Home Blog Page 150

ডাকসু নির্বাচনে ছাত্রদলের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা: ভিপি আবিদুল, জিএস হামিম, এজিএস মায়েদ

0

আধুনিক ডেস্ক ::

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ছাত্রদল। বুধবার (২০ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত সংবাদ সম্মেলনে এ প্যানেল ঘোষণা করেন সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। ঘোষণা শেষে প্যানেলে মনোনীতরা ডাকসু ও হল সংসদ নির্বাচন কমিশনের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন।

ঘোষিত প্যানেলে ভিপি পদে মনোনয়ন পেয়েছেন আবিদুল ইসলাম খান। তিনি ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক এবং ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন শেখ তানভীর বারী হামিম। তিনি কবি জসীমউদ্দীন হল শাখা ছাত্রদলের আহ্বায়ক এবং উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষাকর্থী। এছাড়া সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন তানভীর আল হাদী মায়েদ। তিনি বিজয় একাত্তর হল শাখা ছাত্রদলের আহ্বায়ক এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

প্যানেলে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক পদে মনোনীত হয়েছেন আরিফুল ইসলাম; বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে এহসানুল ইসলাম; কমনরুম, পাঠকক্ষ ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক পদে চেমন ফারিয়া ইসলাম মেঘলা; আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে মো. মেহেদী হাসান; সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে আবু হায়াত মোঃ জুলফিকার জিসান; ক্রীড়া বিষয়ক সম্পাদক পদে চিম চিম্যা চাকমা; ছাত্র পরিবহন বিষয়ক সম্পাদক পদে মোঃ সাইফ উল্লাহ্ (সাইফ); সমাজসেবা সম্পাদক পদে সৈয়দ ইমাম হাসান অনিক; ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক সম্পাদক পদে মো. আরকানুল ইসলাম রূপক; স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক পদে আনোয়ার হোসাইন; এবং মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক পদে মো. মেহেদী হাসান মুন্না।

সদস্য মনোনীত হয়েছেন- মো. জারিফ রহমান, মাহমুদুল হাসান, নাহিদ হাসান, মো. হাসিবুর রহমান সাকিব, মো. শামীম রানা, ইয়াসিন আরাফাত আলিফ, মুনইম হাসান অরূপ, রঞ্জন রায়, সোয়াইব ইসলাম ওমি, মেহেরুন্নেসা কেয়া, ইবনু আহমেদ, সামসুল হক আনান এবং নিত্যানন্দ পাল। তবে ২০২৪ সালের ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হামলায় আহত সানজিদা আহমেদ তন্বীর সম্মানে গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে কাউকে মনোনয়ন দেওয়া হয়নি।

সংবাদ সম্মেলনে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘প্যানেলে আমরা ছাত্র সমাজের পরিচিত মুখ এবং জনপ্রিয় নেতৃত্বকে বাছাই করেছি। ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা এই প্যানেল নির্বাচিত করেছে। এখানে আর কারো কোনো হস্তক্ষেপ নেই।’

ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্রলীগের অনেকেই অবস্থান করছে। তাদের বিষয়ে কোনো ব্যবস্থা নেয় না বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়া ফ্যাসিবাদের দোসর শিক্ষকরাও বহাল তবিয়তে আছেন। তাদের বিষয়ে প্রশাসনকে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।’

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রদলের সিনিয়র সহসভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন প্রমুখ।

‎সিলেট সেটেলমেন্ট প্রেস ঢাকায় স্থানান্তরের ‘পাঁয়তারা’ : প্রতিবাদে বুধবার মানববন্ধন

0

আধুনিক ডেস্ক ::

‎সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসের প্রেস, ঢাকায় স্থানান্তরের পাঁয়তারা চলছে বলে অভিযোগ উঠেছে। ‎প্রেস ঢাকায় স্থানান্তরে এই সিদ্ধান্তের প্রতিবাদে বুধবার (২০ আগস্ট) সকাল ১০টায় সিলেটবাসীর ব্যানারে কেন্দ্রীয় শহীদ মিনারে একটি মানববন্ধন কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।

