Home Blog Page 155

সিসিকে ২০ বছর কাটিয়ে ঢাকার পথে নূর আজিজ

0

আধুনিক রিপোর্ট ::

সিলেট সিটি কর্পোরেশনের প্রায় জন্মলগ্ন থেকেই সঙ্গী ছিলেন নূর আজিজুর রহমান। সিসিকে বিশ বছর কাটিয়ে এবার ঢাকায় বদলি হলেন তিনি। ২০০৩ সালে সিলেট সিটি কর্পোরেশনে নির্বাহী প্রকৌশলী হিসেবে যোগ দিয়েছিলেন, এরপর তত্ত্বাবধায়ক প্রকৌশলী, ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলীর দায়িত্ব পালন শেষে প্রধান প্রকৌশলীর দায়িত্ব পান ২০১৭ সালে। এবার দায়িত্ব পেয়েছেন ঢাকা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে। বুধবার (১২ আগস্ট) এক প্রজ্ঞাপনে তাকে প্রেষণে ঢাকায় বদলি করার এ আদেশ জারি করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ।

২০০৩ সালের জুনে সিলেট সিটি কর্পোরেশনে নির্বাহী প্রকৌশলী হিসেবে নিয়োগ পান লক্ষ্মীপুরের বাসিন্দা নুর আজিজুর রহমান। ২০১৪ সালে তত্ত্বাবধায়ক প্রকৌশলী পদে উন্নীত হন। ২০১৭ সালে দায়িত্ব পান প্রধান প্রকৌশলীর। এর আগে ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী হিসেবেও দায়িত্ব পালন করেন। মাঝে বছর দেড়েক সিলেট থেকে বদলি হয়ে বরিশালে দায়িত্বে ছিলেন নূর আজিজুর রহমান। দায়িত্বকালীন সময়ে সিলেট নগরীর সড়ক অবকাঠামো উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, ড্রেনেজ ব্যবস্থার সংস্কারসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের তত্ত্বাবধান করেছেন তিনি। তাকে নিয়ে অনেক বিতর্ক আছে। তাই নূর আজিজের বদলির খবরে নগরজুড়ে বেশ আলোচনার সৃষ্টি রয়েছে।

সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান আধুনিক কাগজকে বলেন, জনপ্রতিনিধিরা নির্বাচিত হয়ে আসেন, জনগণের প্রতি তাদের দায়বোধ থাকে। এলাকার উন্নয়নে তাদের প্রতিশ্রুতি থাকে। আমরা যারা চাকরি করি তারা আমাদের দায়িত্ব পালন করে যাই। কিন্তু সিলেটের ক্ষেত্রে আমি দায়িত্বের উর্ধ্বে উঠে কাজ করার চেষ্টা করেছি। পথ খুঁজেছি, কী করে সিলেট নগরীর জন্য বাড়তি উন্নয়ন কাজ বাগিয়ে আনা যায়। আমি ১০টা-৫টা চাকরির মধ্যে নিজেকে আটকে রাখিনি। সিলেটকে আপন ভেবে ছুটির দিনেও কাজ করেছি। দীর্ঘদিন সিলেটে থাকায় সিলেটকে নিজের এলাকাই মনে করেন নূর আজিজুর রহমান। শুধু তারই নয় স্ত্রী-সন্তান সকলেরই সিলেটের প্রতি মায়া পড়ে গেছে বলে জানালেন নূর আজিজ। তিনি বলেন, সিলেট ছেড়ে যেতে মন চাইছে না। জানালেন, চাকরির মেয়াদ আছে আর মোটে তিন বছর। বললেন, যেহেতু প্রেষণে যাচ্ছি, মহান আল্লাহতাআলা চাইলে আবার হয়তো সিলেটে ফিরে আসব। তার চাওয়া সিলেট থেকেই যেনো অবসরে যেতে চান।

আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫০ বছর

0

আধুনিক ডেস্ক ::

