Home Blog Page 149

বিশ্বকাপে সাস্ট ফ্যানাটিক্স, শাবির দশমবারের অংশগ্রহণ

0

শাবি প্রতিনিধি:

প্রোগ্রামিং বিশ্বকাপে ১০ বারের মতো অংশগ্রহণের গৌরব অর্জন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের “সাস্ট ফ্যানাটিক্স”।

গত বছর নভেম্বরে অনুষ্ঠিত দক্ষিণ এশিয়া রিজিওনের ঢাকা সাইট থেকে সারাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে অংশগ্রহণ করা ৩০৭টি দলের মধ্যে ‘সাস্ট ফ্যানাটিক্স’ দলটি চ্যাম্পিয়ন। এবার প্রোগ্রামিং বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে।

এই প্রোগ্রামিং বিশ্বকাপ আগস্টের ৩১ তারিখ হতে ৫ই সেপ্টেম্বর পর্যন্ত আজারবাইজানের বাকু শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সাস্ট ফ্যানাটিক্স দলের সদস্যদের মধ্যে রয়েছেন শাবিপ্রবির সিএসই বিভাগে মাস্টার্সে অধ্যয়নরত মোজাদ্দেদে আলফেহ সানি, মুহাম্মাদ নাজমুল হাসান নাঈম ও চতুর্থ বর্ষে অধ্যয়নরত আবু কাওসার গোলাম মো. সারোয়ার, এবং তাদের কোচ হিসেবে আছেন সিএসই বিভাগের প্রভাষক এ. কে. এম. ফাখরুল হোসেন।

জানা যায়, ১০৩টি দেশের ৩,৪২৪টি বিশ্ববিদ্যালয়ের ৭৩,০৮৩ মেধাবী প্রোগ্রামারদের মধ্যে শীর্ষ ১% প্রতিযোগী বাকুর অ্যাডা ইউনিভার্সিটিতে অনুষ্ঠেয় এই প্রোগ্রামিং বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে। বাংলাদেশের হয়ে দক্ষিণ এশিয়া রিজিওন থেকে প্রতিনিধিত্ব করতে শাবিপ্রবির ‘সাস্টফ্যানাটিক্স’ দলটি মূল পর্বে যোগ দিতে আজারবাইজান যাচ্ছে। এছাড়াও ব্র্যাক ইউনিভার্সিটির একটি দল, ‘ব্র্যাকইউক্রৌস’ বাংলাদেশ থেকে অংশগ্রহণ করবে। বিভিন্ন দেশ থেকে আসা ১৪০টি দল বিশ্বকাপের মূল পর্বে প্রতিযোগিতা করবে।

সাস্ট ফ্যানাটিক্স এর কোচ এ. কে. এম. ফাখরুল হোসেন অনুভূতি প্রকাশ করে বলেন,

“এটা সত্যিই আমাদের জন্য আনন্দের। আমাদের দল সারাদেশের মধ্যে চ্যাম্পিয়ন হয়ে বিশ্বমঞ্চে শাবিপ্রবিকে তুলে ধরছে। এটা আমাদের জন্য গৌরবের বিষয়।”

তিনি দেশসেরা হওয়ার পেছনের গল্প বলেন,

“এই প্রোগ্রামিং বিশ্বকাপ ফুটবল, ক্রিকেট বিশ্বকাপের মতো গৌরবের এবং দেশের হয়ে প্রতিনিধিত্ব করার বিষয়। এর জন্য এই ছেলেরা সারা বছর কঠোর পরিশ্রম করে। আমাদের বিভাগের ল্যাবে এইসব প্রোগ্রামাররা প্রতিযোগিতায় স্থান করে নেওয়ার জন্য রাত-দিন অক্লান্ত পরিশ্রম করে। কঠিন থেকে কঠিনতম কোডিং সমস্যার সমাধান করার মাধ্যমে নিজেদেরকে তারা তৈরি করে।”

বিশ্বমঞ্চে নিজেদের জায়গা করে নিতে কোনো ধরনের প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন,

