বিরুদ্ধে বক্তব্য দেন সাদা পাথর ও ধলাই সেতু রক্ষায় গঠিত কমিটির আহবায়ক আলমগীর আলম। তার ওই বক্তব্যের পুরোটাই ছিল সাদা পাথর ও ধলাই সেতু রক্ষার আবেদন। এছাড়া গেল বছর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সাদাপাথর সহ সরকারের বিভিন্ন খনিজ সম্পদে চোখ পড়ে লুটেরা চক্রের। ওই সময় রাষ্টের সম্পদ রক্ষায় সেনাবাহিনীর সদস্যদের নিয়ে এলাকায় গিয়ে পাথর লুটপাটকারীদের বিরুদ্ধে অবস্থান নেন তিনি।

সংভাদ সম্মেলনে অভিযোগ করা হয়, এসব অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে অনেকের বিরাগভাজন হয়ে ওঠেন তার তিনি। লুটেরাদের বিরুদ্ধে প্রতিবাদ করায় একটি মিথ্যা মামলায় ফাসিয়ে দেওয়া হয় আলমগীর আলমকে। গেল বছর দায়ের হওয়া ওই মামলায় গত ১৪ আগস্ট ভোর রাতে গ্রেপ্তার করা হয় আলমগীর আলমকে। মামলায় লিস্টার মেশিন মালামালসহ চুরির অভিযোগ করা হয়। আলমগীর আলমের পরিবার বলছে, বালু উত্তোলনে ব্যবহৃত মেশিনগুলো কে বা কারা চুরি করে নিয়ে যায়। অথচ মিথ্যা ওই মামলায় আসামী করে আলমগীর আলমকে হয়রানি করা হচ্ছে।