জানা গেছে, ২০১২ সালে সিলেটে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের অধীনে এই মিনি প্রেসটি সিলেট জোনাল অফিসে স্থাপন করা হয়েছিল। স্থাপনের পর থেকেই প্রেসটি সুনামের সঙ্গে সিলেটের, ৪ জেলার ভূমি মালিকদের জন্য দ্রুত খতিয়ান ছাপার কাজ করে আসছে। এর ফলে এখানকার প্রবাসীরাও দ্রুত সেবা পাচ্ছিলেন, যা ভূমি সংক্রান্ত জটিলতা নিরসনে সহায়ক ছিল। এই প্রেসের কারনেই সিলেট জরিপ কাজ দ্রুত সমাপ্তির পথে।
‎
‎অভিযোগ, সাবেক জোনাল সেটেলমেন্ট অফিসার কাজী মাহবুব উর রহমান অনৈতিক সুবিধা না পেয়ে একটি লিখিত পত্রে মিথ্যা তথ্য দিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ভুল বুঝিয়ে প্রেসটি ঢাকায় স্থানান্তরের প্রস্তাব দেন।

ইসিকে ৪০ লাখ ইউরো দিচ্ছে ইইউ

0

আধুনিক ডেস্ক ::

বাংলাদেশে একটি আন্তর্জাতিক মানের নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনকে (ইসি) ৪০ লাখ ইউরোর বেশি সহায়তা প্যাকেজ দেবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। মঙ্গলবার (১৯ আগস্ট) ইইউর ছয় সদস্যের একটি প্রতিনিধিদল প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে দেখা করে এ সহায়তা দেওয়ার কথা জানান। পরে বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

মাইকেল মিলার বলেন, বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচনের পথে রূপান্তরে ইইউ অংশীদার হিসেবে কাজ করছে। তাঁরা ‘ভোটার এডুকেশনের’ ওপর গুরুত্ব দিচ্ছেন। কার্যকর পরিকল্পনা, বিরোধ নিস্পত্তির মতো বিষয়ে বিশেষজ্ঞ সহায়তার মাধ্যমে ইসির সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রেও সরাসরি সহায়তা করবে ইইউ।

মাইকেল মিলার আরও বলেন, বাংলাদেশের আগামী নির্বাচনে সম্ভাব্য একটি পর্যবেক্ষক মিশন পাঠানোর বিষয়টি ইউউ অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করছে। এ বিষয়ে আগামীতে অন্তবর্তী সরকার ও ইসির সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে।

বাংলাদেশে নিযুক্ত ইইউর এই রাষ্ট্রদূত বলেন, তাঁদের সঙ্গে ইউরোপীয় পার্টনারশিপ ফর ডেমোক্রেসির সহকর্মীরাও ছিলেন। তাঁরা নির্বাচনী বিশেষজ্ঞ। আসন্ন নির্বাচনে নাগরিক পর্যবেক্ষণের ওপর যেন গুরুত্ব দেওয়া হয়, এ কারণে তাঁরা এখানে থাকবেন। বাংলাদেশে নির্বাচন আয়োজনে যেন স্বাধীনতা, দক্ষতা ও দায়বদ্ধতা বজায় থাকে, এটাই ইইউর লক্ষ্য।

এক প্রশ্নের জবাবে মাইকেল মিলার বলেন, আগামী মাসে ইইউর একটি কারিগরি বিশেষজ্ঞ দল বাংলাদেশে আসবে। এটি পূর্ণাঙ্গ পর্যবেক্ষণ মিশন নয়। তারা যাচাই করে দেখবে, এখানে নির্বাচন পর্যবেক্ষণ মিশন পাঠানোর মতো পরিবেশ তৈরি হয়েছে কি না।

শিক্ষককে ছুরিকাঘাত করলো ছাত্রী

0

আধুনিক ডেস্ক ::

রাজশাহীতে দশম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রী এক শিক্ষককে ছুরি মেরেছে। মঙ্গলবার বেলা পৌনে দুইটার দিকে নগরের সপুরা এলাকায় এ ঘটনা ঘটে। স্কুল থেকে টিসি দেওয়ায় ক্ষোভ থেকে সে এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। আহত শিক্ষকের নাম মারুফ কারখী (৩৪)। তিনি রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের বাংলা বিষয়ের সহকারী শিক্ষক। মারুফ কারখীর ঘাড়ে ও হাতে জখম হয়েছে।

অভিযুক্ত ছাত্রীকে (১৬) পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সে রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছে। ‘উচ্ছৃঙ্খল আচরণের কারণে’ ২০২৩ সালে তাকে এ স্কুল থেকে টিসি দেওয়া হয়। এখন সে অন্য একটি স্কুলে দশম শ্রেণিতে পড়ে।

রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, টিসি দেওয়ায় স্কুলের শিক্ষক-কর্মকর্তাদের ওপর ওই শিক্ষার্থীর ক্ষোভ ছিল। শুধু শিক্ষক মারুফ কারখী নন, যে কারও ওপর হামলা হতে পারত। দুর্ভাগ্যক্রমে শিক্ষক মারুফ কারখী হামলার শিকার হয়েছেন। তিনি বলেন, দুপুরে ওই ছাত্রী স্কুলের সামনের রাস্তায় অপেক্ষা করছিল। স্কুল ছুটি হলে শিক্ষক মারুফ কারখী স্কুটি নিয়ে বাসায় যাচ্ছিলেন। তখন সে ‘হেল্প, হেল্প’ বলে ডাকতে থাকে। মেয়েটি বিপদে পড়েছে ভেবে ওই শিক্ষক স্কুটি থেকে নেমে তার কাছে যান। তখন কিছু বুঝে ওঠার আগেই মেয়েটি তাঁর গলা লক্ষ্য করে ছুরি চালায়। তখন ওই শিক্ষক হাত দিয়ে ছুরিটি ধরার চেষ্টা করেন। এতে তাঁর হাত ও ঘাড় কেটে যায়। পরে স্থানীয় লোকজন মেয়েটিকে আটকে রেখে স্কুলে খবর দেন। স্কুল কর্তৃপক্ষ ওই শিক্ষককে রাজশাহীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যান। সেখানে ওই শিক্ষকের শরীরে তিনটি সেলাই লাগে। পরে ওই শিক্ষককে বাসায় পৌঁছে দেওয়া হয়।

ওই কর্মকর্তা আরও জানান, ঘটনার পর ওই ছাত্রীর অভিভাবককে ফোন করে ডাকা হয়। অভিভাবক আসার পরে মেয়ের এমন কাণ্ডের কথা জানানো হয়। পরে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের তিনজন স্টাফ তাঁদের বাসায় পৌঁছে দিয়ে আসেন। তবে এ নিয়ে আইনি কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, মেয়েটি অশ্রাব্য ভাষায় গালাগাল করছে।

এ বিষয়ে রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল নাঈম আবদুল্লাহর পিএ আবদুর রউফ হোসেন জানান, এ বিষয়ে অধ্যক্ষ গণমাধ্যমে কথা বলবেন না।

নগরের বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাক আহম্মেদ জানান, এ ব্যাপারে স্কুল কর্তৃপক্ষ থানায় কোনো অভিযোগ করেনি।

প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের র‍্যালি ও সমাবেশ

0


আধুনিক ডেস্ক:

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি পালন করেছে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দল। মঙ্গলবার (১৯ আগস্ট) রেজিস্টারী মাঠ থেকে শুরু হওয়া এ কর্মসূচির মধ্যে ছিল বৃক্ষরোপণ, বর্ণাঢ্য র‍্যালি, সমাবেশ এবং জনসচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন স্থানে ডাস্টবিন স্থাপন।

শুরুতে রেজিস্টারী মাঠ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এরপর বিকেলে সেখানে এক সমাবেশ শেষে র‍্যালি বের করা হয়। র‍্যালিটি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

রেজিস্টারী মাঠে সমাবেশে সভাপতিত্ব করেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল। সদস্য সচিব শাকিল মুর্শেদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মিফতাহুল কবির মিফতা, যুগ্ম আহবায়ক আলী মো. নুরুল হুদা দিপু, দেলোয়ার হোসেন চৌধুরী, সৈয়দ সরওয়ার রেজা, কায়সান মাহমুদ সুমন, টিটন মল্লিক ও জাহাঙ্গীর মিয়া।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুরুল আমিন।

