Home Blog Page 113

কমলগঞ্জের পর্যটন সম্ভাবনাকে কাজে লাগানোর উদ্যোগ স্থিমিত

0

নূরুল মোহাইমীন মিল্টন, কমলগঞ্জ:

আজ বিশ্ব পর্যটন দিবস। তবে প্রাকৃতিক সৌন্দর্য্যরে অপার লীলাভূমি মৌলভীবাজারের সীমান্তবর্তী কমলগঞ্জ উপজেলায় পর্যটনের অপার সম্ভাবনাকে কাজে লাগানোর উদ্যোগ স্থিমিত বলেই পরিলক্ষিত হচ্ছে। পর্যটনকে কেন্দ্র করে উপজেলার পাহাড়ি টিলা ও টিলার পাদদেশে হোটেল, মোটেল, রিসোর্ট, গেস্ট হাউজসহ অসংখ্য স্থাপনা তৈরি হয়েছে। পাহাড়, টিলা, বনাঞ্চল ও চা বাগান অধ্যুষিত উপজেলায় মনিপুরীসহ অসংখ্য ভাষাভাষীর লোক রয়েছে। ফলে সরকারি পৃষ্ঠপোষকতায় যথাযথ উদ্যোগ নিলে উপজেলা পর্যটনের নতুন দ্বার উম্মোচিত হবে।

জানা যায়, ৪৮৫.২৬ বর্গকিলোমিটার আয়তনের কমলগঞ্জ উপজেলা প্রকৃতির অপার লীলাভূমি সবুজায়নে ভরপুর। কুরমা বনবিটের অধীনে হামহাম জলপ্রপাত, মণিপুরী গ্রাম, ক্যামেলিয়া লেক ও হাসপাতাল, লাউয়াছড়া জাতীয় উদ্যান, মাধবপুর লেক, বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান স্মৃতিসৌধ, ডবলছড়া খাসিয়া পুঞ্জি, বন্যপ্রাণী অভয়ারন্য রাজকান্দি বনরেঞ্জ, মনিপুরী ললিতকলা একাডেমী, শমশেরনগর বিমান বন্দর, দু’শো বছরের প্রাচীন ছয়সিড়ি দিঘী, পর্যটন উপযোগী উচুঁ-নিচু নয়নাভিরাম চা বাগান, ধলাই-লাঘাটা, খিরনী নদীসহ অর্ধশতাধিক পাহাড়ি ছড়া, মণিপুরী পাড়ায় পাড়ায় কুঁটির শিল্প বিশেষত: তাঁত শিল্প সমৃদ্ধ এলাকা।

ভূ-প্রকৃতি ও ভৌগলিক অবস্থান ভেদে কমলগঞ্জ উপজেলার বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠির জাতিভেদে মানুষের ভাষা ও সংস্কৃতির ভিন্নতা রয়েছে। কমলগঞ্জের বিস্তীর্ণ পাহাড়ি এ সমতল অঞ্চলে বসবাসরত স্বতন্ত্র স্বত্বার জনগোষ্ঠী খাসিয়া, মনিপুরী, ত্রিপুরী, টিপরা, গারো এদের বসবাস। এ ছাড়াও রয়েছে বিভিন্ন চা বাগানে বসবাসরত ক্ষৃদ্র নৃগোষ্ঠী। যাদের জীবনাচার, সংস্কৃতি ও ঐত্যিহ্যর কারণে কমলগঞ্জ দেশব্যাপী পরিচিত।

সরজমিনে দেখা যায়, সাপ্তাহিক বন্ধের দিনগুলোতে প্রাকৃতিক সৌন্দর্য্যরে রূপসজ্জা দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কমলগঞ্জে ছুটে আসেন ভ্রমণপিপাসু পর্যটকরা। আর এই ভ্রমণপিপাসু পর্যটকদের পদভারে মুখরিত হয়ে উঠে পর্যটন কেন্দ্রগুলো। শুধু দেশি পর্যটকই নয়, বিদেশি পর্যটকদেরও উপস্থিতি লক্ষ্য করা যায়।

উপজেলার ক্ষুদ্র ক্ষুদ্র জাতিসত্তার জীবনধারা ও সংস্কৃতিসহ প্রাকৃতিক সম্পদে ভরপুর এ জনপদ। বন্যপ্রাণীর নিরাপদ আবাসস্থল লাউয়াছড়া জাতীয় উদ্যান রয়েছে। বাংলাদেশের সাতটি বন্যপ্রাণী অভয়ারণ্য ও দশটি জাতীয় উদ্যানের মধ্যে লাউয়াছড়া অন্যতম। এই বনের পরিচিতি শুধু দেশের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি আন্তর্জাতিকভাবে পরিচিত একটি পর্যটন কেন্দ্র। চিরহরিৎ এ বনাঞ্চল বিলুপ্তপ্রায় উল্লুকের নিরাপদ আবাসস্থল।

এ উপজেলায় পাহাড়ি উঁচুনিচু টিলার উপর সবুজ চা বাগানবেষ্টিত, জাতীয় ফুল দুর্লভ বেগুনি শাপলার আধিপত্য পদ্মকন্যা মাধবপুর লেক। মাধবপুর লেকের পরেই একই রাস্তায় ১০ কিলোমিটার যাওয়ার পরই রয়েছে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি হামিদুর রহমান স্মৃতিসৌধ।