“আমরা তেমন কোনো প্রতিকূলতার সম্মুখীন হইনি। কারণ দেশের ভেতরে প্রোগ্রামিং প্রতিযোগিতায় আমাদের প্রোগ্রামাররা সবসময় অন্যদের ডমিনেট করে নিজেদের স্থান সবার উপরে ধরে রেখেছে। ফান্ডিং-এর জন্য একটু সমস্যা ছিল। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের সর্বোচ্চ সহযোগিতা করেছে, আর আমাদের অ্যালামনাই অ্যাসোসিয়েশন ও বিভাগের সহযোগিতায় সেই সমস্যা সমাধান হয়েছে।”

ভোলাগঞ্জ থেকে লুট হওয়া ৩৭ হাজার ঘনফুট পাথর জব্দ

0

জৈন্তাপুর প্রতিনিধি:

সিলেটের ভোলাগঞ্জ থেকে লুট হওয়া বিপুল পরিমাণ পাথর জব্দ করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯, সিলেট।

বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে সিলেটের এয়ারপোর্ট থানাধীন ধোপাগুল এলাকায় বিশেষ অভিযানে এ পাথর জব্দ করা হয়। জব্দকৃত পাথরের পরিমাণ প্রায় ৩৭ হাজার ঘনফুট।

র‍্যাব-৯ সূত্রে জানা যায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই এলিট ফোর্স হিসেবে র‍্যাব মাদক উদ্ধার, সন্ত্রাস দমন, চাঁদাবাজি প্রতিরোধ, জঙ্গি নিধনসহ নানা অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে র‍্যাবের সদস্যরা সর্বদা অঙ্গীকারবদ্ধ।

গত এক বছরে সিলেটের কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বিপুল পরিমাণ পাথর উত্তোলনের ঘটনা ঘটে। এ নিয়ে সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হলে দেশব্যাপী ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। পরে সাদা পাথর লুটের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হাইকোর্টে একটি রিট আবেদনও করা হয়।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯ সিপিএসসি সিলেটের একটি টহল টিম, সাদা পোশাকধারী সদস্য এবং সিলেট জেলা প্রশাসনের যৌথ আভিযানিক দল বৃহস্পতিবার দুপুর ১টা ৫ মিনিটের দিকে এয়ারপোর্ট থানাধীন ধোপাগুল এলাকায় অভিযান চালিয়ে ভোলাগঞ্জ থেকে লুট হওয়া বিপুল পাথর জব্দ করতে সক্ষম হয়।

র‍্যাব জানায়, জব্দকৃত পাথরের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। এ ছাড়া দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাব-৯ সিলেটের চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

শেখ হাসিনাসহ ৩২ জনের বিরুদ্ধে অভিযোগ সেই সুখরঞ্জন বালির

0

আধুনিক ডেস্ক ::

এক যুগ আগে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে গিয়ে নিখোঁজ হয়ে যাওয়া সেই সুখরঞ্জন বালি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্র্যাইব্যুনালের প্রসিকিউশন বরাবর অভিযোগ দাখিল করেছেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) শেখ হাসিনা, সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহাসহ ৩২ জনের নাম উল্লেখ করে গুম, অপহরণ, নির্যাতনসহ প্রায় পাঁচ বছর ভারতে অবৈধভাবে কারাবন্দী করে রাখার অভিযোগ করেছেন পিরোজপুরের সুখরঞ্জন বালি।

অভিযোগে সুখরঞ্জন বালি বলেছেন, দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় মিথ্যা সাক্ষ্য দিতে রাজি না হওয়ায় তার পক্ষে সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে আসায় তাকে গুম, অপহরণ, নির্যাতন করা হয়। প্রায় পাঁচ বছর ভারতে অবৈধভাবে কারাবন্দী করে রাখা হয়।

সুখরঞ্জন বালি যাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন, তাদের মধ্যে রয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম, ট্রাইব্যুনালের সাবেক বিচারপতি এ টি এম ফজলে কবির, সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ, সাবেক আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক সংসদ সদস্য এ কে এম আউয়াল, ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর সৈয়দ হায়দার আলী, সাবেক প্রসিকিউটর রানা দাসগুপ্ত, ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সাবেক প্রধান মো. সানাউল হক, তদন্তকারী কর্মকর্তা হেলাল উদ্দিন প্রমুখ।
একাত্তরে মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াতের প্রয়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে এসে ২০১২ সালে ‘নিখোঁজ’ হয়েছিলেন সুখরঞ্জন বালি।

