Home Blog Page 156

দোয়ারাবাজারে বিজিবির ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২

0

দোয়ারাবাজার প্রতিনিধি:

সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে চোরাচালান প্রতিরোধের সময় বিজিবির টহল দলের সদস্যদের ওপর হামলার মামলার ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

মঙ্গলবার (১২ আগস্ট)রাতে পুলিশ ও বিজিবির সদস্যরা যৌথ অভিযান চালিয়ে সীমান্তের পেকপাড়া (মোকামছড়া)এলাকা থেকে ২জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের পেকপাড়া গ্রামের অজুত মিয়ার ছেলে খোকন মিয়া (৩২) ও লিচু মিয়ার ছেলে মো. সিরাজ মিয়া (২৭)।

প্রেস ব্রিফিংয়ে বিজিবি জানিয়েছে,২০২৫ সালের ২২ মার্চ ভোর রাতে দোয়ারাবাজারের বাংলাবাজার ইউনিয়নের পেকপাড়া( মোকামছড়া) এলাকায় চোরাকারবারীদল ভারত থেকে গরু নিয়ে বাংলাদেশে প্রবেশ করার সময় বিজিবির টহলদল বাধা দেয়। 

এ সময় চোরাকারবারীরা বিজিবি টহল দলকে ঘেরাও করে ইট, পাটকেল নিক্ষেপ করে ও বাঁশের লাঠি, হাঁসুয়া ও চাকু নিয়ে আক্রমণ করে। চোরকারবারীদের হামলায় টহলদলের সদস্যরা আঘাত পান।

এই ঘটনায় দোয়ারাবাজার থানায় ৮ জনকে আসামি করে মামলা দায়ের করে বিজিবি। এই মামলার ২জন আসামিকে গ্রেপ্তার করা হয়। 

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

অবশেষে দুদক এলো সাদাপাথরে

0

আধুনিক রিপোর্ট ::

রাষ্ট্রীয় পাথর অবৈধভাবে উত্তোলন ও লুটের অভিযোগে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথর পর্যটনকেন্দ্র থেকে পাথর লুটের ঘটনায় অভিযানে নেমেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট টিম। বুধবার বেলা দুইটা থেকে বিকেল চারটা পর্যন্ত দুদকের পাঁচ সদস্যের একটি দল পরিদর্শন করে সাদাপাথর পর্যটনকেন্দ্র। অভিযানে নেতৃত্ব দেন দুদকের সিলেট সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক রাফি মো. নাজমুস্ সাদাৎ।

অভিযান-সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সাদাপাথর পর্যটনকেন্দ্র থেকে কয়েক শ কোটি টাকার রাষ্ট্রীয় খনিজ সম্পদ তথা পাথর অবৈধভাবে উত্তোলন করে আত্মসাতের অভিযোগের ভিত্তিতে দুদক অভিযান চালায়। প্রাথমিকভাবে তাঁরা এ অভিযোগের সত্যতা পেয়েছেন। এ লুটপাটে কারা সম্পৃক্ত ছিলেন, সেটাও তাঁরা শনাক্ত করার কাজ করছেন।

দুদকের উপপরিচালক রাফি মো. নাজমুস্ সাদাৎ বলেন, লুটপাটে স্থানীয় বাসিন্দা ও প্রভাবশালী লোক, পাথর–সংশ্লিষ্ট ব্যবসায়ীরা জড়িত ছিলেন। তাঁদের শনাক্ত করার চেষ্টা চলছে। এ ছাড়া স্থানীয় প্রশাসন, পুলিশ ও খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো নিষ্ক্রিয় ছিল বা বাধা দেয়নি। এ কারণে এ লুটপাট ঠেকানো যায়নি বলে দুদক জানতে পেরেছে। অভিযান শেষে দুদক পরবর্তী ব্যবস্থা নেবে।

