Home Blog Page 151

জৈন্তাপুরের রাংপানি নদীর তীরে বিপুল পরিমাণ বালু ও পাথর জব্দ

0

জৈন্তাপুর প্রতিনিধি:

সিলেটের জৈন্তাপুর উপজেলার রাংপানি নদী তীরবর্তী এলাকায় অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন প্রতিরোধে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার লাবনীর নেতৃত্বে পরিচালিত টাস্কফোর্সের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ প্রাকৃতিক সম্পদ জব্দ করা হয়েছে। পরিবেশ ও জাতীয় স্বার্থ রক্ষায় পরিচালিত এ অভিযানে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়।

সোমবার (১৮ আগস্ট) দুপুর ১২টার দিকে বাংলাবাজার সংলগ্ন নদীর তীর থেকে প্রায় ৩৫ ট্রাক বালু জব্দ করে কর্তৃপক্ষ। পরবর্তীতে উন্মুক্ত নিলামের মাধ্যমে এসব বালু ৯০ হাজার টাকায় বিক্রি করা হয়।

এছাড়া অভিযানে স্থানীয় একটি ক্রাশার মেশিন থেকে প্রায় ৯ হাজার ৫০০ ঘনফুট পাথর জব্দ করা হয়। তদন্তে প্রমাণিত হয়েছে, এসব পাথর রাংপানি নদী থেকেই অবৈধভাবে উত্তোলন করা হয়েছিল। এ ঘটনায় সংশ্লিষ্ট ক্রাশার মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা গ্রহণের নির্দেশ প্রদান করেছে প্রশাসন।

অভিযানের সময় শ্রীপুর পাথর কোয়ারি এলাকায় অবৈধ উত্তোলন বন্ধে কঠোর নজরদারি জোরদার করা হয়। পাশাপাশি সীমান্তবর্তী নো-ম্যান্স ল্যান্ডে অনধিকার প্রবেশ রোধে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশনা দেওয়া হয়। বিশেষ করে বিজিবিকে বাড়তি পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব আরোপ করা হয়।

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা বলেন, অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন শুধু প্রাকৃতিক ভারসাম্য নষ্টই করে না, বরং জাতীয় সম্পদকেও হুমকির মুখে ফেলে। তারা আরও জানান, প্রশাসনের উদ্যোগের পাশাপাশি জনসচেতনতাও সমান জরুরী।

কর্তৃপক্ষের মতে, ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব। তাই আইন মেনে দায়িত্বশীলভাবে সবাইকে এগিয়ে আসতে হবে, যাতে অবৈধ দখল, চুরি বা লুটের কারণে দেশের সম্পদ ক্ষতিগ্রস্ত না হয় বরং সংরক্ষিত থেকে জাতীয় উন্নয়ন ও পরিবেশের ভারসাম্যে ইতিবাচক ভূমিকা রাখে।

কোম্পানীগঞ্জে নতুন ইউএনও মোহাম্মদ শফিকুল ইসলাম

0

কোম্পানিগঞ্জ প্রতিনিধি:

সিলেটের কোম্পানীগঞ্জের নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে পদায়ন হয়েছে মোহাম্মদ শফিকুল ইসলামের। এ-সংক্রান্ত প্রজ্ঞাপনে সিলেট বিভাগীয় কমিশনার খান মো: রেজা-উন-নবী স্বাক্ষর করেন।

শরিফুল ইসলাম ৩৬তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা। এর আগে তিনি ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার, আজমিরীগঞ্জের এসিল্যান্ড এবং সিলেটে সিনিয়র সহকারী কমিশনার (স্থানীয় সরকার, ব্যবসা ও বাণিজ্য, এনজিও, প্রবাসী কল্যাণ শাখা মিডিয়া সেল) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

শফিকুল ইসলাম শিক্ষাজীবনে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।

এদিকে ফেঞ্চুগঞ্জে নতুন ইউএনও হিসেবে দায়িত্ব পেয়েছেন সদ্য কোম্পানীগঞ্জ থেকে বিদায়ী আজিজুনাহার।

নেদারল্যান্ডস সিরিজে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতে মঙ্গলবার বিদ্যুৎ বন্ধ থাকবে সিলেটের বিভিন্ন এলাকায়