কমলগঞ্জ উপজেলা সদর থেকে প্রায় ৩০ কিলোমিটার পূর্ব-দক্ষিণে রাজকান্দি বন রেঞ্জের কুরমা বনবিট এলাকার ১০ কিলোমিটার অভ্যন্তরে দৃষ্টিনন্দন হামহাম জলপ্রপাত। স্থানীয় পাহাড়ি অধিবাসীরা এ জলপ্রপাতের ধ্বনিকে হামহাম বলে। এ বনের ভেতরেই রয়েছে সম্প্রতি আবিষ্কৃত ফিকল ঝরনা। আদমপুর ও মাধবপুরে মনিপুরী পল্লীগুলোতে পর্যটকদের দেখার মতো সুন্দর সুব্যবস্থা রয়েছে। এছাড়া প্রতিটি চা বাগানের পাহাড়ি লেক প্রাকৃতিক সৌন্দর্য্যকে বাড়িয়ে তুলেছে।

লাউয়াছড়ায় আগত পর্যটক মাহফুজুর রহমান, লুৎফুন্নাহার বেগম ও মার্জিয়া সুলতানা বলেন, চা বাগান লেক, জলপ্রপাতসহ অন্যান্য পাহাড়ি এলাকা দেখতে আরো সুন্দর সুব্যবস্থা প্রয়োজন। যাতে সন্তানদের নিয়ে প্রাকৃতিক এসব দৃশ্য অবলোকন করা যায়।
কমলগঞ্জের লেখক, গবেষক আহমদ সিরাজ বলেন, ‘প্রাকৃতিক মনোরম পরিবেশসহ এখানে বিভিন্ন জাতিসত্তার ভাষাভাষি ও সংস্কৃতির মেলবন্ধন রয়েছে। তাই পুরো কমলগঞ্জ উপজেলাকে দেখা হলে অর্ধেক বাংলাদেশকেই দেখা হয়ে যাবে।’

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর বলেন, উপজেলার খাসিয়া পুঞ্জিতে গৃহ নির্মাণ, মাধবপুর লেক উন্নয়ন, হামহাম জলপ্রপাতে যাওয়ার সুন্দর সুব্যবস্থার জন্য মৌলভীবাজার জেলা প্রশাসক মহোদয় আমাদের কাছ থেকে প্রস্তাবনা নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রস্তাব প্রেরন করেছেন। বরাদ্দ আসলেই পর্যটন উন্নয়নে কাজ হবে।

শাবিতে জুলাই আন্দোলনকারীদের ওপর হামলায় জড়িত ৩৭জনকে বহিষ্কার

0

শাবি প্রতিনিধি:

গত বছরের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ১৪ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) কর্তৃপক্ষ ২০ জনকে আজীবন বহিষ্কার এবং ১৭ জনকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে।

শুক্রবার (২৬ আগস্ট) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মুখলেসুর রহমান। এর আগে বৃহস্পতিবার রাত ১১টায় সিন্ডিকেট সভা শেষে উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ার উদ্দিন চৌধুরী এ সিদ্ধান্তের কথা জানান।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বহিষ্কৃতদের সবাই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে ১২ জনকে এবং হলে অস্ত্র রাখার দায়ে আরও ৮ জনকে আজীবন বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে কয়েকজন দুই মামলায় অভিযুক্ত হওয়ায় আজীবন বহিষ্কারের তালিকায় স্থান পেয়েছেন।

এছাড়া, ২ থেকে ৪ সেমিস্টার মেয়াদে বহিষ্কার হয়েছেন আরও ১৭ জন। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় ১৯ জনকে খালাস দেওয়া হয়েছে এবং কয়েকজনকে সতর্ক করেছে প্রশাসন।

অস্ত্র রাখার অভিযোগে খালাসপ্রাপ্তদের প্রসঙ্গে প্রক্টর অধ্যাপক মুখলেসুর রহমান বলেন, “অস্ত্রের সম্পৃক্ততার বিষয়ে সাময়িক বহিষ্কারের প্রস্তাব এসেছিল। কিন্তু দেখা গেছে, অনেকেই ভর্তি ছিলেন এক রুমে, থেকেছেন অন্য রুমে। তাই সাময়িক বহিষ্কার অন্যায়ের শামিল হতো। যাচাই-বাছাই শেষে আমরা তাদের খালাস দিয়েছি।”

ধর্মপাশায় পানিতে ডুবে শিশুর মৃত্যু         

0

ধর্মপাশা-মধ্যনগর প্রতিনিধি:

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরষ কেন্দ্রীয় কবরস্থান সংলগ্ন একটি ডোবা থেকে শুক্রবার সকালে সাইদুল ইসলাম নাঈম নামের আট বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করেছেন এলাকাবাসী।  তার বাড়ি পাশের নেত্রকোনার বারহাট্টা উপজেলার নিজ চিরাম গ্রামে। সে ওই গ্রামের সামছু মিয়ার ছেলে।

এলাকাবাসী ও শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, নেত্রকোনার বারহাট্টা উপজেলার নিজ চিরাম গ্রামের শিশু সাইদুল ইসলাম নাঈম গত মঙ্গলবার তার মায়ের সঙ্গে তার বাবার মামার বাড়ি ধর্মপাশা উপজেলার মাইজবাড়ী গ্রামে বেড়াতে আসে।

বৃহস্পতিবার বিকেল চারটার দিকে খেলাধূলা করতে বের হয় আর ফেরেনি। খোঁজাখুঁজি করে শুক্রবার সকাল সাতটার দিকে সেলবরষ কেন্দ্রীয় কবরস্থান সংলগ্ন একটি ডোবার পানি থেকে ওই শিশুর লাশটি উদ্ধার করেন এলাকাবাসী।উপজেলার সেলবরষ ইউনিয়নের ৫নম্বর ইউপি সদস্য হামিদুল ইসলাম রতন এই মৃত্যুর খবরটির তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন, চলমান থাকবে সংস্কারও : জাতিসংঘে প্রধান উপদেষ্টা

0

আধুনিক ডেস্ক ::

আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতির কথা জাতিসংঘকে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, এর পাশাপাশি স্বচ্ছতা, জবাবদিহি ও আইনের শাসন প্রতিষ্ঠায় সংস্কার কার্যক্রম চলমান রয়েছে। শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ছাত্র-জনতার অভ্যুত্থান–পরবর্তী অন্তর্বর্তী সরকারের গৃহীত নানা পদক্ষেপ, আঞ্চলিক ও বৈশ্বিক নানা সমস্যা, যুদ্ধ-সংঘাতসহ নানা বিষয় তুলে ধরেন। তরুণদের জন্য কীভাবে নিরাপদ বিশ্ব গড়ে তোলা যায়, সেই আকাঙ্ক্ষা এবং পথ নিয়েও কথা বলেছেন শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

নিউইয়র্কের স্থানীয় সময় শুক্রবার সকাল নয়টায় (বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটা) সাধারণ পরিষদের অধিবেশন আবার শুরু হয়। পরে প্রধান উপদেষ্টা ভাষণ দেন এবং তা বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বিটিভি নিউজ ও বাংলাদেশ বেতার সরাসরি সম্প্রচার করে।

বৈশ্বিক এই ফোরামে দাঁড়িয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘গত বছর এই মহান সভায় আমি দাঁড়িয়েছিলাম সদ্য গণ-অভ্যুত্থান সংঘটিত একটি দেশের রূপান্তরের আকাঙ্ক্ষা আপনাদের শোনানোর জন্য। আজ আমি এই রূপান্তরের অগ্রযাত্রায় কতটুকু অগ্রসর হতে পেরেছি তা বলব।’

তাঁর সরকারকে বৈষম্যমুক্ত ও ন্যায়বিচারভিত্তিক সমাজ বিনির্মাণের আকাঙ্ক্ষা পূরণের দায়িত্ব দেওয়া হয় জানিয়ে অধ্যাপক ইউনূস বলেন, ‘ভেঙে পড়া রাষ্ট্রকাঠামোকে পুনর্গঠন করে জনগণের আকাঙ্ক্ষা পূরণের জন্য প্রয়োজন ছিল ব্যাপক প্রাতিষ্ঠানিক সংস্কারের। যে বিপুল জনসমর্থনের মাধ্যমে আমরা দায়িত্ব পেয়েছিলাম, তার প্রেক্ষাপটে আমাদের জন্য সহজ পথ ছিল নির্বাহী আদেশে সংস্কার কাজগুলো করা। কিন্তু আমরা বেছে নিই কঠিন পথ—অন্তর্ভুক্তিমূলক ও টেকসই পথ।’

১১টি সংস্কার কমিশন গঠন ও তাদের সুপারিশ দেওয়ার বিষয়টি উল্লেখ করে সরকারপ্রধান বলেন, ‘আমাদের লক্ষ্য ছিল ক্ষমতার ভারসাম্যপূর্ণ একটি গণতান্ত্রিক রাষ্ট্রকাঠামো গড়ে তোলা, যেখানে আর কোনো স্বৈরশাসকের আবির্ভাব হবে না। কোনো নির্বাচিত নেতা রাষ্ট্রের গণতান্ত্রিক স্বরূপকে ক্ষুণ্ন করতে পারবে না কিংবা রাষ্ট্র ও জনগণের রক্ষকেরা ভক্ষকে পরিণত হতে পারবে না।’

গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এক মঞ্চে দাঁড়িয়ে ‘জুলাই ঘোষণা’র মাধ্যমে সংস্কার কার্যক্রমের প্রতি সময়াবদ্ধ অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে উল্লেখ করে অধ্যাপক ইউনূস মনে করেন, আগামী নির্বাচনে যে দলই জনগণের সমর্থন পাক না কেন, সংস্কার কার্যক্রম বাস্তবায়নে আর কোনো অনিশ্চয়তার অবকাশ থাকবে না।

বর্তমান অন্তর্বর্তী সরকারের উন্নয়ন কৌশলের কেন্দ্রবিন্দুতে সুশাসন, সামাজিক অন্তর্ভুক্তি ও টেকসই উন্নয়ন রয়েছে বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে তিনি বলেন, বিগত দেড় দশকের অভিজ্ঞতায় দেখা গেছে, জবাবদিহি ছাড়া যেকোনো উন্নয়ন ক্ষণস্থায়ী ও ভঙ্গুর। রাজনৈতিক হীনস্বার্থ ও দুর্নীতির উদ্দেশ্যে গৃহীত অবকাঠামো প্রকল্প শুধু যে অর্থনীতির ওপর চাপ বাড়ায় তা নয়, তা জনগণের কোনো কল্যাণও করে না। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে বিগত সরকারের ব্যাপক দুর্নীতি ও জনগণের সম্পদ চুরি কীভাবে বিস্তৃতি লাভ করে তা আবিষ্কার করে। যা দেশের সামষ্টিক অর্থনৈতিক অবস্থাকে ভয়ানক নাজুক ও ভঙ্গুর করে ফেলেছিল।

পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধার করা বর্তমান সরকারের অন্যতম শীর্ষ অগ্রাধিকার বলে জানান অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে দুর্নীতির মাধ্যমে শত শত কোটি ডলার অবৈধভাবে বিদেশে পাচার করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, নিরলসভাবে এই সম্পদ ফেরত আনার চেষ্টা করা হচ্ছে। কিন্তু সংশ্লিষ্ট দেশগুলোর আইনি প্রক্রিয়া এবং অন্যান্য নানাবিধ প্রতিবন্ধকতার কারণে এই প্রচেষ্টা বাধাগ্রস্ত হচ্ছে। সংশ্লিষ্ট দেশগুলোর দৃঢ় সদিচ্ছা ছাড়া পাচার হওয়া অবৈধ সম্পদ পুনরুদ্ধারে সফল হওয়া যাবে না।