দুদক সূত্র জানায়, দুদক দল সরেজমিনে দেখতে পায়, ঘটনাস্থলে স্থানীয় প্রশাসনের বিভিন্ন সেবা চালু আছে। নদীর তীরেই বিজিবি ক্যাম্প এবং বিজিবি সদস্যরা টহল দিচ্ছেন। বছরখানেক সময় ধরে প্রশাসনের সামনে এবং স্থানীয় প্রভাবশালী নেতাদের ইন্ধন ও সরাসরি সম্পৃক্ততায় পাথর উত্তোলন করে নিয়ে যাওয়া হয়েছে। পাথর চুরির প্রক্রিয়াটি প্রশাসনের নিষ্ক্রিয়তায় সংঘটিত হয়েছে মর্মে প্রতীয়মান হয়। সেই পাথর স্থানীয় পাথর ভাঙার (স্টোন ক্রাশার) যন্ত্রে ভাঙা হয়েছে, যাতে চুরি করা পাথরের অস্তিত্ব না পাওয়া যায়।

এদিকে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে বুধবার সকাল সাড়ে ১০টা থেকে সাদাপাথর ও আশপাশের এলাকায় অভিযান শুরু হয়। বেলা সাড়ে চারটা পর্যন্ত এ অভিযান অব্যাহত ছিল। এ সময় সাদাপাথরের পাশের কালাইরাগ এলাকা থেকে অবৈধভাবে উত্তোলন করা ১২ হাজার ঘনফুট পাথর জব্দ করা হয়। এসব পাথর আবার সাদাপাথরে রাখার প্রস্তুতি চলছে। এ ছাড়া কলাবাড়ি এলাকায় পাথর ভাঙার কাজে ব্যবহৃত বেশ কিছু যন্ত্রের বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

একইভাবে সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের বল্লাঘাট, ঝুমপাহাড় ও জিরো পয়েন্ট এলাকায়ও আজ বেলা একটা থেকে চারটা পর্যন্ত অবৈধ পাথর ও বালু উত্তোলন ঠেকাতে অভিযান চালানো হয়। অভিযানে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনে ব্যবহৃত ১০০টি বারকি নৌকা ভেঙে ফেলা হয়। পাশাপাশি অবৈধভাবে উত্তোলন করা ১৩০ ফুট বালু জব্দ করা হয়।

গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ২০২০ সাল থেকে সরকারি নির্দেশনায় বন্ধ থাকা সিলেটের সব কটি পাথর কোয়ারিতে গণলুট শুরু হয়। কয়েক হাজার পাথরশ্রমিক প্রকাশ্যে পাথর উত্তোলন শুরু করেন। বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের পৃষ্ঠপোষকতায় এ লুটপাট চলে বলে অভিযোগ। তখন অন্যান্য পাথর কোয়ারিতে গণলুট চললেও তুলনামূলকভাবে পর্যটনকেন্দ্র সাদাপাথরে লুটপাট কম হয়। তবে গত ২৩ এপ্রিল থেকে সাদাপাথর এলাকায় আবার পাথর লুট শুরু হয়। গত এক সপ্তাহ দেদার লুটপাট চালিয়ে এলাকাটির প্রায় ৮০ শতাংশ পাথর তুলে ফেলা হয়।

বাংলাদেশ-ভারত সীমান্তের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সীমান্তের শূন্যরেখার কাছে ধলাই নদের উৎসমুখেই সাদাপাথরের অবস্থান। প্রায় ১৫ একর এলাকাজুড়ে এ পর্যটনকেন্দ্র। ছোট-বড় অসংখ্য পাথরের ওপর দিয়ে প্রবাহিত জলের স্রোতোধারা এ পর্যটনকেন্দ্রের মূল আকর্ষণ। এই সৌন্দর্যের টানে প্রতিদিন দেশ-বিদেশের কয়েক হাজার পর্যটক ভিড় জমান। এখন পাথর লুট হয়ে যাওয়ায় পর্যটকেরা হতাশ।

ভারত থেকে আটক এসআই আকবর কি ভারতেই পালিয়ে গেলেন?