চার দিনের সফরে ঢাকায় পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী

0

আধুনিক ডেস্ক ::

পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান চার দিনের সফরে ঢাকায় এসেছেন। বুধবার রাতে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। বৃহস্পতিবার (২১ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সফরকালে দুই দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধি, বিনিয়োগের নতুন নতুন ক্ষেত্র চিহ্নিত করা এবং অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে আলোচনা হবে। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বর্তমান বাণিজ্য সম্ভাবনা এবং ভবিষ্যৎ সহযোগিতার বিষয়গুলো এই সফরে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে।

জাম কামাল খান আগামী রোববার পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন। এ সময়ের মধ্যে পাকিস্তানের সঙ্গে চারটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হওয়ার কথা রয়েছে। তিনি সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি ছাড়াও ব্যবসায়ী সংগঠনের নেতাদের সঙ্গেও বৈঠক করবেন। পাশাপাশি সফরের অংশ হিসেবে তিনি চট্টগ্রাম বন্দর, একটি ওষুধ শিল্প প্রতিষ্ঠান ও একটি ইস্পাত কারখানা পরিদর্শন করবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই উচ্চ পর্যায়ের সফরটি দুই দেশের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও অর্থনৈতিক সম্পর্ককে আরও গতিশীল করবে বলে আশা করা হচ্ছে।

নবীগঞ্জে সিএনজি স্টেশনে বিস্ফোরণ, পুড়ল বাসসহ ১১ যান

0

নবীগঞ্জ প্রতিনিধি

ঢাকা-সিলেট মহাসড়কে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় আউশকান্দি সিএনজি স্টেশনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে। এতে বাসসহ ১১টি সিএনজিচালিত অটোরিকশা পুড়ে গেছে। এসময় স্টেশনের কর্মী রাসেল (২৫) ও ম্যানেজার জয়নাল আবেদিনসহ ছয়জন গুরুতর আহত হয়েছেন। তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা গেছে, ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি সিএনজি স্টেশনে সকাল ৬টার দিকে বাসে গ্যাস দেওয়ার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে পুরো স্টেশনটি পুড়ে যায়। এছাড়াও স্টেশনে গ্যাস নিতে আসা ১০টি সিএনজিচালিত অটোরিকশা ও বাস পুড়ে যায়।

সিএনজি স্টেশনের সহকারী ম্যানেজার শোয়েব আহমদ বলেন, আমরা তিন তালার একটি কক্ষে ঘুমাচ্ছিলাম। হঠাৎ আগুন, আগুন বলে চিৎকারের শব্দ শুনি। তখন উঠে দেখি চারিদিকে আগুন। আমরা তিনজন প্রাণে বাঁচাতে তিন তলা থেকে লাফ দেই। বাসে গ্যাস দেওয়ার সময় এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ৬ জন আহত হয়েছে।

হবিগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করা হয়। ১০ সিএনজিচালিত অটোরিকশা, একটি বাসসহ পুরো স্টেশন পুড়ে গেছে। আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আগামী ৭২ ঘণ্টায় ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা, ভূমিধসের আশঙ্কা

0

সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ৮টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় দেশের বেশ কিছু অঞ্চলে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের এক বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারি (৪৪-৮৮ মি.মি./২৪ ঘণ্টা) থেকে অতি ভারি (>৮৮ মি.মি./২৪ ঘণ্টা) বৃষ্টিপাত হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, এ সময়ে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

পাথর লুট : এবার মন্ত্রিপরিষদ বিভাগের ৫ সদস্যের তদন্ত কমিটি

0

সিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ সাদাপাথর পর্যটন কেন্দ্র ও সেখানকার রেলওয়ের ‘বাঙ্কার’ এলাকা থেকে অবৈধভাবে পাথর উত্তোলন ও পরিবেশ ধ্বংসের ঘটনায় এবার ৫ সদস্যের উচ্চ পর্য়ায়ের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে এ কমিটি গঠন করা হয়।

মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগের মাঠপ্রশাসন অধিশাখার উপ-সচিব মোহাম্মদ সাহেদুল ইসলাম সাক্ষরিত অফিস আদেশে অবৈধভাবে পাথর ‍উত্তোলনের ঘটনায় কোনো কর্তৃপক্ষের অবহেলা আছে কিনা না খতিয়ে দেখা এবং ঘটনার পুনরাবৃত্তিরোধে সুপারিশসহ আগামি ১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য বলা হয়েছে।