সমাবেশে সভাপতির বক্তব্যে জেলা আহ্বায়ক ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি আব্দুল আহাদ খান জামাল বলেন, ‘প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ও প্রিয় দল বিএনপির বিরুদ্ধে এখনো নানামুখী ষড়যন্ত্র চলছে। বিএনপি ও জিয়া পরিবারের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একাত্তর, নব্বই ও চব্বিশের পরাজিত শক্তিরা মিলেমিশে একাকার হয়ে সুগভীর ষড়যন্ত্র ও চক্রান্তে লিপ্ত রয়েছে। এসব ষড়যন্ত্র ও চক্রান্তের বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামীর সাম্য ও মানবিক বাংলাদেশ বির্নিমানে একযোগে কাজ করতে হবে।’
এসময় সভায় সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ বলেন, ‘খুনি হাসিনা পালিয়ে গেলেও ফ্যাসিবাদের দোসররা দেশকে অস্থিতিশীল করতে নানামুখী চক্রান্তে লিপ্ত রয়েছে। এদের বিরুদ্ধে আমাদের স্বোচ্চার থাকতে হবে।’

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক আব্দুল ওয়াহিদ সুহেল, ফ্রান্স স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জি এম আজম, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আহসান মাহবুব, তোফায়েল চৌধুরী উজ্জল, আব্দুর রউফ, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক রজব আহমদ, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য আব্দুল জলিল, মিছবাউর রহমানসহ জেলা কমিটির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীসহ উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও সদস্য সচিববৃন্দ।

জুলাই সনদের খসড়ায় থাকা অসংগতি সংশোধন হলে বিএনপি মতামত দেবে: সালাহউদ্দিন আহমদ

0

আধুনিক ডেস্ক ::

জুলাই সনদের খসড়ায় কিছু অসংগতি আছে এবং এসব সংশোধন করার পরই বিএনপি তাদের চূড়ান্ত মতামত দেবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, বিএনপি জুলাই সনদের প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে এবং সাংবিধানিক প্রক্রিয়ার মধ্য দিয়েই আলোচনার মাধ্যমে সমস্যাগুলোর সমাধান খোঁজা হবে। মঙ্গলবার (১৯ আগস্ট) রাজধানীর গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, ঐকমত্যের অনেক বিষয় অধ্যাদেশ জারি বা নির্বাহী আদেশের মাধ্যমে বাস্তবায়ন করা সম্ভব। সরকার প্রায় প্রতিদিনই বিভিন্ন আইনকে অধ্যাদেশ আকারে বাস্তবায়ন করছে। আবার অনেক বিষয় এমনও আছে, যেগুলোর জন্য নির্বাহী আদেশ পর্যন্ত প্রয়োজন নেই। এগুলো চিহ্নিত করেই বাস্তবায়ন করা হচ্ছে। তাঁর মতে, শুধু যেসব ক্ষেত্রে সংবিধান সংশোধনের প্রয়োজন, সেগুলোই আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সংসদে নেওয়া উচিত।

জুলাই সনদের একটি প্রস্তাবে বলা হয়েছে, এই সনদের কোনো বিধান, প্রস্তাব বা সুপারিশের ব্যাখ্যাসংক্রান্ত যেকোনো প্রশ্নের চূড়ান্ত মীমাংসার এখতিয়ার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ওপর ন্যস্ত থাকবে। এ প্রস্তাবের সমালোচনা করে সালাহউদ্দিন বলেন, এটি যুক্তিযুক্ত নয়। তিনি যুক্তি দেন, আপিল বিভাগ সংবিধান অনুযায়ী হাইকোর্ট ডিভিশনের রায়ের বিরুদ্ধে আপিল শুনতে পারে। কিন্তু একটি সমঝোতা দলিলকে ব্যাখ্যা করা বা তার বৈধতা নির্ধারণ করা আদালতের এখতিয়ারে পড়ে না।

জুলাই সনদের ব্যাখ্যা আপিল বিভাগের হাতে ন্যস্ত করা হলে অনেক জটিলতাও তৈরি হবে বলে মনে করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, ‘জুলাই সনদের ব‍্যাখ‍্যার দায়িত্ব আপিল বিভাগের ওপর ন‍্যস্ত করা হয়েছে। কিন্তু এটি কিসের ভিত্তিতে যাবে? সেটা কে নিয়ে যাবে? এটি ঠিক করতে হবে।’

বিএনপি জুলাই সনদের সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে বলে জানান সালাউদ্দিন। তিনি বলেন, গণতন্ত্র ও জাতীয় ঐকমত্যের ভিত্তিতেই এ সনদ প্রণীত হচ্ছে। তাই যেসব বিষয় নিয়ে সবার মধ্যে ঐকমত্য রয়েছে, সেগুলো বাস্তবায়নে বিএনপি কোনো বাধা সৃষ্টি করবে না। বিএনপি চায় সমঝোতার মধ্য দিয়ে, আলাপ আলোচনার মধ্য দিয়ে জুলাই জাতীয় সনদ প্রণীত হোক, স্বাক্ষরিত হোক এবং বাস্তবায়িত হোক।