0

আধুনিক রিপোর্ট ::

সিলেটে পুলিশের হেফাজতে নিহত রায়হান আহমদ (৩৪) হত্যা মামলার প্রধান আসামি সাময়িক বরখাস্ত পুলিশের উপপরিদর্শক (এসআই) আকবর হোসেন ভূঁইয়াকে ৯ নভেম্বর কানাইঘাট সীমান্ত থেকে গ্রেপ্তার করা হয়। ঘটনার পরই তিনি ভারতের মেঘালয়ে পালিয়ে গিয়েছিলেন। গ্রেপ্তারের পর থেকেই কারাগারে ছিলেন আকবর। রোববার (১০ আগস্ট) আকবর হোসেন উচ্চ আদালত থেকে জামিন পেয়ে কারাগার থেকে বের হন। গুঞ্জন উঠেছে জামিন পেয়েই আবার ভারতে পালিয়ে গেছেন আকবর হোসেন। বুধবার (১৩ আগস্ট) সাংবাদিক রায়হান আহমদের মা সালমা বেগমও দাবি করেন আকবর ভারতেই পালিয়ে গেছেন। যদিও মঙ্গলবার (১২ আগস্ট) রাষ্ট্রপক্ষ পিটিশন ফর লিভ টু আপিল দায়ের করলে শুনানি শেষে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার জজ উচ্চ আদালতের আদেশ স্থগিত করেন। পাশাপাশি আকবর হোসেনকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন।
সালমা বেগম বলেন, আকবর হোসেন প্রথমেই ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। তখন পুলিশ অনেক কষ্টে কানাইঘাটের ডনা সীমান্ত থেকে তাকে গ্রেপ্তার করেছিল। জামিন পেয়েই যে পালানোর চেষ্টা করবে, সেটা স্বাভাবিক ছিল। তার ধারণা পালিয়ে যাওয়ার জন্য আগে থেকেই সবকিছু ব্যবস্থা করে রাখা ছিলো। এর আগে আকবর হোসেনের জামিনের সংবাদ পেয়ে আদালতে কান্নায় ভেঙে পড়ে সালমা বেগম বলেছিলেন, চার বছর ধরে আমার সন্তানের হত্যার সঠিক বিচারের আশায় ছিলাম। আকবর মুক্ত হওয়ায় যথাযথ বিচার থেকে আমি বঞ্চিত হলাম।
সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদুল্লাহ শহীদুল ইসলাম শাহীন আধুনিক কাগজকে বলেন, প্রত্যেকেরই আইনি বিচার পাওয়ার অধিকার রয়েছে। সে হিসেবে আকবর হোসেনেরও জামিন পাওয়ার অধিকার রয়েছে। কিন্তু চাঞ্চল্যকর এই মামলার ক্ষেত্রে রায় না হওয়া পর্যন্ত আসামির কারাগারে থাকা উচিত ছিলো। আমার ধারণা উচ্চ আদালতে যখন জামিন শুনানি হয় রাষ্ট্রপক্ষ মামলার যথাযথ চিত্র বিচারকদের সামনে তুলে ধরতে পারেননি।
২০২০ সালের ১০ অক্টোবর মধ্যরাতে সিলেট মহানগর পুলিশের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে তুলে নিয়ে রায়হান আহমদকে নির্যাতন করা হয় বলে অভিযোগ। পরে ১১ অক্টোবর তাঁর মৃত্যু হয়।

প্লট দুর্নীতি: শেখ হাসিনা, রেহানা, টিউলিপসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু

0


পলাতক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা ও টিউলিপ সিদ্দিকসহ ১৭ জনের বিরুদ্ধে দুর্নীতি মামলার বিচার শুরু হয়েছে ঢাকার একটি আদালতে। বুধবার সকাল পৌনে ১১টার দিকে আদালত কক্ষে জবানবন্দি দিতে শুরু করেন মামলার অভিযোগকারী ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক মো. সালাহউদ্দিন। ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক মো. রবিউল আলমের আদালতে এই বিচার কার্যক্রম শুরু হয়েছে।

পূর্বাচল নিউ টাউন প্রকল্পের অধীনে প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে গত ১২ থেকে ১৪ জানুয়ারির মধ্যে ঢাকা সমন্বিত জেলা অফিস-১-এ ছয়টি পৃথক দুর্নীতির মামলা করেছে দুদক।

দুদকের অভিযোগ, শেখ হাসিনা রাজউকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশে পূর্বাচল নিউ টাউন প্রকল্পের ২৭ নম্বর সেক্টরের কূটনৈতিক অঞ্চলে অবৈধভাবে ১০ কাঠা আকারের ছয়টি প্লট নিয়েছেন তার ও তার পরিবারের সদস্যদের নামে। যদিও হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, রেহানা, তার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ও মেয়ে আজমিনা সিদ্দিক বিদ্যমান আইন অনুযায়ী এই প্লট পাওয়ার যোগ্য নয়।