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ ১৫ আগস্ট। ১৯৭৫ সালের এই দিনে একদল সেনাসদস্য তাকে নির্মমভাবে হত্যা করে। ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাসভবনে সংঘটিত ইতিহাসের ঘৃণ্য ও নৃশংসতম সেই হত্যাকাণ্ডের ৫০ বছর আজ।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাড়াও ১৯৭৫ সালের ১৫ আগস্ট রাতে তার সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেছা মুজিব, তিন ছেলে শেখ কামাল, শেখ জামাল ও শিশুপুত্র শেখ রাসেল, পুত্রবধূ সুলতানা কামাল ও রোজী জামাল, শেখ মুজিবুর রহমানের একমাত্র ভাই শেখ আবু নাসের, বঙ্গবন্ধুর ফোন পেয়ে তাঁর জীবন বাঁচাতে ছুটে আসা কর্নেল জামিল, এসবির কর্মকর্তা সিদ্দিকুর রহমান ও সেনাসদস্য সৈয়দ মাহবুবুল হককে হত্যা করা হয়।

১৫ আগস্টের সেই রাতে সেনাসদস্যদের আরেকটি দল শেখ মুজিবুর রহমানের ভাগনে যুবলীগের নেতা শেখ ফজলুল হক মনির বাসায় হামলা চালিয়ে তাকে, তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মনিকে হত্যা করে। এ ছাড়া বঙ্গবন্ধুর ভগ্নিপতি আবদুর রব সেরনিয়াবাতের বাসায় হামলা করে তাঁকে ও তাঁর কন্যা বেবি, পুত্র আরিফ সেরনিয়াবাত, নাতি সুকান্ত বাবু, সেরনিয়াবাতের বড় ভাইয়ের ছেলে সজীব সেরনিয়াবাত এবং এক আত্মীয় আবদুল নঈম খানকে হত্যা করা হয়। ওই সময় বঙ্গবন্ধুর দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থান করায় বেঁচে যান।

১৫ আগস্টের সেই হত্যাকাণ্ডের ২১ বছর পর শেখ হাসিনার নেতৃত্বে ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসে। এরপর হত্যাকারীদের বিচার শুরু হয়। একই সঙ্গে ১৫ আগস্টকে জাতীয় শোক দিবস এবং এই দিনে সরকারি ছুটি ঘোষণা করা হয়।

১৯৯৮ সালের ৮ নভেম্বর বঙ্গবন্ধু হত্যা মামলায় ১৫ জনের মৃত্যুদণ্ড দেন আদালত। পরে উচ্চ আদালত ১২ আসামির মৃত্যুদণ্ড বহাল রাখেন। এখন পর্যন্ত ছয় আসামির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। একজন বিদেশে মারা গেছেন। পাঁচজন এখনো পলাতক।

২০০৯ সালে শেখ হাসিনার নেতৃত্বে আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসে। এ দফায় টানা প্রায় সাড়ে ১৫ বছরের শাসনকালে আওয়ামী লীগ ১৫ আগস্ট এবং ২১ আগস্টের গ্রেনেড হামলাকে ঘিরে মাসব্যাপী কর্মসূচি পালন করত। ১৫ আগস্ট ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এবং গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তাঁর কবরে শ্রদ্ধা জানানোসহ নানা আয়োজন করা হতো।

গত বছর ছাত্র–জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের ১৫ বছরের ফ্যাসিবাদী শাসনের পতন হয়। পরিবর্তিত পরিস্থিতিতে শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে এখন আর সরকারি ছুটি নেই। গত বছর এই ছুটি বাতিল করা হয়। গত বছরের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের দিন ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাসভবনে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়। এর ছয় মাস পর দ্বিতীয়বার হামলা চালিয়ে বাড়িটি ভেঙে ফেলা হয়।

গত শতকের ষাটের দশকের শেষ দিকে দেশে সুপরিচিত অনেক রাজনীতিবিদ থাকলেও শেখ মুজিবুর রহমান তাঁর নেতৃত্বগুণে অন্যদের ছাপিয়ে চলে আসেন সামনের কাতারে। জাতীয়তাবাদী রাজনীতিকে আদর্শিক ভিত্তি করে দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে তিনি হয়ে ওঠেন বাংলাদেশের স্বাধীনতাসংগ্রামের অবিসংবাদিত নেতা।