জুলাই সনদের আইনি ভিত্তি কী হবে, এমন প্রশ্নের জবাবে বিএনপির এই নেতা বলেন, ‘সেটা আমরা যখন বলার তখন বলব।’

নির্বাচন প্রসঙ্গে সালাহউদ্দিন বলেন, ‘নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে, নির্বাচন নিয়ে বিএনপির কোনো সংশয় নেই। যাঁরা বলছেন, নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না, তাঁরা আসলে বিভিন্ন পক্ষকে চাপে রাখার জন্য বলছেন।’ তিনি জোর দিয়ে বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নির্বাচন কমিশন নির্বাচন ফেব্রুয়ারিতেই করার ঘোষণা দিয়েছেন এবং প্রস্তুতিও শেষ পর্যায়ে।

সালাহউদ্দিনের মতে, জুলাই সনদ চূড়ান্ত অনুমোদনের ক্ষেত্রে সংসদকেই সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। সংবিধান সংশোধন কিংবা বড় কোনো সিদ্ধান্ত সংসদ ছাড়া গ্রহণ করা যায় না। তিনি বলেন, যে বিষয়গুলো নিয়ে সবার ঐকমত্য আছে, সেগুলো সংসদে আনলেই বৈধতা পাবে।

সাক্ষাৎকারে সালাহউদ্দিন নোট অব ডিসেন্ট প্রসঙ্গেও কথা বলেন। তিনি জানান, শুধু বিএনপিই নয়, বিভিন্ন রাজনৈতিক দল কিছু বিষয়ে ভিন্নমত দিয়েছে। নারী আসন নিয়ে বিএনপির প্রস্তাব ছিল ৩০০ আসনের মধ্যে অন্তত ৫ শতাংশ আসনে নারীদের মনোনয়ন দেওয়া, যেখানে তাঁরা সরাসরি ভোটের নির্বাচনে অংশে নেবেন। কিন্তু অন্য দলগুলো এ প্রস্তাবে দ্বিমত করেছে। এ ছাড়া সংবিধানের অনুচ্ছেদ ৭০-এর সংস্কার প্রসঙ্গে বিএনপি চারটি ক্ষেত্র যুক্ত করতে চেয়েছে, যা নিয়েও মতবিরোধ রয়েছে বলে জানান বিএনপির এই নেতা।

‘আলটিমেটাম’ দিয়ে সচিবালয়ের সামনের সড়ক ছাড়লেন জুলাই শহীদ পরিবার ও আহতরা

0

আধুনিক ডেস্ক ::

দাবি আদায়ে ‘আলটিমেটাম’ দিয়ে সচিবালয়ের সামনের সড়ক ছেড়েছেন জুলাই শহীদ পরিবারের সদস্য ও আহত ব্যক্তিরা। মঙ্গলবার (১৯ আগস্ট) বেলা সোয়া তিনটার দিকে তারা সড়ক ছাড়েন। এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে তাঁরা সচিবালয়ের ২ নম্বর ফটকের সামনের সড়ক অবরোধ করেন। তাঁরা অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের পদত্যাগ দাবি করেন। সড়ক ছেড়ে দেওয়ার সময় আন্দোলনকারীরা বলেন, জুলাই হত্যাকাণ্ডের আসামিরা কেন জামিন পাচ্ছেন, তা নিয়ে আইন উপদেষ্টাকে আগামী রোববারের মধ্যে প্রধান উপদেষ্টার কাছে ব্যাখ্যা দিতে হবে। সেই ব্যাখ্যা প্রধান উপদেষ্টাকে জাতির সামনে প্রকাশ করতে হবে। আজকের কর্মসূচিতে আন্দোলনকারীদের ওপর পুলিশি হামলা হয়েছে। এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে দৃশ্যমান বিচারের দাবি জানান তারা।

