আধুনিক রিপোর্ট ::
র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে তিন শতাধিক ভেজালবিরোধী অভিযান চালিয়ে ব্যাপক প্রশংসিত মো. সারওয়ার আলম এবার সিলেটের জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেলেন। সোমবার (১৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা সারোয়ার আলমকে সিলেট জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে বদলি ও পদায়ন করা হলো। এতদিন এ দায়িত্ব সামলাচ্ছিলেন শের মাহবুব মুরাদ।
সারওয়ার আলম ২৭তম বিসিএসের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। ২০২১ সালের ৭ মার্চ প্রশাসনে সিনিয়র সহকারী সচিব থেকে উপসচিব পদে পদোন্নতি পান ৩৫৮ কর্মকর্তা। পদোন্নতির ক্ষেত্রে মূল বিবেচ্য ছিল বিসিএসের ২৭তম ব্যাচ। এ ব্যাচের প্রশাসন ক্যাডারের ২৪০ জনকে (ইকোনমিক ক্যাডার বিলুপ্ত হওয়ায় প্রশাসন ক্যাডারে অন্তর্ভুক্ত হওয়া কর্মকর্তাসহ) পদোন্নতি দেওয়া হয়। কিন্তু সে সময় মো. সারোয়ার আলমের নাম পদোন্নতির তালিকায় ছিল না।
র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে অসাধারণভাবে কাজ করে চলা সারোয়ার আলমকে ২০২০ সালের ৯ নভেম্বর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে বদলি করা হয়।
বিভিন্ন ক্লাবে ক্যাসিনোবিরোধী অভিযান চালিয়ে আলোচনায় আসেন সারওয়ার আলম। করোনা মহামারির মধ্যে কয়েকটি হাসপাতালে ভুয়া করোনা টেস্টের বিরুদ্ধে অভিযান করেও প্রশংসা পান। সর্বশেষ সংসদ সদস্য হাজী সেলিমের বাড়িতে অভিযানে নেতৃত্ব দিয়ে আবারও আলোচনায় আসেন এই নির্বাহী হাকিম। ওই বাসা থেকে মাদক, অস্ত্র-গুলি ও অবৈধ ওয়াকিটকি উদ্ধারের পর তিনি হাজী সেলিমের ছেলে ওয়ার্ড কাউন্সিলর ইরফান সেলিমকে দেড় বছরের কারাদণ্ড দেন।
৫ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই বছরের ১৩ আগস্ট আরও ১১৬ কর্মকর্তার সঙ্গে সারওয়ার আলম উপসচিব পদে ভূতাপেক্ষ পদোন্নতি পান, যারা আওয়ামী লীগ সরকারের আমলে পদোন্নতি বঞ্চিত ছিলেন।