0

আধুনিক ডেস্ক:

সিলেট মহানগরীর লাক্কাতুরাস্থ ৩৩/১১ কেভি উপকেন্দ্রের আওতাধীন ১১ কেভির বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বন্ধ থাকবে। মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল ৭টা হতে বিকাল ৩টা পর্যন্ত জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের অংশ হিসাবে বৃক্ষ কর্তনের জন্য বিদ্যুৎবিহীন থাকবে বলে জানা গেছে।

সোমবার (১৮ আগস্ট) গণমাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন বিক্রয় ও বিতরণ বিভাগ-১, বিউবো, সিলেটের নির্বাহী প্রকৌশলী মু. তানভীর হায়দার।

তিনি জানান, ‘নেদারল্যান্ড ক্রিকেট দলের বাংলাদেশ সফর ২০২৫’ উপলক্ষ্যে সিলেট আর্ন্তজাতিক ক্রিকেট স্টেডিয়ামে সার্বক্ষনিক বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করণের জন্য জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের অংশ হিসাবে বৃক্ষ কর্তনের জন্য মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল ৭টা হতে বিকাল ৩টা পর্যন্ত সিলেটের লাক্কাতুরাস্থ ৩৩/১১ কেভি উপকেন্দ্রের আওতাধীন ১১ কেভি কাকুয়ারপাড়, এয়ারপোর্ট থানা, বাইশটিলা, ওসমানী বিমানবন্দর এক্সপ্রেস, ধোপাগুল, বনশ্রী, বাদামবাগিচা (আংশিক), পাহাড়িকা, বড় বাজার, লাক্কাতুরা স্টেডিয়াম ফিডার সমূহের অধীন লাক্কাতুরা বাজার, মুসলিম পাড়া, মালনীছড়া, বাঁশবাড়ী গলির মুখ, বাদাম বাগিচা, আঙ্গুরমিয়ার গলির মুখ, রুপসা আ/এ, খাসদবীর প্রাইমারী স্কুল, ইসরাইল মিয়া গলি, দারুস সালাম মাদ্রাসা রোড, বড় বাজার, আবাদানি, বড়শালা বাজার মসজিদের পাশে আংশিক, পর্যটন, ফরিদাবাদ, সিলভার সিটি, কেওয়াছড়া, হিলুয়াছড়া চা-বাগান, ধোপাগুল, মহালদিক, উমদারপাড়া, আলাইবহর, লিলাপাড়া, দাপনাটিলা, সাহেবের বাজার, কালাগুল, লালবাগ, পীরেরগাঁও, ছালিয়া, রঙ্গিটিলা, সালুটিকর ঘাট ও তৎসংলগ্ন এলাকাগুলোতে বিদ্যুৎ থাকবে না।

কাজ শেষ হয়ে গেলে নির্ধারিত সময়ের পূর্বেও বিদ্যুৎ সরবরাহ চালু করা হতে পারে। সাময়িক বিদ্যুৎ সরবরাহ বন্ধের পরিপ্রেক্ষিতে গ্রাহক ভোগান্তির জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-১।

বিয়ানীবাজারে র‍্যাবের অভিযানে দোনালা বন্দুক উদ্ধার

0

সিলেটের বিয়ানীবাজার থেকে একটি দেশীয় দোনালা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব-৯।

র‍্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার (১৭ আগস্ট) রাত ১১টার দিকে র‍্যাব-৯ সদর কোম্পানির একটি দল টহল ডিউটির সময় গোপন সংবাদের ভিত্তিতে বিয়ানীবাজার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সুপাতলা এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানে উক্ত এলাকার একটি বাউন্ডারি ওয়ালের পাশে ময়লার স্তূপে রাখা পলিথিনে মোড়ানো অবস্থায় দেশীয় দোনালা বন্দুকটি উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, উদ্ধার করা অস্ত্র আইনগত প্রক্রিয়া শেষে বিয়ানীবাজার থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ জানান, এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের পর থেকে র‍্যাব মাদক উদ্ধার, হত্যা মামলা, সন্ত্রাসী দমন, চাঁদাবাজি প্রতিরোধ, অবৈধ অস্ত্র উদ্ধারসহ বিভিন্ন অপরাধ দমনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতেও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