পরবর্তী কর্মসূচি ঘোষণা করে শহীদ তায়িমের ভাই রবিউল আউয়াল বলেন, আইন উপদেষ্টা তাঁদের আলোচনার আহ্বান জানিয়েছেন। কিন্তু তারা সেটা প্রত্যাখ্যান করেছেন। আগামী রোববার পর্যন্ত তাঁরা সময় দিয়েছেন। এর মধ্যে আসামিদের জামিনের বিষয়ে আইন উপদেষ্টার ব্যাখ্যা ও পুলিশি হামলার ঘটনায় দৃশ্যমান বিচার না হলে তাঁরা আবার আন্দোলন শুরু করবেন।

রবিউল আউয়াল হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী রোববারের মধ্যে দাবি আদায় না হলে আইন উপদেষ্টার পাশাপাশি স্বরাষ্ট্র উপদেষ্টারও পদত্যাগ দাবি করবেন তারা। সেই কর্মসূচিতে সারা দেশ থেকে জুলাই শহীদ পরিবার ও আহত ব্যক্তিরা অংশ নেবেন। সেই আন্দোলন সচিবালয়ের ২ নম্বর গেটের সামনে হবে।

মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে জুলাই শহীদ পরিবারের সদস্য ও আহত ব্যক্তিরা প্রথমে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ করেন। পরে তারা মিছিল নিয়ে সচিবালয়ের ২ নম্বর ফটকের সামনে অবস্থান নেন। এতে সচিবালয়ের সামনের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

অবস্থান চলাকালে আন্দোলনকারীরা নানা স্লোগান দেন। এসব স্লোগানের মধ্যে ছিল ‘পদত্যাগ পদত্যাগ, পদত্যাগ চাই, আসিফ নজরুলের পদত্যাগ চাই’, ‘দফা এক দাবি এক, আসিফ নজরুলের পদত্যাগ’, ‘খুনিরা বাইরে ঘোরে, বিচার বিভাগ কী করে’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’, ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’।

জুলাই শহীদ পরিবার ও আহত ব্যক্তিরা বলেন, অর্থের বিনিময়ে জুলাই গণহত্যার আসামিরা জামিন নিচ্ছেন। অবিলম্বে উপদেষ্টা আসিফ নজরুলকে পদত্যাগ করতে হবে। তাঁরা বিচারকদেরও অপসারণ দাবি করেন।

অবস্থান কর্মসূচির আগে শহীদ পরিবার ও জুলাই আহত ব্যক্তিরা সচিবালয়ের দিকে মিছিল নিয়ে যেতে চাইলে কর্তব্যরত পুলিশ সদস্যরা তাঁদের বাধা দেন। এ সময় পুলিশের সঙ্গে জুলাই শহীদ পরিবার ও আহত ব্যক্তিদের ধস্তাধস্তির ঘটনা ঘটে।

পুলিশ আন্দোলনকারীদের লাথি ও গালি দেয় বলে অভিযোগ করেছেন শহীদ আহনাফের মা সাফাত সিদ্দিকী। তিনি বলেন, পুলিশ জুলাই শহীদ পরিবারকে বিশ্রীভাবে গালি দিয়েছে। আমি সেটা উল্লেখ করতে পারব না। আমাকে পুলিশ লাথি দিয়েছে।…আমরা ন্যায্য দাবি নিয়ে এখানে উপস্থিত হয়েছি। আমরা দাবি আদায় করেই ছাড়ব।

অভিযোগের বিষয়ে পুলিশের রমনা বিভাগের ডিসি মাসুদ আলম বলেন, ‘এমনটি হলে আমরা যথাযথ তদন্তের ভিত্তিতে পদক্ষেপ নেব।’

দায়িত্ব নেওয়ার আগেই বদলি, কোম্পানীগঞ্জের নতুন ইউএনও রবিন মিয়া

0

আধুনিক রিপোর্ট ::

পাথরকাণ্ডে ব্যাপক সমালোচনার পর সিলেটের কোম্পানীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুন্নাহারকে সরিয়ে সোমবার (১৮ আগস্ট) মোহাম্মদ শফিকুল ইসলামকে কোম্পানীগঞ্জ উপজেলায় ইউএনও হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিলো। ২৪ ঘণ্টা না পেরোতেই আরেক আদেশে কোম্পানীগঞ্জ উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে নিয়োগ পেয়েছেন ৩৬ তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা মো. রবিন মিয়া।
রবিন মিয়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করেন। এর আগে তিনি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া নারায়ণগঞ্জে সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (রাজস্ব শাখা) হিসেবে দায়িত্ব পালন করেন।
সোমবার এক আদেশে মোহাম্মদ শফিকুল ইসলামকে কোম্পানীগঞ্জ উপজেলায় ইউএনও হিসেবে পদায়ন হলেও মঙ্গলবার আরেক আদেশে রবিন মিয়াকে কোম্পানীগঞ্জের ইউএনও করা হয়েছে। এবং মোহাম্মদ শফিকুর রহমানকে ইউএনও চুনারুঘাটের দায়িত্ব দেওয়া হয়।

