Home Blog Page 152

ওএসডি হলেন সিলেটের ডিসি শের মাহবুব মুরাদ

0

আধুনিক রিপোর্ট ::

সাদাপাথরে লুটপাটকাণ্ডে সিলেটের প্রশাসনে যে রদবদল হতে যাচ্ছে সেটা অনুমেয়ই ছিলো। সিলেটের কোম্পানীগঞ্জের সাদাপাথরসহ বিভিন্ন পর্যটন কেন্দ্র থেকে পাথর লুটপাটের ঘটনায় দেশব্যাপী আলোচনার মাঝেই বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ শের মাহবুব মুরাদকে। সোমবার (১৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তার জায়গায় সিলেটের নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে তিন শতাধিক ভেজালবিরোধী অভিযান চালিয়ে ব্যাপক আলোচিত মো. সারওয়ার আলম

সম্প্রতি সিলেটের ভোলাগঞ্জ, জাফলং, রাংপানিসহ বিভিন্ন এলাকায় পাথরলুটের ঘটনায় দেশজুড়ে আলোচনার ঝড় ওঠে। প্রথম দিকে প্রকাশ্যেই এসব লুটপাটের ঘটনা ঘটলেও প্রশাসন নির্বিকার ছিল বলে অভিযোগ মেলে। এমনকি ভোলাগঞ্জের সাদাপাথরে পরিদর্শনে গিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রশাসনের দায়বদ্ধতা খতিয়ে দেখার কথাও বলে। সাদাপাথর লুটের সঙ্গে স্থানীয় প্রশাসনের যোগসাজশ ছিল বলে রোববার (১৭ আগস্ট) সাংবাদিকদের জানিয়েছিলেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছিলেন তিনি। এর একদিন পরেই সিলেটের প্রশাসনে এই ওলটপালট।

সিলেটের ডিসি হিসেবে নিয়োগ পেলেন আলোচিত ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম

0

আধুনিক রিপোর্ট ::

র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে তিন শতাধিক ভেজালবিরোধী অভিযান চালিয়ে ব্যাপক প্রশংসিত মো. সারওয়ার আলম এবার সিলেটের জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেলেন। সোমবার (১৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা সারোয়ার আলমকে সিলেট জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে বদলি ও পদায়ন করা হলো। এতদিন এ দায়িত্ব সামলাচ্ছিলেন শের মাহবুব মুরাদ।

সারওয়ার আলম ২৭তম বিসিএসের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। ২০২১ সালের ৭ মার্চ প্রশাসনে সিনিয়র সহকারী সচিব থেকে উপসচিব পদে পদোন্নতি পান ৩৫৮ কর্মকর্তা। পদোন্নতির ক্ষেত্রে মূল বিবেচ্য ছিল বিসিএসের ২৭তম ব্যাচ। এ ব্যাচের প্রশাসন ক্যাডারের ২৪০ জনকে (ইকোনমিক ক্যাডার বিলুপ্ত হওয়ায় প্রশাসন ক্যাডারে অন্তর্ভুক্ত হওয়া কর্মকর্তাসহ) পদোন্নতি দেওয়া হয়। কিন্তু সে সময় মো. সারোয়ার আলমের নাম পদোন্নতির তালিকায় ছিল না।

র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে অসাধারণভাবে কাজ করে চলা সারোয়ার আলমকে ২০২০ সালের ৯ নভেম্বর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে বদলি করা হয়।

বিভিন্ন ক্লাবে ক্যাসিনোবিরোধী অভিযান চালিয়ে আলোচনায় আসেন সারওয়ার আলম। করোনা মহামারির মধ্যে কয়েকটি হাসপাতালে ভুয়া করোনা টেস্টের বিরুদ্ধে অভিযান করেও প্রশংসা পান। সর্বশেষ সংসদ সদস্য হাজী সেলিমের বাড়িতে অভিযানে নেতৃত্ব দিয়ে আবারও আলোচনায় আসেন এই নির্বাহী হাকিম। ওই বাসা থেকে মাদক, অস্ত্র-গুলি ও অবৈধ ওয়াকিটকি উদ্ধারের পর তিনি হাজী সেলিমের ছেলে ওয়ার্ড কাউন্সিলর ইরফান সেলিমকে দেড় বছরের কারাদণ্ড দেন।