এমসি ও সরকারি কলেজের শিক্ষার্থীদের বৃত্তি দেবে এলামনাই এসোসিয়েশন

0

আধুনিক ডেস্ক:

এমসি ও সরকারী কলেজের উচ্চমাধ্যমিক ও স্নাতক শিক্ষার্থীদেরকে বৃত্তি দেবে সিলেট এমসি এন্ড গভর্নমেন্ট কলেজ এলামাইন এসোসিয়েশন অব ইউএসএ ইনক। ২০২৬ শিক্ষাবর্ষে মোট ৪০ জনকে বার্ষিক ৭ হাজার টাকা বৃত্তি প্রদান করবে সংস্থাটি।

সোমবার ( ১৮ আগস্ট) এমসি কলেজের শিক্ষক মিলনায়তনে বৃত্তি প্রদানের এ কার্যক্রম প্রক্রিয়া শুভ উদ্বোধন করেন মুরারিচাঁদ কলেজের অধ্যক্ষ অধ্যাপক গোলাম আহমদ খান।

অধ্যাপক গোলাম আহমদ খান বলেন, এটা আনন্দ ও শ্লাঘার বিষয় যে কলেজের প্রাক্তণিরা কলেজের শিক্ষার মান উন্নয়নের জন্য এগিয়ে এসেছে। এর ফলে গরীব মেধাবী শিক্ষার্থীরা উপকৃত হবে। সাবেক শিক্ষার্থীদের এ সহযোগিতার মানসিকতা প্রশংসাযোগ্য। এ উদ্যোগ নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে সেইসাথে শিক্ষার্থীদের স্বপ্নপূরণে সহায়তা করবে।

এমসি কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক শাহনাজ বেগমের সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা ব্ক্তব্য ও বৃত্তি কার্যক্রম সর্ম্পকে ধারণা দেন এমসি কলেজের পদার্থবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক তৌফিক এজদানী চৌধুরী ও সংগঠনের বাংলাদেশ প্রতিনিধি মো. হোসেন সরোয়ার।

সভায় ব্ক্তারা বলেন, শুধুমাত্র দেশের প্রতি মমত্বোবোধ আর শিকড়ের টানেই সাবেক ছাত্ররা এ মহৎ কার্যক্রম হাতে নিয়েছে। এ প্রণোদনা নি:সন্দেহে শিক্ষার্থীদের কাজে লাগবে।
বক্তারা এ বৃত্তি কার্যক্রমে সিলেট সরকারী কলেজকে অর্ন্তভুক্ত করায় সাধুবাদ জানান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এমসি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আকমল হোসেন, এমসি কলেজ শিক্ষক পরিষদের সভাপতি অধ্যাপক মো. গিয়াস উদ্দিন, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক পান্না বসু, সিলেট সরকারী কলেজের সহযোগি অধ্যাপক সব্যসাচী দত্ত প্রমুখ।

উল্লেখ্য, এবার এমসি কলেজের ২৫ জন যার মধ্যে ১৫ জন বিভাগভিত্তিক ( স্নাতক), ৬ জন পাস কোর্স, ৪ জন উচ্চ মাধ্যমিক এবং সরকারী কলেজে মোট ১৫ জন যার মধ্যে ৫ জন বিভাগভিত্তিক ( স্নাতক), ১০ জন পাস কোর্স ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হবে।

আগ্রহী শিক্ষার্থীদেরকে আগামী ১৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। বিস্তারিত তথ্যের জন্য ০১৩১৪৭৩৫৪৬৪ মোবাইল নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

বিজিবি’র উপর হামলাকারী চোরাকারবারি আরমান আলী’র একদিনের রিমান্ড

0

দোয়ারাবাজার প্রতিনিধিঃ

সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে অবৈধ পথে আসা ভারতীয় মহিষ আটক অভিযান পরিচালনাকালে বিজিবি’র উপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় আটককৃত আসামী আরমান আলী (২৮)কে’ এক’দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