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জের সাদাপাথর লুটের ঘটনায় ইউএনও আজিজুন্নাহারের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। লুটপাট বন্ধে দায়িত্বশীল আচরণ না করে উল্টো লুটপাটে সহযোগিতার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গেল কয়েকদিন ধরে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছিল। সাদাপাথর লুট নিয়ে কয়েক মাস ধরেই গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেননি ইউএনও।

এদিকে সোমবার সিলেটের জেলা প্রশাসক শের মাহবুব মুরাদকেও বদলি করা হয়েছে। সিলেটের নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন র‌্যাবের সাবেক আলোচিত ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম। তিনি উপসচিব পদমর্যাদায় প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুলের একান্ত সচিব হিসেবে দায়িত্বরত ছিলেন।

মামলা চলাকালে খাজাঞ্চিবাড়ি স্কুলের সভা-দায়িত্বে অংশ নিতে পারবেন না প্রশাসনের পাঁচ কর্মকর্তা

0

আধুনিক রিপোর্ট ::

ট্রাস্টি বোর্ড নিয়ে দায়ের হওয়া মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সিলেটের প্রশাসনের পাঁচ কর্মকর্তাকে সিলেট খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের কোনো সভায় অংশগ্রহণে ও দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। গত ৭ আগস্ট সিলেটের সিনিয়র সহকারী জজ সদর আদালতের বিচারক এ নিষেধাজ্ঞা দেন। এরা হলেন- সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, সিলেট মহানগর সার্কেল সহকারী কমিশনার (ভূমি), সহকারী কমিশনার (শিক্ষা শাখা)।

নিষেধাজ্ঞার বিষয়টি আধুনিক কাগজকে নিশ্চিত করেছেন বাদিপক্ষের আইনজীবী সাবেক জিপি অ্যাডভোকেট এএইচ ইরশাদুল হক।

বাদিপক্ষের আইনজীবী জানান, সিলেট খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের ট্রাস্টি বোর্ডে প্রশাসনের পাঁচ কর্মকর্তাকে অন্তর্ভুক্ত করায় দায়ের হওয়া মামলার প্রেক্ষিতে গত সিলেটের জেলা প্রশাসক ও খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের সভাপতি মোহাম্মদ শের মাহবুব মুরাদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, সিলেট মহানগর সার্কেল সহকারী কমিশনার (ভূমি), সহকারী কমিশনারকে (শিক্ষা শাখা) পাঁচ কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশ জারি করেন সিনিয়র সহকারী জজ সদর আদালতের বিচারক। কারণ দর্শানো নোটিশের বিপরীতে যথাযথ পদক্ষেপ না নেওয়ায় ২৭ জুলাই জেলা প্রশাসক ছাড়া বাকি পাঁচ কর্মকর্তার প্রতি পূর্ণাঙ্গ শুনানি না হওয়া পর্যন্ত অন্তবর্তীকালীন নিষেধাজ্ঞা দেন। ৭ আগস্ট শুনানি শেষে তাদের প্রতি মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা দিয়েছেন।

গত ১৬ জুলাই সিলেট খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের ট্রাস্টি বোর্ডে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, সিলেট মহানগর সার্কেল সহকারী কমিশনার (ভূমি), সহকারী কমিশনারকে (শিক্ষা শাখা) অন্তর্ভুক্ত করায় মামলা দায়ের করেন প্রফেসর আবদুল বাকী চৌধুরীসহ বোর্ডের ৫ সদস্য। মামলার বাদীদের ভাষ্য, লিখিতভাবে আপত্তি জানানোর পরও জেলা প্রশাসক স্কুলের ট্রাস্টি বোর্ডের সদস্য হিসাবে তার দপ্তরের পাঁচ কর্মকর্তাকে নিয়োগ দেন। এ নিয়ে আইনি জটিলতার কারণে তারা আদালতের দ্বারস্থ হন।

