Home Blog Page 148

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ঢাকায়

0

আধুনিক ডেস্ক ::
পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার দুই দিনের সফরে ঢাকায় এসেছেন। শনিবার (২৩ আগস্ট) বেলা দুইটার দিকে বিশেষ একটি ফ্লাইটে তিনি ঢাকায় পৌঁছান। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারকে স্বাগত জানান পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম।

ঢাকা সফরের সময় পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনসহ বিভিন্ন নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন।

আগস্ট-পরবর্তী বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির পর ইসহাক দারকে নিয়ে পাকিস্তানের মন্ত্রিসভার তৃতীয় সদস্য ঢাকায় এলেন। গত জুলাইয়ে ঢাকায় আসেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভী। আর গত বুধবার ঢাকায় এসেছেন পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান।

সফরের দ্বিতীয় দিনে রোববার (২৪ আগস্ট) সকালে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে একান্তে এবং প্রতিনিধি পর্যায়ে বৈঠক করবেন ইসহাক দার। প্রায় দুই ঘণ্টার বৈঠক শেষে দুই দেশের মধ্যে ছয়টি চুক্তি ও সমঝোতা স্মারক (এমওইউ) সইয়ের জন্য চূড়ান্ত করা হয়েছে।

সইয়ের জন্য চূড়ান্ত হওয়া চুক্তির তালিকায় রয়েছে দুই দেশের সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা বিলোপ চুক্তি । চূড়ান্ত হওয়া এমওইউগুলো হচ্ছে, দুই দেশের বাণিজ্যবিষয়ক জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন, সংস্কৃতি বিনিময়, দুই দেশের মধ্যে ফরেন সার্ভিস একাডেমির মধ্যে সহযোগিতা, দুই রাষ্ট্রীয় বার্তা সংস্থার মধ্যে সহযোগিতা এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের সঙ্গে পাকিস্তানের ইসলামাবাদ পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (আইপিআরআই) মধ্যে সহযোগিতা।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, তিন দিনের এই সফরে ইসহাক দার বাংলাদেশের রাজনৈতিক নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন । এরই অংশ হিসেবে তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে তাঁর গুলশানের বাসায় দেখা করতে যাবেন। এর পাশাপাশি জামায়াতে ইসলামীর জ্যেষ্ঠ নেতাদের সঙ্গেও সাক্ষাতের কথা রয়েছে ইসহাক দারের।

এশিয়া কাপেও নেই মিরাজ, ৩ বছর পর ফিরলেন নুরুল

0

স্পোর্টস ডেস্ক ::

নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচ টি–টোয়েন্টি সিরিজ ও এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই দলে আছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান। প্রায় তিন বছর পর টি–টোয়েন্টি দলে ফিরেছেন তিনি। তার সঙ্গে ফিরেছেন সাইফ হাসান্ও। আগেই নেদারল্যান্ডস সিরিজ থেকে ছুটি নিয়ে রাখা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ এশিয়া কাপের দলে নেই। স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে তাকে।

উইকেটরক্ষক–ব্যাটসম্যান নুরুল জাতীয় দলের হয়ে সর্বশেষ খেলেছিলেন ২০২২ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপে। ২০২১ সালে পাকিস্তানের বিপক্ষে মিরপুরে টি–টোয়েন্টি অভিষেক হওয়া সাইফ এখন পর্যন্ত দেশের হয়ে ৫ টি–টোয়েন্টি খেলেছেন। ২০২৩ সালে এশিয়ান গেমসে শেষবার বাংলাদেশের হয়ে মাঠে নেমেছিলেন এই ডানহাতি ব্যাটসম্যান।

সাইফ ও নুরুল দুজনেই এখন অস্ট্রেলিয়ায় বাংলাদেশ ‘এ’ দলের হয়ে টপ এন্ড টি–টোয়েন্টিতে খেলছেন। নুরুল ৫ ম্যাচে ১১৭.২০ স্ট্রাইক রেটে ১০৯ রান করেছেন। ১ হাফ সেঞ্চুরিতে ১৩০ স্ট্রাইক রেটে ১৩০ রান করেছেন সাইফ।
সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে আগেই নেদারল্যান্ডস সিরিজ থেকে ছুটি নিয়ে রাখা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ এশিয়া কাপের দলেও নেই। স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে তাঁকে। তিনি ছাড়া সৌম্য সরকার, তানভীর ইসলাম ও হাসান মাহমুদ আছেন স্ট্যান্ডবাইয়ের তালিকায়।

নেদারল্যান্ডসের বিপক্ষে তিন টি–টোয়েন্টি সিরিজ শুরু হবে ৩০ আগস্ট, পরের দুই ম্যাচ ১ ও ৩ সেপ্টেম্বর। সব ম্যাচই সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। এরপর ৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু এশিয়া কাপে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে। গ্রুপ পর্বে লিটনদের পরের দুটি ম্যাচ ১৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে, ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে।

এশিয়া কাপ ও নেদারল্যান্ডস সিরিজের দল: লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, নুরুল হাসান, মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান, তাসকিন আহমেদ ও মোহাম্মদ সাইফউদ্দিন।

স্ট্যান্ড বাই (এশিয়া কাপের জন্য): সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, তানভীর ইসলাম ও হাসান মাহমুদ।

‘জীবনের শেষ লেখা হিসেবে এটা ছাপতে পারেন’

0

আধুনিক ডেস্ক ::

নিখোঁজের একদিন পর মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদী থেকে জ্যেষ্ঠ সাংবাদিক ও কলাম লেখক বিভুরঞ্জন সরকারের (৭১) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজ হওয়ার দিন, অর্থাৎ ২১ আগস্ট সকাল সোয়া ৯টায় এই সাংবাদিক সংবাদমাধ্যম বিডিনিউজ টোয়েন্টিফোরে একটি ‘খোলা চিঠি’ পাঠান। মেইলে পাঠানো ফুটনোটে তিনি লেখেন, ‘জীবনের শেষ লেখা হিসেবে এটা ছাপতে পারেন।’

পরিবারের সদস্যরা জানান, ওইদিন ১০টার দিকে অফিসে যাওয়ার কথা বলে বাসা থেকে বেরিয়ে তিনি আর ফেরেননি। তার নিখোঁজ থাকার কথা জানিয়ে বৃহস্পতিবার রাতে থানায় জিডি করে পরিবার। শুক্রবার বিকালে মুন্সীগঞ্জের মেঘনায় তার লাশ পাওয়ার খবর জানায় পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোরে প্রেরণ করা সেই শেষ লেখাটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো-

আমি বিভুরঞ্জন সরকার, ‘আজকের পত্রিকা’র সম্পাদকীয় বিভাগে কাজ করি। সাংবাদিকতার সঙ্গে আমার সম্পর্ক পাঁচ দশকের বেশি সময়ের। দেশের নানা পরিবর্তন, আন্দোলন, গণআন্দোলন এবং রাজনৈতিক উত্থান-পতন প্রত্যক্ষ করেছি। এই দীর্ঘ সময় আমি লিখেছি সত্যের পক্ষে, মানুষের পক্ষে, দেশের পক্ষে। কিন্তু আজ, যখন নিজের জীবনকে দেখি, অনুভব করি—সত্য লিখে বাঁচা সহজ নয়।

আমার পেশা আমাকে শিখিয়েছে—সত্য প্রকাশ করা মানে সাহসের সঙ্গে ঝুঁকি নেবার নাম। ছাত্রজীবনে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করতে করতে শিখেছি, কখনো কখনো নাম গোপন রাখতেই হয়। সত্য প্রকাশ করতে গেলে জীবন ঝুঁকির মধ্যে ফেলা প্রয়োজন হয়। এরশাদের আমল, নানা রাজনৈতিক আন্দোলন—সবক্ষেত্রে সাহস ছাড়া লেখা সম্ভব ছিল না। আমরা, আমার মতো সাংবাদিকরা, গোপন নাম ব্যবহার করেছি, তাতে স্বার্থের কিছু নেই, বরং নিরাপত্তার জন্য।

মুক্তিযুদ্ধের সময় আমার অবস্থান স্পষ্ট ছিল—স্বাধীনতার পক্ষে দাঁড়ানো মানে দেশের প্রতি দায়বদ্ধ থাকা। আমার এলাকায় মুক্তিযুদ্ধে কোনো অবদান না রেখেও মুক্তিযোদ্ধার সার্টিফিকেট বাগিয়ে সুযোগ-সুবিধা নিয়েছেন, নিচ্ছেন। আমি ও পথে হাঁটিনি।