১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জন্মগ্রহণ করেন শেখ মুজিবুর রহমান। ১৯৪৭ সালে ব্রিটিশ শাসন অবসানের পর পূর্ব পাকিস্তানে ছাত্রলীগ গঠনের মাধ্যমে রাজনৈতিক অঙ্গনে আলোচনায় আসেন তিনি। এরপর বাহান্নর ভাষা আন্দোলন, চুয়ান্নর যুক্তফ্রন্টের নির্বাচন ও ছেষট্টির ছয় দফা প্রণয়নে ভূমিকা রেখে এবং ১৯৬৮ সালে তথাকথিত আগরতলা ষড়যন্ত্র মামলার প্রধান আসামি হিসেবে শেখ মুজিব বাঙালি জাতির অবিসংবাদিত নেতা হয়ে ওঠেন। ১৯৭১ সালের ৭ মার্চ তৎকালীন রমনার রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) বঙ্গবন্ধুর ভাষণ যুদ্ধদিনে মুক্তিসেনাদের প্রেরণা হিসেবে কাজ করেছে। সেদিন সমবেত লাখো মানুষকে সামনে রেখে তিনি বলেছিলেন, ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’

হজ কার্যক্রমে মন্ত্রণালয়ের কেউ ঘুষ নিলে তাকে ফাঁসিতে ঝুলাব : ধর্ম উপদেষ্টা

0

আধুনিক ডেস্ক ::

হজ কার্যক্রমে মন্ত্রণালয় থেকে সরকারের কোনো কর্মকর্তা-কর্মচারী ঘুষ নিলে তাদের ফাঁসির কাষ্ঠে ঝুলানো হবে বলে সতর্ক করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেছেন, আমার মন্ত্রণালয়ে দুর্নীতি চলবে না। হজ কার্যক্রমে কেউ যদি দুর্নীতি বা ঘুষ নেন তাদের ফাঁসির কাষ্ঠে ঝুলানো হবে। এ বিষয়ে আপনারা (হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সদস্যরা) আমাকে সহযোগিতা করবেন।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় পর্যায়ে হজ ও ওমরাহ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) উদ্যোগে আয়োজিত মেলা আগামী ১৬ আগস্ট পর্যন্ত চলবে।

ধর্ম উপদেষ্টা বলেন, উড়োজাহাজের ভাড়া কমাতে আমরা কাজ শুরু করেছি। বিমানসহ হজে যুক্ত অন্য কোনো এয়ারলাইন্সের সঙ্গে আমরা যখনই কথা বলবো তখন হাবের প্রতিনিধিদের উপস্থিতি নিশ্চিত রাখবো, যেন তারা মতামত জানাতে পারেন।

তিনি বলেন, গত হজে কিছু এজেন্সি ঢাকা বিমানবন্দরের স্ক্যানার ফাঁকি দিয়ে যাত্রীদের কাছে জর্দা, তামাক সরবরাহ করেছে। এগুলো জেদ্দা বিমানবন্দরে গিয়ে ধরা পড়েছে। যাত্রীদের জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, এগুলো এজেন্সি তাদের সরবরাহ করেছে। আমাদের দেশে জর্দা খাওয়া অপরাধ না হলেও সৌদি আইনে তা মাদক হিসেবে গণ্য করা হয়। এতে আমরা লজ্জিত হই। একজন হাজির কেন জর্দা-তামাক নিতে হবে। এগুলো বাংলাদেশের মর্যাদা ক্ষুণ্ন করছে।