সোমবার (১৮ আগষ্ট) সুনামগঞ্জের আমল গ্রহণকারী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত শেফায়েত উল্লাহ এই আদেশ মঞ্জুর করেন।

আসামী আরমান আলী উপজেলার নরসিংপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামের কুদ্দুস মিয়া’র পুত্র।

এর আগে গত, ৬ আগষ্ট (বুধবার) বিকাল সাড়ে ৫ টায় সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি), লাফার্জ বিওপির দায়িত্বপূর্ণ এলাকা সীমান্ত পিলার (১২৪০) হতে বাংলাদেশের এক কিলোমিটার অভ্যান্তরে উপজেলার নরসিংপুর ইউনিয়নে তেরাপুর গ্রামে আব্দুল আহাদের বাড়িতে ভারত থেকে অবৈধভাবে চোরাই পথে আসা ভারতীয় মহিষ আটক অভিযানে বিজিবির উপর হামলা করে চোরাকারবারি চক্রের সদস্যরা

পরে বুধবার (৭ আগষ্ট) লাফার্জ বিওপি ক্যাম্পের হাবিলদার রহিদুল ইসলাম বাদী হয়ে দোয়ারাবাজার থানায় ১০ জনকে এজহারনামীয় এবং ৪০-৫০ জনকে অঙ্গাত নামা আসামী করে মামলা দায়ের করেন।

এতে বুধবার সন্ধায় বিজিবি এবং র‍্যাব ( যৌথবাহিনি) গ্রেফতারি অভিযান পরিচালনা করে শ্রীপুর গ্রামের কুদ্দুস মিয়া’র পুত্র আরমান আলী (২৮)কে তার নিজ বাড়ি হতে গ্রেফতার করে।

মামলায় অভিযুক্ত আসামীরা হলেন, নরসিংপুর ইউনিয়নের ১। শ্রিপুর গ্রামের কুদ্দুস মিয়া’র পুত্র আরমান আলী (২৮).২। নরসিংপুর গ্রামের (বিশঘরিবাড়ি) রেনু মিয়া’র পুত্র মো.অলিল (৩৫). ৩। শ্রিপুর গ্রামের বাঁদশা মিয়া’র পুত্র নানু মিয়া (৩৫).৪। মুক্তার আলী’র পুত্র রানু মিয়া (৩৫).৫। মমশর আলী’র পুত্র ইয়াকুব আলী (৪০).৬। মুক্তার আলী’র পুত্র বাবলু মিয়া (৩৪).৭। মৃত শাহা মিয়া’র পুত্র আরিফুল ইসলাম (৩২).৮। রগারপাড় গ্রামের মৃত আতর আলী’র পুত্র আহাদ মিয়া (৪০).৯। শ্রিপুর গ্রামের মমশর আলী’র পুত্র আব্দুল কুদ্দুস (৫৫).১০। আব্দুর রশিদের পুত্র ইলিয়াস আলী (৩৫).

মামলা সূত্রে জানা যায়,গত ৬ আগষ্ট (বুধবার) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি’র অধিনস্থ লাফার্জ ক্যাম্পের বিওপি সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে নরসিংপুর ইউনিয়নের তেরাপুর গ্রামে ভারত থেকে চোরাই পথে আসা মহিষ আটক করতে যায়।এসময় সেডের নিচে ২৫-৩০ টি ভারতীয় মহিষ বাঁধা দেখতে পায়। বিজিবির উপস্থিতি ঠের পেয়ে এজহারনামীয় ও অঙ্গাত নামা আসামীরা মহিষ গুলো মাঠে ছেড়ে দিলে, মহিষগুলো ছুটাছুটি করতে থাকে। এমতাবস্থায় বিজিবি টহলদল ৫ টি মহিষ তাৎক্ষণিক আটক করে।তখন এজহারনামীয় আসামী এবং আঙ্গাতনামা আসামীরা মহিষগুলে ছিনিয়ে নিতে টহলকারী বিজিবি সদস্যদের উপর প্রানে হত্যার উদ্দেশ্যে হামলা করে। এসময় কোন আসামী ভারতীয় কালো মহিষের গলায় রশি ধরে এবং কেউ কেউ মহিষের পিছন দিয়ে ধাক্কা দিয়ে জোরপূর্বক ছিনিয়ে নেওয়ার সময় বিজিবি’র ল্যান্স নায়েক আজাদ হোসাইনকে তাদের হাতে থাকা লাঠি দিয়ে প্রানে হত্যার উদ্দেশ্যে মাথায় এলোপাতাড়ি আঘাত করলে মাথাশ থাকা হেলমেট ভেঙে যায় ও এলোপাতাড়ি বারির আঘাতে পিঠের মধ্যে মারাত্মকভাবে আঘাত করে নীলা ফুলা জখম করে একটি মহিষ ছিনিয়ে নিয়ে যায়।