৫ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই বছরের ১৩ আগস্ট আরও ১১৬ কর্মকর্তার সঙ্গে সারওয়ার আলম উপসচিব পদে ভূতাপেক্ষ পদোন্নতি পান, যারা আওয়ামী লীগ সরকারের আমলে পদোন্নতি বঞ্চিত ছিলেন।

সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারীসহ পাঁচ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

0

আধুনিক ডেস্ক ::

সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারীসহ পাঁচ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ২০১৬ সালে গাজীপুরে জঙ্গি ‘নাটক’ সাজিয়ে সাত জনকে হত্যার অভিযোগে মামলায় পরোয়ানা জারি করা হয়। সোমবার (১৮ আগস্ট) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। ২০১৬ সালের ৮ই অক্টোবর কাউন্টার টেররিজম ইউনিটের একটি দল পুলিশের সহায়তায় গাজীপুর সিটি করপোরেশনের নোয়াগাঁওয়ের পাতারটেক এলাকায় একটি দোতলা বাড়িতে অভিযান চালায়। সেখানে সাত জন নিহত হন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি তাজুল ইসলাম জানান, ওই ঘটনায় নিহত সাত যুবককে বিভিন্ন জায়গা থেকে ধরে এনে ওই দোতলা ভবনে আটকে রেখে জঙ্গি নাটক সাজিয়ে হত্যা করা হয়েছিলো। তিনি একে বিচার বহির্ভুত হত্যাকাণ্ড উল্লেখ করে বলেন, ওই সাত যুবকের কারো কোনো জঙ্গি সম্পৃক্ততা ছিলো না বলে তদন্তে উঠে এসেছে।

গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া বাকি চারজনের মধ্যে তৎকালীন অতিরিক্ত পুলিশ কমিশনার, ডিএমপি ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) এর প্রধান মনিরুল ইসলামসহ অভিযানে যারা নেতৃত্ব দিয়েছিলেন তাদের নাম রয়েছে বলে জানান মি. ইসলাম।

ডিএমপির ডিবির হারুনসহ ১৮ পুলিশ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

0

আধুনিক ডেস্ক ::

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সাবেক প্রধান মোহাম্মদ হারুন অর রশীদসহ ১৮ জন কর্মকর্তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। সোমবার (১৮ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব নাসিমুল গনি।

সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে তিনজন ডিআইজি, ছয়জন অতিরিক্ত ডিআইজি, চারজন পুলিশ সুপার, চারজন অতিরিক্ত পুলিশ সুপার এবং একজন সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন।