ধর্ম উপদেষ্টা আরও বলেন, গত হজে জেদ্দা বিমানবন্দর দিয়ে ঢাকা ফেরার পথে এক এজেন্সি মালিক হজযাত্রীকে দিয়ে দুই কেজি ৮০ গ্রাম স্বর্ণ পাচারের চেষ্টা করেছেন। পরে তা জেদ্দা বিমানবন্দরে ধরা পড়ে। এসব বিষয়ে হাবসহ সবাইকে সচেতন হতে হবে। দেশের সুনাম ক্ষুণ্ন করা যাবে না।

অনুষ্ঠানে হাব সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার ও মহাসচিব ফরিদ আহমেদ মজুমদারসহ কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

ঢাবির সাথে সম্পর্ক শেষ হলো সাত কলেজের

0

আধুনিক ডেস্ক ::

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে আনুষ্ঠানিকভাবে রাজধানীর সরকারি সাত কলেজ সম্পূর্ণ পৃথক হয়েছে। পৃথকীকরণের অংশ হিসেবে সকল প্রশাসনিক, একাডেমিক ও আর্থিক দায়-দায়িত্ব এবং ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু আবেদনকারী শিক্ষার্থীদের সকল তথ্য, ছবি ও ভর্তি পরীক্ষা বাবদ ফি প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। এর মাধ্যমে সরকারি সাত কলেজের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ‘সম্মানজনক’ পৃথকীকরণের প্রক্রিয়া চূড়ান্তভাবে সম্পন্ন হলো।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান উপাচার্যের সভাকক্ষে এক অনুষ্ঠানে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অন্তবর্তীকালীন প্রশাসক অধ্যাপক এ কে এম ইলিয়াসের কাছে এই দায়িত্ব হস্তান্তর করেন। দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালাম, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক মোস্তাফিজুর রহমানসহ সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষরা। উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান পৃথকীকরণ প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান এবং প্রস্তাবিত নতুন বিশ্ববিদ্যালয়ের সার্বিক সফলতা কামনা করেন।

২০১৭ সালের ১৭ ফেব্রুয়ারি রাজধানীর এই সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। নানা সময় পৃথকের দাবি উঠার পর চলতি বছরের ৭ জানুয়ারি জরুরি সভায় সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থেকে বাতিল করার সিদ্ধান্ত হয়।

পরে সাত কলেজের শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে সাত কলেজের সমন্বয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নামে নতুন বিশ্ববিদ্যালয় গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। পুরোপুরি বিশ্ববিদ্যালয় না হওয়া পর্যন্ত এটি অন্তর্বর্তীকালীন প্রশাসকের অধীনে চলবে। সাত কলেজের একজন অধ্যক্ষ এটির প্রশাসক থাকবেন। তবে ২০২৩-২৪ শিক্ষাবর্ষ পর্যন্ত যে সব শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি হয়েছেন, তাদের পড়াশোনা সম্পূর্ণ করার কাজটি ঢাকা বিশ্ববিদ্যালয় করবে।

সাদাপাথর লুটে জড়িতদের তালিকা দাখিলের নির্দেশ হাইকোর্টের

0

আধুনিক ডেস্ক ::

সিলেটের ভোলাগঞ্জের পাথর কোয়ারি থেকে সাদাপাথর উত্তোলন ও সরানোয় জড়িত ব্যক্তিদের তালিকা তৈরি করে ৬০ দিনের মধ্যে হলফনামা আকারে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সিলেটের জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ বিবাদীদের প্রতি এ নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে উত্তোলন করা ও সরানো সাদাপাথর সিভিল প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থার সহায়তায় দেশের বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করে ভোলাগঞ্জের ওই কোয়ারিস্থলে যত দ্রুত সম্ভব সম্ভাব্য সাত দিনের মধ্যে পুনঃস্থাপন করতে নির্দেশ দেওয়া হয়েছে।

এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার (১৪ আগস্ট) রুলসহ এ আদেশ দেন। পরবর্তী আদেশের জন্য আগামী বৃহস্পতিবার তারিখ রেখেছেন আদালত।