ধাক্কা দিয়ে জোরপূর্বক মহিষ ছিনিয়ে নেওয়ার সময় বিজিবি সদস্য ল্যান্স নায়েক শাহিন আলমের ডান হাতের কুনুই এর উপর বাঁশ এবং লাঠিসোটা দিয়ে সজোরে কয়েকবার আঘাত করে মহিষ ছিনিয়ে নিয়ে যায়। বিজিবি সদস্য জাকির হোসেন রানা মহিষ আটক করলে আসামীরা মহিষের পিছন দিক দিয়ে লেজের অংশে ধরে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায়।

এছাড়াও এজাহারভুক্ত আসামীসহ অঙ্গাতনামা ৩০-৪০ জন আসামী বিজিবি সদস্যদের হাত থেকে মহিষ ছিনিয়ে নিতে বিজিবি টহল দলের অন্য সদস্যদের প্রানে হত্যার উদ্দেশ্যে হামলা করে। আটককৃত মহিষগুলো ছিনিয়ে নেওয়া ঠেকাতে সরকারী সম্পদ (অস্ত্র ও গোলাবারুদ) জানমাল রক্ষার্থে বিজিবি টহল দল নিরুপায় হয়ে আকাশের দিকে তাক করে ৫ রাউন্ড ফাঁকা ফায়ার করে। এসময় আসমাীগণ ছত্রভঙ্গ হয়ে ঘটনাস্থল হতে ৫ টি মহিষের মধ্যে ৩ টি ছিনিয়ে নিয়ে যায় এবং হুমকি প্রদান করে যে বিজিবি সদস্যদের প্রানে মেরে ফেলবে।

এই ঘটনায় গুরুতর আহত বিজিবি’র ল্যান্স নায়েক আজাদ হোসাইনকে প্রথমে চিকিৎসার জন্য দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান করে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছে।

এ-ই ঘটনার পরের দিন বিজিবি গ্রেফতারি অভিযান পরিচালনা করে শ্রীপুর গ্রামের কুদ্দুস মিয়া’র পুত্র আরমান আলীকে তার নিজ বাড়ি হতে গ্রেফতার করে।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক নাজমুল হক জানান, মামলায় বর্নিত চোরাকারবারিরা অত্যন্ত দাঙ্গাবাজ, চোরাকারবারি, অবৈধ মাদক ব্যবসায়ী এবং সন্ত্রাসী প্রকৃতির লোকজন হয়। বিভিন্ন সময় অপরাধ প্রতিরোধে ও দমনে পেশাগত দায়িত্ব পালন করায় বর্নিত এজহারনামীয় আসমীগণ তাহাদের সহিত থাকা অঙ্গাতনামা আসামীরা বিজিবি সদস্যদের উপর ক্ষিপ্ত হয়ে সরকারী কর্তব্য পালনে বাঁধা প্রদান করে।

জৈন্তাপুরে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদ্বোধন

0

জৈন্তাপুর প্রতিনিধিঃ

সিলেটের জৈন্তাপুর উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

এবারের জাতীয় মৎস্য সপ্তাহের প্রতিপাদ্য ছিল “অভয়াশ্রম গড়ে তুলি, দেশী মাছে দেশ ভরি”।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব জর্জ মিত্র চাকমা। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার লাবনী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ হাসিন আহমেদ চৌধুরী।