যেসব দেশ ও প্রতিষ্ঠান এসব পাচার করা সম্পদ গচ্ছিত রাখার সুযোগ দিচ্ছে, তাদের এই অপরাধের শরিক না হওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, ‘এই সম্পদ প্রকৃত মালিককে অর্থাৎ কৃষক, শ্রমিক ও সাধারণ করদাতাদের নিকট ফিরিয়ে দিন। আমি উন্নয়নশীল দেশ থেকে সম্পদ পাচার রোধে কঠোর আন্তর্জাতিক বিধিবিধান প্রণয়ন এবং এর প্রয়োগ নিশ্চিত করার প্রস্তাব করছি।’

বর্তমানে বিভ্রান্তিমূলক প্রচারণা এবং ঘৃণাত্মক বক্তব্য গুরুতর উদ্বেগের বিষয় হয়ে উঠেছে বলে মন্তব্য করেন অধ্যাপক ইউনূস। গত বছর বাংলাদেশের ছাত্র-জনতার অভ্যুত্থান–পরবর্তী সময়ের উল্লেখ করে তিনি বলেন, বিভিন্ন স্বার্থান্বেষী গোষ্ঠীর পক্ষ থেকে উদ্দেশ্যমূলকভাবে বিভ্রান্তিকর সংবাদ ছড়ানো হয়েছে, যা এখনো চলমান। এর সঙ্গে যুক্ত হয়েছে পরিকল্পিত মিথ্যা সংবাদ ও কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ‘ডিপফেক’–এর প্রসার। যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এসবের বিরুদ্ধে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। যাতে এসব বিকৃত কর্মকাণ্ড মানুষের ওপর মানুষের আস্থাকে বিনষ্ট না করে এবং সামাজিক সম্প্রীতিকে দুর্বল না করে।

প্রতিবেশী দেশ মিয়ানমারে চলমান সংঘাত সমগ্র অঞ্চলের জন্য এক গভীর উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি করছে বলে মন্তব্য করেন মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, এটি শুধু আঞ্চলিক স্থিতিশীলতাকেই ঝুঁকিতে ফেলছে না; বরং বাংলাদেশে আশ্রয় পাওয়া বলপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের তাদের মাতৃভূমি মিয়ানমারে প্রত্যাবাসনকেও কঠিন করে তুলেছে।

গত আট বছরেও রোহিঙ্গা সংকটের কোনো সমাধান দৃষ্টিগোচর হচ্ছে না এবং বাংলাদেশ প্রতিনিয়তই মিয়ানমার থেকে আগত রোহিঙ্গাদের আশ্রয় দিতে বাধ্য হচ্ছে বলে জানান প্রধান উপদেষ্টা।

রাখাইনে সাংস্কৃতিক পরিচয়ভিত্তিক রাজনীতির কারণে রোহিঙ্গাদের ওপর অধিকারবঞ্চনা ও নির্যাতন অব্যাহত রয়েছে উল্লেখ করে অধ্যাপক ইউনূস বলেন, রোহিঙ্গাদের প্রান্তিকীকরণের প্রক্রিয়া আর চলতে দেওয়া যাবে না। যেসব বৈষম্যমূলক নীতি ও কর্মকাণ্ড আজকের এ পরিস্থিতি তৈরি করেছে, তার সমাধান এবং প্রতিকারমূলক ব্যবস্থা এখনই গ্রহণ করা সম্ভব। রাখাইনের সমস্যাগুলোর চূড়ান্তভাবে রাজনৈতিক সমাধান করাও অপরিহার্য।

মিয়ানমারের সংকটের সবচেয়ে বড় ভুক্তভোগী রোহিঙ্গারা এবং বাংলাদেশ বলে মন্তব্য করেন সরকারপ্রধান। তিনি বলেন, রোহিঙ্গা সংকট কোনোভাবেই মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের কোনো দ্বিপক্ষীয় বিষয় নয়। বাংলাদেশ শুধু একটি দায়িত্বশীল প্রতিবেশী এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্বশীল সদস্য হিসেবে মানবিক দায়িত্ব পালন করে আসছে। কিন্তু তহবিল–সংকটের কারণে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে ন্যূনতম জীবনমান বজায় রাখার যৌথ প্রয়াসও ভেঙে পড়ার উপক্রম হয়েছে। বিশ্ব খাদ্য কর্মসূচি তাদের জরুরি সহায়তা কার্যক্রমে মারাত্মক তহবিলঘাটতির বিষয়ে ইতিমধ্যে সতর্ক করেছে। অবিলম্বে নতুন তহবিল না এলে, মাসিক রেশন অর্ধেকে নামিয়ে এনে মাথাপিছু মাত্র ৬ মার্কিন ডলারে নামতে পারে।

অধ্যাপক ইউনূস আরও বলেন, তহবিলের অতিরিক্ত কাটছাঁট হলে তা নিঃসন্দেহে সুরক্ষা ও নিরাপত্তাঝুঁকি বহুগুণ বৃদ্ধি করবে। রোহিঙ্গা ক্যাম্পের সীমানা ছাড়িয়ে যেতে পারে। এই পরিস্থিতিতে বিদ্যমান দাতাদের সাহায্য বাড়াতে এবং সম্ভাব্য নতুন দাতাদের অনুদান প্রদানের আহ্বান জানান তিনি।