সাদাপাথরে লুটপাট নিয়ে বিভিন্ন দৈনিকে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে চার আইনজীবী বৃহস্পতিবার রিটটি করেন। সাড়ে ১২টার দিকে রিটের ওপর শুনানি শুরু হয়। শুনানি নিয়ে আদালত রুল ও অন্তর্বর্তী আদেশ দেন।

আদেশে হাইকোর্ট ভোলাগঞ্জ কোয়ারি থেকে সাদাপাথর উত্তোলন ও সরানোয় আর্থিক এবং প্রতিবেশ ও পরিবেশের ক্ষতি নিরূপণে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) একজন অধ্যাপককে নিয়ে বিশেষজ্ঞ কমিটি গঠন করে তিন মাসের মধ্যে আদালতে হলফনামা আকারে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন। পরিবেশসচিব ও খনিজ সম্পদ সচিবের প্রতি এ নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া ভোলাগঞ্জ পাথর কোয়ারি এলাকা থেকে সাদাপাথর যাতে কেউ উত্তোলন ও সরাতে না পারে, সে জন্য সার্বক্ষণিক (দিনে ও রাতে) তদারকির জন্য ৪৮ ঘণ্টার মধ্যে মনিটরিং টিম (তদারক দল) গঠন করে দুই সপ্তাহের মধ্যে আদালতে কমপ্লায়েন্স (অগ্রগতি প্রতিবেদন) রিপোর্ট দাখিল করতে স্থানীয় প্রশাসন ও বিবাদীদের বলা হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ; তাঁকে সহায়তা করেন আইনজীবী সঞ্জয় মণ্ডল। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মুহা. এরশাদুল বারী খন্দকার।

পরে জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ বলেন, ভোলাগঞ্জে সাদাপাথরে পাথর উত্তোলন ও অপসারণ নিয়ন্ত্রণে প্রশাসনের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং ওই সাদাপাথর এলাকা সংরক্ষণের জন্য কেন নির্দেশ দেওয়া হবে না রুলে তা জানতে চাওয়া হয়েছে। ওই এলাকাকে পরিবেশ আইনের ৫ ধারা অনুসারে ‘ইকোলজিক্যাল ক্রিটিক্যাল এরিয়া’ ঘোষণার কেন নির্দেশ দেওয়া হবে না এবং পরিবেশের ক্ষতির সমপরিমাণ অর্থ দায়ী ব্যক্তিদের কাছ থেকে আদায়ের কেন নির্দেশ দেওয়া হবে না, সে বিষয়েও রুলে জানতে চাওয়া হয়েছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব, পরিবেশসচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, সিলেটের জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে বলে জানান মনজিল মোরসেদ।

ভোর রাতে হাঁসের মাংস খেতে নীলা মার্কেটে যান উপদেষ্টা আসিফ মাহমুদ, বন্ধ থাকলে যান ওয়েস্টিনে

0

আধুনিক ডেস্ক ::

স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, মাঝে মাঝে রাতে তার কাজ শেষ হতে ভোর হয়ে যায়। সে সময় বাসায় খাওয়া-দাওয়া দেওয়ার মতো কেউ না থাকায় তিনি বেশির ভাগ সময় তিনশ ফুটের নীলা মার্কেটে যান হাঁসের মাংস খেতে। আর বেশি ভোর হয়ে গেলে নীলা মার্কেট বন্ধ হয়ে যায়, তখন তিনি যান গুলশানের হোটেল ওয়েস্টিনে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। গুলশানে সাবেক সংসদ সদস্যের বাসায় চাঁদাবাজির ঘটনায় গ্রেপ্তার গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত নেতা জানে আলম অপুর ভিডিও বার্তায় এ ঘটনায় নাম আসা নিয়ে প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

ভিডিওতে জানে আলম বলেছেন, যেদিন সাবেক সংসদ সদস্যের বাসা থেকে তাঁরা চাঁদার টাকা নিয়েছিলেন, সেদিন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে গুলশানের একটি জায়গায় তাঁর সাক্ষাৎ হয়েছিল। এ বিষয়ে প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেছেন, ওই দিন তিনি ওই এলাকায় গিয়েছিলেন কি না সে বিষয়টি তাঁর মনে নেই।