স্কুল ছাত্র থাকতেই সাংবাদিকতার পেশায় জড়িয়েছি। দৈনিক আজাদের মফস্বল সাংবাদিক। স্কুলে পড়ার সময় আমাদের নামে আজাদে বড় বড় লেখা ছাপা হয়েছে। আবার বাম রাজনীতিতে জড়িয়ে পড়াও সেই স্কুল থেকেই। রাজনৈতিক আদর্শবোধ ও সাংবাদিকতার নৈতিক সততা আমাকে ব্যক্তিগত সুখভোগের জন্য তাড়িত করেনি। একটাই তাড়না–দায়িত্ববোধ। আমি জ্ঞানত কখনো দায়িত্ব পালনে অবহেলা করিনি। নিজের কাজে ফাঁকি দেইনি। খুব সাহসী মানুষ হয়তো আমি নই, কিন্তু চোখ রাঙিয়ে কেউ আমাকে দিয়ে কিছু লেখাতে পারিনি। অবশ্য বছর কয়েক আগে কথায় পটিয়ে আমাকে দিয়ে নাঈমুল ইসলাম খান তার স্ত্রী মন্টি আপার সুখ্যাতি লিখিয়ে নিয়েছিলেন!

আজকের সময়ে সাংবাদিকতার চ্যালেঞ্জ অন্যরূপ। অনেকেই সুবিধা, স্বার্থ, সামাজিক মর্যাদা বা আর্থিক স্বার্থের জন্য সত্যকে আড়াল করে লেখেন। আমি নাম আড়াল করলেও সত্য গোপন করিনি। তাই হয়তো দীর্ঘ পাঁচ দশকের বেশি সময় এই পেশায় কাটিয়ে সম্মানজনক বেতন-ভাতা পাই না। এখন আমার যা বেতন তা বলে কাউকে বিব্রত করতে চাই না। তবে শুনেছি, আমার বিভাগীয় প্রধানের বেতন আমার প্রায় দ্বিগুণ। আহা, যদি ওই বেতনের একটি চাকরি পেতাম তাহলেও হয়তো সংসার চালানোর জন্য নিয়মিত ধার-দেনা করার পেশাটি আমাকে বেছে নিতে হতো না! অন্যসব খরচের হিসাব বাদ দিয়ে মাসে আমার একার ওষুধের ব্যয় ২০–২২ হাজার টাকা। বাড়িয়ে নয়, একটুবকমিয়েই হয়তো বললাম! আমার আর্থরাইটিস, লিভার সিরোসিস, ডায়াবেটিস, হৃদরোগসহ কত যে রোগ! আর্থরাইটিস ও লিভারের চিকিৎসার জন্য কত যে ধারদেনা করতে হয়েছে। আমার ছেলেও অসুস্থ, ওরও নিয়মিত চিকিৎসাব্যয় আছে। তাই ধার-দেনা ছাড়া কোনো উপায় নেই।

শেখ হাসিনার শাসনামলে নানা পরিচয়ে অনেকে অনেক সুযোগ-সুবিধা নিয়েছেন। একপর্যায়ে লাজলজ্জা ভুলে আমিও শেখ হাসিনার দরবারে সাহায্যের আবেদন করে কোনো ফল পাইনি। অনেক সাংবাদিক প্লট পেয়েছেন। আমি দুইবার আবেদন করেও সফল হইনি। বঙ্গবন্ধু ও শেখ হাসিনাকে নিয়ে বই লিখেও নাকি কতজন ভাগ্য বদলেছেন। অথচ আগামী প্রকাশনী থেকে প্রকাশিত দুটি বইয়ের জন্য আমি দুই টাকাও রয়্যালিটি পাইনি। একেই বলে কপাল! তবে হ্যাঁ, একবার শেখ হাসিনার সফরসঙ্গী হয়ে সিঙ্গাপুর যাওয়ার সুযোগ আমার হয়েছিল। ওই সফরের জন্য কিছু হাত খরচের টাকা আমি পেয়েছিলাম। কিন্তু সেটা তো ওই কোটপ্যান্টজুতো কিনতেই শুধু শেষ হয়, আরও দেনা হয়েছে। ওই সুবাদে আমার কোট-টাই জুতা কেনা! সারাজীবন তো স্যান্ডেল পরেই কাটল।

শুধু মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাজনীতির পক্ষে অবিচল অবস্থানের কারণে আমাকে আজও ‘আওয়ামী ট্যাগ’ দেওয়া হয়। কিন্তু আওয়ামী আমলেও কোনো বাস্তব পুরস্কার পাইনি। আমি পেলাম না একটি প্লট, না একটি ভালো চাকরি। বরং দীর্ঘ সময় চাকরিহীন থেকে ঋণের বোঝা বেড়েছে। স্বাস্থ্য সমস্যার সঙ্গে পরিবারের দায়বদ্ধতা আমাকে প্রতিনিয়ত চাপের মধ্যে রাখে।

‘আজকের পত্রিকা’য় কাজ করছি ৪ বছর হলো। এই সময়ে না হলো পদোন্নতি, না বাড়ল বেতন। অথচ জিনিসপত্রের দাম বাড়ছে প্রতিদিন। সংবাদপত্র আর কীভাবে ন্যায়ের পক্ষে দাঁড়াবে, ঘরের মধ্যেই যেখানে অনিয়ম।

সাপ্তাহিক ‘যায়যায়দিন’ জনপ্রিয় হয়ে উঠেছিল যাদের লেখার কারণে তাদের একজন তারিখ ইব্রাহিম। ওই নামে আমিই লিখতাম এরশাদের কোপানল থেকে রক্ষা পেতে। ক্ষমতা ছাড়ার পর দু-একবার দেখা হলে অবশ্য এরশাদও ‘দেশি’ হিসেবে আমাকে খাতির করেছেন।

আমি চাকরি করেছি দৈনিক সংবাদে, সাপ্তাহিক একতায়, দৈনিক রূপালীতে। নিজে সম্পাদনা করেছি সাপ্তাহিক ‘চলতিপত্র’। নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করেছি ‘মৃদুভাষণ’ নামের সাপ্তাহিকে। ‘দৈনিক মাতৃভূমি’ নামের একটি দৈনিকের সম্পাদনার দায়িত্বও আমি পালন করেছি। দেশের প্রায় সবগুলো দৈনিক পত্রিকা এবং অনলাইনে আমার লেখা একসময় নিয়মিত ছাপা হতো। দৈনিক ‘জনকণ্ঠ’ যখন জনপ্রিয়তার তুঙ্গে তখন প্রথম পৃষ্ঠায় আমার লেখা মন্তব্য প্রতিবেদন ছাপা হতো।

অথচ এখন কোনো কোনো পত্রিকায় লেখা পাঠিয়ে ছাপার জন্য অনুরোধ করেও ফল পাই না। আমার লেখা নাকি পাঠক আর সেভাবে ‘খায়’ না।

এক সময় কত খ্যাতিমান লোকেরা আমার লেখা পড়ে ফোন করে তারিফ করেছেন। অধ্যক্ষ দেওয়ান মোহাম্মদ আজরফ, অধ্যক্ষ সাইদুর রহমানের প্রশংসাও আমি পেয়েছি। রাজনীতিবিদ অলি আহাদ, অধ্যাপক মোজাফফর আহমদ, লেখক অধ্যাপক শওকত ওসমান, ড. রংগলাল সেন, অধ্যাপক ড. অজয় রায়ের মতো কতজনের প্রশংসা পেয়েছি। বিএনপির এক সময়ের মহাসচিব আব্দুল মান্নান ভুঁইয়াও আমাকে লেখার জন্য স্নেহ করতেন। ওহ হ্যাঁ, ড. মুহাম্মদ ইউনূসও অন্তত দুবার নিজে আমাকে ফোন করে আমার লেখার কথা বলেছেন। এখন অবশ্য এত সাধারণ বিষয় তার মনে থাকার কথা নয়। আজ আমার লেখা নাকি পাঠক টানে না। হতেই পারে, বয়সের ভারে বুঝি লেখা হালকা হয়ে গেছে।

নামে-বেনামে হাজার হাজার লেখা লিখেছি। সম্মানী কিন্তু পেয়েছি খুবই কম। কোনো কোনো পত্রিকা তো কয়েক বছর লেখার পরও একটা টাকা দেওয়ার গরজ বোধ করেনি। সেদিক থেকে অনলাইনগুলো অনেক ভালো। একটি বড় অনলাইনের কাছেও আমার মোটা টাকা এখনো পাওনা আছে।