প্রজ্ঞাপনে বলা হয়, ১৮ জন কর্মকর্তাকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ৩(গ) অনুযায়ী পলায়নের শাস্তিযোগ্য অপরাধে অভিযুক্ত হওয়ায় বিধি ১২ উপবিধি (১) অনুযায়ী তাদের নামের পাশে উল্লিখিত তারিখ থেকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালীন তারা খোরপোষ ভাতা পাবেন এবং জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন–
১. মোহাম্মাদ হারুন অর রশীদ, অতিরিক্ত পুলিশ কমিশনার, ডিএমপি, ঢাকা। 
২. সঞ্জিত কুমার রায়, যুগ্ম পুলিশ কমিশনার, ডিএমপি, ঢাকা।
৩. রিফাত রহমান শামীম, সাবেক যুগ্ম-পুলিশ কমিশনার, ডিএমপি, ঢাকা। বর্তমানে অ্যাডিশনাল ডিআইজি, রেঞ্জ ডিআইজির কার্যালয়, চট্টগ্রামে সংযুক্ত।
৪. কাজী আশরাফুল আজীম, পুলিশ সুপার, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়, চট্টগ্রামে সংযুক্ত ও সাবেক উপ-পুলিশ কমিশনার, ডিএমপি, ঢাকা।
৫. হাসান আরাফাত, অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারারি পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), পুলিশ ট্রেনিং সেন্টার, খুলনা।
৬. সৈয়দ নুরুল ইসলাম, সাবেক ডিআইজি, ঢাকা রেঞ্জ ও বর্তমানে ডিআইজি, বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহী।
৭. মো. আসাদুজ্জামান, সাবেক পুলিশ সুপার, ঢাকা জেলা ও বর্তমানে পুলিশ সুপার, বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহীতে সংযুক্ত
৮. মোহামম্মদ জায়েদুল আলম, অতিরিক্ত ডিআইজি, এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টার, খাগড়াছড়ি।
৯. মোহাম্মদ ফরিদ উদ্দিন, অ্যাডিশনাল ডিআইজি, এপিবিএন (পার্বত্য জেলাসমূহ)।
১০. শ্যামল কুমার মুখার্জী, অতিরিক্ত ডিআইজি, রেঞ্জ ডিআইজির কার্যালয়, রাজশাহীতে সংযুক্ত।
১১. আয়েশা সিদ্দিকা, পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), রেঞ্জ ডিআইজির কার্যালয় রাজশাহীতে সংযুক্ত।
১২. রাজন কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার, ৮ এপিবিএন, উখিয়া, কক্সবাজার।
১৩. মির্জা সালাউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার, পুলিশ স্টাফ কলেজ, ঢাকা।
১৪. মো. হাবিবুল্লাহ দালাল, সহকারী পুলিশ সুপার, পুলিশ স্টাফ কলেজ, ঢাকা।
১৫. রাশেদুল ইসলাম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, বিএমপি, বরিশাল।
১৬. মো. মনিরুজ্জামান, অতিরিক্ত ডিআইজি, ট্যুরিস্ট পুলিশ ঢাকা।
১৭. মো. আবু মারুফ হোসেন, সাবেক উপ-পুলিশ কমিশনার, আরপিএমপি, রংপুর বর্তমানে এটিইউ, ঢাকা।
১৮. মহা. আশরাফুজ্জামান, ডিআইজি (কমান্ড্যান্ট)।

দোয়ারাবাজারে জাতীয় মৎস সপ্তাহ -২০২৫ উপলক্ষে র‍্যালি,আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্তকরণ

0

দোয়ারাবাজার প্রতিনিধিঃ

“অভয়াশ্রম গড়ে তুলি,দেশি মাছে দেশ ভরি” স্লোগানে সুনামগঞ্জের দোয়ারাবাজারে পালিত হয়েছে জাতীয় মৎস সপ্তাহ -২০২৫।

দোয়ারাবাজার উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস অফিসের আয়োজনে জাতীয় মৎস সপ্তাহ উপলক্ষে সোমবার (১৮ আগষ্ট) সকাল ১১ টায় উপজেলা পরিষদের সামনে র‌্যালি’র আয়োজন করা হয়।

পরবর্তীতে উপজেলা কনফারেন্স রুমে উপজেলার বিভিন্ন ইউনিয়নের মৎসচাষীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

র‌্যালি ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ, উপজেলা মৎস কর্মকর্তা তুষার কান্তি বর্মন এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা এলজিইডি কর্মকর্তা আব্দুল হামিদ,
মৎসজীবি প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন মৎস চাষী ফরিদ আহমদ, সাংবাদিক প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন মো.মামুন মুন্সি।
সভায় উপজেলা পর্যায়ে মৎস্য উৎপাদনে সফলতার জন্য একজন মৎস্য চাষিকে পুরস্কার প্রদান করা হয়।

পরে বেলা সাড়ে ১২ টায় দোয়ারাবাজার থানা সংলগ্ন পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। মাছের পোনা অবমুক্ত করেন দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক ও উপজেলা মৎস কর্মকর্তা তুষার কান্তি বর্মন।

এসময় দোয়ারাবাজার থানার এসআই মিজানুর রহমান, মোহন রায়,মনিরুল ইসলাম, রফিজুল ইসলাম,দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের যুগ্মআহ্বায়ক আব্দুল মোতালিব ভূইয়া, সদস্য সোহেল মিয়া, মাসুদ রানা সোহাগ, দোয়ারাবাজার ফায়ার স্টেশনের কর্মকর্তা আপ্তার উদ্দিন, আনসার কর্মকর্তা অজিত রঞ্জন ওউপজেলার বিভিন্ন ইউনিয়নের মৎস চাষীরা উপস্থিত ছিলেন।

মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে সংশ্লিষ্ট সব অংশীজনের অংশগ্রহণে উপজেলার মৎস্য সম্পদের স্থায়িত্বশীল এবং সর্বোত্তম ব্যবহার বিষয়ে মতবিনিময়, গুরুত্বপূর্ণ এলাকায় পুকুর ও জলাশয়ের পানির ভৌত রাসায়নিক গুণাগুণ পরীক্ষা এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান, সুফল ভোগীদের মধ্যে উপকরণ বিতরণসহ বিভিন্ন আয়োজন রয়েছে সপ্তাহজুড়ে।

সিলেটে তাপমাত্রা কমছে, ছয় বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা

0

আধুনিক ডেস্ক:

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হওয়ায় সিলেটসহ দেশের ছয়টি বিভাগে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। অন্যদিকে দেশের বাকি অংশে হতে পারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি।

সোমবার (১৮ আগস্ট) এক পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানান, উত্তর অন্ধ্র-দক্ষিণ উড়িষ্যা উপকূলের অদূরে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এ ছাড়া মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট, রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে এসব বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনাও রয়েছে। এছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

মঙ্গলবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসেও একই ধরনের আবহাওয়ার কথা বলা হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে, সিলেট, রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনাও রয়েছে।

অন্য এক পূর্বাভাসে জানানো হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে, সিলেটে সোমবার আকাশ বেশিরভাগ সময় মেঘাচ্ছন্ন রয়েছে। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত কয়েক দফা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলে তাপমাত্রা ৩৩ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলেও সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে তা ধীরে ধীরে কমে ২৭ থেকে ৩১ ডিগ্রির মধ্যে নেমে আসবে।

সন্ধ্যা থেকে রাত অবধি বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। রাত ৭টার পর থেকে বজ্রঝড় ও দমকা হাওয়ার কারণে জনসাধারণকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস। দিনভর ভ্যাপসা গরমের পর সন্ধ্যার বৃষ্টি সিলেটবাসীর জন্য কিছুটা স্বস্তি বয়ে আনতে পারে। তবে বজ্রপাতের সময় খোলা জায়গায় অবস্থান না করা এবং প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা।

সিলেটে টাস্কফোর্সের অভিযানে আরও ৩৯ হাজার ঘনফুট পাথর উদ্ধার, আটক ২

0

আধুনিক রিপোর্ট ::

সিলেটে টাস্কফোর্সের অভিযানে প্রায় ৩৯ হাজার ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে। রোববার (১৭ আগস্ট) সকাল থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সিলেট সদর, কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অভিযান চালিয়ে এসব পাথর উদ্ধার করা হয়। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে।

সাদাপাথর পর্যটনকেন্দ্রসহ সিলেটের বিভিন্ন এলাকা থেকে অবৈধভাবে লুট হওয়া পাথর উদ্ধারে গত বুধবার রাত থেকে জেলার বিভিন্ন স্থানে অভিযানে নামে টাস্কফোর্স ও যৌথ বাহিনী। এরই অংশ হিসেবে আজ পঞ্চম দিনের মতো সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান চালানো হয়।

অভিযানসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রোববার সকালে সদর উপজেলার ধোপাগুল–সংলগ্ন সালুটিকর ভাটা এলাকায় সিলেটের জ্যেষ্ঠ সহকারী কমিশনার (রাজস্ব, জেলা ব্র্যান্ডিং ও পর্যটন সেল) মাহমুদ আশিক কবিরের নেতৃত্বে অভিযান চালানো হয়। এতে সেনাবাহিনী, পুলিশ ও র‌্যাবের সদস্যরা ছিলেন। অভিযানে পাথর ভাঙার কারখানার (স্টোন ক্রাশার মিল) আঙিনায় মাটিচাপা দেওয়া পাথরের সন্ধান পাওয়া যায়। এ সময় ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোশনূর রুবাইয়াৎ বলেন, উদ্ধার হওয়া পাথরগুলোর মধ্যে ৯টি ট্রাকে প্রায় সাড়ে চার হাজার ঘনফুট পাথর ভোলাগঞ্জের ১০ নম্বর ঘাটে নিয়ে যাওয়া হয়েছে। আটক দুজনকে পুলিশের কাছে হস্তান্তর করে তাঁদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া কোম্পানীগঞ্জের কলাবাড়ি ও কালীবাড়ি এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২৫ হাজার ঘনফুট সাদাপাথর জব্দ করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেওয়া জেলা প্রশাসনের জ্যেষ্ঠ সহকারী কমিশনার (ভূমি অধিগ্রহণ শাখা, জেনারেল সার্টিফিকেট শাখা) তমালিকা পাল বলেন, উদ্ধার হওয়া পাথরের মধ্যে প্রায় পাঁচ হাজার ঘনফুট পাথর সাদাপাথর পর্যটনকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। বাকি ২০ হাজার ঘনফুট পাথর কালীবাড়ি এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জিম্মায় আছে। সেগুলোও সাদাপাথর পর্যটনকেন্দ্রে নিয়ে যাওয়া হবে।

এদিকে গোয়াইনঘাটের জুমপার এলাকায় অভিযান চালিয়ে সকাল থেকে বিকেল পর্যন্ত প্রায় তিন হাজার ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী। তিনি প্রথম আলোকে বলেন, উদ্ধার হওয়া পাথরের মধ্যে বিকেল পাঁচটা পর্যন্ত প্রায় ১ হাজার ৫০০ ঘনফুট পাথর জাফলং জিরো পয়েন্ট এলাকায় প্রতিস্থাপন করা হয়েছে। পাথর উদ্ধারের পাশাপাশি নদী থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করা ৫০টি নৌকা আটক করে ধ্বংস করা হয়েছে।

সারা দেশে ৫১টি কোয়ারি (পাথর ও বালু উত্তোলনের নির্দিষ্ট স্থান) আছে। এর মধ্যে সিলেটের কানাইঘাট, কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুরে আছে আটটি পাথর কোয়ারি। এর বাইরে সিলেটে সাদাপাথর, জাফলং, বিছনাকান্দি, উৎমাছড়াসহ আরও ১০টি জায়গায় পাথর আছে। এসব জায়গা পর্যটনকেন্দ্র হিসেবে পরিচিত। সীমান্তের ওপারে ভারতের পাহাড়ি নদী থেকে এসব পাথর আসে। ২০২০ সালের আগে সংরক্ষিত এলাকা বাদে সিলেটের আটটি কোয়ারি ইজারা দিয়ে পাথর উত্তোলনের সুযোগ দেওয়া হতো। তবে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতির কারণে ২০২০ সালের পর আর পাথর কোয়ারি ইজারা দেওয়া হয়নি।

সিলেটের ব্যবসায়ী ও রাজনৈতিক দলের নেতারা সব সময় পাথর উত্তোলনের পক্ষে জোরালো অবস্থান নেন। বিগত পাঁচ বছরে তাঁরা নানাভাবে কোয়ারি ইজারা আবার চালুর চেষ্টা করেছেন, কিন্তু সরকার অনুমতি দেয়নি। এ অবস্থায় রাতের বেলা আড়ালে–আবডালে মানুষ অবৈধভাবে পাথর তুলতেন। গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর টানা এক বছর দেদার পাথর লুটপাট চলে।

দেশের অর্থনৈতিক বাস্তবতা ও বিচার ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে পৃথক বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠা হবে : সিলেটে প্রধান বিচারপতি

0

আধুনিক ডেস্ক:

দেশের অর্থনৈতিক বাস্তবতা ও বিচার ব্যবস্থার চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে একটি পৃথক বাণিজ্যিক আদালত ব্যবস্থা প্রতিষ্ঠার প্রস্তাব ঘোষণা করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। তিনি গতকাল রোববার (১৭ আগস্ট) সকালে সিলেটের একটি অভিজাত হোটেলে “Establishing Commercial Courts: Shaping the Draft Commercial Court Ordinance”-শীর্ষক একটি সেমিনারে উক্ত বক্তব্য প্রদান করেন। সেমিনারটির দ্বিতীয় সেশন বা মূল পর্ব (Plenary Session) শুরু হয় দুপুর ১২:৩০ ঘটিকায়।