চাঁদাবাজির ওই ঘটনার সিসিটিভি ফুটেজে দেখতে পাওয়া হেলমেট পরা ব্যক্তি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া কি না এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘সিসিটিভি ফুটেজে হেলমেট পরা যে কাউকে যদি আমাকে বলে দাবি করা হয়, এটা কতটুকু আসলে বিশ্বাসযোগ্য।’

চাঁদাবাজির ওই ঘটনার সঙ্গে তার সংশ্লিষ্টতা নেই দাবি করে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘আমার মনে হয় না, এখনো কেউ এ রকম কোনো প্রমাণ দিতে পেরেছে আমার সম্পৃক্ততা আছে। বরং আরও যার সাক্ষাৎকার নেওয়া হয়েছে, এই সাক্ষাৎকারটা একজন রাজনৈতিক নেতার বাসায় একজনকে জোরপূর্বক নেওয়া হয়েছে বলে যে অভিযোগ এসেছে এটাও অত্যন্ত গুরুতর একটা অভিযোগ। এবং সেটা পরিবারের দিক থেকে এসেছে। যথেষ্ট রিলায়েবলও (বিশ্বাসযোগ্য) এখন পর্যন্ত মনে হচ্ছে। তো এর সাথে আমার সংশ্লিষ্টতার যে কথা বলা হচ্ছে, এটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।’

নির্বাচনের রোডম্যাপ আগামী সপ্তাহে, আশা ইসির

0

আধুনিক ডেস্ক ::

আগামী সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ (পথনকশা) ঘোষণা করতে পারবে বলে আশা করছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।

জাতীয় নির্বাচনের বেশ আগে একটি পথনকশা ঘোষণা করে থাকে নির্বাচন কমিশন। নির্বাচনের প্রস্তুতিগুলো কোনটি কবে নাগাদ শেষ করা হবে, মূলত সেটাই থাকে পথনকশায়। আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিতে ইতিমধ্যে ইসিকে অনুরোধ করেছে অন্তর্বর্তী সরকার।

ইসি সচিব সাংবাদিকদের বলেন, ‘আমরা এটা (রোডম্যাপ) নিয়ে আলোচনা করেছি এবং আমরা আশা করছি, আগামী সপ্তাহে আপনাদের আমাদের নির্বাচনের রোডম্যাপটা দিতে পারব।’

রোডম্যাপে কী থাকবে, এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, ‘রোডম্যাপে কী কী থাকবে, ওটা রোডম্যাপই বলে দেবে। অংশীজনদের সঙ্গে সংলাপ, আইনবিধি সংশোধনের সম্পর্কিত যাবতীয় তথ্য দেওয়া হবে। তবে এখন সুনির্দিষ্ট করে বলা সম্ভব হচ্ছে না।’

আগামী বছরের (২০২৬ সাল) ফেব্রুয়ারি মাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে চায় অন্তর্বর্তী সরকার। এ জন্য অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠানো হবে, যেন কমিশন আগামী রমজান মাস শুরুর আগে ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করে।৫ আগস্ট জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ ঘোষণা দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তির দিন ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবসে’ রাত ৮টা ২০ মিনিটে তিনি এই ভাষণ দেন।

সাদাপাথরে লুটের ঘটনায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

0

কোম্পানীগঞ্জ প্রতিনিধি ::

সিলেটের কোম্পানীগঞ্জে পর্যটনকেন্দ্র সাদাপাথরে পাথর লুটের ঘটনায় গ্রেপ্তার হলেন এক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান। গ্রেপ্তার আলমগীর আলম কোম্পানীগঞ্জ উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভোর সাড়ে পাঁচটার দিকে তাকে কোম্পানীগঞ্জ উপজেলার বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক এবং কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক।