এছাড়াও বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ওলিউর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার লাবনী ও উপজেলা মৎস্য বিভাগের ডিপ্লোমা ইন্টার্ন মাসুম আহমদ। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি ও মৎস্যজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, দেশীয় মাছ রক্ষায় অভয়াশ্রম সৃষ্টি সময়ের দাবি। মাছের উৎপাদন বৃদ্ধি, জীব বৈচিত্র্য সংরক্ষণ এবং প্রাকৃতিক প্রজনন নিশ্চিত করতে সকলকে সম্মিলিত ভাবে কাজ করতে হবে।

তারা আরও উল্লেখ করেন, সরকারের উদ্যোগে দেশীয় মাছের প্রজনন ও সংরক্ষণ কার্যক্রমে ইতোমধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

কোম্পানীগঞ্জ থেকে সরানো হলো ইউএনও আজিজুন্নাহারকে

0

আধুনিক রিপোর্ট ::

ব্যাপক প্রবল সমালোচনার মুখে সিলেটের কোম্পানীগঞ্জ থেকে বদলি করা হলো উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুন্নাহারকে। সোমবার (১৮ আগস্ট তাকে সিলেটের ফেঞ্চুগঞ্জে বদলি করা হয়েছে। তার জায়গায় ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিকুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে। মবার সিলেটের বিভাগীয় কমিশনার খান মো: রেজা-উন-নবীর স্বাক্ষরিত আদেশে এ রদবদল করা হয়।

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জের সাদাপাথর লুটের ঘটনায় ইউএনও আজিজুন্নাহারের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। লুটপাট বন্ধে দায়িত্বশীল আচরণ না করে উল্টো লুটপাটে সহযোগিতার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গেল কয়েকদিন ধরে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছিল। সাদাপাথর লুট নিয়ে কয়েক মাস ধরেই গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেননি ইউএনও।

এদিকে সোমবার সিলেটের জেলা প্রশাসক শের মাহবুব মুরাদকেও বদলি করা হয়েছে। সিলেটের নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন র‌্যাবের সাবেক আলোচিত ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম। তিনি উপসচিব পদমর্যাদায় প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুলের একান্ত সচিব হিসেবে দায়িত্বরত ছিলেন।

সম্প্রতি সিলেটের ভোলাগঞ্জ, জাফলং, রাংপানিসহ বিভিন্ন এলাকায় পাথরলুটের ঘটনায় দেশজুড়ে আলোচনার ঝড় ওঠে। প্রথম দিকে প্রকাশ্যেই এসব লুটপাটের ঘটনা ঘটলেও প্রশাসন নির্বিকার ছিল বলে অভিযোগ মেলে। এমনকি ভোলাগঞ্জের সাদাপাথরে পরিদর্শনে গিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রশাসনের দায়বদ্ধতা খতিয়ে দেখার কথাও বলে। সাদাপাথর লুটের সঙ্গে স্থানীয় প্রশাসনের যোগসাজশ ছিল বলে রোববার (১৭ আগস্ট) সাংবাদিকদের জানিয়েছিলেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছিলেন তিনি। এর একদিন পরেই সিলেটের প্রশাসনে এই ওলটপালট।

এ সপ্তাহেই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে: আশা ইসি সচিবের

0

আধুনিক ডেস্ক ::

নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ বলেছেন, জাতীয় নির্বাচনের রোডম্যাপের (পথনকশা) একটি খসড়া তৈরি করেছে ইসি সচিবালয়। কমিশনের অনুমোদনের পর এ সপ্তাহে তা প্রকাশ করা সম্ভব হবে বলে তিনি আশা করছেন। সোমবার (১৮ আগস্ট) নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, ইসির মাসিক সমন্বয় সভায় ভোটকেন্দ্র স্থাপন নীতিমালা নিয়ে আলোচনা হয়েছে। সেখানে বলা হয়েছে, ভোটকেন্দ্রের সংখ্যা বাড়বে না। এর অর্থ এই নয় যে অতীতে যা ছিল, হুবহু এটাই রাখতে হবে, যৌক্তিক বিবেচনায় যদি বাড়ে সেটা হবে।