গাজায় ইসরায়েলি গণহত্যার কথা উল্লেখ করে শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ইউনূস বলেন, শিশুরা না খেয়ে অকালে মৃত্যুবরণ করছে, বেসামরিক জনগোষ্ঠীকে নির্বিচার হত্যা করা হচ্ছে। হাসপাতাল, স্কুলসহ একটি গোটা জনপদ নিশ্চিহ্ন করে ফেলা হচ্ছে। জাতিসংঘের স্বাধীন তদন্ত কমিশনের সঙ্গে একমত যে সবার চোখের সামনেই একটি নির্বিচার গণহত্যা সংঘটিত হচ্ছে। দুর্ভাগ্য যে মানবজাতির পক্ষ থেকে এর অবসানে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে না। এ অবস্থা চলতে থাকলে ভবিষ্যৎ প্রজন্ম ও ইতিহাস ক্ষমা করবে না।

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের জন্য বাংলাদেশের জনগণ ও বিশ্বের বিবেকবান নাগরিকদের পক্ষ থেকে জোরালো দাবি জানিয়ে বাংলাদেশের সরকারপ্রধান বলেন, পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে এ সমস্যার দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান এখনই বাস্তবায়ন করতে হবে।

দেশ ছাড়ার সময় বিমানবন্দরে আটকে দেওয়া হলো সোহেল তাজকে

0

আধুনিক ডেস্ক ::

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজকে যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) তাজউদ্দীন আহমদের কন্যা ও সোহেল তাজের বোন মাহজাবিন আহমদ মিমি সংবাদমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘সোহেল তাজের বিদেশযাত্রা বাধা দেওয়া হয়েছে।’ কবে এ ঘটনা ঘটেছে জানতে চাইলে মিমি বলেন, ‘সম্ভবত বুধবার ঘটেছে।

অন্যদিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এসএস (ইমিগ্রেশন) কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, ‘ভ্রমণরোধ’ থাকায় সোহেল তাজ দেশত্যাগ করতে পারেননি।

আওয়ামী লীগ সরকারের আমলে ২০০১ সালের নির্বাচনে গাজীপুর-৪ (কাপাসিয়া) থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন সোহেল তাজ।

২০০৮ সালে একই আসন থেকে পুনরায় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। ২০০৯ সালের ৬ জানুয়ারি আওয়ামী লীগ নেতৃত্বাধীন মন্ত্রিসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান তিনি।

একই বছরের ৩১ মে মন্ত্রিসভা থেকে ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে পদত্যাগ করেন তিনি। ২০১২ সালের ২৩ এপ্রিল সংসদ সদস্য পদ থেকেও পদত্যাগ করেন সোহেল তাজ।

মানবিক পদক্ষেপে আলোড়ন: জকিগঞ্জে প্রশংসায় ভাসছেন ডিসি’সহ তিন কর্মকর্তা

0

জকিগঞ্জ প্রতিনিধি:

সিলেটের জকিগঞ্জে এক মানবিক পদক্ষেপে আলোড়ন সৃষ্টি করেছেন জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলমসহ উপজেলা প্রশাসনের শীর্ষ ৩ কর্মকর্তা। দীর্ঘ ছয় মাস অবরুদ্ধ থাকার পর প্রশাসনের হস্তক্ষেপে অবশেষে মুক্তি পেলেন জেসমিন আক্তার ও তার পরিবার। এই উদ্যোগের ফলে জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুবুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাস এবং জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না সর্বমহলে প্রশংসায় ভাসছেন।

বুধবার (২৪ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের নির্দেশে পৌর এলাকার বিলেরবন্দ গ্রামে প্রভাবশালী এমাদ উদ্দিন ও তার ভাই এনাম আহমদের নির্মিত অমানবিক দেয়াল ভেঙে অসহায় জেসমিন আক্তারের পরিবারের চলাচলের পথ উন্মুক্ত করেন ইউএনও, এসিল্যান্ড, পৌর প্রশাসক ও থানা পুলিশ। দেয়াল অপসারণের মুহূর্তে স্বস্তি ও আনন্দে চোখ ভিজে ওঠে উপস্থিত মানুষের। অনেকেই বলছিলেন—“এ যেন ন্যায় ও মানবতার বিজয়।”

এ দৃশ্যের ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। জকিগঞ্জ আই টিভি ও জকিগঞ্জ নিউজের ফেসবুক পেইজে প্রকাশিত ভিডিওটি ইতোমধ্যে এক মিলিয়নের বেশি মানুষ দেখেছেন। মন্তব্যে সাধারণ মানুষ প্রশাসনের এই সাহসী ও মানবিক পদক্ষেপকে স্বাগত জানান। তাদের মতে, প্রশাসনের এ উদ্যোগ শুধু একটি পরিবারকে নয়, বরং পুরো এলাকাকে অন্যায়ের হাত থেকে মুক্ত করেছে।

এ ঘটনাকে ঘিরে সামাজিক ও জাতীয় পর্যায়ে ব্যাপক সাড়া পড়ে। বৃহস্পতিবার অনুষ্ঠিত উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায়ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সাংবাদিকরা জেলা প্রশাসকসহ চার কর্মকর্তাকে ধন্যবাদ জানান।

জকিগঞ্জ প্রেসক্লাবের প্রচার সম্পাদক সাংবাদিক কেএম মামুন বলেন, “আমরা শুরু থেকেই এ ঘটনাটি তুলে ধরেছিলাম। তবে জেলা প্রশাসকের নির্দেশে যে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়া হলো, তা প্রমাণ করে মানুষ প্রশাসনের কাছেই নিরাপদ। এ ধরনের দৃঢ় অবস্থান ভবিষ্যতে অন্যায়-অবিচার রুখে দাঁড়াতে সহায়ক হবে।”

মুক্তির পর আবেগাপ্লুত কণ্ঠে জেসমিন আক্তার বলেন, “আমার সন্তানরা অবশেষে মুক্ত হলো। এখন তারা আবার স্কুলে যেতে পারবে। আমি ডিসি স্যার, ইউএনও, এসিল্যান্ড এবং ওসির কাছে চিরকৃতজ্ঞ।”