কমিটিতে আহ্বায়ক করা হয়েছে মন্ত্রিপরিষদের সচিবকে (সমবায় ও সংস্কার)। সদস্য রাখা হয়েছে- জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব পদমর্যাদার একজন প্রতিনিধি, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব পদমর্যাদার একজন প্রতিনিধি, বিএমডি এর অতিরিক্ত সচিব পদমর্যাদার একজন প্রতিনিধি ও সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনারকে (রাজস্ব)। বুধবার কমিটির সদস্যদের কাছে অফিস আদেশটি প্রেরণ করা হয়েছে।

অফিস আদেশে বলা হয়, ভোলাগঞ্জ সাদাপাথর পর্যটন কেন্দ্র ও ভোলাগঞ্জ রেলওয়ের ‘বাঙ্কার’ এলাকা থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে পাথর উত্তোলনের কারণে পরিবেশ ও পর্যটন স্থানের নান্দনিকতা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। সাম্প্রতিক সময়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত সংবাদ বিষয়ে সরেজমিন তদন্তপূর্বক মতামতসহ প্রতিবেদন দাখিল করতে হলা হয়।

এদিকে পাথর লুটে বিভিন্ন সংস্থা তদন্ত করছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে গঠিত তদন্ত কমিটি বুধবার প্রতিবেদন দাখিল করেছে। এতে ৭ পৃষ্টার তদন্ত প্রতিবেদনের সাথে ১৩৭ জন জড়িত থাকার একটি তালিকাও জমা দেওয়া হয়। তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) পদ্মাসন সিংহ বুধবার জেলা প্রশাসকের কাছে এ প্রতিবেদন জমা দেন।

বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ জানিয়েছেন, প্রতিবেদনটি মন্ত্রিপরিষদ বিভাগে প্রেরণ করা হবে। গত ১০ ও ১১ আগস্ট সাদাপাথর পর্যটনকেন্দ্র এলাকা থেকে পাথর লুটের ঘটনায় দেশজুড়ে তোলপাড় হয়। পরে লুট হওয়া পাথর উদ্ধারে অভিযানে নামে যৌথবাহিনী।

পাথর লুটপাট, জেলা প্রশাসনের তদন্তে এল জড়িতদের নাম, ১০ সুপারিশ

0

আধুনিক রিপোর্ট ::
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথর পর্যটনকেন্দ্রে পাথর লুটের ঘটনায় জেলা প্রশাসন গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। প্রতিবেদনে ১০টি সুপারিশের পাশাপাশি কিছু পর্যবেক্ষণ দেওয়া হয়েছে। একই সঙ্গে লুটের ঘটনায় জড়িত ব্যক্তিদের নাম প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হয়েছে। বুধবার (২০ আগস্ট) বেলা দেড়টার দিকে বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদের কাছে এ প্রতিবেদন দেন তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা প্রশাসক পদ্মাসন সিংহ। প্রতিবেদনে কী আছে, তা জানতে পদ্মাসন সিংহের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানাতে অপারগতা প্রকাশ করেন।

পদ্মাসন সিংহ বলেন, ডিসি স্যারের কাছে প্রতিবেদন জমা দিয়েছি। পরে জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, ‘প্রতিবেদন মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হবে। এ বিষয়ে আর কিছুই বলা যাবে না।’

সারা দেশে ৫১টি কোয়ারি (পাথর ও বালু উত্তোলনের নির্দিষ্ট স্থান) আছে। এর মধ্যে সিলেটের কানাইঘাট, কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুরে আছে ৮টি পাথর কোয়ারি। এর বাইরে সিলেটে সাদাপাথর, জাফলং, বিছনাকান্দি, উৎমাছড়াসহ আরও ১০টি জায়গায় পাথর আছে। সীমান্তের ওপারে ভারতের পাহাড়ি নদী থেকে এসব পাথর আসে। ২০২০ সালের আগে সংরক্ষিত এলাকা বাদে সিলেটের ৮টি কোয়ারি ইজারা দিয়ে পাথর উত্তোলনের সুযোগ দেওয়া হতো। তবে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতির কারণে ২০২০ সালের পর আর পাথর কোয়ারি ইজারা দেওয়া হয়নি।