অথচ এখন আমার দৈনন্দিন জীবন শুরু হয় ওষুধ খেয়ে, স্বাস্থ্য পরীক্ষা দিয়ে এবং ওষুধ কেনার টাকার চিন্তায়।

এর মধ্যে গত বছর সরকার পরিবর্তনের পর গণমাধ্যমের অবস্থা আরও কাহিল হয়েছে। মন খুলে সমালোচনা করার কথা প্রধান উপদেষ্টা বলেছেন। কিন্তু তার প্রেস বিভাগ তো মনখোলা নয়। মিডিয়ার যারা নির্বাহী দায়িত্ব পালন করেন তারা সবাই আতঙ্কে থাকেন সব সময়। কখন না কোন খবর বা লেখার জন্য ফোন আসে। তুলে নিতে হয় লেখা বা খবর! এর মধ্যে আমার একটি লেখার জন্য ‘আজকের পত্রিকা’র অনলাইন বিভাগকে লালচোখ দেখানো হয়েছে। মাজহারুল ইসলাম বাবলার একটি লেখার জন্যও চোটপাট করা হয়েছে। আপত্তিকর কি লিখেছেন বাবলা? লিখেছেন, সেনাবাহিনী শেখ হাসিনাকে সামরিক হেলিকপ্টারে দিল্লি পাঠিয়েছে। আর শুধু পুলিশের গুলিতে নয়, মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে জঙ্গিরাও মানুষ হত্যা করেছে। এখানে অসত্য তথ্য কোথায়? শেখ হাসিনা কি হেলিকপ্টার ভাড়া করে গোপনে পালিয়েছেন? হাসিনার পুলিশ না হয় ছাত্র জনতাকে হত্যা করলো কিন্তু পুলিশ হত্যা করলো কে বা কারা? এইটুকু লেখার জন্য পত্রিকার বিরুদ্ধে তোপ দাগা একেবারেই অনুচিত।

সব মিলিয়ে পত্রিকায় আমার অবস্থা তাই খুবই নাজুক। সজ্জন ভারপ্রাপ্ত সম্পাদক চাপ সইতে না পেরে আমার সঙ্গে কথা বলাই বন্ধ করেছেন।

আমি এখন কী করি? কোন পথে হাঁটি?

আমি লিখি, কারণ আমি জানতাম সাংবাদিকতা মানে সাহস। সত্য প্রকাশ মানে জীবনের ঝুঁকি নেয়ার নাম। দীর্ঘ পাঁচ দশকের অভিজ্ঞতা বলছে, সত্য লিখতে হলে কখনো কখনো ব্যক্তিগত স্বাচ্ছন্দ্য হারাতে হয়। আমি তেমন স্বাচ্ছন্দ্য চাইনি কখনো। তবে সারাজীবন হাত পেতে চলতে হবে এটাও চাইনি।

আমার সাংবাদিক বন্ধু মাহবুব কামাল মনে করেন, আমার কোনো বড় ধরনের সমস্যা আছে। না হলে তিনি এখন অনেকটা নিরাপদ জীবন কাটালেও আমার অনিশ্চয়তা কেন দূর হলো না? আসলে তাই তো? আমার অভাব কেন দূর হয় না? মাহবুব ভাই শেখ হাসিনার কাছ থেকে জমি পেয়েছেন, চিকিৎসার জন্য দুই দফায় নগদ টাকাও পেয়েছেন। তারপর পৃথিবীজুড়ে তার অগণিত ভক্তকুল তাকে কত উপলক্ষেই না মুক্তহস্তে দান করেন। চিকিৎসার জন্য লাগবে লাখ কয়েক তিনি পেয়ে যান কোটি খানেক। আমার তো কপাল মন্দ। কোনো ভক্ত নেই। তবে আমিও একেবারে ঋণধার পাই না, সেটা বললে অসত্য বলা হবে। আমারও কিছু খুচরা দরদি আছে বলেই না এখনো বেঁচেবর্তে আছি।

আবার দেখুন, মাহবুব কামালের দুই পুত্র সন্তান। তারাও পিতার মতো সাফল্যের পরীক্ষায় পাস করে দেশে বিদেশে ভালো চাকরি করছে। আর আমার এক কন্যা ও এক পুত্র। ছাত্র হিসেবে মেধাবী কিন্তু…

এত এত মানুষ থাকতে মাহবুব কামালের কথাই কেন লিখছি? কারণ তার আজকের অবস্থানের পেছনে খুব সামান্য হলেও আমি ভূমিকা রেখেছিলাম! ‘যায়যায়দিনে’ কাজের জন্য পাটগ্রাম থেকে ঢাকা নিয়ে আসার জন্য শফিক রেহমানকে প্রভাবিত করেছিলাম। ‘যায়যায়দিনে’ লিখেই তো এখন বিশ্বসেরা সাংবাদিক।

আমি ক্ষুদ্র মানুষ। মনটাও সংকীর্ণ। সেজন্য আমার প্রতি সবাই বিদ্বেষ পোষণ করতেই পারে। আমি কিন্তু কারও প্রতি সামান্য বিদ্বিষ্ট নই। উপকার করার ক্ষমতা নেই বলে কারও অপকারের কথা স্বপ্নেও ভাবি না। নিজের সীমাবদ্ধতা সম্পর্কে আমার ধারণা আছে। আমি যে খুব কম জানাবোঝা একজন মানুষ, সেটা আমি খুব ভালো জানি।

আমার সংসারে স্ত্রী ছাড়া দুই সন্তান। এক মেয়ে, এক ছেলে। ছেলেমেয়েরাও আমার মতো একটু বোকাসোকা। বর্তমান সময়ের সঙ্গে বেমানান। মেয়ে বড়। জীবনে কখনো কোনো পরীক্ষা দিয়ে ফেল করেনি। ডাক্তার হয়েছে। বিসিএস পাস করে চাকরিও পেয়েছে। গ্যাসট্রোএনটোরোলোজিতে এমডি করতে গিয়ে শেষ মুহূর্তে এসে ধরা খেল। সরকার বদলের পর বিভাগীয় প্রধানের কোপানলে পড়ে আমার মেধাবী মেয়েটি থিসিস পরীক্ষায় অসফল হলো। অথচ ও কোনো রাজনীতির সাতে-পাঁচে নেই। ক্লিনিক্যাল পরীক্ষায় অবশ্য পাস করেছে, এখন থিসিসের জন্য আবার অপেক্ষা। এর মধ্যে আবার কোন নিভৃত অঞ্চলে পোস্টিং দিয়ে দেবে, কে জানে!

আমার ছেলেটি বুয়েট থেকে এমএমইতে পাস করেছে। আমেরিকায় একটি বৃত্তি পেয়েও শারীরিক কিছু সমস্যার কারণে সময়মতো যেতে পারেনি। আমার ছেলেটি চার বছর বয়সে গুলেনবারি সিনডর্ম রোগে আক্রান্ত হয়ে জীবনমৃত্যুর সঙ্গে কয়েক মাস পাঞ্জা লড়ে তবে বেঁচেছে। ওর ব্যয়বহুল চিকিৎসার ধকল আমি সয়েছি। বুয়েট পাস হয়ে দেশে কত চাকরির পরীক্ষা দিয়ে পাস করেও এখন পর্যন্ত নিয়োগ নিশ্চিত হলো না। অপরাধ কি ওর নাম, নাকি বাবা হিসেবে আমি, বুঝতে পারছি না।

আমি কেন এই খোলা চিঠি লিখছি, সেটাও যে খুব ভালো বুঝতে পারছি তা নয়। তবে কয়দিন ধরে আমার কান কেন যেন কু ডাক শুনছে। মনটাও কেমন অস্থির অস্থির লাগছে। মাহবুব কামাল কিছু অর্থ সাহায্য করতে চেয়েও আমার কোনো ব্যবহারে কুপিত হয়ে মুখ ফিরিয়ে নিয়েছেন।