দুদক কর্মকর্তারা জানিয়েছেন, টিউলিপ সিদ্দিক তার বিশেষ ক্ষমতা ব্যবহার করে রেহানা, ববি ও আজমিনার জন্য প্লট পেয়েছেন।

গত ২৫ মার্চ ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতে ছয়টি অভিযোগপত্র দাখিল করে দুদক। যেখানে ছয়টি মামলার সবকটিতেই হাসিনাকে আসামি করা হয়েছে।

কমিশন আসামিদের সবাইকে পলাতক হিসেবে তালিকাভুক্ত করেছে।

১০, ১৩ ও ১৫ এপ্রিল একই আদালত অভিযোগ আমলে নিয়ে হাসিনা, রেহানা, জয়, পুতুল, টিউলিপ, আজমিনা ও ববিসহ অন্যদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

১ জুলাই আদালত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ২৯ জনকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করে ছয়টি গেজেট বিজ্ঞপ্তি জারি করার নির্দেশ দেন।

৩১ জুলাই হাসিনা, রেহানা, জয়, পুতুল, ববি, টিউলিপ ও আজমিনাসহ ২৯ জনের বিরুদ্ধে তাদের নিজ নিজ মামলায় অভিযোগ গঠন করা হয়।

সিলেটে ছুরিকাঘাতে যুবক নিহত

0

আধুনিক রিপোর্ট ::

সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানাধীন খাদিমনগর এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (১২ আগস্ট) বিকেল ৫টার দিকে নগরীর এয়ারপোর্ট থানাধীন খাদিমনগর এলাকার জাতীয় উদ্যানে এই ঘটনা ঘটে। নিহতমো. আজাদ (২৫) সিলেটের গোয়াইনঘাট থানার বিছনাকান্দি গ্রামের আব্দুল জলিলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১২ আগস্ট) বিকেল ৫টার দিকে নগরীর এয়ারপোর্ট থানাধীন খাদিমনগর এলাকার জাতীয় উদ্যানে একদল দুর্বৃত্ত মো. আজাদকে ছুরিকাঘাত করে। আহতাবস্থায় আজাদকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিলেট এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুল হক জানান, খাদিমনগর জাতীয় উদ্যান এলাকায় একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় মঙ্গলবার রাত সাড়ে ১১টা পর্যন্ত কোনো মামলা বা অভিযোগ দায়ের হয়নি। তবে পুলিশ হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করছে।

জৈন্তাপুরে চারিকাটা প্রগতি মিশন গ্রুপের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

0

জৈন্তাপুর প্রতিনিধিঃ

সিলেটের জৈন্তাপুর উপজেলার ৩নং চারিকাটা ইউনিয়নের চারিকাটা প্রগতি মিশন গ্রুপের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) রাত সাড়ে ৮টায় আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকী সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুর রশিদ। অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন উপজেলা জাসাসের সভাপতি এম আর মামুন এবং এম সি ছাত্রদল নেতা বদরুল আলম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী।

বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন-সিলেট জেলা বিএনপি’র কৃষি বিষয়ক সম্পাদক ও জৈন্তাপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন বেলাল, জৈন্তাপুর উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও নিজপাট ইউনিয়ন চেয়ারম্যান ইন্তাজ আলী, ৩ নং চারিকাটা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক হাফিজ জালাল উদ্দীন মেম্বার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আজমল হোসেন,উপজেলা জাসাসের সিনিয়র সহ সভাপতি নাজিম উদ্দীন, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন,সদস্য হারিছ উদ্দিন, ৩নং চারিকাটা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গুলজার আহমদ ও ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক হাজী আব্দুল করিম।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অতিথিরা চারিকাটা প্রগতি মিশন গ্রুপের কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতে সমাজ উন্নয়নে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