সিলেটের ব্যবসায়ী ও রাজনৈতিক দলের নেতারা সব সময় পাথর উত্তোলনের পক্ষে জোরালো অবস্থান নেন। বিগত পাঁচ বছরে তারা নানাভাবে কোয়ারি ইজারা আবার চালুর চেষ্টা করেছেন, কিন্তু সরকার অনুমতি দেয়নি। এ অবস্থায় রাতের বেলা আড়ালে মানুষ অবৈধভাবে পাথর তুলতেন। গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর টানা এক বছর দেদার পাথর লুটপাট চলে।

সর্বশেষ পর্যটনকেন্দ্র সাদাপাথর থেকে ৮০ শতাংশ পাথর লুট করে নেওয়া হয়। বিষয়টি প্রচার হলে দেশ-বিদেশে সমালোচনার ঝড় ওঠে। এ ঘটনায় ১২ আগস্ট জেলা প্রশাসন ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেন। কমিটির আহ্বায়ক হন অতিরিক্ত জেলা প্রশাসক পদ্মাসন সিংহ। এতে সদস্য হিসেবে রাখা হয় কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (গত সোমবার তাঁকে বদলি করা হয়েছে) আজিজুন্নাহার ও পরিবেশ অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক মো. আফজারুল ইসলামকে।

সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, সাদাপাথর লুটের কারণ, কারা কারা সম্পৃক্ত, সুপারিশ ও পর্যবেক্ষণ তদন্ত কমিটি তাঁদের প্রতিবেদনে উল্লেখ করেছেন। ঘটনাস্থল পরিদর্শন, বিভিন্নজনের সঙ্গে কথা বলার পাশাপাশি একাধিক সূত্রে পাওয়া তথ্য ঘেঁটে তাঁরা প্রতিবেদনটি তৈরি করেছেন।

এদিকে বুধবার দুপুরে কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে এক মতবিনিময় সভায় অংশগ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী। এ সময় তিনি বলেন, সাদাপাথরে পাথর লুটকারীদের পূর্ণাঙ্গ তালিকা তৈরি হচ্ছে। কাজ চলছে সতর্কতার সঙ্গে, যাতে প্রকৃত দোষীদের নাম তালিকায় আসে এবং নির্দোষ মানুষ হয়রানির শিকার না হন। তালিকা তৈরির পর তা প্রকাশ করা হবে। এ ব্যাপারে গোয়েন্দা বাহিনীসহ বিভিন্ন সংস্থার সমন্বয়ে কাজ চলছে।

গত ৯ জুলাই বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আয়োজিত এক সভায় তাঁর বক্তব্যে পাথর লুটপাটকারীরা উৎসাহিত হয়েছে কি না, প্রশ্নের জবাবে খান মো. রেজা-উন-নবী বলেন, ‘সেদিন আমরা ইজারা নিয়ে কথা বলেছি। পাথর চুরি নিয়ে কিছু বলা হয়নি। পাথরচোরদের উৎসাহিত করার মতো কিছু আমি বলিনি। তেমন কিছু কেউ বললে বা ছড়ালে সেটা ভুল মেসেজ।’

এদিকে লুটের পাথর উদ্ধারে আজও অভিযান চালিয়েছে যৌথ বাহিনী ও টাস্কফোর্স। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সন্ধ্যা ছয়টা পর্যন্ত সদর উপজেলায় ৯৫ হাজার ঘনফুট ও গোয়াইনঘাট উপজেলায় দুই হাজার ঘনফুট পাথর উদ্ধার হয়েছে। তবে কোম্পানীগঞ্জ উপজেলায় অভিযান পরিচালিত হলেও কী পরিমাণ পাথর উদ্ধার হয়েছে, তা সন্ধ্যা ছয়টা পর্যন্ত উপজেলা প্রশাসন জানাতে পারেনি।

‘আমেরিকাবিরোধী-ইহুদিবিরোধী’ হলে মিলবে না মার্কিন ভিসা

0

আধুনিক ডেস্ক ::