পুলিশ জানায়, অবৈধভাবে বালু-পাথর উত্তোলনের অভিযোগে গত বছর দায়ের হওয়া এক মামলার তালিকাভুক্ত আসামি আলমগীর আলম। পাশাপাশি ওই মামলায় জব্দ করা যন্ত্রপাতি চুরির অভিযোগে দায়ের হওয়া আরেকটি মামলারও আসামি তিনি।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান প্রথম আলোকে বলেন, পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে ইউপি চেয়ারম্যান আলমগীর আলমকে গ্রেপ্তার করেছে। এ ছাড়া সম্প্রতি সাদাপাথর লুট হওয়ার ঘটনায় তিনি জড়িত কি না, সেটা পুলিশ খতিয়ে দেখছে।

জৈন্তাপুরে পুলিশের অভিযানে দুটি ভারতীয় স্কুটি আটক

0

জৈন্তাপুর প্রতিনিধি:

সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুরে চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে দুটি ভারতীয় স্কুটি আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তামাবিল মহাসড়কে জৈন্তাপুর মডেল থানার সামনে তাৎক্ষণিক চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকা দিয়ে শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে আনা স্কুটিগুলো গভীর রাতে জৈন্তাপুর হয়ে সিলেটের দিকে পাচার করা হচ্ছিল।

এ সময় গোপন তথ্য পেয়ে থানার ডিউটি অফিসার তাৎক্ষণিকভাবে মোবাইল টিমকে নিয়ে অভিযান পরিচালনা করেন। মাত্র এক মিনিটের মধ্যে মহাসড়কে চেকপোস্ট বসানো হয়। চেকপোস্টের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা স্কুটি ফেলে অন্ধকারের মধ্যে দ্রুত পালিয়ে যায়। পরে স্কুটি দুটি উদ্ধার করে থানায় জব্দ তালিকাভুক্ত করা হয়।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন,গোপন সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। চেকপোস্ট বসানোর পর দুটি ভারতীয় স্কুটি আটক করা হয়েছে। চোরাকারবারীরা পালিয়ে যাওয়ায় তাদের শনাক্তে তদন্ত চলছে। শনাক্ত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। চোরাচালান রোধে অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী তামাবিল এলাকা দিয়ে মোটরসাইকেল ও স্কুটি চোরাচালান হচ্ছে। বিশেষ করে রাতের আঁধারে কিছু অসাধু চক্র সড়কপথে এসব যানবাহন পাচার করে দেশের বিভিন্ন অঞ্চলে পাঠায়। তারা সীমান্তের পাহাড়ি ও দুর্গম পথ ব্যবহার করে শুল্ক ফাঁকি দিয়ে যানবাহন দেশে প্রবেশ করায়।

জৈন্তাপুর মডেল থানা সূত্রে আরও জানা গেছে, আটক স্কুটি দুটি বর্তমানে থানার হেফাজতে রয়েছে এবং বিষয়টি কাস্টমস কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। এছাড়া চোরাকারবারীদের ধরতে সীমান্তবর্তী এলাকায় নজরদারি ও টহল জোরদার করা হয়েছে।
পুলিশ বলছে, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে স্থানীয়দের সহযোগিতার পাশাপাশি গোয়েন্দা তৎপরতা বাড়ানো হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের অপরাধ ঘটতে না পারে।

গাজা নগরীর পথে ইসরায়েলি ট্যাংক, পালাচ্ছেন বাসিন্দারা

0

আধুনিক ডেস্ক ::

ফিলিস্তিনের গাজায় অভিযানের পরিসর আরও বাড়িয়েছে ইসরায়েল। এবার গাজা নগরী দখলে নিতে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী। এতে এই নগরীর ১০ লাখ বাসিন্দার জীবন ঝুঁকিতে পড়েছে। ইতিমধ্যে গাজা নগরীর পূর্বাঞ্চল থেকে বাসিন্দারা বাড়িঘর ছাড়তে শুরু করেছেন। বিমান হামলার শব্দ শোনা যাচ্ছে, তাল আল-হাওয়ার দক্ষিণাঞ্চল দিয়ে এগিয়ে আসছে ট্যাংক। এদিকে ইসরায়েলের হামলায় ২৪ ঘণ্টায় আরও ১২৩ জন নিহত হয়েছেন বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বুধবার (১৩ আগস্ট) জানিয়েছে। তাঁদের মধ্যে ত্রাণ নিতে যাওয়া ২১ ক্ষুধার্ত ফিলিস্তিনিও রয়েছেন।