এবার জাফলংয়ে পাথর লুটের ঘটনায় মামলা

0

আধুনিক রিপোর্ট ::

সিলেটের গোয়াইনঘাট উপজেলার প্রতিবেশ সংকটাপন্ন এলাকা (ইসিএ) জাফলং থেকে পাথর লুটের ঘটনায় অজ্ঞাতনামা ১০০ থেকে ১৫০ জনকে আসামি করে খনি ও খনিজ সম্পদ আইনে মামলা হয়েছে। সোমবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে গোয়াইনঘাট থানায় মামলাটি হয়েছে। মামলাটি করেছেন গোয়াইনঘাট ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা আবদুল মোনায়েম।

মামলার এজাহারে বলা হয়েছে, ৭, ৮ ও ৯ আগস্ট রাত একটা থেকে চারটা পর্যন্ত প্রবল বৃষ্টির সময় জাফলং জিরো পয়েন্টে স্থানীয় পাথর চোরাকারবারিদের হুকুমে ৫০ থেকে ৬০টি বারকি নৌকা দিয়ে অজ্ঞাতনামা ১০০ থেকে ১৫০ পাথর চোরাকারবারি রাতের আঁধারে পাথর চুরি করে নিয়ে যায়। তারা ছোট-বড় বিভিন্ন আকারের ৪০ থেকে ৫০ হাজার ঘনফুট পাথর চুরি করে। এসব পাথরের আনুমানিক দাম ৬০ লাখ টাকা। আসামিরা পরম্পরের যোগসাজশে দুর্যোগপূর্ণ আবহাওয়ার সুযোগ নিয়ে ইসিএভুক্ত ডাইকি-পিয়াইন নদীর জিরো পয়েন্ট থেকে পাথর চুরি করে বিভিন্ন জলযান ও স্থলযানের মাধ্যমে বিভিন্ন জায়গায় সরিয়ে নেয়।

এর আগে ১৫ আগস্ট কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ পাথর কোয়ারি থেকে পাথর লুটের ঘটনায় খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ আনোয়ারুল করিম অজ্ঞাতনামা ১ হাজার থেকে ১ হাজার ৫০০ জনকে আসামি করে মামলা করেন। ওই মামলায় পুলিশ এখন পর্যন্ত ১২ জনকে গ্রেপ্তার করেছে।

ওই মামলার এজাহারে বলা হয়, কিছু দুষ্কৃতকারী গত বছরের ৫ আগস্ট থেকে পরবর্তী গেজেটভুক্ত পাথর কোয়ারি থেকে অবৈধ ও অননুমোদিতভাবে কোটি কোটি টাকার পাথর লুটপাট করেছে মর্মে বিভিন্ন জাতীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। যারা এ ঘটনায় জড়িত রয়েছেন, তাদের পরিচয় শনাক্ত করা যায়নি।

সারা দেশে ৫১টি কোয়ারি (পাথর ও বালু উত্তোলনের নির্দিষ্ট স্থান) আছে। এর মধ্যে সিলেটের কানাইঘাট, কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুরে আছে আটটি পাথর কোয়ারি। এর বাইরে সিলেটে সাদাপাথর, জাফলং, বিছনাকান্দি, উৎমাছড়াসহ আরও ১০টি জায়গায় পাথর আছে। এসব জায়গা পর্যটনকেন্দ্র হিসেবে পরিচিত।

সীমান্তের ওপারে ভারতের পাহাড়ি নদী থেকে এসব পাথর আসে। ২০২০ সালের আগে সংরক্ষিত এলাকা বাদে সিলেটের আটটি কোয়ারি ইজারা দিয়ে পাথর উত্তোলনের সুযোগ দেওয়া হতো। তবে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতির কারণে ২০২০ সালের পর আর পাথর কোয়ারি ইজারা দেওয়া হয়নি।

সিলেটের ব্যবসায়ী ও রাজনৈতিক দলের নেতারা সব সময় পাথর উত্তোলনের পক্ষে জোরালো অবস্থান নেন। বিগত পাঁচ বছরে তাঁরা নানাভাবে কোয়ারি ইজারা আবার চালুর চেষ্টা করেছেন, কিন্তু সরকার অনুমতি দেয়নি। এ অবস্থায় রাতের বেলা আড়ালে মানুষ অবৈধভাবে পাথর তোলা হতো। গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর টানা এক বছর দেদার পাথর লুটপাট করা হয়েছে।