বাংলাদেশ সুপ্রীম কোর্ট এবং United Nations Development programme (UNDP) এর যৌথ উদ্যোগে আয়োজিত উক্ত সেমিনারের দ্বিতীয় সেশন বা মূল পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধান বিচারপতি বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে প্রধান বিচারপতি দেশের অর্থনৈতিক বাস্তবতা ও বিচার ব্যবস্থার চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে একটি পৃথক বাণিজ্যিক আদালত ব্যবস্থা প্রতিষ্ঠার প্রস্তাব ঘোষণা করে
বলেন, বর্তমানে বাংলাদেশে বাণিজ্যিক বিরোধ নিষ্পত্তির জন্য কোনো পৃথক বিচারিক ফোরাম নেই। এখন কোটি কোটি টাকার বাণিজ্যিক বিরোধগুলোকে ছোটখাটো দেওয়ানি মামলার সঙ্গে একই সারিতে নিষ্পত্তি করতে হওয়ায় দ্রুত, কার্যকর বিচার প্রক্রিয়া ব্যাহত হচ্ছে। এটি আমাদের বিচারকদের প্রতি কোনো সমালোচনা নয়। তাঁদের নিষ্ঠা প্রশ্নাতীত বরং এটি একটি কাঠামোগত অসংগতি। এর ফলে মামলার জট যেমন বাড়ছে, তেমনি ব্যবসায়িক সম্পর্ক ও বিনিয়োগ পরিবেশও ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি একটি পরিসংখ্যান তুলে ধরে বলেন, ২০২৫ সালের মার্চ মাস পর্যন্ত শুধু অর্থ ঋণ আদালতে প্রায় ২৫,০০০-এরও বেশি মামলা অমীমাংসিত রয়ে গেছে।

পৃথক বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠা সংক্রান্ত সংস্কারের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, এটি কারো একক কোন দাবি নয় বরং বাণিজ্যিক মামলাগুলো বিশেষায়িত আদালতে নির্দিষ্ট সময়সীমা ও কার্যকর রায়ের মধ্যমে নিষ্পত্তি হওয়ার জন্য বৃহৎ বিনিয়োগকারী থেকে শুরু করে ক্ষুদ্র উদ্যোক্তা, দেশী-বিদেশী বিনিয়োগকারী সবাই দীর্ঘদিন যাবত বিভিন্ন সভা-সেমিনারে এই দাবি জানিয়ে আসছে।