সুবিপ্রবির নবীনবরণ অনুষ্ঠান

0

শান্তিগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১১টায় শান্তিগঞ্জ উপজেলার ঝিলমিল অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. নিজাম উদ্দিনের সভাপতিত্বে এবং সিএসই বিভাগের প্রভাষক শান্তা রানী সাহার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন- বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. মো. সাইদুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. সাইদুর রহমান বলেন, গ্রামীণ জনপদে উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণে সুবিপ্রবি একটি গুরুত্বপূর্ণ সংযোজন। এখানকার শিক্ষার্থীরা যাতে মানসম্মত শিক্ষা লাভ করতে পারে, সে জন্য সরকার ও মঞ্জুরি কমিশন সব ধরনের সহযোগিতা করবে। তিনি শিক্ষার্থীদেরকে সৎ, নৈতিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

একদিকে নবীন শিক্ষার্থীদের প্রতি শুভেচ্ছা জানানো হয়, অন্যদিকে সম্প্রতি এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সদ্য ভর্তি হওয়া শিক্ষার্থী স্নেহা চক্রবর্ত্তীর আকস্মিক প্রয়াণে বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়ে শোকের ছায়া। স্নেহা ভর্তি হয়ে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনার শিকার হন। অনুষ্ঠানের শুরুতেই তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়, যা উপস্থিত সকলের হৃদয়ে গভীর ছাপ ফেলে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. নিজাম উদ্দিন বলেন, সুবিপ্রবি একটি স্বপ্নের বিশ্ববিদ্যালয়, যা ধীরে ধীরে পূর্ণতা পাচ্ছে। শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে ইতিমধ্যে একটি ডাবল ডেকার বাস সংযোজন করা হয়েছে এবং শিক্ষার্থীদের জন্য হলের ব্যবস্থা করা হয়েছে। ছাত্রছাত্রীদের সুবিধার্থে যা যা প্রয়োজন সব করা হবে।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরা যেন এ বিশ্ববিদ্যালয়ের নামের সাথে সঙ্গতি রেখে সততা, অধ্যবসায় ও উদ্যমে এগিয়ে যাও। আমরা তোমাদের জন্য সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. হারুন অর রশিদ, প্রক্টর প্রফেসর ড. শেখ আব্দুল লতিফ, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা, গণিত বিভাগের সহকারী অধ্যাপক ও ওরিয়েন্টেশন কমিটির আহ্বায়ক ড. মোবারক হোসেন, রসায়ন বিভাগের চেয়ারম্যান রাশেদ মাহমুদ, সিএসই বিভাগের চেয়ারম্যান আনোয়ার হোসেন ওয়াদুদ এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার হেমায়েত মিয়া।

এছাড়া বক্তব্য দেন- আব্দুল মজিদ কলেজের অধ্যক্ষ মাসুদুর রউফ পল্লব, হাজী আক্রম আলী দাখিল মাদ্রাসার সুপার মাওলানা রফিকুল ইসলাম, পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তাকবীর এ এইচ চৌধুরী, রসায়ন বিভাগের শিক্ষার্থী পূজা রায়, নবীন শিক্ষার্থীদের পক্ষে গণিত বিভাগের সাজ্জাদ হোসেন সুজা, পদার্থবিজ্ঞানের সোহেল রানা, রসায়নের সোহাদা জান্নাত নার্গিছ ও আল বারাদী, এবং সিএসই বিভাগের জুই রানী নাথ।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আমরা এখন নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত: প্রধান উপদেষ্টা

0

আধুনিক ডেস্ক ::

অন্তর্বর্তীকালীন সরকার এখন নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (১২ আগস্ট) মালয়েশিয়ার কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে এক মতবিনিময় সভায় একথা বলেন তিনি। আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিভিন্ন পেশা, শ্রেণি, সংস্থা ও ব্যবসায়ী প্রতিনিধিরা এ মতবিনিময় সভায় অংশ নেন। প্রবাসীদের উদ্দেশে বক্তব্যে অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, ‘আমরা এখন নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত। আমি ইতোমধ্যে নির্বাচনের সময় ঘোষণা করেছি। এই নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে সরকার কাজ করছে। আশা করছি, এবার আপনাদের নতুন অভিজ্ঞতা হবে। আপনারা সবাই ভোটার হবেন, ভোট দেবেন। নির্বাচন কমিশনারের সাথে আমরা এ বিষয়ে আলোচনা করেছি। তারা প্রস্তুতি নিচ্ছেন।’