আপনি যদি আমেরিকায় থাকতে বা কাজের জন্য যেতে চান, তাহলে এখন থেকে প্রমাণ করতে হবে আপনি ‘আমেরিকাবিরোধী’ নন। মার্কিন অভিবাসন দপ্তরের কর্মকর্তারা যদি মনে করেন, আপনি ‘আমেরিকা-বিরোধী’, তাহলেই আর ভিসা মিলবে না। বুধবার (২০ আগস্ট) এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। মঙ্গলবার (১৯ আগস্ট) এ বিষয়ে ঘোষণা দিয়েছে অভিবাসন কর্তৃপক্ষ। যেসব বিষয় নিরীক্ষা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে, তার মধ্যে ওয়ার্ক বা ইমিগ্রেশন ভিসা পেতে ইচ্ছুক ব্যক্তিদের সামাজিক যোগাযোগ মাধ্যমের কার্যক্রমও অন্যতম।

ওয়াশিংটনের এই উদ্যোগে অভিবাসন সংস্থার পাশাপাশি আশঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট আইনজীবীরাও
নতুন এই নীতির আওতায় অভিবাসন কর্মকর্তারা এখন থেকে আবেদনকারীদের ‘আমেরিকা-বিরোধী বা সন্ত্রাসী সংগঠনের’ সঙ্গে কোনো ধরনের সংশ্লিষ্টতা আছে কী না, তা পরীক্ষা করবেন। এ ছাড়াও, আবেদনকারীদের ‘ইহুদিবিদ্বেষী’ কোনো কাজের সঙ্গে জড়িত থাকার নজির আছে কী না, তাও যাচাই করবেন কর্মকর্তারা। মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন সেবা সংস্থার (ইউএসসিআইএস) হালনাগাদ নীতিমালায় এসব কথা বলা হয়েছে।

এর আগে গত জুনে অভিবাসন আবেদনের ক্ষেত্রে নতুন করে ‘সামাজিক মাধ্যম যাচাইকরণ’ যুক্ত করে ট্রাম্প প্রশাসন। ওই নীতি সম্প্রসারণের অংশ হিসেবে ‘যুক্তরাষ্ট্র-বিরোধী কার্যক্রম’ চিহ্নিত করে সে অনুযায়ী আবেদন বাতিলের বিধান চালু হতে যাচ্ছে।

প্রেসিডেন্ট ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদের প্রথম দিন থেকেই যুক্তরাষ্ট্রে অভিবাসন ও অভিবাসন-প্রত্যাশীর সংখ্যায় রাশ টেনে ধরার‍ বিভিন্ন উদ্যোগ নিয়ে চলেছেন। সোমবার (১৮ আগস্ট) এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, চলতি বছর মার্কিন পররাষ্ট্র দপ্তর ছয় হাজারের বেশি বিদেশি শিক্ষার্থীর স্টুডেন্ট ভিসা বাতিল করেছে।

জুনে পররাষ্ট্র দপ্তর জানায়, যদি কেউ ‘আমাদের দেশের নাগরিক, সংস্কৃতি, সরকার, সংস্থা ও মূলনীতির প্রতি বিরূপ মনোভাব দেখায়’, তাহলে তাদের ভিসা আবেদন বাতিল করতে হবে।

ইউএসসিআইএসের মুখপাত্র ম্যাথু ট্রাগেসার সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, ‘যারা আমেরিকাকে ঘৃণা করে ও আমেরিকা-বিরোধী মূল্যবোধের প্রচার করে, তাদেরকে আমেরিকার কোনো সুফল ভোগ করতে দেওয়া উচিত নয়।’

হালনাগাদ নীতিমালায় ‘আমেরিকা-বিরোধী’ মনোভাবের সুনির্দিষ্ট সংজ্ঞা দেওয়া হয়নি। শুধু বলা হয়েছে, যারা ‘ইহুদিবিদ্বেষী সন্ত্রাস, ইহুদিবিদ্বেষী সন্ত্রাসের সঙ্গে জড়িত সংগঠন ও ইহুদিবিদ্বেষী মূল্যবোধ ধারণ করেন, তারাও ‘আমেরিকা-বিরোধী’ বলে বিবেচিত। তবে ১৯৫২ সালের অভিবাসন ও জাতীয়তা আইনের (আইএনএ) ‘আমেরিকা-বিরোধী’ মূল্যবোধের বিবরণ দেওয়া হয়েছে বলে নীতিমালায় উল্লেখ করে হয়।