তরুণদের জন্য আলাদা বুথ করার বিষয়ে জানতে চাইলে ইসি সচিব বলেন, এখন পর্যন্ত এটা ইসির আলোচনায় আসেনি। যদি কর্তৃপক্ষের সিদ্ধান্ত হয়, তাহলে হবে। এ মুহূর্তে ইসি ভোটকেন্দ্রের ভেতরের ব্যবস্থাপনা কীভাবে হবে, তা নিয়ে আলোচনা করছে।

ইসি সচিব জানান, সংসদীয় আসনের সীমানা নির্ধারণ নিয়ে যেসব আপত্তি এসেছে, সেগুলো নিয়ে ২৪ আগস্ট শুনানি শুরু করা হবে। টানা চার দিন শুনানি করে এটা চূড়ান্ত করা হবে।

ইতিমধ্যে সংসদীয় আসনের সীমানার খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ৮৩টি আসনের খসড়া নিয়ে দাবি ও আপত্তি পেয়েছে ইসি। এ বিষয়ে পরবর্তী প্রক্রিয়া সম্পর্কে জানতে চাইলে এ কথা বলেন তিনি।

নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এ মুহূর্তে উদ্বেগের কোনো যুক্তিসংগত কারণ নেই বলে মন্তব্য করেন ইসি সচিব। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নির্বাচনকালীন আইনশৃঙ্খলা তো আরও পরের ব্যাপার। আমাদের কনসার্ন হওয়ার এই মুহূর্তে কি কোনো কারণ আছে? আমরা আমাদের জিনিসটা গুছিয়ে নিচ্ছি, যে যার জায়গাটাকে গুছিয়ে নিলেই তো হয়ে যাবে। সেটা নির্বাচন ব্যবস্থাপনার সঙ্গে আমরা এই মুহূর্তে জড়িত।’

ইসি সচিব বলেন, মাঠ প্রশাসনে যাঁরা আছেন, আইনশৃঙ্খলা রক্ষার সঙ্গে যাঁরা আছেন, তাঁরা সবাই নিজ নিজ ক্ষেত্রে কাজ করছেন। ইসির সঙ্গে একটা যোগাযোগ আছে। তিনি মনে করেন, এটা নিয়ে এই মুহূর্তে উদ্বেগ প্রকাশের কোনো যুক্তিসংগত কারণ নেই।

ওসমানীনগরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

0

ওসমানীনগর প্রতিনিধি:

সিলেটের ওসমানীনগরে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা এবং পুরুষ্কার বিতরণ করা হয়েছে।
গতকাল সোমবার বিকেলে উপজেলা মৎস্য অফিসের আয়োজনে উপজেলা চত্বর থেকে র‍্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মিলনায়তনে গিয়ে আলোচনা সভা অনুষ্টিত হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় দেবনাথের সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন।

সভায় বক্তারা বলেন, “মাছ আমাদের প্রোটিনের প্রধান উৎস। দেশের অর্থনীতি, কর্মসংস্থান ও খাদ্য নিরাপত্তায় মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সরকার উৎপাদন বৃদ্ধির পাশাপাশি দেশীয় প্রজাতির মাছ রক্ষায় কাজ করে যাচ্ছে।” তারপরও কিছু অসাধু জেলের নিষিদ্ধ জালের ভেতর পড়ে প্রজননক্ষম মা-মাছ ও ছোট পোনা নির্বিচারে মারা পড়ছে। এতে যেমন মাছের উৎপাদন কমছে, তেমনি ক্ষতিগ্রস্ত হচ্ছে জীববৈচিত্র্য।

মৎস্যজীবীদের প্রশিক্ষণ এবং অবৈধ জাল বন্ধে সরকারি উদ্যোগকে আরও জোরদার করতে হবে। দেশীয় মাছ রক্ষায় জনসচেতনতা গড়ে তুলতে হবে এবং জলাশয় সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে।

সভায় বক্তব্য রাখেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. রাজীব চক্রবর্তী ,এলজিডি প্রকৌশলী এসএম আব্দুল্লাহ আল মামুন, পরিসংখ্যান কর্মকর্তা সুব্রত রঞ্জন হাজরা,সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহিব হাসান, মৎস্য চাষী জহিরুল ইসলাম চৌধুরী ও মুরাদ আহমেদ।

অনুষ্ঠানে প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সামাজিক, সাংবাদিক, মৎস্যজীবিসহ নানান শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।