সভায় বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় প্রধান উপদেষ্টা মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের প্রতি কৃতজ্ঞতা জানান। অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, ‘আপনারা অর্থনীতিতে মস্ত বড় অবদান রাখছেন। আপনাদের এই অবদানের স্বীকৃতি আমাদের দিতে হবে। আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার আমাদের নিশ্চিত করতে হবে।’

প্রধান উপদেষ্টা বলেন, ‘আমরা দায়িত্ব গ্রহণের পর থেকে চেষ্টা করেছি প্রবাসীদের সঙ্গে আলোচনা করতে, তাদের কথাগুলো শুনতে। আপনাদের অনেক অভিযোগ রয়েছে, অভিযোগ রয়েছে যা ন্যায্য। আমরা এই সমস্যাগুলো সমাধানের জন্য ধারাবাহিকভাবে চেষ্টা করে যাচ্ছি। জটিলতা কমানোর চেষ্টা করে যাচ্ছি।’

পাসপোর্ট সংক্রান্ত জটিলতা নিরসনে সরকার খুব দ্রুত ব্যবস্থা নিয়েছে এবং সরকারি সকল সেবা প্রবাসীদের কাছে পৌঁছে দিতে ‘নাগরিক সেবা বাংলাদেশ’ উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা।

প্রবাসীদের জন্য একটি বিশেষ অ্যাপ তৈরির কাজ চলছে জানিয়ে অধ্যাপক ইউনূস বলেন, ‘যাতে করে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত সকল প্রবাসী বাংলাদেশি এক প্ল্যাটফর্মে কানেক্টেড (যুক্ত) থাকতে পারেন।’

বাংলাদেশের অর্থনীতি বিধ্বস্ত অবস্থা থেকে ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে প্রবাসীদের ভূমিকার কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, ‘দেশের পরিস্থিতি এখন অনেকটাই স্বস্তির জায়গায় ফিরেছে। অর্থনীতি ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে আপনারা বড় অবদান রেখেছেন।’

সভায় মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের কয়েকটি সমস্যা নিয়ে আলোচনা হয়। এর মধ্যে রয়েছে দূতাবাসে জনবল বাড়ানো, বাংলাদেশি শিক্ষার্থীদের গ্র্যাজুয়েট প্লাস ভিসা, যারা অনিয়মিত হয়ে গেছেন তাদের নিয়মিতকরণ করা। এ সময় বাণিজ্য-শিল্প ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে মালয়েশিয়ার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান প্রবাসী কল্যাণ উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানান।

সভায় পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল উপস্থিত ছিলেন।

মাইলস্টোনের ঘটনায় ক্ষতিপূরণ ও ক্যাম্পাস স্থানান্তরসহ আট দাবি হতাহতদের স্বজনদের

0



হতাহতদের ক্ষতিপূরণ এবং কলেজ ক্যাম্পাস স্থানান্তরসহ আট দফা দাবিতে কাফন মিছিল ও মানববন্ধন করেছেন উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের সদস্যরা।

সরকারের পক্ষ থেকে প্রতিটি নিহত শিশুর জন্য পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ এবং প্রতিটি আহত শিশুর সুচিকিৎসা ও এক কোটি টাকা দেওয়ার দাবি জানান তারা।

একইসঙ্গে এই দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিতের দাবি জানান অভিভাবকরা। মাইলস্টোন স্কুলসহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে কোচিং বাণিজ্য বন্ধের দাবিও করা।

মাইলস্টোন দুর্ঘটনায় নিহত তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ফাতেমা আক্তারের মামা লিয়ন মীর বলেন, “সরকারের প্রশিক্ষণের যুদ্ধবিমান আমাদের বাচ্চাদের ওপর পড়ে, পুড়ে কয়লা হয়ে আমাদের বাচ্চাগুলো মারা গেছে। আর আমরা সরকারের কাছে আকূল আবেদন জানাবো দেখা করার জন্য, হোয়াট ইজ দিস?”