শেষে ‘প্রথম আলো’ সম্পাদক মতিউর রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ না করে পারছি না। আমি একতায় মতি ভাইয়ের সহযোগী ছিলাম। তিনিই আমাকে শফিক রেহমানকে বলে ‘যায়যায়দিন’র সঙ্গে যুক্ত করে দিয়েছিলেন। তিনি আমাকে স্নেহ করতেন, বিশ্বাস করতেন। তার পত্রিকায় (তখন ভোরের কাগজ) আমাকে যোগ দিতে বলেছিলেন। আমার বাসায়ও এসেছিলেন। কিন্তু আমি তখন ‘যায়যায়দিন’ ছাড়তে চাইনি। জীবনে এর চেয়ে বড় ভুল আর আমার কোনোটা নয়। মতি ভাই, পারলে আমাকে ক্ষমা করে দিয়েন।

আমার জীবনে কোনো সাফল্যের গল্প নেই। সাংবাদিক হিসেবেও এ-ডাল ও-ডাল করে কোনো শক্ত ডাল ধরতে পারিনি। আমার কোথাও না কোথাও বড় ঘাটতি আছে। এই ঘাটতি আর কাটিয়ে ওঠা হলো না।

দুঃখই হোক আমার জীবনের শেষ সঙ্গী। আর পৃথিবীর সকল প্রাণী সুখী হোক।

২১ অগাস্ট, ভোর ৫টা। সিদ্ধেশ্বরী, ঢাকা।

★ জীবনের শেষ লেখা হিসেবে এটা ছাপতে পারেন।

লুট নয় হরিলুট হয়েছে সাদাপাথরে : মোখলেছুর রহমান

0

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথর পর্যটন এলাকায় লুট নয় হরিলুট হয়েছে বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোখলেছুর রহমান। তিনি সাদাপাথর এলাকাকে ২৪ ঘণ্টা সিসি ক্যামেরায় আওতায় আনার নির্দেশ দেন। শুক্রবার (২২ আগস্ট) সকাল ১০টায় সাদাপাথর এলাকা সরেজমিন ঘুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথর পর্যটন এলাকায় পাথর লুটের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন, এ ঘটনায় যেই জড়িত থাকুক না কেন, দল-মত কিংবা পদ-পদবি দেখে কোনো ছাড় দেওয়া হবে না। সবাইকে আইনের আওতায় আনা হবে।

এ সময় তার সঙ্গে ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা উন নবী, নবনিযুক্ত জেলা প্রশাসক সারওয়ার আলমসহ জনপ্রশাসন মন্ত্রণালয় ও স্থানীয় প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা।

সচিব মোখলেছুর রহমান বলেন, ‘বিজিবি ক্যাম্পের নিকটবর্তী এলাকায় যে ভয়াবহ লুটপাট হয়েছে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এখানে শুধু পাথর লুট হয়নি, হয়েছে হরিলুট। বিজিবি সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দায় এড়াতে পারে না।’

তিনি আরও বলেন, ‘এটি আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র। এ ধরনের ঘটনা দেশের ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করে। দ্রুত নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হবে।’

সচিব পরিদর্শনের সময় এলাকাজুড়ে লুটপাটের স্পষ্ট চিহ্ন দেখে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, ‘আইন সবার জন্য সমান। অপরাধী কে, সেটি নয়—অপরাধটাই মুখ্য।’

পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে সাদাপাথর এলাকায় ২৪ ঘণ্টা সিসিটিভি ক্যামেরা বসানোর নির্দেশ দেন তিনি। পাশাপাশি অবৈধ পাথর উত্তোলন ঠেকাতে স্থায়ী নজরদারির ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

মেঘনা নদী থেকে সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ উদ্ধার

0

আধুনিক ডেস্ক ::

নারায়ণগঞ্জ জেলার কলাগাছিয়া ইউনিয়নের মেঘনা নদী থেকে জ্যেষ্ঠ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যা ছয়টার দিকে নদী থেকে মরদেহটি উদ্ধার করে নৌ-পুলিশের সদস্যরা।

বিভুরঞ্জন সরকার দৈনিক আজকের পত্রিকার জ্যেষ্ঠ সহকারী সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে অফিসে যাওয়ার কথা বলে সিদ্ধেশ্বরীর বাসা থেকে বের হন তিনি। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন বলে জানিয়েছে তার পরিবার। এ বিষয়ে বিভুরঞ্জন সরকারের ছেলে ঋত সরকার বৃহস্পতিবার রাতে রমনা থানায় একটি জিডি করেন।

পরিবারের বরাতে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১০টায় সিদ্ধেশ্বরীর বাসা থেকে বের হন বিভুরঞ্জন। তিনি বাসায় জানিয়েছিলেন, আজকের পত্রিকার বনশ্রীর অফিসে যাচ্ছেন। তবে তিনি অফিসে পৌঁছাননি এবং নিজের ব্যবহৃত মোবাইলটিও বাসায় রেখে গেছেন। এরপর পরিবারের সঙ্গে তার কোনো যোগাযোগ হয়নি।

বিভুরঞ্জনের ছেলে ঋত সরকার জানান, বাবাকে খুঁজে না পেয়ে তারা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেছেন। তিনি বলেন, “প্রতিদিনের মতো সকাল ১০টায় বাবাকে বাসা থেকে অফিসে যাওয়ার জন্য বের হতে দেখেছি, কিন্তু এরপর আর বাসায় ফেরেননি। অফিসেও উপস্থিত ছিলেন না।

এদিকে আজকের পত্রিকা কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে, গত ১৬ আগস্ট থেকে সাত দিনের ছুটিতে রয়েছেন তিনি।

ইসরায়েলের জন্য দুঃসংবাদ, ফিলিস্তিনের প্রতি সমর্থন বাড়ছে যুক্তরাষ্ট্রে

0

আধুনিক ডেস্ক ::

ওভাল অফিসে যে দলের কর্মকর্তারাই বসেন না কেন, অথবা হোয়াইট হাউসে যে দলের কর্মকর্তারাই থাকেন না কেন—ফিলিস্তিন নিয়ে তাদের মনোভাব অনেকটাই একই রকম দেখা যায়। অর্থাৎ, গত ৭৭ বছর ধরে ফিলিস্তিনিদের হত্যা ও বাস্তুচ্যুত করার কোনো দৃশ্যই তাদের অন্তর কাঁপাতে পারেনি। তবে নেতারা যাই ভাবেন না কেন, জনমনে ঘটে যাচ্ছে বিরাট পরিবর্তন।

বুধবার (২২ আগস্ট) বার্তা সংস্থা রয়টার্স জানায়—যুক্তরাষ্ট্রের ৫৮ শতাংশ বাসিন্দা বিশ্বাস করেন যে জাতিসংঘের সব সদস্য দেশগুলোর উচিত ফিলিস্তিনকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেওয়া। রয়টার্স ও ইপসস পরিচালিত সেই জরিপটিতে ৩৩ শতাংশ উত্তরদাতা এমন ধারণার বিরোধিতা করেছেন এবং নয় শতাংশ কোনো উত্তর দিতে রাজি হননি। অনলাইনে ছয়দিন ধরে চলা এই জরিপে অংশ নিয়েছিলেন চার হাজার ৪৪৬ জন। উত্তরদাতাদের মধ্যে ডেমোক্র্যেট পার্টির সমর্থকদের ৭৮ শতাংশ ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টির ৪১ শতাংশ ফিলিস্তিনিদের পক্ষে সহানুভূতির কথা জানিয়েছেন।

রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়, ইসরায়েলের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু যুক্তরাষ্ট্র প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলারের সামরিক সহায়তার পাশাপাশি কূটনৈতিক সহযোগিতাও করে আসছে। তবে যুক্তরাষ্ট্রের বাসিন্দাদের মনে ইসরায়েল সম্পর্কে পরিবর্তিত মনোভাব ইহুদি রাষ্ট্রটির জন্য দুঃসংবাদ বটে।

‘আমেরিকা ফার্স্ট’ স্লোগান দিয়ে ভোটারদের মন জয় করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রেও এই নীতি চালানো উচিত বলে মনে করেন অনেক মার্কিনি। তারা আরও মনে করেন, যুক্তরাষ্ট্রের অর্থ সহায়তা তহবিল শুধুমাত্র মার্কিনিদের ভাগ্য উন্নয়নেই খরচ হওয়া উচিত।

এমন পরিস্থিতিতে রয়টার্স/ইপসসের সর্বশেষ জরিপে দেখা যায়—প্রায় ৬৫ শতাংশ উত্তরদাতা বলেছেন যে যুক্তরাষ্ট্রের উচিত গাজায় ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়ানো। জরিপে অংশ নেওয়া ৫৯ শতাংশ মার্কিনি বিশ্বাস করেন ইসরায়েল গাজায় মাত্রাতিরিক্ত সামরিক অভিযান চালাচ্ছে।