ইসরায়েলের সামরিক বাহিনী বুধবার বলেছে, তারা গাজা উপত্যকায় নতুন অভিযানের রূপরেখা অনুমোদন দিয়েছে। গাজার সবচেয়ে বড় নগরী দখলে নিতে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভার আহ্বান জানানোর কয়েক দিন পর সামরিক বাহিনী নতুন এ অভিযান অনুমোদন করল।

সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর আভিযানিক পরিকল্পনার মূল রূপরেখা অনুমোদন দিয়েছেন সশস্ত্র বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল আইয়াল জামির।

কবে নাগাদ ইসরায়েলি সেনারা গাজা নগরীতে প্রবেশ করবেন, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো সময়সীমা জানায়নি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকার। তবে গাজার গণমাধ্যম দপ্তরের মহাপরিচালক ইসমাইল আল-ছাওয়াবতা বুধবার বলেন, গাজা নগরীতে আগ্রাসী অনুপ্রবেশ অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েলি বাহিনী।

২২ মাস ধরে গাজায় আগ্রাসন চালিয়ে আসছে ইসরায়েলি বাহিনী। এতে সেখানকার বেশির ভাগ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গাজার ২২ লাখ বাসিন্দার বেশির ভাগই দফায় দফায় বাস্তুচ্যুত হয়েছেন। প্রায় অর্ধেক বাসিন্দা আশ্রয় নিয়েছেন গাজা নগরীতে।

স্থল অভিযানের বিষয়ে গাজার গণমাধ্যম দপ্তরের মহাপরিচালক আরও বলেন, এসব হামলা পোড়া মাটি নীতি এবং বেসামরিক স্থাপনা পুরোপুরি ধ্বংসের মাধ্যমে নতুন পরিস্থিতি তৈরির মারাত্মক উসকানিরই অংশ।

গাজা নগরীর তাল আল-হাওয়া এলাকার বাসিন্দা সাবাহ ফাতোম (৫১) ওই এলাকায় ব্যাপক বিস্ফোরণ শুনতে পাওয়ার কথা টেলিফোনে বার্তা সংস্থা এএফপিকে জানান। এই নারী বলেন, অনেক বিমান হামলার শব্দ শোনা যাচ্ছে। তাল আল-হাওয়ার দক্ষিণাঞ্চল দিয়ে ট্যাংক এগিয়ে আসছে। আকাশে ড্রোন উড়ছে। বহু মানুষ বাড়িঘর ও তাঁবু ছেড়ে শহরের পশ্চিম দিকে ছুটছেন।

এদিকে ইসরায়েলি বাহিনীর হামলায় ২৪ ঘণ্টায় আরও ১২৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে বুধবার জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। নিহত ব্যক্তিদের মধ্যে ত্রাণ নিতে যাওয়া ২১ ক্ষুধার্ত ফিলিস্তিনিও রয়েছেন। এ ছাড়া ২৪ ঘণ্টায় আহত হয়েছেন ৪৩৭ জন।

ইসরায়েলি অবরোধের কারণে খাবার না পেয়ে একই সময়ে অনাহারে মারা গেছেন আট ফিলিস্তিনি, তাঁদের মধ্যে তিনজন শিশু। এ নিয়ে অনাহারে ২৩৫ ফিলিস্তিনি মারা গেলেন, যাঁদের মধ্যে ১০৬টি শিশু। এ ছাড়া ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের নির্বিচার হামলায় ৬১ হাজার ৭২২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন দেড় লাখের বেশি।