এসময় ওই স্কুলের একজন শিক্ষককে অপসারণে ৭২ ঘণ্টার সময়ও বেঁধে দেন অভিভাবকরা। মানববন্ধন করতে চাইলে ওই শিক্ষক এক অভিভাবকের গায়ে হাত তোলেন বলে অভিযোগ করেন তারা।

উল্লেখ্য, গত ২১শে জুলাই উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩৪ জন মারা গেছেন। এখনো হাসপাতালে চিকিৎসাধীন দগ্ধ অনেকে।

প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফর : ৫ সমঝোতা স্মারক সই

0

আধুনিক ডেস্ক ::
বাংলাদেশ ও মালয়েশিয়া বিভিন্ন খাতে সহযোগিতা বাড়াতে পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) ও তিনটি নোট বিনিময় চুক্তি স্বাক্ষর করেছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের তিন দিনের মালয়েশিয়া সফরের দ্বিতীয় দিন আজ মঙ্গলবার এসব স্মারক ও নোট বিনিময় চুক্তি সই হয়। প্রধান উপদেষ্টা ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম কুয়ালালামপুরের পুত্রজায়ায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এমওইউ ও নোট বিনিময় স্বাক্ষর অনুষ্ঠান প্রত্যক্ষ করেন। এর আগে তাঁদের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হয়।

প্রথম নোট বিনিময়টি উচ্চশিক্ষা ক্ষেত্রে সহযোগিতার জন্য সই হয়। মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী দাতো সেরি উতামা হাজি মোহাম্মদ বিন হাজি হাসান এবং বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল নিজ নিজ দেশের পক্ষে নোট বিনিময়ে স্বাক্ষর করেন।

দ্বিতীয় নোট বিনিময়টি কূটনৈতিক প্রশিক্ষণ বিষয়ে সহযোগিতার জন্য সই হয়। এতে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী দাতো সেরি উতামা হাজি মোহাম্মদ বিন হাজি হাসান ও বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন সই করেন।

তৃতীয় নোট বিনিময়টি হালাল ইকোসিস্টেমে সহযোগিতা বিষয়ে সই হয়। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দপ্তরের উপমন্ত্রী সিনেটর ড. জুলকিফলি বিন হাসান ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এতে স্বাক্ষর করেন।

বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে প্রথম সমঝোতা স্মারক সই হয় প্রতিরক্ষা সহযোগিতা বিষয়ে। মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী দাতো সেরি মোহাম্মদ খালিদ বিন নরদিন ও বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এতে সই করেন।

দ্বিতীয় সমঝোতা স্মারকটি হলো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ, এলএনজি অবকাঠামো, পেট্রোলিয়াম পণ্য ও সংশ্লিষ্ট অবকাঠামো ক্ষেত্রে সহযোগিতা বিষয়ে। মালয়েশিয়ার ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী দাতুক সেরি আমির হামজাহ বিন আজিজান এবং বাংলাদেশের জ্বালানি উপদেষ্টা এম ফাওজুল কবির খান এতে সই করেন।

তৃতীয় সমঝোতা স্মারকটি মালয়েশিয়ার ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের মধ্যে সহযোগিতা বিষয়ে। আইএসআইএস মালয়েশিয়ার চেয়ারম্যান দাতুক অধ্যাপক মোহদ ফয়জ আবদুল্লাহ ও মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান এতে সই করেন।

চতুর্থ এমওইউটি মালয়েশিয়ার মাইমস সার্ভিসেস এসডিএন বিএইচডি (এমএসএসবি) ও বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিএমসিসিআই) মধ্যে সহযোগিতা বিষয়ে। এমএসএসবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ ফওজি ইয়াহায়া ও বিএমসিসিআইয়ের শাব্বির আহমেদ খান এতে সই করেন।

পঞ্চম এমওইউটি মালয়েশিয়ার ন্যাশনাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এনসিসিআইএম) ও বাংলাদেশের এফবিসিসিআইয়ের মধ্যে সই হয়। এনসিসিআইএমের সভাপতি দাতো সেরি এন গোবালাকৃষ্ণান ও এফবিসিসিআইয়ের প্রশাসক মো. হাফিজুর রহমান এতে সই করেন।