গত ৩১ জুলাই টাইম ম্যাগাজিনের এক প্রতিবেদনে বলা হয়, গাজার বর্তমান পরিস্থিতি বোঝাতে মার্কিন পার্লামেন্ট কংগ্রেসে প্রথম রিপাবলিকান হিসেবে মারজোরি টেইলর গ্রিনি ‘গণহত্যা’ শব্দটি ব্যবহার করেন। তিনি উগ্র ডানপন্থি ও ট্রাম্পের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। রিপাবলিকানদের মধ্যে তিনিই একমাত্র নন। তার মতো আরও অনেক রিপাবলিকান নেতা প্রকাশ্যে ইসরায়েলের সমালোচনা করছেন। অবশেষে, ট্রাম্পকেও গাজায় খাবারের চরম ঘাটতির কথা স্বীকার করতে হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, ডেমোক্র্যাটদের পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের ক্রমাগত চাপে রিপাবলিকান পার্টির ভেতর ইসরায়েল নিয়ে ভিন্ন মত তৈরি হচ্ছে। তারা গাজায় খাদ্যাভাব দূর করতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছেন।

অনেকের মতে, মার্কিন মুল্লুকে ফিলিস্তিনিদের প্রতি সহানুভূতি বাড়লে দিন শেষে তা ইসরায়েলের জন্য দুঃসংবাদ হয়ে দাঁড়াতে পারে। যদি, জনমতে পরিবর্তনের সুর মার্কিন পররাষ্ট্রনীতিতে কোনো প্রভাব ফেলে তাহলে বিপদে পড়তে পারে তেল আবিব। কেননা, বিশ্বের অন্যান্য দেশের তুলনায় যুক্তরাষ্ট্র থেকে ইসরায়েল সবচেয়ে বেশি সামরিক সহায়তা পেয়ে থাকে।

শাকসু নিয়ে প্রশাসনের কালক্ষেপণ, ২৭ বছরের অপেক্ষার অবসান কবে?

0

মাঈন উদ্দিন, শাবি:

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা দীর্ঘ ২৭ বছর পর শাহজালাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন পুনরায় চালুর দাবি জানিয়েছেন। শিক্ষার্থীদের দাবি এ নিয়ে কালক্ষেপণ করছে প্রশাসন। অনেকে হতাশা প্রকাশ করে বলছেন ২৭ বছরের অপেক্ষার অবসান কি ঘটবে?

গত বছরের জুলাই-আগস্ট মাসে গণঅভ্যুত্থানের অন্যতম দাবি ছিল বিশ্ববিদ্যালয়গুলো থেকে লেজুরভিত্তিক ছাত্ররাজনীতি সরিয়ে দিয়ে ছাত্র সংসদ চালু করা। এরই ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়েও ছাত্র সংসদ নির্বাচনের দাবি জোরালো হয়। শাবিপ্রবির শিক্ষার্থীরাও দীর্ঘ ২৭ বছর স্থগিত থাকা শাকসু নির্বাচন পুনরায় চালুর জোর দাবি তুলেছেন।

বিশ্ববিদ্যালয় সূত্র জানা যায় , শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচনের প্রক্রিয়া শুরু করলেও তা কচ্ছপের গতিতে এগোচ্ছে। গত ১৩ জুলাই শাকসুর গঠনতন্ত্র পুনঃপ্রণয়নের জন্য ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. এছাক মিয়াকে আহ্বায়ক করে সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটি শিক্ষার্থীদের কাছ থেকে মতামত নিতে গণবিজ্ঞপ্তি দেয়। শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠন তাদের মতামত জমা দিলেও এখনো খসড়া চূড়ান্ত হয়নি।

এছাড়া ১১ আগস্ট বিকেল ৩টায় শাকসু নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনার জন্য সর্বদলীয় সমাবেশ ডেকেছিল প্রশাসন। কিন্তু আগের দিন তা অনিবার্য কারণে স্থগিত করা হয়।

শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, শাকসু নির্বাচন হলে প্রশাসন তাদের একচ্ছত্র আধিপত্য হারাবে। এই আশঙ্কায় নানা কৌশলে নির্বাচন না দেওয়ার চেষ্টা করছে তারা। অনেকের মতে, শাকসু নির্বাচন নিয়ে প্রশাসনের সদিচ্ছার অভাব রয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর এখন পর্যন্ত মাত্র ৬ বার শাকসু নির্বাচন হয়েছে। সর্বশেষ ১৯৯৭ সালে অনুষ্ঠিত হওয়ার পর গত ২৭ বছরে শাকসু আলোর মুখ দেখে নি।

অন্যদিকে শাকসু নিয়ে ক্যাম্পাসে ছাত্র সংগঠনগুলোর কোন দৃশ্যমান কার্যক্রমও পরিলক্ষিত হয় না।

তবে বিভিন্ন সংগঠন নিজেদের অবস্থান স্পষ্ট করেছে।
শাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি রাহাত জামান বলেন,
“শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদল মনে করে, একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন হওয়া উচিত মুক্ত, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক প্রক্রিয়ার মাধ্যমে, যেখানে সকল ছাত্রসংগঠনের সমান সুযোগ নিশ্চিত থাকবে। কিন্তু মুক্ত গণতান্ত্রিক চর্চার দ্বার ও শিক্ষার্থীদের রাজনৈতিক অধিকারকে রুদ্ধ করে বর্তমান শাকসু নির্বাচনের গঠনতন্ত্র তৈরির যে প্রক্রিয়া গঠন করা হয়েছে, তা প্রকৃতপক্ষে গণতন্ত্রের চর্চাকে উপেক্ষা করেছে এবং শিক্ষার্থীদের রাজনৈতিক অধিকারকে সীমিত করেছে। বিশেষ সংগঠনকে সর্বক্ষেত্রে প্রাধান্য দিয়ে একতরফাভাবে এই গঠনতন্ত্র প্রণয়ন, প্রকৃত অর্থে গণতান্ত্রিক সংস্কৃতির পরিপন্থী। শাবিপ্রবি ছাত্রদল স্পষ্টভাবে জানাচ্ছে, তারা এমন কোনো প্রক্রিয়ার অংশীদার হবে না, যেখানে শিক্ষার্থীদের কণ্ঠস্বরকে উপেক্ষা করা হয় এবং ক্যাম্পাসে বহুমুখী রাজনৈতিক অংশগ্রহণের পরিবেশ নষ্ট করা হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি সত্যিকার অর্থে গণতান্ত্রিক চর্চা নিশ্চিত করতে চায়, তবে তাদের উচিত হবে সকল ধরনের মুক্ত রাজনৈতিক চর্চা ও রাজনৈতিক সংগঠনের রাজনৈতিক অধিকারকে নিশ্চিত করে ন্যায়সঙ্গত, স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক একটি গঠনতন্ত্র প্রণয়ন করা, যাতে শিক্ষার্থীরা প্রকৃত অর্থে নিজেদের প্রতিনিধি নির্বাচন করতে পারে।”

শাবিপ্রবি ছাত্রশিবিরের সেক্রেটারি মাসুদ রানা তুহিন বলেন, “৫ আগস্টের পর থেকেই আমরা ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানিয়ে আসছি। প্রশাসন শুধু কালক্ষেপণ করছে। ছাত্র সংসদ শিক্ষার্থীদের অধিকার ও দাবি। এখানে কোনো ছাত্র সংগঠন যদি শাকসু নিয়ে কালক্ষেপণের জন্য চাপ সৃষ্টি করে, সেটা প্রশাসনের বড় ব্যর্থতা। বিশ্ববিদ্যালয় প্রশাসন শাকসুর গঠনতন্ত্র পুনঃপ্রণয়নের জন্য প্রস্তাবনার নোটিশ দিয়েছিল। আমরা যথাসময়ে প্রস্তাবনা দিয়েছি। আমরা চাই অতি দ্রুত শাকসুর নির্বাচনী তফসিল ঘোষণা হোক।”