তিনি বৈশ্বিক উদাহরণ তুলে ধরে বলেন রুয়ান্ডা, ভারত ও পাকিস্তানের মত দেশগুলো বাণিজ্যিক আদালত গড়ে তুলে একটি দক্ষ, স্বচ্ছ ও বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করেছে। তিনি বলেন, এ সকল দেশের অভিজ্ঞতাগুলো বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা বহন করে।
প্রধান বিচারপতি প্রস্তাবিত বাণিজ্যিক আদালত ব্যবস্থার সাতটি মূল স্তম্ভের কথা উল্লেখ করেন। সেগুলো হলো:- স্পষ্ট ও একীভূত এখতিয়ার নির্ধারণ, আর্থিক সীমারেখা ও স্তরভিত্তিক কাঠামো, বাধ্যতামূলক কেস ম্যানেজমেন্ট ও কঠোর সময়সীমা, সমন্বিত মধ্যস্থতা ব্যবস্থা, প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার (যেমন, ই-ফাইলিং, ডিজিটাল ট্র্যাকিং, হাইব্রিড শুনানি), সবার জন্য ন্যায়সঙ্গত প্রবেশাধিকার, এবং জবাবদিহি ও কর্মক্ষমতা পর্যবেক্ষণ। তিনি জোর দিয়ে বলেন, বাণিজ্যিক আদালতের কার্যক্রম হবে পূর্ণাঙ্গভাবে কার্যকর, জবাবদিহিমূলক এবং বাণিজ্যের পরিবর্তনশীল চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
প্রধান বিচারপতি আরও জানান, আদালত প্রতিষ্ঠার পর বিচারকদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে, মিশ্র আইনব্যবস্থার (সিভিল ল ও কমন ল-এর সমন্বয়) সুফল কাজে লাগানো হবে এবং বার্ষিক প্রতিবেদন প্রকাশের মাধ্যমে জবাবদিহি নিশ্চিত করা হবে। এটি আমাদের জন্য এক অনন্য সুযোগ। শুধু একটি নতুন আদালত গঠন নয়, বরং অর্থনৈতিক ন্যায়বিচারের জন্য এক নতুন ভিত্তি গড়ে তোলা। আজ আমরা সম্মিলিতভাবে সেই পথে এগিয়ে যাওয়ার অঙ্গীকার করছি।
সেমনিারটির দ্বিতীয় সেশন বা মূল পর্বে সূচনা বক্তব্য প্রদান করেন সিলেটের সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ আশফাকুর রহমান। এই সেশনে আরো বক্তব্য প্রদান করেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার, ইউএনডিপি এর রেসিডেন্সিয়াল রিপ্রেজেনটেটিভ স্টিফান লিলার এবং সেমিনারটির সভাপতি হাইকোর্ট বিভাগের বিচারপতি জাফর আহমেদ।
এছাড়া, সেমিনারটিতে বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাসের প্রতিনিধি, BIDA এর প্রতিনিধি, BIAC এর প্রতিনিধি, সুপ্রীম কোর্ট রেজিস্ট্রির কর্মকর্তাবৃন্দ, বিজ্ঞ আইনজীবীবৃন্দ এবং সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার বিভিন্ন পর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত সেমিনারে বিচার বিভাগীয় কর্মকর্তাবৃন্দের উপস্থিতির ব্যাপারে বাংলাদেশ সুপ্রীম কোর্টের পরামর্শক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের প্রশিক্ষণ শাখা হতে চলতি বছরের ১৩ আগস্ট খ্রি. তারিখে এ সংক্রান্ত সরকারি আদেশ জারি হয়।

লোকপ্রশাসনকে শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্তের দাবিতে শাবিতে মানববন্ধন

0

শাবি প্রতিনিধি:

বিসিএস শিক্ষা ক্যাডারে লোকপ্রশাসন বিভাগকে স্বতন্ত্র বিভাগ হিসেবে অন্তর্ভুক্ত করার দাবিতে মানববন্ধন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থীরা।

রোববার (১৭ আগস্ট) দুপুরে দেড়টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারেরর সামনে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, লোকপ্রশাসন বিভাগ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মতোই পাঠ্যক্রম ও একাডেমিক কাঠামো অনুসরণ করে, তবুও বিসিএস শিক্ষা ক্যাডারে শুধুমাত্র রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদেরই অন্তর্ভুক্ত করা হচ্ছে। এর ফলে লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থীরা বছরের পর বছর বৈষম্যের শিকার হচ্ছেন। ইন্টারমিডিয়েট পর্যায়ে ‘পৌরনীতি ও সুশাসন’ নামক বিষয়টি লোকপ্রশাসনের অন্তর্ভুক্ত হলেও শিক্ষক নিয়োগ হয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের কোড থেকে, যা পুরোপুরি বৈষম্য।

বক্তারা আরও বলেন, সমাজবিজ্ঞান, ইতিহাস, সমাজকর্মসহ প্রায় সব সামাজিক বিজ্ঞান বিভাগ শিক্ষা ক্যাডারে থাকলেও লোকপ্রশাসন নেই, যেটি একাডেমিক জায়গায় একটি কাঠামোগত বৈষম্য।

এসময় বক্তারা দ্রুততম সময়ে লোকপ্রশাসন বিভাগকে শিক্ষা ক্যাডারে স্বতন্ত্র সাবজেক্ট কোড-সহ অন্তর্ভুক্ত করার জন্য শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। একইসঙ্গে, বিসিএস শিক্ষা ক্যাডার ও এনটিআরসিতে লোকপ্রশাসনের শিক্ষার্থীদের জন্য সুনির্দিষ্ট ও স্বীকৃত সুযোগ তৈরি করার দাবিও তোলেন।