এলাকার প্রবীণ নোমান উদ্দিন বলেন, “একটি পরিবারকে টাকার জোরে বন্দি রাখা ভয়াবহ অমানবিক কাজ। প্রশাসনের দৃঢ় পদক্ষেপে তাদের মুক্তি—এটি আমাদের জন্য স্বস্তির খবর।”

প্রসঙ্গত, জকিগঞ্জ পৌর এলাকার বিলেরবন্দ গ্রামে আজিজিয়া কমিউনিটি সেন্টারের মালিক প্রভাবশালী এমাদ উদ্দিন ও তার ভাই এনাম আহমদ জেসমিন আক্তারের বাড়ির প্রবেশপথ বন্ধ করে পাঁচ ফুট উঁচু দেয়াল নির্মাণ করেছিলেন। এর ফলে জেসমিন, তার চার সন্তান, বৃদ্ধা শাশুড়ি ও মানসিক ভারসাম্যহীন স্বামীকে ছয় মাস ঘরবন্দি জীবন কাটাতে হয়। অসহায় জেসমিন বারবার স্থানীয় প্রভাবশালীদের কাছে কাকুতি-মিনতি করেও সাড়া পাননি। বরং তার অসুস্থ স্বামীকে অপমান করে ফিরিয়ে দেওয়া হয়। এ ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসী। গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে এবং শেষমেশ প্রশাসনের দ্রুত পদক্ষেপে মুক্তি মেলে পরিবারের।

মধ্যনগরে  নগদ টাকা সহ গ্রেপ্তার ১

0

ধর্মপাশা – মধ্যনগর প্রতিনিধি:

সুনামগঞ্জের মধ্যনগর থানা পুলিশের বিশেষ অভিযানে নগদ ৯৯ হাজার ১৭০ টাকা ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনসহ এক সাইবার অপরাধীকে গ্রেফতার করা হয়েছে।

থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১টার দিকে অফিসার ইনচার্জ (ওসি) মনিবুর রহমানের দিকনির্দেশনায় এসআই (নিঃ) ইউছুব আলীর নেতৃত্বে পুলিশের একটি টিম মহেশখলা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় কালীমন্দির সংলগ্ন একটি চায়ের দোকান থেকে সাইবার এজেন্ট মোঃ আব্দুল আওয়াল (৩৫), পিতা- মোঃ আব্দুল শহিদ, সাং- মোহনপুর, ১নং বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন, থানা- মধ্যনগর, জেলা- সুনামগঞ্জ কে গ্রেফতার করা হয়।

ঘটনার পর এসআই বিকাশ সরকার বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

সাইবার নিরাপত্তা অধ্যাদেশ ২০২৫ এর ২০(২)/২৭ ধারায় রুজু করা হয়েছে। মামলার তদন্তভার এসআই লুৎফর রহমানের কাছে প্রদান করা হয়েছে।

এ বিষয়ে মধ্যনগর থানার অফিসার ইনচার্জ মনিবুর রহমান বলেন, সাইবার অপরাধ প্রতিরোধে মধ্যনগর থানা পুলিশ সবসময় সতর্ক অবস্থানে রয়েছে। আমরা নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করছি। জনগণকে অনলাইনে প্রতারণা ও সাইবার অপরাধ থেকে সুরক্ষা দিতে পুলিশের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

৫ দফা দাবিতে ছাতক উপজেলা ও পৌর জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্টিত

0

ছাতক প্রতিনিধি:

আগামী ফেব্রুয়ারিতে জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানসহ কেন্দ্র ঘোষিত ৫-দফা দাবিতে সুনামগঞ্জের ছাতকে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ছাতক উপজেলা শাখার উদ্যোগে বাদ আসর গোবিন্দগঞ্জ পয়েন্ট মসজিদ সংলগ্ন এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গোবিন্দগঞ্জ চত্ত্বরে এসে সমাবেশে মিলিত হয়। একই সময়ে ছাতক পৌর শাখার উদ্দ্যেগে শহরের লাল মসজিদ থেকে মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কোর্ট রোড এসে সমাবেশে মিলিত হয়। ব্যানার, প্ল্যাকার্ড ও স্লোগানে সজ্জিত হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে মিছিলগুলো উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিল উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ-৫ (ছাতক-দেয়ারাবাজার) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও আব্দুস সালাম আল মাদানী ।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা জামায়াতের আমীর মাওলানা আকবর আলী, পৌর আমীর ইঞ্জিনিয়ার নোমান আহমদ, উপজেলা জামায়াতের সেক্রেটারি হাফিজ মাওলানা জাকির হোসাইন, উপজেলা জামায়াতের নায়বে আমীর মাওলানা সৈয়দ মনসুর আহমদ, পৌর সেক্রেটারী ডাঃ হেলাল আহমদ, উপজেলা সহ-সেক্রেটারী আব্দুল আউয়াল ও আবু মুসা রাসেল, উপজেলা শিবির সভাপতি মাসুদ আহমদ, পৌর শিবির সভাপতি তাজুল ইসলাম, ছাতক ডিগ্রী কলেজ শিবির সভাপতি আব্দুর রব নোবেল, গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রী কলেজ শিবির সভাপতি মতিউর রহমান, ব্যবসায়ী আব্দুল হাই আজাদ, সুনামগঞ্জ জজ কোর্টের এপিপি এডভোকেট আলম উদ্দিন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মিজানুর রহমান, পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলা নুরুল আমীনসহ উপজেলা ও পৌর জামায়াত শিবিরের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, দেশে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি ছাড়া কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না। তারা অভিযোগ করেন, পিআর ছাড়া নির্বাচন মানে দিনের ভোট রাতে করার প্রস্তুতি, যা জনগণ আর কখনও মেনে নেবে না। দেশের জনগণ জুলাই সনদের আইনি ভিত্তি চায়। পিআর পদ্ধতি বাস্তবায়নের মাধ্যমে ক্ষমতার ভারসাম্য চায়। বিগত ফ্যাসিস্ট সরকারের ন্যায় আবার যেনো কোন দল বা গোষ্ঠী ফ্যাসিস্টরূপে আবির্ভূত হতে না পারে সেজন্য ক্ষমতার ভারসাম্য আনা প্রয়োজন। পৃথিবীর বিভিন্ন দেশে পিআর পদ্ধতি কার্যকর আছে। পাঁচ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত দেশব্যাপী আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা

জৈন্তাপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

0

জৈন্তাপুর প্রতিনিধি:

বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্র ঘোষিত ৫ দফা দাবী আদায়ের লক্ষ্যে সিলেটের জৈন্তাপুর উপজেলা জামায়াতের উদ্যোগে এক বর্ণাঢ্য বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর গোলাম কিবরিয়া এবং সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি রফিকুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা জামায়াতের সেক্রেটারি ও সিলেট-৪ আসনের এমপি পদপ্রার্থী জয়নাল আবেদিন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আগামী জাতীয় নির্বাচন অবশ্যই পিআর পদ্ধতিতে অনুষ্ঠিত হতে হবে। জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন করতে হবে। ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করতে হবে। স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। এসব দাবি পূরণ না হলে এদেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

তিনি আরও দাবি জানান, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকল দলের জন্য সমান সুযোগ ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শ্রমিক কল্যাণ সিলেট মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি নজরুল ইসলাম, উপজেলা নায়েবে আমীর মামনুর রশিদ, সাবেক আমীর নাজমুল ইসলাম ও মাওলানা আব্দুল খালিক।

এছাড়াও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, নিজপাট ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুল ইসলাম, ২নং ইউনিয়নের সভাপতি নুরুল ইসলাম, ৩নং চারিকাঠা ইউনিয়নের সভাপতি কামাল উদ্দিন, ৪নং দরবস্ত ইউনিয়নের সভাপতি মাওলানা রিয়াজ উদ্দিন, ৫নং ফতেহপুর ইউনিয়নের সভাপতি হাফিজ কামরুল ইসলাম এবং ৬নং চিকনাগুল ইউনিয়নের সভাপতি মাষ্টার তোফায়েল আহমদ।

অন্যদিকে উপজেলা শ্রমিক কল্যাণের সভাপতি শামীম আহমদ, উলামা বিভাগের সভাপতি হাফিজ শামসুজ্জামান, পেশাজীবী সংগঠনের সভাপতি হাবিবুর রহমানসহ জামায়াতের অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় ইসলামী ছাত্রশিবিরের থানা সভাপতি মহসিন আহমেদ ও সেক্রেটারি হুসেন আহমদ বক্তব্য রাখেন।

প্রতিবাদ সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।

এসএমপি কমিশনারের আবেদন, সন্তানকে ভালোবাসলে ‘ব্যাটারি রিকশা’র বিরুদ্ধে দাঁড়ান

0

সিলেট—একটি ঐতিহ্যমণ্ডিত, প্রবাসী অধ্যুষিত, প্রকৃতিসমৃদ্ধ নগর। এই শহরের প্রাণশক্তি হলো নাগরিকদের স্বাভাবিক জীবনযাপন, কর্মচাঞ্চল্য ও নিরাপদ চলাচল। কিন্তু আজ সেই জীবনযাত্রা প্রতিনিয়ত হুমকির মুখে ফেলছে একটি নতুন অশুভ উপাদান—ব্যাটারি চালিত রিকশা।
একদিকে সড়কে দুর্ঘটনার শিকার হয়ে অগণিত পরিবার অন্ধকারে ডুবে যাচ্ছে, অন্যদিকে এটি আমাদের বিদ্যুৎ সংকট, যানজট ও পরিবেশ দূষণের প্রধান উৎস হয়ে দাঁড়িয়েছে।
প্রশ্ন হলো—আমরা কি আমাদের সন্তানদের ভবিষ্যৎকে ব্যাটারি রিকশার বিষাক্ত চাকায় পিষে যেতে দেবো?

সড়ক দুর্ঘটনা: প্রাণ যাচ্ছে প্রতিদিন

বাংলাদেশ সড়ক নিরাপত্তা ফাউন্ডেশনের (২০২৪) তথ্যমতে, প্রায় এক-তৃতীয়াংশ সড়ক দুর্ঘটনার কারণ ব্যাটারি চালিত রিকশা।

চালকদের নেই প্রশিক্ষণ বা লাইসেন্স, নেই সড়ক নিয়ম সম্পর্কে ন্যূনতম ধারণা, যানবাহনে নেই মানসম্মত ব্রেক, সিগন্যাল বা ফিটনেস

ফলাফল—শিশু, বৃদ্ধ, শিক্ষার্থী, কর্মজীবী কেউই রক্ষা পাচ্ছে না। প্রতিটি দুর্ঘটনা মানে একটি পরিবারে শোক, একটি মায়ের বুক খালি হয়ে যাওয়া, একটি শিশুর ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাওয়া।

“একটি রিকশার বেপরোয়া চালনা মানে এক পুরো পরিবারের চোখের পানি।”

অসহনীয় যানজট: শহরের গতি স্তব্ধ

সিলেটের রাস্তায় সংকট নতুন নয়। কিন্তু ৪০ হাজার ব্যাটারি রিকশা যুক্ত হয়ে পরিস্থিতি অসহনীয় হয়ে উঠেছে। অফিসগামী মানুষ ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকেন, স্কুলগামী শিশুরা সময়মতো পৌঁছাতে পারে না, রোগীকে হাসপাতালে নেওয়া দেরি হয়, অর্থনীতির উৎপাদনশীল সময় নষ্ট হয়।