ইসলামী আন্দোলনের শাবিপ্রবি শাখার সাধারণ সম্পাদক আজাদ শিকদার বলেন, “শাকসু নিয়ে কোনো টালবাহানা মেনে নেওয়া হবে না। শাকসুকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করতে হবে—যাতে প্রতিবছর নির্দিষ্ট সময়েই নির্বাচন নিশ্চিত হয়। বর্তমানে শাকসু দেওয়ার ক্ষেত্রে প্রশাসনের ধীরগতি লক্ষ্য করা যাচ্ছে। আমরা আগামী ১০ দিনের মধ্যে শাকসু বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি দেখতে চাই। একইসঙ্গে, ক্যাম্পাসে ছাত্র রাজনীতিকে গঠনমূলক করার লক্ষ্যে এবং শিক্ষার পরিবেশ ঠিক রাখতে আমরা প্রশাসনের কাছে কিছু সংস্কার প্রস্তাব দিয়েছি। প্রস্তাবনাগুলো সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাস্তবায়ন করা উচিত।”

ছাত্র মজলিসের সাধারণ সম্পাদক জুনায়েদ আহমেদ বলেন, “শাহজালাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) হলো আমাদের সকল শিক্ষার্থীর অভিন্ন প্ল্যাটফর্ম এবং ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তোলার একটি কারখানা। ইতোমধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্বাচনী আমেজ সৃষ্টি হয়েছে এবং নির্বাচনের তারিখও ঘোষণা করা হয়েছে। অথচ আমাদের বিশ্ববিদ্যালয়ে এ বিষয়ে এখনো উল্লেখযোগ্য কোনো অগ্রগতি নেই। আমরা মনে করি, এ বিলম্ব শিক্ষার্থীদের জন্য হতাশাজনক এবং অযৌক্তিক। সুতরাং, আমরা দাবি জানাচ্ছি—আগামী দুই মাসের মধ্যে শাকসু নির্বাচনসহ সকল প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করা হোক।”

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও ইংরেজি বিভাগের শিক্ষার্থী দেলোয়ার হোসেন শিশির বলেন, “প্রশাসন শাকসু নির্বাচনের ব্যাপারে তালবাহানা করছে। গঠনতন্ত্র পুনঃপ্রণয়নের জন্য যে কমিটি করা হয়েছে, সেই কমিটি সক্রিয়ভাবে কাজ করছে না। প্রশাসন যদি সদিচ্ছা নিয়ে কাজ করতো তাহলে এতদিনে শাকসু নির্বাচন আয়োজন করা যেত।”

এ বিষয়ে ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক এবং গঠনতন্ত্র পুনঃপ্রণয়ন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. এছাক মিয়া সাংবাদিকদের বলেন, “আমরা শিক্ষার্থী ও বিভিন্ন ছাত্র সংগঠন থেকে মতামত নিয়েছি। আগামী সপ্তাহে তাদের সঙ্গে আবার বসে আলাপ করব। আশা করছি, আগামী সপ্তাহের মধ্যে ছাত্র সংসদের গঠনতন্ত্র পুনঃপ্রণয়নের রিপোর্ট জমা দিতে পারব।”

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম বলেন, “আমি ব্যক্তিগতভাবে শাকসুর বিষয়ে ইতিবাচক। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলাম, সেখানে জাকসু পেয়েছি। তাই বিষয়টি সম্পর্কে অবগত আছি। ছাত্র সংসদ চালু হলে শিক্ষার্থীরাও দায়িত্বশীল হয়, প্রশাসনের চাপও কমে। তবে দেশের বৃহত্তম ছাত্র সংগঠন ছাড়া শাকসু কীভাবে হবে? তাদের তো দলীয় পরিচয় ছাড়া অন্য কোনো পরিচয় নেই। এজন্য দলীয় ব্যানারে ছাত্ররাজনীতি চালু নিয়ে সর্বদলীয় সমাবেশের আহ্বান জানানো হয়েছে। সেখানে যে সিদ্ধান্ত হবে, সেই অনুযায়ী পরবর্তীতে শাকসুর বিষয়ে অগ্রসর হবো।”

শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন— “শাকসু গঠনতন্ত্র পুনঃপ্রণয়নের জন্য কমিটি গঠন করা হয়েছে। তারা কাজ করছে। গঠনতন্ত্রের চূড়ান্ত খসড়া জমা দিলেই আমরা সিন্ডিকেটে উত্থাপন করে চূড়ান্ত করব। আমরা দ্রুত শাকসু আয়োজন করতে চাই। তবে প্রশাসন ছাত্র সংগঠনগুলোর কাছ থেকে পর্যাপ্ত সহযোগিতা পাচ্ছে না। দ্রুত শাকসু আয়োজনে সবার সহযোগিতা প্রয়োজন।

উগ্রবাদ মাথাচাড়া দিয়ে উঠছে, এটা হলে দেশের অস্তিত্ব থাকবে না: মির্জা ফখরুল

0

আধুনিক ডেস্ক ::

বাংলাদেশে নতুন করে উগ্রবাদ মাথাচাড়া দিয়ে উঠছে, যা রুখে দেওয়া না গেলে বাংলাদেশের অস্তিত্ব বিপন্ন হবে বলে সতর্ক করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘আজকে একটা নতুন করে কথা উঠছে, ষড়যন্ত্র চলছে। বাংলাদেশে একধরনের উগ্রবাদ মাথাচাড়া দিয়ে উঠছে। এই উগ্রবাদকে মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না। তাহলে বাংলাদেশের যে অস্তিত্ব আছে, সেই অস্তিত্ব রক্ষা পাবে না। জন্মাষ্টমী উপলক্ষে বৃহস্পতিবার ২১ আগস্ট সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভায় সভাপতির বক্তব্য এ কথা বলেন মির্জা ফখরুল। লন্ডন থেকে ভার্চ্যুয়ালি এই অনুষ্ঠানে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘১৯৭১ সাল আমাদের একটা স্বাধীন দেশ দিয়েছিল, ভূখণ্ড দিয়েছিল। আমাদের একটা স্বাধীন সত্তা দিয়েছিল এবং সেই জন্য আজকে আমার অস্তিত্ব আছে, আমি টিকে আছি। ২৪ এর জুলাই–আগস্টের শহীদেরা আমাদের একটা নতুন গণতন্ত্রের স্বপ্ন দেখার সুযোগ করে দিয়েছে। এই দুটো জিনিস কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আজকে একটা প্রচেষ্টা আছে ’৭১–কে ভুলিয়ে দেওয়ার। এটার বিরুদ্ধে কিন্তু আমাদের সমস্ত বাংলাদেশের নাগরিককে তাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে।’

সাম্প্রদায়িকতাকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহারের বিষয়ে সতর্ক করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বাংলাদেশে সাম্প্রদায়িকতাকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছে। আমাদেরকে সেই রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিষ্টান—সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সত্য, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধের ভিত্তিতে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে।’

বিএনপির মহাসচিব বলেন, ‘এই দেশটা আমার, আপনার, আমাদের সবার। সংকটের সময় আমরা সব সময় বলেছি, মানুষকে মানুষ হিসেবেই বাঁচাতে হবে। তাই জাতিগত, ধর্মীয় বা রাজনৈতিক ভেদাভেদ ভুলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তারেক রহমানের নেতৃত্বে সেই ঐক্যের ডাক বাস্তবায়ন করলেই স্বাধীনতা রক্ষার সংগ্রাম সফল হবে।’

গত ১৫ বছরে আওয়ামী লীগ সরকার জনগণকে বন্ধু হিসেবে না দেখে প্রজা হিসেবে দেখেছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, জনগণের ওপর নির্যাতন করেছে, রাষ্ট্রের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করেছে। তিনি বলেন, প্রায় ৮৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, দেশ চালানোর মতো অর্থনীতিই বা কীভাবে থাকবে?