লোকপ্রশাসন বিভাগের প্রধান অধ্যাপক আশরাফ সিদ্দিকী বলেন, “রাষ্ট্রবিজ্ঞান ও লোকপ্রশাসন এক বিষয় নয়, বরং দুটি স্বতন্ত্র ক্ষেত্র। একটি নীতিনির্ধারণ আরেকটি বাস্তবায়ন। আমাদের বিভাগের গুরুত্ব এখন এতটাই বেড়েছে যে সরকারের মন্ত্রণালয়ের নামও পরিবর্তন করে ‘মিনিস্ট্রি অব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন’ করা হয়েছে। আমি মনে করি, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন একটি বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানের প্রাণস্বরূপ। এ বিষয়ে জ্ঞান ছাড়া কোনো প্রতিষ্ঠানের উন্নয়ন সম্ভব নয়।”

তিনি আরও বলেন, “লোকপ্রশাসন বিভাগকে শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্ত করতে হবে এবং কলেজ পর্যায়েও পাঠদান চালু করা উচিত। এতে শিক্ষার্থীদের কর্মক্ষেত্র প্রসারিত হবে, বেকারত্ব কমবে এবং লোকপ্রশাসন বিভাগ একটি স্বতন্ত্র বিষয় হিসেবে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়ে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি পাবে।”

এসময় আরও বক্তব্য রাখেন লোকপ্রশাসন বিভাগের প্রভাষক আব্দুল বাসিত সাদাফ, শিক্ষার্থী টিপু সুলতান, অবন্তিকা, খলিলুর রহমান সাদ ও আশরাফুল ইসলাম সাকিব প্রমুখ।

রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের উদ্যোগে আন্তর্জাতিক সম্মেলন ৩০ সেপ্টেম্বর

0

আধুনিক ডেস্ক ::

রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের উদ্যোগে একটি আন্তর্জাতিক সম্মেলন ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) ও প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যাবিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান। রোববার (১৭ আগস্ট) ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের তিনি এই তথ্য জানান।

খলিলুর রহমান সংবাদিকদের বলেন, এই সম্মেলন হলো রোহিঙ্গাদের জন্য এবং বিশ্ব সম্প্রদায়ের জন্য আশু সমাধানের পথ নির্দেশিকা দেওয়ার একটি স্থায়ী সুযোগ। আমরা সেই কারণে রোহিঙ্গাদের ভয়েস, তাদের কথা, তাদের আশা-আকাঙ্ক্ষা, তাদের স্বপ্ন, এসব আমরা সেখানে নিয়ে যেতে চাই।

ওই সম্মেলনের প্রস্তুতি হিসেবে আগামী ২৫ আগস্ট কক্সবাজারে ‘অংশীজন সংলাপ: রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের সম্মেলনে আলোচনার জন্য প্রাপ্ত বার্তা’ শীর্ষক একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠানের কথাও জানিয়েছেন তিনি।

এজন্য ঢাকায় থাকা বিদেশি কূটনীতিক ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের রোহিঙ্গা ইস্যুতে রোববার সকালে ব্রিফ করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। ব্রিফিং শেষে খলিলুর রহমান বলেন, একসময় রোহিঙ্গা ইস্যুটি আন্তর্জাতিক আলোচনার এজেন্ডা থেকে প্রায় বাদ পড়ে যাচ্ছিল। এই পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা গত বছর জাতিসংঘের সাধারণ পরিষদে গিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের জন্য সকল সদস্য রাষ্ট্রকে আহ্বান জানিয়েছিলেন। এই আহ্বানে তাৎক্ষণিকভাবে এবং সর্বসম্মতিক্রমে সাড়া পাওয়া যায় এবং জাতিসংঘ সাধারণ পরিষদ এই সম্মেলন আহ্বানের সিদ্ধান্ত গ্রহণ করে। বিশ্বের ১০৬টি দেশ এই সম্মেলনকে স্পন্সর করেছে। এখন যথেষ্ট পরিমাণ আন্তর্জাতিক সমর্থন রয়েছে।