বিশ্বব্যাংকের (২০২৩) গবেষণায় দেখা গেছে, ঢাকায় যানজটে প্রতিদিন ৩.২ মিলিয়ন কর্মঘণ্টা নষ্ট হয়। সিলেটও সেই একই পথে হাঁটছে।

বিদ্যুৎ সংকট: অন্ধকারে ডুবে থাকা ঘরবাড়ি

সিলেট শহরে যেখানে ৩ লাখ পরিবার বিদ্যুৎ ব্যবহার করে, সেখানে ৪০ হাজার ব্যাটারি রিকশা প্রতিদিন ২ লাখ কিলোওয়াট-ঘণ্টা বিদ্যুৎ খরচ করছে। একটি ব্যাটারি রিকশা চার্জ দিতে লাগে গড়ে ৪–৫ কিলোওয়াট-ঘণ্টা বিদ্যুৎ। এই বিদ্যুৎ দিয়ে প্রতিদিন প্রায় ৫০ হাজার পরিবার আলো জ্বালাতে পারত। আমাদের সন্তানেরা যখন পড়ার টেবিলে অন্ধকারে বসে থাকে, তখন সেই বিদ্যুৎ রিকশার চাকায় পুড়ে যাচ্ছে।

বিষাক্ত সীসা: অদৃশ্য ঘাতক

প্রতিটি ব্যাটারির ভেতরে থাকে সীসা (Lead)—যা পৃথিবীর অন্যতম মারাত্মক বিষ। WHO (২০২২): সীসা মানুষের স্নায়ুতন্ত্র ধ্বংস করে, শিশুদের মস্তিষ্কের বৃদ্ধি ব্যাহত হয়, গর্ভবতী নারীর গর্ভস্থ শিশুর বিকাশে ভয়াবহ প্রভাব ফেলে। নষ্ট ব্যাটারি ডোবা-খালে ফেলে দিলে মাটি ও পানির মারাত্মক দূষণ হয়। অর্থাৎ, আমাদের খাদ্য, মাটি ও পানি প্রতিদিন বিষাক্ত হয়ে যাচ্ছে।

মানসিক চাপ: অশান্ত নগরজীবন

ব্যাটারি রিকশা শুধু শারীরিক নয়, মানসিক স্বাস্থ্যেও ভয়াবহ প্রভাব ফেলছে। যানজটে দীর্ঘ সময় আটকে থেকে মানুষ হতাশাগ্রস্ত হচ্ছে। অগোছালো চলাচলে বিরক্তি বাড়ছে। সামাজিক অশান্তি তৈরি হচ্ছে। ডা. জাফরুল্লাহ চৌধুরীর গবেষণা অনুযায়ী, দীর্ঘ যানজটে আটকে থাকা মানুষের মধ্যে ডিপ্রেশনের হার ৪০% বেশি।

গর্ভাবস্থা ও পরবর্তী প্রজন্ম

American College of Obstetricians and Gynecologists (২০২১) জানিয়েছে— সীসা রক্তের মাধ্যমে ভ্রূণের শরীরে প্রবেশ করে। জন্মগত ত্রুটি ও মৃত সন্তান জন্মের ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। আমরা কি চাই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম জন্মের আগেই ধ্বংস হয়ে যাক?

আইনগত বাস্তবতা

সড়ক পরিবহন আইন ২০১৮ অনুসারে অবৈধ যানবাহন চলতে পারে না। পরিবেশ সংরক্ষণ আইনে সীসা দূষণ দণ্ডনীয় অপরাধ। বিদ্যুৎ আইনে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার শাস্তিযোগ্য অপরাধ। অতএব, ব্যাটারি রিকশা কেবল সামাজিক ক্ষতি নয়, আইনগতভাবেও অবৈধ।

সমাধানের পথ

সমাধানহীন কোনো সমস্যা নেই। পরিবেশবান্ধব গণপরিবহন চালু, শহরে সাইকেল ও পদচারী-বান্ধব উদ্যোগ, পাবলিক ট্রান্সপোর্ট আধুনিকীকরণ।

মানবিক আবেদন

আজ আমি পুলিশ কমিশনার হিসেবে নয়, একজন বাবা, একজন নাগরিক হিসেবে আপনাদের কাছে আবেদন করছি— আপনার সন্তানকে ভালোবাসলে, ব্যাটারি রিকশার বিরুদ্ধে দাঁড়ান। আপনার সাময়িক সুবিধা হয়তো কমবে, কিন্তু শহর বাঁচবে, পরিবেশ বাঁচবে, প্রজন্ম বাঁচবে।

উপসংহার

সিলেট মেট্রোপলিটন পুলিশ ইতিমধ্যেই ব্যাটারি রিকশা বন্ধের উদ্যোগ নিয়েছে। এটি কেবল প্রশাসনিক নয়, মানবিক সিদ্ধান্ত। আমরা কোনোভাবেই চাই না, সিলেটের মানুষ ব্যাটারি রিকশার বিষাক্ত চাকায় পিষ্ট হোক। এই আন্দোলন আমাদের সবার। আসুন শপথ করি—

ব্যাটারি রিকশা আর নয়

নিরাপদ সড়ক চাই

সুস্থ পরিবেশ চাই

আলোকিত প্রজন্ম চাই

সিলেট হোক শান্তির, সৌন্দর্যের, নিরাপত্তার নগর।

লেখক : আবদুল কুদ্দুস চৌধুরী, কমিশনার, সিলেট মেট্রোপলিটন পুলিশ