উদ্ভাবনে অনন্য উচ্চতায়, সবুজে ঘেরা  শাবিপ্রবি

0

মাঈন উদ্দিন, শাবি:

উদ্ভাবন, গবেষণা, একাডেমিক সাফল্য ও এক প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর সিলেটের শাহজালাল বিজ্ঞানও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)। চলতিবছরের বিশ্ববিদ্যালয়টি ৩৫ বছরে পদার্পণ করেছে।

একাডেমিক অগ্রযাত্রা

দেশের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি উচ্চ শিক্ষায়তন শাবিপ্রবি। দেশের উত্তর-পূর্বাঞ্চলের শ্রেষ্ঠ এই বিদ্যাপীঠ স্বগৌরবে দ্যুতি ছড়াচ্ছে। ১৯৮৬ প্রতিষ্ঠিত হলেও শাবিপ্রবিতে একাডেমিক কার্যক্রম শুরু হয় ১৯৯১ সালের ১৩ ফেব্রুয়ারি থেকে। শুরুতে তিনটি বিভাগ নিয়ে যাত্রা শুরু হলেও বর্তমানে সাতটি অনুষদে অধীনে ২৮টি বিভাগ রয়েছে। প্রথমদিকে অর্থনীতি, রসায়ন ও পদার্থবিজ্ঞান বিভাগ নিয়ে যাত্রা শুরু হয়েছিল এই বিদ্যাপীঠের। পরবর্তীতে বিজ্ঞানের আধুনিক বিষয়াদি ও সামাজিক বিজ্ঞান অনুষদ খোলা হয়। বর্তমানে আরও ১৩টি বিভাগ খোলার জন্য আলোচনা চলছে।

উদ্ভাবনে যেন সেরাদের সেরা

নিত্যনতুন উদ্ভাবনী প্রযুক্তি তৈরি করে আলোড়ন সৃষ্টি করছে শাবিপ্রবির শিক্ষক-শিক্ষার্থীরা। উদ্ভাবনে তাদের অর্জনের ঝুলিতে যেন কমতি নেই। ২০০৯ সালে শাবিপ্রবিতেই প্রথমবারের মত দেশে এসএমএস-ভিত্তিক ভর্তি ব্যবস্থা চালু হয়। এজন্য আন্তর্জাতিক ও সরকাররের স্বীকৃতি মেলে এ বিশ্ববিদ্যালয়ে। পরে পুরো দেশে এসএমএসভিত্তিক ভর্তিপদ্ধতি বাস্তবায়ন করে সরকার।

শিক্ষার্থীদের তৈরি প্রথম বাংলা সার্চ ইঞ্জিন ‘পিপীলিকা’ রয়েছে তালিকায়। বানান সংশোধন, অভিধান, খবরসহ প্রভৃতি কাজ করা যেত এর মাধ্যমে। এতেই থেমে না গিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে শিক্ষার্থী তৈরি করলেন ‘একুশে’ কিবোর্ড। শব্দানুমান এ যেন ছিল অনন্য প্রতিকৃত।

উদ্ভাবনের শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকেরাও ছিলেন সহযোগী। মাত্র ১০-২০ মিনিটে ক্যান্সার শনাক্ত করা এমন প্রযুক্তি তৈরি করেন একদল শিক্ষক। শিক্ষার্থীদের তৈরি আরও কয়েকটি সাড়া জাগানো উদ্ভাবনের মধ্যে রয়েছে- স্বয়ংক্রিয় গাড়ি ‘অটোমামা’, কথা বলা রোবট ‘রিবো’ ও হাঁটতে পারে রোবট ‘লি’, দৃষ্টপ্রতিবন্ধীদের জন্য স্বল্পমূল্যের ই-ব্রেইল প্রযুক্তি প্রভৃতি।

এছাড়া আইডিয়া উদ্ভাবনের সুনাম কুড়াচ্ছেন শিক্ষার্থীরা। অনন্য সব আইডিয়া দিয়ে পুরস্কার পাচ্ছেন এ বিদ্যাপীঠের শিক্ষার্থীরা। কারও কারও আইডিয়া এখন বাজারেও জায়গা করে নিয়েছে। এর মধ্যে প্রীতিলতা অন্যতম।

গবেষণা ও আন্তর্জাতিক স্বীকৃতি

উদ্ভাবনের ও গবেষণায় পাশাপাশি বিভিন্ন দেশীয় ও আন্তর্জাতিক প্রোগ্রামিং প্রতিযোগিতায়ও শিক্ষার্থীদের ধারাবাহিক সফলতা রয়েছে। ২০১৯ সালে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা আয়োজিত মহাকাশ অ্যাপস চ্যালেঞ্জ-এ শাবিপ্রবির ‘টিম অলিক’ বিশ্বসেরা চারটি দলের একটি হিসেবে নির্বাচিত হয়, যা বাংলাদেশের জন্য এক গৌরবজনক অর্জন এনে দেয়।

এছাড়া ২০২০ সালে আয়োজিত জাতীয় প্রোগ্রামিং প্রতিযোগিতাতে শাবিপ্রবির শিক্ষার্থীদের দল ‘ডিফাইন কোডার্স’ চ্যাম্পিয়ন ও ২০২৩ সালে যুব গণিত চ্যালেঞ্জ প্রতিযোগিতায় শিক্ষার্থীরা স্বর্ণপদক লাভ করে। শুধু তাই নয়, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইসিপিসি এশিয়া-পশ্চিম আঞ্চলিক প্রতিযোগিতায় শাবিপ্রবির ‘ফ্যানাটিকস’ দল চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব দেখিয়েছে।

পাশাপাশি শিক্ষার্থীরা নিয়মিত বিজ্ঞান, জীববিজ্ঞান, গণিত ও জ্যোতির্বিজ্ঞান অলিম্পিয়াড-এ অংশগ্রহণ করে থাকে। দেশ ও আন্তর্জাতিক পরিমণ্ডলে এসব অলিম্পিয়াডে তাঁরা উল্লেখযোগ্য সংখ্যক পুরস্কার অর্জন করেছে।

এছাড়া শাবিপ্রবির শিক্ষার্থী যুক্তরাষ্ট্র, কানাডা, জার্মানি, জাপান, চীন, দক্ষিণ কোরিয়াসহ বহু দেশে শিক্ষক ও গবেষক হিসেবে যুক্ত রয়েছেন। এটি প্রমাণ করে যে, শাবিপ্রবি আন্তর্জাতিক মানে পৌঁছেছে।

বৈজ্ঞানিক অগ্রগতি

ইলেকট্রোকেমিস্ট্রি এন্ড ক্যাটালাইসিস রিসার্চ ল্যাবরেটরি (ইসিআরএল) থেকে ১০ বছরে শুধু শিক্ষার্থীদেরই ১২৫টিরও বেশি গবেষণা প্রকাশিত হয়েছে। এরকম প্রতিটি বিভাগেই শিক্ষকদের সহযোগিতায় শিক্ষার্থীরা গবেষণায় যুক্ত হয়ে সাফল্য অর্জন করছেন। শিক্ষকেরাও এক্ষেত্রে শিক্ষার্থীদের গবেষণায় সুযোগ তৈরি করে দিচ্ছেন।

এর প্রেক্ষিতে গত বছরে ২০২৪ সালে সিমাগো র‌্যাঙ্কিংয়ে গবেষণায় ১০ম এবং সামাজিক প্রভাবে ৪র্থ স্থানে উঠে আসে শাবিপ্রবি। এছাড়া কিউএস র‌্যাংকিংয়ে দেশে শীর্ষ অবস্থানে রয়েছে।

আন্তাজার্তিক বিজ্ঞানভিত্তিক পরিমাপক সায়েন্টিফিক ইনডেক্স অনুসারে শিক্ষকদের আন্তর্জাতিক অব¯’ান আরও উন্নত হয়েছে। তাদের এই সাফল্য গবেষণার জোরালো ভিত্তি তৈরি করছে।

এছাড়া প্রতিবছরই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের তিন শতাধিক গবেষণাপত্র বিশ্বের বিখ্যাত জার্নালে প্রকাশিত হয়ে আসছে।

সবুজে ঘেরা টিলাবেষ্টিত ক্যাম্পাস

শুধু উদ্ভাবন ও গবেষণায় যুক্তই থাকে না এখানকার শিক্ষার্থীরা। সবুজের ঘেরা এই ক্যাম্পাসে শিক্ষার্থীরা আড্ডায় মেতে উঠেন প্রতিমুহূর্তে । ৩২০ একরের এই ক্যাম্পাসে প্রায় ১২০ এলাকাজুড়ে রয়েছে ছোট টিলা। যা ক্যাম্পাসের সৌন্দর্যকে অনেকগুন বাড়িয়ে তুলেছে। চারপাশে বনজ গাছ, লতা-পাতায় ক্যাম্পাস আচ্ছাদিত রয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সিলেট-সুনামগঞ্জ সড়কের সাথে অবস্থিত । সেখান থেকে গোলচত্ত্বর পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তাকে বলা হয় ‘কিলো রোড’। এই রাস্তাটির দুই পাশে রয়েছে দৃষ্টিনন্দন লেক। বর্ষার শুরুতে রাস্তার পাশে থাকা জারুল গাছে বেগুনি ফুল ফুটে। এই দৃশ্য এক অনন্য প্রাকৃতিক আবহ তৈরি করে। শত সোপানবিশিষ্ট শহীদ মিনার শাবিপ্রবির আরেকটি আকর্ষণ। এটি দেশের সবচেয়ে উঁচু স্থানে নির্মিত হওয়া একমাত্র শহীদ মিনার। এই অনন্য বৈশিষ্ট্যের জন্য পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু এটি। নতুন করে যুক্ত হয়েছে শহীদ রুদ্র সেন লেক। যা ক্যাম্পাসের সৌন্দর্য দ্বীগুন করেছে। পর্যটকদের জন্য এই ক্যাম্পাস অন্যতম পছন্দের জায়গা।