ওই আইনে বলা হয়েছে, যারা বিভিন্ন সমাজতান্ত্রিক রাজনৈতিক দলের সদস্য, যারা ‘সারা বিশ্বে সমাজতন্ত্র’ কায়েমের পক্ষে কথা বলেন এবং যারা ‘সব ধরনের সুসংহত’ সরকারের ধারণার বিরুদ্ধে লেখেন বা এ বিষয়ে লিখিত বক্তব্য ছড়িয়ে দেন, অথবা যারা সহিংসতা বা জোর খাঁটিয়ে মার্কিন সরকারকে উৎখাত করতে চান, তারা ‘আমেরিকা-বিরোধী’।

অভিবাসন দপ্তরের ঘোষণায় তাৎক্ষণিকভাবে ইন্টারনেটে ব্যাপক বিভ্রান্তি ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনলাইন ফোরামগুলোয় ‘আমেরিকা-বিরোধীর’ নানা সংজ্ঞা নিয়ে বিবাদ চলতে থাকে। অনেকেই আশঙ্কা করেন, এই ‘অস্পষ্ট’ নীতি ও স্বচ্ছতার অভাবে কর্মকর্তারা অভিবাসন-প্রত্যাশীদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নিতে পারবেন।

অনেক ক্ষেত্রে আবেদনকারীর পক্ষ থেকে কোনো বাস্তবসম্মত হুমকি বা ঝুঁকি না থাকলেও তাদের অভিবাসন আবেদন নাকচ হতে পারে বলে বিশেষজ্ঞরা মত দেন।

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় যুবকের মর্মান্তিক মৃত্যু, আহত ১

0

জৈন্তাপুর প্রতিনিধি :

সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার কুখ্যাত উমনপুর টানিং যেন দিন দিন রূপ নিচ্ছে মৃত্যুকূপে। মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধ্যায় ওই স্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক তরতাজা যুবক, আহত হয়েছেন তার সহযাত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সোহাগ আহমদ (২০) ও তার বন্ধু সাফি আহমদ (২০) মোটরসাইকেলযোগে হরিপুরের উদ্দেশ্যে যাত্রা করলে বিপরীত দিক থেকে আসা এক বেপরোয়া দ্রুতগামী ট্রাক তাদের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। মুহূর্তেই তারা ছিটকে পড়েন রক্তাক্ত দেহ নিয়ে রাস্তার উপর। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন।

গুরুতর আহত সোহাগকে রাতেই আইসিইউতে ভর্তি করা হলেও বুধবার (২০ আগস্ট) সকাল ৮টার দিকে সিলেটের ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার সহযাত্রী সাফি আহমদের হাত ভেঙে গেছে এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছেন। বর্তমানে তিনি সিলেট নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত সোহাগ আহমদ ছিলেন সিলেট-তামাবিল বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ও চিকনাগুল ইউনিয়নের পশ্চিম ঠাকুরের মাটি গ্রামের বিশিষ্ট ব্যক্তি আফতাব উদ্দিনের কনিষ্ঠ পুত্র। এ অকাল মৃত্যুর খবরে পরিবার, আত্মীয়-স্বজন ও সমগ্র এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

স্থানীয় সচেতন মহল দীর্ঘদিন ধরেই উমনপুর টানিংয়ে দুর্ঘটনার কালো অধ্যায়,হিসেবে চিহ্নিত করে আসছে। তাদের অভিযোগ, এখানে নেই যথাযথ সড়ক নকশা, নেই কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনা, আর বেপরোয়া গতিই প্রতিনিয়ত কেড়ে নিচ্ছে নিরীহ প্রাণ। সঠিক গতিনিয়ন্ত্রণ ব্যবস্থা ও কার্যকর নজরদারি না থাকায় দুর্ঘটনা যেন নিত্যদিনের অনিবার্য বাস্তবতায় পরিণত হয়েছে।

নিহত সোহাগ আহমদের জানাজা বুধবার (২০ আগস্ট) বাদ আসর পশ্চিম ঠাকুরের মাটি কবরস্থান সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হবে। পরিবারের পক্ষ থেকে সকলের কাছে মরহুমের আত্মার মাগফেরাত ও দোয়া কামনা করা হয়েছে।