এসব জায়গায় শিক্ষার্থীরা চড়ুইবাতি, সাংস্কৃতিক সন্ধ্যা কিংবা বার্বিকিউ পার্টি করে থাকেন। সবুজ দিয়ে বেষ্টিত থাকায় তাপমাত্রাও তুলনামূরক কম থাকে। এতে শিক্ষার্থীদের মানসিক গঠন ও পড়াশোনায় মনোযোগী হতে বিশেষ ভূমিকা রাখে।

উপাচার্যের বক্তব্য

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ার উদ্দিন চৌধুরী দৈনিক আমার দেশকে বলেন, দায়িত্ব গ্রহণের পর বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে একসাথে প্রায় বিশটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যার কাজ ইতোমধ্যে দৃশ্যমান এবং দুই বছরের মধ্যে সম্পন্ন হবে। এতে শিক্ষার্থীদের পড়ালেখা, গবেষণা, ল্যাব ও শ্রেণিকক্ষের কোনো সংকট থাকবে না। বিশ্ববিদ্যালয়কে সেন্টার অব এক্সেলেন্স হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নেওয়া হয়েছে এবং নতুন করে ১৩টি বিভাগ চালুর অনুমোদনের আবেদন করা হয়েছে। বিজ্ঞানের অগ্রগতিতে ভূমিকা রাখতে গবেষণায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে; এ বছর পিএইচডি শিক্ষার্থীদের বৃত্তি ছয় হাজার থেকে বাড়িয়ে ত্রিশ হাজার করা হয়েছে এবং গবেষণার জন্য বিভিন্ন তহবিল গঠন করা হয়েছে। পূর্বের উপাচার্য কর্তৃক আটকে রাখা প্রায় ৩০০ শিক্ষার্থীর বৃত্তি পুনরায় প্রদান করা হচ্ছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিক সিস্টেম মেরামত, উন্নত ইন্টারনেট সুবিধার জন্য অপটিক্যাল ফাইবার স্থাপনসহ সর্বোপরি শাবিপ্রবিকে একটি আধুনিক ইলেকট্রনিক হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।

পাথর লুট নিয়ে দুদকের প্রতিবেদন : জামায়াত বলছে ‘ভিত্তিহীন’, এনসিপি বলছে ‘উদ্দেশ্যমূলক’

0

আধুনিক ডেস্ক ::

সিলেটের সাদাপাথর লুটে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন জামায়াত ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ পর্যায়ের চার নেতা। তারা বৃহস্পতিবার (২১ আগস্ট) জরুরি সংবাদ সম্মেলন করে বিষয়টিকে ‘বিভ্রান্তিকর ও মানহানিকর’ দাবি করে তাঁদের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চলছে বলে উল্টো অভিযোগ করেন। এর আগে ১৩ আগস্ট সাদাপাথর লুটের ঘটনাস্থলে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাঁচ সদস্যের একটি এনফোর্সমেন্ট দল। তারা ফিরে ঢাকায় কমিশনে একটি প্রতিবেদন পাঠায়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, সাদাপাথর লুটপাটে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ৪২ জন রাজনীতিবিদ ও প্রভাবশালী ব্যক্তির সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। তালিকায় বিএনপি, জামায়াত, এনসিপি ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা আছেন। এর মধ্যে জামায়াত ও এনসিপির দুজন করে চারজন নেতা আছেন।

বৃহস্পতিবার দুপুরে নগরের বন্দরবাজার এলাকায় জামায়াতের মহানগর কার্যালয়ে জেলা ও মহানগর জামায়াতের উদ্যোগে এক সংবাদ সম্মেলন হয়। এতে বলা হয়, পাথর লুটের ঘটনায় প্রকৃত অপরাধীদের আড়াল করতে জামায়াত নেতাদের নিয়ে অপপ্রচার চলছে। পাথর লুট দূরে থাক, কোনো অন্যায় ও অপকর্মের সঙ্গে জামায়াতের দূরতম কোনো সম্পর্ক নেই।

দুদকের লুটেরার তালিকায় থাকা ৪২ জনের মধ্যে মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম ও জেলা জামায়াতের সেক্রেটারি জয়নাল আবেদীনের নাম রয়েছে। এ বিষয়ে সংবাদ সম্মেলনে জামায়াত নেতারা দাবি করেছেন, পাথর লুটে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই। ষড়যন্ত্রমূলকভাবে তাঁদের নাম প্রচার করা হচ্ছে। এ ছাড়া দুদক আদৌ এ ধরনের কোনো প্রতিবেদন দিয়েছে কি না, এ ব্যাপারে তাঁরা এখনো নিশ্চিত নন।

মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম তাঁর ও জেলার সেক্রেটারির নাম লুটের ঘটনার সঙ্গে জড়ানোর বিষয়টিকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা’ বলে দাবি করেন। তিনি সংবাদ সম্মেলনে বলেন, সরকারি ব্যবস্থাপনায় ও বৈধ পন্থায় পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবিতে পরিবহনমালিক, শ্রমিক ও ব্যবসায়ীদের কর্মসূচিতে রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে জামায়াত নেতারাও বক্তব্য দেন। ওই কর্মসূচিতে রাজনৈতিক নেতাদের বক্তব্য নিয়ে বিভ্রান্তিমূলক রিপোর্ট প্রকাশ ও অপপ্রচার চালানো হচ্ছে। অথচ ওই বক্তব্যের সঙ্গে পাথর লুটের দূরতম কোনো সম্পর্ক নেই।

জামায়াতের সংবাদ সম্মেলনে সিলেট জেলা আমির মাওলানা হাবিবুর রহমান, সিলেট অঞ্চলের টিম সদস্য হাফিজ আবদুল হাই হারুন, মহানগরের নায়েবে আমির নূরুল ইসলাম বাবুল, জেলা সেক্রেটারি জয়নাল আবেদীন, মহানগরের সহকারী সেক্রেটারি জাহেদুর রহমান চৌধুরী, জেলা সহকারী সেক্রেটারি নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে দুদকের তালিকায় এনসিপির জেলার প্রধান সমন্বয়কারী নাজিম উদ্দিন ও মহানগরের প্রধান সমন্বয়কারী আবু সাদেক মোহাম্মদ খায়রুল ইসলাম চৌধুরীর নামও রয়েছে। এ নিয়ে বৃহস্পতিবার বেলা সাড়ে চারটায় সিলেট জেলা প্রেসক্লাবে এনসিপি এক সংবাদ সম্মেলন করে পাথর লুটে নিজেদের সংশ্লিষ্টতার বিষয়টি অস্বীকার করেন।

এনসিপি নেতা নাজিম উদ্দিন ও আবু সাদেক মোহাম্মদ খায়রুল ইসলাম চৌধুরী বলেন, সাদাপাথর লুটের মূল অপরাধীদের আড়াল করতে তাদের নাম যুক্ত করা হয়েছে। এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ। এ সময় তাঁরা সাদাপাথর ছাড়াও সিলেটের অন্যান্য পর্যটনকেন্দ্রের ক্ষতি ও লুটপাটে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

এনসিপির পক্ষ থেকে বলা হয়, সাদাপাথর লুটপাটের ঘটনায় এনসিপির কোনো নেতা-কর্মী জড়িত নন। অথচ কিছু গণমাধ্যমে জেলা ও মহানগরের দুজন শীর্ষ নেতার নাম উল্লেখ করা হয়েছে। এটা ভিত্তিহীন, উদ্দেশ্যমূলক ও দুঃখজনক।

সংবাদ সম্মেলনে এনসিপি নেতাদের মধ্যে জেলার যুগ্ম সমন্বয়ক আবু সাঈদ, সালমান খুর্শেদ, সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম, মুফতি মাওলানা ছালিম আহমদ, মহানগরের যুগ্ম সমন্বয়ক নুরুল হক, তারেক আহমদ, মোহাম্মদ আবদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে বুধবার (২০ আগস্ট) বিকেলে সাদাপাথর লুটে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে সংবাদ সম্মেলন করেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।